Home Blog Page 34

খুকির স্বপ্ন

ছোট্ট খুকি ঘুমের ঘোরে
গেল পরির দেশে,
করছে খেলা পরির সাথে
হাওয়ায় হাওয়ায় ভেসে।

নানা রকম ফুল ও ফলে
ভরা পরির দেশ,
ইচ্ছে হলেই সব পাওয়া যায়
নাই তো দুখের লেশ।

খাচ্ছে খুকি যা খুশি তাই
মণ্ডা মিঠাই কতো,
এদিক সেদিক ছুটছে একা
নিজের ইচ্ছে মতো।

কেউ করে না বকাঝকা,
খেললে সারাদিন,
খুশি মনে বাজায় খুকি
পরির দেয়া বীণ।

হঠাৎ বড় শব্দ হলো
ভাঙলো খুকির ঘুম,
মেঘ করেছে আকাশে খুব
ডাকছে গুড়ুম-ড়ুম।

কোথায় গেল পরিরা সব
কোথায় গেল বীণ?
মনের দুঃখে ছোট্ট খুকি
কাঁদছে সারা দিন।খুকির স্বপ্ন
শামসুন্নাহার সুমনা

ছোট্ট খুকি ঘুমের ঘোরে
গেল পরির দেশে,
করছে খেলা পরির সাথে
হাওয়ায় হাওয়ায় ভেসে।

নানা রকম ফুল ও ফলে
ভরা পরির দেশ,
ইচ্ছে হলেই সব পাওয়া যায়
নাই তো দুখের লেশ।

খাচ্ছে খুকি যা খুশি তাই
মণ্ডা মিঠাই কতো,
এদিক সেদিক ছুটছে একা
নিজের ইচ্ছে মতো।

কেউ করে না বকাঝকা,
খেললে সারাদিন,
খুশি মনে বাজায় খুকি
পরির দেয়া বীণ।

হঠাৎ বড় শব্দ হলো
ভাঙলো খুকির ঘুম,
মেঘ করেছে আকাশে খুব
ডাকছে গুড়ুম-ড়ুম।

কোথায় গেল পরিরা সব
কোথায় গেল বীণ?
মনের দুঃখে ছোট্ট খুকি
কাঁদছে সারা দিন।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

মেঘের সাথে কথা বলি

মেঘের সাথে কথা বলি
খুব একাকী রাতে,
স্বপ্ন দিয়ে সাজাই তারে
আমার মনের সাথে।

মনের সাথে সখ্যতা খুব
মেঘের সাথে মিল,
ঝকমারি নেই মনের মেঘের
ফরসা মেঘের দিল।

খুব অজানা আকাশটা আজ
তুলো মেঘের মন,
খুঁজছি সেথায় হন্যে হয়ে
তাইতো সারাক্ষণ।

কী যেনো কী মুখ লুকিয়ে
ডাকছে আমায় চুপ,
মেঘের বুকে স্বপ্ন আমার
দেখায় নানান রূপ।

বরফ শীতের হিমেল হাওয়ায়
যাচ্ছে ভেসে ভেসে,
মা বাবা রয় মেঘের বুকে
সুখ তারাদের দেশে।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

প্রিয় কবি শামসুল ইসলাম

ছোট-বড় সবার প্রিয় কবি ভাইসাব চলে গিয়েছেন। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এ ভাইসাব আবার কে?
হ্যাঁ তিনি হলেন প্রিয় কবি শামসুল ইসলাম। শামসুল ইসলাম ছোট-বড় সবাইকে আদর করতেন। দেখলে একগাল হাসি দিয়ে জিজ্ঞেস করতেন, ভাইসাব ভালা আছেননি? সব সময়ই হাসিখুশি এই মানুষটি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতেন। ২০০৮ সালে তিনি ইন্তেকাল করেন। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬বছর।
কবি শামসুল ইসলাম ১৯৪২ সালের ১৭ মার্চ ফেনী জেলার আমজাদ হাটের ধর্মপুর গ্রামের মুন্সিবাড়িতে জন্মগ্রহণ করেন। কবি শামসুল ইসলামের ছেলেবেলা কাটে অন্য দশজন গ্রামের ছেলের মতোই। গ্রামের বাড়িতেই তিনি মানুষ হয়েছিলেন প্রকৃতির খোলামেলা কোলে। হেসে খেলে হেলায় খেলায় কিছুটা মুক্ত স্বাধীনতার মধ্যেই। কবি যখন তাঁর ছেলেবেলার স্মৃতিচারণ করতেন, গ্রামের মুহুরি নদী, নদীতীরের অজস্র রক্তচূড়া গাছ এবং সবুজ-শ্যামল প্রকৃতির অকৃপণ মায়া মধুর কথা গল্পের মতো বর্ণনা করতেন।
তাঁর এসব স্মৃতিচারণ শুনতে শুনতে আমরাও কল্পনায় গাঁয়ের শ্যামল সবুজ বনে হারিয়ে যেতাম। কবি শামসুল ইসলামের প্রধান শখ ছিলো লেখালেখি, বইপড়া। একাকী অকারণে ঘুরে বেড়ানো। একসময় বন্ধুদের সঙ্গে প্রচুর আড্ডাও দিতেন। তিনি যখনই সাহিত্য আড্ডায় আলোচনা করতেন, তাঁর প্রিয় কবিদের নাম বলতেন। তাঁর প্রিয় কবি কে জানো? কবি ফররুখ আহমদ, সুধীন দত্ত, কবি আবুল হোসেন প্রমুখ ছিলেন তাঁর প্রিয় কবি।
কবি শামসুল ইসলাম কবিতা লেখার ফাঁকে ফাঁকে গল্পও লিখতেন। তাঁর প্রথম প্রকাশিত ছড়ার বই হলো- ‘বাকবাকুম ও ইস্টিমিষ্টি’। বড়দের জন্যও তিনি বেশ কয়েকটি বই রচনা করেন।

কবির লেখা একটি ছড়া-
তালুক-মালুক শালুক ফুল
শালুক ফুলের মিষ্টি মূল।
মিষ্টি মূলের বসত কই?
নেই যেখানে জলের থৈ।
জল থৈ থৈ ইষ্টিপুর
ইষ্টিপুর আর কতদূর
ভেসে যেতে বর্ষ সাল
ডুব সাঁতারে ঘণ্টাকাল।

কবি শামসুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম.এ. করেন। পশ্চিম জার্মানির কেলনে বেতার সাংবাদিকতায় তিনি ডিপ্লোমা করেন। তিনি প্রথমে বাংলা কলেজে অধ্যাপনা করেন। এরপর ১৯৬৮ সালে বাংলা একাডেমিতে সংকলন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। একই বছর তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্রে অনুষ্ঠান বিভাগে যোগদান করেন। কবি বাংলাদেশ বেতারের উপপরিচালক পদে অধিষ্ঠিত হয়ে অবসরে যান।
কবি শামসুল ইসলাম মৃত্যুর পূর্ব পর্যন্ত সাংবাদিকতায় জড়িত ছিলেন। তিনি দৈনিক নবজাত, অবজারভার, বাংলার বাণীর সাহিত্য সম্পাদক ছিলেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক দেশ বাংলা। বার্ণিক নামে তিনি একটি সাহিত্য পত্রিকাও বের করতেন।
কবির প্রথম কবিতা প্রকাশিত হয় স্কুলজীবনে। এ কবিতাটি প্রকাশিত হয় ‘সাপ্তাহিক তালিমে’। তিনি ধর্মপুর গ্রামে ‘কবিতা বিতান’ নামে একটি কবিতা চর্চা কেন্দ্রও প্রতিষ্ঠা করেন। তাঁর কবিতা, ছড়া, শিশুসাহিত্য, গল্প,  উপন্যাস, নাটক, রূপকথা, অনুবাদগ্রন্থসহ প্রায় অর্ধশত গ্রন্থ প্রকাশিত হয়। তিনি একজন গীতিকারও ছিলেন।
কবি শামসুল ইসলাম কবিতায় অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়াও জীবনে তিনি অনেক সম্মাননা ও পদক লাভ করেন। এর মধ্যে পারাপার সাহিত্য পুরস্কার, ত্রয়ী সাহিত্য পুরস্কার, পদ্মপদক, কবি আহসান হাবীব সাহিত্য পুরস্কার, বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পুরস্কার, সাদত আলী আকন্দ পুরস্কার উল্লেখযোগ্য।
আত্মগৌরব বোধ ও আত্মবিশ্বাস জাগানোই ছিল কবি শামসুল ইসলামের উদ্দেশ্য। তার রচনার গুরুত্ব অসাধারণ। তিনি চিরদিন সংস্কৃতির সেবা করে গেছেন। লাভ করেন নানা মনীষীর সাহচর্য। বাংলা সাহিত্যের নীরব সাধক এই মনীষী এখন আর আমাদের মাঝে নেই। তিনি তাঁর সাহিত্য কীর্তির জন্য নিশ্চয়ই অমর হয়ে থাকবেন।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

ভাষাকে দাও নতুন কিছু

ভাষার মাস ফেব্রুয়ারি, ভাষার মাস ফাল্গুন। ১৯৫২ সালে ঢাকার রাজপথে রক্ত দিয়ে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি এনেছিল সালাম, রফিক, বরকত, জব্বার ও শফিউরেরা। তাদের স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তবে ভাষা শহিদদের আত্মত্যাগকে অমর করে রাখতে হলে বাংলা ভাষার জন্য আমাদের অবদান রাখতে হবে। তাঁরা বাংলাকে যে সম্মানের জায়গায় দেখতে চেয়েছিলেন, সেখানে বাংলাকে পৌঁছাতে সাধনা করে যেতে হবে আমাদের। রাষ্ট্রভাষা হিসেবে বাংলার বহুল ব্যবহার থাকার কথা ছিল উচ্চ আদালতে এবং দেশে উচ্চ শিক্ষায়। কিন্তু দুটো জায়গাতেই বাংলা এখনও অনেকটাই অবহেলিত। বিজ্ঞান গবেষণায় বাংলা এখনো পিছিয়ে আছে। তাছাড়া এখন ইন্টারনেটের যুগে বিশ্বের তথ্যভাণ্ডারে যে ভাষায় নির্মিত কনটেন্ট বেশি জমা আছে সে ভাষাই আগামীতে আরো এগিয়ে যাবে-এটাই স্বাভাবিক। অর্থাৎ গুগল সার্চ করলে বাংলা ভাষায় এখনো পর্যাপ্ত কনটেন্ট পাওয়া যায় না। সেক্ষেত্রে তোমাদের অবদান রাখতে হবে। কনটেন্ট মানে শুধু বিনোদনের ভিডিও না। কনটেন্ট হতে পারে লিখিত বা টেক্সট ফরম্যাটে, ডিজাইন/ক্যালিগ্রাফি, অডিও, ভিডিও এবং অ্যানিমেশনও। বাংলা ভাষায় প্রয়োজনীয় কনটেন্ট নির্মাণে তোমরা ভূমিকা রাখতে পারো, উইকিপিডিয়ায় বাংলা পেইজকে সমৃদ্ধ করতেও ভূমিকা রাখতে পারো।
বাংলা ভাষার জন্য এ অবদান চাইলে যেকোনো স্তর থেকে, যেকোনো স্থান থেকেই করা যায়। এর উদাহরণ হলো ফরিদ উদ্দিন এবং রাজুব ভৌমিক। কিশোরগঞ্জে জন্ম নেয়া এস এম ফরিদ উদ্দিন দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। এসএসসি পরীক্ষার পর কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেও পড়াশুনা শেষ করতে পারেননি। পরবর্তীতে ২০০৭ সালে তিনি বুয়েটের একটি হলের সিকিউরিটি গার্ড হিসেবে চাকুরি নেন। হলের ছাত্রদের সংস্পর্শে এসে তিনি আবার জ্ঞানচর্চায় আগ্রহ বোধ করেন। তিনি বাংলা সাহিত্য নিয়ে কাজ শুরু করেন। তার স্বপ্ন ছিল বাংলা ভাষায় নতুন কিছু করা। তিনি বাংলা অভিধান ও পত্রিকা নিয়মিত পড়তে থাকেন। এক পর্যায়ে তিনি নতুন এক ধরনের কবিতা লেখেন। বুয়েটের ছাত্ররা সেটি দেখে তাকে জানান এই ধারার কবিতাকে বলা হয় প্যালিনড্রোম কবিতা।
প্যালিনড্রোম হলো তেমন সংখ্যা, শব্দ বা বাক্য যা ডানদিক থেকে এবং বাম দিক থেকে পড়লে একই হয়। যেমন: ১২৩৪৩২১ এটিকে উভয় দিক থেকে পড়লে একই হয়। আবার বহুল পরিচিত শব্দ আছে- রমা কান্ত কামার। এটি উভয় দিক থেকে পড়লে একই হয়। বাংলা ভাষায় প্যালিনড্রোম চর্চার সূচনা করেছিলেন দাদা ঠাকুর নামে খ্যাত শরৎচন্দ্র পণ্ডিত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না কিন্তু। শরৎচন্দ্র পণ্ডিত বেশ কিছু প্যালিনড্রোম বাক্য রচনা করেছিলেন। যেমন- রমা তো মামা তোমার, কাক কাঁদে কাক কা, তাল বনে নেব লতা ইত্যাদি। তবে তিনি কবিতা লেখেননি। প্রথম বাংলা প্যালিনড্রোম কবিতা লিখেছিলেন সৌমিত্র চক্রবর্তী।
ফরিদ উদ্দিন প্যালিনড্রোম নিয়ে আট বছর চর্চা করে ২০১৯ সালে বাংলা ভাষায় প্রথম প্যালিনড্রোম কবিতার বই প্রকাশ করেন। ‘কথা থাক’ শিরোনামে এই বই প্রকাশনীর বেস্ট সেলার হয়। বইয়ের প্রথম কবিতাটি ছিল এমন-

মালিনী নীলিমা
থাক বসন্তে তেন সব কথা
তেমনি মতে
সেবা লভা লিলি? ভালবাসে
দিগন্তের তেন গদি

পরবর্তীতে ২০২০ সালে তিনি আরো দুটি প্যালিনড্রোম কবিতার বই সম্পাদনা করেন-‘নব প্লাবন’ এবং ‘নব যৌবন’ নামে। তার সাথে সম্পাদনায় যুক্ত ছিলেন গণিতবিদ চমক হাসান, যিনি ২০১৯ সালে বাংলা ভাষায় প্রথম প্যালিনড্রোম গান রচনা করেছিলেন। তারা ফেসবুকে গ্রুপ খোলেন- প্যালিনড্রোম চর্চা পর্ষদ নামে। এই গ্রুপের সদস্যরা নানা ফরম্যাটে প্যালিনড্রোম চর্চা করে। একজন অল্প শিক্ষিত সিকিউরিটি গার্ড ফরিদ উদ্দিন বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকে বাংলা প্যালিনড্রোমের এ জাগরণ ছড়িয়ে দেন দেশজুড়ে।
দেশের বাইরে থাকলেও যে বাংলা ভাষার প্রতি ভিন্নমাত্রিক অবদান রাখা যায়, তার উদাহরণ হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাজুব ভৌমিক রাজু। রাজুব ভৌমিকের জন্ম নোয়াখালীতে। এসএসসি পাশ করলেও এইচএসসিতে ফেল করে বসেন প্রথমবার। দ্বিতীয় প্রচেষ্টায় পাশ করেন। এরপর পরিবারের সাথে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি ধারাবাহিকভাবে তার মেধার বিকাশ ঘটাতে থাকেন। বাংলা ভাষার প্রতি অনুরাগের কারণে তিনি সাহিত্য চর্চা করতে থাকেন। তিনি বাংলা কবিতায় ভিন্ন মাত্রার সূচনা করেন। তার ভাষায় এ ধারার নাম- ‘আয়না সনেট’।
তোমরা জানো, সনেট হলো চতুর্দশপদী কবিতা, যেখানে কবিতাটি হয় ১৪ পদ বা বাক্যের; প্রতিটি বাক্যে থাকে ১৪টি অক্ষর। বাংলায় সনেটের প্রবর্তক ছিলেন মাইকেল মধূসুদন দত্ত। রাজুব ভৌমিক যে সনেট লেখেন সেটি প্যালিনড্রোমের মতো দু’দিক থেকে পড়া যায় তবে দু’দিক থেকে পড়লে একই রকম বাক্য হয় না। বরং নতুন আরেকটি কবিতা হয়ে যায়। যেমন তার প্রথম আয়না সনেট এর প্রথম অংশ হলো এমন –

‘পেতে শুধু অবহেলা জন্মায় গরিব
ক্ষেতে করে শ্রম বন্ধ্য, ফসলে মুনীব
নিষ্ফল কপাল তার, শোষিত জীবন
বলহীন বুকে সর্ব, লাথিতে মরণ।’

এবার ডান দিকে থেকে শব্দগুলো পড়তে থাকো- কী দাঁড়ায়?

‘গরিব জন্মায় অবহেলা শুধু পেতে
মুনীব ফসলে বন্ধ্য শ্রম করে ক্ষেতে
জীবন শোষিত তার কপাল নি®ফল
মরণ লাথিতে সর্ব বুকে হীন বল।’

কি অদ্ভুত তাই না? একই কবিতার ভেতরে আরেকটি কবিতা। রাজুব ভৌমিক আয়না সংগীতও রচনা করেছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা পঁচিশের অধিক।
রাজুব ভৌমিকের একাডেমিক যোগ্যতা ও ক্যারিয়ার শুনলে অবাক হবে। রাজুব নিউইয়র্কে গিয়ে পুলিশে যোগ দেন ২০১২ সালে। সম্প্রতি তিনি লেফটেন্যান্ট পদে উন্নীত হয়েছে। নিউইয়র্ক পুলিশে তার সাহসিকতার ঘটনা নিয়ে অনেক সংবাদ হয়েছে। কর্তব্যরত অবস্থায় একবার শীতের গভীর রাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করা এবং আরেকবার রেললাইনে ঝাঁপ দেয়া ব্যক্তিকে উদ্ধার করে তিনি সংবাদ শিরোনাম হয়েছিলেন।
একজন পুলিশ আর পড়াশুনা কী করবে! এমন ভাবনা অনেকের থাকে। কিন্তু শুনলে অবাক হবে- পৃথিবীর সবচেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন পুলিশ হিসেবে অফিসিয়াল ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন রাজুব। সেই যে বলেছিলাম প্রথমবার এইচএসসিতে ফেল করেছিল ছেলেটি। নিউইয়র্কে গিয়ে প্রথমে শেফার্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করেন। তারপর পুলিশে চাকুরির প্রয়োজনে আমেরিকান পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ‘ক্রিমিনাল ইন্টেলিজেন্স’ বিষয়ে আরেকটি ডিগ্রি নেন। এরপর সাইকোলজিতে মাস্টার্স করেন ওয়াল্ডেন বিশ্ববিদ্যালয় থেকে। ক্লিনিকাল সাইকোলজিতে ডক্টরেট করেন ক্যালিফোর্নিয়া সাউদার্ন বিশ্ববিদ্যালয় থেকে। এখানেই থেমে যাননি রাজুব। আমেরিকান পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে হোমল্যান্ড সিকিউরিটিতে আরেকটি মাস্টার্স করেন। পরে ওয়াল্ডেন বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে আরেকটি পিএইচডি করেন। আরেকটি ডক্টরেট করেন ‘ব্যবসায় প্রশাসনে’, ক্যালিফোর্নিয়া সাউদার্ন বিশ্ববিদ্যালয় থেকে। নিউইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয় থেকে ‘কারিকুলাম ও ইন্সট্রাকশনাল টেকনোলজি’ বিষয়ে আরেকটি মাস্টার্স করেন। সবশেষে ‘ডক্টর অব এডুকেশন’ অর্জন করেন আমেরিকান কলেজ অব এডুকেশন থেকে। অর্থাৎ ৪টি মাস্টার্স এবং ৪ টি ডক্টরেট ডিগ্রি এবং দুটি ব্যাচেলর, মিলে ১০টি কলেজ ডিগ্রি আছে তার। আর এসব তিনি অর্জন করেছেন ৩৫ বছর বয়সের মধ্যেই। ভাবতে পারো! বর্তমানে তিনি পুলিশে চাকুরির পাশাপাশি একাধিক কলেজে শিক্ষকতা করেন। তিনটি বিশ্ববিদ্যালয়ে তার লেখা বই পড়ানো হয়। শিক্ষার প্রতি তার অনুরাগ সত্যিই প্রশংসনীয় এবং অনুসরণীয়।
ফরিদ উদ্দিন আর রাজুব ভৌমিকের মতো তুমিও কি পারো না বাংলা ভাষার জন্য অবদান রাখতে?
সূত্র : Roar Media, risingbd, jagonews24, official world records এবং অন্যান্য।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

কাজ

প্রিয় বন্ধুরা, কেমন আছো? ফেব্রুয়ারি শুরুর কদিন পরই বসন্তেরও শুরু। তাই তোমাদের জানাই বসন্তের শুভেচ্ছা। এতদিন তো আমরা বিজ্ঞানের অনেক বিষয় নিয়ে জানার চেষ্টা করলাম। আজ আমরা আমাদের জানা এমন একটি বিষয় নিয়ে আরও ভালোভাবে জানার চেষ্টা করবো। আজ আমরা জানবো কাজ নিয়ে। চলো তাহলে শুরু করা যাক।

কাজ নিয়ে আমরা সকলেই জানি। যেমন, এই যে তুমি এখন আমার লেখা পড়ছো। এটা এক ধরনের কাজ। বা ধরো, তুমি সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছো, এটাও কাজ। আবার আমাদের স্কুলের দারোয়ান, সারাদিন স্কুলের গেটে বসে থাকেন। এটা তার কাজ। সাধারণভাবে বললে আমরা যা কিছু করি তাই কাজ। খাওয়া-দাওয়া থেকে শুরু করে গোসল করা এমনকি ঘুমানোও একধরনের কাজ। কিন্তু পদার্থবিজ্ঞানে কাজের অর্থ ভিন্ন। কাজের রয়েছে সুনির্দিষ্ট সংজ্ঞা। যেকোনো কিছু করলেই তাকে কাজ বলা যাবে না। এই ধরো দারোয়ান যিনি বসে আছেন, পদার্থবিজ্ঞানের ভাষায় তিনি কোনো কাজ করছেন না। কারণ, পদার্থবিজ্ঞানে কাজ মানে বস্তুর উপর বল দেয়া হলে যদি বলের দিকে যদি বস্তুর সরণ হয়। তাহলে বলা যায় বস্তুটির উপর কাজ হয়েছে। সরণ মানে হলো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বলের দিকে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় মানে বস্তুটি সেদিকে সরে যায় তাহলে আমরা তাকে কাজ বলবো।

তাহলে তুমি যদি একটি ফুটবলের উপর লাথি দাও, তুমি যেদিকে লাথি দিয়েছো বলটি সেদিকে সরে যায়। এখানে আমরা বলবো, ফুটবলের উপর বল প্রয়োগ করায় ফুটবলটি যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সেদিকে সরে গিয়েছে। মানে কাজ হয়েছে। আবার ধরো, তুমি একটি দেয়ালে অনেক সময় ধরে জোরে ধাক্কা দিচ্ছো। তাহলে কাজ হলো? না এখানে কাজ হয়নি। কারণ, তুমি ধাক্কা দেওয়ায় দেয়াল একটুও সরে যায়নি। তাই এখানে কাজ হয়নি। যদিও তুমি ক্লান্ত হয়ে পড়ো। বল প্রয়োগের সময় পেশির সংকোচন-প্রসারণের কারণে তুমি ক্লান্ত হয়ে পড়ো। পেশির ভেতর কাজ হলেও, দেয়ালে বল প্রয়োগ করায় কোনো কাজ হয়নি। আবার তুমি যখন কোনো বক্স বা অন্য কিছু ধাক্কা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা সরাও, সেটা কাজ। কারণ বল প্রয়োগে বস্তুর অবস্থান পরিবর্তন হয়েছে।

এখন আসো কাজের ধরন সম্পর্কে জানা যাক। আমরা সাধারণভাবে কথাবার্তায় বলে থাকি কাজ এবং অকাজ। পদার্থবিজ্ঞানেও কাজ দুই ধরনের। ধনাত্মক কাজ ও ঋণাত্মক কাজ। ধরো তুমি, কিছু বই নিয়ে সিঁড়ি বেয়ে উঠলে। তুমি বল প্রয়োগ করে বই উপরে উঠালে মানে অবস্থানের পরিবর্তন হলো। অর্থাৎ ধনাত্মক কাজ হলো। আবার অন্যদিকে, তোমার দিকে ভারী কোনো বস্তু এগিয়ে আসছে। তুমি তা থামানোর জন্য বল প্রয়োগ করলে। কিন্তু বস্তুটি তোমাকে ঠেলে পেছনে নিয়ে আসলো। তাহলে তোমার প্রয়োগ করা বলের বিপরীতে সরে আসলে। এটিই ঋণাত্মক কাজ। মানে সরণ বা অবস্থানের পরিবর্তন বলের দিকের বিপরীতে হলে তা ঋণাত্মক কাজ।
কাজ নিয়ে আজ এটুকুই। আল্লাহ হাফিজ।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

মনের ওপর পেটের স্বাস্থ্যের প্রভাব

বন্ধুরা, গবেষণা থেকে জানা গেছে, মানবদেহের কোলেস্টেরলের মাত্রা থেকে শুরু করে মানসিক রোগ পর্যন্ত সবকিছুর সাথে অন্ত্র বা পেটের স্বাস্থ্যের সংযোগ রয়েছে। তাই পেটের স্বাস্থ্য ভালো রাখা কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে পেটের স্বাস্থ্য ভালো রাখা যেতে পারে সে সম্পর্কে আমাদের জানা আবশ্যক।
মানবদেহের অন্ত্র অর্থাৎ পাকস্থলী থেকে পায়ু পর্যন্ত লম্বা প্যাঁচানো যে নালি থাকে সেটার গঠন বেশ জটিল। এই জটিল গঠনের কারণে, অন্ত্রের সুস্থতা সনাক্ত করা অন্যান্য অঙ্গের সুস্থতা সনাক্ত করার মতো সহজ নয়। অন্ত্রের স্বাস্থ্য পরিমাপ করার জন্য এমন কোনও একক উপায় নেই যা ব্যবহার করা যেতে পারে। আমাদের অন্ত্র মাইক্রোবস বা জীবাণুতে পূর্ণ। এগুলোর সংখ্যা এতটাই বেশি যে সব মাইক্রোবসকে যদি একত্রিত করা হয়, তবে তাদের ওজন এক কেজি ৮০০ গ্রামের বেশি হবে।
অন্ত্রে পিত্ত, শ্লেষ্মা, বিভিন্ন ধরনের অণুজীব, হজম হওয়া খাবার, অপাচ্য বা শোষিত খাবার, বিপাকীয় খাবার এমন বিভিন্ন ধরনের উপাদান থাকে। অন্ত্রের এসব উপাদানের প্রতি গ্রামে ১০ হাজার কোটি ব্যাকটেরিয়া রয়েছে।
অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. ক্যাটেরিনা জনসন। তিনি বলেছেন, একটি সুস্থ অন্ত্রে অনেক বৈচিত্র্যময় মাইক্রোবস বা জীবাণু থাকে। মাইক্রোবায়োম বিজ্ঞান এখনও তুলনামূলকভাবে একটি অপরিণত গবেষণা ক্ষেত্র, অর্থাৎ আমরা এখনও বিশদভাবে জানি না যে একটি সুস্থ অন্ত্র দেখতে কেমন হয়। আমাদের মাইক্রোবায়োমগুলো বৈশিষ্ট্যের দিক থেকে এতই স্বতন্ত্র আর বৈচিত্র্যময়, তার মধ্যে মাইক্রোবায়োমগুলোর হাজার হাজার প্রজাতি রয়েছে (এবং প্রজাতির মধ্যে বিভিন্ন স্ট্রেন রয়েছে), যার অধিকাংশেরই কার্যকারিতা সম্পর্কে আমরা জানি না।
অন্ত্র সুস্থ থাকা কেন জরুরি? অন্ত্র ‘শরীরের প্রতিটি অঙ্গকে’ প্রভাবিত করতে পারে। মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা রয়েছে যা গাট ব্রেইন এক্সিস অর্থাৎ বাংলায় অন্ত্র-মস্তিষ্কের অক্ষ নামে পরিচিত। এখানে অন্ত্র ও মস্তিষ্ক একে অন্যের জন্য অপরিহার্য – গবেষণায় দেখা গেছে যে অন্ত্রের মাইক্রোবায়োমের অনুপস্থিতির কারণে মস্তিষ্কের বিকাশ অস্বাভাবিক হতে পারে।
বন্ধুরা, অন্ত্রকে কখনও কখনও দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়, কারণ অন্ত্রে থাকে ব্যাকটেরিয়া যা মস্তিষ্কের ১০ কোটি নিউরনের মাধ্যমে আমাদের আচরণকে প্রভাবিত করতে পারে। নিউরন হলো আমাদের মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকা কোষ যা আমাদের শরীরকে বার্তা দেয় যে কখন কেমন আচরণ করতে হবে। আমাদের অন্ত্র, মস্তিষ্কে সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটার তৈরি করতে পারে যা আমাদের মেজাজ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। নিউরোট্রান্সমিটার এক ধরনের বার্তাবাহক যা স্নায়ুসন্ধি দিয়ে এক নিউরন থেকে অপর নিউরনে রাসায়নিক সিগন্যাল পাঠায়।
আমাদের অন্ত্রের সবচেয়ে বড় কাজ খাদ্য থেকে পুষ্টি শোষণ করা। যুক্তরাজ্যের দ্য গাট হেলথ ডক্টর নামে পরিচিত মেগান রসি বলেন, অন্ত্রে জীবাণুর ভারসাম্যহীনতা দেখা দিলে ৭০টিরও বেশি বিভিন্ন দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। এরমধ্যে রয়েছে হৃদরোগ ও শ্বাসযন্ত্রজনিত অসুস্থতা। সেইসাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো অটোইমিউন রোগও হতে পারে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ইমিউন কোষগুলোর প্রায় ৭০ শতাংশ অন্ত্রে বাস করে এবং এই কোষগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমের সাথে প্রতিনিয়ত সংযুক্ত থাকে। এই কারণেই যেসব মানুষের অন্ত্রের স্বাস্থ্য ভালো তাদের ইমিউন সিস্টেম স্বাভাবিক থাকে বলেই মনে হয়।
বন্ধুরা, এবার এসো আমরা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার উপায় সম্পর্কে জেনে নিই। বেশ কয়েক বছর আগে আমেরিকান গাট প্রজেক্ট পরিচালিত এক গবেষণার পর, বিশেষজ্ঞরা অন্ত্রে মাইক্রোবায়োমের বৈচিত্র্য বাড়াতে প্রতি সপ্তাহে অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন উদ্ভিজ্জ খাবার খাওয়ার পরামর্শ দিতে শুরু করেছেন। এর মধ্যে শুধু ফল ও সবজিই নয় বরং বীজ, মশলা আর বাদামও রয়েছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস অনুসারে, ফাইবার সমৃদ্ধ বা আঁশযুক্ত খাবার আমাদের পেট ভরে যাওয়ার অনুভূতি দিয়ে থাকে। ফাইবার আমাদের হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, এ কারণে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রাপ্তবয়স্কদের প্রতিদিন অন্তত ৩০ গ্রাম ফাইবার খাওয়ার পরামর্শ দেয়। এক্ষেত্রে সাদা রুটির চাইতে হোল গ্রেইনের বাদামি রুটি বা দানাদার রুটি বেছে নেয়া যেতে পারে। সেইসাথে বাদামি চাল বা আস্ত গমের পাস্তা বেছে নিলে বেশি ফাইবার খাওয়া হবে।
ফাইবারের অন্যান্য উৎসের মধ্যে রয়েছে আলু এবং ডালজাতীয় খাবার যেমন : মটরশুঁটি, মসুর ডাল বা ছোলা, যা তরকারি ও সালাদে যোগ করা যেতে পারে। প্রোবায়োটিক খাবার (নির্দিষ্ট ধরনের ফাইবার ও কার্বোহাইড্রেট) অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করতে পারে। এক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ হতে পারে কলা, পেঁয়াজ ও পেঁয়াজ পাতা, রসুন, বাঁধাকপি, লিক, ওটস, অ্যাসপারাগাস, নেক্টারিন ফল, ব্লুবেরি ও আঙ্গুর।
অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার অন্ত্রের জন্য ভালো নয়। অনেক বেশি প্রক্রিয়াজাত খাবারে এমন উপাদান থাকে যা আমাদের অন্ত্রে ‘ভালো’ ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে দমন করে কিংবা ‘খারাপ’ ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয়।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫