Home Blog Page 92

ক্ষণিকের অতিথি

এখন মাঝ রাত। আকাশে অস্পষ্ট আধোভাঙা চাঁদ। হু হু বাতাস বয়ে যাচ্ছে শহরতলীর দীঘল সুপারি আর শিরিষগাছ কাঁপিয়ে। শুকনো পাতা উড়ছে পাক খেয়ে। আকাশে উড়ে যাচ্ছে যাযাবর পাখির দল। তাদের ডানা বাতাস কেটে এগিয়ে চলেছে। শব্দ উঠছে শিসের মতো। হঠাৎ দল থেকে একটা পাখি ছিটকে গেল। পাখিটা ডাইভ দিয়ে বাঁ দিকে খানিক নেমে একটা ফ্ল্যাট বাড়ির উপর চক্কর মেরে উড়তে লাগল।
হঠাৎ ঘুম ভেঙে গেল রূহানের। তীব্র ব্যথায় তার সমস্ত শরীর চিনচিন করছে। মনে হচ্ছে শিরার ভেতর দিয়ে আগুনের ফুলকি ছুটে বেড়াচ্ছে।
গত মাসে অ্যাক&সিডেন্টের পর থেকে রূহান বিছানায় শোয়া। তার বাঁ পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে। প্লাস্টার লাগানো। তীব্র ব্যথার নীল স্রোত ওখান থেকেই পাক খেয়ে উপরে উঠে মস্তিষ্কে সিগনাল দিচ্ছে।
অ্যাক&সিডেন্টটা এক দুঃস্বপ্ন রূহানের কাছে। বন্ধুর সঙ্গে মোটর সাইকেলে যাচ্ছিল মধুপুরের দিকে। সে ছিল পিছনে বসা। নিজেকে তখন মনে হচ্ছিল বুনো ঘোড়ায় চেপে পাহাড়ি পথ ধরে ছুটে যাওয়া কাউবয়দের মতো। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে পড়ল রাস্তায়। ছেলেটিকে বাঁচাতে গিয়েই ঘটল দুর্ঘটনা। রূহান তীব্র এক ধাক্কায় ছিটকে পড়ল রাস্তার পাশের খাদে।
ডাক্তার জানিয়েছে তাকে এখন ক’মাস বিছানায় পড়ে থাকতে হবে। ক্লাস নাইনের ছাত্র দুরন্ত স্বভাবের রূহান কুঁকড়ে রয়েছে বিছানায়। সবুজ মাঠে পায়ে ফুটবল নিয়ে বিদ্যুতের ঝিলিকের মতো ছুটে যেত সে। চঞ্চল আর দুরন্ত স্বভাবের রূহান এখন বিছানায় দিন কাটাচ্ছে।
রূহানরা থাকে ফ্লাট বাড়ির আঠারো তলায়। ঘরে জ্বলছে মৃদু সবুজ আলো। জানালার কাচের শার্সিতে কেমন যেন শব্দ হচ্ছে। রূহান ঘুমভাঙা চোখে দেখল একটা ধূসরবরণ পাখি জানালার শার্সিতে ডানা ঝাপটাচ্ছে। ডানার পালকে রক্তের দাগ। লাল পুঁথির মতো চোখদুটো জ্বলছে। পাখিটা কি অসহায়ের মতো আশ্রয় চাইছে তার কাছে? রূহান স্পষ্ট শুনতে পেল পাখিটা বলছে- এই খোকা, জানালাটা খুলে দাও! আমাকে বাঁচাও!
অনেক কষ্টে বিছানায় উঠে বসে রূহান। মাথার কাছেই জানালায় তখনো ডানা ঝাপ্টানোর শব্দ হচ্ছে। সন্ধ্যায় ব্যথানাশক ট্যাবলেট খেয়েছে সে। এই দামি ট্যাবলেট ওর মেজমামা এনেছেন বিদেশ থেকে। রূহানের মেজমামা মালয়েশিয়া স্টেটস বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। তার গবেষণার বিষয় বেশ জটিল। প্রাণীদের জিন বৈশিষ্ট্যের রহস্য ভেদ করার চেষ্টা করছেন তিনি।
সেদিন খাবার টেবিলে মেজমামা বলছিলেন, প্রাণীদের জীবকোষের রোমাঞ্চকর কিছু তথ্য পেয়েছেন। মালয়েশিয়ার সারওয়াকের গভীর অরণ্যে এক ধরনের লাজুক, ক্ষুদ্র আকারের বানরজাতীয় প্রাণীর সন্ধান পেয়েছেন। জ্বলজ্বল করে তাকায়। অসম্ভব বুদ্ধিমান প্রাণী। নিজেদের মধ্যে এরা সাঙ্কেতিক ভাষায় তথ্য সরবরাহ করে।
একটা প্রাণী এবার সঙ্গে করে এনেছেন তিনি। প্রাণীটাকে পাশের ঘরে খাঁচায় রাখা হয়েছে। অন্ধকার বেশি পছন্দ প্রাণীটার। আলো সহ্য করতে পারে না। আলোর প্রখরতায় প্রাণীটার শরীরে লোমগুলো কুঁকড়ে যায়।

২
রূহানের কাছে মেজমামা একজন রহস্যময় মানুষের প্রতিকৃতি। সারাক্ষণ চিন্তা করেন। রহস্যময়তায় ঘেরা তার আচরণ। তিনি একবার বললেন, ‘প্রাণীদের সঙ্গে মানুষের ভাব বিনিময়ের যোগসূত্র বের করতে হবে। তাহলে প্রাণীদের কাছ থেকে বিচিত্র তথ্য সংগ্রহ করতে পারবে মানুষ। তথ্য প্রবাহের জগতে তাহলে বিপ্লব ঘটে যাবে। প্রাণীদের স্বভাবজাত ক্ষমতায় যে বুদ্ধির ঝিলিক রয়েছে, সিদ্ধান্ত গ্রহণের যে রহস্যময় ক্ষমতা রয়েছে তার সূত্র জানা যাবে। এই জানার ভেতর দিয়ে মানুষের সামনে খুলে যাবে দারুণ সম্ভাবনাময় পৃথিবীর অনাবিষ্কৃত দুয়ার। এতে প্রাণীরা কী ভাবছে তা বিস্ময়করভাবে জানতে পারবে মানুষ।’
কথাগুলো বলার সময় মেজমামার প্রখর চোখদুটো চকচক করে ওঠে। তিনি রূহানের মাথায় হাত রেখে বললেন, ‘জানিস রূহান, এর ফলে কী ঘটবে? প্রাণীরা অনেক খবর প্রকৃতির কাছ থেকে আগেই জানতে পারে, কিন্তু প্রকাশ করতে পারে না। প্রাণীদের রয়েছে অদ্ভুত রকমের বুদ্ধি। সেই বুদ্ধির সূত্র দিয়ে তখন অনেক কিছুই আবিষ্কার করা সম্ভব হবে। মানুষ তখন প্রকৃতি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রচুর সম্ভাবনাকে বাস্তবায়িত করতে পারবে। ফলে জীবনযাত্রার ধারাটাই পাল্টে যাবে।’
রূহান অনেক দিন ভেবেছে তার মেজমামার কথা। লোকটা কি শেষ পর্যন্ত উন্মাদ হয়ে যাবে! অনেকের কাছেই মেজমামা একজন ক্ষ্যাপাটে মানুষ। কিন্তু রূহানের কাছে তিনি জিনিয়াস।

৩.
রূহান মেজমামার কথা ভাবছে আর ভাবছে। হঠাৎ জানালার শার্সিতে আবারও পাখিটার ডানা ঝাপ্টানোর শব্দ শুনতে পেল। পাখিটা আবার জানালার কাছে ফিরে এসেছে। কী চায় পাখিটা ওর কাছে? এত রাতেও সে এখানে কেন এসেছে? পাখিটা কি বিশেষ কিছু জানাতে চায়? যাযাবর পাখিটা কত দূরের পথ পেরিয়ে এসেছে, কে জানে। পাখিটা ওর ঘরে প্রবেশ করার জন্যে আপ্রাণ চেষ্টা করছে। কেন ওর ঘরে আসতে চাইছে পাখিটা? পাশের ঘরের তারের খাঁচায় অদ্ভুত ধরনের শব্দ হয়। সেই ছোট, লাজুক বানরপ্রজাতীয় প্রাণীটা শব্দ করছে।
রূহান ক্রাচে ভর দিয়ে বিছানা থেকে নেমে জানালা খুলতেই পাখিটা কাঁপতে কাঁপতে ঘরের ভেতরে ঢুকে পড়ে। যেন তুষারঝড়ে আক্রান্ত হয়ে ছুটে এসেছে একটা অসহায় পাখি।
রূহান কাঁপাহাতে পাখিটাকে স্পর্শ করতেই ওর শিরদাঁড়া বেয়ে তিরতির করে ঠান্ডা স্রোত নেমে গেল। রূহানের চিন্তার জগতে তখন তীব্র ঝাঁকুনি। ওর মস্তিষ্কে আলোর ফুলকিরা দুলছে। মস্তিষ্কের নিউরনে বেশ কিছু ছবি ধারাবাহিকভাবে ফুটে উঠছে।
রূহানের ভেতরের অস্পষ্ট ভাবটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসছে। কেউ যেন টিউনিং করছে তাকে। পাখিটার সঙ্কেত প্রকাশের ক্ষমতার সঙ্গে তার চিন্তা-চেতনার একটা যোগসূত্র স্থাপন করছে। রূহান বেশ আশ্চর্য হয়ে অনুভব করে, সে ওই পাখিটার সঙ্কেত বুঝতে পারছে। দূরাগত পাখিটাকে সে চিনতে পেরেছে। এই পাখি এসেছে লাদাকের হিম সরোবর থেকে।
রূহানের দিকে তাকায় পাখিটা। লাল পুঁতির মতো চোখ মেলে জানতে চায়, ‘তোমার নাম কী?’
রূহান অবাক হয়। পাখিটা যে তাকেই জিজ্ঞেস করছে। বলে, ‘আমার নাম রূহান।’
‘তুমি এখন থেকে আমার বন্ধু।’
রূহান অবাক হয়। পাখিটা কী সুন্দরভাবে তাকে বন্ধু বানিয়ে ফেলল। একটুও ভয়ডর নেই তার। সে বলে, ‘তুমিও আমার বন্ধু হয়ে গেলে।’
পাখিটা বলে, ‘আমি তোমাদের এখানে এসেছি আমার আরেক বন্ধুর খোঁজে। সে আমাদের শুভাকাঙ্ক্ষী। প্রথমে আমরা ভেবেছিলাম আমাদের দলনেতা টাঙ্গুয়ার হাওড়ের পাশের জঙ্গলে আশ্রয় পেয়েছে। তাই আমাদের দলটি যাচ্ছিল টাঙ্গুয়ার হাওড়ের দিকে। তার সঙ্গে যোগাযোগ করতে। যার কাছে আমাদের যাত্রাপথের রুট সম্পর্কে নতুন তথ্য রয়েছে। কিন্তু আমাদের দলনেতা জানিয়েছে ওই শুভাকাঙ্ক্ষী রয়েছে এই শহরে। আরও জেনেছি সে এই বাড়িতেই আছে।’
‘কে তোমার বন্ধু?’
‘তাকে আনা হয়েছে সারওয়াকের অরণ্য থেকে।’
পাশের কক্ষে তখন শিসের মতো শব্দ হয়। রূহান বুঝতে পারে খুদে, লাজুক প্রাণীটি পাখিটার জন্য অস্থির হয়ে উঠেছে।
রুহান পাখিটাকে বলে, ‘চলো, তোমার বন্ধুর কাছে নিয়ে যাচ্ছি।’
রূহান ক্রাচে ভর দিয়ে পাখিটাকে নিয়ে পাশের ঘরে যায়। দরজা খুলতেই দেখে খাঁচার ভেতরে জ্বলজ্বল করছে দুটি চোখ। ছটফট করছে প্রাণীটা। পাখিটাকে দেখেই অস্থির হয়ে উঠেছে। রূহান বুঝতে পারে তাদের সঙ্কেত বিনিময়ের ভাষা। বানর প্রজাতির প্রাণীটা পাখিটাকে সতর্ক সংকেত দিচ্ছে—
‘তোমরা অবিলম্বে তোমাদের যাত্রাপথ পরিবর্তন করো। এখন তোমরা যে রুট ব্যবহার করছ তা তোমাদের জন্যে মোটেই নিরাপদ নয়। তোমাদের দলের ওপর ব্যাপক হামলা হবে। টাঙ্গুয়ার হাওড়ের ইকোসিস্টেম এখন বিপন্ন। তোমাদের ডিম থেকে আর ছানা হবে না। ডিমের খোলস হয়ে যাবে অসম্ভব পাতলা আর ফিনফিনে।’
‘তাহলে তো আমাদের ভীষণ বিপদ।’
‘তোমাদের ভবিষ্যৎ বংশধরদের নির্মূল করার জন্যে পৃথিবীর মানুষ অজান্তেই তোমাদের আশ্রয়স্থল প্রতিকূল করে তুলেছে। আমি চেষ্টা করেছিলাম তোমাদের কাছে এই তথ্য পৌঁছে দিতে। কিন্তু এই প্রাণিগবেষক আমাকে এখানে এনে বন্দি করে রেখেছে।’
পাখিটা বলল, ‘আমাকে যেভাবেই হোক হাওড়ে গিয়ে এ খবর সবার কাছে জানাতে হবে। আরও কয়েকটি দল আসছে ওই হাওড়ে। তাদেরকেও সাবধান করে দিতে হবে।’
‘তোমাদের জন্যে এখন নিরাপদ জায়গা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।’
‘আমি তাহলে এক্ষুণি যাই। হয়তো পথে আমাদের দলটিকে ধরতে পারব।’
ধূসরবরণ পাখিটা জানালা দিয়ে উড়াল দেয়। মুহূর্তের মধ্যেই ধূসর অন্ধকারে হারিয়ে যায় পাখিটা।
রূহান জানালার গ্রিল ধরে তাকিয়ে থাকে বাইরের ঘন অন্ধকারের দিকে।

প্রকাশকাল: মার্চ ২০২৬

আমরা কত রকম!

বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কী কী ভিত্তিতে আলাদা হয়। এ পর্বে আমরা ১৬টি আলাদা আলাদা পার্সোনালিটির স্বরূপ এবং ভবিষ্যত ক্যারিয়ার পরামর্শ সম্পর্কে। আদ্যাক্ষরগুলো মনে আছে?

১. Introvert (I), Extrovert (),
২. Sensing (S), Intuitive (N),
৩. Thinking (T), Feeling (F),
৪. Judging (J), Perceiving (P)
প্রতিটি গ্রুপ থেকে একটি আদ্য অক্ষর নিয়েই গঠিত হয় ১৬ টি পার্সোনালিটি টাইপ। যেমন- ESTJ, INTP ইত্যাদি।

বিখ্যাত একটি বই আছে পার্সোনালিটি এবং ক্যারিয়ার চয়েস নিয়ে। বইটির নাম- ডু হোয়াট ইউ আর। বইটি লিখেছেন- পল ডি. টিগার, বারবারা ব্যারন এবং কেলি টিগার। সে বই অনুসারে এবার চলো প্রতিটি ব্যক্তিত্বের আলাদা আলাদা বিশ্লেষণ করা যাক-

Analyst (NT) – কৌশল ও যুক্তিনির্ভর গ্রুপের মধ্যে চার ধরনের ব্যক্তিত্ব আছে-
INTJ
বৈশিষ্ট্য : এরা দীর্ঘমেয়াদি ভিশন তৈরি করতে পারে। স্বাধীনভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। জটিল সমস্যার পরিকল্পিত সমাধান খুঁজে বের করার চেষ্টা করে।
পেশা গাইডলাইন : এদের জন্য উপযুক্ত জায়গা হলো যেখানে ভবিষ্যৎ পরিকল্পনা ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। তবে কম আবেগঘন, বেশি বুদ্ধিবৃত্তিক পরিবেশ আছে। যেখানে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে।
উপযোগী ক্ষেত্র : প্ল্যানিং, ডিসিশনমেকিং, গবেষণা, প্রযুক্তি পরিকল্পনা, স্ট্রাটেজিক ম্যানেজমেন্ট।
INTP
বৈশিষ্ট্য : গভীর বিশ্লেষণধর্মী চিন্তা করতে পারে। তাদের পছন্দের কাজ হলো কোনো বিষয়ে আইডিয়া ও তত্ত্ব তৈরি করা। তবে তারা একা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
পেশা গাইডলাইন : তাদের জন্য উপযুক্ত জায়গা হলো যেখানে নতুন আইডিয়া আবিষ্কারের সুযোগ আছে। যেখানে কাজের সময়ের স্বাধীনতা আছে। একই দৈনন্দিন কাজ যেখানে বারবার করতে হয় না। অর্থাৎ রুটিনওয়ার্ক কম।
উপযোগী ক্ষেত্র : গবেষণা, সফটওয়্যার ডেভেলপমেন্ট, একাডেমিক কাজ।
ENTJ
বৈশিষ্ট্য : তারা হলো স্বতঃস্ফূর্ত নেতৃত্ব দেয়ার ক্ষমতাসম্পন্ন। তারা পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাদের কার্যক্রম সুনির্দিষ্ট লক্ষ্যকেন্দ্রিক। তারা লক্ষ্যপূরণ ও ফলাফল ছিনিয়ে আনতে চায়।
পেশা গাইডলাইন : তাদের জন্য ভালো জায়গা হলো লিডারশিপের জায়গা। যেখানে চ্যালেঞ্জিং পরিবেশ আছে, প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার সুযোগ আছ।
উপযোগী ক্ষেত্র : উদ্যোক্তা, ব্যবসা পরিচালনা, প্রতিষ্ঠানের প্রশাসন পরিচালনা
ENTP
বৈশিষ্ট্য : তারাও নতুন ধারণা তৈরি করতে ভালোবাসে। বিতর্ক ও আলোচনা পছন্দ করে। একইসাথে তারা পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। তারা গ্রুপে কাজ করতে পছন্দ করে।
পেশা গাইডলাইন : তারা উদ্ভাবনী কাজ করতে ভালোবাসে। কাজের পরিবেশ পরিবর্তন করতে চায়। তারা কমিউনিকেশনে ভালো ভূমিকা রাখে।
উপযোগী ক্ষেত্র : স্টার্টআপ, মার্কেটিং, আইন, মিডিয়া।

Diplomats (NF)- মানবিক ও মূল্যবোধকেন্দ্রিক। এই ক্যাটাগরিতে আছে-
INFJ
বৈশিষ্ট্য : তারা গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন। তাদের আগ্রহ থাকে কীভাবে মানুষের মঙ্গল করা যায়। তাদের জীবনের মহৎ উদ্দেশ্য থাকে।
পেশা গাইডলাইন : তাদের জন্য উপযুক্ত জায়গা হলো যেখানে থেকে মানুষকে সাহায্য করা যায়। যেখানে আদর্শিক কাজ আছে, সমাজ গঠনে ভূমিকা রাখা যায়।
উপযোগী ক্ষেত্র : কাউন্সেলিং, লেখালেখি, সমাজসেবা।
INFP
বৈশিষ্ট্য : তারাও আদর্শবাদী। তবে নিজস্ব ব্যক্তিগত মূল্যবোধে দৃঢ় থাকে। মূল্যবোধের সাথে অসামঞ্জস্যপূর্ণ কাজ তারা করতে পারে না। তারা সৃজনশীল কাজ প্রকাশে আগ্রহী।
পেশা গাইডলাইন : তাদের জন্য ভালো জায়গা হলো যেখানে স্বাধীনতা ও ব্যক্তিগত চিন্তা প্রকাশের সুযোগ আছে। কর্মপরিবেশ উদার। কাঠামোবদ্ধ কাজ কম। আদর্শ ও চিন্তাগত উৎকর্ষ সাধনের সুযোগ আছে।
উপযোগী ক্ষেত্র : সাহিত্য, শিল্প, মানবাধিকার।
ENFJ
বৈশিষ্ট্য : তারা মানুষকে অনুপ্রাণিত করে। তাদের সাংগঠনিক দক্ষতা ভালো। তারা টিম বিল্ডিং এবং টিম ম্যানেজমেন্টে পারদর্শী।
পেশা গাইডলাইন : সাধারণত টিম নিয়ে কাজ করার জায়গায় তারা ভালো করে। প্রশিক্ষণ/শিক্ষাদান সামাজিক প্রভাব তৈরির সুযোগ
উপযোগী ক্ষেত্র : শিক্ষকতা, HR, নেতৃত্বমূলক কাজ।
ENFP
বৈশিষ্ট্য : এরা উদ্যমী ও কল্পনাপ্রবণ। তাদের আগ্রহ থাকে নানামুখী। তবে বহির্মুখী হওয়ায় তারা মানুষকে নিয়ে কাজ করতে পছন্দ করে।
পেশা গাইডলাইন : তাদের জন্য উপযুক্ত হলো সৃজনশীল ও গতিশীল কাজ। তারা একঘেয়ে রুটিন এড়িয়ে নতুন সুযোগ অনুসন্ধান করতে পছন্দ করো।
উপযোগী ক্ষেত্র : মিডিয়া, বিজ্ঞাপন, উদ্যোক্তা।

Sentinels (SJ)- দায়িত্ব ও শৃঙ্খলাবোধ সম্পন্ন। এই ক্যাটাগরিতে আছে-
ISTJ
বৈশিষ্ট্য : এরা কাজের ক্ষেত্রে দায়িত্বশীল। নিয়মমাফিক ও রুটিনবদ্ধ কাজ এরা পছন্দ করে। কাজের ক্ষেত্রে নির্ভুল হওয়াকে প্রাধান্য দেয়।
পেশা গাইডলাইন : তাদের জন্য উপযুক্ত কাজ হলো কোনো প্রতিষ্ঠান স্থায়ী রুটিনমাফিক দাপ্তরিক কাজ। যেখানে নির্ধারিত নিয়মবলয়ের মধ্যে নির্ভুল কাজের সুযোগ পাওয়া যায়।
উপযোগী ক্ষেত্র : হিসাবরক্ষণ, প্রশাসন, সিভিল সার্ভিস।
ISFJ
বৈশিষ্ট্য : এরা যেকোন কাজে যত্নশীল ও সহায়ক ভূমিকা পছন্দ করে। তারা বিশ্বস্ত ও ˆধর্যশীল। অধিক সময় ধরে মনোযোগের সাথে কাজ করতে পারে।
পেশা গাইডলাইন : তাদের জন্য ক্ষেত্র হলো সেবামূলক কাজ। যেখানে সংগঠিত পরিবেশ পাওয়া যায়। দীর্ঘমেয়াদি ও স্থায়ী কাজ পাওয়া যায়।
উপযোগী ক্ষেত্র : স্বাস্থ্যসেবা, শিক্ষা।
ESTJ
বৈশিষ্ট্য : তারা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বাস্তবতা বিবেচনা করে। তারা সংগঠক ও দায়িত্বশীল নেতা হয়ে থাকে।
পেশা গাইডলাইন : তাদের জন্য উপযুক্ত হলো প্রশাসনিক ক্ষমতা বিষয়ে কাজ। যেখানে সুনির্দিষ্ট কাঠামো থাকবে। টার্গেট পূরণের মানসিকতা থাকবে।
উপযোগী ক্ষেত্র : ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা।
ESFJ
বৈশিষ্ট্য : তারা সামাজিকতা পছন্দ করে। সহযোগিতাপ্রবণ ও দায়িত্ববান হয়।
পেশা গাইডলাইন : তারা টিমওয়ার্ক ভিত্তিক কাজ, কমিউনিকেশন, ইত্যাদিতে ভালো করে।
উপযোগী ক্ষেত্র : মানবসম্পদ, ইভেন্ট ম্যানেজমেন্ট

Explorers (SP) – অভিযোজন ও বাস্তব দক্ষতা। এদের মধ্যে আছে-
ISTP
বৈশিষ্ট্য : তারা হাতে-কলমে কাজের ক্ষেত্রে দক্ষ হয়ে থাকে। সমস্যার তাৎক্ষণিক সমাধান করতে এরা পারদর্শী। তবে তারা স্বাধীনচেতা হয়।
পেশা গাইডলাইন : এদের জন্য উপযুক্ত হলো প্রযুক্তিগত কাজ। যেখানে তদারকি কম থাকে। তবে তারা নিজেদের আগ্রহেই কাজ শেষ করে, ফলাফল অর্জনে সচেষ্ট থাকে।
উপযোগী ক্ষেত্র : ইঞ্জিনিয়ারিং, চিত্রশিল্পী।
ISFP
বৈশিষ্ট্য : তারা নীরব সৃজনশীল মানুষ হয়। তবে সংবেদনশীলতা ও নমনীয়তা তাদের ব্যক্তিত্বে থাকে।
পেশা গাইডলাইন : তারা সাধারণত শিল্পকর্মে পারদর্শী হয়। যেখানে স্বাধীনভাবে শান্ত পরিবেশে নিজের কাজ ফুটিয়ে তোলা যায়।
উপযোগী ক্ষেত্র : হস্তশিল্প, স্বাস্থ্যসেবা।
ESTP
বৈশিষ্ট্য : তারা সাহসী ও দ্রুত সিদ্ধান্তকারী হয়। তারা হৈ হুল্লোড় পছন্দ করে।
পেশা গাইডলাইন : তাদের জন্য উপযোগী হলো দ্রুত সমাধান করা যায় এমন মাঠপর্যায়ের কাজ। তারা তাৎক্ষণিক ফলাফল নিয়ে আসতে চায়।
উপযোগী ক্ষেত্র : পুলিশ, সিভিল ডিফেন্স।
ESFP
বৈশিষ্ট্য : এরা প্রাণবন্ত এবং জমিয়ে রাখা মানুষ হয়।
পেশা গাইডলাইন : তারা বিনোদনমূলক কাজ, অনুষ্ঠান আয়োজন এবং সরাসরি মানুষের সাথে যোগাযোগ।
উপযোগী ক্ষেত্র : স্বাস্থ্যসেবা, সমাজসেবা।

এগুলো হচ্ছে ব্যক্তিত্বের ধরন অনুযায়ী ক্যারিয়ারের ক্ষেত্রে পরামর্শ। তবে একটা জিনিস মনে রাখতে হবে- এগুলো সুনির্ধারিত বিষয় নয়। অর্থাৎ তুমি একজন এক্সট্রোভার্ট হলেই বড় নেতা হতে পারবে এমন নয়। আবার তুমি ইনট্রোভার্ট বলেই তুমি মার্কেটিং বা সেলস এ কাজ করতে পারবে না এমন নয়। নিজের প্যাশন এবং উপযুক্ত প্রশিক্ষণ ও গাইডলাইন মানুষকে অনেক উন্নত ও দক্ষ করে তুলতে পারে।

প্রকাশকাল: মার্চ ২০২৬

ফুলকে ভালোবাসবো

আমার প্রতিটি কাজ নিয়ে মামণি গর্ব করেন। বলেন, এ বয়সে তুলি যতোটা স্মার্ট হয়েছে, আমি ততোটা ছিলাম না। ছাত্রী হিসেবে আমি ছিলাম মাঝারি মানের— তুলি ফার্স্ট গার্ল। কারো সঙ্গে কথা বলতে গেলে আমার জিভ জড়িয়ে যেতো। তুলির তেমন হয় না— তুলি অনর্গল কথা বলে। কুরআন তিলাওয়াতের সময়ও ওর মাঝে কোনো জড়তা খুঁজে পাওয়া যায় না। শুদ্ধ উচ্চারণে গড়গড় করে আয়াতগুলো তিলাওয়াত করে যায়। তুলি আমার স্মার্ট মেয়ে।
মামণি মন খুলে আমার প্রশংসা করলেও একটি কাজ নিয়ে মন খারাপ করেন— আমি যে ফুল ছিঁড়ে মালা গাঁথি, পাপড়ি খুলে হাওয়ায় ভাসিয়ে দিই, মামণি তা পছন্দ করেন না। মামণি বলেন, ফুলকে মানুষের হাতে নয়, গাছের ডালেই মানায় ভালো। এভাবে ফুল ছিঁড়ে তুই শুধু বাগানের সৌন্দর্যকেই নষ্ট করছিস না, পরিবেশকেও নষ্ট করছিস। আমার মেয়ে হয়ে এমন কাজ করে যাবি আর আমি তা চেয়ে চেয়ে দেখবো, তা হবে না। তোকে তোর স্বভাব বদলাতে হবে।
মামণি যখন এসব কথা বলেন আমি তখন আমার ভুল বুঝতে পারি। আর বোঝার সঙ্গে সঙ্গে মামণিকে জড়িয়ে ধরে বলি, আমি আর ফুল ছিঁড়বো না। আমিও তোমার মতো ফুলকে ভালোবাসবো। ফুলের গাছ দেখাশুনা করবো।
আমার কথা শুনে মামণির চোখ ঝলমল করে ওঠে। মামণি বলেন, এসব করবি তুই? তাহলে ভালোই হবে। দুজনা মিলে বাগানের দেখাশুনা করবো। আরো গাছ লাগাবো। আরো ফুল ফুটবে— ফুলে ফুলে বাগানটা ঝলমল করবে। তুই পারবি না গাছে পানি দিতে? মরা পাতা বেছে তুলে ফেলতে? পাতার নিচে পোকা ডিম পেরেছে কি না তা দেখতে?
আমি বলি, পারবো মা, পারবো! পাতার নিচে পোকা ডিম পাড়লে সেই পাতা বোঁটা থেকে ছিঁড়ে ফেলে দেবো। মরা পাতা তুলে বাগানটাকে ঝকঝকে করে ফেলবো। সে বাগান দেখে তুমি নিজেই মুগ্ধ হয়ে যাবে।
: তাই?
মামণি খুশি হোন আমার কথা শুনে। তার বুকের ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। কিন্তু শেষপর্যন্ত আমার আর ওসব করা হয় না। মামণি বাগানের দেখাশুনা করেন সকাল আর বিকেলবেলা। আর সে সময়টাতে আমি ব্যস্ত থাকি নিজেকে নিয়ে। সকালে যাই স্কুলে— বিকেলে খেলতে বসি। মামণি আমাকে ডেকে ডেকে হয়রান হয়ে বাগানে চলে যান।
সমস্যা হলো, শুধু বাগানের কাজে হেল্প করার বেলায় নয়, ফুলের বেলাতেও আমি আর আমার কথা রাখতে পারি না। দুদিন যেতে না যেতেই আবার আগের মতো হয়ে যাই— ফুল এনে মালা গাঁথি, পাপড়ি খুলে হাওয়ায় ভাসিয়ে দিই। আর তা দেখে মামণি দুঃখ পান। মামণি আমাকে বোঝান। তার চোখ দুটো ছলছল করে।

দুই.
আমার মামাতো বোনের নাম সারিকা। এ বোনটি আমার চেয়ে এক বছরের বড়ো। আমি তাই তাকে সারিকা বোনু বলে ডাকি। সারিকা বোনু যখন বেড়াতে আসে আমরা তখন মজা করে খেলি আর ছবি আঁকি। সারিকা বোনুদের বাড়িতে গেলেও সেই একই কাজ করি— খেলাধুলা করি নয়তো রং পেন্সিল নিয়ে আঁকতে বসি।
সারিকা বোনু বলল, তাহলে রং-তুলি নিয়ে এসো। আমরা ছবি আঁকবো।
আমার তখন আঁকাআঁকি করতে ইচ্ছে হচ্ছিল না। তাই বললাম, আঁকাআঁকি না বোনু। তারচে চলো বাগানে গিয়ে ফুলরানী ফুলরানী খেলি। খুব মজা হবে।
: এটা আবার কেমন খেলা? যে খেলার নাম শুনিনি সে খেলা খেলবো কেমন করে?
সারিকা বোনু তার সমস্যার কথা জানাল। আমি বললাম, শিখিয়ে দিলেই খেলতে পারবে। প্রথমে তুমি আর আমি দুটো ফুলগাছের সামনে গিয়ে দাঁড়াবো। তারপর ওয়ান টু থ্রি বলার সঙ্গে সঙ্গে নিজ নিজ গাছ থেকে ফুল ছিঁড়ে নিচে ফেলবো। এভাবে পাঁচ মিনিট ফুল ছেঁড়ার পর গুনে দেখবো কে বেশি ফুল ছিঁড়তে পেরেছে। যে বেশি ছিঁড়তে পারবে সে জিতে যাবে। একেবারে সহজ খেলা।
: সহজ তো বুঝলাম। কিন্তু এতে মজা কোথায়?
: মজা আছে। মজার ব্যাপারটা ঘটবে একেবারে শেষে। যে জিতে যাবে তাকে ফুলরানী বলে ডাকা হবে আর তার ওপর ফুলের পাপড়ি ছড়িয়ে দেয়া হবে। সম্ভব হলে মালাও পরিয়ে দেয়া হবে। মজার খেলা না?
বিপুল উৎসাহ নিয়ে আমি সারিকা বোনুর দিকে তাকালাম। কিন্তু তার চেহারাতে খুশির আভাস দেখতে পেলাম না। সে জবাব দিল, না, একেবারেই মজার খেলা না। এটা একটা বাজে আর নিষ্ঠুর খেলা।
সারিকা বোনুর জবাব শুনে আমি তো অবাক। জিজ্ঞেস করলাম, খেলাটাকে বাজে আর নিষ্ঠুর বলছো কেন?
সারিকা বোনু খুব শান্ত কণ্ঠে বলল, বলার কারণ আছে। ফুল একটি সুন্দর জিনিস। কোনো সুন্দর জিনিসকে নষ্ট করে খেলা হতে পারে, আমি তা ভাবতেও পারি না। আর ফুলের পাপড়ি ছেঁড়া তো রীতিমতো নিষ্ঠুরতা। না তুলি, আমি এমন খেলা খেলবো না।
আমি বললাম, তুমি একেবারে বড়োদের মতো কথা বলছো! একেবারে মামণির মতো। মামণি বলেন, ফুল ছেঁড়া মানে সৌন্দর্যকে নষ্ট করা! ফুল ছেঁড়া মানে পরিবেশের ক্ষতি করা! ফুলকে মানুষের হাতে নয়, গাছের ডালেই মানায় ভালো। তা তোমরা যা ইচ্ছে তা বলো ভাই। ফুল ছিঁড়ে খেলতে আমার ভালো লাগে— আমি খেলবো। তুমি খেলবে কি না, সে কথা বলো?
সারিকা বোনু সাফ জানিয়ে দিল সে খেলবে না। ইচ্ছে হলে আমি যেন একা একা খেলি, সে কথাও বলল সে। সে কথা শুনে আমারও খুব রাগ হলো। আমিও তাই খুব স্মার্টলি বললাম, আচ্ছা আচ্ছা, একা একাই খেলবো। আমার সঙ্গে তোমাকে খেলতে হবে না। তার চেয়ে তুমি মামণির সঙ্গে বসে টিভি দেখোগে।

তিন.
একা একা খেলার মাঝে কোনো আনন্দ নেই, আমি তা জানি। কিন্তু সারিকা বোনু খেলবে না বলার পর একা একা খেলা ছাড়া আমার কোনো উপায় নেই। তাই আমি একা একা খেলে চললাম। আর সারিকা বোনু ঘুরে ঘুরে ফুল দেখে যেতে লাগল।
মন খারাপ করে একের পর এক ফুল ছিঁড়ে যাচ্ছি, এদিক-ওদিক ছুঁড়ে মারছি, পাপড়ি খুলে হাওয়ায় ভাসিয়ে দিচ্ছি, সে সময় চোখ পড়ল একটা ফুলের ওপর— লাল টুকটুকে গোলাপ ফুল। সেই ফুলটিকে দেখে আমার মন খুশিতে নেচে উঠল। আমি ভাবলাম, হায় আল্লাহ্, কী সুন্দর ফুল! ফুলটাকে আমি ছিঁড়বো।
এ কথা ভেবে সেই ফুল ছিঁড়ে আনার জন্য দুই ডালের মাঝ দিয়ে হাত বাড়ালাম। সেই হাত গিয়ে পড়ল একটা কাঁটার ওপর, আর প্রচণ্ড ব্যথা পেয়ে আমি চেঁচিয়ে উঠলাম। সঙ্গে সঙ্গে খিকখিক ধরনের একটা হাসির শব্দ ভেসে এলো। সারিকা বোনু পাশেই ছিল। আমি চমকে উঠে তাকে বললাম, ব্যাপার কী বোনু? আমি ব্যথা পেয়ে কাঁদছি আর তুমি মনের সুখে হাসছো! এটা কি ঠিক হচ্ছে?
সারিকা বোনু বলল, আমি তো হাসিনি! হাসির শব্দ শুনে আমি ভেবেছি তুমি হেসেছো।
সারিকা বোনু হাসেনি শুনে আমি তো অবাক! সে হাসেনি, আমি হাসিনি, তাহলে হেসেছে কে? তবে যে-ই হেসে থাক, সে আশেপাশেই আছে।
আশেপাশে কে আছে তা দেখার জন্য আমি এদিক-ওদিক তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। তখন জিজ্ঞেস করলাম, কে হেসেছো? সামনে এসে দেখা দাও।
: আমি হেসেছি। আর আমি তোমার সামনেই আছি।
কে যেন কথাটা বলল কিন্তু তাকে আমি দেখতে পেলাম না। তাই জিজ্ঞেস করলাম, কে কথা বলছো? কাউকে দেখতে পাচ্ছি না তো!
এবার জবাব এলো, একটু মাথা তুলে তাকাও না ভাই। তাকালেই আমাকে দেখতে পাবে। আমি রজনিগন্ধা। ধবধবে সাদা এক সুঘ্রাণঅলা ফুল।
এবার উপর দিকে তাকাতেই আমি ফুলটিকে দেখতে পেলাম— সত্যি সত্যিই আমার মাথার ওপর একটি ধবধবে সাদা ফুল ফুটে রয়েছে। এ ফুলের নাম রজনীগন্ধা, আমি তা জানি।
আমি রজনীগন্ধাকে জিজ্ঞেস করলাম, তাহলে তুমিই হেসেছো?
রজনীগন্ধা বলল, হ্যাঁ, তুলি। আমিই হেসেছি।
: কেন, রজনীগন্ধা? হঠাৎ তুমি হেসে উঠলে কেন?
জিজ্ঞেস করলাম আমি। রজনীগন্ধা বলল, তোমাকে ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠতে দেখে আমার এতো মজা লেগেছে যে, আমি আর হাসি চেপে রাখতে পারিনি। এখনও হাসি পাচ্ছে— হি…হি…হি…। আচ্ছা তুলি, আমার হাসি তোমার ভালো লাগেনি?
আমি বললাম, না, একটুও ভালো লাগেনি। আমি ব্যথা পেয়ে কেঁদেছি আর তুমি মজা পেয়ে হেসেছো। এ কি ভালো লাগার কথা? শোনো রজনীগন্ধা, কাউকে ব্যথা পেতে দেখে খিকখিক করে হাসতে হয় না।
: কেন?
: কারণ ওটা নিষ্ঠুরতা। ভালো কাজ নয়।
রজনীগন্ধা বলল, ওহ, তাই বুঝি— হাসাটা ভালো কাজ নয়? আর কাউকে মেরে ফেলা, সেটা কী? সেটা বুঝি ভালো কাজ?
বললাম, না না, সেটা তো আরো খারাপ কাজ। কোনো ভালো মানুষ কাউকে মেরে ফেলতে পারে না।
: তাহলে তুমি কি ভালো মানুষ নও?
আমি বললাম, অবশ্যই আমি ভালো মানুষ। আমি কাউকে মারি না। কিন্তু তুমি এ কথা বলছো কেন?
রজনীগন্ধা বলল, বলছি এ কারণে যে, তোমাকে আমাদের খুব নিষ্ঠুর মনে হয়। তুমি সবসময় ফুলদের সঙ্গে নিষ্ঠুরতা করো। খারাপ ব্যবহার করতে একটুও বাধে না তোমার।
আমি বললাম, কিছুক্ষণ আগে তুমিও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছো। কাঁটার খোঁচা খেয়ে আমি কেঁদেছি আর তুমি হেসেছো।
: হাসবে না কেন? গোলাপ চামেলি রঙ্গন আর কনকচাঁপারা হেলেদুলে হাসবে— আর ওদের সাথে মিলে আমিও হাসবো। কাঁটার খোঁচা খেয়ে তুমি যতো কাঁদবে, আমরা ততো হাসবো। হাসতে হাসতে হাওয়ায় দোল খাবো। তখন বুঝবে মজা।
রজনীগন্ধা নয়, এবার কথাগুলো বলল অন্য কোনো ফুল। আমি জিজ্ঞেস করলাম, তুমি আবার কে আমাদের মাঝে নাক গলাতে এলে?
: আমি ঝুমকো। গোলাপ চামেলি রঙ্গন আর রজনীগন্ধার বন্ধু।
: তাই?
ঝুমকো নামের সেই ফুলটা বলল, হ্যাঁ হ্যাঁ, তাই। আমরা সবাই সবার বন্ধু। আমরা মানুষদের মতো দেখেশুনে বেছে বেছে বন্ধুত্ব করি না। অতোটা স্বার্থপর আমরা নই।
আমি দেখলাম গোলাপ থেকে একটু দূরে একটি লাল ফুল হাওয়ায় দোল খাচ্ছে। এ ফুলকেই যে সবাই ঝুমকো বলে আমি তা জানি। সেই ঝুমকোকে বললাম, কথা শুনে মনে হচ্ছে তোমরা সবাই সবাইকে খুব ভালোবাসো। কাউকে দুঃখ দিতে চাও না। কিন্তু আমাকে ব্যথা পেতে দেখে তোমরা যে হেসে উঠেছো, আমি তাতে দুঃখ পেয়েছি। প্লিজ, এমন নিষ্ঠুরের মতো কাজ করো না।
ঝুমকো জবাব দেয়ার আগেই চন্দ্রমল্লিকা বলল, আমরা হেসেছি, তাতেই তুমি দুঃখ পেয়েছো! আমাদের নিষ্ঠুর বলে গালমন্দ করছো। আর তুমি যে রোজ রোজ বাগানে এসে আমাদের বোঁটা থেকে ছিঁড়ে নিয়ে যাও, পাপড়ি খুলে হাওয়ায় ভাসিয়ে দাও, পা দিয়ে পিষে মাটির সঙ্গে মিশিয়ে দাও, তাতে আমাদের কষ্ট হয় না? আমরা ব্যথা পাই না?
: ব্যথা পাও? ফুলেরা আবার ব্যথা পায় নাকি?
: হ্যাঁ রে ভাই, খুউব ব্যথা পাই। ব্যথা পেয়ে আমরা চিৎকার করে কাঁদি। আমাদের ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করি। কিন্তু তুমি তা শোনো না। বরং নেচে নেচে গেয়ে গেয়ে আমাদের পিষে মারো। মালা গেঁথে ডলে-মুচড়ে ময়লার ঝুড়িতে ফেলে দাও! তুমি এমন করো কেন, তুলি? তুমি কি ফুলদের ভালোবাসো না? একটুও মায়া হয় না আমাদের জন্যে?
নিজেদের কথা বলতে গিয়ে চন্দ্রমল্লিকা ডুকরে কেঁদে উঠল। ওকে কাঁদতে দেখে অন্য ফুলরাও কান্নায় ভেঙে পড়ল।
বাগানের চারদিক থেকে যখন কান্নার শব্দ ভেসে আসতে লাগল, আমার নিজেরও তখন কান্না পেল। আমি বুঝতে পারলাম, এতোদিন আমি ফুলদের সঙ্গে অন্যায় করেছি। ওদের সঙ্গে অমন করা ঠিক হয়নি। এ জন্যে আমার ক্ষমা চাওয়া উচিত। মামণি যেমন চান, তেমনভাবে বদলে যেতে হবে আমাকে।
ফুলরা তখনো ডুকরে ডুকরে কাঁদছিল। সেই কান্নার মাঝেই আমি বললাম, কেঁদো না চন্দ্রমল্লিকা। সেঁজুতি, রজনীগন্ধা আর সন্ধ্যামালতি— তোমরাও কেঁদো না। আমি কথা দিচ্ছি, আমি আর তোমাদের সঙ্গে অমন করবো না।
: করবে না তো?
কান্না থামিয়ে জিজ্ঞেস করল ছোট্ট এক নয়নতারা। আমি বললাম, না, একেবারেই করবো না।
: কিন্তু তোমাকে আমরা কেমন করে বিশ্বাস করবো, বলো? এতোদিন তুমি আমাদের ওপর অনেক অত্যাচার করেছো। এমন করেছো কেন?
নয়নতারার প্রশ্নের জবাবে আমি বললাম, আসলে কী হয়েছিল জানো? অন্য প্রাণীদের মতো ফুলদেরও যে প্রাণ আছে, সুখ-দুঃখ বোঝার অনুভূতি আছে, আমি তা বুঝতে পারিনি। মামণি বোঝাতে চেয়েছেন, কিন্তু আমি বুঝতে চাইনি। আজ বুঝতে পেরে মন থেকে তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিয়ে তোমাদের বন্ধু করে নাও। বলো, নেবে বন্ধু করে?
নয়নতারা বলল, তুমি যদি সত্যি সত্যিই নিজেকে শুধরে নাও, আমাদের ভালোবাসো, তাহলে তোমাকেও আমরা ভালোবাসবো। বন্ধু করে নেবো। আমরা তো বন্ধু হয়েই থাকতে চাই।

ফুলদের ভালোবাসলেই ফুলরা আমাকে ভালোবাসবে, বন্ধুু করে নেবে, এ কথা শুনে আমার এতো ভালো লাগল যে, আনন্দে আমি দু হাতে চোখ ঢেকে কেঁদে ফেললাম।

শিশুদের ঈদ উৎসব

ঈদ মানে আনন্দ। মুসলিম সমাজের ধর্মীয় উৎসব। এই আনন্দ ছোট-বড়, ধনী-গরিব সকলের জন্যই সমান। আমাদের সমাজ ও পারিবারিক জীবনে ঈদের গুরুত্ব ও তাৎপর্য ব্যাপক। ঈদকে কেন্দ্র করেই পারিবারিক বন্ধন মজবুত হয়। সবাই গ্রামের বাড়িতে একত্রিত হয়। এতে শিশুদের জন্য পরিবারের চাচা-চাচি ফুফু-ফুফাসহ অন্যদের সাথে আন্তরিকতাপূর্ণ সুসর্ম্পক গড়ে ওঠে। আনন্দ উৎসবের অন্যরকম মাত্রা নিয়ে শিশু কিশোরদের জীবনে ঈদ আসে। ঈদ হলো খুশির দিন। প্রতিবছর সবার জীবনে ঘুরে ঘুরে আসে ঈদ। শিশুর মাঝে ঈদ আসা মানে হরেক রকম আনন্দের পসরা বয়ে যাওয়া। ঈদের নানা রকম ˆবচিত্র্য আছে আমাদের ছোট বড় সবার জীবনে। গ্রামের ঈদ, শহুরে ঈদ। নানা বর্ণে নানা সাজে যুগের পরম্পরায় ঈদের পরিবর্তন ঘটেছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের পর থেকেই মুসলমানদের জীবনে ঈদের সওগাত নেমে আসে। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই ঈদের রমরমা আয়োজন চলে ঘরে ঘরে। পোলাও, কোর্মা, কোপ্তা, ফিরনি, পায়েশ খাওয়ার ধুম পড়ে। তবে ঈদের অসীম আনন্দের ছটা শিশুদের জন্যই বিশাল রকমের আনন্দের ফল্গুধারা বয়ে আনে। ঈদের ঝলমলে আনন্দ ধনী গরিব সবার মধ্যে সমানভাবে ভাগ করে নেয়ার মাধ্যমেই ঈদের মূল ভাবার্থটি প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের মুসলমান ধর্মাবলম্বীরা ঈদকে সবার মাঝে বিলিয়ে দিয়েই সুখ ও আনন্দের সওগাত পরিবেশন করে।
ইসলাম ধর্মে শরীয়তের বিধান নামাজ পড়া, রোজা রাখা। প্রকৃত শরীয়ত পালনের জন্য রোজা যেমন মুসলমানদের জন্য আল্লাহ তা’য়ালা ফরজ করেছেন, ঠিক সেভাবে সিয়াম সাধনার মাস হিসেবে আখ্যা দিয়ে আল্লাহ পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগির মাধ্যমে পরিশুদ্ধ আত্নসংযমের কথা বলেছেন। একটি মাস নামাজ পড়ার পাশাপাশি সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারসহ সকল প্রকার কাম, ক্রোধ, লোভ, মোহ বিসর্জনের মধ্য দিয়ে সিয়াম সাধনা করতে হয়। তারপরই ঈদের সার্থকতা আপন মহিমায় উজ্জ্বল হয়ে ওঠে।
একমাস সফল সাধনার পর ঈদের মূল সুর বেজে ওঠে তখনই, যখন চাঁদ ওঠে আকাশে। পাক ভারত উপমহাদেশের অন্যতম প্রধান কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি-

“ও মন রমজানের ওই রোজার শেষে/এলো খুশির ঈদ।
আপনাকে আজ বিলিয়ে দে/শোন আসমানি তাগিদ।”

গানটি ধ্বনিত হয় আকাশে বাতাসে। মিডিয়াগুলো ওই একটি ইতিহাসখ্যাত গানের সুরধ্বনিতে ঈদের আগমন বার্তা প্রকাশ করে। ছেলে বুড়ো সবার মধ্যে শুরু হয়ে যায় ঈদের ধুম। শিশুরা মাতোয়ারা হয়ে এখানে সেখানে হৈ চৈ হট্টগোলে মাতিয়ে রাখে প্রকৃতিকে। ঈদের কোনো ভেদাভেদ নেই, কী ধনী কী গরিবে। ঠিক তেমনি নগর কেন্দ্রিক সভ্যতার ছোঁয়া আজকাল গ্রামীণ সংস্কৃতিতেও ভর করেছে। গ্রামের ঈদ আর শহুরে ঈদের মধ্যে কিছু পার্থক্য তো ছিলোই। বর্তমানে সে পার্থক্য ধীরে ধীরে কমছে।
ঈদকে ঘিরে বাংলাদেশের প্রতিটি গ্রামের ঘরে ঘরে ছোট ছোট ছেলেমেয়েদের দল বেঁধে এ ঘর থেকে ও ঘর ছুটে যাওয়ার সেই সব চেনা জানা সরল দিনগুলো এখন অনেকটা হারিয়ে যেতে বসেছে বলা চলে। গ্রাম গঞ্জের ঈদ আজও এতো বিলাসবহুল হয়ে ওঠেনি। সচরাচর গ্রামের লোকজন অধিকাংশই কৃষিজীবী। ফলে ঈদ পালন করতে হলে একসময় তাদের ফসল উৎপাদনের ওপর নির্ভর করতে হতো। কৃষকের ছেলেমেয়েরা ঘরে ফসল উঠলে তবেই ঈদের নতুন জামা কিনতে পারে। নইলে বছর ভেদে চাঁন রাতে ছেলেমেয়েরা পুরনো জামাকাপড় নতুন করে কেঁচে অথবা ঘষে মেজে পরিষ্কার করে ঈদের উৎসবে মেতে ওঠার পর্ব সেরেছে। তবে গ্রামের ঈদে এখনো দেখা যায়, শিশু কিশোররা দলবেঁধে ছুটে চলে এ-পাড়া ও-পাড়া, এ বাড়ি থেকে ও বাড়িতে কিম্বা দূর গ্রামের কোনো আত্মীয় ¯^জনের বাড়িতে। ঈদ সেলামির পাশাপাশি সেমাই, ফিরনি রান্না করা, ভালো খাবার দাবার তো থাকছেই। এছাড়া মজার ব্যাপার হলো গ্রামে ঈদের আয়োজনে থাকে নানা পণ্য ও খেলাধুলা সমাদৃত গ্রাম্য মেলা। এ মেলা বসে নদীতীরে, গ্রাম্য হাটে, বটতলায়, স্কুল মাঠে। মেলার মধ্যে থাকে লোকজ হাতের ˆতরি নানা সামগ্রী নকশী করা পাখা, পুতুল, রঙিন হাঁড়ি, মিঠাই, বাঁশের বাঁশি ইত্যাদি। হা-ডু-ডু, ফুটবল, গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা, ফুটবল-ক্রিকেট ইত্যাদি ম্যাচ আয়োজনে ঈদকে করে বড়োই প্রাণবন্ত। আরো আছে নাগরদোলা, ঘোড়দৌড়, নৌকা বাইচ মারফতি ও মুর্শিদি গানের জমজমাট আসর। তবে, নগর সভ্যতার ছোঁয়া পেয়ে আজকাল গ্রামের সেইসব ঐতিহ্যবাহী দৃশ্যাবলী অনেকটা কমতে শুরু করেছে।
শহুরে ঈদ মানে ফাঁকা নগর, যানজট, কোলাহল মুক্ত সুনসান পরিবেশ। আর এ ফাঁকা নগরীর ঈদের দিনটির জন্য অপেক্ষমাণ থাকে বিলাসিতার আষ্টেপৃষ্ঠে জড়ানো বিত্তশালী বাবার ছেলেমেয়েরা। ফলে শহরের উন্নত জীবনব্যবস্থার আদলে গড়ে ওঠা ধনী লোকদের ছেলেমেয়েদের শপিংমল থেকে বড় বড় বিপণি কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়া, জমকালো বাহারী পোশাক আশাক, প্রসাধনী কিনতে লাখ লাখ টাকার ব্যয়ভার তো আছেই। প্রয়োজনে কাপড় কেনার জন্য বিদেশে গিয়ে হাল ফ্যাশন এর কাপড়ে বন্দি হবার প্রতিযোগিতায় মেতে ওঠে শহুরে ঈদের আয়োজনে আয়োজক ধনীদের ছেলেমেয়েরা। আর ফুটপাতে ও বস্তিতে থাকা হাজার হাজার নগরবাসী শিশুদের ঈদও কাটে অন্য এক বৈচিত্রময়তায়। হকার মার্কেটের সহজলভ্যতায় কেনা কাপড় কিম্বা ধনীদের জাকাত ফিতরার টাকায়। তাদেরও ঈদ কাটে দল বেঁধে ছুটে চলা সেলামি সংগ্রহের মধ্য দিয়ে। শহুরে ঈদে প্রত্যেক বাড়িতে পোলাও, কোরমা, কাচ্চিবিরিয়ানি, ফিরনি, পায়েস, জর্দা, চিকেন ফ্রাই, পিৎজা, মোগলাই, কোপ্তা, নানাজাতের মিষ্টিসহ উপাদেয় মসলায় হরেক রকম আধুনিক বিলাসী খাবারের সমাবেশ থাকে। ছেলেমেয়েরা সেলামি সংগ্রহের জন্য দল বেঁধে ছুটে, বিলাসবহুল গাড়িতে, নাহলে ভাড়া করা গাড়িতে চলে অভিযান।
তবে সত্যিকার ঈদের মাহাত্ম্য হওয়া উচিত ধনী গরিব সবার জন্য সমান। বর্তমান বিদ্যমান সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে শিশু কিশোরদের মধ্যে ইসলামের সাম্য-সমতা শান্তির বাণী ও বৈষম্যহীন চেতনায় ভাস্বর আনন্দময় ঈদের কথা ভাবতে হবে সবার জন্য।
আগেই বলেছি, ঈদুল ফিতর প্রাচীন বাংলার উৎসবগুলোর মধ্যে সতন্ত্র বৈশিষ্ঠ্য ধারণ করে আছে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে। যদিও এদেশে ঈদ প্রধান ধর্মীয় উৎসব হিসেবে এর গুরুত্ব ছিলো অপরিসীম। তবুও বলা যায়, আজ আমরা অধীর আগ্রহে যে ঈদ উৎসবের আমেজের জন্য অপেক্ষা করে থাকি এদেশে সে ইতিহাসের সূচনা হয় প্রায় ৮০ থেকে একশ বছর আগে। ফরায়েজী আন্দোলনের পর মুসলমানরা প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারে। ওই সময়ের ইংরেজ আমলে বড়দিনই ছিলো প্রধান উৎসব। মুসলমানরা যখন রাজনীতি ও বিদ্যাবুদ্ধির দিক সচেতন হয়ে ওঠে তখন থেকেই ঈদ উৎসব গুরুত্ববহ হয়ে ওঠে। ১৯৪৭ সালে পাক ভারত বিভক্তির পর বাংলাদেশে দু’টি ঈদই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জাতীয় উৎসবে পরিণত হয়। সেই থেকে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়। সরকার ও রাষ্ট্র প্রধানদের বাণী শুভেচ্ছা বিনিময়, বিবৃতির মাধ্যমে সকল নাগরিকের মধ্যে ঈদ উৎসব হয়ে ওঠে আলাদা মর্যাদায় মহিমান্বিত।

অবশেষে ২৯/৩০ রোজা ইফতার শেষের সন্ধ্যাবেলা ছোট বড়ো সকলের চোখ স্থির হয়ে হানা দেয় পশ্চিম আকাশের দিকে। অগণিত শিশুকিশোর তরুণ নগর গ্রাম সর্বত্র হই হল্লা করে চাঁদ দেখার নেশায় পাগলপারা হয়ে ওঠে। বাড়ির খোলা ছাদে, অবারিত খেলার মাঠে শুধু উৎসুক লোকের চোখ এই বুঝি দেখা দিলো আকাশে শাওয়ালের চাঁদ। যখনই সেই প্রতীক্ষার অবসান ঘটে তখনই ঈদের সাজ সাজ রব ওঠে সর্বত্র। একমাস সিয়াম সাধনার পরে রোজাদাররা আনন্দের অপেক্ষায় থাকে সেই চাঁন রাত থেকেই পরদিন সকালে গোছল করে নতুন জামা কাপড় গায়ে জড়িয়ে সুগন্ধি আতর লাগিয়ে কখন ঈদগাহে যাবে। আর শিশুদের তো পোয়া বারো। আনন্দে মশগুল হয়ে চাঁন রাত থেকেই মহা হৈ চৈ উৎসবে মেতে ওঠে। শিশু কিশোরদের এ আনন্দ শেষ হতে চায় না কোনোভাবে। রমজানের রোজা শেষে এক ভিন্ন সুখের মাত্রায় শিশুরা খুঁজে পায় ভ্রাতৃত্বের এক অনুপম চেতনা। যেখানে সবাই একযোগে মেতে ওঠে আনন্দের সওগাতে। সাম্য ও মিলনের আনন্দের সেই সুর শিশু কিশোরসহ সবার মাঝে বিলিয়ে দিতে পবিত্র ঈদুল ফিতরের চাইতে বড়ো উৎসব কী করা যায়?
ঈদের যে মহান শিক্ষা, সেই শিক্ষায় আমাদের গোটা জীবনকে রাঙিয়ে তুলতে হবে। সাজিয়ে তুলতে হবে সুন্দর-সৌরভে। ঈদের দিনের ন্যায় বছরের প্রতিটি দিন আসুক আমাদের জীবনে। ঈদের খুশি ও আনন্দে কাটে যেন আগামীর প্রতিটি মুহূর্ত। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। আর ঈদের দিনের ন্যায় ধনী-গরিব সকলে মিলে যেন সবসময় এক সাথে চলতে পারি।

দেশে দেশে ঈদ আয়োজনের ভিন্নতা থাকলেও সব দেশের মুসলমানদের মাঝে ঈদের এই দিনটি বিশেষ তাৎপর্যবহ। সব দেশই মুসলিম রীতিনীতি অনুযায়ী এই দিনটি পালন করলেই কিছু সাংস্কৃতিক আবেশও এখানে চলে আসে। মুসলমানদের প্রধানতম এই দিনটি হোক সব মত ও পথের মানুষের মিলনমেলা, উৎসব হোক সার্বজনীন।

 

প্রকাশকাল: মার্চ ২০২৬

লাল ফড়িঙের ইশকুল

কী অপূর্ব এই গ্রাম! সবুজ প্রকৃতি। আকাশে হলুদ রঙের ছড়াছড়ি। কী যে ভালোলাগে গ্রামটাকে! লাল ফড়িঙ স্কুলে যাবার পথে এভাবেই কথা শুরু করে তনুর সঙ্গে।
আচ্ছা তনু, তুমি রোজ রোজ বই হাতে নিয়ে ইশকুলে যাও কেন। তোমার কি ব্যাগ নেই? শহরের ছেলে-মেয়েরা ব্যাগে করে স্কুলে বই নিয়ে যায়। গাড়িতে চড়ে কী মজাটাই না করে! পিঁপিপ করে বেজে ওঠে গাড়ি। হাতে করে বই নিতে তোমার কষ্ট হয় না বুঝি? তাছাড়া তোমার বইগুলোতে কোনো মলাট নেই। কলমের আঁকাআঁকি বইয়ের কোথাও কোথাও আবার ছেঁড়া। তবে তোমার চুলের লাল ফিতাটা না খুব মানিয়েছে তোমায়। ঠিক আমার পাখার রঙের মতো। কে কিনে দিলো চুলের ফিতা?
তনু ঘাড় ঘুরিয়ে উত্তর দেয়- কেন, আমার বাবা কিনে দিয়েছে। আমার বাবা সারাদিন মাঠে কাজ করে। গরু দিয়ে জমিতে হালচাষ করে। আমার মা দুপুরবেলা মাটির বাসনে করে বাবার জন্য ভাত নিয়ে যায়। আচ্ছা, মাটির বাসন চেন তুমি? তোমাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে যাব। মাকে বলে রাখবো তোমার জন্য তালের পিঠা বানিয়ে রাখতে। তালের পিঠা খেতে খুব মজা।
খুব মজা, ঘ্রাণটা তোমার খুব ভালো লাগবে। এবার বলো তো, সকালবেলা আমার সাথে ইশকুলের পথ ধরে যেতে তোমার কেমন লাগে? আমার স্কুল দেখেছ তুমি? স্কুলে একটা পতাকা আছে। বাতাসে দোল খেতে খেতে পতাকাটি ওড়ে। লাল-সবুজ পতাকা। তুমি দেখলে প্রায় দিনই পতাকার পাশে উড়ে বেড়াবে। আর তোমাকে উড়তে দেখলে আমি আর আমার বান্ধবী শিউলি খুব মজা পাবো। তোমাকে ওর খুব ভালো লাগবে।
তনুর কথা শুনে ফড়িঙ ঝিরিং ঝিরিং নেচে উঠে বললো, তাই নাকি? তাহলে আমি তোমার বান্ধবী শিউলির সঙ্গে পরিচিত হবো। জানো, আমার না খুব ইচ্ছে জাগে তোমাদের সাথে পড়ালেখা করতে। কবিতা আবৃত্তি করতে। সুন্দর করে উচ্চারণ করে পড়তে। শোনাও না তনু একটি কবিতা।
তনু আবৃত্তি করে-

‘‘একটি ফড়িঙ গঙ্গা ফড়িঙ সবুজ গায়ের রঙ
দেখলে চোখে ঝিলিক লাগে আজগুবি তার ঢঙ।
ঝিরিং ঝিরিং আওয়াজ করে তিরতিরানো সুর
এই বুঝি এই উড়োজাহাজ চলছে অচিনপুর।
চারটি ডানা ঘাসের মতো ছয়টি যে তার পা
বন বাদাড়ে ঘুরে বেড়ায় আয় না দেখে যা।”

বাহ তনু বাহ! খুব সুন্দর হয়েছে। তোমার আবৃত্তি আমার খুব ভালো লেগেছে। তোমাদের বইয়ের কবিতাটি যিনি লিখেছেন তিনি খুব ভালো লিখেছেন।
হ্যাঁ ফড়িং। গল্প করতে করতে তুমি তো আমার স্কুলের কাছেই চলে এসেছো। এবার আমি যাই তাহলে। তুমি ইচ্ছে করলে থাকতে পারো। ওই যে দেখ। কী সুন্দর মোরগ ফুল ফুটে আছে। তুমি চাইলে সেখানে গিয়ে উড়ে বেড়াতে পারো। আমার স্কুল ছুটি হলে তোমাকে ডাকবো। আমার বান্ধবীদের সঙ্গেও পরিচয় করিয়ে দেব।

তনুর কথামতো লাল ফড়িং বাগানের দিকে উড়ে যায়। তনু পা বাড়ায় ক্লাশের দিকে। এরই মধ্যে পার হয়ে গেল দুই ঘণ্টা। তনুর ফেরার নাম নেই। তনুকে ফিরতে না দেখে ফড়িঙের মন খারাপ হয়ে যায়। সে ভাবে, তনুর ক্লাশে গিয়ে ঢুঁ মেরে আসলে কেমন হয়?
যেই ভাবা সেই কাজ। সে বাগান থেকে ক্লাশের দিকে উড়াল দেয়। ক্লাশে ঢুকতেই দেখে খালেদা ম্যাডাম নামতা পড়াচ্ছেন- ১০ x ১ = ১০…
লাল ফড়িঙ জানালার লোহার শিকের উপর বসলো। তনুদের সঙ্গে সেও সুর করে নামতা পড়তে লাগলো। ক্লাশের কেউ ফড়িঙটাকে না দেখলেও তনু ঠিকই দেখে ফেললো। চোখে চোখ পড়তেই ফড়িঙটি তিড়িং করে নেচে উঠলো। ফড়িঙটাকে নাচতে দেখে কী যে ভালো লাগলো তনুর! তনু ভাবছে, ফড়িঙদেরও যদি এমন স্কুল থাকতো। তাহলে কী মজাই না হতো।

প্রকাশকাল- মার্চ ২০২৬

ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা

প্রায় পাঁচ হাজার মতান্তরে চার হাজার বছর আগে শ্যামের (বর্তমানে সিরিয়া) এক গভীর রাত। চারিদিকে নিস্তব্ধ নিথর। কারো কোনো সাড়া শব্দ নেই। গভীর ঘুমে আচ্ছন্ন সারা নগরী। শুধু খেজুর পাতায় বাতাসে শাঁ শাঁ শব্দের জল তরঙ্গের সুর। আকাশে জিলহজ্বের সপ্তমীর চাঁদ ডুবে গেছে অনেক আগে। শুধু তারার মিটিমিটি আলো। সবার মতো আল্লাহর নবী হজরত ইব্রাহিমও (আ.) গভীর ঘুমে মগ্ন। তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। নবীর স্বপ্ন মিথ্যা হয় না। আল্লাহ তাঁর কাছ থেকে কুরবানি চাচ্ছেন। রাত শেষে ভোর হলো। সোনালি রোদের আলোর বন্যায় ভেসে যাচ্ছে চারিদিক। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে সকালেই তিনি একশত উট কুরবানি করলেন। সকালের সূর্য গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা থেকে আবারও গভীর রাত। তিনি এ রাতেও গভীর ঘুমে আচ্ছন্ন। আবারও একই স্বপ্ন দেখলেন। পরের সোনাঝরা সকালে উঠে আবারও একশত উট কুরবানি করলেন। মনে তার দ্বিধা-দ্বন্দ্ব আবার প্রশান্তিও। তিনি ভাবলেন এবার আল্লাহ তার কুরবানি কবুল করেছেন। তৃতীয় রাতে আবারও তিনি ঘুমিয়ে পড়লেন। কিন্তু সে রাতও তিনি আবারও স্বপ্নে আদিষ্ট হলেন। আল্লাহ তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার নামে কুরবানি করো। ঘুম ভেঙে গেল তাঁর। তিনি বিচলিত হলেন। ভাবলেন আল্লাহ তার কুরবানিতে বুঝি খুশি হচ্ছে না। তিনি বুঝলেন আল্লাহ তার সবচেয়ে প্রিয় বস্তুর কুরবানি চাচ্ছেন। আর সবচেয়ে প্রিয় বস্তু হলো তাঁর ৮৬ বছর বয়সে জন্মগ্রহণ করা শিশু সন্তান ইসমাইল (আ.)। তিনি মনস্থির করলেন, প্রিয় সন্তানের আদর, স্নেহ, সোহাগ, মমতা সবকিছু ছিন্ন করে কলিজার টুকরা ইসমাইল (আ.) কে আল্লাহর নামে কুরবানি করবেন।
সুবেহ সাদেক থেকেই পাখিরা গাইতে শুরু করেছে। ভোরের স্নিগ্ধ বাতাস পরশ বুলিয়ে দিচ্ছে গাছের পাতায় পাতায়। তিনি শিশু সন্তান ইসমাইল (আ.) কে সকালে গোসল করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে রওনা দিলেন মিনায়। সেদিন জিলহজ্ব মাসের ১০ তারিখ। পিতা ইব্রাহিম পুত্র ইসমাইল (আ.) কে স্বপ্নের কথা বললেন। ইসমাইল (আ.) পিতার কথা শুনে খুশি হয়ে জবাব দিলো, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা বাস্তবে পরিণত করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন।
যেতে যেতে পিতা-পুত্র মিনায় এসে উপস্থিত হলো। চারিদিকে গরম বাতাস। শূন্য প্রান্তরে শুধু বালুরচর। ধু ধু মরুভূমি। পিতার অপাত্য স্নেহ, সোহাগ, মমতা ভুলে চোখের পানি সংবরণ করে মহান রাব্বুল আলামিন আল্লাহকে খুশি করার জন্য ইসমাইলের হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধলেন। তারপর উপুড় করে শুইয়ে দিলেন। এবার তিনি গলায় ছুরি চালালেন। কিন্তু একি! এত ধারালো ছুরি অথচ ইসমাইল (আ.) এর নরম গলার চামড়া কাটছে না। বিরক্ত হয়ে তিনি ছুরি ছুঁড়ে ফেলে দিলেন। আর তখনই ছুরির আঘাতে পাথর খণ্ড দুভাগ হয়ে গেল। এমনই ছুরির ধার। এবার তিনি পুত্রের কথামতো নিজের চোখ কাপড় দিয়ে বাঁধলেন। তারপর ওই ছুরিটাই আবার গলায় চালালেন। এবার কুরবানি হয়ে গেলো। তিনি চোখ খুললেন। বিস্ময়ে হতবাক তিনি। দেখলেন একটি দুম্বা কুরবানি হয়ে পড়ে আছে আর তার পাশেই পুত্র ইসমাইল (আ.) হাসিমুখে দাঁড়িয়ে। এমন সময় জিব্রাইল ফেরেশতা নবী ইব্রাহিম (আ.) কে সুসংবাদ জানালেন, আল্লাহর পরীক্ষায় আপনি কৃতকার্য হয়েছেন। আল্লাহ আপনার কুরবানি কবুল করেছেন। পুত্রের বদলে বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে আল্লাহ আপনার কুরবানিকে সফল করেছেন। পিতা পুত্র এবার খুশি মনে বাড়ির পথে রওনা হলেন।

সেদিনের সেই স্মৃতিকে অম্লান অক্ষয় করে রাখার জন্য এই কুরবানির প্রচলন হয়েছে। প্রতিবছর আমরা ১০ জিলহজ্বে ঈদুল আজহার ওয়াজিব ঈদের নামাজ আদায় করে পশু কুরবানি করি।

নির্দিষ্ট ছয়টি পশুর মধ্যে সামর্থ ও ইচ্ছানুযায়ী যে কেউ গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ ও উট কুরবানি করতে পারে। তবে পশুগুলো হতে হবে মোটা-তাজা ও নিখুঁত। আর মনের বাসনা থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, গোশত খাওয়া নয়। কুরবানি অর্থ ত্যাগ। সচ্ছল ব্যক্তিদের আর্থিক ও আত্মিক ত্যাগ স্বীকার করার মধ্যই কুরবানির পশু জবাই করা। হজরত ইব্রাহিম (আ.) এর সুন্নত স্বমহিমায় সমুজ্জ্বল। কুরবানি আমাদের ধর্মীয় ইবাদাতের একটি প্রধান অঙ্গ। আর এই ইবাদত আমরা সম্পন্ন করি পবিত্র ঈদুল আজহার মাধ্যমে। ঈদের খুশি সম্পূর্ণ ভিন্ন। অন্য কোনো খুশির সাথে ঈদের খুশির তুলনা হয় না। ঈদের খুশিতে আমরা হয়ে উঠি উচ্ছল উজ্জীবিত প্রাণবন্ত। প্রজাপতির মতো যেন খুশিতে মেলে দিই ডানা। দোলা লাগে হৃদয়ের গহীনে। নামাজ শেষে কুরবানির ধুম পড়ে যায়, পাড়ায় মহল্লায় ও ঈদগাহে। কুরবানির গোশত খাওয়ার আনন্দই আলাদা। সবারই বাড়িতে গোশত খাওয়ার ধুম।

ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার দিনেও আছে কয়েকটি সুন্নত। যেমন গোসল করা, মিসওয়াক করা, গায়ে আতর বা খুশবু লাগানো নতুন বা পরিষ্কার-পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করা। খালি পেটে ঈদের নামাজে গমন করা। এক রাস্তায় ঈদের মাঠে যেয়ে সম্ভব হলে অন্য রাস্তায় ফিরে আসা আর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, তথা তাকবীরে তাশরীক পড়া। এই সুন্নতগুলো পালন না করলে ঈদের যথার্থতা রক্ষা হয় না, বরং অনেক সওয়াব থেকে বঞ্চিত হতে হয়।

আমাদের প্রিয় রাসুল (সা.) বলেছেন, কুরবানির দিন বনী আদমের কুরবানির আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ও সমাদৃত। তিনি আরও বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে না সে যেন আমার ঈদগাহে না আসে। নিজের কুরবানি নিজের হাতেই করা উত্তম। তবে নিজে না পারলে কুরবানির সময় সেখানে উপস্থিত থাকা বাঞ্ছনীয়। কুরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, যিনি কুরবানি দেন তার অন্তরের বাসনা বা তাকওয়া টুকুই তাঁর দরবারে গৃহীত হয়। আরবিতে যাকে বলে তাকওয়া।

একটি বছর পরে আবার ফিরে এসেছে ঈদুল আজহা ও কুরবানি। আমরা ইতোমধ্যে রমজানের রোজার শেষে ঈদুল ফিতর খুশি মনে উদযাপন করে এসেছি। এবার উদযাপন করছি ঈদুল আজহা। ঈদুল ফিতরের মতো এবারও আমরা ছোট বড় ধনী গরিবের ব্যবধান ভুলে ভ্রাতৃত্বের ঐক্যবন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা হাত বাড়িয়ে দিয়েছি সাম্য, প্রীতি, ভালোবাসার অটুট বন্ধনে। সমাজ, দেশ, সংসার থেকে আমরা অন্যায়, অসত্য, মিথ্যার বেড়াজাল ছিন্ন করে সত্য ও সুন্দরের বন্দনায় নিজেকে উৎসর্গ করবো। তবেই সার্থক হবে আমাদের জীবনের ঈদের অন্তর্নিহিত তাৎপর্য। কুরবানি হবে সত্যিকারের অর্থে আত্মত্যাগের মহিমায় ভাস্বর।