সবজান্তার উত্তর (সেপ্টেম্বর ২০২৪)

0
1

প্রশ্ন : ১
আসসালামু আলাইকুম সবজান্তা ভাইয়া। কেমন আছো?
আমার প্রশ্নের উত্তর পাঠাও যাতে চিন্তামুক্ত থাকতে পারি।
১. স্পঞ্জ এ ছিদ্র থাকা সত্ত্বেও পানি ধরে রাখতে পারে কীভাবে?
২. কোথায় বৃহস্পতিবার আসার আগেই শুক্রবার আসে?
৩. কুকুরই শুধু জিহ্বা বের করে রাখে কেন, বিড়াল কেন নয়?
৪. কোন প্রশ্নের উত্তর কখনো হ্যাঁ বলা যায় না?
৫. ফুলকুঁড়ির প্রধান পরিচালকের সাথে আপনার সম্পর্ক কী?
-অগ্রপথিক হাবিবুল আফফান,
একাদশ শ্রেণি, দারুল উলুম আলিয়া মাদরাসা, চট্টগ্রাম।

সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। সেকি হাবিবুল?
এই ক’টা প্রশ্ন নিয়েই তুমি ঘুমোতে পারছো
না টেনশনে? কত প্রশ্ন আছে তোমার
পাঠিয়ে দিয়ো। তারপর নাকে তেল দিয়ে
ঘুমিয়ো।
১. বলি, ছিদ্র আছে বলেই তো পানি ধরে।
ছিদ্র না থাকলে, লোহার বলের মতো হলে
কীভাবে পানি ধরতো?
২. ডিকশনারিতে
৩. কুকুর হাঁপায় বেশি, সেজন্য।
৪. আপনি কি ঘুমিয়ে আছেন?
৫. প্রধান পরিচালকের সাথে তোমাদের
যেমন সম্পর্ক, আমারও তেমন সম্পর্ক- মিষ্টি
মধুর ভাইয়া সম্পর্ক।

প্রশ্ন : ২
প্রশ্ন আমার সহজ তবে,
একটু হবে গভীর।
দেখি, জ্ঞানে কুলোয় নাকি
সবজান্তা কবির।
লেখাপড়া শুরু করি
সব সময় শেষে,
বেঁধে দেয়া সময়সীমার
শেষপ্রান্তে এসে।
শুরু করেও পাই না কেন
লেগে থাকার শক্তি,
লেখাপড়া তাই হয়ে যায়
শুধুই কেবল বিরক্তি।
এই ঝামেলার সমাধানে
কী করতে হবে?
পড়ালেখায় মন বসাতে
পারবো বা আর কবে?
-রাগিব আহমেদ তুহিন
দশম শ্রেণি, ভোলা সরকারি উচ্চ
বিদ্যালয়, ভোলা।

সবজান্তার উত্তর : ২
প্রশ্ন যেটা করলে তুহিন,
সেটা তোমার একার না
‘কালকে করি, কালকে করি’
এর থেকে কেউ মুক্ত না।
‘ডেডলাইনটা আসুক আগে
করবো তখন- শিওর’
এই ভেবে যে নিদ্রা বিভোর
বিজয় হবে কি ওর?
কিংবা শুরু করেও যে জন
হাল ছাড়ে মাঝখানে,
বাহানা দেয়- ‘মোটিভেশন
ছিলো না তার প্রাণে’।
এবার আমায় বলতে পারো
‘ঘুম থেকে ক্যান ওঠো?’
কিংবা ‘খাবার খেতে কেনো
হুড়মুড়িয়ে ছোটো’?
খাবার যেমন পুষ্টি জোগায়
দেহে বাড়ায় বল
পরীক্ষাতে রেজাল্ট হলো
ডিসিপ্লিনের ফল।
আজ খাবো না, কালকে খাবো
এমনটা কি বলো?
‘আজকের কাজ আজই হবে’
এই শপথেই চলো।
নিয়মিত কাজ করাটা
হয় যদি অভ্যাস,
ডেডলাইনের আগে কভু
আর হবে না Rush.

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।