Home Blog Page 53

তোমার দেশকে তুমিই চেনাও

আব্দুল মানাপ নুরমোহামেদভ। সোভিয়েত রাশিয়ার দাগেস্তানের সিলদি গ্রামে ১৯৬২ সালে তার জন্ম। সিলদি ছিল অত্যন্ত প্রত্যন্ত এবং পাহাড়ি গ্রাম। পাহাড়ের বুকে বেড়ে ওঠার কারণে সেখানের বাচ্চারা অল্প বয়সেই কুস্তি শিখতো। আব্দুল মানাপও রেসলিং শিখে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর যোগ দেন রাশিয়ান আর্মিতে। সেখানে জুডো, মার্শাল আর্ট, সাম্বো ইত্যাদিতে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে ওঠেন। সেনাবাহিনীর চাকরি থেকে অবসরের পর চলে যান দাগেস্তানের কিরোভলে। পরিবার নিয়ে দোতলা বাড়িতে ওঠেন। নিচতলায় খুলে বসেন জিমনেশিয়াম।
জিমে ভর্তি করেন এলাকার ছেলেদের। পুরোদমে মার্শাল আর্টের প্রশিক্ষণ দিতে থাকেন আব্দুল মানাপ। তিনি স্বপ্ন দেখতে থাকেন তার জিম থেকে একদিন বিশ্বমানের খেলোয়াড় বের হবে। কোচ হিসেবে তার প্রথম সফলতা আসে ১৯৯২ সালে। তার ভাই নুর মোহামেদ ইউক্রেনের হয়ে ওয়ার্ল্ড সাম্বো চ্যাম্পিয়নশিপ জেতে। কোচ হিসেবে তিনি অনুপ্রাণিত হন, এগিয়ে যেতে থাকেন। আব্দুল মানাপের তিন সন্তান। বড় ছেলে মোহামেদ, ছোট ছেলে হাবিব, মেয়ের নাম আমিনা। বাবার মার্শাল আর্টের প্রতি ছোট ছেলে হাবিবের আকর্ষণ জন্মায়। সে বাবার কাছ থেকে হাতে কলমে শিখতে থাকে মার্শাল আর্টের যত কলাকৌশল।
শিশু হাবিবের উৎসাহ দেখে বাবা আব্দুল মানাপ তাকে সকল প্রকার কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে বড় করতে থাকেন। হাবিবকে কুস্তি শেখান প্রশিক্ষিত ভালুককে দিয়ে। বিশালাকার ভালুকের সাথে কুস্তি লড়তো হাবিব। বরফ পানিতে সাঁতার কাটতো, এমনকি স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটতো সে। ১২ বছর বয়সে হাবিব প্রফেশনাল রেসলিং শেখে, ১৫ বছর বয়সে জুডো প্রশিক্ষণ নেয়। ব্রাজিলিয়ান জিজিৎসু শেখে। এরপর অংশ নেয় রাশিয়ার জনপ্রিয় সাম্বো মার্শাল আর্টে। সাম্বো হলো জুডো এবং কুস্তির সমন্বয়ে এক ধরনের মার্শাল আর্ট। হাবিব দুইবার ‘কমব্যাট সাম্বো’তে বিশ্ব চ্যাম্পিয়ন হন।
হাবিবের সম্ভাবনা দেখে ‘মিক্সড মার্শাল আর্ট’ বা MMA প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ করে দেন বাবা। ২০০৮ সালে MMA  তে যোগ দিয়ে সে বছরই রাশিয়ার রাজধানী মস্কোতে আয়োজিত Atrium Cup Tournament এ চ্যাম্পিয়ন হন হাবিব। তিন বছরে টানা ১৬টি ফাইটে অপরাজিত থেকে হাবিব মিক্সড মার্শাল আর্টের সবচেয়ে বড় প্রতিযোগিতা- আমেরিকার Ultimate Fighting Championship বা UFC তে যোগ দেন। ২০১২ সালে প্রথম UFC ম্যাচে ইরানের ফাইটার কামাল সালোরাসের মুখোমুখি হন হাবিব। প্রথম ম্যাচেই সাবমিশন করান প্রতিন্দ্বিকে। সাবমিশন হলো যখন কুস্তিতে আর টিকতে না পেরে কোনো প্রতিযোগী হাল ছেড়ে দেয় এবং প্রতিপক্ষের গায়ে ট্যাপ করে আত্মসমর্পণের ঘোষণা দেয়। প্রথম ম্যাচে সাবমিশন করিয়ে হাবিব জানান দেয় যে, সে UFC তে বড় অর্জন ছিনিয়ে নিতে এসেছে।
বাবা আব্দুল মানাপ, হাবিবের রেসলিং ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করার জন্য বিখ্যাত মেক্সিকান কোচ হেভিয়ার মেন্ডেজের কাছে প্রশিক্ষণ নেয়ার জন্য পাঠান। হেভিয়ার মেন্ডেজ ছিলেন কিকবক্সিং এ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি ডেনিয়েল কোরমিয়র সহ বিখ্যাত অনেক MMA  খেলোয়াড়কে প্রশিক্ষণ দিয়েছিলেন। হেভিয়ার জানান, হাবিবের সাফল্যের পেছনে ছিল তার অসাধারণ শৃঙ্খলাবোধ। হাবিব একজন মুসলিম। শুধু নামে মুসলিম না, পুরোদস্তুর ‘প্র্যাকটিসিং মুসলিম’। শুধু হাবিব না, আব্দুল মানাপের যারাই ছাত্র, সবাই পুরোপুরি ইসলামী অনুশাসনে চলে। তারা নিয়মিত ভোরে ঘুম থেকে ওঠে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। রমজানে রোজা রাখে। মদ খায় না, ধুমপান করে না। নাচ-গানের পার্টিতে যায় না। হারাম খাবার খায় না। তাদের কাজ হলো সারাদিন ট্রেনিং করা আর ইবাদাত করা। সুতরাং সাফল্যের ফোকাস থেকে তারা বিন্দুমাত্র নড়ে না। তারা খুবই বিনয়ী, ভদ্র এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল, পরোপকারী। হেভিয়ার বলেন, হাবিবকে তিনি প্রায় ১০ বছর ধরে প্রশিক্ষণ দিয়েছেন কিন্তু একবারের জন্যেও হাবিব তার সাথে বেয়াদবি করেনি।
হাবিবের ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় ফাইটটি হয় আইরিশ ফাইটার কনর ম্যাকগ্রেগরের সাথে। কনর ছিলেন তখন লাইটওয়েট ডিভিশনে UFC’র বিশ্ব চ্যাম্পিয়ন। অর্থাৎ তাকে হারাতে পারলে হাবিব বিশ্ব চ্যাম্পিয়ন হবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ২০১৮ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত হয় UFC’র অন্যতম সেরা এই ম্যাচ। ম্যাচের আগের রাতে সংবাদ সম্মেলনে কনর হাবিবকে নানান রকম উগ্র কথাবার্তা বলেন। হাবিবকে বলেন- ‘আমি তোমাকে মৃত দেখতে পাচ্ছি, তোমার ঠোঁট নীল হয়ে যাচ্ছে’। কিন্তু হাবিব শান্ত থেকে তার উগ্রতাকে উপেক্ষা করেন। বরং যখন উপস্থাপক তাকে জিজ্ঞেস করেন পরের দিন খেলায় হাবিব কী করবেন? উত্তরে তিনি সেখানে উপস্থিত কনর ম্যাকগ্রেগরের হাজার হাজার আইরিশ সমর্থককে বলেন- Alhamdulillah, God gave me everything, Alhamdulillah. Tomorrow night, I am gonna smash your boy, guys. (আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সব দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শোনো, আগামীকাল রাতে আমি তোমাদের এই ছেলেকে চুরমার করে দেবো)।
ম্যাচের রাতে হলোও তাই। প্রতাপশালী কনরকে শুরু থেকেই নাজেহাল করতে থাকে হাবিব। ম্যাচের চতুর্থ রাউন্ডে কনরের গলা চেপে ধরেন তিনি। অসহায় হয়ে কনর, হাবিবের হাতে ট্যাপ করে আত্মসমর্পণ করেন। প্রথম মুসলিম হিসেবে এবং দাগেস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে UFC’র বিশ্বমঞ্চে চ্যাম্পিয়নশিপ লাভ করেন হাবিব নুরমোহামেদভ। অবশ্য তার নাম তোমরা গুগলে খুঁজতে গেলে পাবে Khabib Nurmagomedov। এই নামের ব্যাখ্যা হাবিব পরে দিয়েছেন যে, আরবিতে ‘হাবিব’ উচ্চারণ করতে বড় ‘হা’ এর উচ্চারণে করতে হয়। কিন্তু ইংরেজিতে তো বড় ‘হা’ উচ্চারণের কোনো বর্ণ নেই। তাই তার বাবা Habib এর বদলে Khabib করে দিয়েছেন, যাতে উচ্চারণ কাছাকাছি হয়। একইরকম নুরমোহামেদভ এর বদলে রাশিয়ান উচ্চারণে নুরমাগোমেদভ হয়ে গেছে।
ফিরে আসি হাবিবের পারদর্শিতার কথায়। হাবিবের মাধ্যমেই লোকে জানলো যে দাগেস্তান নামে একটি দেশ আছে। রাশিয়ার অধীনে একটি স্বায়ত্ত্বশাসিত দেশ হলো দাগেস্তান প্রজাতন্ত্র। কনরকে পরাজিত করার পর হাবিবকে ফোন করে অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে মস্কোতে পুতিনের সাথে সাক্ষাৎ করেন হাবিব এবং তার বাবা। পুতিন তাদেরকে দুই কোটি ডলারের জায়গাসম্পত্তি উপহার দেন। UFC তে হাবিব ২৯টি ম্যাচ খেলেছিলেন। একটি ম্যাচেও তাকে হারাতে পারেনি কেউ। হাবিবের বাবা আব্দুল মানাপ ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর হাবিব খেলা থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নেন। ২০২০ সালে জাস্টিন গেইজেকে হারিয়ে অবসরের ঘোষণা দেন UFC’র ‘ঈগল’ নামে খ্যাত অপরাজিত হাবিব।
হাবিবের মাধমে দাগেস্তানের খেলোয়াড়দের সম্মানের দরোজা খুলে যায়। UFC’র লাইটওয়েট ডিভিশনে বর্তমানে চ্যাম্পিয়ন হচ্ছে ইসলাম মাকাচেভ। ইসলাম, আব্দুল মানাপের আরেকজন ছাত্র। এপর্যন্ত ২৮টি ম্যাচে ইসলাম মাত্র একটিতে পরাজিত হয়েছেন। এরপর ধারাবাহিকতায় আছেন মোহামেদ আনকালায়েভ, উসমান নুরমোহামেদভ, উমর নুরমোহামেদভ। তারা সবাই আব্দুল মানাপের জিমনেশিয়াম থেকে উঠে আসা খেলোয়াড়। এছাড়া কমব্যাট সাম্বোতে চ্যাম্পিয়ন হয়েছেন তার ছাত্র সুলতান আলিয়েভ, রুস্তম হাবিলভ। এরা দাগেস্তানের দুর্দান্ত বীর খেলোয়াড়। আব্দুল মানাপের ছাত্রদের মধ্যে ১৮ জন ইউএফসি সহ বিভিন্ন মার্শাল আর্ট প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।
আব্দুল মানাপের উদ্যোগের মাধ্যমে একটি অপরিচিত দেশ বিশ্বে পরিচিতি পেয়েছে। UFC তে এখন দাগেস্তানি খেলোয়াড়দের সমীহ করা হয়। মার্শাল আর্টের মাধ্যমে দাগেস্তানের আর্থসামাজিক অবস্থাও পরিবর্তিত হয়েছে অনেকখানি।
সুতরাং তুমিও পারো তোমার যে কোনো সাহসী উদ্যোগের মাধ্যমে তোমার দেশকে কিংবা তোমার জেলাকে বিশ্বে পরিচিত করতে। সেটা হতে পারে খেলাধূলা, শিক্ষা, সংস্কৃতি, আর্থ-সামাজিক উদ্যোগ কিংবা পরিবেশগত পরিবর্তনের পদক্ষেপের মধ্য দিয়ে। মনে রেখো- একটি বিশাল পরিবর্তন শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপের মধ্য দিয়েই।

প্রকাশকাল: মে ২০২৫

দিবে চরম মাশুল

বৃষ্টি ঘুমায় রোদ চাদরে রোদের ভেতর উম,
পৃথিবীতে নামবে কেন! গাছপালা সব গুম!

শুকনা নদী চর জেগেছে আর ডাকে না মেঘ,
মেঘবালিকা পথ ভুলেছে নাই কোনো আবেগ।

প্রকৃতিকে খুন করে রোজ বোকা মানব জাতি
সাগর বুকে নগর তুলে উড়ায় ফানুস বাতি।

মেঘে মেঘে বেলা বাড়ে, চরম আবহাওয়া
বিগড়ে গেছে ভূপ্রকৃতি গরমে লু হাওয়া।

মেঘ, বৃষ্টি খুব ক্ষেপেছে ধরবে না ফল, ফুল
সবুজ নিধন বন্ধ করো নয় দিবে মাসুল।

প্রকাশকাল: মে ২০২৫

বিদ্রোহী কবি

তুমি ছিলে সাম্যের কবি
বাংলার সেরা ফুল,
তুমি আছো সবার প্রাণে
প্রিয় কবি নজরুল।

সত্য পথের পথিক তুমি
শির করোনি নত,
হাজার বাঁধা ছুঁড়ে ফেলে
লিখলে কাব্য শত।

তোমার কাব্যে যায় যে পাওয়া
বাঁচার শত আশা,
তোমায় স্মরে হৃদয়ে থেকে
জানাই ভালোবাসা।

প্রকাশকাল: মে ২০২৫

জুলাই ফুলের মধ্যমণি

সেই তো কবে হয়েছিলাম সকাল বেলার পাখি
বিদ্রোহী ফুল কুড়িয়ে তবে মাকে এসে ডাকি
ঝাঁকড়া চুলের কবি হতে মেলে দিলাম ডানা
সাগর তলে ডুব দিয়ে হয় অজানাকে জানা।

মনের ভয়কে জয় করে হয় বুকটা সাহস ভরা
বন্ধুরাও সঙ্গী হলো কাটিয়ে তাদের জরা
আমরা হলাম কাঠবিড়ালী চলি গ্রহ-তারায়
চাঁদ সুরুজও আমরা দেখি একটুখানি দাঁড়ায়।

বিশ্বটাকে হাতের মুঠোয় রাখতে শেখাও বলে
আমরাও তো মিশে গেছি শুধু তোমার দলে
তাইতো হলাম বীর ডুবুরি চলি সাগর সেচে
জ্ঞানের নুড়ি কুড়িয়ে আনি আসল নকল যেচে।

নতুন করে জাগছে স্বদেশ ফুটছে জুলাই ফুল
সেই ফুলেরও মধ্যমণি বিদ্রোহী নজরুল।

প্রকাশকাল: মে ২০২৫

দূর আকাশের রহস্যকথা

দূর তো কত দূর!
এতটা দূর যার কোনো সীমা নেই। বিশাল তো বিশাল। এতটা বিশাল যার কোনো সীমানা কেউ জানে না। বিশাল এ আকাশটি আমাদের মাথার ওপর।
মাথার ওপর মস্ত বড় এ আকাশটাকে নিয়ে কতরকম করে যে ভাবনা জাগে তার কোনো শেষ নেই। সেই ছোটবেলা থেকে কতরকম ভাবনা যে ভেবেছি মনে হয় এমন ভাবনা আর কিছু নিয়ে কখনও ভাবিনি বা ভাবতে পারিনি। তবে যারাই ভাবে আকাশ নিয়ে তারা জানেন এ ভাবনার কোনো শেষ নেই। এ ভাবনার কখনও শেষ ছিলো না এবং আজও এই ভাবনার শেষ নেই। আর ভবিষ্যতেও কখনও এর শেষ হওয়ার কোনোরকম সুযোগ বা সম্ভাবনাও নেই। ভাবনার বিষয়ে বলতে বলতে অনেকে অনেক কিছু লিখে বইও করে ফেলেছেন! আবার অনেকে অনেক কিছু লেখার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন বা পরিকল্পনা করে লেখেন। যেমন কবিতা, গল্প, গবেষণা, নিবন্ধ, ফিচার আরও আরও কত কী ধরনে লেখেন বা লিখবেন এবং লিখতেই থাকবেন তারও শেষ হবে না।
কিন্তু আবার এই আকাশ নিয়ে ভাবতে হয় বা ভাবা দরকার এ ভাবনার কথা অনেকের মাথায়ও আসে না বা মনে সহজে জাগেই না। এর কারণ হয়তো আছে সত্যি। তবে অনেকের একটা ধারণা হলো আকাশ নিয়ে ভাবনার আবার কী আছে বা কী থাকতে পারে। আকাশ তো উপরে নীল রঙ মেখে বিরাট হয়ে ছড়িয়ে আছে বিশ্বজগতের সবখানে। আকাশের গায়ের এই নীল রঙ নিয়েও কত লেখক কবি লিখেছেন তার কোনো হিসাব কিন্তু নেই। ভবিষ্যতেও এমন আরও কবিরা লেখক নানান বিষয় লিখবেন। সেই সব লেখা পড়ে হয়তো অনেক কিশোর কিশোরী যুবক যুবতী এবং চিন্তা করে এমন লোকেরা আকাশের দিকে চেয়ে থাকবে। চেয়ে থেকে একসময় বলে উঠবে – আহা বিশাল এ আকাশ সৃষ্টির সবচেয়ে বড় এক নিদর্শন। মহান আল্লাহ তায়ালার ক্ষমতার এ এক বিরাট উপমা।
আকাশের বুকে সকালবেলা সূর্য উঠে আসে টকটকে লাল হয়ে। সূর্য উঠে সারা পৃথিবীর সবখানে রোদ দিয়ে গাছপালার ওপর তাপ দেয়। আকাশ নিয়ে যারা ভাবতে চায় না তারা মনে করে – এমনতো আকাশ থেকে হচ্ছেই প্রতিদিন প্রতিটা সকাল দুপুর বিকেলে। তাই এ আকাশ নিয়ে ভেবে কি কিছু লাভ হবে নাকি।
আসলে আকাশ নিয়ে ভাবনার আছে অনেক অনেক বেশি। কারণ কেমন করে খুঁটিবিহীন এত বিশাল আকাশ শূন্যের ওপর দাঁড়িয়ে আছে কোটি কোটি বছর ধরে। এটি ভাবতে হবে না? আকাশের গায়ে কোনো ফুটা বা ছিদ্র অথবা ফাটল নেই। কোথাও কোনো জোড়া তালি বা একটি ফাটলও দেখা যায় না। মেঘ আসে মেঘ চলেও যায়। সূর্য ওঠে আবার দিন পার করে সূর্যও ডুবে যায় কোনো অন্ধকার রাজ্যে। রাতের বেলায় আকাশে চাঁদ ওঠে। চিকন চাঁদটা দিনদিন করে একসময় অনেক বড় হয়ে পূর্ণিমা হয়। তখন রূপালি আলোর জোয়ার ওঠে যেনো। আবার চাঁদ থাক কিংবা না থাক রাতে আকাশে ফোটে কোটি কোটি তারার ফুল। রূপালি তারার মেলায় সারা আকাশ রাতভর ঝিকমিক ঝিকমিক করে ধীরে ধীরে ভোর হয়। ভোর হলে বা সকাল হলে তারা এবং চাঁদ কোথায় যে হারিয়ে যায় বুঝতে পারে না কেউ। এসব নিয়ে ভাবতে হবে সকলের। ভাবতে হবে একারণে যে এসব নিয়ে ভাবলে মহান সৃষ্টিকর্তার অপার শক্তি ও ক্ষমতার রূপ বুঝতে পারবো আমরা। বুঝতে পারবো মহান আল্লাহ কত কত ক্ষমতার মালিক। তিনি কী বিস্ময়কর গঠনে বানিয়েছেন এই মহাবিশ্ব এবং ওই মহা মহা মহাকাশ। এ আকাশের শেষ সীমানা কোথায় কিংবা আদৌ কি আকাশের সীমানা শেষ আছে? একথা তো কেউ জানে না বা জানতে পারে না। কোনো নবী রাসুল ফেরেশতা জিন এমনকি স্বয়ং জিব্রাইল ফেরেস্তাও জানেন না। এর চেয়ে মহা বিস্ময় আর কী হতে পারে বলে মনে হয়!
তাই আকাশ নিয়ে আমার ভাবনা সারাক্ষণ চলতেই থাকে চলতেই থাকে। আমি যখনই আকাশের গায়ে নীল দেখি সেই নীল যখন সমুদ্রের বুকে দেখি তখনই মনে হয় সমুদ্রের রূপের কথা। আকাশের নীল কী সুন্দর করে ছায়ার মতো বুকে রাখে সমুদ্র। সমুদ্রের তলদেশে এমনকি নদীর তলও আকাশের নীল বিছানা করে স্থির হয়ে থাকে। মাঝে মাঝে ঢেউ উঠে নীল ছায়াকে কাঁপিয়ে দিয়ে যায়। একটুও এদিক সেদিক হয় না বা হতে পারে না। আসলে মহান আল্লাহ তায়ালা এ আকাশকে স্থিরতায় দাঁড়িয়ে রাখার একটা সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। যা কোনো ঝড় ঝঞ্জা তুফান সাইক্লোন ঘূর্ণিঝড় সিডর জলোচ্ছ্বাস বা হারিকেন কোনো কিছুতেই কিছু হবার মতো নয়। তাই আকাশ নিয়ে আমার ভাবনার কোনো শেষ ছিলো না কখনও। আর এখনো কোনো শেষ নেই।
সেই ছোটবেলায় ধানের ক্ষেতের আলে অথবা খোলা মাঠে দাঁড়িয়ে অকারণে আকাশের দিকে তাকিয়ে থাকার কথা এখন বেশ মনে পড়ে যায়। মনে পড়ে খুব সকালের আকাশের রঙ মাখানো দৃশ্যের বিষয়গুলো। কতরকম রঙের খেলায় মাখামাখি হতো মেঘগুলো। এখনও আজও সেই রকম রঙের খেলা জমে জমে সকালকে সুন্দর করে তোলে। কিন্তু আমরা যারা শহরের বাসিন্দা এবং মোবাইল দেখে দেখে রাত পার করে তারপর ঘুমাতে যাই- ঘুমের মধ্যে কেটে যায় আমাদের সোনালি সকালটা। তাহলে আমরা কেমন করে দেখবো সকালের আকাশের নানান রঙের সমাহার।

যখন বৃষ্টি হওয়ার সময় হতো তখন আকাশের দিকে তাকিয়ে দেখতাম পুরো আকাশটা কালো মেঘে একেবারে ঢেকে গেছে। দেখে মনে হতো হঠাৎ আকাশটা বুঝি নিচে নেমে এলো মেঘের ভারে অথবা বৃষ্টি দেয়ার জন্য। ডানে বাঁয়ে সামনে পেছনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবদিকে মেঘের ঘনঘটা আর বিজলি বিদ্যুতের ঝলকানির রূপ। দিনের আলো এবং সূর্যটা কোথায় যে হারিয়ে যেতো বুঝতে পারতাম না। যার ফলে দিনের বেলায়ও চারিদিকে অন্ধকারের কাছাকাছি বা সন্ধ্যা নামার মতো আঁধার জমে যেতো। দক্ষিণ দিক থেকে দেখতাম ঝাঁকে ঝাঁকে সাদা বক আর পাখিরা দ্রুত উড়ে যাচ্ছে তাদের বাসার খোঁজে। রাখালেরা গরু ছাগল ও ভেড়ার পাল নিয়ে ফিরে আসছে তাদের নিজস্ব ঠিকানায়। মেঘ যখন সারা আকাশ জুড়ে ছড়িয়ে ঘন হয়ে ছুটতে থাকে তখন কোথাও কোনো বাতাসের আনাগোনা একটুও থাকতো না। মনে হতো বুঝি আকাশ দম বন্ধ করে নিঃশ্বাস না নিয়ে বা না ফেলে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতি বেশি সময় থাকতো না। তারপর হঠাৎ কোনো একদিক থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করতো। এখনও বৃষ্টি আসার আগের সময়টাতে এমনই ঠান্ডা বাতাস বয়ে যায়। এ বাতাস আসলে বৃষ্টির খবর বা সংবাদ নিয়ে আসে। মহাগ্রন্থ আল কুরআনে বর্ণিত আছে এমন কথাই। আল্লাহ বলেছেন- আমি বৃষ্টিগর্ভ বাতাস পাঠাই। অর্থাৎ বৃষ্টির সংবাদ আছে বা বৃষ্টির আলামত আছে অথবা আছে বৃষ্টি আসার সুসংবাদ। সেই বৃষ্টি নামে আকাশ থেকে মেঘের বুক থেকে। পৃথিবীর মাটিগুলো নরম হয় বৃষ্টিতে। আর এ নরম মাটিতে জন্ম হয় বৃক্ষ ও ফসলের। সুতরাং প্রতিদিন প্রতিক্ষণ আকাশ নিয়ে ভাবতে হবে আমাদের সবার এবং সকলের।

প্রকাশকাল: মে ২০২৫

মে দিবসের অঙ্গীকার

আমরা শ্রমিক কুলি-মজুর আমরা সবাই সভ্য গড়ি,
মোদের কাছে মুক্তি আলো তবুও থাকি ধুলায় পড়ি।

দিবা-নিশি পরিশ্রমে ঝরাই গায়ের রক্তঘাম,
তোমরা সাজো বাবু সাহেব দাও না মোদের ন্যায্য দাম।

ধনিক, বণিক শোষণকারী রক্ত চোষে জোঁকের মতো,
থাকব না আর এমনি নিয়ে বুকের ভেতর পচা ক্ষত।

মানবো না ওই নিয়ম নীতি আমরা মানুষ এক জাতের,
পিঠ ঠেকেছে দেয়ালে তাই ভয় নেই ভয়াল রাতের।

মোদের ক্ষুধার অন্ন নিয়ে তোমরা গড়ো অট্টালিকা,
বন্ধ করো রক্তচোষা জ্বালবো এবার অগ্নিশিখা।

কুলি মজুর শ্রমিক সবাই কাড়ব এবার অধিকার,
বাঁচার মতো বাঁচাই হবে মে দিবসের অঙ্গীকার।

প্রকাশকাল: মে ২০২৫