Home Blog Page 33

লাল কাঁকড়ার অশ্রু

আজও দক্ষিণপাড়ার এক পরিবারের সদস্য মারা গেল। সে ছিল ওই পরিবারের সবচেয়ে দ্রুতগামী। যখন দৌড়াত, ছয় পা বৈদ্যুতিক ফ্যানের মতো দ্রুত চলত। বয়সে জোয়ান। গায়ের রঙটা অন্যদের তুলনায় একটু বেশিই লাল। তাই সবাই তাকে লালু নামে ডাকতো। গত বছর দৌড় প্রতিযোগিতায় সে প্রথম হয়েছিল। উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে এ রেস হয়। দুটি পাড়ার দূরত্ব মাত্র কয়েক গজ। উত্তরপাড়া একটু ওপর দিকে শুকনা বালুর মধ্যে। আর দক্ষিণপাড়াটি বিচের কিনারে। স্রোতের কোল ঘেঁষে। রাতে জোয়ার বেড়ে গেলে এ পাড়ার সবাই একটু ওপরে চলে আসে। আবার সকালে জোয়ারের পানি নেমে গেলে তারাও নেমে তাদের পাড়ায় চলে যায়।
দক্ষিণপাড়ায় আজ শোকের ছায়া। শোকার্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে দু’পাড়ার সবাই এসেছে। এখনও সুবহে সাদিকের আবছা আঁধার কাটেনি। ছোট ছোট মাছের খোঁজে সাঁই করে বিচের কিনারে নেমে পড়ল একটি সাদা সারস। নরম বালিয়াড়িতে চুপটি করে পা টিপে হাঁটতে হাঁটতে এক টুকরো কাঠের জীবাশ্ম পায়। তার ওপর চুপটি করে সারসটি দাঁড়ায়। ডান দিকে তাকাতেই দেখে শত শত লাল কাঁকড়া। কী ব্যাপার, এ সময় এত লাল কাঁকড়ার সমাবেশ! এরা তো গর্ত থেকে বের হওয়ার কথা আরও পরে। সূর্য পুরোপুরি উঠলে। রোদের হাল্কা তাপ ছড়ালে তারপর। সারসের কৌতূহল আরও বেড়ে যায়। সে দেখে একটি মরা কাঁকড়াকে ঘিরে শত শত কাঁকড়া নীরবে দাঁড়িয়ে আছে। কী হলো কিছুই বুঝে আসে না সারসের।
নীরবতা ভেঙে একটা বয়স্ক কাঁকড়া প্রথমে কথা বলা শুরু করলো, ‘যত দ্রুত সম্ভব লালুকে শেষ বিদায় জানাতে হবে। কিছুক্ষণের মধ্যেই মোটরবাইকের রাজত্ব শুরু হয়ে যাবে আবার।’
কুয়াকাটায় বেড়াতে আসা মানুষদের বহন করা মোটরবাইক। সকাল শুরু হতেই শত শত মোটর বাইকওয়ালা কুয়াকাটার বিচে দাঁড়িয়ে পর্যটকদের ডাকাডাকি শুরু করবে। ঝাউবন, লেবুবন, গঙ্গামতির চর, তিন নদীর মোহনা, লাল কাঁকড়ার চর…। তারপর একেকটি বাইকে চালকসহ তিনজন চেপে বসবে। ভোঁ ভোঁ বিকট শব্দে পুরো বিচ কাঁপিয়ে তোলে মোটরবাইকগুলো।
মাথার ওপর লালসাদা বড় অ্যান্টেনাওয়ালা আরেকটা কাঁকড়া বললো,
– ‘প্রতিদিন যেভাবে এখানে মোটরবাইকের হামলা হয় তাতে আমাদের আর বাঁচার দশা নাই। আজ আমরা যারা বেঁচে আছি, কাল হয়তো আমাদের মধ্যেই কেউ না কেউ লালুর মতো খারাপ পরিণতির শিকার হবো। এটাই আমাদের নিয়তি।’
– ‘আর দেরি না করে চলো, সবাই হাত লাগাই। দ্রুত গর্ত খুঁড়ে লালুকে কবর দিতে হবে।’
সর্দার কাঁকড়ার কথায় সবাই গর্ত খোঁড়ার কাজে নেমে পড়লো। গর্ত খুঁড়তে খুঁড়তে উত্তরপাড়ার কমলা রঙের কাঁকড়া বললো, ‘এভাবে চললে তো আমরা একেবারে নির্বংশ হয়ে যাবো।’

খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে এসে দক্ষিণপাড়ার খোঁড়া কাঁকড়াটি বললো, ‘গতকাল বিকেল বেলা মাথায় হ্যাট পরা এক পাজি লোক দূর থেকে আমাকে দেখে ফেলে। দৌড়ে কাছে আসতে না আসতেই আমি আমার গর্তে ঢুকে পড়ি। কিন্তু সে তো মহা নচ্ছার। দুই হাতে খাবলা মেরে বালি খুঁড়তে থাকে। আমি তো ভয়ে শেষ। প্রাণপণে হাত পা চালিয়ে গর্তের বেশ গভীরে ঢুকে যাই। কিন্তু শেষ রক্ষা হলো না। বালি খুঁড়ে লোকটা আমাকে বের করে আনে। আমিও সুযোগ বুঝে তার হাতে কুট করে বসিয়ে দেই এক জম কামড়। ব্যথায় উহ্ করে ওঠে লোকটি। তবুও ছাড়ার নাম নেই। শেষে বিচে ছেড়ে দিয়ে এদিক ওদিক দৌড়ানি দিতে দিতে আমাকে একেবারে লটপটি বানিয়ে ছাড়ে। পাড়া খেয়ে আমার পা ভেঙে যায়। কোনোমতে প্রাণপণে দিই দৌড়। দৌড়াতে থাকি আর আত্মরক্ষার জন্য গর্ত খুঁজতে থাকি। আশেপাশে অনেক গর্ত পাই। কিন্তু একটাও আমার বডি সাইজের সাথে মিলে না। তাই কোনো গর্তেই ঢুকতে পারি না। জান বাঁচাতে আমার এদিক ওদিক ছোটাছুটি দেখে লোকটার সে কী উল্লাস আর অট্টহাসি! হঠাৎ বালিতে উষ্টা খেয়ে লোকটা চিৎপটাং। এবারের মতো আমার শেষ রক্ষা হয়। জান নিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচি। নইলে আমি এখন কোথায় যে থাকতাম, জানি না। হয়তো বোতলে ভরে নিয়ে যেত শহরের কোনো দালানে। সেখানে দু’দিন বেঁচে থাকার পর মরে-পঁচে গন্ধ বের হলে ফেলে দিত ডাস্টবিনে। মানুষ কেন যে এত নিষ্ঠুর হয়! আমরা তো কারো কোনো ক্ষতি করি না। বরং সবসময় উপকার করি। আমরা সমুদ্র সৈকতে মাটির জৈব রাসায়নিক গুণাগুণ ঠিক রাখি। লবণাক্ততা কমাতে সাহায্য করি। এতে জীব অনুজীব ও উদ্ভিদের বেঁচে থাকার পরিবেশ তৈরি হয়। আমরা যদি এভাবে নিঃশেষ হতে থাকি তাহলে পরিবেশ ভালো থাকবে? পরিবেশ খারাপ হলে মানুষ কি ভালো থাকবে?’

কথা বলতে বলতে মাটি খোঁড়ার কাজ শেষ হলো। কাঁকড়া সমাজের রীতি অনুযায়ী কবরে বিছিয়ে দেয়া হলো সাদা ঝিনুক। সবাই ধরাধরি করে মৃত লাল কাঁকড়াটিকে কবরে শুইয়ে দিলো।
একেবারে থেঁতলানো শরীর। চেনাই যাচ্ছে না। দেখে মনে হচ্ছে মোটরবাইকের চাকা পুরো শরীরের ওপর দিয়েই চলে গিয়েছিলো। চাকাটা হয়তো নতুন, ধারালো খাঁজকাটা ছিল।

লালুর মা ছেলের এ অবস্থা দেখে কিছুতেই সহ্য করতে পারলো না। বিলাপ করে কান্না করতে লাগলো। বাবা বেঁচে থাকলে খুব কষ্ট পেত। দু’বছর আগে ওর বাবা ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর কবলে পড়ে মারা যায়। তারপর থেকে এতিম লালুকে পাড়ার সবাই আদর যত্নে বড় করেছে। সেও সকলের মনে জায়গা করে নিয়েছিল। লালুকে শেষ বিদায় দিয়ে সবাই ডুকরে কেঁদে উঠল। সবার চোখে অশ্রু। স্মৃতি হিসেবে কবরে রোপন করে দেয়া হলো একটি কেওড়া গাছের চারা। পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সব দেখলো সারস পাখিটা। নিজেকে আর সামলে রাখতে পারল না সে। টলটল করে তারও অশ্রু গড়িয়ে পড়লো দু’চোখ বেয়ে।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

দুটি ছড়া

১.
ফুলকুঁড়ি ফুলকুঁড়ি
দাও তো ফুল এক ঝুড়ি
আসছে আবার ফাগুন
লাগবে আবার
ফুলের বনে আগুন
তোমরা সবাই ফুলের কুঁড়ি
কুড়িয়ে নাও ঝুড়ি ঝুড়ি।
২.
দাদুমণি করেছিস কী জাদু
তুই আমার একমাত্র দাদু
সোনা পাখি বল আমারে বল,
সারাদিনে কী কী করলি
            পাখির দল।
ফাগুনে ফুলের মেলায়
বাগানে মাতি খেলায়।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

কিছু কথা

কিছু কথা
কিছু ব্যথা

মনে বাজে
শত কাজে

দিনে রাতে।

উড়ে যায়
লিখে যায়

কষ্ট গুলো
রয়ে যায়

মন পাতে।

বৃক্ষ, পাহাড়
অবাক দেখে

ফুলমেলা
ধুলো খেলা

পৃথিবীতে।

ছোট্ট শিশু
বুঝতে পেরে

হাত বাড়ায়
সুন্দর ফুল

চায় নিতে।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

একটি নক্ষত্রের উত্থান

সময়টা ২০১১ সালের ২৭শে মার্চ। বিহারের তাজপুরের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করে বৈভব নামের এক শিশু। যখন তার ৪ বছর বয়স, তখন সে তার বাবার সাথে বাড়ির পেছনে ক্রিকেট খেলতো। কৃষক বাবা নিজের সমস্ত ব্যস্ততা শেষ করে ছেলেকে নিয়ে ক্রিকেট খেলতেন। ঐ বয়সেই ছেলে যে ক্রিকেট বলকে খুব জোরে পিটায়, সেটা উপলব্ধি করেন বৈভবের বাবা। বয়সের তুলনায় প্লাস্টিক বল জোরে পেটানো দেখেই বাবার মাথায় ছেলেকে ক্রিকেটার বানানোর চিন্তাটা আসে। নিজের জমিজমা বিক্রি করে ছেলেকে একাডেমিতে ভর্তির জন্য ফান্ডের ব্যবস্থা করেন।
মাত্র ৯ বছর বয়সেই পাটনার একটি ক্রিকেট একাডেমিতে ছেলেকে ভর্তি করিয়ে দেন বাবা সঞ্জীব। পাটনার সেই একাডেমির দূরত্ব ছিলো ১০০ কিলোমিটার! ভোর ৪টায় মা খাবার বানিয়ে দিতেন। খেয়ে রওনা হতো পাটনার উদ্দেশ্যে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টার পথ অতিক্রম করে একাডেমিতে পৌঁছাতে হতো। সেজন্য প্রতিদিন অনুশীলনে যাওয়ার সুযোগ হতো না বৈভবের। একদিন পর পর গিয়ে অনুশীলন করতে হতো। বাবা জমিজমা বিক্রি করে তাকে এখানে পাঠিয়েছেন, সে বাবার জন্য হলেও বৈভব অন্তত ৫০০ বল না খেলে প্র্যাকটিস শেষ করতো না। অথচ অন্যরা সর্বোচ্চ ২০০ বল খেলেই প্র্যাকটিস শেষ করে ফেলতো।
পাটনার একাডেমির কোচ সৌরব কুমার বৈভবের ব্যাটিং প্রথমবার দেখেই অভিভূত হয়ে যান। বৈভবের সমবয়সী বোলাররা তার কাছে পাত্তাই পেতো না। এজন্য তাকে তারচেয়ে বয়সে বড়দের সাথে খেলানো হতো।

আড়াই বছর অনুশীলনের পর অনূর্ধ্ব-১৬ এর জন্য ট্রায়াল দেয় বৈভব। পারফর্ম ভালো করলেও বয়স কম হওয়ায় স্ট্যান্ডবাই থেকেই সেবারের মতো সন্তুষ্ট থাকতে হয় তাকে। তবে সেখানে তার মধ্যে বিশেষ কিছু দেখেছিলেন কোচ মনিষ ওঝা। পরবর্তীতে তার অধীনেই প্রশিক্ষণ নিয়ে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে থাকে বৈভব। মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটে বৈভবের।

ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে আদর্শ মেনে বৈভবের ক্রিকেটে পথচলা। একের পর এক রেকর্ড করে যাচ্ছিলো এই বয়সেই। ইন্ডিয়ান কিছু গণমাধ্যম দাবি করে, ‘এক বছরে বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে মোট ৪৯টি সেঞ্চুরি করেছে বৈভব।’ বিহারের রন্ধির ভার্মা ট্রফিতে একটি ট্রিপল সেঞ্চুরিও হাঁকিয়েছে সে।
চেন্নাইয়ের স্টেডিয়ামে চলছে ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের টেস্ট ম্যাচ। সেখানে ১৩ বছর বয়সী একজন ছেলে খেলছে। বিস্ময়ের জন্ম দিয়ে সে ম্যাচে ৫৮ বলে সেঞ্চুরি করে সংবাদ শিরোনামে জায়গা করে নেয় ‘বৈভব সূর্যবংশী’।
এরপরে বৈভবকে পৃথিবীর সামনে তুলে ধরে ভারতের ডমেস্টিক লিগ ‘আইপিএল’-এর নিলাম। আইপিএল-এর নিলামে ভারতের এতো এতো প্লেয়ারের মধ্যে ১৩ বছরের একটি ছেলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দল পেয়ে যে রেকর্ড করে ফেলবে, তা শুধু ভারত নয়, বরং পুরো পৃথিবীর কাছেই অপ্রত্যাশিত ছিলো। নিলামে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের বৈভবকে নিয়ে ভালোই কাড়াকাড়ি লেগে যায় দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। শেষমেষ বৈভবকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস।

একটি নক্ষত্রের আলো ছড়ানোর তো কেবল শুরু। নক্ষত্রটি তার আলোকরশ্মি কতদূর ছড়াতে পারে, তা সময়ই বলে দেবে।

নাম : বৈভব সূর্যবংশী
জন্ম : মার্চ ২৭, ২০১১
জন্মস্থান : তাজপুর, সমস্তিপুর, বিহার।
ব্যাটিংয়ের ধরন : বাঁহাতি ওপেনিং ব্যাটার।
বোলিংয়ের ধরন : বাঁহাতি অর্থোডক্স।
প্রথম শ্রেণি অভিষেক : ৫ই জানুয়ারি, ২০২৪।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

সেই ছেলেটি

একটি ক্লাসে দশ জন ছাত্র থাকলে, দশজন দশ রকমের হয়। কেউ একটু বেশি চঞ্চল- পুরো ক্লাস মাতিয়ে রাখে। কেউবা একটু অন্তর্মুখী- নীরব থাকতে পছন্দ করে। আবার কেউ খুব মেধাবী- আলাদা একটা গাম্ভীর্য নিয়ে থাকে। শিশু মনের এই বিচিত্র ভাবধারা (ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ) স্রষ্টারই সৃষ্টি। মহান আল্লাহ তাঁর সৃষ্টিকে রূপময় করে তুলতে এই বৈচিত্র্য দান করেছেন।
একজন আদর্শ শিক্ষক বিষয়টি জানেন। তাই তিনি সবার মধ্যে ভাব বিনিময়, মতবিনিময়ের পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেন। যাতে ক্লাসে সবার অংশগ্রহণ সমান হয়। কিন্তু সমস্যা হয়ে যায় অন্তর্মুখী ছেলে-মেয়েদের নিয়ে। এদের সহজে মেলে ধরা যায় না। কবি হয়তো তাই বলেছেন,
“করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
পাছে লোকে কিছু বলে।”
অন্তর্মুখীদের কেউ লাজুক বলে। কেউবা বলে সুবোধ বালক। আবার কেউ বলে লক্ষ্মী ছেলে। কেউবা আবার তাদের নিয়ে হতাশ। যারা এর বিপরীত সমাজে তাদের সফলতা বেশি। নিজেকে তুলে ধরার বা প্রেজেন্ট করার যোগ্যতা সমাজ জীবনে ইতিবাচক ফল বয়ে আনে। অন্তর্মুখীরা সেটা পারে না। তাই তাদের পরিচিতি নেই। নাম নেই। যশ নেই।
ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া আসিফ সে রকমই একজন ছেলে। সে বেশ মেধাবী। প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে তার সমস্যার কথা বোঝে। সে অনেক চেষ্টা করেছে তার এই চুপচাপ নীরব বলয় থেকে বেরিয়ে আসতে। কিন্তু পারেনি। অন্তর্মুখীতাই বরং তাকে বেশি টানে। তার এই স্বভাবের জন্যে দু’একজন শিক্ষকের ভর্ৎসনাও শুনতে হয়েছে তাকে। একদিন তো অংকের টিচার বলেই বসলেন, “এ্যাই, তুমি এত চুপচাপ থাকো কেন, তুমি গোয়েন্দা নাকি? সেদিন ক্লাসে সবাই হেসেছিলো। সে লজ্জা পেয়ে দু’দিন স্কুলেই আসেনি।
শিক্ষিকা মিসেস নাসরিন জাহান অবশ্য আসিফকে নিয়ে হতাশ নন। তিনি আসিফের অন্তর্মুখীতা (ওহঃৎড়াবৎংরড়হ) বেশ উপভোগ করেন। তিনি ওর চোখে মুখে একটা মেধার দীপ্তি দেখতে পান। তিনি ভাবেন, সবার সহযোগিতা পেলে সে একদিন ওর অন্তর্মুখী বলয় থেকে বের হয়ে আসতে পারবে।
আসিফ লেখাপড়ায় খুব ভালো। ক্লাসে বেশ নিয়মিত। অপরের প্রতি সহানুভূতিশীলও।
প্রতিবছর স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কোনো বিষয়ে আসিফকে অংশগ্রহণ করতে দেখা যায় না। এবারই প্রথম সে অংশগ্রহণ করেছে, তাও আবার নির্ধারিত বিষয়ে রচনা প্রতিযোগিতায়। বিষয়বস্তু ছিল “ছাত্রজীবনে প্রেজেন্টেশন ক্লাসের গুরুত্ব।”
আজ সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। মেঘ ভেঙে রোদ্দুর বেরিয়েছে। নরম রোদ। হলুদ বরণ রোদ। বৃষ্টি ভেজা দখিনা মৃদুমন্দ বাতাস ছেলেদের চুল ছুঁয়ে যাচ্ছে। ছেলেদের হৈ হল্লা আর ছোটাছুটিতে জেগে উঠেছে স্কুল আঙিনা। রঙ বেরঙের বেলুন আর ফেস্টুনে সাজানো হয়েছে চারপাশ। স্কুলে আজ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সবাই পুরস্কার নিবে। যে কোনো ইভেন্টেই ভালো করতে পারেনি সেও পাবে সান্ত্বনা পুরস্কার। তাই সবার মনেই আনন্দ।
প্রতিযোগিতার ফল ঘোষণা হলো। আসিফ প্রতিযোগিতায় প্রথম হয়েছে। কী আশ্চর্য! যে কি না ক্লাসে দাঁড়িয়ে কথাই বলে না। কোনো প্রেজেন্টেশন দেয় না, সেই আবার সেই বিষয়েই প্রথম! ক্লাসের ছাত্রদের মধ্যে সাড়া পড়ে যায়। অভিভাবকদের আগ্রহের শেষ নেই। চারদিকে গুঞ্জন শুরু হয়-“চুপচাপ সেই ছেলেটি।”
বছরের প্রথম দু’মাস হইচই করেই কেটে গেল। এখন পুরোদমে ক্লাস চলছে। এপ্রিলের শেষে বেশ গরম পড়েছে। হঠাৎ সেদিন একটা বিপত্তি ঘটলো আসিফদের স্কুলে। অ্যাসেম্বলি চলছিলো। এমন সময় অষ্টম শ্রেণির একটি ছেলে অজ্ঞান হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আরো কয়েকজন ছাত্র জ্ঞান হারায়। শিক্ষকরা কী করবেন বুঝে উঠতে পারেন না। এমন সময় আসিফ চিৎকার করে বলতে থাকে, সবাই সরে দাঁড়াও, ভিড় করবে না। মুক্ত বাতাস আসতে দাও। আমি এর প্রাথমিক চিকিৎসা জানি। ওদের একদিকে কাত করে দাও, যাতে মুখে ও গলায় যে লালা বা নিঃসরণ আছে তা বেরিয়ে আসতে পারে। জুতা খুলে দাও। পায়ের দিকটা একটু উঁচু করে ধরো। স্যার! দ্রুত অ্যাম্বুলেন্স কল করুন, ট্রিপল নাইন-এ ফোন দিন।”

সবাই আসিফের সেবা দেখে হতবাক হয়ে যায়। দূর থেকে কে যেন বলে ওঠে, “এ্যাই সেই ছেলেটি।”
কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে স্কুল আঙিনায় ঢোকে। সাইরেনের বিকট শব্দে চারদিকে ভীতি ছড়িয়ে পড়ে। খুব দ্রুত অসুস্থ হয়ে পড়া- শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সাধারণভাবে এটাকে অজ্ঞাত রোগ বলে। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় “ম্যাস সাইকোলজিক্যাল ডিজিজ” বা গণ হিস্টরিয়া। আতংকের ফলে একজন থেকে আরেক জনে এ রোগ ছড়ায়। এই বয়সে সমস্যা বেশি হয়। মন খারাপ, ভয় থেকে এ সমস্যা হতে পারে।
আসিফকে বন্ধুরা ঘিরে ধরেছে। সবাই বাহ্বা দিচ্ছে। শিক্ষকরাও তার প্রশংসা করছে। একজন অভিভাবক বললেন, তুমি এতকিছু কীভাবে জানলে। আসিফ বললো, সে পত্র-পত্রিকায় স্বাস্থ্যপাতার বিভিন্ন আর্টিকেল পড়ে এসব জেনেছে।
ঘণ্টাখানেকের মধ্যেই ভালো খবর এলো, অসুস্থ শিক্ষার্থীরা সুস্থ হয়ে উঠছে। ভয়ের কোনো কারণ নেই।

দু’দিন স্কুল বন্ধ থাকার পর আজ আবার খুলেছে। অসুস্থ শিক্ষার্থীরা ঘরে ফিরেছে। আজ অ্যাসেম্বলি খুব সংক্ষিপ্ত করা হলো। হেডস্যার ঘোষণা করলেন, এখন থেকে প্রতিদিন অ্যাসেম্বলি-তে তোমরা ধারাবাহিকভাবে বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবে। এ ব্যাপারে তোমরা পড়াশোনা করে আসবে। তিনি সেদিনের ঘটনায় আসিফের ভূমিকার জন্য তাকে ধন্যবাদ দিলেন, সাধুবাদ জানালেন।

আসিফের মুখ লজ্জায়, গর্বে আর কৃতজ্ঞতায় রক্তিম হয়ে উঠলো।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

মুখ লুকোনো গোলাপ রানি

সকাল থেকেই রাফিয়াদের বাগানে হইচই চলছে। কাদের হইচই? মানুষের বুঝি? একদমই না। ফুলেদের হইচই চলছে। বাবারে বাবা! সকাল থেকেই সে কী হইচই ফুলেদের!
বেলি ফুলের মেয়ে শিউলি খালাকে বলে- দেখো না শিউলি খালা। সকাল থেকেই গোলাপ রানি কেমন চুপ করে আছে। একটিবারও মুখ খোলেনি।
শিউলি খালা বলে- কেন? কেন গোলাপ রানি আজ অমন চুপটি করে আছে? কেউ কি কিছু বলেছিস নাকি?
বেলি ফুলের ফুটফুটে মেয়েটা বলে- না গো শিউলি খালা। কেউ কিচ্ছুটি বলেনি।
তাহলে গোলাপ রানি অমন চুপটি করে কেন? কিছু তো একটা হয়েছে। জুঁই, চাঁপা, গাঁদা তোরা একটু সর দেখি। আমি একটু বলে দেখি। কথাগুলো বলতে বলতে শিউলি খালা একটু গা ঝাড়া দিয়ে উঠলো। একটু হেলে গোলাপ রানিকে লম্বা গলায় ডাকা শুরু করলো। কী গো গোলাপ রানি! অমন মুখ ভার করে চুপটি করে মুখ লুকিয়ে আছো কেন? কী হয়েছে খুলে বল দেখি বাপু?
গোলাপ রানি নিশ্চুপ। কারো দিকে মুখ তুলে তাকায়ও না।
ও পাড়া থেকে ঘাসফুলের বুড়ি রুক্ষ গলায় বলে ওঠে- কী গো গোলাপ রানি, আজকে অমন চুপটি করে আছো কেন?
এ পাড়া থেকে গোলাপ রানি কোনো উত্তর দেয় না।
ও পাড়া হলো বাগানের আরেক অংশ। রাফিয়াদের বাগানের দুইটা অংশ। একদিকে শিউলি, বেলি, গাঁদা, গোলাপরা থাকে। আর অন্যদিকে ঘাসফুল, চাঁপা, ডালিয়া, গন্ধরাজ, রজনীগন্ধারা থাকে। আর মাঝখানে ইট বাঁধানো ছোট্ট একটা রাস্তা।
এ পাড়া থেকে চাঁপা ফুলের বুড়ি বলে- আজকের বারে মনে হয় আর গোলাপ রানির মুখ কেউ দেখতে পাবো না। তোমার শরীরের কী অবস্থা গো সই?
ঘাসফুলের বুড়ি বলে- আগের মতো আর ভালো নেই গো সই। ঘাসফুলের বুড়ি আর চাঁপা ফুলের বুড়ির কথাবার্তা চলতেই থাকে।
হঠাৎ সেখানে গুনগুন করে গান গাইতে গাইতে ভ্রমর হাজির। ভ্রমর এসেই শিউলি খালাকে জিজ্ঞেস করে- কী গো খালা। সেই সাতসকাল থেকেই নাকি তোমাদের এখানে চেঁচামেচি? তা কীসের এতো চেঁচামেচি শুনি?
শিউলি খালা বলে- আর বলিও না বাপু। সেই সকাল থেকে গোলাপ রানি মুখ লুকিয়ে আছে। একটিবারের জন্যও মুখ খুলছে না। কারো কথার জবাবও দিচ্ছে না। এবার তুমিই দেখো বাপু।
ভ্রমর বলে- ও এই কথা। আচ্ছা, আমি গোলাপ রানির সাথে কথা বলি আগে।
এই বলে গুনগুন করে ভ্রমর গোলাপ রানির কাছে গিয়ে জিজ্ঞেস করল- কী গো গোলাপ রানি। তুমি নাকি সকাল থেকে মুখ লুকিয়ে আছো? মুখ লুকিয়ে থাকলে তো হবে না। সমস্যা হলে তো সমাধান করতে হবে। সেজন্য তোমাকে মুখ তুলে তাকাতে হবে। একটিবার শুধু মুখ তুলে তাকাও দেখো তোমার জন্য কতজন চিন্তায় আছে।
এবার গোলাপ রানি মুখ তুলে তাকাল। এ-পাড়া ও-পাড়ার সবাই গোলাপ রানির লাল টুকটুক মুখের দিকে তাকালো। কিন্তু মুখটা ফ্যাকাসে হয়ে আছে। গোলাপ রানির অমন মুখটা দেখতে ভালো না লাগলেও আগের চেয়ে তাদের একটু হলেও ভালো লাগছে।
ভ্রমর বলে- গোলাপ রানি, কী হয়েছে তোমার? সকাল থেকে অমন চুপটি করে আছো কেন?
গোলাপ রানি বিষণ্ন মনে বলে- আর বলিও না ভ্রমর দাদা। ওই যে রাফিয়াদের বাসার কাজের বুয়াটা আছে না? কী যে ফাজিল মহিলা!
ভ্রমর বলে- কাজের বুয়া আবার কী করলো গোলাপ রানি?
গোলাপ রানি বলে- দেখো না ভ্রমর দাদা আমার নিচে কতগুলো ময়লা-আবর্জনা। এগুলো বেশ ক’দিন ধরেই এখানে আছে। উফ্! কী দুর্গন্ধ ছড়াচ্ছে। ওয়াক! এই দুর্গন্ধ আমার ভালো লাগছে না ভ্রমর দাদা। এগুলো তো পরিবেশ দূষণ করছে। তবুও বুয়াটা এগুলো সরায় না। এই তো সেদিন কাজের বুয়াটা আমার দুটো কচি কচি ডাল ভেঙে দিলো। সেদিন হলো কী, কাজের বুয়াটা সব গাছে পানি দিচ্ছিল। সব গাছে পানি দেওয়া শেষ করে আমার কাছে আসলো। অল্প একটু পানিও দিলো। চলে যাওয়ার সময় আমার একটা কাঁটা বুয়ার হাতে বিঁধল। ব্যস, অমনি মড়াৎ করে আমার দুটো কচি ডাল ভেঙে দিলো। এবার তুমিই বল, এত কিছু সহ্য করার পরও যদি ডাল ভাঙে তাহলে কেমন করে মুখ তুলে তাকাই?
ভ্রমর বলে- সত্যিই তোমার সাথে কাজের বুয়া অনেক অন্যায় করেছে। কাজের বুয়াকে একটা শিক্ষা দিতে হবে। হুল ফুটিয়ে দিয়ে আসবো নাকি?
গোলাপ রানি বলে- অযথা কাউকে কষ্ট দিয়ে লাভ নেই। ওদের মতো মানুষদের যেদিন হুঁশ হবে সেদিন ওরা ঠিকই বুঝতে পারবে।
ভ্রমর বলে- সত্যি তুমি খুব ভালো গোলাপ রানি। আমাকে এবার যেতে হবে। তোমরা সবাই ভালো থেকো। এই বলে ভ্রমর গুনগুন করে গান গাইতে গাইতে নিমিষেই মিলিয়ে গেল। এ পাড়া ও পাড়ার ফুলেরা আবারও গল্পে মেতে উঠলো…।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫