প্রশ্ন : ১
জ্ঞানের রাজা সবজান্তা
সালামখানি নিও
মজার খাবার খেতে চাইলে
উত্তরগুলো দিও।
গল্পের বই ভালো লাগে
ক্লাসের বই নয়
বলতে পারো আমার সাথে
এমন কেনো হয়?
ভাত না খেলে মায়ের বকার
কারণটা কী জানো?
এত সুন্দর ফুলগুলোকে
ছিঁড়তে মানা কেনো?
সবার শেষে এই প্রশ্নের
উত্তর আমি চাই
এত কিছুর খবর তুমি
কেমনে রাখো ভাই?
পারলে তুমি প্রশ্নগুলোর
সঠিক জবাব দাও,
মেইলে দেয়া ঠিকানাতে
দাওয়াত খেয়ে যাও।
-জুলেখা তাবাসসুম হুমায়রা
অষ্টম শ্রেণি, আপডেটেড নলেজ একাডেমি কলেজিয়েট
স্কুল, ঢাকা।
সবজান্তার উত্তর : ১
পরীক্ষাতে আসতো যদি
কী পড়েছো গল্পেতে?
আর কি ভালো লাগতো তখন
গল্প রূপ-কল্পেতে?
মা তো জানে-ভাত না খেলে
অসুখ হবে তোমার
ভাত না খেয়ে তুমিই বরং
কাজ করেছো বকার!
ফুলকে ছিঁড়ে পায়ের নিচে
পিষ্ট করে লোকে
ফুল ছিঁড়তে মানা করেই
সাইনবোর্ডটা ঠোকে।
খবর রাখাই কম্ম আমার
তাইতো খবর রাখি
এখন বলো কী খাওয়াবে
দিচ্ছো নাতো ফাঁকি?
প্রশ্ন : ২
প্রিয় সবজান্তা ভাইয়া,
আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন।
আপনি তো সবার প্রশ্নের উত্তর দিতে পারেন। পারলে
আমার প্রশ্নের উত্তরগুলো দেন তো।
১. আকাশে মোট কয়টি তারা আছে?
২. সমুদ্রের পানিতে মোট কয়টি ফোঁটা পানি আছে?
৩. আজ তুমি কয়বার চোখের পলক ফেলেছো?
৪. গত এক বছরে তুমি কয়টি ভাতের দানা খেয়েছো?
৫. তুমি আর হাবা মোহন কি বন্ধু?
উত্তর দিতে পারলে আমাদের ঠাকুরগাঁও এ তোমার
দাওয়াত থাকলো।
-মো. ইবনে মুনতাশির
দশম শ্রেণী, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
সবজান্তার উত্তর : ২
ওয়া আলাইকুমুস সালাম। আমি
বেশ ভালো আছি। প্রশ্ন পাঠানোর
জন্য তোমাকে ধন্যবাদ।
১. গানেই তো বলা আছে- আকাশেতে লক্ষ তারা….
২. একটি বৃহৎ ফোঁটা।
৩. আজকে পলক ফেলতে পারিনি। তোমাদের চিঠিগুলোর সুন্দর লেখা দেখে অপলক তাকিয়ে আছি।
৪. আমি ভাত খাই, দানা খাই না!
৫. খুব ভালো বন্ধু।
সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।
প্রকাশকাল: আগস্ট ২০২৬

