Home Blog Page 95

যে বীর কখনো মাথা নত করেনি : খাজা ওসমান

ব্রহ্মপুত্র নদের ধারে তখন ভোরের কুয়াশা। শেষ রাতের আঁধার কাটেনি। দূরে জলাভূমির ওপর ভেসে উঠছে বোকাই নগরের দুর্গ। সেই দুর্গের উঁচু প্রাচীরের ওপর দাঁড়িয়ে আছেন বাংলার এক অদম্য বীর- খাজা ওসমান। চিন্তামগ্ন বিষণ্ন মুখ। পায়চারি করছেন অস্থিরভাবে। তার হাতে চাঁদির ডাণ্ডায় গুটানো নীল রেশমের খত, মোগল সম্রাটের শাহী ফরমান। এটি কেড়ে নিয়েছে তার ঘুম আর স্বস্তি।
“আমি তো কারও শান্তি কেড়ে নিতে চাই না,” নিজেই নিজেকে বলেন, “তারা কেন বারবার আমাকে আক্রমণ করতে আসে? খাজা ওসমানের মনে ফুঁসে ওঠে দুর্জয় ক্রোধ- চিঠিতে তার দেশের স্বাধীনতা বাঁচানোর যুদ্ধকে তুচ্ছ করা হয়েছে! ‘অহমিকা ও গোঁর্তুমী’ তো তোমরা করছো! বিনা কারণে আমার দেশের স্বাধীনতা কেড়ে নিতে চাইছো’!
রাগে তাঁর হাত কাঁপতে লাগল। ইচ্ছে করল চিঠিটা টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু বিচক্ষণতার সাথে নিজেকে সামলে নিলেন। শাহী দূতকে অপমান করা বোকামি। গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজন কৌশল। তাই বাংলা অঞ্চলের বারো ভূঁইয়াদের শেষ সুলতান-ই-আলা খাজা ওসমান মুখে নয়, লিখিত জবাব দেয়ার কথা ভাবেন। সুবাদার ইসলাম খাঁ তার বিরুদ্ধে অভিযান করছেন বারবার, নিঃশেষ করে দিতে চান তিনি বাংলার স্বাধীনতাকে। আত্মসমর্পনের আহবান জানিয়েছেন। বাংলার বুনো হাতির মতোই স্বাধীনচেতা খাজা ওসমান, আল্লাহ ছাড়া আর কারো কাছে যে শির নিচু করে না! তাই মোগল সেনাপতির কাছ থেকে আত্মসমর্পণের চিঠি পেয়ে অপমানে গর্জে ওঠেন!
তিনি ডাক দিলেন-
-‘শর ই দওয়াতদার’! দোয়াতদারের প্রধানকে ডেকে আনো। একজন ‘দবীর-এ-খাস’ চাই। আজই জবাব লেখা হবে।’
পরদিনই ওসমানের লেখা চিঠি মোগল শিবিরে পৌঁছাল। সেখানে লেখা ছিল-
“আমি আল্লাহর ফয়সালার ওপর নিজেকে সঁপে দিয়েছি। আমাকে যদি এই শান্ত কোণে থাকতে দেওয়া হয়, খুব ভালো। আর যদি আমাকে সৈন্য চালনায় বাধ্য করে যুদ্ধের স্বাদ গ্রহণ করতে চান, যদি আপনাদের নিজ রাজ্য নিয়ে সন্তুষ্ট না থেকে আমার এই নিভৃত কোণটি ছিনিয়ে নিতে চান এবং যুদ্ধ বাঁধান, তাহলে দু’টি মাত্র পথ খোলা থাকবে। ভাগ্য আপনাদের সহায় হলে আপনারা জয়ী হবেন, অপর পক্ষে সৌভাগ্য যদি আমাকে অনুগ্রহ করেন তাহলে দেখব তা আমায় কোথায় নিয়ে যায়”!
এই চিঠি পড়েই মোগল সেনাপতিরা বুঝে গেল, এই মানুষটি সহজে মাথা নোয়াবার নয়।
বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ’র মৃত্যুর পর বাংলার স্বাধীন শাসকরা দুর্বল হয়ে পড়ে। বাকিদের মধ্যে প্রায় সবাই মোগলদের সঙ্গে যোগ দিতে বাধ্য হয়। একমাত্র বাংলার শেষ পাঠান বীর খাজা ওসমান কিছুতেই মাথা নত করতে চায় না। জীবন দিয়ে লড়বে তবুও কারো কাছে শির নিচু করতে রাজি নয়।
ভারতের তখতে তখন মোগল সম্রাট মহামতি আকবর, বিশ্বজোড়া যার নাম-ডাক। মোগলদের তাকদ আর হিম্মতের কথা সবাই জানে। কিন্তু বাংলার স্বাধীনতাপ্রিয় ওসমান তাতে বিন্দুমাত্র ঘাবড়ায় না। আল্লাহ্ ছাড়া আর কাউকে ভয় করে না ওসমান।
সে সময়ের বাংলা ছিল জলাভূমির দেশ, শস্য-শ্যামল দেশ। ভারত উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। বাংলার মানুষেরা ছিল অদম্য সাহসী তেমনি সাহসী তাদের লড়াকু হাতির দল। মেসিডনের আলেকজান্ডার খ্রিষ্টপূর্ব ৩২৬ অব্দে সিন্ধু নদী পার হয়ে ভারতে আসেন। আশেপাশের রাজা ও প্রধানদের কাছে সন্ধির দূত পাঠান। ঝিলাম-রাজ পুরুর সাথে প্রচণ্ড যুদ্ধের সময় বাংলার হাতির তাণ্ডবের কথা শোনেন। হাতির ভয়ে তার সৈন্যরা কিছুতেই বাংলায় আসতে রাজি নয়। আলেকজান্ডার তাই এদিকে না এসে ঝিলাম থেকেই ব্যাবিলনে ফিরে যান! দিল্লীসহ সারা ভারতে খুব কদর ছিল বাংলার হাতির। প্রতি বছর যুদ্ধের ট্রেনিং-প্রাপ্ত প্রচুর হাতি বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করা হতো।
খাজা ওসমান ছিলেন সেই হাতিগুলোর শ্রেষ্ঠ প্রশিক্ষক। তাঁর হাতিগুলো শুধু শক্তিশালী নয়- ছিল বুদ্ধিমানও। ওসমানের ‘শের ময়দান’, ‘বাজ’, ‘বাখতা’ হাতির নাম শুনলেই শত্রু শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ত। এরা অসম্ভব আঘাত সহ্য করতে পারে। সৈন্যদের তরবারি কেড়ে দু’ভাগ করে ফেলে। অন্য হাতি-ঘোড়ার ইস্পাতের আচ্ছাদন ‘পাখারে’ দাঁত ঢুকিয়ে শরীরে সৃষ্টি করে গভীর ক্ষত। ওসমানের সবচেয়ে সুনাম ছিল যোদ্ধা হাতির প্রশিক্ষক হিসেবে। বনের ভেতর বিশাল বিশাল ‘খেদা’ তৈরি করে হাতি পোষা হতো।
খাজা ওসমান ছিলেন বাংলার বারো ভূঁইয়াদের শেষ প্রতিনিধি। শত্রুর তাড়া খেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়িয়েছেন। বাংলার স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে যুদ্ধ করেছেন একের পর এক। শেষবার সিলেটের বোকাই নগরে আসেন। কেল্লাতাজপুর, মাতঙ্গ, তরফ ও উহারে বসতি স্থাপন করেন এবং উহারকে রাজধানী বানিয়ে নগরী-রূপে সাজান। গড়ে তোলেন প্রাসাদ ও দুর্গ। উহার থেকে দুই মঞ্জিল দূরে চুয়াল্লিশ পরগনার দৌলম্বপুরকে বেছে নেন যুদ্ধের জন্য।
মোগল বাহিনী এবার বিশাল শক্তি নিয়ে আসছে- অশ্বারোহী, পদাতিক, নৌবহর আর মত্ত হাতি। অসংখ্য সেনাপতিদের অধীনে প্রচুর সেনা। ব্রহ্মপুত্র নদীতে তখন প্রবল বন্যা। ওসমান বুদ্ধি করে জলাভূমির তীরেই বানালেন যুদ্ধ-শিবির এবং দুর্গ। সুপারী গাছ কেটে তৈরি হলো উঁচু মাচা। তার ওপর বসানো হলো বিশাল বিশাল কামান। চারদিকে পরিখা, জল আর কাদার ফাঁদ। মোগলরা জলাভূমি পার হয়ে এগিয়ে আসতে সময় নেবে। বিভিন্ন নামের কামান সাজাতে সাজাতে এক প্রহরী চিৎকার করে উঠল-
-“এবার শত্রুদের আর ফিরে যেতে দেওয়া হবে না!”
আরেকজন বলে উঠল- “বাজ আর বখতার পায়ের নিচে ওরা পিষ্ট হবে!”
দু’পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত। ভোর হতেই রণ-দামামা বেজে উঠল। মোগল শিবিরের সৈন্যরা মার্চ করে এগিয়ে এলো আগে। ঘোড়ার খুরের আওয়াজে বোকাই নগরের মাটি প্রকম্পিত! আকাশ-বাতাস কেঁপে উঠল যোদ্ধা-হাতির ভয়ানক গর্জনে। দু’পক্ষেই শুরু হলো তুমুল লড়াই। খাজা ওসমানের প্রশিক্ষিত হাতির দাপটে মোগল বাহিনীর বিপর্যস্ত অবস্থা। সৈন্যদের তরবারি চমকাচ্ছে বিদ্যুতের মতো। আজই তাদের শেষ ফয়সালার দিন! জয় না পেলে মাথা নত করে থাকতে হবে মোগলদের কাছেই!
‘শের ময়দান’, ‘বাজ’, ‘বাখতা’, ‘সিংহলী’ ‘দাস্তা’ ইত্যাদি নামের পাহাড়ের মতো বিশাল হাতির দল যুদ্ধক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছে। এরা অসম্ভব আঘাত সহ্য করতে পারে। শত্রুর তরবারি কেড়ে দু’টুকরো করে বা বাঁকিয়ে ফেলে। ঘোড়ার ইস্পাতের ‘পাখারে’ দাঁত ঢুকিয়ে ঘোড়ার শরীর জখম করা তাদের প্রিয় কাজ!
এক সময় ‘বাখতা’ প্রধান মোগল সেনাপতি মির্জা নাথানকে শুঁড়ে তুলে দূরে ছুঁড়ে মারে, মির্জা অজ্ঞান হয়ে যান। অন্য সেনাপতি শাজাত খাঁকেও কাবু করে ফেলে এবং সেনাপতি ইফতিখার খাঁ মৃত্যুবরণ করেন। আফগান সৈন্যরা মির্জা নাথানের হাতি ‘বালসুন্দর’ এর পা কেটে দেয়। খাজা ওসমানের একটি হাতি মোগলদের দশটি হাতির সমান হওয়ায় যুদ্ধে প্রচুর লোকবল থাকলেও তারা টিকতে পারছিল না। মত্ত হাতিদের ভীষণ হুংকারে যুদ্ধক্ষেত্র টালমাটাল। মোগল শিবিরের মনোবল ভেঙে পড়ে। দু’পক্ষেই হতাহত প্রচুর, মোগল বাহিনীরই ক্ষতি হয় বেশি।
খাজা ওসমানের কৌশল ছিল অসাধারণ। তিনি শাহী ফৌজদেরকে বিভ্রান্ত করার জন্য তার সেনাবাহিনী ও হাতিদের সমস্ত পতাকা মোগলশাহী পতাকার হুবহু একই রঙে তৈরি করেন। এতে যুদ্ধের মাঝখানে মোগল সৈন্যরা বুঝতে পারছিল না- কে শত্রু, আর কে নিজের লোক! সামনা সামনি ভয়ঙ্কর যুদ্ধ চলছে।
‘বখতা’ শুঁড় তুলে একের পর এক আহত করতে লাগল। ‘শের ময়দান’ ছুটে গিয়ে শত্রুর ঘোড়ার বর্ম ভেঙে দিল। যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল। পিছিয়ে পড়তে লাগল মোগল বাহিনী ।
ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। এসময় ইফতিখার খাঁর এক ভৃত্য জলিল দূর থেকে ওসমানকে লক্ষ করে তীর ছোঁড়ে। সাঁই সাঁই করে সেই তীর ওসমানের চোখে বিদ্ধ হয়। তীব্র যন্ত্রণায় কঁকিয়ে ওঠে খাজা ওসমান। কিন্তু সঙ্গে সঙ্গে নিরবে রুমালে চোখ চেপে সবার কাছ থেকে আড়াল করেন। তীব্র যন্ত্রণায় কলিজা ছিঁড়ে গেলেও যুদ্ধ থামায়নি। বসে থাকে ঘোড়ার পিঠে। খবর পেয়ে তাঁর পুত্র এসে চুপিচুপি পিতাকে সরিয়ে নিল। যুদ্ধ চলতেই থাকল, যেন কিছুই ঘটেনি। যুদ্ধের ময়দানেই ওসমানের শেষ নিঃশ্বাস পড়ে।
দুপুরের পর হাতাহাতির যুদ্ধ একসময় শেষ হয়। তবে সারা রাত ধরেই দু’পক্ষের মুষলধারে গোলাগুলি নিক্ষেপ চলে। মোগল শিবিরে তখনো ওসমানের খবর প্রকাশ পায়নি। জয়-পরাজয় নির্ধারণ করা যায়নি।
গভীর রাতে খাজা ওসমানের ছেলে ও ভাইয়েরা লাশ ও যুদ্ধের সরঞ্জামসহ সিলেটের উহারে পালিয়ে যায়। তারা বীর ওসমানকে দাফন করার ব্যবস্থা করে। দু’টি পাহাড়ের মধ্যবর্তী চিহ্নহীন কোনো স্থানে কবর দেয়, যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়। স্বাধীনতা সংগ্রামী বীর ওসমান চলে যান চির নিদ্রায়। পরদিন মোগল শিবিরে খবর পৌঁছাল, খাজা ওসমান আর নেই। ওসমানের মৃত্যুর খবরে মোগল শিবির স্বস্তি অনুভব করে। শত্রুরাও নীরব হয়ে যায়। কারণ তারা জানত…
এমন সাহসী বীর খুব কমই জন্মায়। মরে গিয়েও খাজা ওসমান হেরে যাননি। মির্জা নাথান তাঁর বিখ্যাত ইতিহাস ‘বাহারিস্তান-ই-গায়বী’তে খাজা ওসমানের বীরত্ব ও তার হাতিদের কলা-কৌশলের ভূয়সী প্রশংসা করেছেন।

খাজা ওসমান বাংলার স্বাধীনতার জন্য লড়াই করে শহিদ হয়েছিলেন। দেশের মানুষ তাঁকে দিয়েছেন মহান বীরের সম্মান ও মর্যাদা। আজও বাংলার নদী ও জলাভূমির ফিসফিসে বাতাসে যেন শোনা যায় হাতির গর্জন আর এক বীরের অদম্য কণ্ঠ-
“মাথা নত নয়- জীবন দিয়ে হলেও স্বাধীনতা রক্ষার চেষ্টা করতে হবে!”

এপ্রিল ২০২৬

উদ্যোক্তা হবার ম্বপ্ন

পার্সোনালিটি টাইপ এবং ক্যারিয়ার চয়েস নিয়ে আমরা গত দুটি পর্বে আলোচনা করেছি। বড় হয়ে তুমি কোন দিকে ক্যারিয়ার করবে সেটা নিয়ে মাথায় অনেক প্রশ্ন জেগেছে, তাই না! এবার আলোচনা করা যাক ক্যারিয়ারের দুটো মূল ধরন সম্পর্কে। একটি হলো ব্যবসা, অন্যটি চাকুরি। দুটোর মধ্যে মৌলিক তফাত হলো চাকুরিতে তুমি কারো অধীনে কাজ করবে, আর ব্যবসার ক্ষেত্রে তুমি কাজটা নিজের অধীনে অর্থাৎ নিজের স্বাধীন চিন্তা, সময় ও সামর্থ্যরে মধ্যে করবে। দুই ক্ষেত্রেই কাজ করতে হবে, আলাদীনের দৈত্য এসে কাজ করে দিয়ে যাবে না। যে যত পরিশ্রম করবে, সে অনুযায়ী সে উন্নতি করবে। কাজ পছন্দ করার ক্ষেত্রে একটি প্রচলিত কথা আছে- তুমি এমন একটা কাজকে তোমার পেশা অর্থাৎ চাকুরি বা ব্যবসা হিসেবে বেছে নিবে যেটা তুমি এতটাই পছন্দ করো, যে বিনা পারিশ্রমিকেও যদি কেউ করতে বলে, তুমি সেটা করবে। তাহলে দেখা যাবে তুমি ভবিষ্যতে সে পেশাতে কখনোই ক্লান্তি বা হতাশা বোধ করবে না।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বেকারত্ব একটি চরম অভিশাপ। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশে বেকারের সংখ্য ২৬ লাখ ২৪ হাজার। এর মধ্যে স্নাতক পাশ শিক্ষিত বেকার হলো ৮ লাখ ৮৫ হাজার। অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেও চাকুরির পেছনে ছুটে সুবিধা করতে পারছে না কর্মক্ষম জনসংখ্যার বিশাল অংশ। প্রতিবছর ২০-২২ লাখ তরুণ-তরুণী চাকুরির বাজারে প্রবেশ করে। তাদের মধ্যে সাত-আট লাখ কোনো চাকুরি পায় না। সুতরাং চাকুরির বাজারকে বড় করার জন্য ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়া প্রয়োজন।
ব্যবসা করলে লাভ-ক্ষতির হিসেব মাথায় রেখেই করতে হয়। সেজন্য ব্যবসায়ে সাহস ও আত্মবিশ্বাস থাকা জরুরি। তবে এই ঝুঁকি নিয়ে ব্যবসায়ে নামতে পারলে আর সঠিকভাবে পরিশ্রম করতে পারলেই ব্যবসায়ে আর্থিক উন্নতি করা যায় দ্রুত, যেটা চাকুরিতে করা খুবই কঠিন।
ব্যবসা হচ্ছে মানুষের ‘প্রয়োজন’ বা ‘চাহিদা’র যোগান দেয়া। বেশিরভাগ ক্ষেত্রে এই চাহিদা তৈরিই থাকে। যেমন- আমাদের মৌলিক চাহিদা- খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। এগুলো আমাদের লাগবেই। এই সব উপাদান সরবরাহ করাটাই ব্যবসায়ীদের কাজ। সেজন্য খাদ্য বা খাদ্য উপাদানের দোকান, কাপড়ের দোকান, ফ্ল্যাট/বাড়ি, হাসপাতাল/ক্লিনিক, স্কুল-কলেজ-কোচিং সেন্টার এগুলো হলো ব্যবসায়িক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান পণ্য বা সেবা সরবরাহ করে।
এখন তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন পণ্য বা সেবা তোমার এলাকার মানুষ বা তোমার দেশের মানুষ পাচ্ছে না। সেই পণ্য বা সেবা তৈরি করে সরবরাহ করতে হবে অথবা সেটা আমদানি করে মানুষকে সরবরাহ করতে হবে। এটাই হলো ব্যবসায়ের মূল। আবার অনেক ক্ষেত্রে মানুষের কাজকে সহজ করার জন্য অনেক সেবা আছে, যা মানুষ হয়তো ভাবেওনি। সেই সেবা তৈরি করে সেগুলো সরবরাহ করাটাও একটা চাহিদার যোগান দেয়া।
এবার একটা গল্প বলা যাক। গল্পটি তিলক মেহতা নামের এক ভারতীয় শিশুর গল্প। মুম্বাই শহরের ১৩ বছর বয়সী স্কুলছাত্র তিলক একবার মামাবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে বাড়িতে ফিরে সে খেয়াল করে যে তার স্কুলের কিছু বই মামা বাড়িতে ফেলে এসেছে। সে কয়েকটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চেষ্টা করে সেদিনই বইগুলো আনাতে। কিন্তু ব্যর্থ হয়। কেউই দিনে দিনে ডেলিভারি দিতে পারবে না বলে জানায়। তখন তার মাথায় প্রশ্ন জাগলো, কেন মুম্বাই শহরের মধ্যে একদিনের মধ্যেই পার্সেল ডেলিভারি করা সম্ভব হবে না? সে উপায় পেয়ে গেল। তার চোখে পড়লো শহরে কিছু লোক সাইকেলে করে টিফিন ক্যারিয়ারে খাবার সরবরাহ করে। তাদেরকে বলে ডাব্বাওয়ালা। তিলক ভাবলো তারা যেহেতু প্রতিদিন খাবার ডেলিভারি দিচ্ছে, তাহলে ডকুমেন্ট পার্সেলও তো একই সাথে নিয়ে দিয়ে আসতে পারে! ব্যস, সে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলো। নাম দিলো- পেপার অ্যান্ড পার্সেল (পিএনপি)। এটি ডিজিটাল কুরিয়ার সার্ভিস। এর সেবা হলো- দিনের মধ্যেই মুম্বাই শহর ও এর আশেপাশের এলাকায় তিন কেজি পর্যন্ত ওজনের পার্সেল ডেলিভারি দেয়া। আর ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম থাকায় গ্রাহক বুঝতে পারেন তার পার্সেল কখন কোথায় আছে। বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করে ২০০’র মতো কর্মচারী আর ৩০০’র বেশি ডেলিভারিম্যান বা ডাব্বাওয়ালা। প্রতিদিন তারা ১২০০’র বেশি পার্সেল ডেলিভারি দেয়। ২০১৮ সালে শুরু করা তিলকের এই কোম্পানির মাসিক আয় এখন দুই কোটি টাকা। ২০২০ সালে সে ‘গ্লোবাল চাইল্ড প্রোডিজি’ অ্যাওয়ার্ড লাভ করে। ভাবতে পারো! একটি মাত্র সেবা যা মুম্বাই শহরের মানুষের কাজকে সহজ ও দ্রুততর করেছে, আর পাল্টে দিয়েছে তিলক মেহতার জীবন!
এবারে দেশের এক কিশোরের গল্পে আসি। ঢাকার রায়েরবাজারের কিশোর তানজিম। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তানজিমের জীবনটা এমনিতেই চ্যালেঞ্জের। কিন্তু তার মনে অদম্য সাহস- নিজের পায়ে দাঁড়ানোর। ১২ বছর বয়স থেকে সে ফ্রিল্যান্সিং করে টুকটাক আয় শুরু করে। সেই আয় দিয়ে ২০২৪ সালে শুরু করে ‘গেজেট বিক্রেতা’ নামের একটি ব্যবসায়িক উদ্যোগ। অনলাইনে অর্ডার নিয়ে নানা রকম ইলেকট্রনিক গেজেট ডেলিভারি দিতো সে। পেইজ চালানো, মার্কেটিং করা, অর্ডার নেয়া, কুরিয়ার করা, সব একাই করতো। এক বছর পর ২০২৫ সালে শুরু করে ‘থ্রেডভার্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। সেখানে সে অনলাইনে অর্ডার নিয়ে টি-শার্ট ডিজাইন করে বিক্রি করতো। নিজে শিখে নেয় ডিজাইন করা। এরপর তার মাথায় এলো দেশে নিজস্ব পারফিউম ব্র্যান্ড তৈরি করবে। সে শুরু করলো ‘সেলিওরা ফ্র্যাগরান্স’ নামে একটি প্রতিষ্ঠান। প্রথমে তারা বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম বিক্রি করে। তারপর তার স্কুলের এক বন্ধুকে নিয়ে কীভাবে পারফিউম বানায় সেটা শিখে নেয়। তারপর নিজেদের ব্র্যান্ডের নামে আলাদা পারফিউম তৈরি করে। তাদের পারফিউমের জন্য বিএসটিআই এর লাইসেন্সও নেয়। সবে এসএসসি পাশ করা এক কিশোর তিন বছরে তিনটি ব্যবসা তৈরি করেছে, ভাবা যায়?
তবে সাবধান! আমি কিন্তু বলছি না পড়াশুনা বাদ দিয়ে কাল থেকেই নেমে পড়ো ব্যবসায়! বোঝানোর জন্য বলছি যে কীভাবে ব্যবসা দাঁড় করানো যায় শূন্য থেকে। তিলক মেহতা বা তানজিম, দুজনের কেউই কিন্তু বড় ব্যাংক লোন নিয়ে কিংবা পরিবার থেকে জমি বিক্রি করে লাখ লাখ টাকা নিয়ে ব্যবসা করতে নামেনি। একেবারেই নিজের সামর্থ্যে শুরু করেছে।

তুমি যদি বড় হয়ে ব্যবসায়ী হতে চাও তাহলে এখন থেকেই মনে মনে খুঁজতে থাকো যে তোমার দেশের মানুষকে তুমি ভবিষ্যতে কোন পণ্য বা সেবাটি দিতে চাও? অথবা বিদেশে দেশের কোন পণ্য বা সেবাটি রপ্তানি করা যাবে যা বিদেশের মানুষের প্রয়োজন। তোমার ব্যবসা তোমার এলাকার কোনো সমস্যার সমাধান করে দিতে পারে। এমন কোন‘ সমস্যা খুঁজতে থাকো যা এলাকার মানুষের জন্য তুমি সমাধান করবে। এমন ‘অভাব’ খোঁজো, যার প্রয়োজনীয় উপকরণ তুমি উৎপাদন করবে অথবা আমদানি করে সরবরাহ করবে।

মনে রাখবে, স্বপ্ন থাকতে হবে অনেক বড়। তুমি দেশে-বিদেশে তোমার পণ্য বা সেবা রপ্তানি করবে, এমনটাই সাহস রাখতে হবে। তবে সেজন্য শুরুটা যত ক্ষুদ্রই হোক, তাতে দ্বিধা করা যাবে না।

এপ্রিল ২০২৬

পয়লা বৈশাখ : আমাদের আনন্দ উৎসব

পয়লা বৈশাখ আমাদের জন্য শুধু একটি দিন নয়, এটি আমাদের জীবনের এক নতুন যাত্রা, যেখানে আশা, ভালোবাসা, পরিবর্তন ও ভবিষ্যতের প্রতি আস্থা থাকে, নতুন বার্তা থাকে। এখানে ধর্ম, জাতি কিংবা বিশ্বাসের কোনো ব্যাপার নেই- এটা শুধু জাতিগত পরিচয়ের উদযাপন। পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি আমাদের ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন।
প্রকৃতি ও সংস্কৃতি, একে অপরের পরিপূরক। বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ, দিনটি শুধু আমাদের পঞ্জিকার একটি নতুন পৃষ্ঠা নয়, বরং এটি আমাদের চারপাশের প্রকৃতির এক অনবদ্য রূপ। বৈশাখের প্রথম দিনে আকাশের কোণে মেঘের গম্ভীরতা, যেন সে জানাচ্ছে নতুন বছর আসছে, নতুন আশা, নতুন উল্লাস।
ঝড়ো হাওয়ার মধ্যে বৈশাখী বৃষ্টি এসে প্রকৃতির গা ভিজিয়ে দেয়, যেমন আমাদের হৃদয়ের গভীরে বয়ে আনে এক নতুন আনন্দের তরঙ্গ। বাতাসে ছড়িয়ে পড়ে মিষ্টি গন্ধ- কলমি শাক, পাটুলি ফুল, পলাশের রঙে মোড়া নববর্ষের ফুল। এই দিনটি যেন প্রকৃতির নিজস্ব এক শ্রদ্ধাঞ্জলি, যে ফুলগুলো শোভা পায় আমাদের ছোট-বড়, শহর-বাংলাদেশের প্রতিটি কোণায়।
দেশ ও ভাষা, একে অপরের সঙ্গে গভীরভাবে গাঁথা, যেন দুই প্রাচীন রেশমি সুতা-একসুতোয় বাঁধা। বাংলা ভাষা, এই মাটি, এ জনগণের অভ্যন্তরীণ আত্মা- এগুলো সবই একযোগে জড়িয়ে থাকে, যেখানে একে অপরের মধ্যে কোনো বিভেদ নেই। এ দেশের মানুষ, যে ভাষায় কথা বলে, যে সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠে-সেই ভাষা ও সংস্কৃতি তার অস্তিত্বের অঙ্গ। এবং পয়লা বৈশাখ, এই বাংলা নববর্ষ, ঠিক তেমনই একটি দিন- যে দিনটি শুধু একটি নতুন বছরের সূচনা নয় বরং একটি নতুন অধ্যায়ের যাত্রা, যেখানে আমরা সবাই একযোগে একটি নতুন সূর্যের দিকে এগিয়ে যাই।
এ দিনের অমলিন আনন্দে ইলিশ মাছের সঙ্গে পান্তাভাত, চিরকালীন ঐতিহ্য, যেখানে বছরের শুরুতে হালখাতা আর মিষ্টির আদান-প্রদান, এক নিঃশব্দ চুক্তি-একটি নতুন বছরে ব্যবসা, সম্পর্ক, জীবন-সব কিছুই নতুন করে শুরু হতে থাকে।
আর শহরের বড় পার্ক, রমনা বটতলায়, যেখানে হাজার হাজার মানুষের ভিড়।
এ যেন এক উৎসব, এক সমবেত সংগীত, যেখানে সবার হৃদয় এক সঙ্গে মিলছে। বটগাছের নিচে, পুরনো দারুণ ঐতিহ্যের গুনগুন, আর চিরন্তন প্রাকৃতিক সুরের মধ্যে, পহেলা বৈশাখকে অভ্যর্থনা জানাতে সবাই মিলিত। গ্রামের পল্লিতে কিংবা শহরের কোনো পার্কে,পয়লা বৈশাখের এই প্রাকৃতিক সৌন্দর্য যেন বাড়িয়ে দেয় আনন্দের অনুভূতি। পুরনো বাংলার গ্রামের প্রান্তরে পাকা ফসলের সুবাস, সেই প্রাচীন ঝিলগুলোর শান্ত জল, খালি মাঠে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য-এগুলো শুধু চোখে নয়, আমাদের মনে প্রতিধ্বনিত হয়, যেন পয়লা বৈশাখের প্রতিটি মুহূর্ত প্রকৃতি নিজ হাতে আমাদের জন্য সাজিয়ে রেখেছে।
গ্রামের সরু পথে, হালকা রোদে, ছোট ছেলে-মেয়ে, তারা ঝরে পড়া পাতা ও ফুলের সঙ্গে খেলছে, মুখে মিষ্টি খাবারের খুশি হাসি, যেন পুরো গ্রামটি এক নতুন রঙে রাঙানো। পথে, গ্রামের পুকুরে নৌকায় চড়ে মাঝির গান শুনতে পাওয়া যায়, সেই গান যা বাঙালি ঐতিহ্যের অংশ। এটি একটি মুহূর্ত, যেখানে অতীত ও বর্তমান একসাথে মিশে যায়, যেখানে প্রতিটি সুর, প্রতিটি ফুল, প্রতিটি হাসি এক নতুন কাহিনি রচনা করে।
– পহেলা বৈশাখ যা আমাদের জীবনে সেই সোনালি দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, যখন আমরা একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পাই, নববর্ষের সম্ভাষণ জানাই।

২.
অল্প কথায় এর ইতিহাসটা জেনে নিই। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করতেন। কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় এটি কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হতো। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। ১৫৫৬ খ্রিষ্টাব্দে বা ৯৯২ হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। আকবরের সিংহাসন আরোহণের বছর ১৫৫৬ সাল। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে “বঙ্গাব্দ” বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।
এই দিনটি শুধু সাংস্কৃতিক উদযাপন নয়, এটি প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কেরও একটি বিশেষ রূপ, যা আমাদের শিকড়ের দিকে ফিরিয়ে নিয়ে যায়। সারা দেশের মানুষের আনন্দে মেতে ওঠা, গ্রামীণ পরিবেশে গুচ্ছগুচ্ছ পটল, কাঁচা কলা, কচুরিপানা- এ সব প্রকৃতির উপাদান, একে অপরকে সহযোগিতা করে নতুন বছরের দারুণ সূচনা করতে। বৈশাখী বাতাস, মাটির গন্ধ এবং নতুন জীবনের এক সতেজ শ্বাস- এই উপাদানগুলো একত্রিত হয়ে পহেলা বৈশাখের উদযাপনকে শুধু একটি দিন নয়, বরং এটি যেন একটি নয়া দিগন্তের সূচনা, যেখানে প্রকৃতি এবং সংস্কৃতি হাতে হাত রেখে একত্রে উদযাপন করে।
পয়লা বৈশাখ যেন এক সুন্দর গল্প, যার প্রতিটি দৃশ্য জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। ভোর বেলা, যখন প্রথম সূর্য ওঠে, রাস্তায় রাস্তায় মানুষের পদচারণা শুরু হয়। শহরের বাজারে, ফুলের দোকানে ভিড় জমে যায়-প্রতিটি দোকানে সাজানো থাকে নানা রঙের ফুল। গোলাপের লাল, গাঁদার হলুদ, শাপলার সাদা, আর পলাশের তীব্র কমলা রঙের ফুলের গুচ্ছ, যেন প্রকৃতির নিজস্ব শুভেচ্ছা। সেখানে একেকটি ছোটগল্প প্রতিধ্বনিত হয়, এক বিক্রেতা তার দোকানে সাজানো ফুলগুলো তুলে তুলে বিক্রি করছে, আর এক বৃদ্ধা আনন্দের সঙ্গে একটি ছোট পুতুলের ফুল কেনে, যেন পুরনো দিনের রঙিন স্মৃতি ফিরে পাচ্ছে।
এবারের পয়লা বৈশাখে, পুরনো বছরের সেই সমস্ত অশুভ প্রতিচ্ছবি, সবকিছু দূর হয়ে যাবে, এটাই আমাদের আশা। নববর্ষের এই দিনটি যেন এক নতুন দিগন্তের সূচনা, যেখানে আমরা শুধু নতুন কিছু পাওয়ার স্বপ্ন দেখি না, বরং সেই পুরনো দিনের অশান্তি ও কষ্ট থেকে মুক্তির জন্য, একটি সুন্দর, সজীব এবং পবিত্র জীবনের দিকে অগ্রসর হতে চাই।

৩.
বিশ্বের বিভিন্ন দেশের নববর্ষ উদযাপন হয় বিভিন্নভাবে। যেমন- চীনা নববর্ষে থাকে লাল রঙের উৎসব, যা পৃথিবী জুড়ে প্রাচীন ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত, যেখানে বিশেষ খাবার, সাংস্কৃতিক নৃত্য ও ড্রাগন র‍্যালি থাকে।
আর জাপানি নববর্ষে, বরফাচ্ছন্ন পর্বতমালা এবং সাদা প্রাকৃতিক দৃশ্যে পালিত হয় উৎসব, যেখানে পরিবারের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব দেওয়া হয়। তবে এসব সবার মধ্যে একটি সাধারণ মিল রয়েছে- নতুন বছরের সূচনায় পুরনো সব পেছনে ফেলে এগিয়ে যাওয়ার ইচ্ছা ও আশা।
ইংরেজি নববর্ষ ১লা জানুয়ারিতে আসে, এবং পশ্চিমা দেশগুলোতে এটি এক আড়ম্বরপূর্ণ পার্টির মাধ্যমে পালিত হয়। রাতের বেলা আতশবাজি, মিউজিক এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মেতে ওঠে মানুষ।
সুইডেন, নেদারল্যান্ডস কিংবা স্পেনে নববর্ষ উদযাপন হয় অঙ্গীকার, আশাবাদ ও বন্ধুত্বের ভিত্তিতে। তবে পহেলা বৈশাখের বৈশিষ্ট্য হলো, এর মধ্যে যে উন্মুক্ততা, ঐক্য ও সামাজিক যোগাযোগ রয়েছে, তা যেন এক নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে, যেখানে জাতিগত ঐতিহ্যকে সম্মান জানিয়ে, সবাই একসঙ্গে উদযাপন করে।
ভারতের নানা অঞ্চলে নববর্ষ উদযাপন করা হয়, যেমন বাংলা নববর্ষ, পাঞ্জাবের বৈশাখী এবং গুজরাটের উত্তরায়ণ। যদিও এগুলোর মধ্যে সাদৃশ্য রয়েছে-ফসল কাটার সময়, কৃষকের জীবনের শুরু- তবে প্রতিটি অঞ্চলের নববর্ষের রীতি, সংস্কৃতি এবং আচার-অনুষ্ঠান আলাদা।

৪.
পৃথিবীর নানা প্রান্তে নতুন বছর উদযাপন হয়, তবে বাংলা নববর্ষের প্রতি যে অনন্য ভালোবাসা ও শ্রদ্ধা, তা পৃথিবীর অন্য অঞ্চলের থেকে একেবারেই আলাদা। তবে বাংলা নববর্ষের উৎসবটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি পুরো দিনের, পুরো সমাজের একটি অনন্য ঐতিহ্য। এখানে দিন শুরু হয় প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে, যেখানে সূর্যোদয়ের সঙ্গে এক অনাবিল শান্তির পরিবেশ সৃষ্টি হয়।
বাংলাদেশের পয়লা বৈশাখ, বিশেষ করে বাংলাদেশের গ্রামাঞ্চলে, মিষ্টি গন্ধে ভরা গাছে গাছে রঙিন ফুল আর পরিবেশের মধ্যে অন্যরকম এক অনুভূতি ˆতরি হয়, যা আর কোথাও পাওয়া যায় না।
বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপনের অনন্য বৈশিষ্ট্য হলো এর মানুষের মধ্যে একাত্মতা ˆতরি করা। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে দিনটি উদযাপন করে, যা বাংলাদেশের এক অসাধারণ বৈশিষ্ট্য। এই দিনটি শুধু একটি পঞ্জিকার পরিবর্তন নয়, বরং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিকড়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এটা যেন মানুষের মনের মধ্যে এক নতুন প্রেরণা দেয়, যেখানে সবাই মিলে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিরোধ ভুলে এক হয়ে জীবন উদযাপন করে।
বাংলাদেশের পহেলা বৈশাখের উদযাপন তাই শুধু একটি জাতির নববর্ষ উদযাপন নয়, এটি একটি বৈশ্বিক উৎসবের অংশ, যা আমাদের সংস্কৃতির গুরুত্ব, শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করতে সহায়তা করে। এটি একটি দৃঢ় আহ্বান- বিশ্বের প্রতি যে ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের শিকড়কে সম্মান জানিয়ে, আমরা যেন নিজেদের বিশ্বাসে অটুট থেকে, সব ধরনের বিভেদ ও বৈষম্য ভুলে মানবতা, ভালোবাসা ও একাত্মতায় বিশ্বাস রাখি।
পয়লা বৈশাখের দিনটি যেন এক অমূল্য স্মৃতি, যা হৃদয়ে চিরকাল রয়ে যায়। ছোটবেলায়, আমার গ্রামের পথে পয়লা বৈশাখের আনন্দ ছিল এক অপূর্ব দৃশ্য। আমার সঙ্গীরা একে অপরকে জানাতো নতুন বছরের শুভেচ্ছা।
এই স্মৃতিগুলো যেন এখনো মনকে উজ্জীবিত করে- যতই সময় এগিয়ে যাক, পয়লা বৈশাখের সেই স্নিগ্ধতা, সেই গানের সুর- মনে হয়, কখনো মুছে যাবে না, বরং প্রতিটি পয়লা বৈশাখের সঙ্গে নতুন করে জীবন্ত হয়ে উঠবে।

এপ্রিল ২০২৬

রূপবদল

চড়ুই চায় ঈগল হতে
পিঁপড়ে কাছাকাছি,
আরশোলা চায় ইঁদুর হতে

মৌমাছি মৌমাছি|

ঘোড়া তো চায় হস্তি হতে
বাঘ হতে চায় বানর,
ডলফিন চায় কমপক্ষে
হিংস্র দেঁতো হাঙর|

কুকুর কি চায় প্রভু হতে

শেয়াল হবে বাঘ,
ফড়িং যদি জিরাফ হয়
কেউ করো না রাগ|

তীর হতে চায় ধনুক এবং
তূণ হতে চায় বোমা,
ঘর হতে চায় জলে জাহাজ
তাক ধুমা ধুম ধুমা|

হাতুড়ি চায় কাস্তে হবে
চামচ হবে দাস,
থালারা সব বিপ্লবী আর
খুন্তিরা সন্ত্রাস|

গোলাপ কি চায় পদ্ম হবে
কিংবা সূর্যমুখী,
প্রজাপতি দোয়েল হলে
সারাজীবন সুখী|

মানুষ কিন্তু সব হতে চায়
বৃক্ষ এবং পাখি,
কিন্তু তার মানুষ হওয়ার
আরো অনেক বাকি|

 

এপ্রিল ২০২৬

জলহস্তী কেন পানিতে থাকে

অনেক অনেক বছর আগেকার কথা। এক যে ছিল জলহস্তী। তার নাম ইসানতিম। বিরাট এক রাজ্যে তার বসবাস। বিপুল আয়তন ভূখণ্ডের রাজা সে। স্থল ও জলভাগের জীব জানোয়ার সবাই তার প্রজা। একটা দুটা নয়, সাত সাতটা বউ তার। বেশ আছে জলহস্তী। দিনকাল খুব সুখেই কাটছে তার। দেহের আকার আয়তনে সে বিরাট। একমাত্র হাতিই তার চেয়ে বড়োসড়ো। অন্য কোনো প্রাণীই তার সঙ্গে তুলনীয় নয়। ইসানতিম নামের জলহস্তী ভালো মনের প্রাণী। কোনো ঘোরপ্যাঁচ নেই তার মধ্যে। সে তার বউদের খুবই ভালোবাসে। যেখানেই যায়, তারা সঙ্গিনী হয় তার। একা একা কখনোই সে কোথাও যায় না।
ইসানতিমের ভালো একটা গুণ আছে। সেটার কথা না বললেই নয়। এই গুণের জন্যে সে প্রজাদের খুবই প্রিয়। প্রতি মাসে অন্তত দুই তিনবার সে বিশাল ভোজের আয়োজন করে থাকে। অনেক ভালো খানাপিনা হয় সে উৎসবে। সত্যি বলতে কী, প্রজারা উন্মুখ হয়ে থাকে, কখন আসবে সেই ভোজের দিন। ভালোমন্দ দু’টি খাওয়া যাবে। সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ হবে। ধুম নাচগানের ব্যবস্থা থাকে ভোজ সমাপনের পর। সে কারণে সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে, কখন আসে ভোজের নিমন্ত্রণ। সক্কলেরই দাওয়াত থাকে। বুড়ো সুড়ো আণ্ডা বাচ্চা কেউ বাদ যায় না। সবাই নিমন্ত্রিত হয়।
একবার ভোজের আয়োজন করা হয়েছে যথারীতি। ইসানতিমের মাথায় একটা বুদ্ধি এসেছে। খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে হবে এমন অবস্থা। জলহস্তী রাজা হঠাৎই অদ্ভুত একটা ঘোষণা দিলো। কেউ এ ধরনের কথা শোনার জন্যে তৈরি ছিল না। মুচকি মুচকি হেসে ইসানতিম বললো,
তোমরা আমার নেমন্তন্ন পেয়ে এসেছো, ভালো কথা। তোমাদের একটা প্রশ্ন করতে চাই আজ। কেউ কি আমার নাম জানো? যদি না জানো, তাহলে একটা কথা আছে আমার।
অভিনব ধরনের এই কথা শুনে সবাই অবাক। জলহস্তী রাজা হঠাৎ এমন কথা বলছে কেন? তারা উৎসুক চোখে তাকায়। দেখা যাক, কী বলতে চাইছে সে।
ইসানতিম তাদের বলে,
আমার নাম যদি কেউ বলতে না পারো, তাহলে আজকের খাওয়া দাওয়া বন্ধ। আজ সবাইকে না খেয়ে ফিরে যেতে হবে।
আসলে হয়েছে কী, জলহস্তীর যে কী নাম, সেটা সাধারণ প্রজারা জানে না। এটা জানে শুধু তার বৌয়েরা। প্রজারা কখনো শোনেনি তাদের জলহস্তী রাজার নাম। জানবার অবশ্য কোনো দরকার হয়নি কোনো দিন। তারা এতদিন দাওয়াত পেয়েছে। পেট পুরে খেয়ে দেয়ে হৈ হল্লা আনন্দ ফূর্তি করে চলে গেছে। রাজার নাম জানবার কোনো তাগিদ বোধ করেনি।
সমবেত প্রাণীরা সকলে চুপচাপ। কারো মুখে কোনো কথা নেই। থাকবেই বা কেমন করে? এই প্রশ্নের উত্তর কেউ জানে না। সে কারণেই এ নীরবতা। একজন আরেক জনের মুখের দিকে তাকিয়ে থাকে। নিঃশব্দে। ফালতু একটা ঝামেলায় পড়া গেছে বাপু। খিদেয় পেট চোঁ চোঁ করছে এদিকে। এর মধ্যে কী উটকো উল্টাপাল্টা প্রশ্ন। যত্তসব! সবাই মনে মনে খুব বিরক্ত। মজার মজার খানাপিনার আনন্দটা আজ মাঠে মারা গেল। শুধু শুধুই। জলহস্তীর যত্ত পাগলামি। কোনো মানে হয় এসবের? রাজা বলে কথা! প্রতিবাদ করবার সুযোগ নেই।
সবাই উঠে পড়ার উপক্রম করছে। নিতান্ত অনিচ্ছায়। উপোস থাকতে হবে আজ। কারোই তো জলহস্তী রাজার নাম জানা নেই। সুতরাং আজকের এই ভোজসভা বাতিল। সবাই উঠি উঠি করছে। এমন সময় এক বুড়ো কচ্ছপ উঠে দাঁড়ালো। মিনমিন করে রাজাকে উদ্দেশ্য করে বললো সে,
রাজা মশাই ছোট্ট একটা বিষয় জানার আছে আমার। আজকে তো আমরা না খেয়ে দেয়ে চলেই যাচ্ছি। পরের বার যখন ভোজসভা হবে, তখন যদি আমরা আপনার নাম বলতে পারি তাহলে কী হবে? সেটা কি দয়া করে বলবেন?
জলহস্তী সবাইকে বোকা বানাতে পেরে মনে মনে মহাখুশি। সে যে সক্কলের চেয়ে শ্রেষ্ঠ, এটা খুব সহজেই প্রমাণ করা গেছে। মনটা তাই বেশ ফুরফুরে। দুম করে বেফাঁস একটা কথা বলে ফেললো জলহস্তী রাজা। বললো,
তাহলে তো বেশ হবে। আমার নাম যদি বলতে পারো তাহলে তো তুমি জিতে যাবে। তুমি এবং তোমার পরিবারের লোকজন সোজা চলে আসবে ডাঙায়। স্থলভাগে বসবাস করবে তোমরা। আর আমি, আমার পরিবার চলে যাবো পানিতে। সেটাই হবে আমাদের আস্তানা। কী, ঠিক আছে?
কচ্ছপকে একটু চিন্তিত দেখায়। সে বললো,
আচ্ছা বেশ মহারাজ। তাই হবে। আমরা পরবর্তী ভোজসভার জন্যে অপেক্ষায় রইলাম। আপনার মঙ্গল হোক।
২.
কচ্ছপ পড়লো মহা ফাঁপরে। একটানা কয়েকদিন এ নিয়ে মাথা ঘামালো সে। অনেক ভেবেচিন্তে একটা কৌশল ঠিক করা গেল। বুদ্ধিটাকে চমৎকারই বলতে হয়। যদি এটা ঠিকমতো কাজ করে, তাহলে কোনো চিন্তা নেই। জলহস্তী রাজার সঙ্গে যেমনটি কথা হলো, সেই বাজিতে অনায়াসে জিতে যাবে সে। শুধু তাই নয়। প্রজাদের সঙ্গে রাজার এমনতরো উদ্ভট রঙ্গ তামাশার একটা উচিত জবাবও দেয়া যাবে সেই সঙ্গে। হিপ হিপ হুররে। সব প্রজাই বোকাসোকা নয়। কারো কারো মাথায় সামান্য হলেও বুদ্ধি শুদ্ধি আছে। সেটাই এখন দেখানোর পালা।
কচ্ছপ জানে, জলহস্তী রাজা কখনোই একা একা চলাফেরা করে না। তার সাত বউ সঙ্গে থাকে সবসময়। রোজই তারা নদীর পাড়ে যায়। দল বেঁধে। সকালে আর বিকালে। গোসল করে। পানি পান করে। জলহস্তী রাজা থাকে মিছিলের সবার আগে। বউরা চলে একটু পেছন পেছন। এটাই রীতি, নিয়ম। এই বিষয়টিকেই নিখুঁতভাবে কাজে লাগাতে হবে।
এক রাতে কচ্ছপ তাদের চলার পথে একটা গর্ত খুঁড়ে রাখলো। বেশ বড়োসড়ো সেটা। অনেক সময় লেগে গেল এ কাজে। সেই গর্ত ঢেকে রাখলো লতাপাতা দিয়ে। চট করে বোঝা যায় না এখানে কোনো লুকোনো গর্ত আছে।
কচ্ছপ সেই গর্তের কাছেই একটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো। কান পেতে রইলো। কী ঘটে না ঘটে। দুরুদুরু বুকে সে অপেক্ষা করছে। জলহস্তী বাহিনী ওই তো এগিয়ে আসছে। দেখাই যাক না,কী ঘটে এবার।
ফেরার পথে ঘটলো ঘটনাটা। দুই বউ বেশ পিছিয়ে পড়েছিল। নিজেদের মধ্যে গল্পে মশগুল ছিল তারা। ধড়াম করে তারা গর্তে পড়ে গেল। ধপাস করে শব্দ হলো। শুনে ঝোপ থেকে বের হয়ে এলো কচ্ছপ। শুনলো সে, এক বউ জোরেশোরে চিৎকার শুরু করলো তখুনি,
ওগো ইসানতিম, প্রিয় স্বামী আমার। সর্বনাশ হয়ে গেছে। আমি একটা গর্তে পড়ে গেছি। জলদি এসে আমাকে এই গর্ত থেকে উদ্ধার করো। ইসানতিম, ইসানতিম। ওগো রাজা ইসানতিম। তুমি কি শুনতে পাচ্ছো আমার কথা?
ইসানতিমের দল বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল এরই মধ্যে। তারপরও তারা শুনতে পেল। সাড়াও দিল। এসে উদ্ধার করলো গর্তে পড়ে যাওয়া দুই বউকে।
ওরা ফিরে আসার আগেই কচ্ছপ উধাও। তার যা জানবার, তা তো জানা হয়ে গেছে। তাকে আর পায় কে। আনন্দে সে নাচতে শুরু করে দিয়েছে। খুশি মনে বাড়ি ফিরে গেল। জলহস্তী রাজা হেরে গেছে। এখন অপেক্ষা পরবর্তী ভোজসভার।
৩.
কিছুদিন পরে আবার ভোজসভার আয়োজন করা হলো। অতিথিরা জড়ো হয়েছে যথারীতি। জলহস্তী রাজা হেসে হেসে বললো,
আমন্ত্রিত অতিথিরা। গত বার একটা প্রশ্ন করেছিলাম তোমাদের। কেউ উত্তর দিতে পারোনি সেবার। আমার নাম তোমরা কেউই বলতে পারোনি। আজকেও যদি বলতে না পারো, তাহলে আজও তোমাদের খানাপিনা জুটবে না। কী, কেউ কি জানো, আমার নাম কী? জানা থাকলে বলো।
কচ্ছপ ফিক করে হেসে ফেলে একথা শুনে। সে উঠে দাঁড়ায়। রাজাকে কুর্নিশ করে বলে,
মহারাজ, আপনাকে অভিবাদন জানাই। আশা করি, আপনার কথা আপনি রক্ষা করবেন। আমি আপনার নাম জানতে পেরেছি। আপনার নাম হচ্ছে ইসানতিম। কি, ঠিক বলেছি?
জলহস্তী রাজার মুখ চুপসে যায়। এতক্ষণ ছিল হাসিমুখে। এবার তাকে ভীষণ বেজার দেখায়। গলার স্বর যেন বুজে আসছে। হায়! হায়!! হেরে যেতে হলো তাকে।
জলহস্তীকে মেনে নিতে হয় এই তেতো সত্য। মাথা নেড়ে সম্মতি জানাতে হয় তাকে। কথা দেওয়া হয়ে গেছে। তা মেনে চলতে হবে। না মানলে সবাই ছি ছি করবে।
সমবেত সবাই আনন্দে মেতে ওঠে। কচ্ছপ তাদের মান রেখেছে। আজ তাদের খালিপেটে ফিরতে হবে না। সাবাশ কচ্ছপের পো। হাজারো হাজারো অভিনন্দন তোমাকে। জয় হোক তোমার। দীর্ঘজীবী হও তুমি। কচ্ছপকে নিয়ে সবাই মেতে ওঠে।
দারুণ খাওয়া দাওয়া হলো সেদিন। নাচ গান ফূর্তিও হলো রাতভর। অনেকদিন এমন জমিয়ে খাওয়া দাওয়া হয়নি। সবাই ইচ্ছেমতো খেল। কয়েকবার করে খেল।
জলহস্তী তার সাত বউকে নিয়ে আস্তানা গাড়লো পানির রাজ্যে। সেই থেকে পানিতেই তার বসবাস। সেই যে শুরু, আজও অব্দি চলে আসছে সেই নিয়ম।

সুন্দরবনে চার গোয়েন্দা

জামতলা বীচ। সুন্দরবন। সবুজ সুন্দর একটি বনভূমি। পাখি আর প্রাণীর অভয়ারণ্য। চারদিকে যতটুকু চোখ যায় সবুজ ঘন সবুজ। গাছগুলো জড়াজড়ি করে আছে একটার সঙ্গে আরেকটা। পাশেই ছোট্ট নদী আর খাল। দূরে বড় নদী। টলটল পানিতে নিচের অনেকখানি দেখা যায়। এদিকটায় পানি কিছুটা স্বচ্ছ। এই পানিতে আছে ভেটকি, পারশে ও মৌরলা মাছের ঝাঁক। বাতাসে পানি তির তির করে কাঁপে। এখানে পানির উপরে ঘুরে বেড়ানো পোকার দল দেখতে পাওয়া যায়।
সুন্দরবনের এই অংশে, জামতলা এলাকাটায় বাঘের বেশ আনাগোনা। ফলে ঘুরতে আসা ট্রাভেলারদের সতর্কভাবে পা ফেলতে হয়। সুন্দরবনের দক্ষিণ পূর্বকোণে মংলা বন্দর থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে কটকায় রয়েছে এই সমুদ্র সৈকত। সৈকত এলাকায় ছোট বড় প্রচুর জামগাছের জন্যই এর নামকরণ। সবাই বলে এ সৈকত যেন এক বুনো সুন্দরী।
স্কুল ফাইনাল শেষে চার বন্ধু বের হয়ে পড়েছে ঘুরতে। আজিম, স্বরাজ, শিপন ও রৌদ্র। ঢাকা থেকে মংলা। সেখান থেকে লঞ্চে করে ভ্রমণ শুরু। তাদের পড়েছে পাশাপাশি দুটি রুম। এম এল নূরবাহার লঞ্চটির নাম।
সুন্দরবন ভ্রমণে লঞ্চ কেন? প্রথমে খটকা লাগল স্বরাজের মনে। স্বরাজ ঢাকার নিকেতন হাইস্কুলের ক্লাস নাইনের ছাত্র। আজিমও এই স্কুলের। তারা চার জন দুই স্কুলের। স্কুল আলাদা হলেও তাদের বাসা এক স্থানেই। ঢাকা শহরের এটাই নিয়ম। স্কুলের কাছে বাসা হয় অতি কম ছাত্রছাত্রীরই। আর বলতে হবে তারা খুবই ভাগ্যবান। অধিকাংশেরই দূরের স্কুলে আসা যাওয়া করতে হয়। আজিম আর স্বরাজ পড়ে নিকেতন হাইস্কুলে। ওরা থাকে মধ্য বাড্ডায়। সেখান থেকে স্কুল অনেকটা পথ। দু‘জন নাইন থেকে উঠবে নিউ টেনে। পুরনো টেনের বন্ধুরা মার্চে এসএসসি শেষে বেরিয়ে যাবে।
শিপন ও রৌদ্রও নিউ টেনের ছাত্র। ওদের বাসাও বাড্ডায়। তবে এক জনের স্কুল দক্ষিণ বারিধারায় আর আরেক জন মধুবাগ স্কুলের ছাত্র। তারা সবাই এক সাথে ক্রিকেট খেলে। কোনো অনুষ্ঠান দেখতে গেলে এক সঙ্গে যায়। আবার খেলা দেখলে জাতীয় স্টেডিয়ামে বা মিরপুর স্টেডিয়ামে যায়। মাঝে মাঝে যায় অ্যাডভেঞ্চারে। তাদের যুক্তি অ্যাডভেঞ্চারে না বেরুলে কি চলে? বাবা মাকে না জানিয়ে দলবেঁধে কোথাও যাওয়াই ওদের কাছে অ্যাডভেঞ্চার। তবে তাদের সুন্দরবন ভ্রমণ অ্যাডভেঞ্চারের চেয়ে বেশি কিছু।
কটকা হয়ে হিরণ পয়েন্ট থেকে ভোরে রওয়ানা দিয়ে ট্রলার এসে থামলো জামতলা বীচের ঘাটে। আজিম, স্বরাজ , শিপন আর রৌদ্র ধুপ করে নেমে এল বীচের পাড়ে। পাশেই গোল গাছ। নারকেল গাছের মতো এই গাছগুলোই গোল গাছ। বলছিলেন তাদের ট্যুর গাইড। আরও কত কী জানা হলো দুদিনে।

২.
ভ্রমণটা হলো আকস্মিক। শিপনের এক মামা দাওয়াত করেছেন ভাগ্নে শিপনকে। তিনি জানেন তার ভাগ্নে একজন ক্ষুদে গোয়েন্দা। মামা শফিউল বাশার খাজা কোস্টগার্ডের একজন অফিসার। কথায় কথায় এক দিন বলছিলেন,
: বিভিন্ন কারণে সুন্দরবনে হরিণ লোপাট হয়ে যাচ্ছে। যাবি নাকি রহস্য উদ্ধারে?
শিপনের মা বলেন-
: তোরা বাঘা বাঘা অফিসার কী করিস রে?
: আরে আপু, বলিস না। আমরা তৎপর বলেই তো হরিণ এখনো আছে।
: মামা আমি রাজি। এমন লোভনীয় প্রস্তাব কে ফেরায় বল? তবে আমি একা যাব না।
: আয় না তোর বন্ধুদের নিয়ে। সমস্যা নেই।
ব্যস, হয়ে গেল।
এর পর ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়েছে চার কিশোর।
সুন্দরবন বলতে অনেকেই জানে দুই পাশে ঘন জঙ্গলের ভিতর দিয়ে এঁকেবেঁকে বয়ে যাওয়া সরু খালের কথা। কখন বাঘ আসে এই উৎকণ্ঠা নিয়ে অজানা অচেনা পাখপাখালির কিচিরমিচির শুনতে শুনতে এগিয়ে চলা, গভীর বনের ভিতর হঠাৎ দেখা যায় বানর, হরিণ পাল এবং নানা রকম বন্য প্রাণীর পানি পান করতে আসার দৃশ্য। ট্রলার বা লঞ্চে যেতে যেতে কখনো আবার শুশুক এর খেলা করার দৃশ্য চোখে পড়ে। এভাবে সুন্দরবন ভ্রমণের বড় একটা অংশ কেটে যায় নদী আর খালেই। এটা এই চারজনের নতুন অভিজ্ঞতা।
এভাবে লঞ্চে করে সুন্দরবন দেখতে হবে এমন ধারণা তাদের ছিল না। আজিম ভাবে মানুষ আসলে কত কিছু জানে না! এই দলের মধ্যে আজিম সবচেয়ে বুদ্ধিমান। তার মাথা থেকে আসে অনেক সুন্দর সুন্দর ডিসিশন। বাকি সবাই তা মেনেও নেয়।
এই সুন্দরবনে যে সমুদ্রসৈকতও আছে তা কিন্তু অনেকেই জানে না। আজিমেরও জানা ছিল না। জামতলা বীচে নেমে সেটা টের পাওয়া গেল।
প্রায় তিন কিলোমিটার ঘন সুন্দরী, গেওয়া, গরান, এবং কেওড়ার বন পেরিয়ে সৈকতে যেতে হয়। জামতলা সমুদ্র সৈকতের পথে শুধু ম্যানগ্রোভ বন নয়, বেশ খানিকটা ফার্নের ঝোপও পেরুতে হয়। পথে একটি পর্যবেক্ষণ টাওয়ারও আছে। সৈকতটির আবার দুইটি ভাগ আছে। একটাতে ঝোপঝাড় বেশি, অন্যটা একটু বেশি খোলামেলা। মাটির স্তুপ করা পলি। ধুয়ে যাওয়া মরা গাছের শেকড়, সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য।
এক বাগান কর্মীর সাথে ভাব জমায় স্বরাজ। বাগান কর্মী তো আছেই সেই সাথে বনকর্মী। বনকর্মীরা হলেন বনভূমি রক্ষা ও পরিচালনাকারী কর্মকর্তা। তারা বনভূমি ও গাছপালা সংরক্ষণ প্রকল্পেও নিযুক্ত হন যাতে বনের মূল্য বৃদ্ধি পায়। বন রেঞ্জ অফিসাররা হলেন তারা, যারা বন সম্পদ এবং বনে বসবাসকারী মানুষের জীবন রক্ষার সাথে সম্পর্কিত। যেমন শিপনের মামা একজন রেঞ্জ অফিসার। তাদের পেশার অংশ হিসেবে এই কর্মকর্তাদের বনভূমি নিরাপদ এবং সুরক্ষিত আছে কি না তা নিশ্চিত করার জন্য প্রতিদিন বনাঞ্চলে টহল দিতে হয়।
: আপনার কী নাম? বাগান কর্মীকে জিগ্যেস করে স্বরাজ।
: আবদুল জলিল। সবাই ডাকে জলিল।
: ও আচ্ছা। আমি স্বরাজ। ঢাকা থেকে এসেছি। আপনাদের এলাকা দেখতে।
: দেখেন। তবে সাবধান। এটা কিন্তু বাঘের এলাকা।
: বলেন কি?
: জে। খালের পাড়ে বাঘের পাড়া লেখা দেখেন নাই?
: না।
: এখানে সকালে বাঘ ঘুইরা বেড়ায়। এই যে কেয়া গাছ, এর নিচে বইসা থাকে।
: বলেন কি? এখন আসবে নাকি?
: না না, অহন এহানে আইব না। রাইতে ঘুইরা বেড়ায়। ঐ যে টাওয়ার দেহেন ঐহানে।
: টাওয়ারে গেলে বাঘ দেখা যায়?
: যায়, রাইতে থাকন লাগব।
সব শুনে অবাক হয় স্বরাজ আর বাকি সবাই।

৩.
১৯৭৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো। পৃথিবীজুড়ে যে পঞ্চাশ প্রজাতির উদ্ভিদ আছে, তার পঁয়ত্রিশ প্রজাতিই পাওয়া যায় সুন্দরবনে। বাংলায় সুন্দরবন-এর আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে, যা সেখানে প্রচুর জন্মায়। তবে সাধারণভাবে ধরে নেয়া হয় যে সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে।
আজিম ভ্রমণে আসার আগে সুন্দরবন নিয়ে কিছু পড়াশুনা করে এসব জানতে পেরেছে। সে জেনেছে, মুঘল আমলে (১৫২৬-১৮৫৭) স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন। ষোড়শ শতাব্দীর মধ্যভাগে এই অঞ্চলের নদীপথে পর্তুগিজ জলদস্যুদের একচ্ছত্র আধিপত্য ছিল। এই সময় পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারে সুন্দরবনের অনেক সমৃদ্ধশালী জনপদ জনশূন্য হয়ে যায়। সতের শতাব্দীর শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্য যশোর, খুলনা, বরিশালসহ গোটা চব্বিশ পরগনা জেলার অধিপতি ছিলেন। যশোররাজ প্রতাপাদিত্য পর্তুগিজ জলদস্যুদের সঙ্গে বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তিনি সাগর দ্বীপ, সরসুনা, জগকূল প্রভৃতি অঞ্চলে দুর্গ বানিয়ে এদের আটকাবার চেষ্টা করেন।
সেনরাজা লক্ষ্মণসেন-এর সুন্দরবনলিপি থেকে জানা যায়, দ্বাদশ শতকের শেষে (১১৯৬ খ্রিষ্টাব্দ) অযোধ্যা থেকে আগত পালবংশের ‘মহারাজাধিরাজ’ উপাধিধারী শ্রীমদ্ ডোম্মনপাল নামে এক সামন্ত রাজা উত্তর-পশ্চিম সুন্দরবনের ‘পূর্বখাড়ি’তে (বর্তমান খাড়ি গ্রাম) স্বাধীন রাজ্য স্থাপন করেন।
১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে স্বত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবন এলাকার মানচিত্র তৈরি করা হয়। বনাঞ্চলটি সাংগঠনিক ব্যবস্থাপনার আওতায় আসে ১৮৬০ খ্রিষ্টাব্দের দিকে ভারতের তৎকালীন বাংলা প্রদেশে বন বিভাগ স্থাপনের পর থেকে। অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানের প্রায় দ্বিগুণ ছিল। বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে এর আয়তন সংকুচিত করেছে।
পৃথিবীর সর্বাধিক একক লবণাক্ত জলাভূমি, দেশের একক বনভূমি সুন্দরবন। অর্থনীতিতে এ বনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য এখন সঙ্কটাপন্ন। জলবায়ু পরিবর্তন, দূষণ, অনিয়ন্ত্রিতভাবে গাছকাটা, সচেতনতার অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতায় হারিয়ে যাচ্ছে বনের মূল্যবান প্রাণিসম্পদ। একসময় এ বনে বাস করত চারশো প্রজাতির পাখি। কমতে কমতে এখন দাঁড়িয়েছে ২৭০ প্রজাতিতে। বিলুপ্ত হয়েছে একশো তিরিশ প্রজাতির পাখি। সারা বিশ্বে বিপন্ন একত্রিশ প্রজাতির প্রাণী এখনো সুন্দরবনে টিকে আছে।
তার মানে চোরা শিকারীরা সুন্দরবনকে ফোকলা করে ফেলছে।
সুন্দরবন ঘুর্ণিঝড় থেকে দেশকে বাঁচায়। সে বুক দিয়ে আগলে রাখে পুরো দেশকে। রয়েল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনের প্রধান আকর্ষণ। আজিম ভাবে, আহা! যদি বাঘ মামার দেখা পেত, কতই না ভালো হতো।

স্বরাজ লঞ্চে শুয়ে শুয়ে সে দিন বলছিল-
: আমার মন বলছে বাঘ মামার দেখা পাবো রে আজিম।
: তাই নাকি রে? তো জামতলায় থেকে গেলেই তো হতো। টাওয়ার থেকে দেখতে পেতি?
দু’জনের কথায় হেসে দেয় শিপন ও রৌদ্র। শিপন বলে-
: তোরা থামবি?
শুয়ে শুয়ে কয়েকটি প্রতিবেদনের দিকে নজর বুলায় আজিম। একটিতে লেখা-
“সুন্দরবন বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশ তথা উপমহাদেশের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। এই বন এর জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগার এবং চিত্রা হরিণের জন্য। সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে হরিণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দুঃখজনকভাবে অবৈধ শিকার, বন-দস্যুতা এবং সচেতনতার অভাবে বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে নিরীহ প্রাণীটির। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ছ’শো একচল্লিশ কেজি হরিণের মাংস, একটি জবাই করা হরিণ, একটি মৃত হরিণ, হরিণের দুটি চামড়া, দুটি মাথা, আটটি পা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।”
অবাক হয় আজিম। তাহলে কাহিনি এই?
আরও একটি পেপার ক্লিপিং বের করে আজিম। তাতে লেখা-
“হরিণ শিকারের মাধ্যমে আমরা শুধু হরিণকেই হত্যা করছি না, বরং সুন্দরবনের সমগ্র বাস্তুতন্ত্রকে এক ভয়াবহ হুমকির মুখে ঠেলে দিচ্ছি। পর্যটন খাতেও হরিণ একটি গুরুত্বপূর্ণ। চিত্রা হরিণ দেখতে বহু দেশি-বিদেশি পর্যটক সুন্দরবনে আসে। হরিণ না থাকলে এই পর্যটনের আকর্ষণ অনেক কমে যাবে এবং এর ফলে আর্থিক ক্ষতি হবে। তাই হরিণ সংরক্ষণ শুধু পরিবেশের জন্য নয়, আমাদের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। অবৈধ শিকারিদের দৌরাত্ম্য সুন্দরবনের এক মারাত্মক সমস্যা। বন বিভাগের পর্যাপ্ত জনবল ও প্রযুক্তিগত সক্ষমতার অভাবে শিকারিরা সহজেই বনে ঢুকে পড়ে এবং ফাঁদ পেতে হরিণ ধরে নেয়। এদের অনেকেই সংঘবদ্ধ চক্রের সদস্য, যারা চামড়া, মাংস এবং হরিণের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কালোবাজারে বিক্রি করে থাকে।”
এ পর্যন্ত পড়ে থামে আজিম। তার আর বুঝতে বাকি নেই ঘটনা আসলে কী।
তার মানে সুন্দরবনে থামছে না হরিণ শিকার। চিরল চিরল পাতার সুন্দরবন, চিত্রা হরিণের সুন্দরবন আসলে সংঘবদ্ধ চোরা শিকারি চক্রের কাছে অসহায় হয়ে পড়েছে। (চলবে)