বই আলোচনা

সৌন্দর্যবিদ্যার সৌকর্যে নজরুলের ঝিঙেফুল
নির্ঝর আহমেদ প্লাবন
প্রকাশক : ঝিঙেফুল, ৩৪ নর্থব্রুক হল রোড, বাংলা বাজার, ঢাকা-১১০০
প্রচ্ছদ : মামুন হোসাইন
পৃষ্ঠা : ১৩২

ঝিঙেফুল নজরুলের বিখ্যাত একটি কবিতা । ছোটদের কাছে খুবই প্রিয় একটি কবিতা। ঝিঙেফুল কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম এর ঝিঙেফুল কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে। বইটি বাংলা আশ্বিন মাসে ১৩৩৩ সালে প্রকাশিত হয়। প্রকাশক ছিল ডিএম লাইব্রেরি, ৬১ নম্বর কর্ণওয়ালিশ স্ট্রিট, কলিকাতা। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল- বীর বাদলকে।
ঝিঙেফুল কবিতা
ঝিঙে ফুল! ঝিঙে ফুল।
সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে-কুল
ঝিঙে ফুল।
গুল্মে পর্ণে
লতিকার কর্ণে
ঢলঢল স্বর্ণে
ঝলমল দোলে দুল
ঝিঙে ফুল॥
এই বইটিতে ঝিঙেফুল বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শেষে দেয়া হয়েছে কবিতাটিসহ পুরো বইটি। এর ফলে নজরুলের সবগুলো শিশুতোষ কবিতা এখানে পাওয়া যাবে।

গল্পগুলো রূপকথা
হাসান হাফিজ
প্রকাশক : ঝিঙেফুল, ৩৪ নর্থ ব্রুক হল রোড, বাংলা বাজার, ঢাকা-১১০০

রূপকথার জগৎ বড়োই স্বপ্নিল ও মায়াবী। সুদূর প্রাচীনকাল থেকে এইসব মজাদার গল্প মুখে মুখে চলে আসছে। পুরনো দিনে দক্ষ গল্প বলিয়েরা জমজমাট আসরে গল্প শোনাতেন। ধারাবাহিকভাবে যুগের পর যুগ বেঁচে থাকতো সেগুলো। এখনও দুনিয়াভর সেইসব কাহিনির বেশ কদর, লোকপ্রিয়তা। শিশুকিশোররাই শুধু নয়, বড়রাও বেশ উপভোগ করেন রূপকথার চমকপ্রদ গল্পমালা। পদে পদে, পরতে পরতে নাটকীয়তা, রহস্য, উদ্বেগ, সংশয়, নির্মল কৌতুক, কখনো বা শ্বাসরুদ্ধকর অবস্থা। সব মিলিয়ে তৈরি হয় টানটান পরিস্থিতির। কী হবে, কী হতে পারে, কী হওয়া বাঞ্ছনীয়? শেষ অবধি সত্যেরই জয় হয়, মিথ্যা ও অন্যায়ের পরাজয় দেখি আমরা। এক অর্থে এগুলোতে হালকা
নীতিকথাও লুকোনো আছে গল্পের মোড়কে।

বিশ্বের আটটি দেশের মজার মজার মনকাড়া আটটি রূপকথা সংকলিত হয়েছে হাসান হাফিজের লেখা এই বইতে। দেশগুলো হচ্ছে- জার্মানি, ইথিওপিয়া, ইরান, নাইজেরিয়া, লাওস, রুমানিয়া, ভিয়েতনাম ও ভারত। গল্পগুলোতে বিষয়ের বৈচিত্র্য যেমন আছে, তেমনি আছে মানবিক সুখ-দুঃখ, হাসি-কান্না, কৌতুকের অনুষঙ্গ। সব মিলিয়ে দারুণ উপভোগ্য হয়ে উঠেছে এক-একটি গল্প। একবার পড়তে শুরু করলে পাঠ শেষ না হওয়া পর্যন্ত শান্তি নেই পাঠকের।
ঝিঙেফুল থেকে প্রকাশিত বই দুটি শিশুকিশোরদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

প্রকাশকাল: এপ্রিল ২০২৫