Home Blog Page 163

শিশুর জন্য মর্যাদা

প্রায় সব পরিবারেই শিশু থাকে।

সেই শিশু যে এখনো প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেনি। শিশুদের সঠিক বিকাশের জন্য তাদের মর্যাদা দিতে হবে। তাই আজকের বিষয়। শিশুর মর্যাদা, যেটা নিয়ে আমরা অনেকেই ভাবি না।
মর্যাদা কী?
ভাবছেন, শিশুদের আবার কিসের মর্যাদা? হ্যাঁ, শিশুদেরও মর্যাদা আছে। মর্যাদার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। তবে এটা খুঁজে বের করা সম্ভব।
ময়নেহান বলেন, ‘ঘটে যাওয়া বিষয়গুলো আমাদের ভেতরে ধীরে ধীরে যে সহিষ্ণুতা তৈরি করে সেটা আমরা বুঝতেই পারি না। শেষে মনে হয় আমাদের বোধ করি কোনো মূল্যই নেই’।
মর্যাদা অর্থাৎ সম্মান। নিজের ও অপরের জন্য সম্মান। আমরা ও অন্যরা বা শিশুরা সবাই সমান সম্মান ও যোগ্যতার দাবিদার। তাই শিশুদের সাথে এমন আচরণ করতে হবে, যেন শিশুরা গুরুত্বপূর্ণ এবং তারা সবাই আমাদের সম্মানের যোগ্য। আমরা বড়রা অনেক সময় শিশুদের সাথে সম্মানজনক আচরণ করি না। এতে তাদের মধ্যে বর্জন ও নির্বাসন ভীতি তৈরি হয় যা তার সুষ্ঠু বিকাশকে ব্যাহত করে।
শিশুদের কেন মর্যাদা দেবো?
বহু বছর ধরে আমরা শিশুদের মর্যাদা লঙ্ঘন করছি। এই আমরা তাদের ধর্ষণ করছি, দাস বানিয়ে রাখছি, উটের জকি বানানোর জন্য পাচার করছি, নানাভাবে জুলুম-অত্যচার করছি। বিদেশে পাচার করছি। অবমাননা করছি। আমরা এসব কেন করছি? করছি কারণ আমরা তাদের মর্যাদা দিচ্ছি না, অমর্যাদা করছি বলে।
অমর্যাদা শিশুদেরকে নেতিবাচক করে গড়ে তোলে। ফলে এসব শিশুরা হয় ভীতু, মেধাহীন বা ক্রমমেধাসম্পন্ন, কর্মহীন, যা শিশুর ব্যক্তিত্ব ও আত্মবোধ গঠনে বাধা দেয়।
যে সকল কারণে আমরা শিশুদের সাথে মর্যাদাপূর্ণ ও আত্মবোধ গঠনে বাধা দেয়–
* মেধার সর্বোচ্চ বিকাশের জন্য অবশ্যই তাদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করতে হবে। পড়ালেখা নিয়ে বকাঝকা না করে বরং; তাদেরকে নিয়মিত উৎসাহ দিয়ে মর্যাদাপূর্ণ ব্যবহার করতে হবে। অতিরিক্ত শাস্তি দিলে শিশুর শিক্ষার প্রতি অনিহা আসে এবং স্কুলে ঝরে পড়ার প্রবণতা বাড়তে থাকে।
* বাড়িতে শিশুদের অমর্যাদা দেখালে তারা নানা রকম সমস্যা করে। যেমন: নিয়মিত খায় না, শরীরের প্রতি যত্নশীল হয় না, নানা রকম চিন্তা ও অপমান বোধ করে বড় হয় ফলে তারা উন্নত শারীরিক মানসিক স্বাস্থ্য অর্জন করতে পারে না। তাই তাদের সবসময় মর্যাদা দিয়ে কথা বলতে হবে। কোনো রকম অসম্মানজনক আচরণ করা যাবে না।
* মর্যাদাশীল পরিবার ব্যবস্থায় এটি একটা অনুশীলন নীতি। আমরা নিজেদের জন্য যে মর্যাদার কথা ভাবি এবং যে মর্যাদা শিশুদের থেকে প্রাপ্য বলে মনে করি, সেই একই মর্যাদাপূর্ণ আচরণ যদি আমরা শিশুদের সাথেও করি তবেই আমরা একটি শান্তিপূর্ণ পরিবার তথা সমাজ গড়ে তুলতে পারব।
* দেখা যায়, শিশুদের মধ্যে যারা অপেক্ষাকৃত দুর্বল অথবা অসুস্থ তাদেরকে মর্যাদা দিতে আমরা প্রতিনিয়ত ব্যর্থ হই। এসব শিশু আক্রমণাত্মক ও নেতিবাচক আচরণ প্রদর্শন করে, রাগে-ক্ষোভে ফেটে পড়ে অথবা নানা রকম উত্তেজনা দেখিয়ে সংকট সৃষ্টি করে। শিশুদের প্রতিবাদী আচরণ রোধ করার জন্য মর্যাদা দেওয়া অতিজরুরি।
* শিশুর স্কুলের পৃষ্ঠপোষকতায় নিপীড়ন-বিরোধী কর্মসূচির মাধ্যমে ভয়াবহ নিপীড়নের হাত থেকে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাতে হবে এবং তাদের মর্যাদা দেখাতে হবে।
* শিশুর জীবনে মর্যাদার প্রয়োজনীয়তা অপরিসীম। এর অন্তর্নিহিত শক্তি এতই ক্ষীপ্র যে, এটাকে পাওয়ার চেষ্টা প্রতিহত করা হলে শিশুরা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে।
* অনেক সময় শিশুরা মর্যাদাহানির কারণে (যেমন: ইভটিজিংয়ের শিকার হলে) আত্মহত্যার পথও বেছে নেয়। শিশুদের এ ধরনের মৃত্যু বা আত্মহত্যা রোধ করতে হলে অবশ্যই তাদের সাথে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ আচরণ দেখাতে হবে।
স্কুল এবং বাড়ির পরিবেশের সাথে শিশুদের সুসম্পর্ক গড়ে তুলতে, শিশুর সামাজিক বিকাশকে সহজ করতে তাদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ বজায় রাখতে হবে।

অথৈ নীলের দেশ

অনুসন্ধিৎসু মনের একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি আজ। আচ্ছা, সাগরের পানি নীল কেন? আমরা তো পানিকে স্বচ্ছই দেখি সাধারণত। তাহলে সাগরে গেলে সেই পানিই কি নীল হয়ে যায়? আসলে পানি তো নীল হয় না, আমরা নীল দেখি। আলোর কারসাজির জন্যই এরকম ঘটে। একই কারণে আটলান্টিক মহাসাগরের পানি আবার সবুজ দেখায়।

পৃথিবীতে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, সমুদ্রের এই অথৈ নীল পানি যাদের আকর্ষণ করে না। সাগরের পাড়ে দাঁড়িয়ে তার বিশালতার মাঝে হারিয়ে যাবার মতো আনন্দ খুব কমই অন্য কিছুতে পাওয়া যায়। এই বিশালতার আধার অথৈ নীলের দুনিয়া সম্পর্কেই আজ কিছু জানার চেষ্টা করি চলো।
গত সংখ্যার লেখায় আমরা বলেছিলাম, মহাসাগরগুলো পৃথিবীর বহিরাঙ্গনের প্রায় ৭১ শতাংশ জায়গাজুড়ে রয়েছে। কিন্তু জায়গা ৭১ শতাংশ নিলেও, পৃথিবীর মোট জীবম-ল বা প্রাণিম-লের ৯০ শতাংশই এই মহাসাগরগুলোতে আছে। পৃথিবীর মোট প্রাণীর ৯৭ শতাংশই এই মহাসাগরগুলো জুড়ে আছে। প্রায় ৩৬ কোটি ১০ লক্ষ বর্গকিলোমিটারের এই মহাসাগরগুলো ৫টি মহাসাগর আর বেশকিছু সাগর-উপসাগরে বিভক্ত।

এবার চলো আমরা জানার চেষ্টা করি, এই মহাসাগরগুলোতে কতো পানি আছে। হিসেবটা বেশ মজার, মনে করো কোনো কাঁচের বক্স, যার উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, সবই ১০ সেমি করে। তাহলে সেই পাত্রের আয়তন হলো ১০০০ কিউবিক সেমি। এরকম ১০০০ কিউবিক সেমি পাত্রে পানি ধরে ১ লিটার। এভাবে পৃথিবীর আয়তন অনুযায়ী সমুদ্রের গড় গভীরতাকে নিয়ে মাপলে দেখা যায়, মহাসাগরগুলোতে পানির পরিমাণ হয় প্রায় ১.৩৫ বিলিয়ন ট্রিলিয়ন লিটার। একটু ধাঁধাঁ লাগছে? সংখ্যাটা অঙ্কে লিখলে কেমন দেখায় দেখি। ১,৩৫০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ লিটার। ১৩৫ এর পরে আরো ১৯টি শূন্য বসালে এই দানবীয় সংখ্যাটি পাওয়া যায়। কী বিশাল ব্যাপারস্যাপার, তাই না? ওশানোগ্রাফার বা মহাসাগরবিদরা বলছেনÑ এই বিশাল জলরাশির জগতের মাত্র ৫ শতাংশ সম্পর্কে তারা জানতে পেরেছেন। বাকি অংশ এখনো তাদেরও অজানাই রয়েছে।

সাম্প্রতিককালে তুমি শুনে থাকবে, ভবিষ্যতে পানি নিয়ে যুদ্ধ হতে পারে। সাগরের এই বিপুল জলরাশির পাড়ে দাঁড়িয়ে তোমার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এত পানি থাকতে পানি নিয়ে যুদ্ধ হবে কেন? একটা বিষয় জানলে তুমিও বাকি সবার মতো বিষয়টা বুঝতে পারবে। সাগরের পানিতে প্রায় ৩.৫ শতাংশ লবণ থাকে। অর্থাৎ তুমি যদি এক লিটার সাগরের পানি নাও, তাতে ৩৫ গ্রাম লবণ থাকবে। সাগরপাড়ের একটা বড় অংশ জনগোষ্ঠী সাগরের পানি থেকে লবণ আলাদা করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। তুমি সী-বীচে গেলে সাগরের পানি মুখে নিয়ে দেখতে পারো, এই পানি খাবার উপযুক্ত না। এজন্যই মূলত এই মহাবিস্তৃত জলরাশি দিয়ে খাবার পানির অভাব পূরণ করা সম্ভব নয়।

মহাসাগরগুলোর নাম তো জানো। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর বা আর্কটিক মহাসাগর এবং দক্ষিণ বা এন্টার্কটিকা মহাসাগর। প্রশান্ত মহাসাগরে আছে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেন্স। এই পরিখার গভীরতম জায়গার গভীরতা ১১,০৩৪ মিটার বা ৩৬,২০১ ফুট। পৃথিবীর উচ্চতম স্থান মাউন্টএভারেস্টকে এই খাদে স্থাপন করা হলেও, এর চূড়া সমুদ্রস্তরের ২ কিলোমিটারেরও বেশি গভীরে থাকবে। এমনিতে মহাসাগরগুলোর গড় গভীরতা প্রায় ৩.৭ কিলোমিটার।

এই বিশাল জলরাশি মানুষের জ্ঞাত প্রায় ২ লক্ষ ৩০ হাজার প্রজাতির প্রাণীর আবাসস্থল। বিশেষজ্ঞরা ধারণা করছেন, সাগরের প্রাণকুলের বড় অংশই এখনো তাদের জানার বাইরে। সবমিলিয়ে এই সাগর ২০ লক্ষের বেশি প্রজাতির প্রাণীর আবাস বলেই তাদের ধারণা। বর্তমান পৃথিবীর বৃহত্তম প্রাণী নীল তিমি, যাদের দৈর্ঘ্য হয় প্রায় ৯৮ ফুট পর্যন্ত আর ওজন হয় ১৯১ টন পর্যন্ত, তার আবাস সাগরেই। গড়পড়তা এই তিমিগুলোর জিহ্বার ওজনই একেকটা আফ্রিকান হাতির ওজনের মতো হয়।

গত সংখ্যার লেখায় তোমাদের বলেছিলাম, আগে পৃথিবীর স্থলভাগ পুরোটা একত্রে ছিল, যেটাকে প্যানজিয়া মহাদেশ বলা হচ্ছে। তখন এই প্যানজিয়ার চারপাশে পানি দিয়ে ঘেরা ছিল। ওই মহাসাগরকে বলা হয় প্যানথালাসা। এরপর স্থলভাগগুলো বিভক্ত হতে থাকার কারণে ধীরে ধীরে মহাসাগরগুলোও বিভক্ত হতে থাকে। তবে এখনো মহাসাগর আর সাগর-উপসাগরগুলোকে একত্রে ওয়ার্ল্ড ওশান বা বিশ্ব মহাসাগর বলা হয়।

মহাসাগরে কিছু মাছ আছে যেগুলো অবিশ্বাস্য দ্রুত ছুটতে পারে। তুমি জেনে থাকবে, স্থলভাগের সবচেয়ে দ্রুতগামী প্রাণী চিতা ১২০.৭ কিমি পর্যন্ত ছুটতে পারে। জলভাগেও এমন দ্রুতগামী প্রাণী আছে। আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরে সেইল ফিশ আছে, যেগুলো ১০৯.৪ কিমি পর্যন্ত ছুটতে পারে। অনেকের মতে স্ট্রিপড মারলিন সবচেয়ে দ্রুতগামী মাছ, এদের সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ১২০ কিলোমিটার।

পৃথিবীর তিন ধরনের জায়গায় সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ লুকানো থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে মহাসাগর। মহাসাগরগুলোর উপরিভাগ দেখে তাকে কেবল নীলের সাম্রাজ্য মনে হলেও এর নিচে ডুব দিলে এর রূপবৈচিত্র দেখে অবাক হয়ে যেতে হয়। সাগরতলে অসংখ্য প্রজাতির প্রাণী আছে, যাদের শরীর দেখে মনে হয় রঙের বুঝি মেলা বসেছে। এখানে এত মাছের ছবি বা বিবরণ কোনোটাই দেয়া যাচ্ছে না। তাই তোমাদের দেখার ও জানার সুবিধার্থে আমি কিছু অনিন্দ্যসুন্দর মাছের নাম এখানে দিয়ে যাচ্ছি, যেগুলো লিখে নেটে সার্চ করলেই তোমার চোখ জুড়িয়ে যাবে। Mandarinfish, Flowerhorn Cichlid, Juvenile Emperor Angelfish, Symphysodon Discus Fish, Clown Triggerfish, Rainbow Parrotfish, Peacock Cichlid, Clownfish, Killifish, Golden Sailfin Molly, Electric Blue Ram, Royal Gramma, Crowntail Betta, Candz Basslet, Parrot Fish, Moorish Idol, Regal Tang, Arabian Angelfish, Yellow Butterflyfish, Picasso Triggerfish প্রভৃতি অসংখ্য নাম এভাবে লেখা যাবে। তুমি আপাতত এগুলো দেখেই মন ভরাও।

স্থলভাগে যেমন উঁচুনিচু, পাহাড় পর্বত ইত্যাদি রয়েছে, তেমনি সাগরের তলদেশও এভাবে বিচিত্র ধরণের ভূমি দিয়ে গঠিত। সাগরতলে রয়েছে প্রকৃতির অনন্যসুন্দর সৃষ্টি প্রবাল আর প্রবালপ্রাচীর। সাগরতলের সৌন্দর্যের একটা বড় অংশই এই প্রবালকে ঘিরে। প্রবাল আর প্রবালপ্রাচীর কী জিনিস
তা একটু জানার চেষ্টা করি চলো। ইংরেজিতে এদের বলা হয় কোরাল। প্রবাল বা কোরাল আসলে এক ধরনের সামুদ্রিক প্রাণী। তবে অন্যান্য সামুদ্রিক মাছের সাথে এর একটা মৌলিক পার্থক্য আছে। অন্যান্য প্রাণী যেখানে ছোটাছুটি করে খাবার সংগ্রহ করে, সেখানে এই প্রাণীগুলো পূর্ণবয়স্ক অবস্থায় সাগরতলের কোনো মজবুত তলের ওপর আবাস গেড়ে নিশ্চল অবস্থাতেই সেখানে বাকি জীবন পার করে দেয়। এই অবস্থাতেই তাদের জীবনকাল শেষ হয়ে গেলে তার ওপর নতুন করে প্রবাল আবাস গড়ে ওঠে। এভাবে ধীরে ধীরে সেখানে প্রবালপ্রাচীর গড়ে ওঠে।

সামুদ্রিক জীবনযাত্রায় প্রবালপ্রাচীর বেশ গুরুত্বপূর্ণ। প্রবালপ্রাচীরের জীববৈচিত্র্যের জন্য অনেক সময় একে সাগরের রেইনফরেস্ট হিসেবেও ডাকা হয়। কারণ সাগরে বসবাসকারী মোট জীবকুলের প্রায় এক-চতুর্থাংশের আবাসস্থল হলো প্রবালপ্রাচীর। এছাড়া অপরিপক্ক প্রবালকে অনেকেই খাদ্য হিসেবে ব্যবহার করে। এরকম বিভিন্নভাবে নানা ধরনের জলজ প্রাণী, পোকা, শামুক ও তারামাছ প্রবালের ওপর নির্ভরশীল। জাতিসংঘের ২০০১ সালের এক হিসাবানুযায়ী, পৃথিবীতে প্রবালপ্রাচীরের মোট বিস্তৃত ক্ষেত্রফল ২,৮৪,৩০০ বর্গ কিলোমিটার। কোনোভাবে কোনো সামুদ্রিক প্রবালপ্রাচীরে যদি ঘুরে আসার সুযোগ পাও, তাহলে ওপরে যে অসম্ভব সুন্দর মাছগুলোর কথা বললাম, সেগুলোর অনেকগুলোরই দেখা পেয়ে যেতে পারো।

এরকম পৃথিবীর সবচেয়ে বড় প্রবালপ্রাচীরের অবস্থান অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে। প্রায় ২,৫০০ থেকে ২,৯০০টি একক প্রবাল প্রাচীরের সমন্বয়ে গঠিত, প্রাকৃতিক সৌন্দর্য ও সামুদ্রিক জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই প্রবালপ্রাচীরের ‘দ্য গ্রেট ব্যারিয়ার রিফ’। ৪০০ রকমের প্রবাল, ১,৫০০ প্রজাতির সামুদ্রিক মাছ আর চার হাজারের অধিক প্রজাতির প্রাণী এই প্রবাল প্রাচীরকে করেছে জীববৈচিত্র্যের স্বর্গ।

মহাসাগরে কিছু কিছু জায়গা আছে, যেগুলো রহস্যে আবৃত। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল। কিউবার পূর্ব দিকে এটি অবস্থিত। এরকম আরেকটি জায়গা হলো তাইওয়ান আর ফিলিপাইনের পূর্ব দিকের ড্রাগন ট্রায়াঙ্গল। এসব এলাকার ওপর দিয়ে যাবার সময় ছোট বড় অনেক নৌকা আর জাহাজ এমনকি উড়োজাহাজও গায়েব হয়ে গেছে।

আমাদের এবারের লেখা শেষ করবো অত্যন্ত ইন্টারেস্টিং একটা তথ্য দিয়ে। জুলভার্র্নের নাম শুনেছ নিশ্চয়ই। তার অসম্ভব জনপ্রিয় একটি উপন্যাস হলো জার্নি টু দ্যা সেন্টার অফ দ্যা আর্থ। না পড়ে থাকলে পড়ে ফেলতে পারো। এই লেখায় পৃথিবীর অভ্যন্তরে একটি সাগরের অস্তিত্বের কথা বলা হয়েছে। বর্তমানে বিজ্ঞানীরাও তাদের সবচেয়ে সাম্প্রতিক গবেষণায় তেমন কিছুরই চিহ্ন খুঁজে পেয়েছেন। ভাবো তো ব্যাপারটা! উপরের এই নীল জলরাশি নিয়ে গবেষণা করেই কুল করা যাচ্ছে না। ভেতরে আরেকটি বিশাল সাগর পাওয়া গেলে কী হবে তখন। তোমাদের ভাবনার জগতে রেখে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই আশেপাশের সবাইকে নিয়েই ভালো থেকো। আল্লাহ হাফেজ।

গুপ্তধন (পর্ব ৮)

(গত সংখ্যার পর)

আট

জিন্সের প্যান্ট কেডস আর ক্যাপ পরা মেয়ে দুটোকে দূর থেকে ছেলেই মনে হচ্ছে। দুটো মেয়েকে নিয়ে দুজন ছেলের জঙ্গলে প্রবেশের এমনিতেই অন্য মিনিং রয়েছে। তাই এই বেশভূষা। চারজন মিলে বাঁধের ওপর বসে এমনভাবে গল্প করছে যেন পৌষের ভোরে পদ্মার শান্তরূপ দর্শনে এসে বিমোহিত চার বন্ধু। সাইকেল দুটি নলখাগড়ার ঝোপে লুকিয়ে রাখা হয়েছে। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে চট করে নেমে গেল কুসুম মাঝখানের জলাভূমিতে। মুহূর্তের মধ্যেই জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। খুব ভালো করে কেউ খেয়াল না করলে মনে হবে তিনজনই বুঝি গল্প করছে অনেকক্ষণ ধরে বাঁধের ওপর। দ্বিতীয়বারে নামলো এষা তারপর সাজিদ। ওদেরকে কেউ অনুসরণ করছে না এটা নিশ্চিত হয়ে সবশেষে নামলো ইফতু।

বেশ কয়েক দিন কেউ হাঁটাহাঁটি করেনি বলে পায়ে চলা পথটা অনেকটাই বিলীন হয়ে গেছে। চারজনের চেহারাই ঝলমল করছে। উচ্ছ্বাস উত্তেজনা আনন্দ আর অ্যাডভেঞ্চারের মিশ্র অনুভূতি সবার মনে। প্রত্যেকের কাঁধে স্কুলব্যাগ। প্রয়োজনীয় উপকরণ আছে সব ব্যাগেই। খাবার পানি এবং হালকা নাশতাও। সন্তর্পণে হেঁটে হেঁটে খাদের কিনারায় পৌঁছে গেল সবাই। গর্তের ভেতরে আলো ফেললো ইফতু। অন্ধকার জগতের শান্তি বিনষ্ট করায় বেশ বিরক্ত ভেতরের অধিবাসীরা।
– ইঁদুর কিংবা তেলাপোকা ভীতি আছে কারো? অনেক সাহসী মানুষের কখনো কখনো ছোটখাটো বিষয়ে ফোবিয়া থাকে। কুসুম আপু হাত তুললেন।
– তেলাপোকা, তাই না? কুসুম আপু মাথা নাড়লেন।
– মোস্ট প্রবাবলি এখানে তেলাপোকা নেই। তবে চামচিকা আছে। বেশ কিছুক্ষণ আলো ফেলে রাখলো ইফতু। ভেতরের প্রাণীগুলোর হুটোপুটি স্তিমিত হয়ে গেলে তরতর করে মাটির সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল তিনজন। সাজিদ থাকলো বাইরে, পাহারায়। ইফতু আগেও দুবার এসেছে। ও চলে গেল সোজা লোহার কালো বক্সটার কাছে। এষা আর কুসুম ঘুরে ঘুরে দেখল পুরোটা।
– হ্যাঁ, নৌযানই এটা। তবে ডেক নয়। নিচের অংশ। কালো বাক্সটার গায়ে হাত বুলাতে বুলাতে বলল কুসুম। বক্সটার না আছে কোনো ঢাকনা আর না আছে পাল্ল­া। লক কিংবা তালারও অস্তিত্ব নেই। বরং ভারী লোহার বস্তুটার নিচের অংশ নৌযানের নিচের লোহার সাথে ফিক্সড করা। পেছনের অংশও তাই। মূল বডির সাথে লাগানো। আঙুলের উল্টো পাশ দিয়ে আঘাত করল ইফতু। ফাঁপা কোনো আওয়াজ বের হচ্ছে না। হয় এটা নিরেট বস্তু নয়তো এর দেয়ালগুলো ভীষণ পুরু।
এষার চোখেই প্রথম ধরা পরল ছোট্ট চারকোনা জায়গাটা। কালো মাটির প্রলেপ দেয়া। নখে খুঁটে খুঁটে মাটিগুলো ফেলে দিলো এষা। ব্যাগ থেকে খাবার পানির বোতল বের করে ধুয়ে ফেলল জায়গাটা। তারপর চিৎকার করে উঠল, ইউরেকা!! সাজিদ দৌড়ে এসে ভেতরে আলো ফেললো। ওকে বলা আছে কোনো বিপদের আলামত দেখলে সে যেন ভেতরে আলো ফেলে। সাজিদ অনুচ্চস্বরে জানালো বাইরে কোনো বিপদ নেই, তবে ভেতর থেকে আরও আস্তে কথা বলতে হবে। কেননা চরের দক্ষিণ প্রান্ত দিয়ে যেসব জেলে নৌকা চলাচল করছে, তাদের কথার আওয়াজ সাজিদের কানে আসছে। জিহ্বায় কামড় দিয়ে কানে হাত দিয়ে দাঁড়িয়ে
থাকলো এষা। উত্তেজনায় কাঁপছে ও। কুসুম আর ইফতু এসে দেখলো চারকোনা বক্সটা। আধুনিক ট্রলি ব্যাগ কিংবা ব্রিফকেসের মতো ডিজিটাল লক।
– ১৬০ বছর আগের কাহিনী, এতটা আধুনিক চিন্তা কিভাবে করেছে ওরা? মরিচা ধরা ডিজিটাল লকগুলোর ওপর কেরোসিনের ফোটা দিতে দিতে বিস্ময়ের সুরে বলল ইফতু।
– ভুলে যেও না, কামান বন্দুক রেলগাড়ি স্টিমার আবিষ্কার হয়ে গেছে তখন অলরেডি। কুসুম আপু বললেন।
পাজলগুলো আরবি সংখ্যার। এষা পড়তে পারে আরবি বর্ণমালা কিংবা সংখ্যা।
তৃতীয় স্ক্রিপ্টটা বের করলো ওরা। ‘পরম করুণাময় অসীম দয়ালু
আল্ল­াহর নামে শুরু করছি’ আন্ডারলাইন করা। তার মানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। ৭৮৬। সংখ্যাগুলো সাজাতেই ঘটাং করে একটা শব্দ হলো। খুলে গেল পাল্ল­াটা। কিন্তু একি! ভেতরে তো একই রকম আর একটা নিরেট বক্স। পাল্ল­াটা খুলেছে দুই সাইডের সংযোগ থেকে। অর্থাৎ পাল্ল­াটা বক্সের কর্নারে বলে ওরা এর অস্তিত্ব খুঁজে পায়নি। আবারো একই রকম একটা ব্লক্স চোখে পড়ল ওদের।
দ্বিতীয় স্ক্রিপ্টে লেখা রয়েছে ‘দরুদ ও সালাম নবী মুহাম্মদের প্রতি যিনি আমাদের পথ দেখিয়েছেন’। মুহাম্মদ শব্দটায় আন্ডারলাইন করা। মিম-হা-দাল। মিম হচ্ছে ২৪, হা ৬ এবং দাল হলো ৮ । সংখ্যাগুলো ২৪৬৮ বিন্যাসে সাজাতেই আরেকটি পাল্ল­া খুলে গেল। উত্তেজনায় কাঁপছে ওরা।
তৃতীয় বাক্যটা হলো, ‘মুঘল সাম্রাজ্যের মহান স্থপতিকেও স্মরণ করছি’। স্থপতি মানে ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা।
– মুঘল সা¤্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তার নাম বলো। বললো এষা।
– বাবর। বা, বা এবং র । দুই, দুই তারপর দশ। ২২১০ শৃঙ্খলায় সাজাতেই খুলে গেল আর একটি পাল্ল­া। সবকিছু কেমন হিসেবমতো এগুচ্ছে। ভেতরে কিছু থাক বা না থাক এতটা সাফল্য আশা করেনি ওরা। পরের পাল্ল­াটা খুলল জাফরের নামের সংকেতে।
পরের পাজল বক্সে আর কোনো সংখ্যা নেই, আছে আরবি হরফ।
তৃতীয় স্ক্রিপ্টের দিকে তাকালো ওরা। কতগুলো সংখ্যা। তার মানে এবার সংখ্যাগুলোকে কনভার্ট করতে হবে হরফে। এ তো এক বিশাল সংখ্যা ১২৩২৭৬২০৫। নিশ্চয়ই মাঝে মাঝে স্পেস আছে। এই প্রথম একটুখানি গ্যাপ ধরা পড়লো কুসুম আপুর কাজে।
– ক্যামেরা ওপেন করো তো আপু ! ইমেজটা বের করো!
– হ্যাঁ, সত্যিই। সংখ্যাগুলোর মাঝে স্পেস আছে, বললেন কুসুম আপু মোবাইলের স্ক্রিনে চোখ রেখে। এবার যা দাঁড়াল তা হচ্ছে ১, ২৩, ২৭ মানে আলিফ-লাম-হা। আল্ল­াহ। আর ৬, ২০, ৫ মানে হা, ফা এবং জিম। হাফেজ। তিনজনে একসাথে চিৎকার করে উঠল আল্ল­াহ হাফেজ !! আবার গর্তের মুখে দৌড়ে এল সাজিদ। ইশারায় ওকে নিচে নামতে বলল কুসুম আপু। সবাই ঠোঁটে আঙুল চেপে আছে। সাজিদ আশেপাশে তাকিয়ে টুপ করে গর্তে নেমে এলো। দীর্ঘ সময় গর্তে অবস্থান করায় সবার শরীর ভিজে জবজবে হয়ে গেছে। উত্তেজনায় চিতা বাঘের মতো জ্বলছে সবার চোখ। সর্বশেষ অক্ষরটা মেলানোর সাথে সাথে ঘটাং করে খুলে গেল সর্বশেষ পাল্ল­াটাও। বিস্ময়ে হাঁ হয়ে গেল সবার মুখ। ভেতর থেকে শত শত সোনালি আলো ঠিকরে বের হচ্ছে। থরে থরে সাজানো
রুপার রিকাবি ভর্তি স্বর্ণমুদ্রা। ১৬০ বছরে একটুও লাবণ্য হারায়নি। আনন্দে ইফতুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল এষা। এষার পেছন থেকে কুসুম আপু আর ইফতুর পেছন থেকে সাজিদ এসে সে বন্ধনকে আরো শক্ত করল।
হাতে একদম সময় নেই, বলল ইফতু । প্রতিটি পাত্রে কতগুলো স্বর্ণমুদ্রা আছে তা গুনে দেখারও টাইম নেই। একটি রুপার পাত্র ওজন করে মনে হলো ১০ থেকে ১২ কেজি হবে। প্রত্যেকটা ব্যাগে এক এক রেকাবি ঢেলে দিলো ইফতু। মুদ্রার সাথে মুদ্রার ঘর্ষণের শব্দ কানে মধুবর্ষণ করল ওদের। পাল্ল­াগুলো টেনে লাগিয়ে ডিজিটাল লকের সংখ্যাগুলো এলোমেলো করে দিলো ইফতু। রুপার খালি পাত্রগুলোও ভেতরে রেখে দেয়া হয়েছে। খুব বেশি সময় লাগেনি পাল্ল­াগুলো বন্ধ করতে। এখন খুলতেও খুব বেশি সময় লাগবে না, ভাবছে ওরা ।
– কোনো ধরনের চিহ্ন ফেলে যাওয়া যাবে না। বলল ইফতু। যেকোনো সময় চলে আসতে পারে মৃণাল সেন। সিন্দুক খোলার পাসওয়ার্ড না থাকলেও নৌযানের অবস্থানের নকশা আছে ওর কাছে। কে জানে ইতোমধ্যে একবার ঢুঁ মেরে গেছে কি না ।
স্কুলব্যাগে ১০-১২ কেজি জিনিস ক্যারি করা অস্বাভাবিক না হলেও যে কেউ খেয়াল করলে বুঝতে পারবে কিছু একটা রয়েছে ব্যাগে।
খুব সাবধানে গর্ত থেকে বের হয়ে এলো ওরা। বের হওয়ার আগে দুটো বিষয়ে শপথ করলো। লোভ করা যাবে না আর যৌথ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনোভাবেই কাউকে জানানো যাবে না। গর্তে ঢুকেছিল চারটে নিঃস্ব কিশোর আর বের হয়ে এলো মিলিয়নিয়ার হিসেবে। ফুসফুস ভরে ফ্রেশ অক্সিজেন নিলো চারজনই। গর্তের কাছ থেকে সরে জঙ্গলের মাঝামাঝি চলে এলো ওরা। এখান থেকে চরের দক্ষিণ প্রান্তের জেলেদের কথোপকথন শোনা যায় না।
বের হবার পরিকল্পনাটা একটু অন্যভাবে করলো ইফতু। প্রথমে বের হয়ে এলো ও আর সাজিদ। আশেপাশে নজর রেখে এক ছুটে উঠে এলো বাঁধের ওপরে। নলখাগড়ার ঝোপ থেকে সাইকেল দুটো বের করে তিন রাস্তার মোড়ে চলে এলো। এখন যেকেউ দেখলে মনে করতে পারে স্কুল পালিয়ে পদ্মার পাড়ে হাওয়া খেতে এসেছে দুই বন্ধু। বেশখানিকটা বিরতি দিয়ে ওদের সাথে যুক্ত হলো এষা তারপর কুসুম। ওদের দুজনকে সাইকেলে তুলে দিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করল ইফতু আর সাজিদ।

সেজো মামা এসেছেন। বাড়ি তাই সরগরম। বছর পাঁচেক আগে নিজের ইচ্ছায় বিয়ে করে দেশান্তরী হয়েছেন ছোটমামা। নানীর মৃত্যুর সংবাদটাও পাননি তিনি। সেই মামা নাকি সেজো মামার সাথে যোগাযোগ করেছেন। বাড়ি ফিরতে চান। নানা ভাইয়ের গম্ভীর চেহারার ফোকর গলে খুশির ঝিলিক বের হয়ে আসছে।
পদ্মার ওপারে ইন্ডিয়া। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানা। থানার উত্তর প্রান্তে পদ্মার চরে মাসে একবার সীমান্তহাট বসে। দুই দেশের লোকজন আসে স্ব স্ব দেশের পণ্য নিয়ে। কেনাবেচা হয়, ঘোরাফেরা হয় আর হয় দু’দেশের মানুষের সংস্কৃতির আদান প্রদান। বাড়ির পেছনে নৌকা নিয়ে অপেক্ষা করছেন নবু মামা। হাটে বিক্রি করার জন্য বেশ কিছু পণ্য নিয়েছেন সেজো মামা। কুসুম আপু বাদে সবাই রেডি। ইফতুর ইশারায় শেষ মুহূর্তে পেট ব্যথার অজুহাত দিয়ে থেকে গেল এষা। পৌষের পদ্মা। নিতান্তই শান্ত তবে বিস্তৃত জলরাশি। পেটে পেটে জেগে উঠেছে চর।
– বুঝলে মামা, এক সময় এই নদীতে বড় বড় স্টিমার চলতো। যাত্রীবাহী মালবাহী সবধরনের জাহাজ। কলকাতা থেকে গোয়ালন্দ হয়ে ঢাকা চলে যেত। ইফতু জানে সবকিছু, তবু মামার কথা মুগ্ধ হয়ে শোনে। ভেতরে ভেতরে অন্য চিন্তা। মুদ্রা ভর্তি ব্যাগ দুটো সাজিদের খাটের নিচে। বাকি দুটো কুসুম আপুর রুমে। এত সম্পদ এত অর্থ পৃথিবীর কোনো চাওয়াই তো অপূর্ণ থাকবে না।
– কি রে সাজিদ, কী ভাবছিস? বোঝাই যায় ওর দৃষ্টি একদিকে আর চিন্তা অন্যখানে। হেসে ফেললো ও।
– তুমি যা ভাবছো, আমিও তাই ভাবছি। হেসে ফেলে দুজন। নানা ভাইয়া আবার ছোট মামার কথা জানতে চাইলে সেজো মামার সাথে গল্পে মেতে ওঠেন দুজন। সাজিদ আর ইফতু নবু মামার কাছে চলে আসে।
কি হে মামা, কেমন চলছে?
– ভালোই তো মামা। খাই দাই ঘুরি ফিরি। রাইত হইলে ঘুমাই। তয় একটা আক্ষেপ আছে। একটা ঘর বাঁধা হইলো না।
– সে কি মামা! কাউকে পছন্দ করতে পারোনি বুঝি ?
– সেই সৌভাগ্য কি আমার আছে যে ফুলবাবু সেজে ঘরে ঘরে কন্যা দেখে বেড়াবো? চাল নাই চুলা নাই আমার সাথে মেয়ে বিয়ে দেবে কোন বাবা ?
‘তোমার চাল চুলো হয়ে গেল,’ ইফতু আর সাজিদ মনে মনে ভাবে।
হাটে ঢুকে অবাক হয়ে গেল ইফতু। খেলনা, তৈজসপত্র আর ব্যবহার্য জিনিসে ভরপুর। প্রচুর লোকসমাগম হয়েছে হাটে। ওপাড়ের লোকজনের দৃষ্টি এপাড়ের পণ্যের ওপর আর এপাড়ের লোকজন কিনছে ওপাড়ের পণ্য। সেজো মামা কিছু পণ্য এনেছিলেন। নিমিষেই তা বিক্রি হয়ে গেছে। এপাড়ের খুচরো বিক্রেতারাই ওপাড়ের পণ্যের ক্রেতা। ইফতু আর সাজিদ একা একা ঘুরলো পুরো হাট। মনে হচ্ছে ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে যায় খেলনা, প্রসাধনী আর খাবার। কিন্তু পকেট যে গড়ের মাঠ।
– কোটি টাকার মালিক হয়েও আজ আমরা শুন্য হাতে ঘুরছি। তাহলে এইভাবে ধনী হয়ে লাভ কি? সাজিদের আক্ষেপ।
ফেরার আগে রেস্টুরেন্টে ঢুকলো ওরা। কচুরি আর রাবড়ির অর্ডার করে টেবিলে বসতেই কোত্থেকে এক লোক এসে মামার মুখোমুখি বসলো। কোনো রকমে ভণিতা না করে সরাসরি বললো, আপনি তো চৌধুরী সাহেবের নাতি, তাই না? আপনার বাবার কাছে বললে তো রাজি হবেন না, তাই আপনাকে বলছি। আপনাদের পদ্মায় জেগে ওঠা চরটা আমি কিনতে চাই। সাড়ে ১৫ একর জমি, তাই না? কত চান বলুন?
অষ্টপ্রহর অর্থ কষ্টে থাকা সেজ মামার চোখ, এমন সহজ অর্থপ্রাপ্তির প্রস্তাবে চকচক করে ওঠে। নানা চলে আসায় তড়িঘড়ি করে সেজো মামার মোবাইল নাম্বারটা নিয়ে চলে গেল লোকটা। সাজিদ আর ইফতু গন্ধ পেল নতুন বিপদের।
চলবে…

এক ভাষাশহীদের গল্প

বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের একটি গল্প শোনাই আজ। এক ভাষাশহীদের গল্প। তোমরা অনেকেই অহিউল্লাহ নামটি শুনে থাকবে। তিনি তোমাদের মতো ছোট ছিলেন। তোমরা তো জানো ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য রফিক, সালাম, বরকত ও শফিউরসহ নাম না জানা আরো অনেকে জীবন দিয়েছেন। ভাষার দাবিতে যখন পুরো বাংলাদেশ সোচ্চার হয়ে উঠেছিল তখন তোমাদের মতো ছোট্ট কিশোর অহিউল্লাহর মনেও বিদ্রোহের দাবানল জ¦লে উঠেছিল। তই তিনিও সিংহের মতো গর্জন দিয়ে স্লোগান দিয়েছিলেন- ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। তার স্লোগান মসনদধারী পাকিস্তানি শাসকদের কলিজায় কাঁপন ধরিয়েছিল। ফলে তারা ছোট্ট শিশু অহিউল্লাহর বুকে গুলি চালিয়ে ইতিহাসের নিকৃষ্ট হত্যাকা- ঘটিয়ে চরম কাপুরুষতার পরিচয় দিয়েছিল। মায়ের ভাষার জন্য জীবন দিয়ে শহীদ হলেন ছোট্ট কিশোর অহিউল্লাহ। তবে শহীদ অহিউল্লাহর আজ অবধি জানা যায়নি কোনো পরিচয়। পাওয়া যায়নি তার গ্রামের ঠিকানা। হদিস মেলেনি কোন পল্লী মায়ের কলিজার টুকরা ভাষাশহীদ অহিউল্লাহ। যা হোক তার কোনো পরিচয় পাওয়া না গেলেও সবচেয়ে বড় পরিচয় তিনি সালাম, বরকত ও শফিউরদের সহযোদ্ধা। ১৯৫২ সালের এক সূর্যসন্তান।
বন্ধুরা, ভাষাশহীদ অহিউল্লাহর শহীদ হওয়ার সংবাদ সর্বপ্রথম দৈনিক আজাদ পত্রিকায় ২৩ ফেব্রুয়ারি প্রকাশ হয়। আরো জানা যায়, শহীদ হবার সময় তিনি তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন এবং বয়স হয়েছিল মাত্র ৯ বছর।
২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার আন্তর্জাতিক মাতৃভাষা জাদুঘর প্রতিষ্ঠা করলে তারা ভাষাশহীদদের জীবনী সংরক্ষণের উদ্যোগ নেন। কিন্তু অহিউল্লাহর কোনো তথ্য না থাকায় তার জীবনী ও ছবি সংরক্ষণ সংগ্রহ দূরূহ হয়ে পড়ে। পরবর্তীকালে জাদুঘর
কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, শিল্পী শ্যামল দত্ত অঙ্কন করেন ভাষাশহীদ অহিউল্লাহর প্রতিকৃতি।
অহিউল্লাহ আমাদের গর্ব। আমাদের অহঙ্কার। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে ততদিন হৃদয়ের গহিনে অমলিন থাকবেন অহিউল্লাহ। পৃথিবীর সবচেয়ে কম বয়সী ভাষাশহীদ হিসেবেও বিশ্ব ইতিহাসে লেখা
থাকবে তার নাম।

সুমন ও ইয়ো ইয়ো বাক্সম্যানের গল্প

সুমন। ভালো নাম সুজন আহমেদ সুমন। দুষ্টুমির কারণে পুরো ইশকুলে সে খ্যাত। সারাদিন নতুন নতুন দুষ্টুমি নিয়ে ব্যস্ত থাকাই যেন তার প্রধান কাজ!! আজ সে টিফিনে কলা খেয়ে কলার খোসা ইশকুলের বারান্দায় ফেলেছে। টিফিন ছুটির বেল পড়লে সবাই যখন হুড়োহুড়ি করে ক্লাসে ঢুকতে যাবে, তখন একটি ছেলে সুমনের ফেলা কলার খোসায় পা পিছলে পড়ে গেল। পড়েছে এমনভাবে যে, তার পা মচকে গেছে। সবাই ছেলেটিকে ধরাধরি করে হাসপাতাল নিয়ে গেল। সুমনের তেমন খারাপ লাগল না। কিন্তু ছেলেটা পড়ে যাওয়ার সময় সুমন তার পাশে দাঁড়িয়ে ছিল। স্যাররা সব ক্লাসে ক্লাসে গিয়ে জিজ্ঞেস করল, কে কলার খোসাটি বারান্দায় ফেলেছে? সুমনদের ক্লাসে আসলে সুমন মাথা নিচু করে বসে থাকলো। বাসায় যাওয়ার সময় ওই মুহূর্তটি বারবার চোখের সামনে ভাসতে লাগল সুমনের। রাতের বেলা পড়ার টেবিলেই ঘুমিয়ে পড়েছিল সে। ঘুমের ভেতর স্বপ্ন দেখতে লাগল। সুমন দেখল, ইশকুলের বারান্দায় হাজার হাজার কলার খোসা। পিছন থেকে সবাই (ইশকুলের) তাকে কলার খোসায় ফেলে দিচ্ছে। সে অনেক ব্যথা পাচ্ছে। সবাই হাসছে আর বলছে, এবার বুঝ মজা!! রাসেল যখন পড়ে গিয়েছিল.. সেও ঠিক এইভাবে ব্যথা পেয়েছিল। এই বলে সবাই চলে যায়। হঠাৎ,ওর ঘুম ভেঙে যায়। মা তাকে বলেন, যাও..অনেক রাত হয়েছে.. বিছানায় গিয়ে শুয়ে পড়ো। সে বিছানায় শুতে যায়। তার ভয় কমে এই ভেবে যে, এটা একটা স্বপ্ন ছিল। তারপর তার ঘুম পেলে সে ঘুমিয়ে যায়। কিন্তু ফিরে যায় তার আগের স্বপ্নে। সবাই চলে যাওয়ার পর, সুমন বসে
বসে ব্যথা-যন্ত্রণা ও দুঃখে কাঁদতে থাকে। তখন, এক প্রকার এলিয়েনের মতো দেখতে যে কি না ড্রেস হিসেবে একটা লাল বাক্স পড়ে আছে (শুধু তার হাত ও জুতো পড়া পা বের হয়ে আছে)। সুমনের দিকে এগিয়ে আসলে সুমন বলে ওঠে, এলিয়েন!! অদ্ভুত জিনিসটা রেগে বলে, এই ছেলে! এলিয়েন কী? হ্যাঁ? এলিয়েন কী? আমি ইয়ো ইয়ো বাক্সম্যান। সংক্ষেপে ই ই বি। সুমন মুখ খোলে। বলে, তো তুমি এখানে কেন এসেছো? ই ই বি বলে, এই আজকালকার যুগের ছেলেমেয়েরা যে কি পেয়েছে, সৃষ্টিকর্তাই জানে। বড়দেরও সম্মান করতে পারে না। তুমি না, আপনি করে বলো। বুঝলে? সুমন মাথা নাড়ল। আর বলল, স্যরি ভাইয়া, আপনাকে আমি আর তুমি করে বলবো না। এই যে! আবার..আবার শুরু হয়ে গেল, তাদের যুগের ভাইয়া আপু.. এই ধরনের শব্দ। যত্তসব..! সুমন হাঁ করে তাকিয়ে আছে। আর বলে ওঠে, তাহলে আপনাকে কী বলে ডাকব? তিনি বলেন, মি: ইয়ো ইয়ো বাক্সম্যান। সুমন বলল, ঠিক আছে, মি: ইয়ো ইয়ো বাক্সম্যান।
Ñ গুড। এইবার হয়েছে। তা শোনো, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। তা হলো, তুমি যেখানে সেখানে ময়লা ফেলো কেন? যেখানে সেখানে তুমি ময়লা ফেলো দেখেই তো, ওই ছেলেটার আজ এই অবস্থা! তুমি যদি আর কখনো ময়লা অথবা কলার খোসা ফেলেছ, তাহলে তোমাকে আমি আমার শরীরে লাগানো এই বাক্সে ফেলে দেবো। আর জীবনেও তুমি এই বাক্স থেকে বের হতে পারবেনা। সুমন কাঁপা কাঁপা গলায় বলল না, না এমন করবেন না, প্লিজ.. ই ই বি বলল, একশর্তে তোমাকে মাফ করব আমি। আর সেটা হলো, এখানে তাকিয়ে দেখো, হাজার হাজার কলার খোসা। তুমি সবগুলো কলার খোসা আমার এই বাক্সে ফেলবে। আর রাস্তায় হাঁটার সময় যদি কোনো ধরনের ময়লা আবর্জনা দেখো, তাহলে তুমি সেগুলো ময়লার ঝুড়িতে ফেলবে। চলো, চলো.. এখন ঝটপট কলার খোসাগুলো আমার বাক্সে রাখো। জলদি! সুমন প্রায় তিন ঘণ্টা ধরে কলার খোসাগুলো বাক্সে ফেলল। তার হাত-পা ব্যথায় টনটন করছে। ইয়ো ইয়ো বাক্সম্যান বলল, গুড বয়! এখন আমি যাই। সাথে সাথে সুমনের ঘুম ভেঙে গেল। তার শরীর থেকে ঘাম ঝরছে। সে বুঝতে পারল, এটি স্বপ্ন হলে কি হবে..তার কথামতো কাজ না করলে সত্যি সত্যিই সে আবার আসবে। সকাল হলে, সুমন ইশকুলের জন্য তৈরি হয়ে নিলো। ইশকুলে ঢোকার সময় একটি চিপসের প্যাকেট পড়া দেখতে পেল। সে ইয়ো ইয়ো বাক্সম্যানের কথা মনে করে চিপসের প্যাকেটটি ময়লার ঝুড়িতে ফেলল। ভাবল,আজ থেকে ইয়ো ইয়ো বাক্সম্যানের কথা মেনে চলবে। কোনো ধরনের দুষ্টুমি করবে না।

বিয়েবাড়ি

আজ গাংশালিকের মেয়ের বিয়ে। দুমদাম বাদ্য বাজায় ধানশালিকের বাচ্চাগুলো। বাজনা তো বাজবেই। ধানশালিকের যে ছেলের বিয়ে। তোমরা বুঝেছো তো? মানে গাংশালিক
আর ধানশালিকের বিয়ে। গ্রামগঞ্জে যত কাক-পক্ষী আছে সবাই টের পেয়েছে। বিনা দাওয়াতেই বাড়ির আনাচে কানাচে ভর্তি হুদুল কুতকুতে কাকগুলো। গাছে গাছে কুচকাওয়াজ শুরু হয়ে গেছে। এদিকে গাংশালিকের রানড়বাবানড়বাও শেষ। দুপুর গড়িয়েগেলে বর সেজে ধানশালিক হাজির গাংশালিকের আঙিনায়। ধানশালিকের দাওয়াতে ময়না, কোকিল, চড়–ই, বুলবুলি, বুনোহাঁসেরাও বরযাত্রী হয়ে এসেছে। বাঁধভাঙা খুশি পাখিদের ঠোঁটে মুখে। কী দারুণ দৃশ্য!
এখানেও প্রা আছে গেইটে ফিতা কেটে বিয়ের আসরে প্রবেশ করার। ধানশালিকও তাই করলো। ঠ্যাং তুলে নখ দিয়ে একটা ফিতার মত লতা কেটে আসরে যেই বসতে যাবে ওমনি কলার খোসাতে পা পিছলে বরবাবু চিৎপটাং! তাই দেখে পুঁচকে কচি গালগুলো হাসিতে গদগদ করে উঠলো। দুষ্টুগুলোই এমন কাজ করছে বললেন বরযাত্রী ময়না পাখি। বরবাবু ভয়ে, লজ্জায় আঁটোসাঁটো প্রায়!
তারপর বর আসনে বসতে দেওয়া হলো। বসার সাথে সাথেই গাংশালিকের দল নাশতা নিয়ে বরযাত্রীদের খেতে দিলো। নাশতা হিসেবে যার যা পছন্দ তেমন নাশতাই করা হয়েছে। সবাই নাশতা করলেন। এখানেও পান সিগারেট খাওয়ার প্রচলন আছে। একধরনের পাতাকে পানপাতার মতো খাওয়া হয়। লতার সিগারেট খেয়ে ধানশালিকরা কী বিচ্ছিড়ি ধোঁয়া ছাড়ছে তা বলার মতো না। কাজীসাহেব এসেছেন। তার আবার নাকি অনেক বিয়ের তাড়া আছে। তাই বিয়েটা জলদি শুরু করে দিলেন। বিয়ের আসরে বসে আছে সবাই।
এ বিয়ের ঘটক টিয়েপাখি। টিয়ে পাখিকে ডাকলেন কাজীসাহেব। কাজীসাহেব এখানকার পাতিহাঁস। কাজী পাতিহাঁস ডাকলেন ঘটক টিয়েকে। ঘটককে বললেন লেনাদেনার বিষয়টা একটু বলেন। ঘটক টিয়ে তোতার মতো গড়-গড় করে সব বলে ফেলল। ছেলে মেয়ের বাপদের কোনো আপত্তি আছে? বললেন কাজী পাতিহাঁস। দু’পক্ষই না সূচক মাথা নাড়লো। কাজী পাতিহাঁস বললেন কাগজপাতি রেডি? জ্বি কাজী সাহেব বললেন গাংশালিক পরিবার। এদিকে বজ্জাত কাকগুলো বিয়ের দাওয়াত না পেয়ে পুলিশকে খবর
দিয়েছে। পুলিশ কলাপাড়া থানার ওসি সাহেব বাজপাখি। শুনে সঙ্গে সঙ্গে ঝড়ের মতো হাজির হলো বাজপাখি পুলিশ। ওমা! পুলিশ এসে কী এলাহি কা-টা না করলো। ততক্ষণে কাজি পাতিহাঁস ও ঘটক টিয়ে কাঁধের গামছা ফেলে উধাও। পুলিশ বাজপাখি চিৎকার দিয়ে বলল, তোরা জানিস না কম বয়সে বিয়ে দেয়া অপরাধ! কই বেটা ঘটক কই? কাজী পাতিহাঁস বা গেল কোথায়? পাশ থেকে পুঁচকে গাংশালিকরা বলল ওই যে ওরা পালাচ্ছে স্যার।