সবজান্তার উত্তর (নভেম্বর ২০২৪)

0
0

প্রশ্ন : ১
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবজান্তা মিয়া?
আমি ঠিক করেছি, আমার প্রশ্নের উত্তর দিতে পারলে
আপনাকে আমার বাড়িতে পোলাও মাংস খাওয়াবো।
১. আপনার ভালো নাম কী? আপনার বাসা কোথায়?
২. কোন প্রজাতির প্রাণী পৃথিবীতে সবচেয়ে বেশি?
৩. একটি বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি?
(সবজান্তার তো সিভিল ইঞ্জিনিয়ারিংও পারা দরকার, তাই না?)
৪. আপনি কত বছর থেকে সবজান্তা?
তো, এই ছিলো আমার প্রশ্ন।
একটু ভেবেচিন্তে উত্তর দিয়েন। আর হ্যাঁ,
দাওয়াতের আমন্ত্রণপত্র পাঠানোর জন্য আপনার
বাসার ঠিকানাটাও দিয়েন।
-তাওসীফ মাহমুদ
ষষ্ঠ শ্রেণি, চাঁপাইনবাবগঞ্জ।

সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। আমি ভালো আছি।
দাওয়াত পাবো শুনে তো মন উড়ুউড়ু করছে।
জলদি দাওয়াত দিয়ো।
১. সবজান্তা আবার খারাপ নাম নাকি হে?
ফুলকুঁড়িরা কত আদর করে আমাকে সবজান্তা
ডাকে! আর আমার বাসা ফুলকুঁড়িতেই।
২. নিরীহ প্রজাতির
৩. পানির ট্যাংক আর টয়লেট সিস্টেম।
৪. মাসিক ফুলকুঁড়ির জন্ম থেকে।
উত্তর তো পেলে। এবার দেরি না করে মাসিক
ফুলকুঁড়ির ঠিকানায় দাওয়াত কার্ড পাঠিয়ে দাও।
আর খাবারের বুফে মেনুতে কী কী থাকবে তা
জানাতে ভুলবে না কিন্তু।

প্রশ্ন : ২
প্রশ্নগুলো সহজ আমার
দেখো একবার পড়ে,
পড়ার পরে ঘরে যেয়ো
নিয়ে পকেট ভরে।
তুমি কি ভাই বলতে পারো
পৃথিবী কেন গোল?
বিড়াল দেখেই ইঁদুর কেন
পাল্টে ফেলে ভোল?
তুমি কি ভাই বলতে পারো
পৃথিবী কেন ঘোরে?
ঈগল পাখি এতো উঁচু-য়
কেমন করে ওড়ে?
শুধু কেবল পৃথিবীতেই
মানুষ আছে কেন?
অন্য গ্রহ কেন ফাঁকা
মরুভূমি যেন।
প্রশ্নগুলো সহজ হলেও
নয়তো তেমন মন্দ
পারলে ভাইয়া তুমিও দিও
সেরা-সেরা ছন্দ।
-ফাইজুল মাহমুদ
পঞ্চম শ্রেণি, কুমিল্লা ট্রাস্ট স্কুল এন্ড কলেজ

সবজান্তার উত্তর : ২
ঘুরতে সহজ, তাই পৃথিবী
চ্যাপ্টা গোলাকার
ইঁদুর-বিড়াল চোর-পুলিশের
যুদ্ধ অনিবার।
কক্ষপথে গ্রহের সাথে
ঘুরছে বসুন্ধরা
এক নিমেষের থামলে গতি
ছিটকে যাবে তারা।
শক্তিশালী ডানার ঝাঁটায়
উচ্চে উঠে ঈগল
হাজার হাজার পালক ডানায়
বুঝতে পারো -কী বল!
পৃথিবীতেই আছে সকল
প্রাণের আয়োজন
অন্যগ্রহে বাঁচতে অনেক
প্রস্তুতি প্রয়োজন।

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

প্রকাশকাল: নভেম্বর ২০২৪