
উপন্যাস হলো আখ্যানমূলক কল্পকাহিনি। উপাখ্যানের তুলনামূলকভাবে বর্ধিত একটি রচনা। এই রচনায় লেখক তাঁর জীবনদর্শনকে বাস্তব জীবনের অভিজ্ঞাতার ওপর ভিত্তি করে চিত্রায়ন করেন। যা সাধারণ গদ্যে লেখা। তাহলে রহস্য উপন্যাস? আবার সেটা যদি হয় কিশোরদের জন্য? সেকথাই শুনি, চলো।
শিশু-কিশোরদের মন সবসময় উড়ু উড়ু করে। যেমন সুতো দিয়ে বেঁধে রাখা যায় না। আপন মনে চলতে থাকে কিশোররা। কখনো তারা মাঠ-ঘাটে ছোটে, কখনো পড়তে বসে বই নিয়ে। ডুবে যায় বইয়ের ভেতরে। থ্রিলার হলে তো কোনো কথাই নেই। রহস্য অনুসন্ধানে হাবুডুবু খেতে থাকে। ‘কুইক অপারেশন’ তেমনই রহস্যেভরা এক কিশোর উপন্যাস।
লাশের কফিনটা লঞ্চের ছাদে এক কিনারে রাখা ছিল। ছাদে উঠানোর আগেই কেমন যেন একটা হাঁচির মতো শব্দ পেয়েছিল নাঈম। কী ব্যাপার? শব্দ কীসের? আজকাল কি লাশের কফিনের ভেতরেও টুংটাং শব্দ হয়? কী জানি, হলেও হতে পারে। নাঈমের মধ্যে রহস্যের প্লট তৈরি হতে লাগল। বাতাসে লাশের গন্ধ ভাসে জানি, শব্দ ভাসতে শুনিনি বাবা।
উপন্যাসের বাক্য সামনের দিকে এগুচ্ছে আর নাঈমের মধ্যে সন্দেহ ততই বাড়ছে। রহস্যের সন্ধানে নাঈম ফাহিম ও ইমনকে সঙ্গে নিয়ে ৩ জনের একটি টিম তৈরি করেছে। লঞ্চ চলছে। কাহিনিও এগিয়ে চলছে। রহস্যের অনুসন্ধান চলছে। একটু একটু করে জট খুলছে রহস্যের। ৩ জনের ভিতরেই অন্যরকম এক অনুভূতি কাজ করছে। লঞ্চের নিচতলা থেকে ছাদ পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করছে। কানায় কানায় পূর্ণ যাত্রীতে। আবার রহস্যের গন্ধ। হাঁচির শব্দ। নাঈম ধীরে ধীরে কফিনের দিকে এগুচ্ছে। ভয়ে বুক কাঁপছে। কৌতূহল আর ভৌতিক আবহ মিশ্রিত উৎকণ্ঠার চাপে নাঈমের বুকের ধুকপুকানি ক্রমেই বেড়ে চলছে…। তারপর?
রহস্য কাহিনিগুলো এমনই হয়ে থাকে।
ঘড়ির কাঁটা ঘুরছে তো ঘুরছে। রহস্য আরো ঘনীভূত হচ্ছে। কফিনের ভেতরে কি লাশ বলতে কিছু নেই? কফিনকে ঘিরে কি কোনো চক্র আছে? যারা লঞ্চের যাত্রীদের জিম্মি করে ডাকাতি করতে পারে? লঞ্চ চাঁদপুর পৌঁছতে রাত বারোটা বাজবে। এখন রাত দশটা। তিন কিশোরের অনুসন্ধান চলছে। ডাকাতদলকে আঁচ করতে পেরেছে ওরা। তারপর?
তারপর পুরো উপন্যাসটি পড়তে হলে বইটি তোমাদের সংগ্রহ করতে হবে। ডুবে যেতে হবে বইয়ের ভেতর।

বইটির লেখক হাসনাইন আহমদ। তিনি নিয়মিত লেখালেখি করেন। ছোটদের জন্য মজার মজার ছড়া, গল্প, কবিতা, অ্যাডভেঞ্চার কাহিনিসহ সাহিত্যের অনেক শাখায়ই বিচরণ করেন। কিশোরদের রহস্য উপন্যাস কুইক অপারেশন প্রকাশ করেছেন ছোটদের সময় প্রকাশনী। উপন্যাসটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বাংলাদেশের সর্বত্রই এই বই পাওয়া যায়। তোমরাও খুঁজে নিবে বইটি। পড়তে পড়তে রহস্যের জালে আটকে যাবে তোমরা।
বই : কুইক অপারেশন
লেখক : হাসনাইন আহমদ
প্রকাশনী : ছোটদের সময়
মুদ্রিত মূূল্য : ২০০/-
প্রচ্ছদ : নিয়াজ চৌধুরী তুলি
প্রকাশক : আব্দুল্লাহ আল মামুন
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯৭১ ২৯-০-৯
বইটি অনলাইনে কিনতে পারো রকমারি থেকে। বইটি কিনতে স্ক্যান করো পাশের কিউআর কোডটি।
রিভিউ : নীহার মোশারফ
প্রকাশকাল: জুন ২০২৫

