১.সবুজ হলুদ পাতা
সবুজ পাতা নড়েচড়ে
হলুদ পাতা ঝরে পড়ে।
সবুজ হলুদ পাতা দু’জন
মিলে মিশে হলো সুজন।
বইলো হাওয়া এলোমেলো
পাতার মনে ছন্দ এলো
পাতাগুলো ছড়ায় হাসি-
আসুন পাতা ভালোবাসি।
২.আমপাতা জামপাতা
সবুজ সবুজ পাতা,
ঢেউ খেলে যায়
চুপি চুপি চোখ দুটি,
কেউ মেলে চায়।
পাতায় পাতায় দেখো
কী যে মায়া রূপ
দেখে দেখে মনে হয়
ঝলমলে খুব।
টুনটুনি ডেকে যায়
টুন টুন টুন
শুকনো পাতায় বাজে
ঝুন ঝুন ঝুন।
তালের পাতায় পাখি
বাঁধে নিজ ঘর
একটু হাওয়ায় নীড়
কাঁপে থরথর।
আমপাতা জামপাতা
চোখের পাতায়
কবির কবিতা যেন
মিল খুঁজে পায়।
৩.পাতায় পাতায় হাওয়া
পাতায় পাতায় পাল্টা খাওয়া দোল
ফিঙে পাখির খুশির উতরোল।
খিলখিলিয়ে হাসছে আলোর ভোর
আকাশ যেন রৌদ্রমাখা দোর
ছুটলো বাতাস দূর যে বহুদূর
আকুল মনে ছন্দমালার সুর।
খোকারে তুই আছিস কেন চুপ
এই হাওয়াতে একটু দে না ডুব।
প্রকাশকাল: আগস্ট ২০২৪

