প্রশ্ন : ১
আসসালামু আলাইকুম সবজান্তা ভাইয়া।
আশা করি ভালো আছেন। আমি জানি, এখন আমার প্রশ্ন
দেখলে আপনার মাথা ঘুরে যেতে পারে। মাথাটা দুই হাত
দিয়ে ভালমতো ধরে তারপর প্রশ্ন পড়া শুরু করুন।
বলুন তো ভাইয়া –
১. গরু ঘাস খায় কিন্তু মানুষ ঘাস খায় না কেনো?
২. মানুষ পরীক্ষায় ফেল কেন করে?
৩. বাঘের গলা লম্বা না হয়ে জিরাফের গলা
এতো লম্বা হলো কেন?
৪. কচ্ছপ এত ধীরে হাঁটে কেন ?
কী হতো, হরিণ যদি কচ্ছপ হতো?
জানি আপনি এইগুলো পারবেন না।
যদি পারেন উত্তর দিয়েই দেখান…
-শেখ সাব্বির আহমেদ
পঞ্চম শ্রেণি,
অরবিট কেজি অ্যান্ড হাই স্কুল, হবিগঞ্জ।
সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। প্রথমেই তো ভুল
বললে! আজ অবধি কারো মাথা ঘুরতে দেখেছো?
বরং যারা এ কথা বলে, তাদের কাছে মনে হয়
পৃথিবীটা ঘুরছে, অথচ দোষ দেয় মাথার।
১. খেয়ে হজম করতে পারে না বলে মানুষ ঘাস
খায় না।
২. পরীক্ষা দেয় বলেই মানুষ ফেল করে।
পশু-প্রাণীর পরীক্ষাও নেই; পাশ-ফেলের চিন্তাও
নেই।
৩. বাঘের খাবার তো সব নিচে। জিরাফের খাবার
উঁচুতে থাকে বলেই তো তাকে গলা লম্বা করতে
হয়েছে।
৪. পিঠে এত বড় বোঝা নিয়ে কচ্ছপ যে হাঁটে
সেটাই তো অনেক। আর হরিণ কচ্ছপ হলে তো
আর দৌড়াতো না, বিপদ দেখলে খোলসে ঢুকে
বসে থাকতো।
প্রশ্ন : ২
সবজান্তা ভাইয়া তুমি
কেমন আছ বলো?
ব্রেন খাটিয়ে আমি-তুমি
পাজল মিলাই চলো।
অদ্ভুতুড়ে নামটা তোমার
কোথায় তুমি পেলে?
বাবার দেয়া নামটা তোমার
দিয়েছো কি ফেলে?
শুনতে পেলাম আছে নাকি
মস্ত তোমার ভুঁড়ি,
বিশ্বজুড়ে তোমার ভুঁড়ির
আছে কোনো জুড়ি?
ব্রেনটা নাকি মাথা থেকে
খুলে পড়ে গেছে?
তাই তো শুধু আবোল-তাবোল
বলছো বেছে বেছে!
বলি ভায়া, সময় আছে
হয়ে যেয়ো ভালো,
নয়তো বা আর টেনশনে ফের
থাকবে না চুল কালো।
-আমিন মাহবুব
একাদশ শ্রেণি,
ঢাকা সিটি কলেজ, ঢাকা।
সবজান্তার উত্তর : ২
পাজল, পাজল? দারুণ খেলা,
পাজল মিলাই চলো
তোমার দেখি চোখের মণি
ভীষণ কাজল কালো।
অদ্ভুতুড়ে নামটি আমার?
বলছো তুমি কী যে!
ফুলকুঁড়িরা নাম দিয়েছে
বানাইনি তো নিজে।
ভুঁড়ি কোথায়? ভুঁড়ি তো নয়,
বুদ্ধি রাখার গুদাম
বিশ্বজুড়ে আছে আমার
ভুঁড়ির ভীষণ সুনাম।
এমন ভুঁড়ি আর পাবে না
হিংসে যতই করো,
একাদশে অনেক পড়া,
মন লাগিয়ে পড়ো।
ঠিক বলেছো, ব্রেনের উপর
যে অত্যাচার চলে!
মাথায় যদি থাকতো দুয়ার,
পালিয়ে যেতো খুলে!
তোমরা করো যে জ্বালাতন
চুল আছে, সেই ঢের!
এবার বলো কী খাওয়াবে?
মনুর রকমফের।
সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।
প্রকাশকাল: নভেম্বর ২০২৪


