নতুন কুঁড়ি আমরা ফুটাই
আনি রঙিন ভোর
মুছতে হবে আমায়-তোমায়
আঁধার কালো ঘোর।
বন্ধু চলো আলোক আনি
দিয়ে প্রাণ ও মন
জ্বালবো আলো নবীন প্রাণে
করি সবাই পণ।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫
নতুন কুঁড়ি আমরা ফুটাই
আনি রঙিন ভোর
মুছতে হবে আমায়-তোমায়
আঁধার কালো ঘোর।
বন্ধু চলো আলোক আনি
দিয়ে প্রাণ ও মন
জ্বালবো আলো নবীন প্রাণে
করি সবাই পণ।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫
পদ্মা বিধৌত রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর পশ্চিমাঞ্চলে শিক্ষার উন্নতিকল্পে রাজশাহী পুলিশ লাইন চত্বরে অবস্থিত ১.৬৫ একর জমির উপর ১৯৫৯ সালের ১৭ জুলাই তদানীন্তন পূর্ব পাকিস্তানের গভর্নর কর্তৃক একটি প্রাথমিক বিদ্যালয়ের সূচনাফলক উন্মোচনের মাধ্যমে এই শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৭৮ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় এবং ১৯৭১ খ্রিষ্টাব্দে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তদানীন্তন রাজশাহী অঞ্চলের ডি.আই.জি. মরহুম মামুন মাহমুদ এর নামে বিদ্যালয়টির নামকরণ করা হয়। বিদ্যালয়টি ১ জানুয়ারি ১৯৮০ সালে নিম্ন মাধ্যমিক এবং ১ জানুয়ারি ১৯৮১ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৯৫ সালে এটিকে দ্বাদশ শ্রেণিতে উন্নীত করা হয় এবং এর নামকরণ করা হয় ‘শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ।’
শিক্ষা কার্যক্রম : শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান। এটিতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রাথমিক ও মাধ্যমিক শাখায় পাঠদান বাংলা মাধ্যমে পরিচালিত হয়। উচ্চ মাধ্যমিক শাখায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান করা হয়। বর্তমানে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলে বিদ্যালয়ে মোট ১৮০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম : শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ তার সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্যও পরিচিত। প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে- শিক্ষা সফর, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক মূল্যবোধ ও দেশপ্রেম অর্জন করে।
বিদ্যালয়ের সাধারণ তথ্য
স্কুলের নাম : শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিষ্ঠাকাল : ১৯৫৯
ঠিকানা : রাজশাহী পুলিশ লাইন, রাজশাহী
পোস্ট অফিস : রাজশাহী
পোস্ট কোড : ৬০০০
উপজেলা : রাজপাড়া
জেলা : রাজশাহী
বিভাগ : রাজশাহী
ফোন : ০২৫৮৮৮৫২৯৪৩
প্রধান শিক্ষকের নাম : এমডি শফিকুল ইসলাম
মোবাইল : ০১৭১৬৬২৭৮০০
মোট ছাত্র/ছাত্রী : ১৮০০
মোট জমির পরিমাণ (একর) : ১.৬৫ একর
ভবন সংখ্যা : ৩টি
মোট শ্রেণিকক্ষ সংখ্যা : ৪৫টি
বিজ্ঞানাগার এর জন্য কক্ষ সংখ্যা : ৪টি
পাঠাগার এর জন্য কক্ষ সংখ্যা : ১টি
অডিটোরিয়াম আছে কি না : আছে।
সীমানা প্রাচীর আছে কি না : আছে।
প্রধান শিক্ষকের মন্তব্য:
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজটি ১৯৫৯ খ্রিস্টাব্দে প্রাথমিক শাখা নিয়ে স্থাপিত হয়। তৎকালীন রাজশাহীর পুলিশ সুপার জনাব বুরহানুল ইসলাম সিদ্দিকী ১.৬৫ একর জমি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করেন। প্রতিষ্ঠানের নাম যেহেতু ‘শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ’, প্রশ্ন হলো এই শহীদ মামুন মাহমুদ কে?
‘শহীদ মামুন মাহমুদ’ ১৯৭১ সালে রাজশাহী রেঞ্জ-এর উওএ ছিলেন এবং শহিদ হন। ব্যস, এটুকুর বাইরে আর কোনো ছবি বা লিখিত ডকুমেন্ট পেলাম না। পরে স্ব-উদ্যোগে খোঁজ নিয়ে শহীদ মামুন মাহমুদের দুই সন্তান-এর সন্ধান পাই। শহীদ মামুন মাহমুদের কন্যা ডাক্তার যেবা মাহমুদ আমাকে সার্বিকভাবে ছবি ও তথ্য দিয়ে সহায়তা করেন। বর্তমানে শহীদ মামুন মাহমুদের ছবি অধ্যক্ষ এবং শিক্ষক কমনরুমে টানানো রয়েছে এবং প্রতিবছর শিক্ষার্থীদের ডায়েরিতে তাঁর জীবনী ছাপানো হয়।
পরবর্তীতে ডাক্তার যেবা মাহমুদ বিদ্যালয়ের জন্য অনুদান দেন এবং তাঁর মায়ের নামে রবীন্দ্রভবনের দোতলায় মুশফিকা মাহমুদ স্মৃতি মিলনায়তন তৈরি করা হয়।
শহীদ মামুন মাহমুদের বিষয়ে খোঁজ নিতে গিয়ে মজার কিছু তথ্যও খুঁজে পেয়েছিলাম। যেমন- ৫ বছর বয়সে শহীদ মামুন রবীন্দ্রনাথ ঠাকুর-এর কাছে চিঠি লিখেছিলেন এবং কবি তাঁর চিঠির উত্তরও দিয়েছিলেন।
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিবৃন্দ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে স্বাগতম! আমাদের প্রতিষ্ঠানে, আমরা একটি ব্যতিক্রমী শিক্ষা প্রদানের জন্য নিবেদিত যা শিক্ষার্থীদের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সাফল্যের জন্য প্রস্তুত করে। উদ্ভাবন এবং ব্যক্তিগতকৃত শিক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি নিশ্চিত করে যে প্রতিটি শিক্ষার্থী একাডেমিক এবং ব্যক্তিগতভাবে উন্নতির জন্য প্রয়োজনীয় সহায়তা পায়।
একসাথে, আসুন সমৃদ্ধি এবং অর্জনের এই যাত্রাকে আলিঙ্গন করি। আমাদের স্কুল পরিবারের অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। উষ্ণ শুভেচ্ছা।
শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ি শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল নিয়ে ফিচার করতে যাচ্ছে জেনে আনন্দিত হয়েছি। মাসিক ফুলকুঁঁড়ি শিশুদের মেধা ও সৃজনশীল প্রতিভা বিকাশে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। আমি শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ির বহুল প্রচার ও উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করি।
মাসিক ফুলকুঁড়ির সাথে কথা হয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. জুলফিকার আলী জুয়েল-এর আলোচনার চুম্বকাংশ তুলে ধরা হলো –
মাসিক ফুলকুঁড়ি : এই বিদ্যালয়ে পড়াশুনা করে তোমার অনুভূতি কেমন?
জুলফিকার : আমি এখানে খুব ভালো অনুভব করি, কারণ শিক্ষকরা সহায়ক এবং বিদ্যালয়ের পরিবেশ অনেক ভালো। শিক্ষকরা আমাদের বিভিন্নভাবে পড়ালেখার ব্যাপারে উৎসাহিত করে থাকেন। তারা সর্বোচ্চ চেষ্টা করেন যেন আমরা বিশ্বমানের সুনাগরিক হতে পারি।
মাসিক ফুলকুঁড়ি : তোমার বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি তোমার কেমন লাগে?
জুলফিকার : শিক্ষকরা খুব যত্নসহকারে পাঠদান করেন এবং যে কোনও প্রশ্নের উত্তর দিতে সদা প্রস্তুত। এছাড়া শিক্ষকরা দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে নজর রাখেন।
মাসিক ফুলকুঁড়ি : কেউ তোমার বিদ্যালয়ে পড়তে চাইলে তুমি তাকে কী পরামর্শ দিবে?
জুলফিকার : আমি তাকে বলবো যে এখানে শিক্ষার পরিবেশ অনেক ভালো এবং শিক্ষকরা খুব সহায়তা করেন, তবে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
মাসিক ফুলকুঁড়ি : বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি আরো উন্নত করতে তোমার পরামর্শ কী?
জুলফিকার : আমি মনে করি পাঠদান পদ্ধতিতে কিছু প্রযুক্তি ব্যবহার করলে আরও কার্যকরী হবে, যেমন অনলাইন ক্লাস বা মাল্টিমিডিয়া উপকরণ ব্যবহার।
মাসিক ফুলকুঁড়ি : তোমার বিদ্যালয় নিয়ে একবাক্যে তোমার মন্তব্য বলো।
জুলফিকার : আমার বিদ্যালয় খুব ভালো, শিক্ষকরা আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে অনেক সহায়তা করেন এবং বিদ্যালয়ের পরিবেশ খুবই সহায়ক। আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫
বেড়াতে কার না ভালো লাগে। আর তা যদি হয় ভিন্ন একটি শহরে? নতুন কিছু জানার জন্য তা একটা সুযোগই বটে। ছাত্রছাত্রীরা অনেকেই শিক্ষা সফরে বা নৌভ্রমণে চাঁদপুর এসে থাকে। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল চাঁদপুর। প্রতি বছর এখানকার ও আশপাশের নদীতে ধরা দেয় অসংখ্য ইলিশ। এখানে গড়ে উঠেছে দেশের বৃহত্তম ইলিশের বাজার। ইলিশ মাছের অন্যতম উৎপাদনক্ষেত্র চাঁদপুরকে ডাকা হয় ‘ইলিশের বাড়ি’ নামে। ইলিশ খেতে ও কিনতে দেশের নানা প্রান্ত থেকে এই ইলিশবাজারে মানুষের ঢল নামে। এই ইলিশ চলে যায় বিভিন্ন জেলাসহ দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে। বলছিলাম চাঁদপুর শহরের কথা। এটা অনেক পুরনো শহর। এটাকে এক সময় বলা হতো গেটওয়ে টু ইস্টার্ন ইন্ডিয়া। মানে আগে ভারতবর্ষের যে কোনো স্থান থেকে পূর্ব ভারতে মানে বর্তমান বাংলাদেশের এলাকাগুলো যেমন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালীতে আসতে চাঁদপুর হয়ে আসতে হতো। কলকাতা থেকে গোয়ালন্দ হয়ে চাঁদপুর। তার পর নারায়ণগঞ্জ হয়ে ঢাকা।
চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে চাঁদপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণিভুক্ত জেলা। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি চাঁদপুর নামে ডাকা হয়। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৯৬ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ২০৮ কিলোমিটার। চাঁদপুরের মোট আয়তন ১,৭০৪.০৬ বর্গ কিলোমিটার। এ জেলার উত্তরে কুমিল্লা, মেঘনা নদী ও মুন্সীগঞ্জ, দক্ষিণে লক্ষ্মীপুর ও নোয়াখালী, পূর্বে কুমিল্লা, পশ্চিমে মেঘনা নদী, নদীর ওপারে মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও বরিশাল। পদ্মা ও মেঘনা নদী দুটি চাঁদপুর শহরের কাছে এসে মিলেছে।
ট্রাভেল বাংলা হলিডেজের ডে লং ট্যুরের অংশ হিসেবে ভ্রমণের আয়োজন। অন্য কয়েকজনের মতো আমিও সকাল আটটায় আমার বাসা থেকে সদরঘাটে পৌঁছলাম। এসে দেখি সবাই হাজির। দু-একজন আসতে বাকি। অল্পক্ষণের মধ্যে সবাই এসে গেল। পরিচালক ভাইয়া ও সহায়ক এক বোন আমাদের দেখাশোনার দায়িত্বে। এর পর লঞ্চে আরোহনের পালা। বিশাল দোতলা লঞ্চ। দোতলায় উঠে আসন নিলাম। সাথে সাথে নাশতা এসে গেল। গরম গরম পরোটা, ভাজি ও ডিম। শীতের সকালে ভালোই লাগলো। এর পর খেলাম চা। বলা উচিত পান করলাম। লঞ্চ বা জাহাজ যাই বলি না কেন- বুড়িগঙ্গা বেয়ে ছুটে চলেছে। আমার লঞ্চ ভ্রমণ নতুন নয়। কিন্তু অনেকেরই নতুন অভিজ্ঞতা। ভালোই লাগছিল।
এবার ইলিশের কথা বলি। ষাটনল পার হতেই দুপাশে বিশাল নদী। এপার থেকে ওপার দেখা যায় না। পরিচালক ভাইয়া বললেন, এটা মেঘনা নদী। এটাই চাঁদপুর গেছে। এই নদীতে ইলিশ ধরা হয়। নৌকা ও জেলেদের দেখালেন তিনি। দেখতে পেলাম তারা ইলিশ শিকার করছে। চকচকে রূপালি ইলিশ। এই ইলিশ ধরার পর চাঁদপুরে নেয়া হয়। ভোর থেকেই সেখানে ইলিশের ঘাটে ইলিশের পসরা বসে। চাঁদপুরের ইলিশ চেনার সহজ কিছু উপায় আছে। এখানকার ইলিশ একেবারে চকচকে রূপালি রংয়ের হয়ে থাকে। অন্যান্য জায়গার ইলিশের রূপালি রংয়ের সঙ্গে লালচে আভা দেখা যায়। প্রকৃত স্বাদের ইলিশ ওজনে সাতশ থেকে আটশ গ্রামের হয়। এর চেয়ে বড় হলে ইলিশের স্বাদ কমে যায়।
দুপুর সাড়ে বারোটা নাগাদ চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছালাম। নামার পর ইজিবাইকে করে আমাদের নেয়া হলো সুন্দর একটা মিষ্টির দোকানে। এর নাম ওয়ান মিনিট। মিষ্টির দোকানে কেন আনা হলো একটু পর বুঝতে পারলাম। সেখানে আছে বহুদিনের ঐতিহ্যবাহী একটি আইসক্রিম। এক মিনিটে মেশিনের সাহায্যে এই আইসক্রিম তৈরি হয়, খেতে খুব মজাদার। সবাই খেয়ে প্রশংসা করতে লাগলো। এদের মিষ্টিও ভালো। অনেকে কিনে নিলো। আমাদের সাথে ছিল স্কুল পড়ুয়া একটি কিশোর। সেও খুব মজা করে খেলো। এর পর আমরা এলাম নদীর ঘাটে। ইলিশ ছাড়াও চাঁদপুরে আছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা। মোহনাটি খুব সুন্দর করে পার্কের মতো করে সাজানো হয়েছে। সেখানে আমরা কতক্ষণ ঘুরে বেড়ালাম। এ জায়গাটাকে বলে তিন নদীর মোহনা। এর আরেক নাম মোলহেড। তিন নদীর মোহনায় ঘুর্ণিপাকের সৃষ্টি হয়। যা ভয়ংকর বেশ। বহু নৌযান দুর্ঘটনায় পড়েছে এখানে। সতর্ক থাকা ভালো। সেখানে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিতে সমৃদ্ধ একটি স্থাপনা। তিন নদীর মোহনায় শহিদদের আত্মত্যাগের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে ভাস্কর্য ‘রক্তধারা’। নদীঘেরা এই ছোট্ট শহর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে আছে লেকের ওপর নির্মিত ভাস্কর্য ‘অঙ্গীকার’। শহরের প্রাণকেন্দ্রে রয়েছে ‘ইলিশ চত্বর’। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটও চাঁদপুরে।
দুপুরের খাবার খাওয়ার আগে গেলাম ইলিশের বাজার দেখতে। মাছ ঘাটের সঙ্গে বিশাল ইলিশের বাজার। সেখান থেকে সারা দেশে যায় ইলিশের চালান। টাটকা ইলিশ কিনতে অনেকে আসেন বিভিন্ন জেলা থেকে, রাজধানী থেকে। আমাদের সহযাত্রী কয়েকজন ইলিশ কিনলেন। কিনলাম আমিও। বরফ দিয়ে প্যাকেট করে দিলো। যাবার সময় লঞ্চে করে নেব সবাই। এর পর পাশেই ছোট মতো একটি হোটেলে খাবারের আয়োজন। ইলিশ মাছ ভাজা, বেগুনভাজা আর ডাল। মাছ যে যা খেতে চায়। ইলিশের সাথে ভাজা মরিচ আর ইলিশ মাছের তেল। যে যে টুকরো খেতে চায় সাথে সাথেই ভেজে দিচ্ছে । গরম গরম খাওয়া। সে এক অপূর্ব স্বাদ।
তিন নদীর মোহনা থেকে নৌকায় পাড়ি জমালেই মেঘনা ও পদ্মার চর। নাম মিনি কক্সবাজার। আমাদের এজেন্সি বিশেষ ট্রলারের ব্যবস্থা করেছে। আমরা উঠতেই ভট ভট করে ছেড়ে দিলো। বিশাল নদী পার হয়ে যাওয়ার পথে নদীর বুকে জেলেদের মাছ ধরা, বিশাল জলরাশির কলকল ধ্বনি ও নদীর শীতল বাতাসের অনুভূতি মন ছুঁয়ে গেল। বালুচরের পাশাপাশি নদীর উত্তাল ঢেউ মনকে কিছুক্ষণের জন্য নিয়ে যাবে কক্সবাজার সৈকতে। তাই এর নাম রাখা হয়েছে মিনি কক্সবাজার। সেখানে বালি চরে আছে কাশফুলের মেলা। চর থেকে ফিরে সন্ধ্যার পূর্বে নদীর বুকে লাল সূর্যের লুকিয়ে যাওয়ার মনোরম দৃশ্য না দেখলে বলে বোঝানো যাবে না। মিনি কক্সবাজারে পদ্মা ও মেঘনার মিলনস্থলটি দেখলাম। ঘণ্টাখানেক প্রকৃতির মাঝে থাকার পর ফিরে এলাম তিন নদীর মোহনায়। এবার ফেরার পালা। বিকাল সাড়ে পাঁচটার লঞ্চে আরোহন করলাম সবাই। সুন্দর ব্যবস্থা আগে থেকে করে রেখেছে এজেন্সী। ফলে কোনো অসুবিধাই হলো না। রাত আটটায় ফিরে এলাম সদরঘাট। ফুলকুঁড়ি বন্ধুরা, তোমরাও শিক্ষাসফর বা পরিবারের সাথে ঘুরে আসতে পারো ঐতিহ্যের জেলা চাঁদপুর।
যেভাবে যেতে হবে :
ঢাকার সদরঘাট থেকে লঞ্চে চাঁদপুর। সকাল থেকে প্রায় প্রতি ঘণ্টায় উভয় দিকেই লঞ্চ রয়েছে। লঞ্চ থেকে চাঁদপুর ঘাটে নামলেই ইলিশের শহর। লঞ্চঘাট থেকে রিকশা/অটোতে ওয়ান মিনিট, ইলিশের বাজার ও অন্যান্য স্থানে যাওয়া যায়। ইলিশের বাজার থেকে পাঁচ মিনিট হাঁটলেই তিন নদীর মোহনা। মোহনা থেকে নৌকায় মিনি কক্সবাজার। ঢাকা থেকে চাঁদপুর বাসেও যাওয়া যায়। চট্টগ্রাম থেকে আসা যায় ট্রেনে করে।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫
প্রশ্ন : ১
আসসালামু আলাইকুম সবজান্তা ভাইয়া, কেমন আছো?
প্রশ্ন দেখার পর আর ভালো থাকবে কি না জানি না।
তবে উত্তর দিতে পারলে সাতক্ষীরায় চিংড়ি খাওয়ার
দাওয়াত থাকলো।
১। নিউটনের নানার দাদার নাম কী?
২। আমার মাথায় কয়টি চুল আছে?
৩। আমার প্রিয় রং কী?
৪। পৃথিবীতে পিঁপড়ার সংখ্যা কত?
৫। কোন দেশে সবচেয়ে বেশি জীবাণু আছে?
৬। পৃথিবীতে মৃত মানুষের সংখ্যা কত?
৭। পৃথিবীতে কোন নামের মানুষ সবচেয়ে বেশি?
-ফাহীম আহমাদ
ষষ্ঠ শ্রেণি, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা।
সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। অনেক ভালো আছি। চিংড়ির
দাওয়াত পেয়ে ব্যাপক খুশি লাগছে।
১. নিউটনের নানার দাদার নাম ফ্রান্সিস এসকফ। এবার
তোমার দাদার নানার নাম লিখে পাঠাও।
২. আড়াই লাখ। বিশ্বাস না হলে গুণে দেখো।
৩. ল্যাভেন্ডার।
৪. কেন? কামড়ে দিয়েছে নাকি?
৫. তোমার এক হাতেই কোটি খানেক ব্যাকটেরিয়া
থাকে। আগে নিজের হাত ধোও ঠিকমতো!
৬. মৃত মানুষ তো পৃথিবীতে থাকে না।
৭. মুহাম্মাদ নামের মানুষ বেশি।
প্রশ্ন : ২
সকল শিশুর ভালোবাসার
প্রিয় জান্তা ভাই,
আমার মনের প্রশ্নগুলোর
জবাবটা ঠিক চাই।
বড় হয়ে দেখতে আমি
কেমন হবো বলো?
কাঁদলে কেন হয় দুটি চোখ
অশ্রু ছলোছলো?
চারকোণা না হয়ে কেন
গাড়ির চাকা গোল?
দুড়ুম দুড়ুম শব্দ করে
বাজে কেন ঢোল?
মেঘছাড়া ওই বিশাল আকাশ
দেখতে কেন নীল
বাংলাদেশে বলো দেখি
কয়টা আছে বিল?
আমার কঠিন প্রশ্ন দেখে
পাচ্ছো কি ভাই ভয়?
ভয়ে তুমি কাঁপলে তবেই
হবে আমার জয়।
-সাজিরুল ইসলাম সোহান
সপ্তম শ্রেণি, স্টুডেন্ট কেয়ার
মডেল স্কুল, মান্দা, নওগাঁ।
সবজান্তার উত্তর : ২
আহা, উঁহু কাঁপছি ভীষণ!
প্রশ্নে তো নয়, শীতে!
কী হলো তো! এবার না হয়,
তুমিই গেলে জিতে!
আগে বলো- লক্ষ্য তোমার,
কেমন হতে চাও?
তোমায় নিয়ে ছুটবে ভীষণ
লক্ষ্য নামের নাও।
কান্না হলো দুখের ধারা
অশ্রু হয়ে ঝরে
গাড়ির চাকা গোল না হলে
থাকতো ঘরেই পড়ে।
ঢোলের কাজই শব্দ করা
জানান দেয়া লোকে
নীলটা ভীষণ ছড়ায় বলে
আকাশকে দেয় ঢেকে।
ছয় হাজারের বেশি আছে
ফসল ভরা বিল
জবাব পেয়ে এবার বলো
খুশ হলো কি দিল?
সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫
ফেব্রুয়ারি মানেই ভাষার জন্য যুদ্ধ, বাঙালির ভাষা ও মুক্তির আন্দোলনের অন্যতম ভিত। ফেব্রুয়ারি মানেই সালাম, বরকত, জব্বার, শফিক কিংবা প্রভাত-ফেরির মিছিল। ফেব্রুয়ারি মানেই প্রাণের বইমেলা। বন্ধুরা! সবাইকে ভাষার মাসে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি তোমাদের খুবই পরিচিত ও প্রিয় জিনিস ‘বই’।
মানবসভ্যতার ইতিহাসে একটি অমূল্য সম্পদের নাম বই, যা জ্ঞানের ভাণ্ডার এবং সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। এটি আমাদের জ্ঞান বাড়ায় এবং সবসময় নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। বই পড়ে আমরা বিভিন্ন দেশের মানুষ, সংস্কৃতি, প্রকৃতি এবং বিজ্ঞানের নানা বিষয় সম্পর্কে জানতে পারি। এটি শুধু মজার গল্প বলে না, আমাদের মনও ভালো করে। বই পড়লে আমরা ভালো কথা শিখি এবং কল্পনার জগতে ভ্রমণ করতে পারি। এটি আমাদের চিন্তাশক্তি বাড়ায় এবং ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বই পড়ার মাধ্যমে আমরা নতুন নতুন ধারণা পাই, যা আমাদের ভবিষ্যতের জন্য উপকারী পাথেয়। যারা নিয়মিত বই পড়ে, তারা বুদ্ধিমান ও সফল হয়। তাই সবার আগে আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা দরকার, কারণ বই আমাদের জীবনে আলোর পথ দেখায়।
বই মানুষের জীবনের এক অনন্য নিয়ামক। এখান থেকে তুমি যতই জ্ঞান আহরণ করো না কেন, এটি কখনো ক্লান্ত হয় না, কখনো বিরক্ত হয় না। আমাদের জন্য বই শুধু জ্ঞান আহরণের উপকরণ নয়, বরং এটি আমাদের কল্পনার জগৎকেও রঙিন করে তোলে। বইয়ের সাথে বন্ধুত্ব গড়ার মাধ্যমে আমরা হয়ে উঠি আরও জানুক, আরও চিন্তক ও আরও সচেতন। চলো তাহলে জেনে নিই, কেন বইয়ের সাথে সখ্যতা গড়ে তোলা উচিত এবং এটি কীভাবে আমাদের জীবনে চমৎকার প্রভাব ফেলে।
বই পড়ার অভ্যাস গড়ে তোলা কেন জরুরি?
বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই তৈরি করা উচিত। কারণ এটি আমাদের মনোজগতে গভীর প্রভাব ফেলে। এ কথা খুবই পরিচিত যে, নিয়মিত বই পড়ার অনেক উপকারিতা রয়েছে। এ জন্য বই পাঠ খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের চিন্তা করার ক্ষমতা বাড়ায় এবং কল্পনার জগৎকে সমৃদ্ধ করে। বিভিন্ন ধরনের বই পড়ে আমরা নতুন নতুন চরিত্র, স্থান ও ঘটনা সম্পর্কে খুব সহজেই জানতে পারি। এর ফলে আমাদের মনের মধ্যে সৃষ্টিশীলতা জন্মায়। এছাড়াও বই আমাদের ধৈর্য ও মনোযোগ ধরে রাখতে শেখায়। এটি যেমন তোমার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করবে, তেমনি ভাষাতেও তোমাকে দক্ষ করে গড়ে তুলবে।
বই মানুষের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। তোমরা যখন বই পড়বে, তখন ভালো-মন্দের পার্থক্য শিখতে পারবে। নীতিকথা, গল্প ও উপদেশমূলক বই তোমাদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে। গল্পের চরিত্রদের ভালো কাজগুলো দেখে তোমরা সঠিক পথে চলার শিক্ষা পাবে। একইসাথে বই পড়ে তোমরা দয়া, সততা, সহানুভূতি ও সম্মানের মতো গুণাবলি অর্জন করতে শিখবে। এটি তোমাদের জীবনকে সুশৃঙ্খল করে গড়ে তুলবে।
প্রযুক্তি বনাম বই
আজকের দিনে প্রযুক্তি যেমন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তেমনি এটি প্রতিনিয়তই আমাদের বই পড়ার অভ্যাস থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মোবাইল, ট্যাব বা কম্পিউটারের স্ক্রিনে কাটানো সময় আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে। অপরদিকে একটি ছোট গল্পের বইয়ের মাধ্যমে হলেও তোমরা নতুন নতুন ধারণা সম্পর্কে জানতে পারবে, নিজেদের চিন্তাশক্তি বাড়াতে পারবে। তবে প্রযুক্তি ও বই মোটেও একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং তারা একে অপরের পরিপূরক। প্রযুক্তি নতুন কিছু শেখার দ্রুত মাধ্যম হতে পারে, কিন্তু বই গভীর জ্ঞান ও মানসিক প্রশান্তি দেয়। তাই, আমাদের জীবনে প্রযুক্তি ও বইয়ের সঠিক ভারসাম্য থাকা উচিত। প্রযুক্তি শেখার জন্য, আর বই জীবন গড়ার জন্য অপরিহার্য।
পৃথিবীতে কত ধরনের বই পাওয়া যায়?
পৃথিবীতে নানা ধরনের বই পাওয়া যায়, যা আমাদের জ্ঞান, কল্পনা এবং বিনোদনের চাহিদা পূরণ করে। গল্পের বই শিশুদের কল্পনাশক্তি বাড়ায় এবং আনন্দ দেয়। উপন্যাসের বই বিভিন্ন চরিত্র ও জীবনের গল্প উপস্থাপন করে। ইতিহাসের বই থেকে মানুষ অতীতের ঘটনা ও শিক্ষা সম্পর্কে জানতে পারে। কবিতার বই আমাদের আবেগকে জাগিয়ে তোলে এবং ভাষার সৌন্দর্য তুলে ধরে। আত্মউন্নয়নের বই আমাদের ব্যক্তিগত ও পেশাগত উন্নতিতে সাহায্য করে। ধর্মীয় বই বিভিন্ন ধর্মের শিক্ষা ও নৈতিকতা সম্পর্কে জানায়। রন্ধনশাস্ত্রের বইতে বিভিন্ন রেসিপি এবং রান্নার পদ্ধতি শেখানো হয়। ভ্রমণসংক্রান্ত বই মানুষকে বিশ্বের বিভিন্ন স্থান সম্পর্কে জানতে সাহায্য করে।
বিজ্ঞান কল্পকাহিনি, রহস্য, থ্রিলার, জীবনী, স্বাস্থ্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক বইও জনপ্রিয়। বর্তমান সময়ের ডিজিটাল যুগে ই-বুক এবং অডিওবুকও বেশ জনপ্রিয় হয়েছে। বইয়ের এই সৃষ্টিশীল বৈচিত্র্য আমাদের চিন্তাধারা ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। তাই, পৃথিবীতে প্রায় সব বিষয়ে বই পাওয়া যায়, যা প্রতিটি মানুষের মনের চাহিদা পূরণ করতে সক্ষম।
বই পাঠের ব্যাপারে ইসলাম কী বলে-
বই পড়ার গুরুত্ব কুরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কুরআনের প্রথম নাজিল হওয়া শব্দ ছিল ইকরা, যার অর্থ পড়ো। এটি মানবজাতিকে জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করে। আল্লাহ তায়ালা বলেছেন, “যারা জানে আর যারা জানে না, তারা কি সমান?” এই আয়াতটি পড়া ও জ্ঞানার্জনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে।
হাদিসেও বই পড়া ও জ্ঞান অর্জনের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, “জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ।”
কুরআন ও হাদিসে বই পড়াকে আলোকিত জীবনের পথ বলে বর্ণনা করা হয়েছে। এটি মানুষের চিন্তাশক্তি বৃদ্ধি করে এবং সঠিক পথে পরিচালিত করে। ইসলামে বই পড়া কেবল ধর্মীয় শিক্ষা নয়, বরং বৈজ্ঞানিক, সামাজিক ও নৈতিক জ্ঞান অর্জনেও উৎসাহিত করে। তাই, বই পড়া ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মূল্যবান একটি কাজ।
বেশি বেশি পাঠাভ্যাস তৈরি করতে আমাদের কী কী করা প্রয়োজন?
প্রথমত, সবার মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বাড়িতে বই পড়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। ছোটদের জন্য তাদের বয়স উপযোগী রঙিন এবং আকর্ষণীয় বই থাকতে পারে। বইগুলো সহজে পাওয়া যায় এমন স্থানে রাখলে ছোটরা স্বাভাবিকভাবেই বইয়ের প্রতি আগ্রহী হবে।
দ্বিতীয়ত, পাঠাভ্যাস গড়ে তুলতে প্রয়োজন সচেতনতা সৃষ্টি করা। বই পড়ার গুরুত্ব সম্পর্কে মানুষকে জানানো জরুরি। বাড়িতে হোক কিংবা কর্মস্থলে একটি পাঠপরিবেশ তৈরি করা যেতে পারে, যেখানে সবাই বই পড়ার সুযোগ পায়। স্থানীয় লাইব্রেরিগুলোতে সহজলভ্য এবং আকর্ষণীয় বই রাখার ব্যবস্থা করা উচিত, যাতে পাঠকদের আগ্রহ বাড়ে।
তৃতীয়ত, অভিভাবকদেরও উচিত শিশুদের সামনে বই পড়ার অভ্যাস দেখানো। শিশুরা তাদের অভিভাবকদের কাছ থেকে শিখে, তাই যদি বাবা-মা নিয়মিত বই পড়েন, তাহলে শিশুরাও সহজেই বইয়ের প্রতি আগ্রহী হবে। শিশুদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা যেতে পারে, যেমন ঘুমানোর আগে একটি গল্পের বই পড়া। এটি তাদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।
চতুর্থত, শিশুদের সঙ্গে লাইব্রেরি ভ্রমণ একটি চমৎকার অভ্যাস হতে পারে। এটি তাদের বইয়ের জগৎ সম্পর্কে জানতে এবং পছন্দমতো বই নির্বাচন করতে উৎসাহিত করবে। এছাড়া স্কুলে বই পড়ার কার্যক্রম, বইমেলা পরিদর্শন এবং পাঠ প্রতিযোগিতার আয়োজন আমাদের শিশুদের মধ্যে পাঠাভ্যাস বাড়াতে সহায়ক। প্রযুক্তির যুগে ই-বুক এবং অডিওবুক ব্যবহারও পাঠাভ্যাস বাড়ানোর একটি কার্যকর উপায় হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে বই পড়ার অভিজ্ঞতা শেয়ার করে পাঠাভ্যাসকে তোমরাই জনপ্রিয় করে তুলতে পারো।
সবশেষে, সবাইকে পছন্দমতো বই পড়তে উৎসাহ দেওয়া প্রয়োজন বিশেষত শিশুদের। জোর করে পড়ানোর চেষ্টা করা উচিত নয় এতে যে কেউ আগ্রহ হারাতে পারে। শিশুদের গল্প বলার মাধ্যমে বইয়ের প্রতি আগ্রহ তৈরি করা যেতে পারে। পাঠাভ্যাস শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং এটি সৃজনশীলতা, মনোযোগ, এবং নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বইমেলা :
বইমেলা বিশ্বের বিভিন্ন দেশে সাহিত্য ও সংস্কৃতির মিলনস্থল। বাংলাদেশে একুশে বইমেলা ভাষা আন্দোলনের স্মারক। ভারতের কলকাতায় অনুষ্ঠিত বইমেলা এশিয়ার সবচেয়ে বড় মেলা। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক বইমেলায় সাহিত্য ও প্রযুক্তির সমন্বয় ঘটে থাকে। বইমেলা আমাদেরকে জ্ঞান ও সংস্কৃতির সাথে যুক্ত করে। সুতরাং আমাদের বইমেলা ঘুরে দেখা উচিত।
বই পড়ার অভ্যাস গড়ে তোলা সবার জীবনের সবচেয়ে বড় একটি সম্পদ হতে পারে। এটি অবশ্যই আমাদের সফল, সৃজনশীল এবং দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করবে। তাই বইয়ের সাথে সখ্যতা গড়ে তোলার জন্য তোমাদের এখন থেকেই চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা যখন বইয়ের সাথে বন্ধুত্ব করব, তখনই আমাদের জীবনের পথ আলোকিত হবে।
“বইয়ের সাথে হোক সখ্যতা” এই স্লোগানকে সামনে রেখে আমরা যদি নিজেদেরকে বই পড়ায় উৎসাহিত করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল ও সম্ভাবনাময়। আজ এ পর্যন্তই! আবারও কথা হবে ভিন্ন কোনো বিষয়ে, ভিন্ন কোনো আয়োজনে।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫
দ্বৈত খেলা
উপকরণ : প্লাস্টিক কাপ, ছোট প্লাস্টিক বল ও ফিতা (প্রত্যেক সদস্যের জন্য)
বন্ধুরা, আজকে যে খেলাটির কথা তোমাদের বলবো তা অনেকটা দৌড়ানোর খেলা; তবে বুদ্ধিও কাজে লাগাতে হবে। এ খেলার জন্য দুইজন করে একেকটি দল হবে। দলের প্রথম প্রান্তের সদস্যরা সূতার ফিতার সাহায্যে মাথায় (চোখের পাশে) একটি প্লাস্টিক কাপ বেঁধে রাখবে; কাপের মধ্যে প্লাস্টিক বল থাকবে। শেষপ্রান্তের সীমারেখায় প্রত্যেক দলের দ্বিতীয় সদস্য পূর্বের মতোই প্লাস্টিক কাপ বেঁধে অপেক্ষা করবে। এবার পরিচালক খেলা শুরুর সংকেত দিলে প্রথম প্রান্তের সদস্যরা দৌড়ে শেষপ্রান্তে পৌঁছে কাপের মধ্যে রাখা প্লাস্টিক বলটি হাতের কোনো সাহায্য ছাড়া দ্বিতীয় সদস্যের কাপের মধ্যে রাখবে। বল রাখতে গিয়ে যদি বলটি নিচে পড়ে যায় তাহলে শেষ হয়ে যাবে। বলটি কাপের মধ্যে রাখার সাথে সাথে দ্বিতীয় সদস্যটি দৌড়ে সবার প্রথমে যে প্রথম প্রান্তে পৌঁছাবে সে দল বিজয়ী হবে।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫