Home Blog Page 94

ইশারার খেলা

        খেলার ধরন : অ্যাক্টিভিটি + টিম বিল্ডিং
 বয়স : ৫-১২ বছর
    সময় : ১০-১৫ মিনিট
      খেলার উপকরণ : কোনো উপকরণ লাগবে না

খেলার নিয়ম :
আজ আমরা খেলব এক মজার নীরব খেলা। এই খেলায় সবাইকে ৫-৬ জন করে কয়েকটি দলে ভাগ করা হবে। প্রতিটি দলের বন্ধুরা আলাদা আলাদা লাইনে দাঁড়াবে। লাইনের একদম প্রথম বন্ধুকে পরিচালক চুপিচুপি একটি সহজ কাজ বা শব্দ দেখিয়ে দেবেন— যেমন: ‘পাখি’, ‘গাছ’, ‘নামাজ’, ‘ফুল তোলা’, ‘বল ছোড়া’ ইত্যাদি।
এবার প্রথম বন্ধু কোনো কথা না বলে, শুধু হাত-পা বা মুখের ভঙ্গি দিয়ে তার পেছনের বন্ধুকে কাজটি বুঝিয়ে দেবে। সে আবার একইভাবে পরের বন্ধুকে বুঝাবে। এভাবে বার্তাটি নীরবে শেষ বন্ধুর কাছে পৌঁছাবে। লাইনের শেষ বন্ধু বুঝে যা মনে করবে, সেটি জোরে বলবে বা করে দেখাবে।
যদি শেষ বন্ধুর বলা বা করা কাজটি ঠিক হয়, তাহলে পুরো দল জিতে যাবে। ভুল হলে সবাই আবার নতুন রাউন্ড শুরু করবে। এখানে জেতার চেয়েও মজা আর দলবদ্ধতা বেশি গুরুত্বপূর্ণ।

প্রকাশকাল- এপ্রিল ২০২৬

আকাশের বুকে আলোর নাচন

বন্ধুরা, আকাশে তো আমরা কত কিছুই দেখি। দিনে ঝকঝকে সূর্য, আর রাতে মিটিমিটি তারা আর চাঁদের আলো। বৃষ্টির পর আকাশে সাত রঙের রংধনুও নিশ্চয়ই দেখেছ। কিন্তু ভাবো তো, রাতের ঘুটঘুটে অন্ধকার আকাশে যদি হঠাৎ করে বিশাল এক সবুজ বা লাল রঙের আলোর ঢেউ খেলতে শুরু করে, কেমন লাগবে? মনে হবে না, কেউ বুঝি আকাশে জাদুর রং ছড়িয়ে দিয়েছে?
পৃথিবীর একেবারে উত্তর আর দক্ষিণ মেরুতে রাতের আকাশে ঠিক এমনই জাদুর মতো আলোর নাচ দেখা যায়। এই জাদুকরী আলোর বৈজ্ঞানিক নাম হলো ‘অরোরা’। চলো আজ আমরা এই জাদুকরী আলোর পেছনের আসল রহস্যটা জেনে নিই।
বিজ্ঞান আবিষ্কার হওয়ার আগে, পুরোনো দিনের মানুষ এই আলো দেখে অবাক হতো আর নিজেদের মতো করে মজার মজার গল্প বানাতো। ফিনল্যান্ডের মানুষ বিশ্বাস করত, বরফের পাহাড়ে এক বিশাল জাদুর শেয়াল (Fire Fox) দৌড়ে বেড়ায়। দৌড়ানোর সময় তার বিশাল লেজের ঝাপটায় বরফের কণা আকাশে উড়ে গিয়ে এমন আলোর তৈরি করে! আবার এস্কিমোরা ভাবত, তাদের মৃত পূর্বপুরুষেরা আকাশের বুকে সিন্ধুঘোটকের খুলি দিয়ে বল খেলছেন! অন্যদিকে, সাহসী ভাইকিং যোদ্ধাদের ধারণা ছিল, এই আলো হলো দেবতাদের রাজ্যে যাওয়ার এক বিশাল জাদুর সেতু।
এগুলো তো মানুষের নিজের মতো করে মনে করে নেয়া কল্পকাহিনি। কিন্তু বাস্তবে কী ঘটে তা জানতে হবে না? আকাশে এই আলোর নাচের প্রধান জাদুকর হলো আমাদের সূর্য! সূর্য সবসময় আমাদের আলো আর তাপ দেয় ঠিকই, কিন্তু মাঝে মাঝে সে খুব রেগে যায়। তখন সূর্যের বুক থেকে প্রচণ্ড বেগে আগুনের কণা বা চার্জ যুক্ত কণা ছুটে আসে পৃথিবীর দিকে। একে বলা হয় সৌরঝড় বা সোলার উইন্ড। এই সৌরঝড় যদি সরাসরি পৃথিবীতে চলে আসত, তাহলে আমাদের অনেক ক্ষতি হতো। কিন্তু আমাদের পৃথিবীর আছে এক অদৃশ্য জাদুর ঢাল বা বর্ম! পৃথিবীর ভেতরে থাকা বিশাল চুম্বকের কারণে এর চারদিকে একটি ‘ম্যাগনেটিক ফিল্ড’ বা চুম্বকীয় বলয় তৈরি হয়ে আছে। সূর্যের কণাগুলো যখন প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে ছুটে আসে, তখন পৃথিবীর এই চুম্বকীয় ঢালে বাধা পায়। বাধা পেয়ে কণাগুলো পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরুর দিকে ছিটকে যায়। আর তখনই পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা গ্যাসগুলোর সাথে সূর্যের কণাগুলোর এক বিশাল মারামারি বা সংঘর্ষ বাধে। এই মারামারির ফলেই আকাশে জ্বলে ওঠে তীব্র রঙিন আলো!
অরোরা কিন্তু শুধু এক রঙের হয় না। কখনো সবুজ, কখনো লাল, আবার কখনো নীল বা বেগুনি রঙের আলো দেখা যায়। কিন্তু রঙগুলো বদলায় কীভাবে? এটা পুরোটাই নির্ভর করে সূর্যের কণাগুলো কোন গ্যাসের সাথে ধাক্কা খাচ্ছে তার ওপর। আমাদের বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন গ্যাসের সাথে ধাক্কা লাগলে আকাশে সবুজ বা লাল রঙের আলো জ্বলে ওঠে। আর নাইট্রোজেন গ্যাসের সাথে ধাক্কা লাগলে তৈরি হয় নীল বা বেগুনি রঙের আলো।
এই ম্যাজিকাল লাইট শো কোথায় দেখা যায় জানো? এই জাদুকরী আলো পৃথিবীর একেবারে উত্তর ও দক্ষিণ প্রান্তে সবচেয়ে ভালো দেখা যায়। উত্তর মেরু বা সুমেরুর কাছাকাছি দেশগুলো— যেমন নরওয়ে, আইসল্যান্ড বা কানাডা থেকে যে আলো দেখা যায়, তাকে বলা হয় ‘অরোরা বোরিয়ালিস’ (Aurora Borealis) বা নর্দার্ন লাইটস।
আর এর কিন্তু একটা যমজ ভাইও আছে! দক্ষিণ মেরু বা এন্টার্কটিকার আকাশে যে আলো দেখা যায়, তাকে বলা হয় ‘অরোরা অস্ট্রালিস’ (Aurora Australis) বা কুমেরু প্রভা। তবে ওখানে খুব বেশি মানুষ থাকে না বলে নর্দার্ন লাইটসের কথাই আমরা বেশি শুনি।
সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এই আলোর নাচ শুধু আমাদের পৃথিবীতেই হয় না। বিজ্ঞানীরা দেখেছেন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এবং শনি গ্রহেও এই আলোর নাচ হয়। আর সেখানকার অরোরাগুলো পৃথিবীর চেয়েও হাজার গুণ বড় আর শক্তিশালী!
তো বন্ধুরা, বিজ্ঞান আমাদের বুঝিয়ে দিয়েছে এই আলো কোনো শেয়ালের লেজের ঝাপটা নয়। তবু রাতের আকাশে যখন এই রঙিন আলো নেচে ওঠে, তখন একে জাদুর চেয়ে কোনো অংশে কম মনে হয় না। হয়তো বড় হয়ে তুমিও একদিন চলে যাবে উত্তর মেরুর কাছাকাছি কোনো দেশে, নিজের চোখে এই জাদুকরী আলোর নাচ দেখতে!

প্রকাশকাল- এপ্রিল ২০২৬

মুহুরীগঞ্জের বটতলা

মুরগাঁও গ্রাম। এই গ্রামের পশ্চিম পাড়ার বটতলায় একসময় সাপ্তাহিক হাট বসতো। লোকে হাটের নাম রেখেছিল মুহুরীগঞ্জ হাট। পাশ দিয়ে বয়ে গেছে একটি বড় খাল। এই খালে প্রচুর মাছ পাওয়া যেত। কত রঙের নৌকা চলতো এই খাল দিয়ে। বর্ষা এলে বাইদ্যারা নানা জিনিসপত্র নিয়ে নৌকা ভিড়াতো মুহুরীগঞ্জ হাটে। খালের উপর দিয়ে গড়ে ওঠে একটা পাকা ব্রিজ। আর এই ব্রিজের পূর্ব মাথায় খালের উপর শরীর এলিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে বিরাট এক বটগাছ। লোকেরা জায়গাটির নাম রেখেছে বটতলা। আজ আর মুহুরীগঞ্জ হাট না থাকলেও বটতলা নামটি কেউ মুছে ফেলতে পারেনি।
এই বটতলায় একটি ছেলেকে প্রায়ই দেখা যায়। নাম তার মুসলিম। গ্রামের লোকেরা তাকে মুসা বলে ডাকে। দেখতে বেশ লম্বা। সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। হাঁটু ভেঙে কোমর বাঁকা করে ও ভাঙা দিয়ে দাঁড়ায়। বটতলায় একটি বড়শি হাতে নিয়ে সে সবসময় মাছ ধরে। রাতের বেলা তাকে বেশি দেখা যেত। কত লোক যে তাকে দেখে ভয় পেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই।
একদিন মোজাম্মেল ও তার মামা তাদের নিজ বাড়ি বসন্তপুর থেকে রওনা করেছে মুরগাঁও নানাবাড়ি আসতে। বসন্তপুর থেকে মুরগাঁও প্রায় ৭-৮ মাইলের রাস্তা। বাড়ি থেকে বের হয়ে কিছুদূর এলেই মামার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায়। মোজাম্মেল বললো মামা যাত্রাতেই স্যান্ডেল ছিঁড়েছে, আজকের যাত্রা শুভ হবে না। আজ না হয় বাড়ি ফিরে যাই। কাল ভোরে রওয়ানা দেবো। কিন্তু মামার তাড়ায় তা আর হলো না।
গ্রাম্য কাঁচা রাস্তা। ধুলায় হাঁটু অবধি প্যান্ট একদম সাদা হয়ে গেছে। মামার কাঁধে একটা ব্যাগ। ওর ভেতর প্রয়োজনীয় জিনিসপত্র। আট মাইল পথ কীভাবে যাবে ভাবতেই গা চমকে ওঠে তাদের। কিন্তু হাল ছাড়লে চলবে কী করে। যেতে তো হবেই।
গালগল্প করতে করতে পথ চলছিল ওরা। মাটির উঁচু রাস্তার উপর বাতাস আঁছড়ে পড়ছে। ততক্ষণে রাতের অন্ধকার নেমে এলো। ধারে কাছে বাড়িঘর নেই। দূরে কালো ছায়ার মতো গ্রাম দেখা যায়। জনমানবহীন মাঠ। আকাশে চাঁদ ছিল। খণ্ড খণ্ড মেঘ তা ঢেকে ফেলার ষড়যন্ত্রে মেতেছে।
তারা দুজন হাঁটছে, হাঁটতে হাঁটতে একসময় বটতলার কাছাকাছি এসে পড়লো। ব্রিজের উপর উঠে সামনে বটগাছের গোড়ার দিকে তাকাতেই ধক করে উঠলো ওদের বুকের ভেতর। মোজাম্মেল, ও মামা ওটা কী বলে মামাকে জড়িয়ে ধরলো। ভূতের মতো কী যেন সটান হয়ে বটগাছটায় হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে মশার কামড়ে নড়ে উঠছে। কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলে না। ভয়ে মনটা চুপসে গেল। শরীর দিয়ে ঘাম বেরুতে লাগলো। আশপাশে কোনো বাড়িও নেই যে কাউকে ডাকবে।
মোজাম্মেল বললো, এটা ভূত হবে। মনে হয় এই বটগাছেই থাকে। কি, প্রথমেই বলিনি আজ বিপদ রয়েছে? যা হোক সাহস করে হাঁটতে লাগলো ওরা। মোজাম্মেল কেঁদে কেঁদে বলতে লাগলো, ভূত বাবাজি আমি কিছু করিনি যা করেছে মামাই করেছে। আমি ওকে না আসার জন্য বারণ করেছি। সে আমার কথা শোনেনি।
কবির মামা মোজাম্মেলের হাত চেপে ধরে বলতে গেলে টেনে হিঁচড়ে বটতলা পার হতে লাগলো। এ দিকে ভূতটি নড়েচড়ে উঠে বলে উঠলো ‘কাণ্ড হারই যান। আই এ না। ডরান কিল্লাই’। এতক্ষণে মোজাম্মেলের দাঁতে দাঁত লেগে গেছে। তাকে কাঁধে নিয়ে কবির মামা কোনোমতে বাড়ি গিয়ে পৌঁছালো। বাড়ি গিয়ে বলতেই সবাই হারিকেন নিয়ে বটতলায় এলো। দেখে খোনার বাড়ির আম্বর আলীর ছেলে মুসা। বটগাছের নিচে হাঁটু গেড়ে বসে আছে। লোকজন দেখে ও ভাঙা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। একজন গিয়ে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলো তাকে। সে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ‘আরে মারেন কিল্লাই, আই কিচ্চি’।
গ্রামের উত্তর পাড়ায় মুসারা থাকে। মুসারা মানে মুসার ছোট এক ভাই ও বোনও আছে। মুসার বাপ নেই। মা মারা গেছে তারও আগে। বছর দুয়েক আগে হঠাৎ চার দিনের জ্বরে যখন তার বাপ মারা যায়, তখন মুসার বয়স আট।
তারপর শুরু হয়েছিল তাদের দুঃখের জীবন। জমি-জমা ওদের কিছুই নেই। মুসার বাবা পরের জমিতে কামলা খাটতো। কিন্তু বাবা মারা যাওয়ার পর খুব কষ্টে পড়লো ওরা। তাই তাকেই ভাইবোনের দিকে তাকিয়ে সংসারের হাল ধরতে হলো। সে মাছ ধরে করিম সওদাগরের দোকানের সামনে দাঁড়িয়ে বিক্রি করে। কখনো কখনো লাকড়ি কুড়িয়ে নিয়ে যায় গফুরের চা দোকানে। যখন একেবারেই কোনো আয়-রোজগার হয় না তখন হাত পাতে অন্যের কাছে। এভাবেই ভাইবোন দুটিকে নিয়ে চলে তার সংসার।
পরদিন সকাল বেলা মুসা তার ছোটভাই কালাকে নিয়ে বাঁকা হয়ে কাশেমের চা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। রাতে মার খেয়ে বাড়ি ফিরেছে বলে মাছ ধরতে না পারায় আজ পকেটে একটা টাকাও নেই। খিদেয় পেট চোঁ চোঁ করছে। রাতে দু’খানা শুকনো রুটি পেটে পড়েছিল। সকালে এখন পর্যন্ত কিছুই যায়নি। কাশেম মিয়ার বেটা এক তাওয়ায় পরোটা ভাজছে। তাকিয়ে আছে ওদিকে। ভাজি দিয়ে পরোটা খাওয়া খুব পছন্দ তাদের।
এমন সময় করিম সওদাগর ডাক দিলো একটা বস্তা নিয়ে দিতে। মুসা এগিয়ে গেলো ওদিকে। কিন্তু তার আগেই পৌঁছে গেলো ছদরিয়া। মুসা কাছে গিয়ে বলছে, সওদাগর আঁরেনি বোলাইচেন। ছদরিয়া ভেংচি কেটে বললো, তো ন, আঁরে বোলাইচে। তোরে বোলাইলে কি অইবো? নিজের গতরটা লই আআঁটিতে হারচ না, আবার বস্তা ধরবি। মুসা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো করিম সওদাগরের দিকে।
গফুরের চা দোকানে বসে আছে গ্রামের মেম্বার সাহেব। হাত পাতলো মুসা। মেম্বর সাব আঁরে ওগগা টেয়া দেন। মেম্বার সাহেব আট আনা পয়সা বের করে দিলো। আডা না, নিজের অজান্তেই বেরিয়ে গেলো মুসার মুখ থেকে। ওগগা টেয়া হুরাই দেন মেম্বর সাব। মেম্বার সাহেব রাগ হয়ে গেল, কি কস? এক টাকা? টাকা কি গাছে ধরে। অমনি চা দোকানদার গফুর মিয়া ধাক্কা দিয়ে মুসাকে বের করে দিলো দোকান থেকে। মুসা দোকানের বাইরে কাত হয়ে পড়ে গেলো। করুণ দৃষ্টি মেলে তাকিয়ে থাকলো। আর এদিকে তার চোখ থেকে পানি পড়তে লাগলো।
ঐ পথ দিয়ে মোজাম্মেল বগু মাস্টারের মক্তব থেকে পড়া শেষ করে বাড়ি ফিরছে। হঠাৎ গফুর মিয়ার দোকানের দিকে তাকাতেই মুসাকে তার চোখে পড়লো। তার মনে পড়ে গেলো বগু মাস্টারের অনেক উপদেশের কথা। এতিমকে ভালোবাসবে। এতিমের মাথায় হাত বুলিয়ে দেবে। তুমি নিজে খেলে, কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকলো, তাহলে মুমিন হতে পারবে না। নানা বাড়ি আসার সময় মায়ের দেয়া দশটি টাকা এখনো তার পকেটে আছে। তার দয়া হলো। সে পকেট থেকে দশটি টাকা বের করে মুসার হাতে দিলো। আর বললো, ভাই এ টাকা দিয়ে কিছু কিনে খাও। ভিক্ষা করো না ভাই। কাজ করে খাও। এটা আমাদের নবীর শিক্ষা।
নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে।

প্রকাশকাল- এপ্রিল ২০২৬

অলিম্পিকের কথকতা

কী? ফটোতে পাঁচটি রিং দেখেই নিশ্চয় বুঝে গেছো যে আজ কী নিয়ে গল্প করবো তোমাদের সাথে! হ্যাঁ। আজ কথা হবে অলিম্পিক নিয়ে।

অলিম্পিক গেমসের সাথে বর্তমানে আমরা সবাই কমবেশি পরিচিত। তবে এই গেমসের রয়েছে এক প্রাচীন ইতিহাস! সেটা হয়তো আমরা সবাই জানি না। তাহলে চলো, অল্প কথায় হয়ে যাক কিছু গল্প!
অলিম্পিক গেমসের শুরুটা কিন্তু খ্রিষ্টপূর্ব ৭৭৬ অব্দে (B.C.) প্রাচীন গ্রিসের অলিম্পিয়াতে। এটি মূলত দেবতাদের সম্মানে বিভিন্ন নগর ও রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ রাখার উদ্দেশ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা। যা প্রতি ৪ বছর অন্তর আয়োজন করা হতো। প্রধান প্রধান খেলা ছিলো কুস্তি, বক্সিং, দৌড়ের মতো জনপ্রিয় খেলা। কিন্তু ৩৯৪ খ্রিস্টব্দে (A.D.) তৎকালীন রোমান সম্রাট থেওডোসিয়াস এটি বন্ধ করে দেন পৌত্তলিকতার জন্য।
অতঃপর, দীর্ঘ সময় পরে ১৮৯৬ সালে এথেন্সে আধুনিক অলিম্পিক গেমসের শুরু।

অলিম্পিক গেমসের যেমন রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঘটনা, তেমনই এর রয়েছে তুমুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা।
অলিম্পিক গেমসের বদৌলতে পৃথিবী পরিচিত হয়েছে এমন কিছু ব্যক্তিদের সাথে, যারা তাদের উচ্চতা নিয়ে গেছে সুউচ্চ স্থানে।

মাইকেল ফেল্পস
এমন একটি নাম, যাকে হয়তো তোমরাই আমার থেকে বেশি জানো। ফেল্পস নিজেকে অলিম্পিক গেমসে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে, তাকে ‘Olympic Legend’ বলা হয়। সর্বকালের সর্বোচ্চ পদক জয়ী সাতারু তিনি। সর্বাধিক ২৩টি স্বর্ণপদক রয়েছে তার। একই আসরে ৮টি পদক জয়, ০.০১ সেকেন্ডে নাটকীয় জয়ের মুহূর্ত, বিশ্বসেরা হয়ে অবসরে যাওয়া, আবার অবসর ভেঙে ফিরে এসে পুনরায় বিশ্বসেরা হয়ে তিনি বয়সকে বুড়ো আঙুল দেখানোর মাধ্যমে দৃঢ় মনোবলের উদাহরণ তৈরি করেন।

উসাইন বোল্ট
বিশ্বের দ্রুততম মানব। জ্যামাইকান এক কৃষ্ণাঙ্গ, যে কিনা নিজের প্রথম অলিম্পিকেই ১০০, ২০০ এবং ৪০০ মিটারে স্বর্ণ জয় করেন। পরবর্তী আসরগুলোতেও তিনি নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় বিভোর থাকতেন।
উসাইনের মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার এবং ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার স্প্রিন্টের রেকর্ড আজও অলিম্পিকে অটুট।
এমন জনপ্রিয় নামের আড়ালেও রয়েছে অলিম্পিকের কিছু অন্যরকম শিহরণ জাগানিয়া মুহূর্ত!

অ্যাবেব বিকিলা
১৯৬০ এর রোম অলিম্পিক। ইথিওপিয়ান এক সৈনিক, যে কি না ম্যারাথনে অংশগ্রহণ করেছিল।
তো দৌড় শুরু হওয়ার আগে তাকে যে জুতোজোড়া দেয়া হয়, সেটা তার পায়ে ঠিকঠাক সেট হচ্ছিলো না। তাই তিনি জুতো ছাড়াই দৌড়ানোর সিদ্ধান্ত নেন!
রোমের পাথর মোড়ানো রাস্তা ও অন্ধকার মাড়িয়ে অবিশ্বাস্য গতিতে তিনি জিতে যান। শুধু জিতে যান বললে ভুল হবে। বিশ্ব রেকর্ড গড়েন!
তিনি বলেন, “আমি চাই বিশ্ব জানুক, আমার দেশ ইথিওপিয়া সাহস ও শক্তির মাধ্যমে জিতেছে।”

ডেরেক রেডমন্ড
বার্সেলোনা অলিম্পিক। ১৯৯২ সাল। বৃটিশ স্প্রিন্টার ডেরেক রেডমন্ড ৪০০ মিটার দৌড়ের জন্য প্রস্তুত। সেমিফাইনাল হওয়ার দরুণ তিনি ব্যাপক সিরিয়াস। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস।
দৌড় শুরু করতে না করতেই পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে ট্র্যাকে আছড়ে পড়েন। ব্যাথায় কুঁচকে যাওয়া মুখে খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে চাইলেন, কিন্তু পারলেন না। দর্শকেরা হাল ছেড়ে দিলেও ডেরেকের হাত ধরলেন তার বাবা। ছেলের কষ্টে তিনি গ্যালারি থেকে নেমে আসেন।
বাবার কাঁধে ভর দিয়ে বাকিটা শেষ করেন ডেরেক। ফিনিশিং লাইন পার করতেই পুরো গ্যালারি দাঁড়িয়ে করতালি দেয়। ডেরেক প্রমাণ করে দেয় যে, শেষ পর্যন্ত লড়ে যাওয়াই প্রকৃত লড়াই।

অলিম্পিকে ইতিহাস ঘাঁটলে এমন ঘটনার অভাব হয়তো হবে না। চাইলেই আমরা হতে পারি অনুপ্রাণিত। আজকের মতো তাহলে এখানেই বিদায়!

প্রকাশকাল- এপ্রিল ২০২৬

শিশু-কিশোরদের ডিভাইসে আসক্তি

বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ করে থাকবে যে, কান্না থামাতে, খাওয়াতে বা ব্যস্ত রাখতে মা-বাবা বা অভিভাবকরা শিশুর হাতে তুলেদেন ডিজিটাল ডিভাইস। যেমন- মুঠোফোন, ট্যাব, টিভি ইত্যাদি। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত স্ক্রিন ব্যবহারের ফলে শিশুদের মধ্যে নানা সমস্যা দেখা দিচ্ছে; যেমন মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যায়, আবেগ নিয়ন্ত্রণ দুর্বল হয়, ঘুমের সমস্যা দেখা দেয়, ভাষা ও শেখার বিকাশে দেরি হয়, সামাজিক দক্ষতা ও সহমর্মিতা কমে যায় এবং উদ্বেগ ও রাগের প্রবণতা বাড়ে। আসক্তির শুরু কোথায়? শিশুদের চুপ বা শান্ত করতে ও খাওয়াতে কম বয়সে মুঠোফোন দেওয়া। মা-বাবার নিজের অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের অভ্যাস। খেলাধুলা, গল্প বা পারিবারিক সময়ের অভাব। স্পষ্ট নিয়ম ও সীমারেখার অনুপস্থিতি। তাই এক্ষেত্রে সাবধান ও সতর্ক হতে হবে পিতামাতা ও অভিভাবকদেরকে। তারা হয়তো লক্ষ করে থাকবেন যে, ডিভাইস না পেলে শিশু তীব্র রাগ, কান্না বা আক্রমণাত্মক আচরণ করছে। পড়াশোনা ও খেলাধুলায় আগ্রহ কমে যাচ্ছে। রাতে দেরি করে ঘুমানো বা ঘুম ভেঙে যাওয়া। পরিবারের সঙ্গে কথা বলা কমে যাওয়া। শিশু একা থাকতে বেশি পছন্দ করা। স্কুলে বা পড়াশোনায় মনোযোগে সমস্যা। এক্ষেত্রে পিতামাতা ও অভিভাবকদের করণীয় হলো, শিশুর ডিজিটাল আসক্তি দূর করা মানে জোর করে সরানো বা শাস্তি দেওয়া নয়; বরং তাকে বিকল্প বিনোদন শেখানো। বয়স অনুযায়ী স্ক্রিন টাইম নির্ধারণ করা। ২ থেকে ৫ বছর হলে দিনে সর্বোচ্চ ১ ঘণ্টা। স্কুল বয়সে পড়াশোনার বাইরে সীমিত সময় ডিভাইস ব্যবহার করতে দেওয়া। শিশুকে ফোন ছাড়তে বলার আগে নিজের স্ক্রিন ব্যবহার কমানো। শিশুর বিকল্প অভ্যাস তৈরি করা। গল্প, আঁকাআঁকি, খেলা, পরিবারের সঙ্গে সময় কাটানোর ব্যবস্থা রাখা। হঠাৎ নিষেধ নয়, ধাপে ধাপে সীমা টেনে দেওয়া। আচমকা ওঠার পরিবেশের অংশ। শিশুর সামনে আমরা কী দৃষ্টান্ত রাখছি, সেটি তার শেখার একটি বড় মাধ্যম। শিশুদের জন্য খেলার জায়গা, সঙ্গী ও সামাজিক মেলামেশার সুযোগ তৈরি করাও অত্যন্ত জরুরি। মাঠে দৌড়ানো, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, দলগত কাজ- এসবই শিশুকে নিজের আবেগ বুঝতে, অন্যকে সম্মান করতে এবং সম্পর্ক গড়তে শেখায়। সব ক্ষেত্রে অভিভাবকীয় সচেতনতা যথেষ্ট না-ও হতে পারে। কিছু পরিস্থিতিতে পেশাদার সহায়তা নেওয়া প্রয়োজন হয়ে পড়ে। শিশুর ডিজিটাল আসক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, আচরণগত পরিবর্তন বা সমস্যা ক্রমাগত বাড়তে থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বন্ধুরা, আমরা সবাই জানি, অতিরিক্ত স্ক্রিন দেখা তোমাদের বয়সী শিশুদের বিকাশ এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু এই যুগে ডিভাইস ছাড়া কি একটা শিশুকে বড় করা যায়? তাই কীভাবে, কতটা স্ক্রিন দেখলে শিশুকে আসক্তি থেকে দূরেরাখা যাবে, সেই বিষয়ে শিশু মনোরোগ বিশেষজ্ঞ ডা. সিফাত ই সাইদ বলেন, শিশুকে স্ক্রিন দিবেন কিন্তু ইন্টারনেট অফ রাখবেন। কেননা ইন্টারনেট অন থাকলে শিশু ক্রমাগত স্ক্রল করে এক ভিডিও থেকে অন্য ভিডিওতে চলে যায়, এবং প্রায়ই এমন কিছু কনটেন্ট দেখে ফেলে যা একেবারেই তার বয়স উপযোগী নয়। ক্রমাগত স্ক্রল করার কারণে কোনো নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দেয়ার ক্ষমতাও তার কমতে থাকে। তাই শিশু একেবারে ফোন কেড়ে নেওয়া শিশুর মধ্যে আরও প্রতিরোধ তৈরি করে। এ ক্ষেত্রে শিক্ষকদেরও একটা ভূমিকা থাকে। ক্লাসে শিশু-কিশোরদের মনোযোগে পরিবর্তন হচ্ছে কি না খেয়াল রাখতে হবে। স্ক্রিন-বিহীন সৃজনশীল কাজে শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে। অভিভাবকরা নিজেদের ব্যস্ততার কারণে শিশুকে ব্যস্ত রাখতে বা শান্ত রাখতে হাতে তুলে দিচ্ছেন ডিভাইস। এতে মুহূর্তের স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে এটি শিশুর আবেগ, কল্পনাশক্তি ও মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে। চারপাশের প্রত্যেক মানুষ একটি শিশুর বেড়ে ছোট থাকতেই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। শিশুকে তার নিজস্ব ডিভাইস দেবেন না। কোথাও বেড়াতে গেলে সর্বক্ষণ তাকে ডিভাইস দিয়ে রাখবেন না। তাকে প্রকৃতির সাথে মিশতে দিন, অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে দিন। ডিভাইস হাতে থাকলে সে আর কোনোদিকেই মনোযোগ দেবে না। ডা. সিফাত ই সাইদ শিশুর বাবা-মায়ের উদ্দেশ্যে বলেন, তাদের নিজেদের ডিভাইস আসক্তি কমাতে হবে। একটি শিশু যদি তার বাবা-মাকে দিনের বেশিরভাগ সময় ডিভাইস ব্যবহার করতে দেখে, তাহলে সে নিজেও তাই করবে। আপনি শিশুকে যা শেখাতে চান, আপনি নিজে আগে তা করুন।

প্রকাশকাল- এপ্রিল ২০২৬