ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?
বরকতের রক্ত।
হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে !
প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।
চিনতে নাকি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে?
পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।
প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।
একুশের কবিতা
যে পারো ভুলিয়ে দাও এবং একজন আমির মাহমুদের প্রকৃতিপাঠ
আল মাহমুদ যে দিনটিকে ঈদ মেনে নিয়েছিলেন, তাঁর অপ্রস্তুত এলোমেলো আলো অন্ধকারের ঘরে, মৃত্যুর ফেরেশতার দেয়া সেই অনিবার্য তাকিদে যেদিন সত্যিই চলে গিয়েছিলেন ওপারে, সেদিন কিছুটা বিমূঢ় হয়েই পড়ছিলাম আবার তাকে। মনে পড়ছিল আমার শৈশবের শীতল পাটি আর দুপুর রোদের ওম। কোত্থেকে ভেসে এসেছিল ধানক্ষেত পাড়ি দেয়া শস্যের বাতাস আর মোল্লাবাড়ির খামারের গন্ধ। এসেছিল মাহমুদ নামের এক অদ্ভুত কিশোর। তার চোখে আমায় দেখিয়ে দিচ্ছিল আ-া বাইগনের দুটো পাতায় জোড়া দেয়া টুনটুনির বাসার মায়া। কিংবা বেলগাছের শক্ত সন্ধিতে কাত করে পেতে রাখা ফুটো কলসি, দোয়েল যেন নির্বিঘ্নে বাসা বাঁধতে পারে তার সুব্যবস্থা দেখিয়ে দিচ্ছিল মাহমুদ তাদের মৌড়াইল মহল্লার ভিটের চৌহদ্দিতে। কী এক অস্থিরতায় পেয়ে বসলো!
আমার বৈভবের চিন্তামুক্ত কবি পিতা রংজ্বলা কার্পেটটার ওপর বিছিয়ে দিয়েছিলেন শীতল পাটির বুনন। সেখানে ছিল ঢাকনাওয়ালা বেতের ঝুড়ির ওপর কলমদানি কিংবা লেখালিখির অনুষঙ্গ। ছিল জানালার নিচে মহাজনী ক্যাশবাক্স যার ডালা খুললেই দিস্তা দিস্তা সাদা কাগজ। আর তারপর এক পাশে আমাদের পুরোনো বুকশেলফ আর দুটো বাঁশের র্যাকে কিছু আর বাকি তিন দিকে কোনোরকম আশ্রয় ছাড়াই দাঁড়িয়ে ছিল অগণিত বই। কবিটি তার সারা জীবনের একটু একটু করে সঞ্চিত অসংখ্য বইয়ের মাঝখানে পাটি পেতে বুক ভরে নিঃশ্বাস নিতেন আর ক্যাশবাক্সকে টেবিল বানিয়ে কেবল লিখতেন আর লিখতেন। ঘরটা ছিল তার যাবতীয় বিলাসিতার কেন্দ্রবিন্দু। আহা! সেখানকার আশ্রয়হীন বইগুলো অথবা কৈশোরের আশ্চর্যবাক্স। সেই দুপুর রোদের জিরিয়ে নেয়া দিনগুলোতে বাক্স খুললেই কত বিচিত্র বিস্ময়!
সে ঘরেই একটা টুনটুনি পাখির টুই টুই ডাক শুনেছিলাম আমি। খুদে এই পাখির ডাক শুনেই কিন্তু সেই কত বছর আগে ঘুম ভেঙেছিল মাহমুদ নামের ছেলেটার, তাদের মৌড়াইল মহল্লার আটচালা ঢেউটিনের ঘরটায়। আর আমার মাথায় তখন থেকেই গেঁথে আছে গোল লাল নীল আয়না বসানো বাঁশ বেতের সূক্ষ্ম কারুকাজ, মিনে করা রংচটে গিয়ে প্রাচীনতার আভাস লাগানো কতগুলো চিত্রকল্প।
বলছিলাম আমার অস্থিরতার কথা। তিনি এপারের আঁধারকে আরো আরো ভাসিয়ে দিয়ে কাঁপতে কাঁপতেই হয়ত চলে গিয়েছিলেন মানুষের অকাট্য গন্তব্যে। মোল্লাবাড়ির শুকানো পাট আর ভেজা শোলার গন্ধে ডুবে যেতে যেতে আবার তৈমুর মোল্লা– জাহানারা দম্পতির বসতভিটার পাখি, প্রজাপতি কিংবা পতঙ্গ ওড়ার শব্দ শুনতে শুনতে আমার কেবলই মনে হচ্ছিল, ‘যে পারো ভুলিয়ে দাও!’
আমার মুগ্ধতা, আমার ঘোর, ভীষণ প্রথম বিপ্লবের শিহরণ; যে পারো ভুলিয়ে দাও– যে পারো ভুলিয়ে দাও!
আমি কখনো ব্রাহ্মণবাড়িয়ায় যাইনি কিন্তু ‘যেভাবে বেড়ে উঠি’র পিয়ারো আমাকে চেনায় সেখানকার প্রাচীন মধ্যযুগীয় এক বাড়ির চৌহদ্দি– তার বাইরের নানারকমের বারান্দা, তিলফুলের ক্ষেতে মৌমাছিদের ঝাঁকের নেমে আসা আর কেয়া বনের গোপনতম রহস্য ভেদ করে যোগাড় করা সুগন্ধি ফুলের উচ্ছ্বাস। সেই সবকিছু যেন চাক্ষুস দেখেছি আমি; আরো দেখেছি ঘুঘু পাখির চোখের মতন স্বচ্ছ নদী তিতাসের প্রবাহ। যেন নিজ কানে শুনতে পেয়েছি মহররম মাসের শোকগীতি আর জারী গান, এতটাই অভিনব তার চিনিয়ে দেবার ক্ষমতা!
সেই একই ক্ষমতায় কিন্তু আমির মাহমুদ আবার ‘যে পারো ভুলিয়ে দাও’তে এসে তিতাস নদীর বাসুকী সাপিনীর মত প্যাঁচ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরটাকে আগলে রাখার গল্পে ভোলায় পাঠককে। ধান-চাল আর মশল্লা মরিচের নাও সাথে নিয়ে আশেপাশের কাউতলা কিংবা ভাদুগড়ের কত অচেনা লোকের আনাগোনার সাথে পরিচয় করিয়ে দেয়!
সামন্ত স্বভাবের প্রাচীন মুসলিম জোতদারদের বংশধর এবং ‘যে পারো ভুলিয়ে দাও’-এর প্রেক্ষাপটকালীন মোল্লাবাড়ির প্রধান বাদশা মোল্লা। জমিদার এবং চতুর ব্যবসায়ী বাদশা মোল্লার লোবানের ঘ্রাণের নিচে চাপা দিয়ে রাখা হলদেটে মৃত্যুদৃশ্যের মাধ্যমে তার নাতি পঞ্চম শ্রেণি পড়–য়া মাহমুদ আমার মতো লক্ষ লক্ষ পাঠককে প্রভাবশালী ব্যক্তির মরণোত্তর বাস্তবতা এবং বড়বাড়ির সম্পর্কের টানা পোড়েনের ভেতর বিলীন হয়ে যাবার পথটাও সেভাবে তার মতো করেই চিনিয়ে দেয়।
পাঠক অথবা পথিক হেঁটে যেতে যেতে আবিষ্কার করে সে সময়ের বাঙালি মুসলিম বনেদি পরিবারের হালচাল, প্রোটেস্ট্যান্ট মিশনারিতে বড় হতে থাকা অনাথ ক্যাথলিকের যিশুর সেবিকা হবার স্বপ্নালু চোখ, ঘোষপাড়ার মেয়ে
কৃষ্ণার গোমড়ামুখো অভিমানের যথার্থ কারণ। পাঠক আরো দেখতে পায় ধনীলোকদের সম্পর্কের দেয়াল তোলা, সমূহ ষড়যন্ত্র, মুখোশের আড়াল আরো কত কুটতর্ক! আবার সে সম্পর্ক টিকিয়ে রাখতে চাওয়া মানুষের অবিরাম সংগ্রাম শিখে নেয়া যায় এখান থেকে। শিখে নেয়া যায় শতেক ভুল বোঝাবুঝির পরেও ভারী যতন করে আগলে রাখার উপায় উপকরণ।
তালেবে এলেম আব্দুল আলিমের আজানের ডাকে নিশ্চুপ হয়ে গিয়েছি কখনো, কখনো মারিয়া কুকারের পাতে রুই মাছের বাসি তরকারি জুটলো কি না সে ভাবনায় মগ্ন হয়েছি, উৎকণ্ঠায় ডুবে গিয়েছি ফাদার জোন্সের হাতে থাকা প্রোগ্রেস রিপোর্টের ফাইলের খবর পেয়ে। আমির মাহমুদের পানিতে ঝাপসা চোখে নিজের ছায়া খুঁজে বেরিয়েছি কখনো।
‘যে পারো ভুলিয়ে দাও’-এর ঘোর থেকে তখনো বের হতে পারিনি। এক দুপুরে আমার কবি পিতার নিমন্ত্রণে আমাদের শেখেরটেক আট-এর বাড়িতে এলেন সে জাদুকর। আমি দূর থেকে এবং আড়াল থেকে দেখেছি তাঁকে। তাঁর সাথে পরিচয় করিয়ে দেবার নিমিত্তে বার কয়েক ডাক শুনেছি, এড়িয়ে গিয়েছি এবং পালিয়েছি পাশের পাড়ায়। এরপরে আরো বহুবার সেই শব্দের যাদুকরের বক্তব্য আমি শুনেছি, দেখেছি তাঁকে সাহিত্য আসরের মধ্যমণি হয়ে থাকতে, জরায় বিধ্বস্ত মানুষটাকে কেঁদে উঠতে দেখেছি আমার স্বপ্নচারী বটবৃক্ষের প্রস্থানজনিত শোকসভায়। তবে আগের মতোই বহুদূর থেকে, কাছে গিয়ে আলাপ করিনি কখনো।
পিয়ারো অথবা আমির মাহমুদ নামের সেই কিশোর ছেলেটাকে যেভাবে চিনেছিলাম শৈশবে, মনে হয়েছে সেই অস্তিত্বগুলো হয়তো ফিকে হয়ে আসবে পরিণত মাহমুদের সাথে সরাসরি কথোপকথনে। তোলা রইলো সেই পথ চিনে নেয়া, তোলা রইলো শীতের ধানক্ষেতের সমস্ত পাকা ধানের ঢেউ আর দোয়েলপাখির শিস।
আজকাল আমি ভীষণ মগ্ন হয়ে তাঁর নির্ঝর সমুদ্র পাখি পর্বত প্রকৃতির কাছে প্রতিবার যাওয়া দেখি। সেখানে অর্থহীনতার এক সুন্দর আওয়াজ থেকে কারো নির্ভার হাত সরানো অনুভব করতে উদ্বুদ্ধ হই তাঁর মতো। তাঁর একান্ত ‘সত্যের আঙুল’ এ তিনি তো চাইলেনই নিস্তরঙ্গ এবং নিঃসীম ভাবনায় ফেলে দিতে! কোনো দ্বিধা না রেখে জানালেন–
‘চিহ্নহীন চকিতে মিলায়
আলোকিত করাঙ্গুল কার?
ধাবমান ধ্বনির ধৈবতে
নিঃসঙ্গ খুঁজতে থাকি বাহু তাঁর–
অঙ্গুুলি তাঁহার।’
আমার আর কিইবা করার ছিল!
নোলকের কবি
গল্প দাদুর আজকের আসর জমজমাট। ডিসেম্বরের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে কয়েক দিন হলো। সবার স্কুল কলেজে ছুটি চলছে। এই সুযোগে নাতিপুতি সব এসেছে বেড়াতে। ঘরের মহিলারা সবাই ব্যস্ত পিঠা-পুলি নিয়ে। আর গল্পদাদু মেতে উঠেছেন আড্ডায়।
মাগরিব নামাজ শেষে সবাইকে নিয়ে আসর জমিয়ে ফেলেছেন তিনি। আবির, হামযা, তাসফিয়া, হাবিব, মাহি, মুমুসহ সবাই ঘিরে ঘরেছে তাকে।
দাদু বললেন, আজকে আমরা কবিতা আবৃত্তি শুনবো, কী বলো দাদুরা।
সবাই সমস্বরে সায় দিয়ে উঠলÑ হ্যাঁ দাদু হ্যাঁ, কবিতা হবে কবিতা।
সবার আগে তাসফিয়া একটা কবিতা বলবে। কী বলো সবাই, ও সবার ছোট। ওকে দিয়েই শুরু হোক, নাকি।
দাদুর কোল দখল করে বসেছিল তাসফিয়া। ঘাড় কাত করে দাদুর দিকে তাকিয়ে ফোকলা দাঁতে জিজ্ঞেস করল, ও দাদু কোনতা বলব আমি বলে দাও।
দাদু একটু ভেবে নিয়ে বললেন, তুমি কোনটা সবচেয়ে ভালো পার, বাকবাকুম নাকি ওই দেখা যায় তালগাছ কোনটা?
তাসফিয়া না সূচক মাথা নাড়িয়ে বললো, এগুলো না, আমি বলবো আতা গাছে তোতা পাখি।
আচ্ছা আচ্ছা তাই বলো।
তাসফিয়া দাদুর কোলে বসেই মাথা ঝাঁকিয়ে কবিতা বলে-
আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মউ,
এত ডাকি তবু কথা কয় না কেন বউ?
সবাই হাততালি দিয়ে বাহ্বা জানায় তাসফিয়াকে। হাততালি শেষ হবার আগেই দাদুর ডান পাশে বসা মুমু তাড়াহুড়ো করে বলে ওঠে- দাদু আমি একটি কবিতা বলবো।
আচ্ছা বলো বলো। দাদু হাসিমুখে সম্মতি দেয়। মুমু শুরু করেÑ
আম্মা বলেন পড়রে সোনা,
আব্বা বলেন মন দে
পাঠে আমার মন বসে না
কাঁঠাল চাঁপার গন্ধে।
উঁহু উঁহু হলো না হলো না, বলে মুমুকে থামিয়ে দেন দাদু। মুমু থতমত খেয়ে দাদুর দিকে তাকায় সপ্রশ্ন। দাদু বলেন, তুমি তো কবিতা আর কবির নামই বলোনি।
তাসফিয়াও তো বলেনি।
আরে তাসফিয়া তো একেবারে ছোট মানুষ। এখনো স্কুলেই যাওয়া শুরু করেনি। আর তুমি তো এবার পিইসি পরীক্ষা দিলে। তুমি কবিতা বললে নিয়ম মেনে বলবে। তবেই না সবাই বাহ্্বা দেবে।
মুমু তার ভুল বুঝতে পারে। স্বগতোক্তি করে ওঠেÑ ও তাই তো! আচ্ছা আবার বলছি। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম পাখির মতো। লিখেছেন কবি আল মাহমুদÑ
আম্মা বলেন, পড়রে সোনা
আব্বা বলেন, মন দে;
পাঠে আমার মন বসে না
কাঁঠালচাঁপার গন্ধে।
আমার কেবল ইচ্ছে জাগে
নদীর কাছে থাকতে,
বকুল ডালে লুকিয়ে থেকে
পাখির মতো ডাকতে।
সবাই যখন ঘুমিয়ে পড়ে
কর্ণফুলীর কূলটায়,
দুধভরা ঐ চাঁদের বাটি
ফেরেস্তারা উল্টায়।
তখন কেবল ভাবতে থাকি
কেমন করে উড়বো,
কেমন করে শহর ছেড়ে
সবুজ গাঁয়ে ঘুরবো!
তোমরা যখন শিখছো পড়া
মানুষ হওয়ার জন্য,
আমি না হয় পাখিই হবো,
পাখির মতো বন্য।
মুমু খুব সুন্দর করে সুরের তালে তালে কবিতাটি আবৃত্তি করে। সবাই জোরে হাততালি দিয়ে বাহ্বা জানায় মুমুকে। দাদুও হাত তালি দিতে দিতে বললেনÑ
তোমার আবৃত্তি তো খুব সুন্দর! তুমি তো কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করলে। তুমি কি এই কবি সম্বন্ধে কিছু জানো?
দাদুর কথায় একেবারে ছোটরা সবাই চুপ মেরে গেলো। একটু বড় যারা তারা সমস্বরে চেঁচিয়ে উঠলো, হ্যাঁ জানি দাদু ভাই।
কবি আল মাহমুদের আরো কবিতা আমি জানি। বলে সবার দৃষ্টি আকর্ষণ করলো মাহি। ও এবার সপ্তম শ্রেণিতে পড়ে।
দাদু মাহিকে জিজ্ঞেস করেন, কবিতা তো জানো বুঝলাম। কিন্তু কবি সম্বন্ধে কতটুকু জানো? তার বাড়ি কোথায়, বাবা মা’র নামধাম এগুলো জানো?
দাদু আমি অনেক কিছু জানি। কবি আল মাহমুদের আসল নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তার পিতার নাম মীর আবদুর রব এবং মাতার নাম রওশন আরা মীর। তার দাদার নাম আব্দুল ওহাব মোল্লা। তিনি এক সময় হবিগঞ্জ জেলার জমিদার ছিলেন।
দাদু আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন তার মেধাবী নাতি মাহির দিকে। ও একটু দম নিতে থামতেই তিনি বলে উঠলেনÑ সাব্বাস মাহি, তুমি তো অনেক কিছু জানো। তুমি কি বলতে পারো তাঁর জন্মস্থান কোথায়?
জি জানি দাদু। বলেই আবার গড়গড় করে বলতে শুরু করেÑ কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সাধনা হাইস্কুল এবং পরে চট্টগ্রামের সীতাকু- হাইস্কুলে পড়ালেখা করেন। তিনি ১৯৫৪ সালে ঢাকায় চলে আসেন এবং পত্র-পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন। পাশাপাশি তিনি পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা।
দাদু খুব জোরে হাত তালি দিয়ে ওঠেন। হাত বাড়িয়ে জড়িয়ে ধরেন মাহিকে। দেখাদেখি সবাই হাত তালি দিতে থাকে। মাহিকে আদর করে দাদু জিজ্ঞেস করেনÑ দাদু তুমি যেভাবে বললে তাতে মনে হয় তুমি কবি আল মাহমুদ নিয়ে অনেক গবেষণা করেছো। এত কিছু তুমি জানলে কোথা থেকে বলো তো!
মাহি খুব উৎসাহ নিয়ে বলতে শুরু করে। হয়েছে কি দাদু, আগামী ১৫ ফেব্রুয়ারি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী। আমাদের স্কুলে এ উপলক্ষে একটি রচনা প্রতিযোগিতা আহবান করা হয়েছে। আমি লিখেছি ছোটদের কবি আল মাহমুদ। এটা লিখতে গিয়ে আমি ইন্টারনেট ঘেঁটে উইকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করেছি।
মাহি কথাগুলো বলে দাদুর দিকে তাকালো। দেখলো তার দাদু ছলছল চোখে তাকিয়ে আছে তার দিকে। মুখটা সামান্য হাঁ করা। মাহি ব্যাকুল হয়ে দাদুকে জড়িয়ে ধরে। ধরা গলায় অনুযোগ করে ওঠেÑ দাদু ও দাদু আপনি কাঁদছেন কেন? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি কোনো?
দাদু মাহিকে গভীরভাবে জড়িয়ে ধরে ছলছল চোখে বলেন, না রে দাদু না, এ কান্না কষ্টের না। এ কান্না আনন্দের। আমার দাদুভাই আমার প্রিয় একজন কবিকে নিয়ে পড়াশোনা করছে জেনে আমি আনন্দে দিশেহারা হয়ে কেঁদে ফেলেছি।
একটু থামেন দাদু। আবার বলতে শুরু করেনÑ জানো দাদু ভাই, আল মাহমুদ অনেক অনেক বড় কবি। শুধু কবিই না, তিনি অনেক গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি আল মাহমুদকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। হা হা হা।
দাদার সাথে সাথে নাতি-পুতি সবাই হেসে ফেলে। এর মাঝেই মাহি খুব সিরিয়াস হয়ে বলে, কেউ হাসবে না, কেউ না। এটা কি হাসির কথা হলো! আমি যতটুকু পড়েছি, দেখেছি তিনি একজন উঁচু মাপের কবি। আমি বড় হয়ে আরো অনেক পড়াশোনা করে আল মাহমুদকে নিয়ে লিখব। দেখিয়ে দেবো তিনি সত্যি সত্যিই নোবেল পাওয়ার উপযুক্ত একজন কবি। দাদুর এই স্বপ্নটা শুধুই স্বপ্ন না, একটা আশা, একটা আকাক্সক্ষা।
সবাই চুপ হয়ে গেলো মাহির কথায়। দাদু আবেগে জড়িয়ে ধরেন মাহিকে। আদর করে বলেন, ওরে আমার গবেষক দাদু। আল্লাহ যেন আমাকে তোমার গবেষণা দেখে যাবার সুযোগ দেন। আমিন।
এতক্ষণ আড্ডায় মিশে থাকা হামযা আচমকা জিজ্ঞেস করে বসে, আচ্ছা দাদু আপনার এত প্রিয় কবি আল মাহমুদ। আপনি কি তার কোনো কবিতা মুখস্থ পারেন?
দাদু হো হো করে হেসে ওঠেন। বলেন, আমার পরীক্ষা নেওয়া হচ্ছে তাই না দাদু! হু, তাহলে তোমাদেরকে একটা কবিতা শোনাই আমি কী বলো।
হ্যাঁ-হ্যাঁ দাদু আমরা শুনবো।
দাদু শুরু করেনÑ আমি যে কবিতাটি পড়বো তার নাম ‘নোলক’ লিখেছেন কবি আল মাহমুদ।
আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে
হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।
নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে?
হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে।
বললো কেঁদে তিতাস নদী হরিণবেড়ের বাঁকে
শাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে।
জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক
সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক
বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই,
আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই।
কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন
আমরা তো সব পাখপাখালি বনের সাধারণ।
সবুজ চুলে ফুল পিন্দেছি নোলক পরি না তো।
ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো-
বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক।
হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ।
এলিয়ে খোঁপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা
আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাবো না।
দাদুর হাত দুলিয়ে, মাথা ঝাঁকিয়ে, হেলে-দুলে কবিতা আবৃত্তি প্রাণভরে শুনলো সব শিশু। সবাই অবাক হয়ে গেল দাদুর আবৃত্তি শুনে। একজন তো বলেই ফেললো, দাদু আপনি এত্ত সুন্দর আবৃত্তি করতে পারেন আগে তো জানতাম না।
দাদু উদার হাসেন। প-িত মাহি খুব চিন্তা করছে, তার কপালে ভাঁজ। গালে ডান হাতের তর্জনী দিয়ে টোকা দিচ্ছে নির্দিষ্ট তালে তালে। দাদু জিজ্ঞেস করেনÑ
কী ভাই, সবাই খুব খুশি হলো, তোমার ভালো লাগে নি আমার আবৃত্তি?
না দাদু তা না। ভাবছি নোলকের কথা। এই নোলকটা আসলে কী? যা খুঁজতে কবি পুরো গ্রাম বাংলা তন্ন তন্ন করে ফেললেন? দাদু আমার মাথায় ঢুকছে না, কবি কেন মায়ের নোলক না নিয়ে ঘরে ফিরবেন না বলে পণ করেছেন?
দাদু বললেন, এই তো আমার গবেষক দাদুর গবেষণা চিন্তা। এ জন্যই মাহি ব্যতিক্রম। আসল কথা কি শোনো, এ কবিতাটা যখন তিনি লিখেছেন তখন তো এই দেশটা ছিল পূর্ব পাকিস্তান। আর এ দেশের শাসক ছিল পশ্চিম পাকিস্তানিরা। তিনি এ দেশের স্বাধিকার চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন এই দেশটা যেন এ দেশের কেউ শাসন করে। সেই হারিয়ে যাওয়া অধিকারকেই তিনি মায়ের হারানো নোলক বুঝিয়েছেন। কেউ বুঝেছে, কেউ বোঝেনি। বুঝলে দাদু ভাইয়েরা।
বাজপাখির শাস্তি
এক দেশে সুন্দর একটা গ্রাম ছিল। সুজলা-সুফলা, শস্য-শ্যামলা, ছায়াঘেরা গ্রামটি দেখতে ছিল ছবির মতো। সেই গ্রামে কোনো কিছুর অভাব ছিল না। গ্রামটির এক পাশে ছিল অবারিত ফসলের মাঠ। মাঠটি আবার ছোট-বড় গাছপালায় ঘেরা ছিল। গাছগুলো ছিল পাখপাখালির অভয়ারণ্য। কিছু কিছু গাছের ফোঁকরে কাঠবিড়ালিরা বাস করত। ইঁদুররা বাস করত ফসলের মাঠের বিভিন্ন গর্তে। সকলে গাছের ফলমূল এবং মাঠের ফসল খেয়ে জীবনযাপন করত। খাবারের কোনো অভাব ছিল না। পশুপাখিরা ছিল একে অপরের বন্ধু। সকলে মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করত। একদিন চলার পথে একটা খরগোশের সঙ্গে ইঁদুরের দেখা হয়ে গেল। খরগোশ ইঁদুরকে দেখে বলল, ‘ওহে ইঁদুর ভাই, খুব সাবধানে থেকো! মাঠের শেষপ্রান্তে বড় যে নারিকেল গাছ আছে না? সেই গাছে আমি এক বাজপাখিকে দেখেছি। সে সুযোগ পেলেই কিন্তু আমাদের ধরে ফেলবে। প্রথমে খরগোশের কথা ইঁদুরের বিশ্বাস হয়নি। পরেরদিন ঠিকই ইঁদুরের বিশ্বাস হয়। সে বাজপাখিকে একটা সেগুনগাছের ডালে বসে থাকতে দেখে। এভাবে কিছুদিনের মধ্যেই পাখিটি অনেকেরই নজরে পড়ে। এর ফলে পাখ-পাখালি, কাঠবিড়ালি ও ইঁদুরদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তারা ভয়ে ভয়ে জীবনযাপন করতে থাকে। কারণ তারা জানতো বাজ শিকারি পাখি। ছোট ছোট পশুপাখিদের শিকার করে। তাই সকলে এই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য একটা উপায় খুঁজতে থাকে।
সেগুনগাছের ফোকলে এক কাঠবিড়ালি তার বাচ্চাদের নিয়ে বসবাস করতো। একদিন সকালবেলায় মা কাঠবিড়ালি ঘুম থেকে উঠে পড়ে। সে গাছের ফোকল দিয়ে বাইরে মুখ বের করতেই দেখে নিকটেই একটি ডালে সেই বাজপাখিটি বসে আছে। মা কাঠবিড়ালি খুব ভয়ে পেয়ে যায়। সে আর বের হতে পারে না। বাজপাখি যখন উড়ে যায় তখন মা কাঠবিড়ালি ও বাচ্চাগুলো ঘর থেকে বের হয়। মা কাঠবিড়ালি বাচ্চাদের আগেই বাজপাখিটির বিষয়ে সতর্ক করে দেয়। তাই বাচ্চাগুলো সাবধানে চলাফেরা করে। ওদিকে ইঁদুরদেরও একই অবস্থা। তারাও খুব সাবধানে চলাফেরা করে। মাঠে সেবার বাদামের চাষ করা হয়েছে। কাঠবিড়ালি বাদাম খাওয়ার জন্য মাঠে যায়। যেতে যেতে ইঁদুরের সঙ্গে দেখা হয়। তারা বাজপাখি নিয়ে আলোচনা করতে থাকে। এমন সময় অন্য একটা ইঁদুর মুখ ভার করে তাদের দিকে এগিয়ে আসে। তারা এর কারণ জিজ্ঞেস করলে ইঁদুরটি বলে, দু’দিন ধরে আমার একটা বাচ্চাকে খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই এটা ওই রাক্ষুসী বাজপাখির কাজ। সে আমার বাচ্চাকে খেয়েছে। ইঁদুরটির কথা শুনে কাঠবিড়ালি বলে, তুমি ঠিকই বলেছ। এই তো ক’দিন আগে পাখিটা একটা কাঠবিড়ালিকে ধরে নিয়ে যায়। এর একটা বিহিত করতেই হবে। নইলে আমাদের আর রক্ষা নেই। একদিন হয়তো আমাদের সকলকে একে একে ওর পেটে যেতে হবে।
বাজপাখির শিকার থেকে মুক্তি পাওয়ার জন্য এবার মাঠের কাঠবিড়ালি, ইঁদুর, খরগোশ ও বিভিন্ন প্রজাতির পাখি গোপনে সভা করে। আলোচনার সময় এক কাঠবিড়ালি বলে, এক কাজ করলে কী হয়? আমরা যদি মাঠের ভালো ভালো খাবার সংগ্রহ করে পালাক্রমে বাজপাখির বাড়িতে নিয়ে যাই, তাহলে সন্তুষ্ট হয়ে বাজপাখি হয়তো আমাদের শিকার করবে না। আর আমরা তখন প্রাণে বেঁচে যাবো। সকলে সমস্বরে বলে ওঠে উত্তম প্রস্তাব। তাহলে তা-ই হবে। বাজপাখিকে প্রস্তাবটা দেয়া যাক। সে যদি রাজি হয় তাহলে আমরা আমাদের কাজগুলো ভাগাভাগি করে নেবো। পরেরদিন এক টিয়া বাজপাখিকে একটা গাছে বসে থাকতে দেখে। টিয়া দূর থেকে পশুপাখিদের প্রস্তাবের কথা জানিয়ে দেয়। সব কথা শুনে বাজপাখি মনে মনে বলল, বসে বসে যদি খাবার পাই, তাহলে আর মন্দ কী? প্রস্তাব মেনে নেওয়াই ভালো হবে। তারপর বাজপাখি টিয়াকে বলে, সত্যি সত্যি তোমরা যদি আমার জন্য প্রতিদিন খাবার নিয়ে এসো, তাহলে আর তোমাদের শিকার করব না। তোমাদের প্রস্তাব মেনে নেবো। আর হ্যাঁ মাঠের শেষপ্রান্তে যে বড় নারিকেল গাছ আছে সেই গাছে আমি বাসা বানিয়েছি। ওখানেই থাকি। কাল থেকেই তোমরা কাজ শুরু করে দাও।
ওদিকে বাজপাখির প্রস্তাব মেনে নেয়ার কথা শুনে মাঠের সকল পশুপাখি খুশি হয়। এর জন্য একটু কষ্ট হলেও তাদের আর প্রাণ যাওয়ার ভয় থাকবে না। সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন একজন একজন করে বাজপাখিকে খাবার দিয়ে আসে। বাজপাখি খাবারগুলো দেখে খুব খুশি হয়। সে খুব মজা করে খায়। খাওয়া-দাওয়া নিয়ে তার কোনো চিন্তা থাকে না। ভালোভাবেই তার দিনগুলো চলে যায়। কিছুদিন পর বাজপাখি ভাবল মাঠের খাবার আর ভালো লাগছে না। এবার কিছু মাংস খাওয়া দরকার। আর যাই হোক আগের মতো আর কষ্ট করব না। যে খাবার দিতে আসবে তাকেই ধরে খাব। সত্যি সত্যিই দেখা গেল যারা খাবার দিতে আসে তাদেরকেই বাজপাখি শিকার করে। এ বিষয়টি মাঠের পশুপাখিরা একদিন জেনে ফেলে। এতে তারা বাজপাখির প্রতি ক্ষুব্ধ হয়। আবার তারা গোপনে সভা করে। এই সমস্যা কিভাবে দূর করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করে। অবশেষে তারা একটা সিদ্ধান্ত নেয়। আর তা হলোÑ বাজপাখিকে ধরার জন্য তারা একটি ফাঁদ তৈরি করবে। সুযোগ মতো তারা বাজপাখিকে ফাঁদে ফেলবে। এ বিষয়ে তারা একটি পরিকল্পনা করে ফেলে।
একদিন সকালে টিয়াপাখি আঙুরের থোকা নিয়ে বাজপাখির বাড়িতে হাজির হয়। সেই সময় টিয়া মুখটা ভার করে রাখে। টিয়ার মুখভার দেখে বাজপাখি বলে, তোমার কী হয়েছে? মন খারাপ কেন? তুমি তো জানো আমার তো বয়স হয়েছে। যেকোনো সময় মারা যেতে পারি। তোমাকে দেখে আমার বড্ড কষ্ট হয়। আমরা তোমাকে সামান্য কিছু খাবার দিই। তাই খেয়েই তোমাকে সারাদিন কাটাতে হয়। মাঝেমাঝে আমাদের আসতে দেরি হলে তোমাকে উপোস থাকতে হয়। তাই বলছিলাম তোমাকে খাদ্য ভা-ারের একটা গোপন সন্ধান দেবো। যেখানে রয়েছে মজার মজার খাবার। ইচ্ছে মতো পেট পুরে খেতে পারবে।
– এক্ষুনি বলো। কোথায় সেটি?
– আরে আস্তে বলো। কেউ শুনে ফেলবে তো।
– আমার আর তর সইছে না। তাড়াতাড়ি বলো।
– না না। তোমাকে বলে বোঝান যাবে না। তোমাকে নিয়ে যেতে হবে। একবার জায়গাটা চিনে ফেললে, এরপর থেকে তুমি একাই যেতে পারবে।
– তবে এক্ষুনি চলো। জায়গাটা আমাকে দেখিয়ে দাও।
– আচ্ছা চলো।
টিয়া বাজপাখিকে ফাঁদের কাছে নিয়ে গেল। একটা খাঁচা দেখিয়ে বলল, ওই যে একটা খাঁচা দেখছ না? ওই খাঁচাটির নিচে রয়েছে খাদ্য ভা-ারের গোপন দরজা। তুমি খাঁচার ভেতরে ঢুকলেই দরজাটি পেয়ে যাবে। সেই দরজা দিয়ে তুমি গোপন খাদ্যভা-ারে প্রবেশ করতে পারবে। টিয়ার কথা বিশ্বাস করে বাজপাখি খাঁচায় প্রবেশ করার জন্য এগিয়ে গেল। যেই খাঁচার ভেতরে প্রবেশ করল আর অমনি ঘরটির দরজা বন্ধ হয়ে গেল। টিয়াকে আশেপাশে দেখতে না পেয়ে বাজ বুঝতে পারল যে টিয়া তাকে মিথ্যা বলেছে। এটা কোনো সাধারণ খাঁচা নয়। এটা আসলে একটা ফাঁদ। সে খুব চেষ্টা করল খাঁচা থেকে বের হবার জন্য। কিন্তু কোনোভাবেই বের হতে পারল না। কোনো উপায় না পেয়ে সে হাউ মাউ করে কাঁদতে লাগল।
ওদিকে বাজপাখির ফাঁদে আটকা পড়ার কথাটি মাঠের সকল পশুপাখির কানে পৌঁছে যায়। তারা ফাঁদের কাছে ছুটে আসে। বাজপাখিকে ফাঁদে আটক দেখে তারা খুশি হয়। বাজপাখি অতীত ভুলের জন্য অনুতপ্ত হয়ে উপস্থিত সকলের কাছে ক্ষমা চাইল। কিন্তু কেউ তাকে ক্ষমা করল না। তারা বলল, আমরা পালাক্রমে তোমার বাসায় গিয়ে খাবার পৌঁছে দিতাম। তুমি বসে বসে সেগুলো খেতে। অথচ তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করলে। কিছুদিন থেকে আমরা লক্ষ করলাম যে তুমি মন চাইলেই আমাদের ধরে খেয়ে ফেলো। তোমার প্রতি আমাদের আর বিশ্বাস নেই। তুমি বিশ্বাসঘাতকতা করেছ। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মৃত্যুই হলো তোমার একমাত্র শাস্তি। তোমার মৃত্যু হলেই আমরা মুক্তি পাব। এখন তুমি মৃত্যুর জন্য প্রহর গুনতে থাকো। এরপর বাজপাখিকে একা রেখে সকল পশুপাখি আপন আপন বাসায় ফিরে গেল। খাঁচার ভেতর কিছু খেতে না পেয়ে ক’দিন পর বাজপাখি মৃত্যুবরণ করলো।
কে আমি?
সবাই বৃত্তাকারে দাঁড়াবে। একজনকে বৃত্তের মাঝে দাঁড় করাতে হবে এবং তার পেছনে এক খ- কাগজ সেফটিপিন দিয়ে এঁটে দিতে হবে। কাগজে বিভিন্ন ফুল, পশু, পাখি বা খাদ্যদ্রব্যের নাম লেখা যেতে পারে। প্রতি কাগজে একটি মাত্র বিষয়ের নাম লেখা থাকবে। যার পেছনে কাগজ লাগানো থাকবে সে হলো প্রশ্নকারী আর অন্যরা উত্তরদাতা। প্রশ্নকারী জানবে না তার পেছনের কাগজে কী লেখা আছে। প্রশ্নকারী অনুমানের ওপর ভিত্তি করে কাগজে লেখা নামটির প্রকৃতি, গুনাগুণ বা স্বভাব চরিত্রের ওপর প্রশ্ন করবে আর অন্যরা শুধুমাত্র হ্যাঁ বা না বলবে। প্রশ্নকারী সকলের সামনে এক চক্কর ঘুরে যাবে যাতে সকলে দেখতে পায় তার পেছনে কী লেখা আছে। অতঃপর প্রশ্নকারী প্রশ্ন করে জানবে সে কে?
মনে করি তার পেছনে লেখা ‘চকলেট’ কিন্তু তা সে জানে না, এখন অনুমানের ওপর ভিত্তি করে যেকোনো প্রশ্নের মাধ্যমে মূল নামটি বের করার চেষ্টা করবে। যদি সে প্রথম প্রশ্ন করে ‘আমি কি উড়তে পারি?’ সকলে বলবে ‘না’। আবার প্রশ্ন করবে ‘আমাকে কি খাওয়া যায়?’ সকলে বলবে ‘হ্যাঁ’। তাহলে সে বুঝে নিলো যে, সে খাদ্যদ্রব্য শ্রেণিতে আছে। এবার সে প্রশ্ন করে জানবে এটা কোন্ খাবার, কী তার নাম? তা সে গুনাগুণের ওপর প্রশ্ন করে বের করবে। অত্যন্ত বুদ্ধিমত্তার খেলা, প্রশ্নকারীর উপস্থিত বুদ্ধির ওপর নির্ভর করবে খেলার গুরুত্ব, আনন্দ বা মজা। প্রশ্ন ১০, ১৫ বা ২০টি নির্দিষ্ট করে দিলে ভালো তা হলে অন্যরাও খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে।
টন্সিলাইটিস হলে করণীয়
বন্ধুরা, গলায় ব্যথা হলেই অনেকে বলে টনসিল হয়েছে। এই টনসিল আসলে কী? টনসিল হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার একটা অংশ। এটি শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। টনসিল এক ধরনের লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি যা আমাদের গলার পেছনের দিকের অংশে থাকে। টনসিল আমাদের দেহে শ্বেতরক্তকণিকা উৎপন্ন করে যা বাইরে থেকে দেহে প্রবেশকারী জীবাণু ধ্বংস করে। কিন্তু কখনো কখনো এসব জীবাণুকে ধ্বংস করতে গিয়ে টনসিল গ্রন্থি নিজেই আক্রান্ত হয়ে পড়ে। ফলে ইনফেকশন বা জীবাণু সংক্রমণ হয় এবং এই গ্রন্থি ফুলে যায়। একে মেডিকেলের ভাষায় টনসিলাইটিস বলা হয়। আমাদের মুখের ভেতরেই চারটি গ্রুপে এগুলো অবস্থান করে। এগুলোর নাম লিঙ্গুয়াল, প্যালাটাইন, টিউবাল ও অ্যাডেনয়েড। এই টনসিলগুলোর কোনো একটির প্রদাহ হলেই তাকে বলে টনসিলাইটিস। টনসিল বলতে আমরা সচরাচর যা বুঝি, তা কিন্তু আসলে টনসিলাইটিস। টনসিলাইটিস যে শুধু শিশুদের হয়, তা নয়। এটা শিশুদের বেশি হলেও যেকোনো বয়সেই হতে পারে।
আর প্যালাটাইন টনসিলেই সবচেয়ে বেশি প্রদাহ সৃষ্টি হয়, ফলে গলা ব্যথা হয়। এই প্রদাহ সাধারণত দুই ধরনের হয়। একটি তীব্র বা অ্যাকিউট। আর অন্যটি দীর্ঘমেয়াদি বা ক্রনিক টনসিলাইটিস। স্ট্রেপটোকক্কাল ব্যাকটেরিয়া দ্বারা বেশিরভাগ টনসিলাইটিস হয়ে থাকে।
বন্ধুরা, কিছু লক্ষণ দেখে আমরা টনসিলাইটিস বুঝতে পারি। সেগুলো হলো তীব্র গলাব্যথা, মাথাব্যথা, উচ্চ তাপমাত্রা, খাবার খেতে কষ্ট ও মুখ হাঁ করতে অসুবিধা হয়, কানে ব্যথা হতে পারে, মুখ দিয়ে লালা বের হয় ও কণ্ঠস্বর ভারী হয়ে যেতে পারে। মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে। স্বরভঙ্গ, গলায় ঘাসহ টনসিল স্ফীতি, ঢোঁক গিলতে কষ্ট হয়, গলা ফুলে যাওয়া।
পুষ্টির অভাব, আইসক্রিম, ফ্রিজে রাখা শীতল পানি বেশি পান করা টনসিলের জন্য ক্ষতির কারণ হতে পারে। স্যাঁতসেঁতে স্থানে বাস করলে, আবহাওয়ার পরিবর্তনে শীতের প্রকোপ বেশি হলে, রোদ থেকে এসে ফ্রিজের ঠা-া পানি পান করলে, গরমে ঘাম বসে গেলে টনসিলের প্রদাহ বেড়ে যেতে পারে।
বন্ধুরা, টনসিলাইটিস হলে প্রচুর পানি পান করতে হবে। পূর্ণ বিশ্রাম নিতে হবে। পূর্ণ বিশ্রামে থাকতে হবে যত দিন সুস্থ না হবে। ওরাল হাইজিন (মুখগহ্বরের স্বাস্থ্য) ঠিক রাখতে হবে। মাউথ ওয়াশ দিয়ে বারবার কুলি করতে হবে। সাধারণ স্যালাইন বা লবণ মিশ্রিত গরম পানি দিয়ে বারবার কুলি করতে হবে। লেবু বা আদা চা-ও খেতে পারো। গলায় ঠা-া লাগানো যাবে না। যেহেতু তীব্র ব্যথা থাকে এবং জ্বর থাকে, সে ক্ষেত্রে জ্বরের ওষুধসহ কিছু ওষুধ দেওয়া হয় এবং এটা ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন হলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে। ওষুধ নিয়মিত খেলে ব্যাকটেরিয়া সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং রোগী সুস্থ হয়ে ওঠে।
দীর্ঘমেয়াদি টনসিলাইটিসের চিকিৎসা সাধারণত অস্ত্রোপচার। যদি বারবার টনসিলাইটিস হয় বা এর জন্য অন্য কোনো জটিলতার সৃষ্টি হয়ে থাকে, সে ক্ষেত্রে টনসিল অস্ত্রোপচার করে ফেলে দেয়াই ভালো।
কী কী কারণে টনসিলের অস্ত্রোপচার করা দরকার? দীর্ঘমেয়াদি বা ক্রনিক টনসিলাইটিস, টনসিল বড় হয়ে শ্বাসনালি বন্ধ হয়ে গেলে এবং নিঃশ্বাস নিতে অসুবিধা হলে। টনসিলে ফোঁড়া হলে অর্থাৎ ইনফেকশন হলে। বছরে চার-পাঁচবারের বেশি টনসিল ইনফেকশন হলে। এসব কারণ ছাড়াও যদি দীর্ঘমেয়াদি বা ক্রনিক ক্রিপটোকক্কাল ইনফেকশন হয়।
কখন অস্ত্রোপচার করা যাবে না? অ্যাকিউট ইনফেকশন থাকলে টনসিলে অস্ত্রোপচার করা যাবে না। কারণ, তখন ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে যেতে পারে এবং রক্তপাত বন্ধ না-ও হতে পারে। জ্বর বা ব্যথা থাকা অবস্থায় করা যাবে না। যদি কারো রক্তরোগ থাকে, যেমন থ্যালাসেমিয়া। রক্তনালি এবং রক্তরোগ থাকলে টনসিলে অস্ত্রোপচার করা যাবে না। এ ছাড়া উচ্চ রক্তচাপ থাকলে অস্ত্রোপচার করা যাবে না। এ ক্ষেত্রে যদি করতেই হয়, তাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এনে অস্ত্রোপচার করতে হবে। ডায়াবেটিস থাকলে অস্ত্রোপচার করা যাবে না। অস্ত্রোপচারের আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে হবে।
বন্ধুরা, টনসিল অপারেশন বা অস্ত্রোপচার নিয়ে আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে। সেটা হলো টনসিল ফেলে দিলে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটা ঠিক নয়। কারণ, টনসিল হলো প্রথম পাহারাদার। এর পরও গলায় ৩০০-এর বেশি লালাগ্রন্থি বা গ্ল্যান্ড আছে, যেগুলো রোগ প্রতিরোধ করে। অনেক সমীক্ষায় দেখা গেছে, টনসিলে অস্ত্রোপচার করার আগে ও পরে রোগপ্রতিরোধে কোনো তারতম্য হয় নাই।
অনেক সময় গলার বাইরের দিকে দুই পাশে বরই বিচির মতো দুটি দানা ফুলে উঠতেও দেখা যায়, অনেকে এগুলোকে টনসিল মনে করলেও এগুলো কিন্তু টনসিল নয়। রোগী বড় করে মুখ হাঁ করলে ভেতরের দিকে যে দুটি বড় দানার মতো দেখা যায়, তাই-ই হলো টনসিলাইটিসে আক্রান্ত টনসিল।