সবজান্তার উত্তর (আগস্ট ২০২৪)

0
0

প্রশ্ন : ১
আসসালামু আলাইকুম প্রিয় সবজান্তা ভাইয়া।
আমি জানি, এখন আমার প্রশ্ন দেখলে
আপনার মাথা ঘুরে যেতে পারে।
যদি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন,
তাহলে আমার বাসায় আপনার দাওয়াত রইলো।
তাহলে শুরু করি
১. আকাশ থেকে টাকা না পড়ে কেন বৃষ্টির পানি পড়ে?
২. মিষ্টি কেন ঝাল হয় না? আবার ঝাল কেন মিষ্টি হয় না?
৩. আপনি কি কখনো ভূতের তাড়া খেয়েছেন?
৪. মানুষ কেন ভাত বেশি খায়? অন্যান্য জিনিস কেন কম খায়?
৫. গাছের পাতা কী জন্য সবুজ হয়?
৬. পৃথিবীর সকল ভাষা এক না হয়ে কেন ভিন্ন ভিন্ন হলো?
জানি আপনি এগুলো পারবেন না।
যদি পারেন, উত্তর দিয়েই দেখান…
-মুহাম্মদ তানভীর আহমেদ
নবম শ্রেণি, উত্তরা, ঢাকা।

সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। তানভীর, তোমার
চিঠি পেয়ে মনটা আনন্দে আটখানা,
ষোলখানা হয়ে গেছে। আবার চিঠি লিখবে,
কেমন!
১. আকাশে বৃষ্টির প্রিন্টার সেট করা।
টাকা ছাপানোর প্রিন্টার নেই, তাই বৃষ্টি
পড়ে; টাকা পড়ে না।
২. নাম বদলে দিলেই হয়। বোম্বাই মরিচ
খেয়ে চিৎকার করে বলবে- মিষ্টিইইই,
আবার রসগোল্লা খেয়ে বলবে- উমম্ কী
মজার ঝাল!
৩. ভূত তো নিজেই তাড়ার উপরে থাকে!
সে আবার তাড়াতে আসবে কেন?
৪. ভাত চাবাতে সহজ সেজন্য ভাত বেশি
খায়।
৫. পশু-পাখি, মানুষ সবার জন্যই গাছ ‘গ্রিন
সিগন্যাল’ দেয়, তাই পাতার রঙও সবুজ।
৬. ভাষা শিক্ষার কোচিং সেন্টারগুলো
চালানোর জন্য।

 

প্রশ্ন : ২
কোথায় গেলে সবজান্তা
বেঁচে আছো নাকি?
প্রশ্ন আমি করছি তোমায়
দিও না কোনো ফাঁকি।
নামের কথা বললে তোমায়
দাও না কেন সায়?
ট্রেন ভ্রমণ করলে এমন
কী মজা পাওয়া যায়?
বলো তো তুমি স্কুলেতে
রোলটা আমার কত?
উত্তর দিতে না পারলে ভাববো
তুমিও সবার মতো।
সবার থেকেই তুমি কেন
দাওয়াত নাও ভাই,
এবার আমিই তোমার থেকে
দাওয়াত নিতে চাই।
-নাম: আসিফ খান
নবম শ্রেণি, চাঁদপুর।

 

সবজান্তার উত্তর : ২
এই তো হাজির সবজান্তা
তোমার জবাব দিতে
জবাব পেলে কী খাওয়াবে
চাও নাকি সব ফ্রিতে?
সবজান্তা নামটি আমার
পাঠক সবাই জানে
তুমি কি ভাই ঘুমিয়ে থাকো
ট্রেন-বাসে সবখানে?
রোল কলেও তোমায় নাকি
পায় না টিচারেরা
সাত সতেরোর দ্বন্দ্বে থাকো
মন থাকে ঘরছাড়া।
দাওয়াত দিবে দাওয়াত নিবে
এটাই তো সম্প্রীতি
দাওয়াত দিতে হচ্ছে কেন
অন্তরে ভয়-ভীতি!
আম কাঁঠালের যাচ্ছে সিজন
আসবে কখন বলো
কোরমা পোলাও পাবে সাথে
মৌসুমী সব ফলও।

প্রকাশকাল: আগস্ট ২০২৪