মধুমাসের ফল

মিষ্টি রঙিন আম পেকেছে পাগল করা ঘ্রাণ,
পাকা লিচুর টসটসে রূপ মন করে আনচান।

গাছের পাকা কাঁঠাল মধুর রসালো কী স্বাদ!
খোকা-বুড়োর মনে সবার খুশির ভাঙে বাঁধ।

পাকা জামের অতুল রসে যায়রে ভরে মন
তরমুজে-বুক টুকটুকে লাল মধুর বিলক্ষণ।

গাব জামরুল লাউ আতাফল পুষ্টি গুণে মানে
কামরাঙা বেল পেঁপে ড্রাগন বেশ খেতে মন টানে।

চালতা গোলাপজাম লটকন মুখরোচক ভারি
জলপাই বেতফলের মজা ভুলতে কি আর পারি!

করমচা আর কালোজাম ও পানিতাল আঁশফল
মধুমাসের ফল শরীরের দেয় এনার্জি-বল।

মন ভাসে প্রাণ ভাসে সুখ ও আনন্দ উল্লাসে
বাগান জুড়ে ফল পেকে রয় এই না মধুমাসে।

প্রকাশকাল: মে ২০২৫