Home Blog Page 83

গল্পরাজা সানাউল্লাহ নূরী

পৃথিবীর অন্যসব দেশের শিশুদের মতো আমাদের শিশুরাও মায়ের অথবা দাদীর কোলে ঘুমায় গান আর গল্প শুনতে শুনতে। আমরা যাকে বলি ঘুম পাড়ানো গান আর গল্প। তাদের গল্পকে বলা হয় রূপকথার গল্প। নূরী ভাইয়ের বেলায়ও এমন ঘটেছে। তার ছিল এরকম একজন স্নেহপরায়ণা বুদ্ধিমতী দাদী। তিনি বলতেন,‘দাদীর কথা ভাবলে আমি হঠাৎ এক অশ্বারোহী কিশোর যোদ্ধা হয়ে চলে যাই রূপকথার জগতে।’ অরণ্যের বৃক্ষ শাখায় দোলনা ঝুলিয়ে মুখে মুখে সুর করে ছন্দ মিলিয়ে দাদী শিশু নূরীকে কত ছড়াই না শোনাতেন। শিশু নূরী যখন একটু বড় হলেন, তখন তিনি নিজেই দাদীকে গল্প বলতে বাধ্য করতেন। দাদীর কোলে মাথা রেখে শুয়ে শুয়ে দাদীর মুখে গল্প শুনতেন। দাদী আদুরে নাতির মাথায় হাত বুলাতে বুলাতে বলতেন, ‘এক টালমাটাল সাগর। তার এক কূল আছে। কিন্তু আরেক কূল? কেউ জানে না সেই ঠিকানা। চোখের সামনে কেবল ধু-ধু কুয়াশা। চাইতে গেলে ঘোর লাগে চোখে। পাহাড়ের মতন উঁচু একেকটা ঢেউ। সেই ঢেউয়ের বুকে ফণা তোলে মহা নাগ। লক্ষ মানিক হয়ে জ্বলে নাগের মাথার মণি। লক্ষ দৈত্য কাড়াকাড়ি করে সেই মানিক নিয়ে। তাদের দাপাদাপিতে উথাল-পাথাল করতো সাগরের পানি। সেই পানিতে ঘূর্ণিঝড় তোলে লক্ষ মাতাল ঘোড়া। সেই ঘূর্ণির ঝাপটায় দুরু দুরু কাঁপে পৃথিবী। কাঁপে তরু-লতা। ভয়ে চুপসে যায় পাখ-পাখালি। শুকিয়ে যায় জীবনের প্রাণ। কিন্তু ভয় পায় না কেবল একজন।’ আর অমনি নূরী জিজ্ঞেস করতেন,‘কী বলো দাদী! এ কী কথা! দৈত্য দানবের ভয় নেই এমন মানুষ আছে নাকি কোথাও?’ ‘আছে আছে। দাদু ভাই সে কথাই তো বলছি। শোনো তাহলে। নাম তার চম্পাবতী।’
এমনিভাবে গল্প শুনতে শুনতে ছোট্ট নূরী এক সময় ঘুমের রাজ্যে হারিয়ে যেতেন। বড় হয়ে তিনি দাদীর কাছে শোনা ওসব রূপকথার গল্পকে কত সুন্দর করে সাজিয়ে কত মজার মজার গল্পই না লিখেছেন। যেমন ধরো নীল পদ্ম, সাত পদ্মকন্যা, মন পবনের নাও, সাগর কন্যা চম্পাবতী, সাগর কূলের গাঁ, কালো ভোমর, আরও কত কি! সাত-আট বছর বয়সে নূরী গাছে উঠতে শিখেছে। লবণের সাথে দু’একটা কাঁচা মরিচ মিশিয়ে কেমন করে সুস্বাদু কাঁচা-মিঠা আম গলধঃকরণ করতে হয় সেই বিদ্যাও বেশ রপ্ত হয়ে যায় তার। বাড়িতে পরিবারের সদস্যরা তাঁকে খুব আদর করতেন। তাদের সাথে তিনি মজা করে আম খেতেন। আমের মৌসুমে সবসময় একটি ছুরি থাকতো তার লুঙ্গির কোমরের দিককার বাঁধনের তলায়। গাছের মাঝখানের ডালে উঠে ছুরিতে-কাঁচা কাঁচা আমের ফালি লবণ মেখে খেতেন তিনি। আর পুকুরের ঘাটে পানি আনতে যাওয়ার সময় রসিকতা করে একহাত দেখিয়ে দেয়ার মতলবে কাঁচা বা পাকা আমের চামড়া এবং আঁটি নিচে লাগসই করে কারোর মাথায় ফেলতেন। যেমন করে কাক কিংবা বাদুড় ফল খেয়ে আধা-খাওয়া আঁটি নিচে ফেলে দেয়। মাথায় আচমকা আঘাত খেয়ে হকচকিয়ে গিয়ে ওপরের দিকে তাকালে তখন নূরী গাছের ঘন ডালপাতার আড়ালে লুকিয়ে যেতেন। ব্যাপারটা কেউ সহজে ধরতে পারতো না। ভাবতো কোনো বেয়াড়া কাকের কাণ্ড এটা। শেষে দৃষ্টির তীক্ষ্ণ টর্চ ফেলে নূরীকে পাতার ভেতর দেখতে পেয়ে চোখ পাকিয়ে বলতেন, ‘ওরে দুষ্টু ছেলে, তোমার কাণ্ড এইটা! হ, গাছের থন নাইমবা না? তখন টের পাইবা, আমরাও কেমন মজা দেখাইতে পারি।’ এজন্য পরিবারের সদস্যরা নূরীকে গাছালো এবং কখনো কখনো গাছুয়া ইঁদুর বলে বিদ্রুপ করতেন।
আচ্ছা বলতো কে সে নূরী? হ্যাঁ, ফুলকুঁড়ি আসরের মরহুম কেন্দ্রীয় সভাপতি সবার প্রিয় সানাউল্লাহ নূরী ভাইয়ার কথাই তো বলছিলাম। এ মাসেই তো নুরী ভাইয়ার মৃত্যুবার্ষিকী। চলো না আমরা দু’হাত তুলে সবাই ভাইয়ার জন্য দোয়া করি।

 

প্রকাশকাল: জুন ২০২৬

কাশ্মীরের টিউলিপ বাগান : রঙিন এক স্বর্গরাজ্য

যারা ভূ-স্বর্গ কাশ্মীর ভ্রমণ করেন তাদের একটা লক্ষ্য থাকে শুভ্র বরফে আবৃত পাহাড়ের পাশাপাশি আপেল বাগান, জাফরান বাগান বা টিউলিপ বাগান পরিদর্শন করা। আমাদেরও কাশ্মীর ভ্রমণের একটা আকর্ষণ ছিলো টিউলিপ বাগান পরিদর্শনের।

২০২৩ সালের কথা। রমজানের ঈদের পরদিন আমরা ছয়জনের একটা টিম গিয়েছিলাম স্বপ্নের কাশ্মীর ভ্রমণে। প্রথম দিন পেহেলগাম, দ্বিতীয় দিন গুলমার্গ এবং তৃতীয় দিন সোনমার্গ ঘুরাফিরা শেষ করি। প্ল্যান অনুযায়ী শেষ দিন তথা চতুর্থ দিনে আমরা সকাল সকাল চলে আসলাম টিউলিপ বাগান দেখতে। শ্রীনগর থেকে ডাল লেক পার হয়ে বোটানিক্যাল গার্ডেনের সামনের রাস্তা দিয়ে এগোলেই টিউলিপ গার্ডেন। আমরা একে একে গাড়ি থেকে নামলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, এই টিউলিপ গার্ডেন মাত্র এক সপ্তাহের জন্য দর্শণার্থীদের জন্য খোলা রাখা হয়। সেটা হলো মার্চের শেষ সপ্তাহে। আর আমরা গিয়েছিলাম এপ্রিলের মাঝামাঝিতে। বিষয়টি আমাদের জানা ছিলো না। প্রাচীরের বাহির থেকেই যতটুকু দেখা গেলো তাই উপভোগ করলাম।

এটি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন নামে পরিচিত। শ্রীনগরের অপরূপ সৌন্দর্যের অন্যতম আকর্ষণ যা জাবারওয়ান পাহাড়ের পাদদেশে বিস্তৃত এই টিউলিপ বাগান এশিয়ার বৃহত্তম টিউলিপ উদ্যান হিসেবে খ্যাতি অর্জন করেছে। শ্রীনগরের মনোরম পরিবেশ, জাবারওয়ান পাহাড়ের স্নিগ্ধ ছায়া এবং টিউলিপের রঙিন আভা মিলিয়ে এটি এক স্বপ্নময় পর্যটনস্থল। যারা প্রকৃতিকে ভালোবাসেন, তাদের জীবনে একবার হলেও এই বাগানের সৌন্দর্য উপভোগ করা উচিত।

বিশ্বে বর্তমানে সৌন্দর্যমণ্ডিত এ ফুলের সাড়ে তিন হাজারের মতো প্রজাতি রয়েছে। ইউরোপসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে টিউলিপের চাষ হয়ে থাকে। এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ ফুলের বাগান ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন প্রায় ৭৫ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে। রাজধানী শ্রীনগর থেকে বাগানটির দূরত্ব ১৮ কিলোমিটার। শ্রীনগরের ডাললেক লাগোয়া বোটানিক্যাল গার্ডেন-এর পাশেই এর অবস্থান। কাশ্মীরের সৌন্দর্যকে আরও স্বর্গীয় করে তোলে এই বাগান। লন্ডনের ওয়ার্লড বুক অফ রেকর্ডসের খেতাবও রয়েছে এই বাগানের ঝুলিতে।

বিশ্বের সবচেয়ে সুন্দর ও স্বীকৃত ফুলগুলোর মধ্যে অন্যতম টিউলিপ। বসন্তের সবচেয়ে সুন্দর ফুল বলা হয় একে। বিভিন্ন ধরনের রঙে শোভিত এ ফুল সৌন্দর্যপ্রেমীদের আকর্ষণ করবেই। রংধনুর সব রঙেরই দেখা মেলে ফুলটিতে। টিউলিপ শব্দের অর্থ ‘নিখুঁত প্রেম’। অনেক ফুলের মতো টিউলিপের বিভিন্ন রংও প্রায়শই তাদের নিজস্ব তাৎপর্য বহন করে। লাল টিউলিপ ভালোবাসার প্রতীক, বেগুনি টিউলিপ রাজকীয়তার প্রতীক। সাদা টিউলিপ দক্ষতার বার্তা পাঠাতে ব্যবহার করা হয়।

ভারতের বিভিন্ন প্রদেশ ছাড়াও নানা দেশ থেকেই পর্যটকেরা আসেন এই দিগন্তজোড়া টিউলিপ বাগান দেখতে। পাহাড়ঘেরা এই বাগানের হাঁটাপথের দুই পাশে শুধু রঙ-বেরঙয়ের টিউলিপ। লাল, কমলা, হলুদ, গোলাপি, বেগুনি, সাদা, কালোসহ নানা রং ও জাতের টিউলিপ ফোটে সেখানে। বসন্তের শুরুতেই এখানকার টিউলিপ ফুল ফোটে, যা পাহাড়ের পটভূমিতে এক রঙিন স্বর্গরাজ্যের সৃষ্টি করে। বিশেষ করে মার্চের শেষে বা এপ্রিল মাসের শুরুর দিকে গেলে সবচেয়ে বেশি টিউলিপের দেখা মিলবে। টিউলিপ বাগানে প্রায় ৭৫ ধরনের টিউলিপ রয়েছে যা নেদারল্যান্ডস, তুরস্ক, জার্মানি ও অন্যান্য দেশ থেকে আনা হয়েছে। টিউলিপ ছাড়াও, ৪৬ ধরনের ফুল রয়েছে, যার মধ্যে রয়েছে হাইসিন্থ, ড্যাফোডিল এবং রানুনকুলাস যা হল্যান্ড থেকে আনা হয়েছিল। প্রতিবছর ১৫ লাখ টিউলিপের উৎপাদন হয়ে থাকে এ বাগানে।

দর্শনার্থীরা যেন ফুল ছিঁড়তে না পারেন সেজন্য পুরো বাগান স্বচ্ছ নেট দিয়ে ঘেরা। জানা গেছে, ২০০৮ সালের দিকে কাশ্মীরে গড়ে তোলা হয় টিউলিপের এই বিশাল বাগান। মূলত শীত ও গ্রীষ্মের মাঝামাঝি সময়ে পর্যটকের মনোযোগ কাড়তে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদের উদ্যোগে এই টিউলিপ বাগানের যাত্রা শুরু। সে সময় বাগানের নাম ছিল ‘সিরাজবাগ’। পরে নাম রাখা হয় ‘ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন’।

প্রতি বছর বসন্তের সময় এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগানে টিউলিপ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। মার্চের শেষ সপ্তাহে পর্যটকদের জন্য বাগানটি খুলে দেয় কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। আর এই উদ্যোগ নেওয়ার ফলে ভূস্বর্গের পর্যটন ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। বাণিজ্যিকভাবেও এটি একটি লাভবান ব্যবসায় পরিণত হয়েছে। ২০২৩ সালে, বাগানটিতে রেকর্ড সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে। ২০২৩ সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে এক মাসে ৩,৬৫,০০০ পর্যটক বাগানটি পরিদর্শন করেছিলেন, যার মধ্যে ৩,০০০ বিদেশি পর্যটকও ছিলেন। ২০২৪ সালে ৪,৩০,০০০ পর্যটক বাগানটি পরিদর্শন করেছে বলে জানা যায়।

তবে বিশ্বের সবচেয়ে বড় টিউলিপ বাগান দেখতে যেতে হবে নেদারল্যান্ডসের লিসি শহরে। বাগানটির নাম ‘কেউকেনহোফ গার্ডেন’। অনেকের কাছে ‘ইউরোপের বাগান’ নামেও পরিচিত। ১৯৪৯ সালে একটি দাতব্য সংস্থার তত্ত্বাবধানে এ বাগানের গোড়াপত্তন হয়। টিউলিপ ঠান্ডা আবহাওয়া ভালোবাসে। তাই ইউরোপের শীতপ্রধান দেশগুলোতে টিউলিপ উৎপাদন বেশি হয়। টিউলিপ ফুল চাষের ক্ষেত্রে দিনের বেলা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনশীল ধরা হয়। এর চেয়ে বেশি তাপমাত্রা হলে ফুল যথাযথভাবে নাও ফুটতে পারে। স্বাভাবিকভাবে রোপণের ১৮-২০ দিনের মধ্যে কলি আসতে শুরু করে। ২৫-৬০ দিন পর্যন্ত টিউলিপ ফুল স্থায়ী হয়। বর্তমানে কাশ্মীরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনটি এশিয়ার মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

বিশ্বের অন্যতম সুন্দর ও রঙিন ফুলগুলোর মধ্যে টিউলিপ অন্যতম। এই ফুলটি তার সৌন্দর্য, রঙের বৈচিত্র্য ও চমকপ্রদ গঠনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। টিউলিপ ফুলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অসাধারণ রঙের বৈচিত্র্য। সাদা, হলুদ, লাল, গোলাপি, কমলা, সাদা-লাল মিশ্রিত রঙসহ বিভিন্ন রঙে এটি ফুটে ওঠে। প্রতিটি টিউলিপ ফুলই যেন একটি আলাদা গল্প বলে, যা গার্ডেন বা ফুলবাগানে বিশেষ সৌন্দর্য সৃষ্টি করে। টিউলিপের মৌ মৌ গন্ধে মাতোয়ারা হবেন যে কোনো পর্যটক। পাহাড়ের পাদদেশে টিউলিপ বাগানের এমন নান্দনিক দৃশ্যপট মোহনীয় করে তোলে আমাদের।

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫

বিজয়ের রং

ক্লাসজুড়ে রঙের উৎসব। বিজয় দিবস উপলক্ষে ছবি আঁকার প্রতিযোগিতা চলছে। নানা রকম রঙের মিষ্টি গন্ধে ঘর মৌ মৌ করছে। প্রতিটি সাদা আর্ট পেপার যেন লাল-সবুজের আলোয় উদ্ভাসিত। কেউ আঁকছে স্মৃতিসৌধের দৃঢ়তা, কেউবা গ্রামের সবুজ মাঠের ওপর উড়ন্ত এক বিশাল পতাকা।

কিন্তু রিয়া স্থির। তার তুলিটা এখনো রঙের কৌটায় ডোবেনি। সাদা খাতাটার দিকে তাকিয়ে সে শুধু ভাবছে, ‘সবাই একই ছবি আঁকছে কেন? লাল-সবুজ তো কেবল পতাকার রং। কিন্তু বিজয় তো বিশাল- তার রং কি শুধু এই দুটো?’

তার বন্ধু আনিকা এসে জিজ্ঞেস করল, ‘কিরে রিয়া, তুই কিছু আঁকছিস না যে? আর মাত্র এক ঘণ্টা আছে।’
রিয়া বিষণ্ন গলায় বলল, ‘আমার শুধু পতাকা আঁকতে ইচ্ছে করছে না, আনিকা। মনে হচ্ছে, বিজয়ের রং তো আরও অনেক কিছুই হতে পারে।’
আনিকা একটু ভেবেচিন্তে ঠোঁট উল্টে বলল, ‘কী জানি! পতাকার রংই তো বিজয়ের রং।’

রিয়া কোনো উত্তর দিল না। মন খারাপ করে সে ক্লাসের জানালা দিয়ে বাইরে তাকাল।
স্কুলের এক কোণায় ছোট্ট বাগান। সেখানে করিম চাচা আপন মনে গাছগুলোর যত্ন নিচ্ছে। করিম চাচা একজন মুক্তিযোদ্ধা। কিন্তু তিনি তার যুদ্ধের গল্প খুব একটা বলেন না। তার চেহারাটা শান্ত, সারাদিন ফুল-ফলের গাছ নিয়েই ব্যস্ত থাকেন।
রিয়ার হঠাৎ মনে হলো, করিম চাচাই হয়তো তার প্রশ্নের উত্তর দিতে পারবে। শিক্ষকের অনুমতি নিয়ে সে তড়িঘড়ি করে বাগানের দিকে ছুটে গেল।

করিম চাচা তখন একটা কচি চারাগাছে আলতো করে পানি দিচ্ছিলেন। রিয়াকে দেখে স্নেহের হাসি হেসে বললেন, ‘কী ব্যাপার, আম্মাজান? এত দৌড়ে এলে যে। আঁকাআঁকি শেষ?’

রিয়া হাঁপাতে হাঁপাতে তার মনের দ্বিধার কথা খুলে বলল। ‘চাচা, সবাই লাল-সবুজ দিয়ে বিজয় আঁকছে। কিন্তু আমার মনে হচ্ছে, বিজয়ের তো আরও অনেক রং থাকতে পারে। আপনি তো যুদ্ধ করেছেন… আপনি কি বলে দেবেন, বিজয়ের আসল রং কী?’

করিম চাচা হাসলেন। হাতের কাজ থামিয়ে রিয়ার পাশে বসলেন। তিনি বাগানের কচি সবুজ ঘাসের দিকে ইশারা করলেন।
তারপর নরম গলায় বললেন, ‘এই যে সবুজ, এটা চারাগাছের রং, আবার স্বপ্নেরও রং। আমরা এমন একটা দেশের স্বপ্ন দেখতাম, যেখানে শিশুরা নির্ভয়ে চারাগাছের মতো বেড়ে উঠবে। তাই বিজয়ের প্রথম রং সবুজ।’

এরপর তিনি টকটকে লাল এক জবা ফুলের দিকে তাকালেন।
‘আর এই যে লাল, এটা শুধু রক্ত নয়, আম্মাজান। এটা হলো ভালোবাসা, দেশের জন্য মানুষের ত্যাগের প্রতীক। তাই বিজয়ের আরেকটা রং লাল।’
রিয়া মুগ্ধ হয়ে মাথা নাড়ল।

করিম চাচা এবার আকাশের দিকে তাকালেন। তার চোখ যেন অনেক দূরে কিছু খুঁজছে। ‘কিন্তু শোনো, বিজয়ের সবচেয়ে গোপন আর সুন্দর রংটা হলো… সোনালি।’
‘সোনালি?’ রিয়ার চোখে অসীম কৌতূহল।

করিম চাচা গভীর নিঃশ্বাস নিলেন, ‘যুদ্ধ শেষ। যখন আমরা জয়ী হলাম, সেই ভোরে প্রথম সূর্যটা যখন উঠল, রক্ত ঢালা মাটির ওপর তার নরম সোনালি আলো এসে পড়ল। মনে হলো যেন নতুন করে জীবন শুরু করলাম। ওই সোনালি রঙই হলো…’

রিয়ার চোখ দুটো নতুন এক আলোয় ঝলমল করে উঠল। সে তার মনের ক্যানভাসটা খুঁজে পেয়েছে। সে হঠাৎ দাঁড়িয়ে করিম চাচাকে শক্ত করে একটা স্যালুট দিয়ে দৌড়ে ক্লাসে ফিরে গেল।

এবার তার তুলি এক মিনিটের জন্যও থামল না। সময় আছে মাত্র আধ ঘণ্টার মতো। দ্রুত হাতে সে তার সাদা খাতায় প্রথমে আঁকল সোনালি ভোরের স্নিগ্ধ আকাশ। নিচে আঁকল এক বিশাল সবুজ মাঠ। সেই মাঠে একটি মা তার শিশুকে বুকে নিয়ে হাসছে- ঠিক যেন মুক্তির প্রতিচ্ছবি। আর সেই সবুজ মাঠের এক কোণায় সে ফুটিয়ে তুলল একটি টকটকে লাল গোলাপ।

বিকেলের দিকে ফলাফল ঘোষণা করা হলো। প্রতিযোগিতায় রিয়ার ছবিটাই প্রথম স্থান অধিকার করেছে। করিম চাচা এই খবর শুনে শান্তভাবে হাসলেন। তিনি জানেন, বিজয়ের সবচেয়ে উজ্জ্বল রং হৃদয়েই জন্ম নেয়—যা নতুন প্রজন্মের চোখে সোনালি স্বপ্নে ধরা দেয়।

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫

সবার প্রিয় শিল্পী আব্বাসউদ্দীন আহমদ

গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কালজানি নদী। বর্ষায় এই নদী অপরূপ শোভা ধারণ করে। নদীর ভরা রূপ দেখে একটি ছেলে উদাস হয়ে পড়েন। সুযোগ পেলেই যেয়ে বসেন নদীর পাড়ে। ভাবেন, কোথা থেকে আসছে এতো পানি। কে জোগান দিচ্ছে এই অফুরন্ত জলরাশি। নদীর কুলকুল শব্দ তার অবচেতন মনে সুরের ব্যঞ্জনা তোলে, জোরে যখন বৃষ্টি পড়ে তাদের টিনের চালের উপর তখন আরেক সুরের ঝমঝম শব্দ তার মনকে করে তোলে উন্মনা। বসন্তকালে খুব ভোরে কোকিল ডাকে, তখন ছেলেটি আর শুয়ে থাকতে পারে না। চলে যায় গাছতলায় কান পেতে শুনতে থাকে কোকিলের একটানা সুর। কোকিলের সাথে সেও কণ্ঠ মিলায়, ভাবে এতো সুন্দর সুর কোকিল শিখলো কোথা থেকে? দূরে ডাকে ঘুঘু পাখি। তার কণ্ঠেও মিষ্টি মধুর ছন্দ শুনতে শুনতে মোহিত হয়ে পড়ে বালকটি। বৌ কথা কও, পাখির ডাক যেন আরো একটু চড়া। সে যেন উচ্চকণ্ঠে সুর তুলতেই পছন্দ করে। সে ভাবে আর ভাবে এসব পাখির গলার সুরের ব্যঞ্জনা তাকে আকুল করে তোলে। গরমের দিন আরো মজার। ঘরে আর বন্দি থাকা যায় না। রাতে কাচারী ঘরের বারান্দায় বেঞ্চ পেতে শোয়া যায়। উপরে দিগন্ত বিস্তৃত নীল আকাশ। কখনো একটা দুটো তারা দৌড় দিয়ে ছুটে পালায় অন্য প্রান্তে। তার ভাবনা সেও যদি এমনি করে ছুটে যেতে পারতেন একদেশ থেকে আরেক দেশে। রাতে মায়ের কাছে ঘুমাবার সময়ও সহজে চোখে ঘুম আসে না। মাকে বলেন, ঘুমপাড়ানির গান শোনাতে। মা আর কতক্ষণ তার কাছে বসে থাকবেন। মার তো সংসারের কতো কাজ পড়ে আছে। মা চলে গেলে কান পেতে শোনেন ঝিঁ ঝিঁ পোকার ডাক। তার কাছে খুব ভালো লাগে, মধুর মনে হতো, একটুও যেন ক্লান্তি নেই। সুরের কোনো ছন্দপতন নেই। মনে হয় ঝিঁ ঝিঁ গানটা রাতেরই। ঘুম পাড়ানির গান শুনতে শুনতে একসময় ঘুমিয়ে যেতেন।
বাড়িতে বড় একটি ইঁদারা তার ভেতর শব্দ করলে কেমন ধুমধুম করে উঠে। সে ইঁদারায় ঝুঁকে গলা ছেড়ে গান গায় গানের আওয়াজ অনেক বড় হয়ে সারা ইঁদারা ভরে তোলে। গানের এই ছড়িয়ে যাওয়া ধ্বনিতে নিজেই মুগ্ধ হয়ে শোনে। ছেলের প্রাণ গানের সঙ্গে বাঁধা। যা কিছু সুন্দর সবকিছুই তার প্রিয়। মাঠ, নদী, পাখির ডাক, তারার ছুটাছুটি, চাঁদের আলো সবই তার কাছে সুরে ভরা। সবই তার গানের বিষয়। যেমন ধরো বর্ষায় সবুজ ধানে মাঠ ভরে যায়। সেই মাঠে কাজ করতে করতে চাষিরা গান গায়। কতো রকম গান পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, আরো কত গান। লম্বা সুরের টানে গান শোনা মাত্রই সে ওসব গান শিখে ফেলত। তারপর একা একা ওসব গান গেয়ে বেড়ায়। স্কুলে যাওয়ার পথে একটু আড়াল হয়ে সে গলা ছেড়ে ধরে ভাওয়াইয়া গান। কী আনন্দ হয় তখন! বড় হয়ে সত্যি সত্যি এই ছেলেটি খুব নামকরা একজন গায়ক হয়েছিলেন। গানে গানে তিনি সবার মন কেড়ে নিয়েছিলেন। এই ছেলেটি কে তোমরা কি জানো? তিনি ছোট বড় সবার প্রিয় শিল্পী আব্বাসউদ্দীন আহমদ। বাবা মা আব্বাস বলে ডাকতেন। আর এই শিল্পী আব্বাসউদ্দীন ছিলেন বাংলার এক সময়ে সাড়া জাগানো সুর শিল্পী। তার কণ্ঠ ছিল কোকিলের মতো সুমিষ্ট। এই বরেণ্য শিল্পী আব্বাসউদ্দীন আহমেদের পরিচয় জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে বিংশ শতাব্দীর প্রথমদিকে ১৯০১ সালে ২৭ অক্টোবর পশ্চিমবাংলার কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে ২৭শে অক্টোবর আব্বাসউদ্দীন আহমদ জন্মগ্রহণ করেন। আকিকা দিয়ে পিতা জাফর আলী আহমদ পুত্রের নাম রাখলেন শেখ আব্বাসউদ্দীন আহমদ। তার পিতা ছিলেন মহকুমা শহরের নামকরা একজন আইনজীবী। তিনি বিপুল সম্পতির অধিকারী ছিলেন। মা হীরামন নেছা ছিলেন অত্যন্ত দয়ালু। এরকম অবস্থাসম্পন্ন ঘরের ছেলে হয়েও আব্বাসউদ্দিন আরাম-আয়েশ পছন্দ করতেন না।
বরেণ্য শিল্পী আব্বাসউদ্দীন আহমদ ১৯৫৯ সালে ৩০ শে ডিসেম্বর খুব ভোরে দুনিয়ার সফর শেষ করেন।

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫

দশে মিলে করি কাজ

প্রথমেই তোমাদের একটি অবিশ্বাস্য, রোমাঞ্চকর উদ্ধার অভিযানের গল্প বলতে চাই। ২০১৮ সালের ২৩শে জুন। থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের ঘটনা। ১২ জন কিশোর তাদের ফুটবল কোচের সাথে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিল। তারা প্রথমে সাইক্লিং করে, তারপর থাম লুয়াং নামের একটি গুহা পেয়ে সাইকেল রেখে সবাই গুহায় ঢুকে পড়ে। কৌতূহলবশতঃ গুহার গভীরে যেতে থাকে তারা। কিন্তু তখন ছিল বৃষ্টির মওসুম। সেদিন হঠাৎ অতিমাত্রায় বৃষ্টিপাত হয়। তারা ভেতরে যেতে যেতে খেয়াল করলো গুহার ভেতরে পানি ঢুকতে ঢুকতে গুহার পথ বন্ধ হয়ে যাচ্ছে। তারা গুহার ভেতরে একটা উঁচু জায়গা পেয়ে সেখানে আশ্রয় নিলো। প্রচণ্ড বৃষ্টিপাতে তাদের বাইরে যাওয়ার পথ পুরোটাই পানিতে ডুবে গেল। গুহার গভীরে অন্ধকার জায়গায় আটকে পড়লো তারা।

স্কুলের ছাত্ররা ফিরে না আসায় খবর ছড়িয়ে পড়লো সবখানে। পুলিশ এবং প্রাথমিক উদ্ধারকারী টিম এসে কিছুই করতে পারলো না। পরে থাই নেভি সিলের ডুবুরিদের আনা হলো। কিন্তু তারা সাগরের পানির গভীরে গিয়ে অভ্যস্ত, গুহার সরু পথে ডাইভিং এর অভিজ্ঞতা নেই। তাই কাজ হলো না। ইঞ্জিনিয়াররা গুহাপথের পানি পাম্প করে সরাতে চেষ্টা করলেন। কিছুটা সরালেনও। কিন্তু বৃষ্টি থাকায় এই পদ্ধতিতে ফল পাওয়া যাচ্ছিল না। তখন বিদেশি এক্সপার্টদের সহায়তা নেয়া হলো। যুক্তরাজ্যের দুইজন ডুবুরি- জন ভোলানতেন এবং রিক স্ট্যানটন, যারা গুহাপথে ডুবসাঁতারে অভিজ্ঞ, তারা এলেন। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা এগিয়ে গেলেন গুহাপথে। উঁচু নিচু, আঁকাবাঁকা, সর্পিল গুহাপথ। কিছু জায়গায় একটু প্রশস্ত, আবার সবচেয়ে সরু জায়গাটা দিয়ে একজন মানুষ কোনোভাবে পার হতে পারে। সেই পথ পাড়ি দিয়ে গুহার প্রবেশমুখ থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে গিয়ে ২ জুলাই তারিখে প্রথমবার তারা সেই কিশোরদের পর্যন্ত পৌঁছতে পারেন। এর মাঝে কেটে গেছে ১০ দিন। কিন্তু উদ্ধারকারী ডুবুরি গিয়ে দেখলেন তারা সবাই চাঙ্গা আছে। ভাবতে পারো! দশদিন তারা অন্ধকার গুহায় বন্দি। ভয়েই তো মরে যাবার কথা! তার উপরে খাবার নেই। কিশোরদের ভাষ্যমতে, তারা গুহার দেয়াল চুঁইয়ে নেমে আসা পানি খেয়ে বেঁচেছিল এতদিন। আর কীভাবে তারা শান্ত ছিল? তারা জানায় তাদের কোচ, যার নাম ‘একাপোল’, তাদের ধ্যান করিয়েছে আর সবসময় সাহস জুগিয়েছে। বলেছে- নিশ্চয়ই কেউ না কেউ তোমাদের উদ্ধারে এগিয়ে আসবে। তাদেরকে ধীরস্থির থাকতে বলেছে, যাতে করে মুভমেন্টের কারণে শক্তিক্ষয় হয়ে কেউ দুর্বল না হয়ে যায়।

তাদের সন্ধান পাওয়ার পর সবার আগে তাদের জন্য খাবার পাঠানো হয়। তাদের আশ্বস্ত করা হয় যে তাদের শীঘ্রই উদ্ধার করা হবে। কিন্তু কীভাবে! এমন সরু গুহাপথ, যা আবার পানিতে ডুবে আছে, এমন দুর্গম জায়গা থেকে উদ্ধার অভিযানের কোনো ঘটনা আগে ঘটেনি। তার উপরে কিশোরেরা সাঁতার জানে না। তাদের কীভাবে বের করা যাবে এখান থেকে! বিশেষজ্ঞ টিমের সামনে তিনটি অপশন এলো- ১. বৃষ্টির দিন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা, যাতে পানি কমে গেলে তাদের বের করা যায়। ২. গুহাপথে না গিয়ে পাহাড়ের উপর থেকে কিশোরদের অবস্থান পর্যন্ত পৌঁছার জন্য গর্ত খুঁড়ে পথ তৈরি করা। ৩. গুহা পথেই তাদের দ্রুত উদ্ধার করা। প্রথম অপশনে যাবার সুযোগ ছিল না, কারণ আরও মাসখানেক লাগতো বৃষ্টির দিন শেষ হতে। দ্বিতীয় অপশনের জন্য সার্ভে করতে গিয়ে দেখা গেল তারা পাহাড়ের উপর থেকে প্রায় নয়শো মিটার গভীরে গুহায় আছে। পাহাড়ে গর্ত খুঁড়ে সে পর্যন্ত যাওয়া অসম্ভব পর্যায়ের কাজ। তাই তৃতীয় উপায়টি বেছে নিলেন তারা। এর মধ্যে কেটে গেল আরো ৬ দিন। এ সময়ের মধ্যে গুহায় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করার জন্য অক্সিজেন সিলিন্ডার পাঠানো হলো। গুহাপথে সিলিন্ডার পরিবহন করতে গিয়ে ‘সামান কুনান’ নামে একজন থাই নেভি সিলের ডুবুরি মারা যান। অক্সিজেন পৌঁছে দিতে দিতে তার নিজের অক্সিজেনই শেষ হয়ে গিয়েছিল।

৮ জুলাই শুরু হলো কিশোরদের বের করে আনার অভিযান। বিশ্বব্যাপী মিডিয়াতে প্রতিদিনের ব্রেকিং নিউজের মধ্যে ছিল এই উদ্ধার অভিযানের আপডেট। অভিযানে অংশ নিতে থাইল্যান্ড ও বিভিন্ন দেশ থেকে আসে দশ হাজারের বেশি উদ্ধারকর্মী, শতাধিক দক্ষ ডুবুরি। এছাড়া টিমে ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার, মনোবিজ্ঞানী, খাবার ও পানি সরবরাহকারী দল, লজিস্টিক টিম, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা এবং হাজার হাজার স্বেচ্ছাসেবক। টিমওয়ার্কের একটি যুগান্তকারী ঘটনা ছিল এই উদ্ধার অভিযান। বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিলেন যে প্রতিদিন চারজন করে বের করা হবে। কিশোররা যাতে ভীত হয়ে না পড়ে এবং উদ্ধারকাজে বিঘ্ন না ঘটায় সেজন্য চিকিৎসকদের পরামর্শ চাওয়া হলো। তারা বললেন তাদেরকে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে অক্সিজেন মাস্ক লাগিয়ে বহন করে নিয়ে আসতে হবে। ডুবন্ত গুহাপথে প্রায় ৫-৬ ঘণ্টা ধরে একেকজন কিশোরকে বয়ে নিয়ে নিয়ে আসে ডুবুরিরা। সেদিন চারজনকে উদ্ধার করা হয়। তারপরের দুই দিনে আরও ৪ জন করে ৮ জনকে বের করা হয়। সবশেষে তাদের কোচ একাপোলকে উদ্ধার করা হয়।

বিশ্ব গণমাধ্যমে এই ঘটনাকে বলা হয়- Miracle of Thailand. নিউজের হেডলাইন হলো- Mission impossible has become Mission Incredible. আটকে পড়া সব মানুষকে জীবিত, অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরে কান্নায় ভেঙে পড়েন উদ্ধারকারীরা। টিভির সামনে বসা বিশ্বের কোটি কোটি দর্শক দীর্ঘদিনের রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তি পায়, আনন্দে উচ্ছ্বসিত হয়।

এই পুরো ঘটনা থেকে আমরা বুঝতে পারি টিমওয়ার্কের গুরুত্ব কতখানি। ১২ কিশোর এবং তাদের কোচ ছিল গুহায় আটকে পড়া টিমে। আর বাইরে ছিল হাজার হাজার মানুষের টিম। আটকে পড়া টিমের সদস্যরা একজন আরেকজনকে উৎসাহ দিয়ে, সাহস দিয়ে, আশা দিয়ে চাঙ্গা রেখেছিল। আর বাইরের হাজার হাজার মানুষের টিম বিস্তারিত গবেষণা করে উদ্ধারের উপায় বের করেছে, শেষ পর্যন্ত সফলভাবে উদ্ধার করেছে।
টিমওয়ার্ক কী সেটা তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তোমার স্কুলের এসাইনমেন্ট করার জন্য টিমওয়ার্ক করতে হয়। কোনো পারফরম্যান্সের ক্ষেত্রে টিমওয়ার্ক লাগে। কোনো অনুষ্ঠান আয়োজন বা কর্মসূচি উদযাপন করতেও টিমওয়ার্ক প্রয়োজন। এবার চলো টিমওয়ার্কের জন্য প্রয়োজনীয় গুণাবলি জেনে নিই।

১. টিমের প্রতিটি সদস্যের পরস্পরের প্রতি বিশ্বাসযোগ্যতা ও সম্মান থাকতে হবে (Respect)
২. সহযোগিতামূলক মনোভাব (Cooperation)- নিজের দায়িত্বের বাইরে গিয়ে দলকে সাহায্য করতে আগ্রহী হওয়া। অনেক সময় দলের কেউ কেউ দুর্বল থাকে। তখন বাকিদের একটু বেশি কাজ করতে হয়। এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে।
৩. দলের মধ্যে কোনো তথ্য ঘাটতি থাকা যাবে না। যোগাযোগ দক্ষতা থাকতে হবে (Communication Skill)
৪. ধৈর্য ও সহনশীলতা (Patience & Tolerance)- দলের ভিন্ন ভিন্ন স্বভাব, রুচি, মতামত সহ্য করতে পারা।
৫. দায়িত্ববোধ (Responsibility)- নিজের কাজ যথাযথভাবে করে সময়মতো শেষ করা।
৬. নেতৃত্বের যোগ্যতা (Leadership)- দলকে সামনে এগিয়ে নেওয়া, সঠিক নির্দেশনা দেওয়া, সমস্যা হলে দ্রুত সমাধান বের করা।
৭. ইতিবাচক মনোভাব (Positive Attitude)- সমস্যার বদলে সমাধান খোঁজা, হতাশ না হওয়া।
৮. মানিয়ে নেওয়ার ক্ষমতা (Adaptability)- পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সহনশীল আচরণ ও কাজ করা।

টিমওয়ার্ক সফল হবার জন্য কিছু বিষয়ে লক্ষ রাখতে হবে –
১. শুরুতেই সঠিক লক্ষ্য নির্ধারণ করা। দল জানবে- ‘আমরা কী করতে চাই?’ ‘কেন করতে চাই?’ ‘কখন শেষ করতে চাই?’ ‘কার দায়িত্ব কী?’ দলকে এবং বিশেষত দলের নেতাকে কাজ শেষ হওয়া পর্যন্ত নিবিষ্টভাবে লেগে থাকতে হবে। কোনো ধরনের লোভ, অলসতা ও অন্যের প্ররোচনায় পথ হারিয়ে ফেললে হবে না।
২. সবার মতামত শোনা- যে কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত নেওয়ার আগে দলের সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। কারণ কম গুরুত্বপূর্ণ কারো কাছ থেকেও অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আসতে পারে।
৩. কাজ ভাগ করে দেওয়া- কে কী করবে- এটা স্পষ্ট করে দিলে ভুল কম হবে, সময়ও বাঁচবে।
৪. নিয়মিত মিটিং বা আলোচনার মাধ্যমে অগ্রগতি দেখা- দলের কাজ ঠিক পথে আছে কি না তা জানতে নির্ধারিত সময় পর পর ছোট ছোট বৈঠক করা।
৫. সমস্যা হলে দোষারোপ না করে সমাধান খোঁজা- ‘কার কারণে সমস্যা হলো?’ এর চেয়ে ‘সমস্যা কীভাবে সমাধান করা যায়?’- এটা গুরুত্বপূর্ণ।
৬. একে অপরকে উৎসাহ দেওয়া- কেউ ভালো করলে প্রশংসা করা, পিছিয়ে পড়লে সাহায্য করা।
৭. তথ্য সবার সাথে শেয়ার করা- দলের একজন যা জানে, অন্যরা তা না জানলে ভুল বোঝাবুঝি হয়। সবার কাছে একই রকম তথ্য জানা থাকা উচিত।
৮. সময়মতো কাজ শেষ করা- নিজের কাজ দেরি করলে পুরো দল পিছিয়ে যায়- এজন্য সময়মতো দায়িত্ব শেষ করা আবশ্যক।
৯. দলগত সাফল্য উদযাপন করা- কাজ শেষ হলে দল একসঙ্গে সাফল্য উদযাপন করলে সম্পর্ক আরও শক্তিশালী হয়।
১০. ভুল থেকে শেখা- দল কোথায় ভুল করেছে, পরের বার কীভাবে উন্নতি করা যায়- এটি বিশ্লেষণ করা।
একা একা আমরা ছোট ছোট পরিবর্তন আনতে পারি। বড় পরিবর্তন আনতে গেলে অবশ্যই টিমওয়ার্ক লাগবে। সেজন্য নিজেকেও একজন ভালো টিমমেট হিসেবে তৈরি করতে হবে। আবার যদি টিমের লিডারশীপের দায়িত্ব নিতে হয় তখন নেতৃত্বের যোগ্যতাও গড়ে তুলতে হবে।

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫

বাউল ও বাঁশিওয়ালা

এক.
ছেলেটির বাবা নেই— মাও নেই। বাড়ি নেই— ঘর নেই। হালের বলদ বা দুধেল গাই নেই। কারো কাছে সেই ছেলেটির কোনো চাওয়া নেই— তাই পাওয়া না-পাওয়া নিয়ে দুঃখও নেই। আছে শুধু প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেয়ার প্রচেষ্টা।
যে গ্রামে ছেলেটি বাস করে সেই গ্রামে এক মোড়ল আছেন। সেই মোড়লের গরু-বাছুর দেখাশোনা করে ছেলেটি, তাই সবাই তাকে ডাকে রাখাল ছেলে।
রাখাল ছেলে মোড়লবাড়ির গোয়ালঘরে ঘুমোয়। সাতসকালে ঘুম থেকে উঠে গরু-বাছুর নিয়ে মাঠে যায়— সন্ধ্যারাতে ফিরে আসে। তবু তার কাজ শেষ হয় না। গোয়ালঘরে গরু-বাছুর তুলে ধূপ-ধুনো দেয়। গরু-বাছুরের সামনে ঘাস-বিচালি মেলে ধরে। ওদের খাওয়া শেষ হয়। তারপর তার অবসর মেলে। ছেলেটি তখন খেয়েদেয়ে ঘুমোতে যায়। গোয়ালঘরের এক কোণে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ে সে।
সেই রাখাল ছেলেটির যে একেবারেই কিছু নেই— সে কথাও সত্যি নয়। নেই নেই করেও রাখাল ছেলেটির একটি সম্পদ আছে— অতি সাধারণ একটি বাঁশের বাঁশি। সারাটা সময় সে সেই বাঁশিটিকে সঙ্গে রাখে। যখন ইচ্ছে হয় তখন বাঁশি বাজায়। আর যখন বাঁশি বাজায় তখন চারপাশের পরিবেশে তার প্রভাব পড়ে। পাখিরা বাঁশির সুরের সঙ্গে নিজেদের সুর মেলায়। সুখীজনের মন সুরের তালে দুলে ওঠে। দুখীজন সুরের মাঝে সুখ খুঁজে পায়। কিন্তু রাখাল ছেলে তা বুঝতেও পারে না। কারণ সে বাঁশি বাজায় নিজের মাঝে নিজেকে বিলীন করে দিয়ে। অন্য কিছু দেখার প্রয়োজন অনুভব করে না সে।
যে মাঠে ছেলেটি গরু চরায় সেই মাঠে একটি গাছ আছে— ঝাঁকড়া পাতাওয়ালা ছাতিম গাছ। রোদে শরীর তেতে গেলে সেই গাছের নিচে গিয়ে বসে রাখাল ছেলে। তারপর আপন মনে বাঁশি বাজায়। বাঁশির সুর দূর থেকে দূরে ছড়িয়ে পড়ে। একদিন নয়— প্রতিদিন। দিনের পর দিন এমন করেই সে দিন কাটায়।

দুই.
সেদিন কাঠফাটা রোদে আকাশটা ঝাঁ ঝাঁ করছিলো। সারা মাঠে গরু চরিয়ে ঘেমে-নেয়ে একাকার হয়েছিলো রাখাল ছেলে। তাই ছুটে এসে গাছের ছায়ায় বসেছিলো। হাতে তুলে নিয়েছিলো বাঁশের বাঁশি।
রাখাল ছেলের চিরচেনা মাঠের বুক চিরে একটা সরু পথ কোনো এক লোকালয়ের দিকে চলে গেছে। সে যখন বাঁশি বাজাচ্ছিলো সেই পথ দিয়ে তখন এক বাউল বুড়ো যাচ্ছিলেন। যেতে যেতে তার মনে হলো, কোনো এক অদৃশ্য শক্তি যেনো তাকে পিছু টানছে। কেউ যেনো তার মনের ভেতর কথা বলছে! তাকে বলছে— এখানে একটু দাঁড়াও, হে বাউল! এমন সৌন্দর্যকে অবহেলা করে তুমি এগিয়ে যেয়ো না।
বাউল বুড়ো সৌন্দর্যের ভক্ত। তাই তিনি সৌন্দর্যের আহ্বানকে এড়িয়ে যেতে পারলেন না। রোদ ঝাঁ ঝাঁ পথে তিনি থমকে দাঁড়ালেন। কে তার মনের ভেতর বসে সৌন্দর্য উপভোগের কথা বলছে, তা বোঝার চেষ্টা করলেন। সে সময় বাঁশির সুর তার কানে এলো। সেই সুর শুনে তিনি বুঝতে পারলেন, এই সুরই তার মনের ভেতর কথা বলেছে। তার চলার গতি থমকে দিয়েছে। কিন্তু এমন মিষ্টি সুরে বাঁশি বাজাচ্ছে কে?
কৌতূহলী বাউল বুড়ো এদিক-ওদিক তাকালেন। তাকাতে তাকাতে এক সময় তার চোখ পড়লো রাখাল ছেলের ওপর। তিনি দেখলেন, ছাতিম গাছের নিচে বসে এক কিশোর আপন মনে বাঁশি বাজাচ্ছে।
বাউল বুড়োর আর পথচলা হলো না। বাঁশির সুর আগেই তাকে থমকে দিয়েছিলো— এবার সেই সুর তাকে কাছে টেনে নিলো। তিনি ধীরে ধীরে ছাতিম গাছের নিচে গিয়ে বসলেন। কিন্তু রাখাল ছেলে তা বুঝতেও পারলো না। কারণ তার চোখ ছিলো বন্ধ— চোখ বন্ধ রেখেই সে বাঁশি বাজায়। শুধু আজ নয়— প্রতিদিন।
রাখাল ছেলের বাঁশির সুরে কী ছিলো কে জানে! সেই সুর শুনে বাউল বুড়োর চোখ দুটো নিজের অজান্তেই ভিজে এলো। তিনি হৃদয় নিংড়ে চোখের পানি ঝরালেন— কাঁদলেন অঝোর ধারায়। কতোক্ষণ কাঁদলেন কে জানে! সেই কান্না থামলো বাঁশি থেমে যাওয়ার পর।
বাঁশি বাজানো বন্ধ করলেও রাখাল ছেলে চোখ খুললো না। সুরের আবেশে বিলীন হয়ে সে বসে রইলো। এভাবে অনেকটা সময় কেটে যাওয়ার পর যখন সে চোখ খুলে তাকালো, তখন বাউল বুড়োকে দেখতে পেলো। রাখাল ছেলে দেখলো— অচেনা এক বুড়ো ভেজা ভেজা চোখে অপার বিস্ময় নিয়ে ওর দিকে তাকিয়ে আছেন!
অচেনা মানুষটিকে বিস্মিত চোখে তাকিয়ে থাকতে দেখে রাখাল ছেলে অবাক হলো। সে জিজ্ঞেস করলো, আপনি কে? আপনাকে তো কখনো আমাদের গ্রামের আশেপাশে দেখিনি!
বাউল বুড়ো বললেন, দেখোনি। কারণ এদিকে কখনো আসা হয়নি আমার। পথ চলতে চলতে আজই বা কেমন করে এখানে এসে পৌঁছুলাম, কোথায় গিয়ে শেষ হবে এ পথচলা, আমি তা জানি না। যেতে যেতে কানে এলো বাঁশির সুর। মনে হলো সেই সুর আমাকে ডাকছে। মন আগেই থেমে গিয়েছিলো— এবার থামলো পা। দেখলাম তুমি বাঁশি বাজাচ্ছো। তোমার বাঁশির সুর আমাকে টেনে নিয়ে এলো এখানে— এই ছাতিম গাছের নিচে। আমি একটু বসবো। তোমার আপত্তি নেই তো?
: না না, আপত্তি থাকবে কেনো! আপনার যতোক্ষণ ইচ্ছে আমার পাশে বসুন। আমার বরং তাতে ভালোই লাগবে। আমার পাশে তো কেউ বসে না। সবাই আমাকে এড়িয়ে চলে। সব সময়ই আমি তাই একাকী থাকি।
খুব আন্তরিকতা নিয়ে রাখাল ছেলে কথাগুলো বললো। আর সেই কথা শুনে বাউল বুড়ো স্নেহার্দ্র চোখে ওর দিকে তাকালেন। তারপর বললেন, বাঁশি তো আমি কতো জনাকেই বাজাতে শুনেছি। কিন্তু তাদের সুর আমাকে এমন করে টানেনি। পথচলা থামিয়ে দেয়নি! মানুষকে টেনে নেয়ার এক বিস্ময়কর জাদু আছে তোমার সুরে। তুমি এমন সুরে বাঁশি বাজাও কেমন করে— এমন মনকাড়া সুরে?
রাখাল ছেলে বললো, কেমন করে বাজাই? এ প্রশ্নের জবাব তো আমার জানা নেই বাউল দাদু। আমি ঠোঁটে বাঁশি ছোঁয়াই, তাতে ফুঁ দিই আর সেই ফুঁ সুর হয়ে দিক-দিগন্তে ছড়িয়ে পড়ে। সেই সুর কোন্ সুরে বাজে, কী তার তাল আর কী তার লয়— আমি তা জানি না। জানার প্রয়োজন রয়েছে বলেও আমি মনে করি না। বাঁশিটার সঙ্গই আমাকে সুখ দেয়— আমি সেই সুখে সুখী হই। যা হোক, এ সুর আপনার ভালো লেগেছে?
বাউল বুড়ো বললেন, শুধু ভালো লাগা? কতো যে ভালো লেগেছে, আমি কেমন করে তোমাকে তা বোঝাবো? আচ্ছা ছেলে, সত্যি করে বলো তো, তুমি কি অনেক দুখী? তোমার বুকের ভেতর কি ব্যথার নদী বইছে?
: ব্যথার নদী? আমার বুকের ভেতর? কে জানে, হয়তো তেমন কিছু বয়ে চলেছে— হয়তো একেবারেই তা নয়। আসলে কি জানেন দাদু! সুখ-দুঃখ, ব্যথা-বেদনা— এসব কেমন, আমি তা বুঝি না। বোঝার মতো অনুভূতি আমার ভেতর শিকড় গাড়েনি। তবে বুকের ভেতর একটা হাহাকার আছে— অর্থহীন জীবন বয়ে বেড়াবার হাহাকার। ওটা সবসময় আমি অনুভব করি।
: হাহাকার অনুভব করো? সবসময়? আশ্চর্য! আমিও তো অমন অনুভব করি। কী যেনো নেই, কী যেনো নেই- অনুভূতি অষ্টপ্রহর আমাকে তাড়িয়ে ফেরে। মনে হয় এক অর্থহীন জীবন বয়ে বেড়াচ্ছি আমি। মূল্যহীন এক ব্যর্থ জীবন।
: তাই? আপনারও এমন মনে হয়?
: হ্যাঁ ভাই, তেমনই মনে হয় সারাটা ক্ষণ। এ জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি। অনেক কিছু দেখেছি। শিখেছি। আমার ভেতরের আমিটাকে চিনতে পেরেছি। তাই বুঝতে পেরেছি নিজের মূল্য। বুঝেছি, বৃথাই বেঁচে আছি আমি। আমার তো এমন মনে হতেই পারে- জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে আছি আমি। কিন্তু তোমার মনে হচ্ছে কেনো? তুমি তো এক সদ্যকিশোর। জীবন-পথের নতুন পথিক। দু পা হেঁটেই তুমি হাঁপিয়ে উঠেছো কেনো?
রাখাল ছেলে বললো, জানি না বাউল দাদু। জানার প্রয়োজনও বোধ করি না। প্রয়োজন বোধ করি শুধু বাঁশিটার সঙ্গ। বাঁশি বাজাই। মন ভালো থাকলে বাজাই- মন খারাপ থাকলেও বাজাই। কেনো যে বাজাই, নিজেও তা জানি না।
বাউল বুড়ো বললেন, তুমি জানো না, তবে আমি জানি।
: আপনি জানেন? আমি কেনো বাঁশি বাজাই তা জানেন আপনি?
: হ্যাঁ ভাই, আমি তা জানি। আমি জানি, বাঁশি তোমার মন, রক্ত আর অস্তিত্বের সাথে মিশে আছে। তাই ইচ্ছেয় হোক বা অনিচ্ছেয়, বাঁশি তোমাকে বাজাতেই হয়। তোমার কী মনে হয়? আমি কি ঠিক বলেছি?
রাখাল ছেলে বললো, আপনি জ্ঞানী। আপনার কথাই হয়তো সত্যি। আসলে মানুষকে তো একটা কিছুকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে হয়- আমি বাঁশিকে আঁকড়ে ধরে বেঁচে আছি। বাঁশি ছাড়া আর কিই বা আছে আমার!
বাউল বুড়ো বিড়বিড় করে বললেন, ঠিক বলেছো। তুমি আঁকড়ে আছো বাঁশি আর আমি আঁকড়ে আছি সুর। তুমি বাস করছো দুরন্ত ˆকশোরে আর আমি মৃত্যুছোঁয়া বার্ধক্যে। জীবনের দু-প্রান্তে অবস্থান করছি আমরা দুজন। অথচ বসে আছি পাশাপাশি- কাছাকাছি। অবাক লাগে ভাবতে, কী বিচিত্র এ জীবন!
বাউল বুড়ো এ কথাগুলো অস্ফুট স্বরে বলছিলেন, প্রায় স্বগতোক্তির মতো বিড়বিড় করে। তাই রাখাল ছেলে তা শুনতে পেলো না। তবে অনুভব করলো, বুড়ো কিছু বলছেন। তাই জিজ্ঞেস করলো, দাদু! কিছু বলছেন?
বাউল বুড়ো ম্লান হাসলেন রাখাল ছেলের প্রশ্ন শুনে কিন্তু প্রশ্নের জবাব দিলেন না। তাই রাখাল ছেলেকে আবার প্রশ্নটা করতে হলো- ও দাদু! গুনগুন করে কী বলেছেন? আমাকে বলেছেন?
আত্মমগ্ন হয়ে কী যেনো ভাবছিলেন বাউল বুড়ো। তিনি চমকে উঠে বললেন, তোমাকে কিছু বলেছি কি না? না ভাই, তোমাকে কিছু বলিনি। আমার নিজেকে বলাই শেষ হয়নি, তোমাকে বলবো কী! সূর্য মাঝ আকাশ পেরিয়েছে। আমাকে এখন যেতে হবে।
: এখনই চলে যাবেন?
: হ্যাঁ ভাই, যেতেই হবে। যাবার আগে তোমাকে যদি কিছু দিয়ে যেতে পারতাম, আমার ভালো লাগতো। কিন্তু দেয়ার মতো কিছুই নেই আমার। আমি যে বড়োই নিঃস্ব।
রাখাল ছেলে বললো, আপনার একটা সুন্দর মন আছে। জীবন থেকে কুড়িয়ে নেয়া অভিজ্ঞতা আছে। আপনি নিঃস্ব নন দাদু। তা ছাড়া আমাকে কিছু দিতে হবে না! কোনো কিছুর প্রয়োজন নেই আমার।
বাউল বুড়ো বললেন, তুমি ভাবছো তোমার প্রয়োজন নেই। কিন্তু আমি জানি, প্রয়োজন আছে। সবারই কিছু না কিছুর প্রয়োজন থাকে। কেউ তা বুঝতে পারে আর কেউ পারে না। যেমন তুমি পারছো না।
: আপনি যদি বুঝে থাকেন আমার প্রয়োজন রয়েছে, তাহলে আপনিই বলুন, কী সেই প্রয়োজন?
বিনয়ের সাথে জানতে চাইলো রাখাল ছেলে। তার প্রশ্নের জবাবে বাউল বুড়ো বললেন, বাঁশির সঙ্গে জীবন বেঁধেছো তুমি। তোমার রয়েছে নতুন নতুন সুরের প্রয়োজন। সেই সুর আমি তুলে দেবো তোমার বাঁশিতে। কিন্তু…
কথা শেষ হলো না। থমকে গেলো বাউল বুড়োর কণ্ঠ। তাতে রাখাল ছেলের কৌতূহল আরো বেড়ে গেলো। সে জিজ্ঞেস করলো, কিন্তু কী দাদু? বলুন, দয়া করে আমার কাছে কিছু লুকোবেন না। কিন্তু কী?
বাউল বুড়ো বললেন, না, লুকোবো না। চন্দ্র-সূর্যের মতো যা সত্য, তাকে কি লুকিয়ে রাখা যায়? দ্বিতীয় সত্তা হিসেবে বাঁশিকে বেছে নিয়েছো তুমি। কিন্তু বাঁশিকেই বেছে নিয়েছো কেনো? অন্য কিছু বেছে নিলেও তো পারতে!
: হয়তো পারতাম। কিন্তু আপনি এ কথা বলছেন কেনো?
: বলছি, কারণ বাঁশি কখনো বাঁশিওয়ালাকে সুখ দেয় না। বারবার শুধু দুখের সাগরে ভাসায়।
রাখাল ছেলে বললো, তা ভাসাক- যতো ইচ্ছে বাঁশিওয়ালাকে ভাসাক। বাঁশির সুর যাকে মুগ্ধ করবে, তাকে না ভাসালেই হলো।
বাউল বুড়ো বললেন, আমি জানতাম তুমি এমন কথাই বলবে। প্রকৃতির এ এক অদ্ভুত নিয়ম। কেউ দুঃখকে এড়িয়ে চলে— কেউ পরম মমতায় দুঃখকে বুকে টেনে নেয়। তুমি বুকে টেনে নিয়েছো।
: আপনার কি তাই মনে হয়- আমি দুঃখকে বুকে টেনে নিয়েছি? যদি নিয়েই থাকি, তবে কি আমি ভুল করেছি?
জিজ্ঞেস করলো রাখাল ছেলে। বাউল বুড়ো বললেন, ভুল না সঠিক, তা বোঝার সাধ্য কি আমার আছে? এ ভার সময়ের ওপর ছেড়ে দাও। সময়ই একদিন এ প্রশ্নের জবাব দেবে।
কথা শেষ করে বাউল বুড়ো আকাশের দিকে তাকালেন। তারপর মাথা ঝাঁকিয়ে আক্ষেপের সুরে বললেন, হলো না। চেয়েছিলাম, কিন্তু তা আর হলো না।
রাখাল ছেলে শুনতে পেয়েছিলো কথাটা। তাই জিজ্ঞেস করলো, কী হলো না দাদু?
বাউল বুড়ো বললেন, সুপাত্রে দান করা হলো না। জানো তো, মানুষের ইচ্ছে-অনিচ্ছের কোনো মূল্য নেই। সৃষ্টিকর্তাই হলেন সব কিছুর নিয়ন্তা।
নিয়ন্তা? কী খটমটে একটা শব্দ! কাকে বলে নিয়ন্তা- ভাবলো রাখাল ছেলে। তারপর বিপুল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, বাউল দাদু! ওই যে বললেন নিয়ন্তা— নিয়ন্তা মানে কী? একটু বুঝিয়ে বলুন।
বাউল বুড়ো বললেন, কী করে বুঝিয়ে বলবো! আমিই কি নিয়ন্তার স্বরূপ জানি, না তাকে চিনি? শুধু জানি, আমাদের নিয়ন্তাই সৃষ্টি করেছেন সাত সমুদ্র, সপ্ত আকাশ, গ্রহ-নক্ষত্র আর সৃষ্টির সেরা জীব— এই মানুষকে। তার ইচ্ছে মতোই ঘটে চলেছে ঘটনা আর দুর্ঘটনা। তাই মানুষের ইচ্ছে-অনিচ্ছের কোনো মূল্য নেই। এই আমার কথাই ধরো। ভেবেছিলাম যে সুরের ভাণ্ডার রয়েছে আমার কণ্ঠে, আমি তা নিঃশেষে দান করে যাবো তোমাকে। কিন্তু হলো না। বেলা বয়ে যাচ্ছে! আমাকে অজানার পথে পা বাড়াতে হবে। তো ভাই, আমি এখন যাই। মনে রেখো, এক অধমের সঙ্গে পরিচয় হয়েছিলো— এ স্মৃতিটাকে তোমার মনের কোণে জিইয়ে রেখো।।
হঠাৎ যেমন এসে বসেছিলেন, তেমনি হঠাৎ উঠে দাঁড়ালেন বাউল বুড়ো। হাতে তুলে নিলেন একতারাটি— তারপর পা বাড়ালেন অজানার পথে। ঝাঁ ঝাঁ রোদ্দুরে, নিঝুম দুপুরের নীরবতা ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে পড়লো তার সুমিষ্ট সুর-
দিন আমার কাইট্যা গেলো
গভীর ঘুমের মাঝে,
আমি মরি শরম-লাজে
এ জীবন লাগলো না আর কাজে…

ধীরে ধীরে বাউল বুড়োর কণ্ঠ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো। একতারার টুং টাং মিলিয়ে গেলো। দৃষ্টির আড়ালে চলে গেলেন অচেনা সেই বাউল বুড়ো।

তিন.
বাউল বুড়ো দূর থেকে দূরে চলে যাওয়ার পর নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হলো রাখাল ছেলের। সে গরু-বাছুরগুলোর দিকে তাকালো। ওরা আপন মনে ঘুরে বেড়াচ্ছে। আরো অনেকটা সময় রাখাল ছেলেকে প্রয়োজন পড়বে না ওদের। রাখাল ছেলে তাই বাঁশি তুলে নিয়ে ঠোঁটে ছোঁয়ালো। কিন্তু সেই বাঁশিতে সুর তুলতে পারলো না। তার আগেই সে নিজের ভেতর এক ধরনের অবসাদ অনুভব করলো। মনে হলো, সবচেয়ে আগে একটু ঘুমিয়ে নেয়া দরকার।
ছাতিম গাছের শীতল ছায়ায় ছাতিম শিকড়ে মাথা রেখে চোখ বুজলো রাখাল ছেলে। সে চোখে নেমে এলো গাঢ় ঘুম। সেই ঘুমে অনেকটা সময় কেটে গেলো। সূর্য নিভু নিভু হয়ে ছায়া ছড়ালো— তবু ছেলেটির ঘুম শেষ হলো না।
তারপর অন্ধকার যখন একটু গাঢ় হলো, সে সময় রাখাল ছেলের কোমরে প্রচণ্ড এক লাথি এসে লাগলো। দুঃসহ ব্যথায় কুঁকড়ে যাবার সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে গেলো। তখন রাখাল ছেলে দেখলো, আগুনের মতো লাল টুকটুকে চোখ নিয়ে বদরাগী মোড়ল দাঁড়িয়ে আছেন। তার পায়ের নিচে পড়ে আছে ওর প্রিয় সঙ্গী বাঁশের বাঁশি।

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫