শ্রাবণ মেয়ে

রাগ করেছে শ্রাবণ মেয়ে
গুমরে গুমরে ডাকে
যাবে না ফের শ্বশুর বাড়ি
বলছে কেঁদে মাকে।

আঁধার কালো শাড়ি পরে
ঘোমটা মেলে ধরে
অভিমানে ঝলকে ওঠে
গম্ভীরা গড় গড়ে।

বছর ঘুরে বাবার বাড়ি
এসেছে আহ্লাদে
মা জননী আঁচল ধরে
থেকে যেতে সাধে।

কান্না থামাও কান্না থামাও
ওগো শ্রাবণ মেয়ে
পথপাথার ঐ ডুবছে দেখো
চলছি নৌকা বেয়ে।

না যদি চাও যেতে বাড়ি
থাকো ঋতু জুড়ে
মায়ার বাঁধন ঘোমটা টেনে
মেঘের শাড়ি ছুঁড়ে।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬