মায়ের জন্য

0
1

মায়ের জন্য গাঁয়ের পথে হাঁটা
সবুজ সবুজ অবুঝ নদী ঘাঁটা
হাজার পাখির মনের সাথে মেশা
ফুলের কলি অলির পরাগ ঘেঁষা।

মায়ের জন্য নায়ের সাথে চলা
চলতে চলতে অনেক কথা বলা
অনেক মেঘের বৃষ্টি চোখে দেখা
একাগ্রতায় কাব্য বসে লেখা।

মায়ের জন্য রাত্রি জেগে থাকা
পবিত্রতার পরশ দিয়ে ডাকা
মা যে আমার ভোরের আঙিনা
মাকে ছাড়া স্বপ্ন রাঙি না।

মায়ের জন্য ছাড়তে পারি শহর
সার্ক-ফোয়ারা, এই যে রঙের বহর!
এই ঝিলিমিল কাচের দালান-কোঠা
তরতরিয়ে উপর দিকে ওঠা!

মায়ের জন্য ভুলতে পারি সব
চায়ের চুমুক সোনালি উৎসব
মা যে আমার শুধুই কেবল মা
মায়ের সাথে কীসের তুলনা?

মায়ের জন্য পায়ের বাঁধন ছিঁড়ি
বারেবারে গাঁয়ের পথে ফিরি।

প্রকাশকাল: জুন ২০২৫