প্রশ্ন : ১
আসসালামু আলাইকুম সবজান্তা ভাইয়া, কেমন আছো?
প্রশ্ন দেখার পর আর ভালো থাকবে কি না জানি না।
তবে উত্তর দিতে পারলে সাতক্ষীরায় চিংড়ি খাওয়ার
দাওয়াত থাকলো।
১। নিউটনের নানার দাদার নাম কী?
২। আমার মাথায় কয়টি চুল আছে?
৩। আমার প্রিয় রং কী?
৪। পৃথিবীতে পিঁপড়ার সংখ্যা কত?
৫। কোন দেশে সবচেয়ে বেশি জীবাণু আছে?
৬। পৃথিবীতে মৃত মানুষের সংখ্যা কত?
৭। পৃথিবীতে কোন নামের মানুষ সবচেয়ে বেশি?
-ফাহীম আহমাদ
ষষ্ঠ শ্রেণি, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা।
সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। অনেক ভালো আছি। চিংড়ির
দাওয়াত পেয়ে ব্যাপক খুশি লাগছে।
১. নিউটনের নানার দাদার নাম ফ্রান্সিস এসকফ। এবার
তোমার দাদার নানার নাম লিখে পাঠাও।
২. আড়াই লাখ। বিশ্বাস না হলে গুণে দেখো।
৩. ল্যাভেন্ডার।
৪. কেন? কামড়ে দিয়েছে নাকি?
৫. তোমার এক হাতেই কোটি খানেক ব্যাকটেরিয়া
থাকে। আগে নিজের হাত ধোও ঠিকমতো!
৬. মৃত মানুষ তো পৃথিবীতে থাকে না।
৭. মুহাম্মাদ নামের মানুষ বেশি।
প্রশ্ন : ২
সকল শিশুর ভালোবাসার
প্রিয় জান্তা ভাই,
আমার মনের প্রশ্নগুলোর
জবাবটা ঠিক চাই।
বড় হয়ে দেখতে আমি
কেমন হবো বলো?
কাঁদলে কেন হয় দুটি চোখ
অশ্রু ছলোছলো?
চারকোণা না হয়ে কেন
গাড়ির চাকা গোল?
দুড়ুম দুড়ুম শব্দ করে
বাজে কেন ঢোল?
মেঘছাড়া ওই বিশাল আকাশ
দেখতে কেন নীল
বাংলাদেশে বলো দেখি
কয়টা আছে বিল?
আমার কঠিন প্রশ্ন দেখে
পাচ্ছো কি ভাই ভয়?
ভয়ে তুমি কাঁপলে তবেই
হবে আমার জয়।
-সাজিরুল ইসলাম সোহান
সপ্তম শ্রেণি, স্টুডেন্ট কেয়ার
মডেল স্কুল, মান্দা, নওগাঁ।
সবজান্তার উত্তর : ২
আহা, উঁহু কাঁপছি ভীষণ!
প্রশ্নে তো নয়, শীতে!
কী হলো তো! এবার না হয়,
তুমিই গেলে জিতে!
আগে বলো- লক্ষ্য তোমার,
কেমন হতে চাও?
তোমায় নিয়ে ছুটবে ভীষণ
লক্ষ্য নামের নাও।
কান্না হলো দুখের ধারা
অশ্রু হয়ে ঝরে
গাড়ির চাকা গোল না হলে
থাকতো ঘরেই পড়ে।
ঢোলের কাজই শব্দ করা
জানান দেয়া লোকে
নীলটা ভীষণ ছড়ায় বলে
আকাশকে দেয় ঢেকে।
ছয় হাজারের বেশি আছে
ফসল ভরা বিল
জবাব পেয়ে এবার বলো
খুশ হলো কি দিল?
সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫


