Home Blog Page 54

পায় কি শ্রমিক সঠিক মূল্য

শ্রমজীবী মানুষ যারা
রক্ত করে ক্ষয়
আয় উপার্জন করেন তারা
মনে থাকে ভয়।

নুন আনতেই পান্তা ফুরায়
চলে না সংসার
টানাপোড়েন লেগেই থাকে
বাড়ে ঋণের ভার।

গরিব শিশু কর্ম করে
ক্ষুধা নিবারণে
তার পরিবার শ্রমজীবী
সমাজ আচরণে।

শ্রমের মূল্য দিতে হবে
সবারই স্লোগান
পায় কি শ্রমিক সঠিক মূল্য
স্বীকৃতি ও মান।

প্রকাশকাল: মে ২০২৫

বন্ধ হোক শ্রমের বাজারে শিশুর প্রবেশ

0

রাজধানীর রমনা পার্কে ঘুরে ঘুরে চা বিক্রি করে শিশু হৃদয় ইসলাম (৮)। পার্কে প্রতিদিন সকাল ৮ টায় ঢোকে, বের হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। পার্কের বাইরে ফুটপাতে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানগুলোতে দুপুরের খাবার সেরে নেয় সে। খাওয়া শেষ হতেই পুনরায় কর্মে ফিরে যায়। প্রতিদিন প্রায় ১০ থেকে ১১ ঘণ্টা চা বিক্রির কাজ করে। তার অক্লান্ত পরিশ্রমের টাকায় তার পরিবারের অর্থনীতির চাকা সচল থাকে। এক কথায় বলা যায়, শিশু হৃদয়ের উপার্জনের টাকায় তার মা আর বোনের মুখে খাবার জোটে। একদিন কাজে না গেলে সে সহ পরিবারের সবাইকে না খেয়ে থাকতে হয়।
শুধু ছেলে শিশুই নয়, বাসা-বাড়িতে বহু মেয়ে শিশু গৃহকর্মীর কাজে নিয়োজিত রয়েছে। সেসব শিশুর সকাল থেকে গভীর রাত পর্যন্ত অমানবিক পরিশ্রম করতে হয়। দিনভর পরিশ্রম করেও অনেক শিশুর ভালো খাবার এবং ঘুমের জন্য আরামদায়ক বিছানা জোটে না। ১৪ বছরের কম বয়সী ছেলে বা মেয়েকে গৃহকাজের শ্রমে নিয়োগ না করতে হাইকোর্টের রায় থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না।
ঘর থেকে বেরোলেই ওদের দেখা যায়। কোথায় নেই ওরা? রাস্তাঘাটে, দোকানে-বাজারে, গার্মেন্টসে-কারখানায়- প্রায় সবখানেই আছে। একজন কিংবা দু’জন নয়- অসংখ্য। পেটের দায়ে, সংসার চালাতে দরিদ্র বাবা-মাকে সাহায্য করতে ওরা শ্রমিকে পরিণত হয়েছে, শ্রম দিচ্ছে। ওরা প্রাপ্তবয়স্ক শ্রমিকদের সমপরিমাণ কাজ করতে পারে না। বড়রা যে পরিমাণ মজুরি পায় ওরা তা পায় না। তাই ওদের আয়ও কম। কিন্তু ওরাও শ্রমিক, শিশুশ্রমিক। শ্রমে যুক্ত হয়ে এসব শিশুর দুরন্ত শৈশব এবং উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারের অতলে হারিয়ে যায়।
বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, ৪৫ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ রয়েছে। এর মধ্যে ৪১ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের অংশগ্রহণ থাকে। আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ইউনিসেফ পরিচালিত জরিপ অনুযায়ী দেশের শহরাঞ্চলে প্রায় ৩০০ ধরনের অর্থনৈতিক কাজে শিশুরা শ্রম দিচ্ছে। এক সমীক্ষায় ৭০৯টি কারখানার মধ্যে জরিপ চালিয়ে দেখা যায়, মোট ৯ হাজার ১৯৪ জন শ্রমিকের মধ্যে ৪১.৫ শতাংশ অর্থাৎ ৩ হাজার ৮২০ জনই শিশু। এ শিশুশ্রমিকদের অধিকাংশেরই বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। অধিকাংশ প্রতিষ্ঠানেই মানা হচ্ছে না শ্রম আইন।
সব ক্ষেত্রে শিশুশ্রম নিষিদ্ধ হলেও ঘর থেকে বের হলে দেখতে পাওয়া যায় শিশুশ্রমের করুণ চিত্র। হোটেল, মোটেল, লঞ্চ, বাস, ইটভাটা, পাথরভাঙা, মোটর গ্যারেজ, অ্যালুমিনিয়াম কারখানা, কল-কারখানা, বাসাবাড়ি, মিষ্টি ও বিস্কুট ফ্যাক্টরি, তামাকশিল্প, চামড়াশিল্প, চা-শিল্প, ভারীশিল্প ইত্যাদিতে প্রতিনিয়তই দেখা যায় শিশুশ্রমের নির্মম চিত্র।
বাংলাদেশের শ্রমবাজারে শিশুশ্রমিকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা মহামারির ফলে শিশুশ্রম বহুগুণে বেড়ে গিয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউনিসেফ তাদের এক প্রতিবেদনে বলেছে, কোভিড-১৯ সংকটের ফলে আরও লাখ লাখ শিশুকে শিশুশ্রমে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা শিশুশ্রম বন্ধে গত ২০ বছরের অগ্রগতির পর শিশুশ্রম আবারও বাড়িয়ে দিতে পারে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা ও জাতিসংঘের শিশু অধিকার সনদে শিশুশ্রম প্রসঙ্গে বলা হয়েছে- ‘যখন কোনো শ্রম বা কর্মপরিবেশ শিশুর দৈহিক, মানসিক, আত্মিক, নৈতিক ও সামাজিক বিকাশের ক্ষেত্রে বিপজ্জনক ও ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, তখন তা শিশুশম হিসেবে গণ্য হবে।’ ইউনিসেফ শিশুশ্রম সংজ্ঞায়িত করেছে, ‘যে ধরনের কাজ শিশুর স্বাস্থ্য ও শিক্ষাকে ব্যাহত করে তাই শিশুশ্রম।’ শিশুদের অধিকার রক্ষা এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ২০০২ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংগঠন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালন করে আসছে। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের ৮০টি দেশে এ দিবসটি পালন করা হয়।
আইএলওর জরিপ অনুযায়ী, পৃথিবীতে শিশুশ্রমিকের সংখ্যা প্রায় ৩৬ কোটি ৬০ লাখ। প্রতি ছয়জন শিশুর মধ্যে একজন শিশুশ্রমে নিযুক্ত। পাচার, সন্ত্রাস, নির্যাতন প্রভৃতি কারণে প্রতি বছর প্রায় ২২ হাজার শিশু মারা যায়। শ্রম অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে ৬৯ লাখ শিশুশ্রমিক রয়েছে। ইউনিসেফের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশে শিশুর সংখ্যা ছয় কোটিরও বেশি। ৯০ শতাংশ প্রাথমিকভাবে স্কুলে গেলেও শিক্ষা সমাপ্ত করার আগেই অর্ধেকের বেশি ছেলেমেয়ে স্কুল থেকে ঝরে পড়ে। বিশ্বখাদ্য সংস্থার এক জরিপে দেখা গেছে, ৫৭ শতাংশ শিশু শ্রম দিচ্ছে শুধু খাদ্যের বিনিময়ে। ২৩ দশমিক ৭ শতাংশ শিশুকে মজুরি দেওয়া হলেও এর পরিমাণ শিশু আইনের তুলনায় নগণ্য।

শিশুশ্রম বন্ধে আমাদের করণীয়
১. শিশুশ্রমকে বলা হয় দারিদ্র্যের ফসল। শিশুশ্রমের মূলে রয়েছে দরিদ্রতা, শিশুশ্রম বন্ধ করতে হলে প্রথমে দরিদ্রতাকে নিরসন করতে হবে।
২. অমানবিক শিশুশ্রম বন্ধে মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, অন্যের শিশুকে নিজের সন্তানের মতো মনে করতে হবে।
৩. প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ১৪ বছরের কম শিশুদের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করতে হবে।
৪. শিশুশ্রম বন্ধে গ্রাম ও শহরভিত্তিক পুনর্বাসন প্রকল্প গ্রহণ করতে হবে। অভাবের কারণে যেসব শিশু শ্রমে নিয়োজিত হচ্ছে তাদের তালিকা তৈরি করে তাদের শিশুভাতা দিতে হবে।
৫. শিশুশ্রম নিরসনে যেসব আইন রয়েছে তা বাস্তবায়ন এবং স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারকে গ্রহণ করতে হবে। সবার সমন্বিত উদ্যোগে শিশুশ্রম নিরসন সম্ভব।
৬. শিশুশ্রম নিরসনের জন্য কোথায় কোথায় শিশুশ্রম হচ্ছে তা খুঁজে বের করা দরকার এবং গণমাধ্যমে এ বিষয়ে বেশি বেশি প্রচার করতে হবে।
৭. দেখা যায় অনেক মালিক আছে যারা বেশি বেতন দিতে হবে এজন্য বড়দের কাজে রাখে না। শিশুদের দিয়ে কাজ করায়, এ মালিকদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
৮. জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মকৌশলে শিশুশ্রমকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিতে হবে।
৯. শ্রমজীবী প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে হবে।
১০. শিশুশ্রম এবং শিশুদের অধিকার সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। শিশুশ্রম নিরসনে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।
জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী, একটি শিশুকেও তার জীবিকা নির্বাহের জন্য কোনো প্রকার শ্রমে নিয়োজিত করা যাবে না। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে শিশুরা শ্রমে জড়িত হয়ে থাকে।

মে দিবসের কথা
১৮৮৬ সালে রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে ৮ঘণ্টা কাজের দাবিতে প্রতিবাদ কর্মসূচি শুরু করে।
রবার্ট ওয়েন ৮ ঘণ্টা কাজের দাবি পূরণে স্লোগান ঠিক করেন, ‘আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিনোদন এবং আট ঘণ্টা বিশ্রাম’। সবচেয়ে বড় আন্দোলনটা হয় পহেলা মে শিকাগোতে, যেখানে প্রাায় ৪০ হাজার শ্রমিক সমবেত হন। সে সময় কারখানায় কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা বা বিশ্রাম ছাড়াই টানা কাজ করে যাওয়াটা স্বাভাবিক ছিল। আর সেসময় শিকাগো ছিল যুক্তরাষ্ট্রের শিল্পকারখানা ও ইউনিয়ন সংগঠনগুলোর কেন্দ্র। আন্দোলনে উত্তেজনা বাড়তে থাকে, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, একজন মারা যায় ও অনেকে আহত হয়।
পুলিশি নিষ্ঠুরতায় ক্ষুব্ধ ও উত্তেজিত বিক্ষোভকারী এবং শ্রমিক নেতারা পরদিন শিকাগোর বিখ্যাত হে মার্কেট স্কয়ারে কর্মসূচির ডাক দেয়।
এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। ওই বিস্ফোরণের ফলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সাতজন পুলিশ সদস্য নিহত হয় এবং ৬৭ জন কর্মকর্তা আহত হয়। চারজন বিক্ষোভকারীও নিহত হয় এবং ৩০ জনেরও বেশি আহত হয়। এই ঘটনা পরে পরিচিতি পায় হে মার্কেট ম্যাসাকার হিসেবে।
এই ঘটনাগুলোর স্মরণে ১৮৮৯ সালে ২০টি দেশের সমাজকর্মী, শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়নগুলোর এক আন্তর্জাতিক কংগ্রেসে পহেলা মে তারিখ ‘মে দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
হে-মার্কেট স্কোয়ারের ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতরা হলেন, আলবার্ট পার্সন্স, অগাস্ট স্পাইস, স্যামূয়েল ফিল্ডেন, অস্কার নীবি, মিশেল সোয়াব, জর্জ এঙ্গল, অ্যাডলফ ফিশার এবং লুই লিং। তাদেরকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। যদিও এদের মধ্যে মাত্র তিনজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতদের বিচারের জন্য যে জুরি বোর্ড গঠন করা হয়েছিল তাদের মধ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দ ছিলেন! সমস্ত বিশ্ব এই বিচার কার্য পর্যবেক্ষণ করেছে। ১৮৮৭ সালের ১১ই নভেম্বর পার্সন্স, স্পাইস, এঙ্গেল এবং ফিশারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে থাকে।

প্রকাশকাল: মে ২০২৫

মধুমাসের ফল

মিষ্টি রঙিন আম পেকেছে পাগল করা ঘ্রাণ,
পাকা লিচুর টসটসে রূপ মন করে আনচান।

গাছের পাকা কাঁঠাল মধুর রসালো কী স্বাদ!
খোকা-বুড়োর মনে সবার খুশির ভাঙে বাঁধ।

পাকা জামের অতুল রসে যায়রে ভরে মন
তরমুজে-বুক টুকটুকে লাল মধুর বিলক্ষণ।

গাব জামরুল লাউ আতাফল পুষ্টি গুণে মানে
কামরাঙা বেল পেঁপে ড্রাগন বেশ খেতে মন টানে।

চালতা গোলাপজাম লটকন মুখরোচক ভারি
জলপাই বেতফলের মজা ভুলতে কি আর পারি!

করমচা আর কালোজাম ও পানিতাল আঁশফল
মধুমাসের ফল শরীরের দেয় এনার্জি-বল।

মন ভাসে প্রাণ ভাসে সুখ ও আনন্দ উল্লাসে
বাগান জুড়ে ফল পেকে রয় এই না মধুমাসে।

প্রকাশকাল: মে ২০২৫

গাজার শিশুদের আর্তনাদ শুনতে কি পাও নির্বিচারে হত্যার প্রতিবাদ জানানোর কেউ কি নেই?

৭০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিরা নিজ গৃহে পরবাসী। তাদের বাড়িঘর দখল করে আছে হানাদার ইসরাইলিরা। ২০২৩ সালের ৭ অক্টোবর প্রতিরোধ আন্দোলন হিসেবে হামাস ইসরাইলিদের ওপর আক্রমণ চালায়। তাদের লক্ষ্য ছিল বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা। সেই হামলার পর থেকে ইসরাইল নতুন করে হামলা শুরু করে। হয়ে যায় আরও বেপরোয়া। গত দেড় বছরে তারা ৫১ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। মাস দেড়েকের যুদ্ধবিরতির পর আবার হামলা শুরু করে ইহুদিবাদী ইসরাইল। ফলে ফিলিস্তিনের গাজা হয়ে ওঠে এক মৃত্যু উপত্যকা। এই হত্যার প্রধান শিকার শিশুরা। কোমলমতি শিশুরাও রেহাই পাচ্ছে না ইসরাইলি মৃত্যুদানবের হাত থেকে। ইসরাইলের বর্বর গণহত্যার শিকার হয়ে শহিদ হয়েছে গাজার হাজার হাজার শিশু। যেসব শিশু বেঁচে আছে; মৃত্যুভয়, অবর্ণনীয় দুর্দশা, খাদ্য ও চিকিৎসার অভাবে তারাও যেন জীবণ¥ৃত।
ইসরাইল এতটাই নির্দয় যে, ফিলিস্তিনে কোনো মানবিক সহায়তাও প্রবেশ করতে দিচ্ছে না। কত শিশু বাবা হারিয়ে এতিম হয়ে গেছে; কত শিশু মা, ভাইবোন হারিয়ে নির্বাক; ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে কত শিশু; কেউ জানে না। তাদের শৈশব বলে কিছু নেই। শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই জানুয়ারিতে বলেছিলেন, ইসরায়েল গাজার সব বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে। ৯০ শতাংশের বেশি স্কুল ধ্বংস করেছে। এমনকি স্কুল ভবনে আশ্রয় নেওয়া নারী-শিশুরাও হামলা থেকে রক্ষা পায়নি। পুরো গাজাই যেখানে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে; গাজাবাসীর জীবন বাঁচানোই যেখানে দায়; তাদের শিশুর শিক্ষার কথা চিন্তা করা অকল্পনীয়। বিশ্ববাসী নীরবে তাকিয়ে দেখছে এসব। প্রশ্ন জাগে প্রতিবাদ জানানোর কেউ কি নেই?

২.
দিনে দিনে ইসরাইলিদের অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে গাজা নগরীর উপকণ্ঠে শুজাইয়া এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। প্রাণ বাঁচাতে অসহায় শিশুদের নিয়ে পালাচ্ছেন ফিলিস্তিনি নারীরা। এ দৃশ্য দেখে বিশ্ব হতবাক। কিন্তু কেউ কিছু করছে না। এক বিবৃতিতে হামাস বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় ১৯ হাজার শিশু শহিদ হয়েছে। মা-বাবা হারিয়ে এতিম হয়েছে ৩৯ হাজার শিশু। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও দায়মুক্তির কারণে ইসরায়েলি দখলদারেরা ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অপরাধ করতে আরও উৎসাহী হচ্ছে। ইসরায়েলের অপরাধগুলো তুলে ধরার জন্য মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানায় হামাস।
গাজাস স্টোলেন চাইল্ডহুড বা গাজার চুরি হয়ে যাওয়া শৈশব শিরোনামে আলজাজিরা ২৬ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখানো হয়েছে, ইসরাইল প্রতি ৪৫ মিনিটে গাজার একটি শিশুকে হত্যা করছে। তার আগের প্রায় সাড়ে পাঁচশ দিনে প্রতিদিন প্রায় ৩০টি শিশু হত্যা করেছে। সে হিসাবে ২০২৩ সালের ১৭ অক্টোবর থেকে সাড়ে ১৭ হাজার শিশুকে হত্যা করেছে ইসরাইল। যার মধ্যে সাড়ে ১৫ হাজার শিশুকে চিহ্নিত করা গেছে, বাকিদের কবর হয়তো হয়েছে ধ্বংসস্তুপের নিচে। এর মধ্যেও কেউ বেঁচে আছে কি না, কে জানে!
ইসরাইলি বোমায় এমন হাজারো শিশু শহিদ হয়েছে, যারা প্রথম জন্মদিনও পালন করতে পারেনি। ১ বছর পূর্ণ হওয়ার পর শহিদ হয়েছে মোহাম্মদ, যার গল্প তুলে ধরেছে আলজাজিরা। যুদ্ধবিরতি ভঙ্গ করে ১৮ মার্চ যখন ইসরাইল গাজায় পুনরায় বোমা হামলা শুরু করে, তার ৩৬ ঘণ্টার মধ্যে ৩৩৬ ফিলিস্তিনি প্রাণ হারায়। এর মধ্যে ১৮৩ শিশু, যেখানে ১ বছরের মোহাম্মদ তার সাত মাসের অন্তঃসত্ত্বা মায়ের সঙ্গে শহিদ হয়। আল মাওয়াসি ক্যাম্পে বিমান হামলায় তারা শহিদ হয়। এটি এমন ক্যাম্প, যাকে ইসরাইল বলেছিল ‘সেফ জোন’। এমন আরও বহু কথিত নিরাপদ পরিসরে ফিলিস্তিনি শিশু ও নিরীহ নাগরিক প্রাণ হরিয়েছে। এভাবে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ৫১ সহস্রাধিক মানুষকে শহিদ করেছে ইসরাইল। যেখানে এক-তৃতীয়াংশ শিশু ছাড়াও আছে নারী, সাংবাদিক, নিরাপত্তাকর্মী, মানবিক সহায়তাকারী, শিক্ষক, চিকিৎসক। হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, এমনকি রোগীরাও।
দেড় বছরের অধিক সময় ধরে ইসরায়েল গাজায় এমন গণহত্যা চালিয়ে যাচ্ছে। ছোট্ট কাফন মোড়ানো কফিন নিয়ে হাজারো পিতা-মাতা-স্বজনের আর্তনাদ আমরা দেখছি। সাধারণ বিবেকসম্পন্ন মানুষ এমন একটি হত্যাকাণ্ডও মেনে নিতে পারে না। অথচ ইসরাইল একটি প্রজন্মকে নিঃশেষ করে দিচ্ছে। প্রশ্ন উঠছে, কী করছে বিশ্ববিবেক? কেবল এই দেড় বছরই নয়; ইসরাইল নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে যুগ যুগ ধরে। গায়ের জোরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে সেই ফিলিস্তিনিদের ওপরেই গণহত্যা চালানোর পর ইসরাইলের কিছুই হচ্ছে না কেন? নিষ্পাপ, নিরীহ ফিলিস্তিনি শিশুরা প্রতিদিন শহিদ হচ্ছে, তাতে এমনকি মুসলিম বিশ্বেরও টনক নড়ছে না। মুসলমানদের কয়েকটি দেশ নামকাওয়াস্তে কিছু পদক্ষেপ নিচ্ছে, তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। অথচ ইসরাইল ঘিরে আছে মুসলিম বিশ্ব।

৩.
গাজার মোট ২৩ লাখ বাসিন্দার ৫১ শতাংশই শিশু। উপত্যকাটিতে ইসরাইলের হামলায় নিহত শিশুদের তথ্য আরও সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো। তাদের তথ্যমতে, গাজায় নিহত শিশুদের মধ্যে ২৭৪টি নবজাতক আর এক বছরের কম বয়সী ৮৭৪ শিশু রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, তখন থেকে উপত্যকাটিতে অন্তত ৫০ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ১ লাখ ১৫ হাজার ২২৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিহত ১ হাজার ২৪৯ জন রয়েছেন। এই সময় আহত হয়েছেন ৩ হাজার ২২ জন।
১৮ মার্চ থেকে গাজায় হামলার পাশাপাশি দখলও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রাফা ও খান ইউনিসে চলছে স্থল অভিযান। এক দিনে উত্তর গাজার বেইত হানুন, শুজাইয়া এবং দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাশওয়ানসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত ৩০জন নিহত হয়েছেন। আর আগের ২৪ ঘণ্টায় গাজাজুড়ে প্রাণহানি হয় ৮৬ জনের। গাজায় ইসরাইলের বোমা হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন উপত্যকাটির একজন সাংবাদিক। স্থানীয় সাংবাদিকেরা দাবি করেছেন, ওই ভিডিওতে বোমার আঘাতে মানুষের শরীর কয়েক তলা ভবনের সমান ওপরে ছিটকে পড়তে দেখা গেছে। ভিডিওটি শেয়ার করা সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শিশুদের আত্মা ও শরীর স্বর্গে পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি রকেট ব্যবহার করছে দখলদার ইসরায়েলিরা।’ উল্লেখ্য গাজায় ইসরাইলের হামলা শুরুর পর থেকেই দেশটিকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি ফিলিস্তিনিদের বিতাড়িত করে উপত্যকাটি যুক্তরাষ্ট্রের মালিকানায় আনার কথা বলেছে। গাজার ৮০ শতাংশ বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ইসরাইল।

৪.
ফুটফুটে শিশু বানাত আল-আলোউত। আরেক শিশু হুর আল-সালোউত। হুরের বয়স এক বছর। কবে সে গুটি গুটি পায়ে হাঁটা শুরু করবে, সে অপেক্ষায় ছিলেন মা-বাবা। আর ঈদ কবে আসবে, কী কেনাকাটা করবে তা নিয়ে ছোট্ট সালমাহ এসলিয়েহ যেন আরও চঞ্চল হয়ে উঠেছিল। সালমাহের ঈদ আর আসবে না, আসেনি। হুর আল-সালোউতের প্রথম হাঁটা, আধো আধো বুলিতে কথা শোনার অপেক্ষা শেষ হবে না কোনো দিন। ইসরাইলের নির্মম হামলা মা-বাবার কোল থেকে কেড়ে নিয়েছে গাজার এই শিশুদের। এর পর থেকে মৃত্যুর মিছিল চলছেই। বিশ্বের দেশে দেশে এই হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদ হয়েছে। প্রতিবাদ হয়েছে বাংলাদেশেও। এই মৃত্যুর মিছিল কবে থামবে? বিশ্ববাসীকে বলতে ইচ্ছে করে- গাজার শিশুদের আর্তনাদ শুনতে কি পাও?

প্রকাশকাল: মে ২০২৫

বই আলোচনা : কুইক অপারেশন

উপন্যাস হলো আখ্যানমূলক কল্পকাহিনি। উপাখ্যানের তুলনামূলকভাবে বর্ধিত একটি রচনা। এই রচনায় লেখক তাঁর জীবনদর্শনকে বাস্তব জীবনের অভিজ্ঞাতার ওপর ভিত্তি করে চিত্রায়ন করেন। যা সাধারণ গদ্যে লেখা। তাহলে রহস্য উপন্যাস? আবার সেটা যদি হয় কিশোরদের জন্য? সেকথাই শুনি, চলো।
শিশু-কিশোরদের মন সবসময় উড়ু উড়ু করে। যেমন সুতো দিয়ে বেঁধে রাখা যায় না। আপন মনে চলতে থাকে কিশোররা। কখনো তারা মাঠ-ঘাটে ছোটে, কখনো পড়তে বসে বই নিয়ে। ডুবে যায় বইয়ের ভেতরে। থ্রিলার হলে তো কোনো কথাই নেই। রহস্য অনুসন্ধানে হাবুডুবু খেতে থাকে। ‘কুইক অপারেশন’ তেমনই রহস্যেভরা এক কিশোর উপন্যাস।
লাশের কফিনটা লঞ্চের ছাদে এক কিনারে রাখা ছিল। ছাদে উঠানোর আগেই কেমন যেন একটা হাঁচির মতো শব্দ পেয়েছিল নাঈম। কী ব্যাপার? শব্দ কীসের? আজকাল কি লাশের কফিনের ভেতরেও টুংটাং শব্দ হয়? কী জানি, হলেও হতে পারে। নাঈমের মধ্যে রহস্যের প্লট তৈরি হতে লাগল। বাতাসে লাশের গন্ধ ভাসে জানি, শব্দ ভাসতে শুনিনি বাবা।
উপন্যাসের বাক্য সামনের দিকে এগুচ্ছে আর নাঈমের মধ্যে সন্দেহ ততই বাড়ছে। রহস্যের সন্ধানে নাঈম ফাহিম ও ইমনকে সঙ্গে নিয়ে ৩ জনের একটি টিম তৈরি করেছে। লঞ্চ চলছে। কাহিনিও এগিয়ে চলছে। রহস্যের অনুসন্ধান চলছে। একটু একটু করে জট খুলছে রহস্যের। ৩ জনের ভিতরেই অন্যরকম এক অনুভূতি কাজ করছে। লঞ্চের নিচতলা থেকে ছাদ পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করছে। কানায় কানায় পূর্ণ যাত্রীতে। আবার রহস্যের গন্ধ। হাঁচির শব্দ। নাঈম ধীরে ধীরে কফিনের দিকে এগুচ্ছে। ভয়ে বুক কাঁপছে। কৌতূহল আর ভৌতিক আবহ মিশ্রিত উৎকণ্ঠার চাপে নাঈমের বুকের ধুকপুকানি ক্রমেই বেড়ে চলছে…। তারপর?
রহস্য কাহিনিগুলো এমনই হয়ে থাকে।
ঘড়ির কাঁটা ঘুরছে তো ঘুরছে। রহস্য আরো ঘনীভূত হচ্ছে। কফিনের ভেতরে কি লাশ বলতে কিছু নেই? কফিনকে ঘিরে কি কোনো চক্র আছে? যারা লঞ্চের যাত্রীদের জিম্মি করে ডাকাতি করতে পারে? লঞ্চ চাঁদপুর পৌঁছতে রাত বারোটা বাজবে। এখন রাত দশটা। তিন কিশোরের অনুসন্ধান চলছে। ডাকাতদলকে আঁচ করতে পেরেছে ওরা। তারপর?
তারপর পুরো উপন্যাসটি পড়তে হলে বইটি তোমাদের সংগ্রহ করতে হবে। ডুবে যেতে হবে বইয়ের ভেতর।

বইটির লেখক হাসনাইন আহমদ। তিনি নিয়মিত লেখালেখি করেন। ছোটদের জন্য মজার মজার ছড়া, গল্প, কবিতা, অ্যাডভেঞ্চার কাহিনিসহ সাহিত্যের অনেক শাখায়ই বিচরণ করেন। কিশোরদের রহস্য উপন্যাস কুইক অপারেশন প্রকাশ করেছেন ছোটদের সময় প্রকাশনী। উপন্যাসটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বাংলাদেশের সর্বত্রই এই বই পাওয়া যায়। তোমরাও খুঁজে নিবে বইটি। পড়তে পড়তে রহস্যের জালে আটকে যাবে তোমরা।

বই : কুইক অপারেশন
লেখক : হাসনাইন আহমদ
প্রকাশনী : ছোটদের সময়
মুদ্রিত মূূল্য : ২০০/-
প্রচ্ছদ : নিয়াজ চৌধুরী তুলি
প্রকাশক : আব্দুল্লাহ আল মামুন
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯৭১ ২৯-০-৯

বইটি অনলাইনে কিনতে পারো রকমারি থেকে। বইটি কিনতে স্ক্যান করো পাশের কিউআর কোডটি।

রিভিউ : নীহার মোশারফ

প্রকাশকাল: জুন ২০২৫

ছোট্ট কুঁড়ির ভাবনা

চিন্তা শত ছোট্ট মনি
ছোট্ট কুঁড়ির মনে,
মন ছুঁয়েছে সপ্ত আকাশ
চাঁদের দেশের কোণে।

পাল তোলা নাও ছুটে চলে
হাওয়ার টানে দূরে
আকাশ-পাতাল রহস্য
ঝঞ্ঝা বনে ঘুরে।

শীতের ছোঁয়া উষ্ণ কেনো
কাঠফাটা রোদ মাঠে?
গল্প কথন অসীম আঁকা
গহীন নদী তটে।

অজানাকে জানার নেশায়
জ্বলছে চোখে তারা,
রূপকথার ওই নায়ক যেন
বিশ্ব মাঝে সাড়া।

প্রকাশকাল: জুন ২০২৫