Home Blog Page 71

ছাগল রাজার কাহিনি

উমবি গুলারি। উগান্ডার এক রাখাল বালকের নাম। তেরো কী চৌদ্দ বছরের বালক। বাড়িতে সে ছাগল পোষে। ছাগলগুলোকে সে প্রতিদিন সকালে মাঠে চরাতে নিয়ে যায়। সন্ধ্যোবেলায় বাড়ি নিয়ে আসে। খুবই দুরন্ত ও চঞ্চল স্বভাবের ছাগলগুলো। সারাক্ষণ শুধু ছোটাছুটি করে। এখানে যায়, ওখানে যায়। একটা আরেকটারে গুঁতো মারে। তটস্থ করে রাখে উমবি গুলারিকে সারাক্ষণ।
তবুও ছেলেটি ছাগলগুলোর খুবই যত্ন-আত্তি নেয়। ঘাস খাওয়ায়, পানি খাওয়ায়, গোসল করায়। আবার রাতের বেলা খোঁয়াড়ে বেঁধে রাখে।
কিন্তু ছাগলদের একটি স্বভাব উমবিকে অবাক করে দেয়। সেই স্বভাবটি হলো, ওদের ‘গোঁয়ার্তুমি’। গোঁয়ার্তুমিটা করে ছাগলের গলায় যখন দড়ি বাঁধা থাকে, আর সেই দড়ি ধরে সামনের দিকে টানলে। আর কখনো নয়, শুধু দড়ি ধরে সামনের দিকে টানলে সে অনড় হয়ে থাকে। এক পা-ও আর আগে বাড়াবে না। শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকবে। যতই টানাটানি করো, ছাগল ততোই অনড় হবে। সামনের দুই পায়ে ঠেক দিয়ে থাকবে, যেন একটুও নড়াতে না পারে তাকে কেউ।
অথচ ছাগলকে পেছন থেকে তাড়া করলে সে দিব্বি আগে বাড়ে। তখন ওরা ছুটে চলে। পারতপক্ষে যেন দৌড়ে দৌড়ে যায়। অবাক করা কাণ্ডই বটে। তখন আর ছাগলকে মাঠে নিয়ে যেতে উমবির কষ্ট হয় না। উমবি ভাবে, ছাগলের এই স্বভাবের নিশ্চয় কোনো কারণ আছে। একদিন উমবি তার দাদুকে জিজ্ঞেস করে- দাদু, ছাগলদের এমন স্বভাব কেন?
কেমন স্বভাব দাদু? ওর দাদু পাল্টা প্রশ্ন করে। যদিও তিনি জানেন উমবির প্রশ্নটা আসলে কী হতে পারে।
উমবি বলে- ছাগলের গলায় বাঁধা দড়ি ধরে টানলে ওরা এমন গোঁয়ার হয়ে যায়, এক পা-ও আগে বাড়ে না। থোম মেরে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এর কারণ কী দাদু? এমন করে কেন ওরা?
উমবির দাদু মিস্টার নাকাসাঙ্গা। সেই ব্রিটিশ আমলের এক বিপ্লবী নেতা তিনি। বৃটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। যুদ্ধে অনেক অবদান ছিল তার। অত্যন্ত বিজ্ঞ লোক। নাকাসাঙ্গা উমবিকে বলেন- এর একটি ইতিহাস আছে দাদু। অতি প্রাচীনকালের ইতিহাস। তখন আফ্রিকার জঙ্গলে পশুরা রাজত্ব করত। ঘটনাচক্রে একবার ‘ইগোধবি’ নামের এক ছাগলকে বনের রাজা বানানো হয়। বনের যত পশুপাখি সবাই মিলে ইগোধবিকে ভোট দিয়ে তাদের রাজা বানিয়ে নেয়।
উমবি বলে, আচ্ছা, তারপর?
দাদু বলেন, কিন্তু রাজত্ব পেয়েই ইগোধবির দেমাগ যায় বেড়ে। জীবনযাত্রা পাল্টে যায় তার। রাজা হয়ে প্রথমেই রাজকোষ থেকে ইগোধবি প্রচুর অর্থকড়ি নিয়ে নেয়। তারপর নিজের জন্য প্রকাণ্ড এক প্রাসাদ তৈরি করে। সেই প্রাসাদে ছাগলরাজা ইগোধবি মহাসুখে বাস করতে থাকে। চাকর-বাকরের অভাব নেই তার। তাদের বেতন ভাতাও দেয়া হয় রাজকোষ থেকে। রাজা হয়েই ছাগল ভালো ভালো খাবার খায়। ভালো ভালো পোশাক পরে। দেমাগ এখন মহাতুঙ্গে তার। বনের রাজা সে। যেনতেন কথা! বনের অন্যান্য গরিব পশুপাখি রাজার কাছে এখন আর পাত্তাই পায় না। রাজা হয়ে ইগোধবি বেমালুম ভুলে যায় যে বনের এই পশুপাখিরাই তাকে রাজা বানিয়েছে। দেমাগে এখন ছাগলের পা পড়ে না মাটিতে।
এভাবে দিন যায়, রাত আসে। রাত যায়, দিন আসে। বনের অন্য পশুপাখিরা তাকে ‘কর’ দেয়। ‘খাজনা’ দেয়। তোয়াজ করে চলে। বেশ ভালোভাবেই দিন কাটতে লাগলো ছাগলরাজা ইগোধবির।
একদিন ইগোধবি বনের পশুপাখিদের ডাকল। রাজার তলব বলে কথা! বনের সকল পশুপাখি এসে জড়ো হয় রাজ দরবারে। এরপর ছাগলরাজা বক্তৃতা শুরু করেন- ভাইসব, আজ আমি তোমাদের ডেকেছি একটি মহাবিপদের সংবাদ জানাতে। গতরাতে আমি ভয়ংকর এক স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের কথাটাই আজ জানাব তোমাদের।
উপস্থিত পশুপাখিরা সবাই চুপ। ভয়ে মুখ বিবর্ণ হয়ে যায় সবার! কী বিপদই না অপেক্ষা করছে তাদের! কী কথাই না বলবে আজ রাজা। উপস্থিত সবাই এ ওর দিকে তাকায়। ও এর দিকে তাকায়। দৃষ্টিতে প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু কথা বলছে না কেউ। সবার মনে একটাই চিন্তা। কী বলবেন রাজা। কী এমন ভয়ংকর স্বপ্ন দেখলেন তিনি!
রাজা ফের বলতে শুরু করেন- স্বপ্নে আমি দেখলাম দেশে চরম দুর্ভিক্ষ পড়েছে। খাদ্যের বড় আকাল! কোথাও খাবার নেই, পানি নেই। মাঠে শস্য নেই, ঘাস নেই। নদী শুকিয়ে গেছে। চার দিকে শুধু হাহাকার! ক্ষুধায় কাতর সবাই। তৃষ্ণায় ছাতি ফাটে সবার। খেতে না পেয়ে মারা যাচ্ছে কেউ কেউ।
রাজা একটু থামেন। কিছুক্ষণ পর ফের বলতে শুরু করেন তিনি। স্বপ্নে আমি দেখলাম, আমারই চোখের সামনে অনাহারে মারা গেল আমার আত্মীয়-স্বজন, ভাই-বেরাদার। এ কথা বলে ছাগল রাজা কান্নার ভান করেন। ভ্যাঁ ভ্যাঁ করেন কিছুক্ষণ। বুঝাতে চাইলেন, প্রজাদের জন্য তার কতই না দরদ, কতই না মায়া, কতই না মহব্বত!
রাজার কথা শুনে অন্য পশুপাখির মুখ আরো শুকিয়ে যায়। ভয় ও আতঙ্কের ছায়া পড়ে চোখে-মুখে। এখন উপায়! রাজার স্বপ্ন বলে কথা! এ স্বপ্ন তো মিথ্যে হবার নয়! দেশে দুর্ভিক্ষ পড়বে। না খেয়ে মরতে হবে। অনেকে এ বন ছেড়ে অন্য বনে চলে যাবে। নিজের মা-বাপ, আত্মীয়স্বজনকেও ভুলে যাবে অনেকে। ক্ষুধার জ্বালা! আহারে, ভুক্তভোগিরাই জানে। সবার চোখেই এখন পানি। কথা নেই কারো। গলা শুকিয়ে গেছে।
অবশেষে একটি বিড়াল মিঁউমিঁউ করে বলে- হে মহামান্য রাজন, দুর্ভিক্ষ যদি এসেই যায়, তাহলে কী উপায় হবে আমাদের? কীভাবে বাঁচবো আমরা? আপনি একটা উপায় বের করুন। আমাদের আদেশ করুন। এখন থেকেই কিছু একটা করতে হবে, হে মহামান্য রাজন।
বিড়ালের কথা শেষ হতেই পাতিহাঁস ও মুরগি প্যাক প্যাক আর কক্ কক্ করে ওঠে। তারপর বলে- হে মহারাজ, আমরা হাঁস-মুরগি শলা-পরামর্শ করে একটি উপায় বের করেছি। আপনি অনুমতি দিলে বলি।
ছাগলরাজা অনুমতি দিলেন। হাঁস এবার প্যাক প্যাক করে বলে- হে রাজন, আমরা গরিব ক্ষুদ্রপ্রাণী। রাজ্যে দুর্ভিক্ষ হানা দিলে আমরাই আগে মরব। সেই ভয়ে ঠোঁট আমাদের শুকিয়ে গেছে। বলি কী, আপনার এই বনরাজ্যে আপনি একটি ঘোষণা জারি করে দিন। সবাইকে বলে দিন, আগামীকাল থেকে বনের সবাইকে রাজভাণ্ডারে এক মুঠো করে খাদ্যশস্য এনে মজুদ করতে।
একটা ইঁদুর তখন বলে- হ্যাঁ রাজন, আমারও একই মত। আমরা সবাই যদি এক মুঠো খাদ্যশস্য অথবা এক আঁজলা পানীয় প্রতিদিন রাজকোষে জমা রাখি, তাহলে আগামী এক বছরে অনেক খাবার জমা হয়ে যাবে। এতে দুর্ভিক্ষের দিনগুলো মোকাবেলা করতে তেমন বেগ পেতে হবে না।
সভায় উপস্থিত পশুপাখি হাঁস-মুরগি, ইঁদুর এ প্রস্তাবকে সমর্থন করে। সবাই সমস্বরে বলে ওঠে- হে মহামান্য রাজন, এই প্রস্তাবটি বেশ ভালো, গ্রহণযোগ্যও বটে। বিষয়টি আপনি সুবিবেচনায় নিন। রাজভাণ্ডারে শস্য ও পানীয় জমা হতে থাকলে দুর্ভিক্ষের সময়টা খুব সহজেই পার করা যাবে। দুর্ভিক্ষের ছোবল আমাদের কিছুই করতে পারবে না।
ছাগলরাজা মনে মনে এমনটিই চাচ্ছিলেন। কারণ, রাজকোষ শূন্য ছিল তখন। তাই, সে বানিয়ে বানিয়ে প্রজাদের কাছে এমন স্বপ্নের কথা বলে। প্রজাদের কথা শুনে ছাগল রাজা বনরাজ্যে ঘোষণা করে দেন, ‘আজ থেকে প্রত্যেক পশু-পাখি সন্ধ্যোবেলায় রাজভাণ্ডারে এক মুঠো করে খাদ্যশস্য অথবা এক আঁজলা করে পানীয় জমা দিয়ে যাবে। কেউ এর অন্যথা করলে তাকে শূলে চড়ানো হবে।’
রাজার আদেশ নতশিরে মেনে নেয় প্রজারা। মনে তাদের সাহস বেড়ে যায়। আগামী বছর যদি দুর্ভিক্ষ এসেই পড়ে, তা হলে এই জমানো খাবার খেয়েই বেঁচে থাকা যাবে।
পরদিন থেকে বনের পশুপাখিরা রাজভাণ্ডারে খাদ্যশস্য এনে জমা দিতে শুরু করে। এভাবে একদিন দুইদিন করে ছয় মাস কেটে যায়। দুর্ভিক্ষ এখনো আসেনি বনরাজ্যে। ইতোমধ্যে ছাগলরাজার রাজত্বের মেয়াদকাল প্রায় শেষ। নির্বাচন করে পুনরায় প্রজাদের নতুন রাজা বানানোর সময় চলে আসে।
চার দিকে নির্বাচনী হাওয়া। প্রজাদের মনও বেশ উৎফুল্ল। অবশেষে একদিন ঠিকই নির্বাচন হয়ে গেল। তবে, এবার বনের পশুপাখিরা মিলে ‘মেলোডি’ নামের এক হুলোবিড়ালকে ভোট দেয়। রাজা হয়ে যায় হুলোবিড়াল মেলোডি। নির্বাচনে হেরে যায় ছাগল ‘ইগোধবি’।
আর এতেই বাধে গোল। সমস্যা তৈরি হয়ে যায় বনরাজ্যে। কারণ, ছাগল রাজা ইগোধবি ভোটের এই ফল মানেন না। ক্ষমতা ছাড়তে তিনি রাজি নন। ইগোধবি বলেন- সামান্য ওই পুঁচকে বিড়ালের কাছে কি না ক্ষমতা ছেড়ে দেবো আমি! কিছুতেই না! ঘাড় কাত করে গদিতে বসে থাকে ইগোধবি। ছাগল রাজা বলেন- একবার যে রাজা হন, তিনি আজীবনই রাজা থাকেন। তাকে ক্ষমতা থেকে নামানো যায় না। এটাই নিয়ম।
ইগোধবি ঘোষণা করে দেন- এ নির্বাচন মানি না। বনের রাজা আমিই। অন্য কেউ বনরাজ্যের রাজা হতে পারবে না। আমাকেই রাজা মানতে হবে সবার। না মানলে তাকে ধরে ধরে খোঁয়াড়ে ভরবো। কোথাকার কোন পুঁচকে হুলো! সে কি না হবে বনের রাজা! বলি, রাজকার্য চালানো কি এতই সহজ?
কিন্তু প্রজারা বিড়ালকেই তাদের রাজা মেনে নেয়। সবাই নতুন রাজার শস্যভাণ্ডারে খাদ্যশস্য ও পানীয় এনে জমা দিতে থাকে। বাধ সাধে শুধু ওই ছাগলরাজা ইগোধবি। তিনি গোমড়ামুখে তার প্রাসাদেই বসে থাকেন। বিড়ালকে তিনি রাজা মানেন না। বিড়ালের শস্যভাণ্ডারে খাদ্যশস্য ও পানীয়ও জমা দেবেন না তিনি। ইগোধবি বলেন, আমি হলাম রাজা। আমি কেন বিড়ালের ভাণ্ডারে খাদ্যশস্য জমা দেবো?
ছাগলের এমন গোঁয়ার্তুমি দেখে বনের পশুপাখি সবাই ক্ষেপে যায়। তাই, বিড়ালের রাজসভায় এসে একদিন হাজির হয় সবাই। প্রজারা বলে, এর একটা বিহিত করতে হবে। ছাগলের গোঁয়ার্তুমি মেনে নেয়া যায় না। বিড়ালের রাজসভায় উপস্থিত একটি গাভী হাম্বা হাম্বা করে চিৎকার দিয়ে বলে- ইগোধবির বিচার চাই। নতুন রাজার আদেশ অমান্য করায় তার শাস্তি চাই। শূলে চড়িয়ে তার ফাঁসি চাই। গাভী বলে- ইগোধবি যখন রাজা ছিলেন, আমরা তার কথা মেনে চলেছি। তার আদেশ নিষেধ শুনেছি। তা হলে এখন কেন তিনি নতুন রাজার আদেশ মানবেন না? আজীবন তিনি রাজা থাকতে চান? এটা কি সম্ভব? প্রজারা ভোট দিয়ে যাকে রাজা বানাবে, তিনি-ই হবেন রাজা। ইগোধবির এই গোঁয়ার্তুমি মেনে নেয়া যায় না। এর বিচার চাই। ইগোধবিকে এই বিড়ালের রাজভাণ্ডারে এসেই কর দিয়ে যেতে হবে।
গাভীর কথায় বনের পশুপাখিদের সাহস বাড়ে। তারা সমস্বরে স্লোগান দেয় :
-‘এই ছাগলের বিচার চাই-
করতে হবে, করতে হবে’
-‘ছাগল রাজার বুদ্ধি নাশ-
বাঁশ ফাটিল ঠাস ঠাস’
-‘কী ভেবেছে ছাগল রাজা?-
এবার দিব কঠিন সাজা’
-‘আইন মানে না গোঁয়ারে
ঢুকাও তারে খোঁয়াড়ে’।
এ ধরনের স্লোগানে উত্তাল হয় বন।
(আগামী সংখ্যায় সমাপ্য)

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫

হামহাম জলপ্রপাত

যদি প্রশ্ন করা হয়, ভ্রমণ করতে ভালো লাগে না বা পছন্দ করো না কে কে? তাহলে তোমাদের খুব কম সংখ্যকই হয়তো পাওয়া যাবে যারা ভ্রমণ খুব একটা পছন্দ করে না। বাকিরাসহ অধিকাংশ মানুষই ভ্রমণ করা পছন্দ করে।
আমরা পড়ে শিখি নয়তো দেখে শিখি। ভ্রমণের মাধ্যমেও অনেক কিছু শেখার আছে। এজন্যই তো বিশ্ব পরিব্রাজক খ্যাত ইবনে বতুতা দেশে দেশে ভ্রমণ করেছেন আর জেনেছেন বিশ্ব সম্বন্ধে। মহাগ্রন্থ আল কুরআনেও ভ্রমণকে গুরুত্ব দেয়া হয়েছে।
যাইহোক, এত তাত্ত্বিক আলোচনায় না যেয়ে আমরা বরং ভ্রমণের গল্পে ফিরি। গতমাসে আমরা গিয়েছিলাম হামহাম ঝরনা দেখতে। এটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনাঞ্চলে অবস্থিত।
আমরা তিনজন ঢাকা থেকে আগেরদিন গিয়ে পৌঁছাই মৌলভীবাজারে এবং সেখানেই রাত্রিযাপন করি। পরদিন সকালে নাশতা শেষ করে স্থানীয় পরিচিত দু’জনসহ মোটরবাইক যোগে রওয়ানা হই কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনাঞ্চলের চাম্পারার চা বাগান কলাবনপাড়ার উদ্দেশ্যে। কাঁচা-আধাপাকা রাস্তা সবমিলিয়ে প্রায় দুই ঘণ্টার মধ্যে পৌঁছে যাই কলাবনপাড়ায়। পথিমধ্যে অবশ্য হঠাৎ বৃষ্টিতে কয়েকদফা ভিজে যাওয়াটাও উপভোগ্য ছিল। কলাবনপাড়ার স্থানীয় বাসিন্দারা মূলত ত্রিপুরা জনগোষ্ঠীর লোক। মোটরবাইক সেখানে রেখে এখন আমাদের যেতে হবে পায়ে হেঁটে বনের মধ্য দিয়ে পাহাড়-টিলা অতিক্রম করে। সরকারিভাবে হামহাম জলপ্রপাতটি পর্যটন ব্যবস্থাপনার আওতায় এখনো আসেনি। সেজন্য, হামহাম জলপ্রপাত ভ্রমণে যারা আসে তাদেরকে স্থানীয়দের মধ্য থেকে কেউ কেউ অল্প টাকার বিনিময়ে ঘুরে দেখান বা গাইড হিসেবে সাথে যান। আমরা সাথে নিয়েছিলাম ১২-১৪ বছরের স্থানীয় এক কিশোর জয়-কে। যাত্রার শুরুতেই প্রত্যেকে নিয়ে নেই মাঝারি সাইজের চিকন একটি করে বাঁশ, যেটা পাহাড়ি পথ অতিক্রমে সুবিধা দিবে। পানি ও হালকা কিছু শুকনো খাবার সাথে নিয়ে শুরু হলো জলপ্রপাত দর্শনের যাত্রা।

ঘনসবুজ বনের মধ্য দিয়ে হাঁটা শুরু করলাম। হামহামে যাওয়ার মূলত দুইটি পথ, পাহাড়ি উঁচু নিচু পথ ও ঝিরিপথ। চম্পারায় চা-বাগান থেকে ঝরনার দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। পথে অত্যন্ত খাড়া মোকাম টিলা পাড়ি দিতে হয় এবং অনেক ঝিরিপথ ও ছড়ার কাদামাটি দিয়ে পথ চলতে হয়। হামহাম যাবার পথ এবং হামহাম সংলগ্ন রাজকান্দি বনাঞ্চলে রয়েছে সারি সারি কলাগাছ, জারুল, চিকরাশি কদম গাছ। এর ফাঁকে ফাঁকে উড়তে থাকে রং-বেরঙের প্রজাপতি। ডুমুর গাছের শাখা আর বেত বাগানে দেখা মিলতে পারে হনুমানের। এছাড়াও রয়েছে ডলু, মুলি, মির্তিঙ্গা, কালি ইত্যাদি বিচিত্র নামের বিভিন্ন প্রজাতির বাঁশ।

আমরা বেশ উৎসাহ নিয়েই কর্দমাক্ত পাহাড় পাড়ি দিচ্ছিলাম। সঙ্গে থাকা বাঁশ এবং প্রবল আগ্রহের কারণে শুরুতে কোনো কষ্টই মনে হচ্ছিল না। কিন্তু কিছুদূর যাওয়ার পর পথিমধ্যে যখন দেখলাম কিছু পর্যটক হামহাম জলপ্রপাত দেখে ফেরত আসছে এবং কেউ কেউ আমাদের বলছে আমরা নাকি অনেক দেরি করে ফেলেছি, দিনের আলোয় হয়তো আমরা ফিরতে পারবো না, তখন কিছুটা হতাশা আর শঙ্কা নিয়েই পথ চলতে লাগলাম। তার উপর কাদাযুক্ত পিচ্ছিল উঁচু নিচু, কখনো খাড়া ঢাল পথ। পথিমধ্যে এরকম অসংখ্য লোকজন ফেরত আসছে দেখে শঙ্কা বাড়তে থাকলো। কিন্তু, এসেছি যখন ঝরনা দেখেই ফিরবো, এই ভেবে আগাতে লাগলাম। পাহাড়ে আরোহন করার অভ্যাস না থাকায় ক্লান্ত হয়ে, কিছুক্ষণ পরপর বিশ্রাম নিয়ে আগ্রহ নিয়ে আবারও পথচলা শুরু। অবশেষে প্রায় পৌনে ২ঘণ্টা হেঁটে আমরা পৌঁছে গেলাম হামহাম এর পাদদেশ থেকে বেয়ে আসা ঝিরিপথে। ঝিরিপথের কোথাও হাঁটু পানি, কোথাও আবার বুক পর্যন্ত পানি। পাথর এবং পানির সমন্বয়ে প্রাকৃতিকভাবে তৈরি সেপথ বেয়েই এবার পৌঁছালাম হামহাম।

হামহামে পৌঁছেই সবাই নেমে গেলাম গোসলে। প্রায় ১৩৫ বা কারো কারো মতে ১৪৭ ফুট উচ্চতার এই ঝরনা থেকে নেমে আসা পানিতে প্রাণভরে গোসল করে মহান সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টিতে মন প্রাণ যেন জুড়িয়ে গেল। এরপর স্মৃতি রক্ষার্থে সবাই মিলে বেশ কিছু ফটোগ্রাফি করলাম। অতঃপর ফেরার পালা। তখনও দু-এক গ্রুপ পর্যটক সেখানে আছে। আমাদের টার্গেট তাদের আগেই আমরা যেন ফিরতে পারি অর্থাৎ সেখান থেকে ফিরতি হিসেবে আমরাই যেন শেষ গ্রুপ না হই।

একই পথে ফেরার কারণে ফিরতি পথে চলাটা একটু সহজ ছিল। মাঝপথে পাহাড়ের উপরেই সেরে নিলাম যোহর ও আছরের কসর নামাজ। ফিরতি পথে সবাই মিলে প্রকৃতির সৌন্দর্যে অভিভূত হয়ে কিছুক্ষণ পর পর গেয়ে উঠছিলাম সবুজের গান। কলাবনপাড়ায় পৌঁছে ভেজা কাপড় পরিবর্তন করে বাইকযোগে রওয়ানা হই মৌলভীবাজারের উদ্দেশ্যে। ফিরতি পথে শ্রীমঙ্গলের চা বাগানের মাঝ দিয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে রাত হয়ে যায় শহরে পৌঁছাতে। হালকা খাবার ছাড়া দুপুরে যেহেতু খাওয়া হয়নি, সেজন্য রাতের খাবার শেষে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হই এবং সকালে পৌঁছে যাই।
সবমিলিয়ে, ভ্রমণটা বেশ চমকপ্রদ ছিল এবং নতুন অভিজ্ঞতা ও কঠিনকে জয় করার শিক্ষা বেশ ভালোভাবেই রপ্ত করি সবাই। বন্ধুরা, তোমরাও চাইলে যেতে পারো প্রকৃতির এমন অপার সৌন্দর্য উপভোগ করতে।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫

শিশুদের শরীরে উচ্চমাত্রার সীসা

বন্ধুরা, তোমরা হয়তো জেনে থাকবে যে, মানবদেহে সীসার উপস্থিতি নিয়ে ইদানিং উদ্বেগ বাড়ছে। সম্প্রতি এক গবেষণায় শিশুদের শরীরে উচ্চমাত্রার সীসা শনাক্ত করা হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা আইসিডিডিআরবির এক গবেষণায় অংশ নেওয়া ৫০০ শিশুর মধ্যে ৯৮ শতাংশের রক্তে সীসার মাত্রা নিরাপদসীমার চেয়ে প্রায় দ্বিগুণ পাওয়া গেছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ঢাকায় দুই থেকে পাঁচ বছরের শিশুদের নিয়ে এই গবেষণা চালানো হয়।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, দেশে সাড়ে তিন কোটির বেশি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সীসার উপস্থিতি রয়েছে। শরীরে সীসার নির্ধারিত ন্যূনতম মাত্রা বা নিরাপদসীমা বড়দের জন্য প্রযোজ্য। শিশুদের ক্ষেত্রে রক্তে কোনো মাত্রার সীসার উপস্থিতিই নিরাপদ নয়।
এখন প্রশ্ন উঠতে পারে, সীসায় শরীরে কী কী সমস্যা হতে পারে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সীসা কার্যত শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গকে প্রভাবিত করে। মস্তিষ্ক, লিভার ও কিডনিতে ভ্রমণ করে এবং দাঁত ও হাড়ে জমা হয়, যেখানে এটি কয়েক দশক ধরে স্থায়ী হতে পারে।
সাধারণত ভারী ধাতু, বিশেষ করে সীসা প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ওপর বেশি গুরুতর প্রভাব ফেলে। এই ক্ষতি চিরস্থায়ী ও অপরিবর্তনীয়। দুর্ভাগ্যবশত, শিশুদের ক্ষেত্রে মস্তিষ্কের বিকাশের সময়সীমা কমে যায় এবং প্রায় সব অঙ্গপ্রত্যঙ্গই ক্ষতিগ্রস্ত হয়। বয়স্কদের ক্ষেত্রে হৃদরোগ দেখা দেয়। সীসা স্থায়ীভাবে শিশুদের জন্য স্নায়বিক ও শারীরিক প্রতিবন্ধকতার কারণ হয়ে উঠছে।
বন্ধুরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, খুব বেশি মাত্রার সীসার সংস্পর্শ মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, যার ফলে কোমা, খিঁচুনি এমনকি মৃত্যুও হতে পারে।
সীসার তীব্র বিষক্রিয়া থেকে বেঁচে যাওয়া শিশুরা স্থায়ীভাবে বুদ্ধিবৃত্তিক অক্ষমতা এবং আচরণগত ব্যাধিতে ভুগতে পারে।
কম পর্যায়ের সংস্পর্শে আসার ফলে কোনো স্পষ্ট লক্ষণ নাও থাকতে পারে। তবে সীসার বিষক্রিয়া শিশুদের ক্ষেত্রে মস্তিষ্কের বিকাশকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে, যার ফলে বুদ্ধিমত্তার পরিমাণ (আইকিউ) হ্রাস পায়, আচরণগত পরিবর্তন হয়- যেমন মনোযোগের সময় কমে যায় এবং অসামাজিক আচরণ বৃদ্ধি পায় এবং শিক্ষাগত অর্জন হ্রাস পায়।
সীসার সংস্পর্শে রক্তাল্পতা, উচ্চ রক্তচাপ, কিডনির দুর্বলতা, ইমিউনো টক্সিসিটি এবং প্রজনন অঙ্গের বিষাক্ততাও দেখা দেয়। অতি তীব্র মাত্রার সমস্যা ছাড়া এটা বোঝা কঠিন যে শিশুর এই সীসার প্রভাবে বিভিন্ন জটিলতা হচ্ছে।
সীসা শরীরে কীভাবে প্রবেশ করে? সীসা একটি বিষাক্ত ভারী ধাতু। এটি প্রাকৃতিকভাবে মাটি ও খনিজে থাকে। তবে মানুষের শিল্প-কারখানাভিত্তিক কর্মকাণ্ডের ফলে এটি এখন খাবার, পানি, বাতাস, খেলনা, কসমেটিকস, রান্নার হাঁড়ি-পাতিল এবং ঘরের ধুলাবালির মধ্যেও পাওয়া যাচ্ছে। সাধারণত যেসব উৎস থেকে মানুষ সীসার সংস্পর্শে আসে তার মধ্যে রয়েছে সীসা ও ব্যাটারি-সম্পর্কিত শিল্প, সীসা-ভিত্তিক রঙ এবং প্রসাধনী এবং রান্নার জিনিসপত্রের মতো ভোগ্যপণ্যের দূষণ।
এটি নিঃশ্বাসের মাধ্যমে, খাবারের মাধ্যমে, ত্বকের মাধ্যমেও শোষণ হতে পারে। শিশুদের জন্য সীসার বিষক্রিয়ার ঝুঁকির দিকটা বেশি। কারণ তাদের শরীরে প্রাপ্তবয়স্কদের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি সীসা প্রবেশ করতে পারে। শিশুদের সহজাত কৌতূহল, ঘন ঘন মুখে হাত দেওয়ার প্রবণতা এবং জিনিসপত্র মুখে দেওয়ার মতো আচরণের কারণে সীসা-দূষিত ধুলো, মাটি ও রঙের সংস্পর্শে আসার ঝুঁকি বাড়ে।
বন্ধুরা, সীসার ক্ষেত্রে রক্তে নিরাপদ বলে নির্দিষ্ট মাত্রা নেই। তবে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) রক্তে সীসার মাত্রা প্রতি লিটারে ৩৫ মাইক্রোগ্রামের বেশি হওয়াকে উদ্বেগের কারণ বলে মনে করে। অর্থাৎ যুক্তরাষ্ট্র রক্তে সহনীয় পর্যায়ে সীসার মাত্রা যা নির্ধারণ করেছে তার প্রায় দ্বিগুণ মাত্রায় সীসার উপস্থিতি দেখা গেছে বস্তির শিশুদের মধ্যে।
এর সাথে ছোটবড় নানা ধরনের শিল্প-কারখানার যোগসূত্র রয়েছে। কারণ গবেষণায় দেখা গেছে, সীসার উপস্থিতি চিহ্নিত রয়েছে এমন শিল্প এলাকার এক কিলোমিটারের মধ্যে বসবাসকারী শিশুদের রক্তে সীসার মাত্রা পাঁচ কিলোমিটারের বেশি দূরের তুলনায় ৪৩ শতাংশ বেশি।
বাংলাদেশের জন্য কতটা উদ্বেগের? ইউনিসেফের তথ্য অনুযায়ী, সীসা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ।

গবেষকরা বলেন, সীসার বিরূপ প্রতিক্রিয়া রোধে সবার আগে পুষ্টিকর খাবার খাওয়ার ওপর জোর দিতে হবে। কেননা সহজলভ্য, কিন্তু পুষ্টিকর খাবার শরীরে সীসা দূষণের পরিশোধন ঘটাতে পারে। একই সাথে তাদের পরামর্শ হলো, সীসা সংক্রান্ত শিল্প যেসব এলাকায় রয়েছে, সম্ভব হলে সেসব এলাকা থেকে দূরে বসবাস করতে হবে যাতে করে যতটা সম্ভব দূষণ কমানো যায়।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫

ওয়ালেস লাইন ভূগোলের আশ্চর্য সীমারেখা

পৃথিবীতে অনেক কাল্পনিক রেখা আছে। বিষুব রেখা, অক্ষ রেখা, সময় রেখা ইত্যাদি। অদৃশ্য এসব রেখা আমরা বানিয়েছি নিজেদের সুবিধার জন্য। যে কোনো মানচিত্রের বইতে এগুলো দেখা যাবে। কিন্তু একটি রেখা পাওয়া যাবে না। সেটি ওয়ালেসের রেখা। আজ সেই আজব রেখা সম্পর্কে জানবো।
ইন্দোনেশিয়ার বিখ্যাত পর্যটন কেন্দ্র বালি দ্বীপের পূর্ব উপকূল থেকে ফেরিতে পুবদিকে রওনা হলে দ্রুতই পৌঁছানো যাবে লম্বক নামের একটি দ্বীপে। দুটি দ্বীপের মাঝে দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার (২২ মাইল)। ওয়ালেসের রেখা এই বালি ও লম্বক দ্বীপের মাঝ দিয়ে টানা হয় উত্তর-দক্ষিণে। সেটি আরও উত্তর দিকে টেনে দিলে বোর্নিও এবং সুলাবেসির মাঝ দিয়ে চলে গেছে ফিলিপাইনের পাশ দিয়ে। রেখাটি শত শত বছর ধরে প্রকৃতিবিদ ও বিজ্ঞানীদের বিমোহিত করে রাখে।

এই রেখা কেন আশ্চর্যের?
কারণ, এটি প্রাণীজগৎকে পৃথক করেছে। মানে, রেখার পুব পাশে বালিতে যেসব প্রাণী দেখা যাবে পশ্চিম পাশে লম্বকে সেগুলো পাওয়া যাবে না। পুবে আছে হাতি, গণ্ডার, বানর, বাঘ, ছাগল, কাঠঠোকরা ইত্যাদি। এগুলো এশীয়। লম্বকের প্রাণীগুলো একেবারে ভিন্ন ধরনের, যেমন- ক্যাঙারু, কোয়েলা, এমু এবং কাকাতুয়া। এগুলো অস্ট্রেলিয়া মহাদেশের।
রেখাটির নাম ওয়ালেসের রেখা কেন?
আলফ্রেড রাসেল ওয়ালেস নামের একজন ব্রিটিশ প্রকৃতিবিদ ১৮৬০ সালে প্রথম দুপাশের প্রাণীদের মধ্যে এই পার্থক্য আবিষ্কার করেন। তাই তার নামে এ রেখার নাম রাখা হয়। তিনি লক্ষ করেন, দু’পাশের প্রাণীরা ভৌগোলিকভাবে এত কাছাকাছি অথচ আশ্চর্যজনকভাবে আলাদা। আরও আশ্চর্যের বিষয় হলো, পাখিরা এই রেখার উপর দিয়ে চলাফেরা করলেও তারা সাধারণত এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যায় না; নির্দিষ্ট সীমারেখা সবসময় মেনে চলে। তবে রেখার দুই পাশে প্রাণীদের মধ্যে ভিন্নতা দেখা গেলেও উদ্ভিদে তা দেখা যায় না।
এ রেখা এশিয়া এবং অস্ট্রেলিয়ার প্রাণীজগতকে প্রাকৃতিকভাবে আলাদা করেছে। এটি হলো জৈব-ভূগোলের সবচেয়ে মজার উদাহরণ এবং পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য প্রাকৃতিক বিভাজনের একটি।

ওয়ালেসের লাইন কেন বিদ্যমান?
ওয়ালেসের রেখার অস্তিত্ব মূলত এই অঞ্চলের ভূতাত্ত্বিক ইতিহাসের কারণে। লক্ষ লক্ষ বছর আগে, এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশ সমুদ্রের গভীর পরিখা বা অতল খাদ দিয়ে আলাদা ছিল যা প্রজাতির চলাচলে বাধা হিসেবে কাজ করে। ফলে দুটি অঞ্চলের মধ্যে স্থলভিত্তিক প্রাণীর মিশ্রণ বাধাগ্রস্ত হয়েছিল। রেখার উভয় পাশের উদ্ভিদ ও জীব লক্ষ লক্ষ বছর ধরে পরস্পর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে বিবর্তিত হয়ে আলাদা বৈশিষ্ট্য অর্জন করেছে।

সংরক্ষণ এবং পরিবেশগত তাৎপর্য
বর্তমানে ওয়ালেস লাইন ভৌগোলিক অবস্থান ও ইতিহাসের সাথে জীব-বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে বিবেচিত, যা বিজ্ঞানীদের প্রজাতির ঐতিহাসিক গতিবিধি এবং বিবর্তনের উপর ভৌগোলিক বাধার প্রভাব বুঝতে সাহায্য করে। পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
ওয়ালেস লাইনের আশেপাশের অঞ্চলগুলো জীববৈচিত্র্যের লালনভূমি। বিশ্বের কোথাও পাওয়া যায় না এমন অনেক প্রজাতির আবাসস্থল এই অঞ্চল। তবে, অঞ্চলটি বন উজাড়, প্রাণীদের আবাসস্থলের ক্ষতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে বড় ধরনের হুমকির মুখে। এই বাস্তুতন্ত্র রক্ষা করা কেবল সেখানে বসবাসকারী প্রজাতির জন্যই নয়, বরং ওয়ালেস লাইন প্রাকৃতিক ভারসাম্য এবং বিবর্তনের ইতিহাসের যে সুস্পষ্ট প্রতিনিধিত্ব করে তা বজায় রাখার জন্যও গুরুত্বপূর্ণ।

ওয়ালেস লাইন কেবল একটি অদৃশ্য বিভাজনই নয়; এটি প্রাকৃতিক নির্বাচনের শক্তি এবং পৃথিবীতে জীবনের বিবর্তনের উপর ভূগোলের প্রভাবের প্রমাণ। এই লাইন কেবল প্রজাতির বৈচিত্র্যকেই তুলে ধরেনি বরং জীবন কীভাবে অভিযোজিত হয়, বিবর্তিত হয় এবং টিকে থাকে, তার গভীর বোঝার পথও প্রশস্ত করেছে।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫

শের-ই-মহীশুর : টিপু সুলতান

সামনে ছবির মতো হেঁটে বেড়াচ্ছে! চোখে আর পলক পড়ে না। নিজের অজান্তেই চিৎকার করে উঠলো-
– ‘আব্বাজান! ওরা বাঘ’?
– ‘হ্যাঁ, শাহজাদা’!
– ‘কী ভয়ংকর’!
– ‘তুমি ঠিকই বলেছো, খুব ভয়ানক প্রাণী। তবে সাহসী মানুষরাও বাঘের মতোই। কখনো কোনো কিছুতেই ভয় পায় না’।
পিতার কথাগুলো ছেলেটির মনে সোনার মোহরের ছাপ এঁকে দিলো। ছোট্ট বুকের ভেতর যেন শুনতে পেলো অনেক বাঘের মিলিত গর্জন! ভয়ের বদলে তার মনে এলো ফুর্তি!
দূর থেকে রঙ-বেরঙের বাঘ-দলের হেলে দুলে চলা দেখে তাই তার আবদার-
– ‘আব্বাজান! আমি বাঘ পুষতে চাই’!
– ‘সাবাশ বেটা’! তিনি উৎসাহ দেন বন্ধুর মতো।
ছেলেটি পিতার মুখে সবসময় শুনেছে বাঘের নানা রকম গল্প। শিকারের গল্পগুলো টান টান উত্তেজনাময়। রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরা সেসব কাহিনী মনে জাগায় বিষ্ময়। শুনে শুনেই বাঘ চিনে গেছে সে। তারও অনেক সাহস, একটুও ভয় পায় না। বাঘের মতোই তো সে হতে চায়। তাহলে ভয় পেলে চলবে কেন?
মহীশুরের নবাব হায়দার আলী শিকার খুব ভালোবাসেন। অনেকদিন পর তিনি বাঘ-শিকার অভিযানে বের হলেন। এবার বাঘ-প্রিয় ছোট ছেলেকেও নিয়ে এসেছেন শিকার অভিযানের সঙ্গী করে।
নবাবজাদার ফরমায়েশ! তক্ষুণি লোক ছুটলো বাঘের বাচ্চার খোঁজে। ছেলেটি উপহার পেলো দুটি বাঘ-শিশু। তার আনন্দ দেখে কে! সেই থেকে তার বাঘ-প্রীতি আরও বেড়ে গেল। বাঘই হলো তার প্রিয় সঙ্গী, খেলার সাথী। তাদের যত্ন নিতে মোটেও ভোলে না। ভয়ানক বাঘকে ভালোবেসে ‘শের ই মহীশুর’ উপাধি পাওয়া বিখ্যাত ছেলেটির নামই ‘টিপু সুলতান’।
টিপু সুলতানের জন্ম হয় ১৭৫০ সালের নভেম্বর মাসের ২০ তারিখে। মা ‘কাডাপ্পা’ প্রদেশের গভর্নর মইনুদ্দীন খাঁ’র কন্যা ফখারুন্নিসা। তিনি এক কামেল দরবেশের নামে ছেলের নাম রাখেন ‘টিপু’। মহিশূরের কানাড়ি ভাষায় টিপু শব্দের অর্থ ‘বাঘ’। দাদার নাম ফতেহ আলী’র সাথে মিলিয়ে রাখা হয় ‘ফতেহ আলী টিপু’। নামের মতোই ‘বাঘ’ তার আজন্ম সাথী হয়ে গেল।
বড় হলে টিপুকে এ রাজ্যের রাজা হতে হবে। সেজন্যে চাই সব ধরনের শিক্ষা, সাহস আর বুদ্ধি। সে তো জন্মেছেই অসাধারণ বুদ্ধি আর সাহস নিয়ে। তার শিক্ষার দিকে ছিল পিতার কড়া নজর। চার বছর বয়স হতেই ‘বিসমিল্লাহ খানী’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাওয়াত দেয়া হয় রাজ্যের সকল জ্ঞানী-গুণিজনকে। শ্রেষ্ঠ ওস্তাদদের হাতে টিপুকে দেয়া হলো শিক্ষার সবক।
আরবি, ফার্সি ভাষা, অংক, সাহিত্য, ইতিহাস, ভূগোল, স্বাস্থ্য, সমাজ-রাজনীতিসহ অনেক বিষয়ে টিপুকে পড়তে হতো। সেইসঙ্গে চলে ঘোড়ায় চড়া, শিকার করা, তরবারী চালনা, রাজকীয় আদব কায়দা শেখা ইত্যাদি। টিপু মাতৃভাষা ছাড়াও বেশ ক’টি ভাষা শেখে।
প্রাসাদ থেকে অনেক দূরে লশকরী ময়দান- যেখানে পল্টনরা কুচকাওয়াজ করে। তারই পাশে থাকে পিলখানা আর ঘোড়াশাল। ফৌজি প্রহরীরা তাদের পাহারা দেয়। কিন্তু টিপুর শখ রাজবাড়িতেই বাঘ পোষার! টিপুর আবদার পিতা ফেলতে পারেন না। পিতার অনুমতি পেয়ে খুশিতে মাতোয়ারা। প্রাসাদ চত্বরে পড়লো বাঘের আস্তানা। প্রাসাদের কাছেই বাস করতে লাগলো কয়েকটি বাঘ! প্রিয় বন্ধুদের সাথে পাল্লা দিয়ে টিপু নিজের পোশাকের রঙও পাল্টে ফেললো! বানালো হলুদ আর কালো রঙের ডোরা কাটা পোশাক। বাঘের রঙে চিত্রিত সে পোশাক পরেই সে ঘুরে বেড়াতো। আচমকা লোকেরা দেখে চমকে যেতো।
টিপু তার পিতাকে ভীষণ ভালোবাসতো। পিতার নির্দেশনা মেনেই চলতো। পিতার পছন্দই তার পছন্দ। বীর হায়দার আলী এদেশ দখলকারী ইংরেজদের মোটেও পছন্দ করতেন না। এরা যেমন মিথ্যাবাদী, তেমনি লোভী, প্রতারক। পিতার অনুসারী টিপুও এদেশ দখলকারীদের ঘৃণা করতো। দেশকে তাদের হাত থেকে মুক্ত করার শপথ নেয়। দিনে দিনে টিপু মহাবীর হয়ে ওঠে। মাত্র সতেরো বছর বয়সেই পিতা তাকে যুদ্ধের মতো কঠিন কাজ শিখতে পাঠান। টিপুর বাঘের মতো ক্ষিপ্র গতি, দুর্জয় সাহস, অসাধারণ বুদ্ধি আর নিত্য-নতুন কলা-কৌশল দেখে শত্রুরা হতবাক হয়ে যেতো!
১৭৮২ সালে হঠাৎ তাঁর পিতা হায়দার আলী অসুস্থ হয়ে পড়েন। যুদ্ধের ময়দানেই তিনি ইন্তেকাল করেন। ভালো করে শোক প্রকাশও করতে পারলো না টিপু। ফিরে যেতে হলো যুদ্ধের ময়দানে। জীবন-মরণ লড়াই চলছিলো তখন ইংরেজদের সাথে।
যুদ্ধ শেষে বিজয়ীর বেশে ১৭৮২ সালের ২২ডিসেম্বর মহীশুরের সিংহাসনে বসেন পিতার সুযোগ্য ছেলে ফতেহ আলী টিপু। তখন থেকেই পরিচিতি পান ‘টিপু সুলতান’ নামে। টিপু তার সিংহাসন সাজিয়ে নেন তার প্রিয় শখ- বাঘের আকার দিয়ে। রাজ্যের শ্রেষ্ঠ কারিগররা কাঠের ফ্রেমে স্বর্ণ-রত্ন মিশিয়ে বানিয়ে দিলো আসনের মাঝে বাঘের মূর্তি আর চারপাশে দশটি বাঘের মাথা! ডোরাকাটা এ ‘বাঘের আসনে’ বসেই ব্রিটিশদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তেন টিপু সুলতান। বলতেন, ‘শেয়ালের মতো ২০০ বছর বাঁচার চেয়ে বাঘের মতো দু’দিন বেঁচে থাকা উত্তম’!
টিপুর উদ্ভাবনী ক্ষমতা ছিল অসাধারণ। রাজ্য শাসন, মুদ্রা তৈরি, ভূমি জরিপ, রেশম শিল্প ইত্যাদি বিষয়ে আনেন নতুনত্ব।
একবার হেক্টর মুনরো নামে এক ইংরেজ ছেলে বন্ধুদের নিয়ে বেড়াতে গেল সুন্দরবন। সেখানে সাগরের দ্বীপে যায় শিকারে। ওমনি বিরাট এক বাঘ এসে তাকে সাবাড় করে ফেলে। এ সংবাদ শুনে টিপুর মাথায় এক বুদ্ধি এলো। কারিগরদের ডেকে বানালেন অদ্ভুত এক খেলনা। দম দিয়ে ছেড়ে দিলে খেলনার অর্গান পাইপ থেকে ভয়ংকর বাঘের গর্জন, সেই সাথে গোঙানির আওয়াজ শোনা যায়। ক্লকওয়ার্ক সিস্টেম বসিয়ে বানানো এ খেলনা ‘টিপু’জ টাইগার’ নামে জনপ্রিয় হয়। টিপু’জ টাইগার বানানোর কারণ ছিলো ইংরেজদের প্রতি রাগ ও ঘৃণা। বৃটিশ মিউজিয়ামে আজও রয়েছে খেলনাটির একটি নমুনা।
পৃথিবীর প্রথম ‘রকেট আর্টিলারি’ টিপুই তৈরি করেন। টিপু সুলতান রকেট গবেষণার জন্য শ্রীরঙ্গপাটনা, বাঙ্গালোর, বিজানুর ও চিত্রদুর্গায় নির্মাণ করেছিলেন গবেষণাগার। মহাকাশ গবেষণা কেন্দ্র ‘নাসা’য় রয়েছে টিপু সুলতানের ভাস্কর্য। সেখানে মহীশুরের সেনাবাহিনীর রকেট হামলায় নাকাল ব্রিটিশ সৈন্যদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ভারতে টিপুর পিতা হায়দার আলীই প্রথম বারুদ দিয়ে বানানো রকেট চালু করেন। টিপু গবেষণা করে এটিকে আরও উন্নত রূপ দেন। মহীশুর সেনাবাহিনীতে ছিল একদল ‘রকেট সেনা’ । ১৭৮০ সালের পল্লীলুরের যুদ্ধে ‘রকেট সৈন্য’দের আঘাতেই ব্রিটিশ সৈন্যরা নাস্তানাবুদ হয়েছিল। টিপুর সাথে যুদ্ধ চলার সময় ইংরেজ সেনাপতি ওয়েলেসলি ছিলেন শ্রীরঙ্গপাটনায়। হঠাৎ কাছেই একটি রকেট বিষ্ফোরিত হলে আতঙ্কে চিৎকার করে পালিয়ে যান। কারণ, ইংরেজরা তখনও রকেটের ব্যবহার জানতো না। বুদ্ধিমান টিপু সুলতান বুঝতে পারেন ইংরেজদের সাথে টিকে থাকতে নতুন কিছু উদ্ভাবনের বিকল্প নেই। এ তাড়না থেকেই রকেট উন্নয়ন নিয়ে তাদের গবেষণায় জোর দেন তিনি।
ইংরেজরা বুঝতে পারলো টিপুর সাথে যুদ্ধ করে তারা ঠিক টিকতে পারছে না। তাই টিপুর দরবারের লোকদেরকে যে কোনো উপায়ে নিজেদের পক্ষে নেয়ার চক্রান্ত করে। মহীশূরের সেনাপতি মীর সাদেককে মীর জাফরের মতোই ইংরেজরা প্রচুর মুদ্রায় কিনে ফেলে। এই বিশ্বাসঘাতক লোভী লোকটি ইংরেজদের পথ দেখিয়ে লুকিয়ে নিয়ে আসে প্রাসাদের ভেতর। সেনাপতি হিসেবে সবকিছুই তার জানা। কয়েকজন ইংরেজ সেনাকে প্রাসাদের মসজিদের কাছে নিয়ে যায়। টিপু সেখানেই নামাজ পড়ছিলেন। খবর পেয়ে টিপু সুলতান লাফ দিয়ে তার প্রিয় ঘোড়া ‘তাউস’র পিঠে চড়ে একাই তলোয়ার হাতে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়েন। মৃত্যুর আগপর্যন্ত বীরের মতোই লড়াই করেন তিনি।
১৭৯৯ সালে ৪ই মে ‘মহীশূরের বাঘ’ বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর সাথে সাথে নিভে যায় ভারতবর্ষের স্বাধীনতার শেষ জ্বলন্ত সূর্য।
টিপুর মৃত্যুর পর ইংরেজরা বাঘ আসন, তরবারি, রাজ পরিবারের সমস্ত সম্পদ ও কয়েক হাজার ‘মাইসোরিয়ান রকেট’ ইংল্যান্ডে নিয়ে যায়। সেখানে তারা টিপুর রকেটের ওপর আরও গবেষণা করে উন্নততর রূপ দান করে।
শহীদ বীর টিপু সুলতান সবার হৃদয়ে অমর হয়ে আছেন। বিশ্বের বীরদের সাথে, শ্রদ্ধার সাথে আছে অবিষ্মরণীয় বীরের নাম- টিপু সুলতান। কর্ণাটকের মানুষের মনে তিনি চির মহান এক মানুষের নাম। দেশের ভালোবাসার নায়ক। দেশের মান বাঁচাতে জীবন দান করা টিপু সুলতানের জীবন থেকেই তারা শেখে। মহীশূরের বাঘের মতোই সবার মনে বেঁচে থাকবেন ‘শের-ই-মহীশূর’।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫

শরৎ

নীল আকাশে উড়ছে দেখো
সাদা মেঘের ভেলা,
রৌদ্র হেসে বলল এটা
শরৎ ঋতুর খেলা।

নদীর ধারে কাশফুলেরা
খিলখিলিয়ে হাসে,
ঢেউ খেলে যায় মনের সুখে
দক্ষিণা বাতাসে।

রাত আকাশে চাঁদের সাথে
তারকাদের মেলা,
মেঘের সাথে খেলে সবাই
লুকোচুরি খেলা।

ঝিলে বিলে শাপলা শত
জলের মাঝে ভাসে,
শিউলি হেসে সুবাস ছড়ায়
শরৎ যখন আসে।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫