Home Blog Page 4

সবজান্তার উত্তর (অক্টোবর ২০২৬)

প্রশ্ন : ১

আসসালামু আলাইকুম প্রিয় সবজান্তা ভাইয়া। কেমন আছেন?
আশা করি ভালো আছেন। কিন্তু প্রশ্ন শোনার পরে ভালো
থাকবেন কিনা জানিনা। দেখি আপনি দাওয়াত নিতে পারেন
কিনা।
১. তোমার পিঠের ঠিক মাঝখানে মশা কামড়ালে তুমি হাত না
দিয়ে কীভাবে চুলকাবে?
২. হাই তোলার সময় চোখ বন্ধ করে মানুষ কী দেখে?
৩. অন্ধ মানুষ যখন স্বপ্ন দেখে তখন কী তারা কিছু দেখতে
পায় নাকি শুধু শোনে?
৪. মস্তিষ্ক আমাদের নিয়ন্ত্রণ করে নাকি আমরা মস্তিষ্ক নিয়ন্ত্রণ
করি?
৫. যদি আমরা আলোর গতিতে মহাকাশ ভ্রমণ করি তবে কী
আমাদের ঘড়ির সময় পুরোপুরি থেমে থাকবে?
৬. শূন্য কী কোনো সংখ্যা নাকি সংখ্যার অনুপস্থিতি?
৭. মানুষের বয়স বাড়ে নাকি কমে?
৮. পৃথিবীর সব থেকে কঠিন প্রশ্ন কোনটি? মাত্র দুই শব্দের?
দাওয়াত থাকলো। ঠিকানা?
তোমার ঠিকানা আর আমার ঠিকানা একই। আল্লাহ হাফেজ।
-মো. আব্দুল্লাহ
সপ্তম শ্রেণি, আল-হেরা ইসলামি ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ।

সবজান্তার উত্তর: ১

ওয়া আলাইকুমুস সালাম। এ কেমন
ফাঁকিবাজি দাওয়াত, হ্যাঁ? আগে
তো খাবারের মেনু পাঠাতে হয়!
১. খুব সহজ! তোমাকে বলবো
চুলকে দিতে।
২. স্বপ্নের টিজার/প্রমো দেখে।
৩. জন্মান্ধ লোক স্বপ্নে রঙিন
দেখলেই কি হবে! সে তো রঙ
চিনতে পারবে না।
৪. পরস্পর পরস্পরকে নিয়ন্ত্রণ
করে।
৫. ব্যাটারি শেষ হলে বন্ধ হয়ে
যাবে!
৬. হিসাবের সুবিধার্থে সংখ্যার
অনুপস্থিতিকে শূন্য সংখ্যা দিয়ে
চেনা হয়।
৭. বাড়ে
৮. আমি কে?

প্রশ্ন: ২

ইচ্ছে ভীষণ প্রশ্ন করি
সেই কথিত জান্তা’কে,
‘কুককুরুকু’ বই পড়েছেন?
বলুন খেতো পান্তা’কে?

কোন সে কবির শিশুকিশোর
লেখায় সেরা হাত?
বলুন বলুন কোথায় গেলে
কাটবে আঁধার রাত?

মারং-প্যাচং না করে ভাই
বলুন দেখি সোজা,
ফুলকুঁড়িরা পাঠায় খাবার
তাও থাকা হয় রোজা?

এবার বলুন ফুল বাগানের
শ্রেষ্ঠ সে কোন ফুল?
আমরা মানুষ করছি কেনো
এত্ত কিছু ভুল?

সাতখানা এই প্রশ্ন লিখে
পারছি আমি বুঝতে,
জান্তা ভায়া’র জানটা গেল
জবাবগুলো খুঁজতে!
-অগ্রপথিক আহমাদ যুবায়ের,
দশম শ্রেণী, মসজিদ মিশন একাডেমি রাজশাহী।

 

সবজান্তার উত্তর: ২
সাতখানা কোশ্চেন
লিখে তুমি ক্লান্ত!
হাবাটাও হেসে দিতো
এটা যদি জানতো!
পান্তা যে গিলে গিলে
ঝিম ধরা হয়েছো
ঘুমঘোরে দেখো নাকি
সেরা কবি বনেছো?
চলে যাও সূর্যতে
আঁধার আর রবে না
‘রাতের বেলায় যেয়ো’
তাপ তত পাবে না!
দুখ আর কাকে বলি
‘খাবার পাঠাবো’ বলে
ভুলে গেছে কতজন
এভাবে কি দিন চলে?
ফুল সেটা সেরা যার
কাঁটার পাহাড়া খুব
প্রভুর ক্ষমার আশে
লোকে পাপে দেয় ডুব।
এইবার বলি ভায়া
তুমি ভুলে যেয়ো না
মজার খাবার সব
একলাই খেয়ো না।

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

শব্দ নিয়ে কথা : ২

প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। আজকের পর্বে আমরা শব্দ নিয়ে জানার চেষ্টা করবো। বেশ আগে আমরা শব্দ নিয়ে অল্প কিছু জেনেছিলাম। চলো তাহলে শুরু করা যাক।
তোমরা অনেকেই হয়তো স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট খেলা দেখেছো। সে সময় হয়তো খেয়াল করেছো, ব্যাটার যখন বলে আঘাত করে তার কিছু সময় পরে আমরা সেই শব্দ শুনতে পাই। কেনো এমন হয়? কী মনে হয়? এমন কোনো ঘটনা কি খেয়াল করেছো অন্য কোথাও? এটা আরও বেশি বোঝা যায় বজ্রপাতের সময়। বজ্রপাতের সময় নিশ্চয়ই খেয়াল করেছো, আমরা প্রথমে আলোর ঝলকানি দেখতে পাই। এর কিছু সময় পর শব্দ শুনতে পাই। কিন্তু কেনো এমন হয়?
যদিও ব্যাট দিয়ে বলে আঘাত করার ঘটনা ও শব্দ একই সময়ে ঘটে। বজ্রপাতের সময়ও আলো এবং শব্দ একই সময়ে উৎপন্ন হয়। এখানে কারণ হচ্ছে আলো আর শব্দের বেগের পার্থক্য। আলো এক সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। তাই ঘটনা ঘটার প্রায় সঙ্গে সঙ্গেই আমরা তা দেখতে পাই। অর্থাৎ, বজ্রপাতের আলো বা ক্রিকেট বলে আঘাত করার দৃশ্য আমরা প্রায় সঙ্গে সঙ্গেই দেখতে পাই। কিন্তু শব্দের গতি আলোর মতো এত বেশি নয়। শব্দের গতি আবার মাধ্যমের ওপরও নির্ভর করে। মাধ্যম নিয়ে আমরা পরে আলাপ করবো। বাতাসে শব্দের বেগ প্রতি সেকেন্ডে প্রায় ৩৫০ মিটার। তাই বুঝতেই পারছো, স্বাভাবিকভাবেই শব্দ আলোর চেয়ে দেরিতে আমাদের কাছে পৌঁছায়।
আমরা জানি, শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। এই মাধ্যম হতে পারে কঠিন, তরল কিংবা গ্যাসীয়। বাতাস শব্দ সঞ্চালনের একটি মাধ্যম। বাতাসে শব্দের বেগ প্রায় ৩৫০ মিটার/ সেকেন্ড। এটি আবার মাধ্যমের তাপমাত্রার ওপরও নির্ভর করে। প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ প্রায় ৩৫০ মিটার/ সেকেন্ড থাকে। তাপমাত্রা কমলে বেগও কমে যায়। আবার তাপমাত্রা বাড়লে শব্দের বেগও বৃদ্ধি পায়। অন্যদিকে, সাধারণভাবে কঠিন মাধ্যমে শব্দের বেগ গ্যাসীয় মাধ্যমের তুলনায় বেশি এবং তরল মাধ্যমে তার মাঝামাঝি। তাই বাতাসে শব্দের বেগ সবচেয়ে কম, তরলে তার চেয়ে বেশি এবং কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি।
কখনো রেললাইনের পাশে গেলে খেয়াল করবে, ট্রেন আসার অনেক আগে যদি রেললাইনে কান লাগাও, তাহলে ট্রেনের শব্দ আগে থেকেই শোনা যায়। কারণ লোহার মধ্যে শব্দের বেগ প্রায় ৫,০০০ মিটার/ সেকেন্ড। তাই শব্দ বাতাসের তুলনায় অনেক দ্রুত আমাদের কানে পৌঁছে যায়। যদিও স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকলে তখনো ট্রেনের শব্দ শোনা যায় না।
একইভাবে, তোমরা তোমাদের ক্লাসেও একটি ছোট পরীক্ষা করে দেখতে পারো। কাঠে শব্দের বেগ প্রায় ৩,০০০ মিটার/ সেকেন্ড। ক্লাসের কাঠের ডেস্কের এক প্রান্তে হালকা করে টোকা দাও। দেখবে, এমনিতে শব্দটি খুব জোরে শোনা যাচ্ছে না। এবার তোমার বন্ধুকে বলো ডেস্কের অন্য প্রান্তে কান লাগিয়ে শুনতে। দেখবে, একই হালকা টোকার শব্দ সে অনেক জোরে শুনতে পাচ্ছে।
তাহলে আজ আমরা দেখলাম, মাধ্যমের ওপর শব্দের সঞ্চালন কীভাবে নির্ভর করে। শব্দ নিয়ে আরও অনেক মজার পরীক্ষা করা যায়। তোমরাও সেগুলো করে তার বিবরণ আমাদের লিখে পাঠাতে পারো।
তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

সাহসী কোয়ালা

অনেক অনেক দিন আগের কথা। অস্ট্রেলিয়ার গভীর জঙ্গলে নদীর ধারে একটি বড় গাছ ছিলো। একজোড়া কবুতর সেই গাছটিতে বাসা বানিয়েছিলো। সেখানে তাদের দুটো ছানা নিয়ে বাস করতো। ছানারা যত বড় হচ্ছিলো, তাদের তত বেশি খাবারের প্রয়োজন হচ্ছিলো। তাই একদিন মা ও বাবা কবুতর মিলে খাবারের খোঁজে বেরিয়ে গেল।

ঠিক তখনই একটি সুন্দর চড়ুই পাখি উড়ে এসে বসলো ছানাদের পাশে। ছানারা তাদের মা-বাবার বাইরে অন্য কোনো পাখিকে আগে কখনো দেখেনি, তাই ভয়ে তারা নিজেদের ডানা দিয়ে মাথা ঢেকে ফেললো অর্থাৎ তারা ভাবলো যে তারা নিজেদেরকে লুকিয়ে ফেলেছে।
চড়ুইটি বললো,‘তোমরা আমাকে দেখে ভয় পাচ্ছো কেনো? আমার নাম চড়ুই। আমারও তোমাদের মতো ছানা আছে। আমি তাদের জন্য খাবার খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছি। তোমাদের গাছের এই পোকাগুলো আমার ছানারা খুব পছন্দ করে।’
ছানারা বললো,‘তুমি কত সুন্দর! তুমি কী সুন্দর দ্রুত ডানা ঝাপটে উড়ে এলে!’
চড়ুইটি বললো,‘আল্লাহ তায়ালা আমাকে এই সুন্দর ডানা দিয়েছেন, যাতে আমি যেখানে খুশি উড়তে পারি এবং নিজেদের জন্য খাবার জোগাড় করতে পারি।’
ছানারা যখন চড়ুইয়ের সঙ্গে কথা বলছিলো, তখন হঠাৎ গাছটি কেঁপে উঠলো। ভয়ে ছানারা আবার নিজেদের ডানা দিয়ে মাথা ঢেকে ফেললো।
ততক্ষণে একটি বড় প্রাণী গাছে উঠে এলো। তার থাবাগুলো বেশ শক্তিশালী, কান দুটি চওড়া আর শরীরটি ছাই-রঙা পশমে ঢাকা। তাকে দেখতে বেশ মিষ্টি আর দয়ালু মনে হচ্ছিলো।
সে ছানাদের দিকে তাকিয়ে বললো,‘ভয় পেয়ো না, তোমরা তো আমার খাবার নও।’
ছানারা অবাক হয়ে জিজ্ঞেস করলো,‘আমরা তো লুকিয়ে ছিলাম, তুমি আমাদের দেখলে কীভাবে?’
কোয়ালাটি হেসে বললো,‘তোমরা তো শুধু মাথা লুকিয়েছিলে, কিন্তু শরীর তো বাইরেই ছিলো! মিষ্টি ছানারা, আমার নাম কোয়ালা। আমি এক ধরনের গাছ-ভাল্লুক। আমি তোমাদের প্রতিবেশী, পাশের গাছেই আমার পরিবার নিয়ে থাকি।’

ছানারা বললো,‘তুমি কত ভাগ্যবান! তুমি যেখানে খুশি যেতে পারো।’
কোয়ালা বললো,‘কিন্তু আমাদের মতো যাদের ডানা নেই, তারা তো তোমাদের মতোই পাখি হতে চায়। আমরা নীল আকাশে উড়তে চাই। আল্লাহ তায়ালা তোমাদের ওড়ার মতো বড় উপহার দিয়েছেন। বড় হওয়ার জন্য ধৈর্য ধরো, তাড়াহুড়ো করো না। তোমরাও একদিন তোমাদের বাবা-মায়ের মতো আকাশে উড়তে পারবে।’

এমন সময় কোয়ালা দেখলো, একটি ঈগল পাখি ছানাগুলোকে শিকার করার জন্য তেড়ে আসছে। কোয়ালা চিৎকার করে বললো, ‘বিপদ! বিপদ!’ এবং দ্রুত ছানাদের বাসার ওপর ঝাঁপিয়ে পড়লো। সে তার ধারালো থাবা দিয়ে ঈগলটিকে আঘাত করতে লাগলো যাতে তাকে দূরে সরিয়ে দেওয়া যায়। এমন ভয়ানক দৃশ্য দেখে চড়ুইটি দ্রুত উড়ে গিয়ে মা ও বাবা কবুতরকে খবর দিলো, ‘তোমাদের ছানারা বিপদে পড়েছে, তাড়াতাড়ি এসো!’ মা কবুতর এবং কোয়ালা মিলে অনেক কষ্টের পর শিকারি পাখিটিকে তাড়িয়ে দিলো। কোয়ালা কিছুটা আহত হয়েছিলো, কিন্তু প্রতিবেশীর সন্তানদের বাঁচাতে পেরে খুবই খুশি ছিলো।

মা কবুতর চড়ুই পাখিটিকে এবং কোয়ালাকে তাদের ছানাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানালো এরপর কোয়ালার সাহসিকতার গল্প পুরো জঙ্গলে ছড়িয়ে পড়লো এবং সবাই তাকে ‘সাহসী কোয়ালা’ বলে ডাকতে লাগলো।

আমাদের গল্প শেষ হলো, ঈগল তার কুটিল উদ্দেশ্য সফল করতে পারলো না। সবশেষে বলতে হয়, সাহসী কোয়ালার সততা আর বীরত্বই জয়ী হলো।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

হারিয়ে যাওয়া দৈত্য

চিড়িয়াখানায় হাতি দেখেছো নিশ্চয়ই। অনেকে চিড়িয়াখানার বাইরেও কখনো কখনো হাতি দেখে থাকতে পারো। আচ্ছা, আচমকা কোনো বিশাল হাতি যদি তোমার সামনে এসে পড়ে, তোমার কেমন ভয় লাগবে বলো তো চিন্তা করো তাহলে, এই হাতির সামনে পড়েই যদি এত ভয় পাও, তাহলে হাতির চাইতে আরও অনেক অনেক বড় ডাইনোসরের সামনে পড়লে কী অবস্থাই না হতো। কিন্তু ডাইনোসর তো অনেক আগের সময়ের ব্যাপার। পৃথিবীর কোনো মানুষই আসলে ডাইনোসর সরাসরি দেখেনি। কারণ পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ার বেশ আগেই সব ডাইনোসর মারা গিয়েছিলো। এখন তোমার মনে প্রশ্ন জাগছে না, ডাইনোসর যদি কেউ না-ই দেখে থাকে, তাহলে তাকে নিয়ে এত গল্প আসলো কীভাবে? আজ আমরা এই ডাইনোসর নিয়েই বিভিন্ন কিছু জানার চেষ্টা করবো। ডাইনোসর শব্দের মানে জানো? এটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার সহজ বাংলায় অর্থ হচ্ছে ভয়ঙ্কর গিরগিটি। ডাইনোসর দেখতে কিন্তু তেমন ভয়ঙ্কর ছিল না বলেই মনে করা হয়। তবে যে কোনো প্রাণী আকারে অনেক বড় হলে যত কিউট, নাদুস নুদুসই হোক, দেখতে একটু ভয়ভয়ই লাগে। আর গিরগিটি বলা হলেও এগুলো আসলে গিরগিটি না, বরং একই ধরনের প্রাণী, যাদের সরিসৃপ বলা হয়। আমাদের পরিচিত কুমির, সাপ, কচ্ছপ, গিরগিটি ইত্যাদি সরিসৃপ প্রজাতির অন্তর্ভুক্ত। এরা বেশিরভাগ ডিম দেয় এবং তাদের শরীর সাধারণত আঁশে ঢাকা থাকে। ডাইনোসর অন্যান্য সরিসৃপগুলো থেকে একটু আলাদা ছিল। এদের পা ছিল বুকের সোজা নিচের দিকে, এর ফলে এগুলো বেশি ওজন বহন ও দক্ষভাবে দৌড়াতে পারতো।

ডাইনোসরদের নিয়ে আলাপ শুরু করার আগে একটা বিষয় মনে রাখা জরুরি। ডাইনোসর নিয়ে আমরা যত আলাপই করবো, সবটাই কিন্তু কোটি কোটি বছর আগের কথা। তখনকার কোনো ছবি, ভিডিও তো দূরে থাক, কোনো কাগজে লেখা বা পাথরে খোদাই করা কোনো কিছুই কিন্তু আমরা পাইনি। আমাদের ডাইনো মহাশয়দের নিয়ে জ্ঞানের প্রায় পুরোটায় দাঁড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া ডাইনোসরদের ফসিল থেকে। ফসিল মানে জানো? এই যে আমরা কোটি কোটি বছর আগের কোনো প্রাণীর কথা বলছি, তার মৃত্যুর পর তার মৃতদেহ তো পৃথিবীর বুকেই ছিলো। এরপর ধীরে ধীরে তা মাটি বা বালির নিচে চাপা পড়ে যায়। আর ধীরে ধীরে সেই প্রাণীর হাড়সহ বিভিন্ন অংশ মাটির নিচেই পাথরের মতো শক্ত হয়ে যায়। এগুলোকেই ইংরেজিতে ফসিল বা বাংলায় জীবাশ্ম বলা হয়। এভাবে মাটির নিচে চাপা পড়া অবস্থায় শুধু যে হাড় পাওয়া যায়, এমন কিন্তু না। সেখানে ডিম, দাঁত, পায়ের ছাপ, শরীরের ছাপ ইত্যাদি থাকতে পারে। আর এগুলো সবকিছুই বিজ্ঞানীদের গবেষণার কাজে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

ফসিলের বয়স অধিকাংশ ক্ষেত্রে একেবারে সুনির্দিষ্ট করে বলা যায় না। তাই বিজ্ঞানীরা এর আনুমানিক কত লক্ষ বা কোটি বছর হিসেবে বলে থাকেন। এ নিয়ে একটা মজার জোকস শোনা যাক এবার। জাদুঘরে একজন ঘুরতে গিয়ে একটা ফসিল দেখে ওখানকার স্টাফকে জিজ্ঞেস করলো, এই ফসিলের বয়স কত? তখন ঐ স্টাফ বললো, ২৫ লক্ষ ২ বছর ৩ মাস। দর্শনার্থী, মানে যিনি ঘুরতে গেছেন, উনি একটু অবাক হলেন। এত স্পেসিফিক কীভাবে বলা সম্ভব? তখন ঐ স্টাফ বললো, আমি যখন এখানে জয়েন করেছিলাম তখন আমাদের স্যার বলেছিলেন এর বয়স ২৫ লক্ষ বছর। আমি জয়েন করেছি তো ২ বছর ৩ মাস হলো। তাই এর বয়স ২৫ লক্ষ ২
বছর ৩ মাস।

কি একটা অবস্থা! যাইহোক, চলো, শুরু থেকেই শুরু করা যাক। অর্থাৎ, ডাইনোসরের শুরু থেকে। ধারণা করা হয়, প্রায় ২৩-২৪ কোটি বছর আগে ডাইনোসরের আবির্ভাব ঘটেছিলো। তখন পৃথিবীতে অনেকগুলো বিশাল বিশাল প্রাণীর বসবাস ছিলো। তারা নিজেরা নিজেরা মারামারি সংঘাতে লেগে ছিলো। এরপর প্রায় ২০ কোটি বছর আগে সংগঠিত হয় এক প্রাকৃতিক পরিবর্তন। এর ফলে পৃথিবীর বড় বড় প্রাণীদের অধিকাংশ প্রজাতি ধ্বংস হয়ে যায়। কিন্তু ডাইনোসর এই ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যায়। ধারণা করা হয়, তাদের সোজা পায়ের গঠন আর উন্নত ফুসফুসের কারণে তারা বেঁচে গিয়েছিলো। আর এ সময়ের পর থেকেই ধীরে ধীরে ডাইনোসর হয়ে উঠে
পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী আর প্রভাবশালী প্রাণী। ঐ সময় পৃথিবীর সবগুলো মহাদেশ সংযুক্ত ছিলো, যাকে একত্র প্যানজিয়া বলা হয়। তো এ কারণে সারা পৃথিবীতে ডাইনোসর ছড়িয়ে পড়তে পেরেছিলো এবং পৃথিবীর সব মহাদেশে, এমনকি এন্টার্কটিকাতেও ডাইনোসরের ফসিল পাওয়া গেছে।

শুরুর দিকে অবশ্য ডাইনোসরের সাইজ এত বড় ছিল না। তখন ডাইনোসর ছিল মাত্র ৯-১০ কেজির মতো ওজনের, ধরো একটি বিড়ালের সাইজের মতো। ধীরে ধীরে অনুকূল পরিবেশের ফলে ডাইনোসরের আকার আর প্রজাতি বাড়তে থাকে। ডাইনোসরের আকার ধীরে এত বড় হয় যে, এরা ভূপৃষ্ঠের সবচেয়ে বড় প্রাণীতে পরিণত হয়। আর প্রজাতি? আমরা তো সাধারণত শুধু ডাইনোসর নামেই চিনি। কিন্তু বিজ্ঞানীরা তাদের অন্তত ১ হাজারের বেশি প্রজাতি ছিলো বলে ধারণা করেন। এরমধ্যে দেখে সহজে আলাদা করা যায়, এমন প্রজাতি যেমন ছিলো, আবার সহজে আলাদা করা যায় না, এমনও ছিলো।
ডাইনোসরের এই সবগুলো প্রজাতি কিন্তু আকার, খাদ্যাভাস ইত্যাদিতে একরকম ছিল না। কিছু ডাইনোসর ছিল যারা তৃণভোজী, এরা মাংস খেত না। আর মাংসাশী বা মাংস খেয়ে জীবনধারণ করতো, এমন ডাইনোসর তো ছিলই। ডাইনোসরদের মধ্যে কিছু ছিল আকারে বেশ ছোট, এমনকি মুরগির চেয়েও ছোট। যেমন- মাইক্রোর‍্যাপটর, এগুলো ছিল ওজনে ১ কেজিরও কম, আর লম্বায় ছিল ২.৫ ফুটের মতো। আর যেগুলো বিশাল বড় ছিল? এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ডাইনোসরদের মধ্যে সবচেয়ে বড় প্রজাতিটির নাম হলো আর্জেন্টিনোসরাস, আর্জেন্টিনায় এদের ফসিল প্রথম পাওয়া যায় বলেই এই নাম। এদের আকার ছিল সত্যি সত্যি দানবীয়, লম্বায় প্রায় ১৩০ ফুট। এটা কতটুকু লম্বা সেটা বুঝার জন্য একটু ধারণা দেই। রাস্তায় বাস দেখো না? এরকম ৪-৫টা বাস একের পর এক রাখলে এমন দৈর্ঘ্য হয়। আর ওজন? এই ডাইনোসরগুলোর ওজন হতো প্রায় ১০০ টন, যা প্রায় ১০টা হাতির ওজনের চেয়েও বেশি। এদিক থেকে এটা বলে দেয়া যায় যে, স্থলভাগে এ পর্যন্ত যত প্রাণীর জন্ম হয়েছে বলে তথ্য পাওয়া গেছে, তার মধ্যে ডাইনোসর সবচেয়ে বড়। তবে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী একে মনে করিও না। এই তকমা নীলতিমির জন্যই বরাদ্দ।

ডাইনোসরের ব্যাপারে আমরা আগেই জেনেছি এগুলো এক ধরনের সরিসৃপ, যারা ডিম দেয় এবং তা থেকে বাচ্চা ফুটায়। সবগুলো ডাইনোসরের জন্মই এভাবে। এই ডিম নিয়ে একটা মজার তথ্য আছে। ডাইনোসর একসাথে অনেকগুলো ডিম পাড়তো। কারণ ছিল, শিকারীদের হাতে পড়ে কিছু ডিম নষ্ট হলেও যেন তার কোনো বাচ্চা বেঁচে থাকে। ইয়া বড় ডাইনোসরদের ডিমগুলো কিন্তু ইয়া বড় ছিল না। অবশ্য সর্বোচ্চ ২ ফুট ব্যাসের এই ডিমগুলোকে একেবারে ছোটও বলা যায় না। এক্ষেত্রে টাইপভেদে ডিমগুলোও অন্তত ২ রকম হতো। কিছু ডিম হতো লম্বাটে, আর বাকিগুলো হতো গোল গোল।
আর যেকোনো প্রাণীর বাচ্চারা সাধারণভাবে যেমন দেখতে কিউট হয়, ডাইনোসরের বাচ্চারাও নাকি এরকম কিউট ছিল। ডাইনোসরদের সুখে শান্তিতে দিন কাটানোর মাঝেই একদিন ঘটে গেলো এক মহাদুর্যোগ। প্রায় ৬ কোটি ৬০ লক্ষ বছর আগের কথা। মহাকাশ থেকে ছুটে আসা প্রায় ১৫ কিলোমিটার ব্যাসের এক বিশাল গ্রহাণু এসে আঘাত হানে পৃথিবীর বুকে। গতির ঝড়ে প্রায় অগ্নিগোলকে রূপান্তরিত হয়ে এটি যখন মেক্সিকোয় আঘাত করলো, তখন পুরো পৃথিবী জুড়ে এমন প্রতিক্রিয়া হলো, যেন হাজার হাজার পারমাণবিক বোমা একসাথে পৃথিবীতে হামলা করেছে। এরই কারণে পৃথিবীতে যে ব্যাপক পরিবর্তন হয়, তাতে একটি প্রজাতি ছাড়া অন্য ডাইনোসরগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়।

বন্ধুরা, ডাইনোসর কিন্তু এখনো আছে। এমনকি নিয়মিত এদের সাথে আমাদের দেখাও হয়। কী, অবাক হলে? অবাক করা ব্যাপার হলেও এটা সত্য। বিজ্ঞানীরা মনে করেন, আমাদের পৃথিবীতে যে অজস্র প্রজাতির পাখি আছে, তারা আসলে ডাইনোসরেরই উত্তরসূরী। আরও স্পেসিফিক করে বললে তারা মাংসাশী ডাইনোসরদের উত্তরসূরি। মহাদুর্যোগের সময় যেসব ডাইনোসর বেঁচে গিয়েছিল, সেগুলোই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে আকার, খাদ্যাভ্যাস ইত্যাদির পরিবর্তন ঘটায় এবং পৃথিবীর বুকে বেঁচে থাকে।
বন্ধুরা, এই সুন্দর পৃথিবীটা একেবারে ক্ষণস্থায়ী একটা জায়গা। বিশাল ডাইনোসর বলি, কিংবা ছোট যে কোনো প্রাণী, এখানে কেউই স্থায়ী থাকতে পারে না। আমরা মানুষদের বেলাতেও একই কথা, আমরাও এখানকার স্বল্পকালীন অধিবাসী। এখানে অহংকার করা, মানুষের ক্ষতি করা, মিথ্যা বলে বিভ্রান্ত করা ইত্যাদি কি উচিৎ? মোটেও না। আমরা যেন এখানে সবার জন্য উপকারী, ভালো কাজের সহযোগী হতে পারি, এ চেষ্টাই যেন করি।

তোমাদের সবার জন্য অনেক দোয়া ও শুভেচ্ছা।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

জোনাকি

ও জোনাকি! ও জোনাকি!
কই পেলে এই আলো?
আঁধার রাতে মিটমিটিয়ে
থোকায় থোকায় জ্বালো।

উঠান কোণে লেবুর তলে
যেই না বসো এসে,
হলদে আবির গায়ে মেখে
খিলখিলিয়ে হেসে।

হাসিতে যে মুক্তা ঝরে
আঁধার রাতের বুকে,
ইচ্ছে করে তোমার মতো
থাকি আমি সুখে।

আমি তোমার বন্ধু হবো
নেবে তোমার সাথে?
দু’জন মিলে গল্প করবো
তারা ভরা রাতে।

দেবে তোমায় ছুঁতে একটু
ঝলমলে ‍ওই রূপ
ও জোনাকি! লজ্জা পেলে?
আছো কেনো চুপ।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

শ্রাবণ মেয়ে

রাগ করেছে শ্রাবণ মেয়ে
গুমরে গুমরে ডাকে
যাবে না ফের শ্বশুর বাড়ি
বলছে কেঁদে মাকে।

আঁধার কালো শাড়ি পরে
ঘোমটা মেলে ধরে
অভিমানে ঝলকে ওঠে
গম্ভীরা গড় গড়ে।

বছর ঘুরে বাবার বাড়ি
এসেছে আহ্লাদে
মা জননী আঁচল ধরে
থেকে যেতে সাধে।

কান্না থামাও কান্না থামাও
ওগো শ্রাবণ মেয়ে
পথপাথার ঐ ডুবছে দেখো
চলছি নৌকা বেয়ে।

না যদি চাও যেতে বাড়ি
থাকো ঋতু জুড়ে
মায়ার বাঁধন ঘোমটা টেনে
মেঘের শাড়ি ছুঁড়ে।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬