“প্রতিদিনের মতো বাবাঘুঘু খাবারের খোঁজে বেরোয়। সকাল গড়িয়ে যায়। দুপুর গড়ায়। বিকেল গড়িয়ে সাঁঝ, তারপর রাত। না, বাবাঘুঘুু খাবার নিয়ে বাসায় ফিরল না। বাচ্চা ঘুঘু দুই বোন বাবার জন্যে অপেক্ষা করে আর কান্না করে। দুই বোনের সে কী কান্না। তবে কী, আমাদের বাবাও মায়ের মতো শিকারির পেটে গেল? শিকারির শিকার হলো?”
বলছিলাম উদীয়মান কবি ও গল্পকার আহমেদ হিমেলের নতুন ও একমাত্র বই ‘দুই ঘুঘুবোনের গল্প’র কথা। কিন্তু একমাত্র বই কেন? তার জবাব দিয়েছেন কথাসাহিত্যিক নাসীমুল বারী। বইটির প্রসঙ্গে তিনি লিখেছেন- “আহমেদ হিমেলের গল্পের বই ‘দুই ঘুঘুবোনের গল্প’। বইয়ের গল্পগুলো আহমেদ হিমেলের লেখা। কিন্তু বইয়ের নাম আহমেদ হিমেলের দেওয়া নয়। কেন? এ ‘কেন’-র জবাব দিতে গেলে ব্যথাতুর মনের কথা বলতে হয়। আমার এবং আমাদের কাছের আর স্নেহের আহমেদ হিমেল আর আমাদের মাঝে নেই। মহাকালের ক্যানভাসে তার নাম এখন।”
মহাকালের ক্যানভাসে হারিয়ে যাওয়া একটি নাম আহমেদ হিমেল। গল্পকার আহমেদ হিমেল ১৯৯৪ সালের ১৯ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর দিন কাটতো শিশুদের সাথে, শিশুদের নিয়ে। শিশুদের নিয়ে পথ চলতে চলতে শিশুসংগঠক আহমেদ হিমেল অনুভব করলেন শিশুসাহিত্যেও গুরুত্ব। নিজেই হাতে তুলে নিলেন কলম। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত লিখে গেছেন শিশুদের জন্য।
আহমেদ হিমেল ছড়া লিখতেন। লিখতেন গল্পও। অবশ্য তাঁর গল্পের চরিত্রগুলো ছিলো ভিন্ন। তিনি লিখতেন প্রকৃতি নিয়ে, প্রকৃতির উপাদান নিয়ে। অবলা প্রাণীদের মুখে তুলে দিতেন ভাষা। পৃথিবীকে দেখতেন প্রাণীকুলের চোখে। তাদের অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করতেন গল্পে গল্পে। প্রকৃতির নিদারুণ বাস্তবতা তুলে ধরতেন অসহায় প্রাণীদের চোখে। তার নজিরই আমরা দেখতে পাই আহমেদ হিমেলের গল্পগ্রন্থ ‘দুই ঘুঘুবোনের গল্প’তে।
শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ির প্রাক্তন সহ-সম্পাদক আহমেদ হিমেল ২০২৪ সালের সেপ্টেম্বরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সিটিস্ক্যানের রিপোর্টে দেখা যায়, তাঁর ফুসফুসের ৭০% অকেজো হয়ে গিয়েছে। কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় পৃথিবী থেকে বিদায় নেন। আমরা মহান প্রভুর নিকট আহমেদ হিমেলের জন্য দোয়া করি, মহান প্রভু যেন তাঁকে জান্নাত নসীব করেন।
বইটিতে স্থান পেয়েছে আহমেদ হিমেলের লিখে যাওয়া সেরা গল্পগুলো। বইটির নাম নেয়া হয়েছে ‘দুই ঘুঘুবোনের গল্প’ গল্পটির নাম থেকে। বইটি প্রকাশ করেছে ছোটদের সময় প্রকাশনী।
বই : দুই ঘুঘুবোনের গল্প
লেখক : আহমেদ হিমেল
ধরন : শিশুতোষ গল্প
গ্রন্থস্বত্ত্ব : ফুলকুঁড়ি আসর
প্রচ্ছদ ও অলংকরণ : মোমিন উদ্দীন খালেদ
মূল্য : ১৮০ টাকা।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫



