Home Blog Page 56

বৃষ্টি পড়ে

0

বৃষ্টি পড়ে টাপুর টুপুর গাঙে এল বান
খোকাখুকুর মন কেবল করে যে আনচান।
বৃষ্টি ভেজার আনন্দে মনটা ভরে থাকে
মাটির ঘরের বারান্দা আর টিনের চালের ফাঁকে।

বৃষ্টির দিনে রাস্তাঘাট পানিতে যায় ভরে
স্কুল কলেজ যেতে সবার মন কেমন করে।
রাস্তায় বের হলেই নানান রঙের ছাতা
জামা জুতো যায় ভিজে বাঁচাই শুধু মাথা।

বাইরে যাওয়ার সুযোগ কম বৃষ্টি ঝুমঝুম
টিনের চালে বৃষ্টি নূপুর যায় ছুটে ঘুম।
বৃষ্টির দিনে কষ্টে তারা দিন আনে দিন খায়
কঠিন আবহাওয়ায় তারা কষ্টে করে আয়।

প্রকাশকাল: জুন ২০২৫

মায়ের জন্য

মায়ের জন্য গাঁয়ের পথে হাঁটা
সবুজ সবুজ অবুঝ নদী ঘাঁটা
হাজার পাখির মনের সাথে মেশা
ফুলের কলি অলির পরাগ ঘেঁষা।

মায়ের জন্য নায়ের সাথে চলা
চলতে চলতে অনেক কথা বলা
অনেক মেঘের বৃষ্টি চোখে দেখা
একাগ্রতায় কাব্য বসে লেখা।

মায়ের জন্য রাত্রি জেগে থাকা
পবিত্রতার পরশ দিয়ে ডাকা
মা যে আমার ভোরের আঙিনা
মাকে ছাড়া স্বপ্ন রাঙি না।

মায়ের জন্য ছাড়তে পারি শহর
সার্ক-ফোয়ারা, এই যে রঙের বহর!
এই ঝিলিমিল কাচের দালান-কোঠা
তরতরিয়ে উপর দিকে ওঠা!

মায়ের জন্য ভুলতে পারি সব
চায়ের চুমুক সোনালি উৎসব
মা যে আমার শুধুই কেবল মা
মায়ের সাথে কীসের তুলনা?

মায়ের জন্য পায়ের বাঁধন ছিঁড়ি
বারেবারে গাঁয়ের পথে ফিরি।

প্রকাশকাল: জুন ২০২৫

কিনবো পশু

0

কুরবানির জন্য কিনবো পশু
গাজীর হাটে গিয়ে
একাকী নয়, খেতে হবে
গরিব দুখী নিয়ে।

দুখীর মুখে ফুটলে হাসি
করবে বিরাজ খুশি,
হাড় চিবিয়ে খাবে আমার
বিড়াল ছানা পুসি।

খুশি হবেন মহান খোদা
পুণ্য হবে ভারী
রোজ হাশরে পাবো তবেই
শান্তি কাড়ি কাড়ি।

প্রকাশকাল: জুন ২০২৫

নানান ফলের নানান স্বাদে

0

জ্যৈষ্ঠ মাসে সোনার দেশে
ফলের সমাহার,
নানান ফলের নানান স্বাদে
মন ভরে না কার?

আম-জাম, লিচু-কাঁঠাল
বেল ও আনারস,
কাঁঠাল তো ভাই জাতীয় ফল
সব ফলেরই বস্!

আহা কী যে এই প্রকৃতি
ছন্দে তুলে সুর,
শরীর রাখে সতেজ তাজা
ক্লান্তি করে দূর!

ছয়টি ঋতুর সেরা ঋতু
এই যে মধুমাস,
ফল-ফলাদি খেয়ে সবাই
সুখেই করে বাস!

প্রকাশকাল: জুন ২০২৫

ঝড়ের রাতের অতিথি

সেদিন রাত থেকেই আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছিলো। দমকা হাওয়ায় চারপাশের গাছপালা মড়মড় করে ভেঙে পড়ার উপক্রম। ভোরের দিকে ঝড়ের বেগ কিছুটা কমলেও অন্ধকার আকাশ তখনও মেঘে ঢাকা ছিলো। ঘড়িতে তখন ফজরের ওয়াক্ত। রতনপুর গ্রামের রহমত আলী প্রতিদিনের মতো সেদিনও বিছানা ছেড়ে উঠলেন। গায়ে একটা চাদর জড়িয়ে ছাতা মাথায় দিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন।
চারপাশ তখনো একদম নিঝুম। রাস্তার ওপর ভেঙে পড়া গাছের ডালপালা মাড়িয়ে এগোতেই রহমত আলীর নজর গেল রাস্তার পাশের একটি বড় শিমুল গাছের নিচে। সেখানে আবছা আলোয় কী যেন একটা নড়াচড়া করছে। কাছে গিয়ে ছাতাটা একপাশে সরিয়ে তিনি চমকে উঠলেন। একটি বড় সাইজের বুনো ঘুঘু পাখি কাদার মধ্যে ডানা ঝাপটাচ্ছে। ঝড়ের তীব্র আঘাতে পাখিটির একটি ডানা ভেঙে গেছে, শরীরটা ভিজে একদম লেপ্টে আছে। তীব্র শীতে আর কষ্টে পাখিটি তখন আধমরা অবস্থা, চোখ দুটি প্রায় বোজা।

রহমত আলীর মনে দয়া হলো। তিনি নামাজ শেষে ফেরার পথে পাখিটিকে আলতো করে কুড়িয়ে নিলেন। নিজের গায়ের গরম চাদরের ভেতর লুকিয়ে সেটিকে পরম যত্নে বাড়ি নিয়ে এলেন।

বাড়িতে আসতেই তাঁর দুই সন্তান— দশ বছরের রাফি আর আট বছরের নুহা বাবাকে দেখেই ছুটে এলো। চাদরের ভেতর থেকে যখন আধমরা পাখিটি বের করা হলো, বাচ্চাদের চোখ দুটো মায়ায় ভরে উঠলো।
রহমত আলী বললেন, ‘ঝড়ে পাখিটার খুব কষ্ট হয়েছে রে। তোরা একটু সাহায্য কর, একে আমাদের সুস্থ করে তুলতে হবে।’
রাফি আর নুহা যেন এক নতুন দায়িত্বে মেতে উঠলো। রাফি দ্রুত ঘর থেকে একটা পুরনো জুতার বাক্স এনে তাতে শুকনো তুলা আর নরম কাপড় বিছিয়ে পাখিটির জন্য একটা ওম ওম বিছানা তৈরি করলো। নুহা তার মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে এলো সামান্য ডেটল আর তুলা। রহমত আলী নিজে খুব সাবধানে পাখিটির ভাঙা ডানায় কাঠির টুকরো দিয়ে বেঁধে দিলেন, যাতে ডানাটি সোজা থাকে।

প্রথম দুদিন পাখিটি কিছুই খাচ্ছিলো না, শুধু ঝিমাতো। নুহা ড্রপার দিয়ে ফোঁটা ফোঁটা পানি তার ঠোঁটে দিতো, আর রাফি চালের খুঁদ ও গম ভেঙে গুঁড়ো করে পাখির মুখের কাছে ধরতো। বাচ্চাদের এই অক্লান্ত যত্ন আর ভালোবাসায় চার-পাঁচ দিন পর পাখিটি চোখ মেলে তাকালো। সে তার সুস্থ ডানাটি ঝাপটাতে শুরু করলো। দিন যত যেতে লাগলো, বাচ্চাদের সাথে পাখিটির এক অদ্ভুত বন্ধুত্ব হয়ে গেল। রাফি খাঁচার বদলে তাকে ঘরের মধ্যেই মুক্ত রাখতো। নুহা ডাকলেই পাখিটি দুর্বল পায়ে হেঁটে তার হাতের তালুতে এসে বসতো।
দেখতে দেখতে তিন সপ্তাহ কেটে গেল। পাখিটির ভাঙা ডানা এখন পুরোপুরি জোড়া লেগেছে। সে এখন ঘরের এক কোণ থেকে অন্য কোণে ছোট ছোট উড়াল দিতে পারে।
রহমত আলী একদিন বিকেলে সন্তানদের ডেকে বললেন, ‘পাখিটা এখন সুস্থ। ওর আসল জায়গা এই বন্দি ঘর নয়, মুক্ত আকাশ। আজ আমাদের ওকে ছেড়ে দিতে হবে।’

রাফি আর নুহার মনটা একটু খারাপ হলেও তারা বুঝলো বাবার কথাই ঠিক। তারা সবাই মিলে পাখিটিকে নিয়ে বাড়ির উঠোনে দাঁড়ালো। রাফি দুই হাতের তালুতে পাখিটিকে নিয়ে আলতো করে ওপরের দিকে তুলে ধরলো।

পাখিটি প্রথমে কিছুক্ষণ রাফি আর নুহার মুখের দিকে তাকালো, যেন অবলা জীবটি তার ভাষায় ধন্যবাদ জানাচ্ছিলো। তারপর একটি লম্বা ডাক দিয়ে ডানা দুটি মেলে ধরলো। বিকেলের সোনালি রোদের আলোয় ডানা ঝাপটে সে উড়ে চললো নীল আকাশের দিকে। মুক্ত আকাশে তার ডানা মেলার দৃশ্য দেখে রাফি ও নুহার চোখ আনন্দে চকচক করে উঠলো। একটি আধমরা জীবনকে ভালোবেসে আবার আকাশে উড়িয়ে দেওয়ার আনন্দ যে কতখানি, তা তারা সেদিন প্রথম অনুভব করলো।

প্রকাশকাল: জুলাই ২০২৬

ধার নিতে নেই

২০০৩। নিশি তখন ক্লাস থ্রিতে পড়ে। টিকটিকি ও কুমির যে প্রায় একই পরিবারের সদস্য তা নিশির বোঝা শেষ। সেটা প্রমাণিত হলেই পরের শ্রেণিতে উঠবে। বাবার উপহার দেয়া ডেস্কটপ কম্পিউটার নিয়ে ‘গরু-খোঁজা’র যেন তার অন্ত নেই। প্রতিবেশী বড় ভাই রিমনের সাথে পড়ন্ত বিকেলে দেখা ‘ভাইয়া, এটা কী? এটা দিয়ে USB tether ছাড়া আর কিছু হয়?’
‘নবাব, আমিতো এই ডাটা ক্যাবল দিয়ে শুধু বন্ধুদের থেকে নাটক, মুভি ও পিডিএফ বই বা নোট নিয়ে থাকি। সে যাই হোক, ঘুম থেকে দেরি করে ওঠা অভ্যাসটা সমূলে উৎপাটন করতে পেরেছো, নিশি?’
‘জি, ভাইয়া। আমায় এটা ধার দেয়া যাবে একদিনের জন্য? কিছু ফাইল ট্রান্সফার দ্রুত করতে আরকি?

দুইদিন পর বিকেলে…
নিশির বাবা তখন একটা কাজ নিয়ে নিজ বাসার ড্রয়িং রুমে কার সাথে যেনো মিটিংয়ে ব্যস্ত, মা বাড়িতে নেই। নিশির মন পড়ে রয়েছে পড়ার টেবিলে ঠিক তখন বেজে উঠলো কলিং বেল রিং! রিং!
– নিশি! এগুলো ছেঁড়া ক্যান?
– অ্যা… এটা আগে থেকেই… ছেঁড়া ছিলো না?
ড্রয়িং রুমে উপস্থিত চার ব্যক্তি কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ।
নিশির বাবা তাকে উত্তম-মাধ্যম দিতে লাগলে রিমন বাঁধা দিয়ে বলে, ‘আরে! কী করছেন?’
– এটা রেখে যান। (ক্যাবলের দিকে ইঙ্গিত করে) আপনাকে নতুন একটি কিনে দিবো আমরা।

এরপর নিশি আর কখনো কোনো প্রকার ধার না নেবার প্রতিশ্রুতি নেয়। প্রশ্ন হচ্ছে, নিশি কী আসলেই সরল ছিলো ও তারটি আগে থেকে ছেঁড়া ছিলো নাকি তার গাফলতি বা অজ্ঞতার কারণে সে ছিঁড়ে ফেলে? আর যদি তা ছেঁড়া থেকেই থাকে আগে থেকে, সেটা ব্যবহার বা ধার থেকে বিরত থাকা উচিত ছিলো তার? পাঠকের উত্তর যাই হোক, হয়তো আসলেই ধার নিতে নেই যদি সামর্থ থাকে।
মানতেই হবে ও মনে রাখতেই হবে- দাতার হাত উপরে, গ্রহীতার নিচে ।

প্রকাশকাল: জুলাই ২০২৬