Home Blog Page 3

আমার দেখা ফুলকুঁড়ি

বায়ান্নটি বছর ধরে
আলো ছড়ায় ঘরে ঘরে।

ছোট্ট শিশুর মুখে হাসি,
ফুলকুঁড়িকে ভালোবাসি।

সত্য-ন্যায়ের পথে চলে,
জ্ঞানের প্রদীপ তারা জ্বালে।

গড়বে তারা নতুন দেশ,
নেইকো ক্লান্তি, নেইকো শেষ।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

ঘুমের কষ্ট

সবাই শুধু বন্ধু প্রিয়
কিন্তু কী যে হায়
সকাল বেলার ঘুমটা আমার
শত্রু হয়ে যায়।

ঘুমে থাকায় যে সুখ আছে
সে সুখ সবাই চায়
আম্মু আমার ঘুমটা ভেঙে
কী সুখ বলো পায়?

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

ফুলকুঁড়ি

ফুলকুঁড়ি, ফুলকুঁড়ি গাই জয়গান,
নির্মল পৃথিবীর অবারিত প্রাণ।
পাঞ্জেরী হবো মোরা আগামী দিনের,
বিশ্বজয়ের নেশা হৃদয়ে মোদের।

ফুলকুঁড়ি, ফুলকুঁড়ি ঘাসে ফোটা ফুল,
হাসনাহেনা আর চামেলি বকুল।
স্নিগ্ধ পরশ মাখা কচিকাঁচা প্রাণ,
স্বর্ণালি প্রভাতের গাই জয়গান।

ফুলকুঁড়ি, ফুলকুঁড়ি সুবাসিত সুর,
চাঁদের কিরণ মাখা আলোকিত নূর।
প্রভাতে ঊষার পানে ছুটে চলা মুখ,
প্রত্যয় আগামীর প্রসারিত বুক।

ফুলকুঁড়ি, ফুলকুঁড়ি হাতে আঁকা চিত্র,
মা মাটি মানুষের অবারিত মিত্র।
ছুটে এসো ফুলকুঁড়ি ঝড়ের বেগে,
আগামীর পৃথিবী খোঁজে তোমাকে ।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের কেলেঙ্কারি : কেলেঙ্কারির বিশ্বকাপ

বিশ্বকাপ তো গতমাসেই শেষ। তবু যেন কাটছে না এর রেশ! কী? তোমাদেরও কি এমনই অবস্থা?

যাই হোক। এবারের গল্পগুলো কিন্তু একটু অন্যরকম। বিশ্বকাপের মন্দ ঘটনাগুলো নিয়েই হবে এবারের আয়োজন।

তোমরা তো জানোই যে, বিশ্বকাপ জয়ী দেশের সংখ্যা মাত্র ৮টি : ব্রাজিল, জার্মানি, ইতালি, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও উরুগুয়ে। এদের প্রত্যেকেরই কোনো না কোনো বিতর্কিত ঘটনা বা কেলেঙ্কারি রয়েছে। যদিও সব অভিযোগ সমানভাবে প্রমাণিত নয়। কিছু ঘটনা রেফারিং বিতর্ক, কিছু খেলোয়াড়ের আচরণ, আবার কিছু রাজনৈতিক বা ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগ, যার সবগুলোর চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু, এ ঘটনাগুলো জেনে আনন্দ পেলে কার কী ক্ষতি!

উরুগুয়ে : কথিত আছে যে, বিশ্বকাপের প্রথম আসরে ফাইনালে স্বাগতিক উরুগুয়ের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা।
প্রথম আসর হওয়াতে কিছু মজার মজার ঘটনা ঘটেছিলো। এই ধরো, আর্জেন্টিনা ও উরুগুয়ে দুই দলই নিজেদের বল নিয়ে এসেছে। এখন ঝামেলা বেঁধেছে যে কাদের বল দিয়ে খেলা হবে! বোঝো ব্যাপারটা!
তো প্রথমার্ধে আর্জেন্টিনার বল দিয়ে খেলা হয়। যেখানে আর্জেন্টিনা ২-১ গোলে এগিয়ে থাকে।
আর দ্বিতীয়ার্ধে উরুগুয়ের বল দিয়ে খেলা হয়। উরুগুয়ে ৪-২ গোলে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়ে যায়।
কিন্তু আর্জেন্টিনা পরে অভিযোগ করে যে, ফাইনাল ম্যাচের আগে তাদের দলের খেলোয়াড়দের মৃত্যু হুমকি দেয়া হয়েছিলো! পাশাপাশি মাঠে নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল ৩০০ জন বেয়নেট সজ্জিত পুলিশ! যা তাদের স্বাভাবিক ম্যাচ খেলতে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলো!
কিন্তু, বিশ্বকাপ যার নেয়ার সে তো নিয়েই গেছে!

জার্মানি : জার্মানির ইতিহাসে অন্যতম কেলেঙ্কারির মধ্যে একটি ছিল ১৯৫৪ সালের ডোপিং।
ফাইনালে অপরাজেয় হাঙ্গেরিকে হারিয়ে জার্মানির প্রথম শিরোপা জয়ের পেছনে পরবর্তীতে ডোপিংয়ের মারাত্মক অভিযোগ ওঠে।
ম্যাচের পর জার্মানির ড্রেসিংরুমের নিচে ব্যবহৃত সিরিঞ্জ পাওয়া যায়, যা খেলোয়াড়দের ইনজেকশন দেওয়ার প্রমাণ হিসেবে চিহ্নিত হয়।
১৯৮২ বিশ্বকাপে জার্মানি-অস্ট্রিয়া ম্যাচ ছিল তাদের কেলেঙ্কারি ইতিহাসের অন্যতম ঘটনা। যা Disgrace of Gijón নামে বিখ্যাত হয়ে আছে।
ম্যাচের আগেও সমীকরণ এমন ছিল যে পশ্চিম জার্মানি ১-০ গোলে জিতলে দুই দলই পরের রাউন্ডে যাবে। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া উভয় দলই ইচ্ছাকৃতভাবে ফলাফল ঠিক রাখে, বলতে পারো ম্যাচ ফিক্স করে নেয় আরকি। যেখানে প্রথম ১০ মিনিটে জার্মানি ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দুই দলই আর গোল বা আক্রমণের চেষ্টাই করেনি, যাতে উত্তর আফ্রিকা থেকে আসা আলজেরিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
এই ঘটনার পরই FIFA নিয়ম পরিবর্তন করে ১৯৮৬ সাল থেকে গ্রুপের শেষ দুই ম্যাচ একই সময়ে শুরু করার নিয়ম চালু হয়।

ব্রাজিল : ২০০২ বিশ্বকাপে কিংবদন্তি রিভালদোর অভিনয়ের জন্য জরিমানা দেয়া ছিল ব্রাজিল দলের অন্যতম একটি ঘটনা।
তুরস্কের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে রিভালদোর গায়ে বল লাগলেও তিনি মুখে আঘাত পাওয়ার ভান করে মাটিতে লুটিয়ে পড়েন, ফলে তুর্কি খেলোয়াড় অন্যায়ভাবে লাল কার্ড পান।
কিন্তু পরবর্তীতে দেখা যায় যে, রিভালদোর পুরোটাই ছিলো অভিনয়। এজন্য তাকে জরিমানা দিতে হয়।
অভিনয় অবশ্য পরবর্তীতে আরও অনেকেই করেছে, কিন্তু জরিমানা দেয়ার প্রয়োজন পড়েনি!

ফ্রান্স : ফ্রান্সের ইতিহাসে অন্যতম বিতর্কিত ঘটনা ছিলো ২০০৬ সালে ফ্রান্স-ইতালি ফাইনাল ম্যাচে জিনেদিন জিদানের হেডবাট।
ম্যাচের ৭ মিনিটেই পেনাল্টি পেয়েছিলো ফ্রান্স। জিদানও তার বিখ্যাত পেনাল্টি গোল করে।
ওদিকে মার্কো মাতেরাজ্জিও ১৯ মিনিটে গোল করে ইতালিকে সমতায় ফেরায়।
নির্ধারিত সময়ে খেলা ড্র হলে অতিরিক্ত সময়ে যায়। ১১০ মিনিটে জিনেদিন জিদানের বোনকে নিয়ে বাজে মন্তব্যের কারণে জিদান মার্কো মাতেরাজ্জির বুকে মাথা দিয়ে গুতা দেয়। ফলে রেফারির লাল কার্ডে মাঠ ছাড়তে হয় জিদানকে।
পরবর্তীতে টাইব্রেকারে ৫-৩ গোলের পরাজয় বরণ করতে হয় ফ্রান্সকে।

আর্জেন্টিনা : শেষটা আর্জেন্টিনাকে দিয়েই হোক!
সময়টা ১৯৭৮। ফাইনালে উঠতে পেরুকে হারাতে হবে আর্জেন্টিনার। সমীকরণটাও জটিল ছিল, মানে ৪-০ গোলে জিততে হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে আর্জেন্টিনা ম্যাচটি জিতে যায় ৬-০ গোলে।
এতেই বাঁধে যত বিপত্তি। শুরু হয় নানা অভিযোগ, অপবাদ।
তৎকালীন স্বৈরাচারী সামরিক শাসক জেনারেল হোর্হে ভিদেলার অধীনেই আর্জেন্টিনাতে বিশ্বকাপ আয়োজন করা হয়েছিলো। তাই স্বাভাবিকভাবেই অভিযোগ রয়েছে আর্জেন্টিনা পেরুর সরকারকে শস্য ও অর্থনৈতিক সহায়তা দিয়ে ম্যাচটি নাকি কিনে নিয়েছিল!
এরপরে ১৯৮৬ বিশ্বকাপ – কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয় ইংল্যান্ডের। সে ম্যাচে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা হাতের ছোঁয়াতে গোল করে। রেফারির চোখ এড়িয়ে হাত দিয়ে দেয়া গোলের মাধ্যমে ঘুরে যায় ম্যাচের ফলাফল। আর্জেন্টিনা ২-১ গোলে জয় পায়।
আর্জেন্টিনা সমর্থকেরা হাত দিয়ে করা সেই বিখ্যাত গোলটিকে ‘Hand of God’ বলে এখনও সেলিব্রেশন করেন!
তারপরের ঘটনা ১৯৯০ বিশ্বকাপ – ফর্মের বিচারে সেবার ব্রাজিল এগিয়েই ছিলো। গ্রুপ পর্বের ম্যাচগুলো জিতে এসেছে। অন্যদিকে আর্জেন্টিনা কোনোমতে গ্রুপ পর্ব শেষ করে এসেছিলো।
মিডফিল্ডে দুই ব্রাজিলিয়ান দুঙ্গা ও অ্যালেমাওর দাপটে বলই পাচ্ছিলো না আর্জেন্টিনা। অবশ্য ব্রাজিলও গোলের দেখা পাচ্ছিলো না বাজে ফিনিশিংয়ের জন্য।
এদিকে ম্যারাডোনা ব্রাজিলিয়ান লেফট ব্যাক ব্রাংকোকে এড়িয়ে যেতে পারছে না। দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন মিডফিল্ডার পেদ্রো ত্রগলিও আহত হলে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। তারপরে আবার শুরু হলে হঠাৎ খেলার দৃশ্যপট বদলে যায়। ব্রাংকোকে দেখে আর স্বাভাবিক মনে হচ্ছে না। কেমন যেন এলোমেলো হয়ে গেছে। যেখানে ম্যারাডোনা পুরো ম্যাচে স্পেস পায়নি, সেখানে এখন খুব সহজেই ব্রাংকোকে ক্রস করতে পারছে। ম্যারাডোনার এসিস্টে ক্লদিও ক্যানিজিয়া গোল আদায় করে ফেলে। ব্রাজিল ম্যাচটি হেরে যায় ১-০ গোলে।
মূল বিতর্কটা শুরু হয় ম্যাচ শেষ হওয়ার পরে। ব্রাংকো ম্যাচ শেষে দাবি করেন, দ্বিতীয়ার্ধে খেলা যখন কিছুক্ষণের জন্য বন্ধ ছিলো, তখন তিনি নাকি আর্জেন্টিনার ফিজিও মিগুয়েল ডি লরেঞ্জোর কাছ থেকে এক বোতল পানি নিয়ে পান করেছিলেন আর সেটার পরেই নাকি তার মাথা ঝিমঝিম করছিলো এবং তিনি অসুস্থতা বোধ করছিলেন!
সেই ঘটনার পনেরো বছর পর ২০০৫ সালে ম্যারাডোনা আর্জেন্টিনার এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেন যে, সেদিন ব্রাংকোকে দেওয়া পানিতে আসলেই তারা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন! এরপরে সাংবাদিকরা ছুটে যান ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করা কার্লোস বিলার্দোর কাছে। এই প্রশ্নের উত্তরে বিলার্দো বলেন, ‘আমি কিছু জানি না এ ব্যাপারে, তবে আমি এটাও বলছি না যে এরকম কোনো ঘটনা ঘটেনি!’
এটাই সেই বহুল সমালোচিত Holy Water Scandal হিসেবে পরিচিত!

তাহলে, আজ এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে, অন্য কোনো পর্বে! টা টা।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

স্টিক মাস্টার

খেলার ধরন : একক
বয়স : ৮-১৫ বছর
সময় : ১০-১৫ মিনিট
খেলার উপকরণ : চিকন প্লাস্টিক/বাঁশ/কাঠের স্টিক ২৫-৩০টি
(সদস্য সংখ্যা অনুযায়ী কম-বেশি করা যাবে)

বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম অল্প জায়গায় বসে খেলার মতো দারুণ একটি মজার খেলা। এই খেলায় প্রয়োজন হবে মনোযোগ, ধৈর্য ও হাতের নিখুঁত নিয়ন্ত্রণ। খেলার জন্য কলমের মতো চিকন ২৫-৩০টি প্লাস্টিক, বাঁশ বা কাঠের স্টিক প্রয়োজন হবে। ৩-৪ জন সদস্য হলে খেলাটি বেশ জমবে।

খেলার নিয়ম :
প্রথমে সবাই হাতে একটি করে স্টিক নিয়ে কাছাকাছি গোল হয়ে বসবে এবং খেলার ক্রম ঠিক করে নেবে।
এবার পরিচালক স্টিকগুলো একসঙ্গে এক মুঠোয় ধরে সোজাভাবে মাটির ওপর ছেড়ে দেবে। স্টিকগুলো এলোমেলোভাবে পড়ে থাকার পর প্রথম সদস্য নিজের হাতে থাকা স্টিক দিয়ে ছড়িয়ে থাকা স্টিকগুলো পরস্পর থেকে এমনভাবে আলাদা করবে যাতে অন্য কোনো স্টিক নড়ে না যায়। যদি অন্য কোনো স্টিক নড়ে যায়, তাহলে তার পালা শেষ হবে এবং নড়ে যাওয়া স্টিক দ্বিতীয় সদস্য পাবে। আর যদি কোনো স্টিক না নড়িয়ে সফলভাবে সরাতে পারে, তাহলে সেটি সে নিজের কাছে রেখে আবারও একটি স্টিক আলাদা করার সুযোগ পাবে।

এভাবে পর্যায়ক্রমে খেলা চলতে থাকবে। কেউ সফলভাবে স্টিক সরাতে পারলে আবারও চেষ্টা করবে, আর স্টিক নড়ে গেলে পরবর্তী সদস্য সুযোগ পাবে। সবশেষে যার কাছে সবচেয়ে বেশি স্টিক জমা হবে, সেই হবে বিজয়ী।

খেলার শিক্ষা:
এই খেলাটি শিশুদের মনোযোগ, ধৈর্য ও সূক্ষ্ম হাতের নিয়ন্ত্রণ বাড়াতে সহায়তা করে এবং ধৈর্য ধরে নিজের লক্ষ্য অর্জনের অভ্যাস গড়ে তোলে।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

ক্রেডিট কার্ডের গাণিতিক ফাঁদ : ১৬ ডিজিটের আসল রহস্য

আচ্ছা বন্ধুরা, কেমন হতো যদি যেকোনো ১৬টা এলোমেলো নাম্বার পাশাপাশি বসালেই একটা খাঁটি জাদুকরী ক্রেডিট কার্ড হয়ে যেতো? আর সেটা দিয়ে দোকানে গিয়ে তোমার পছন্দমতো খেলনা, চকলেট, জামাকাপড় যা ইচ্ছা কিনে ফেলতে পারতে? কী! শুনেই কি চোখ দুটি বড় বড় হয়ে গেল? মনের ভেতরে লুকিয়ে থাকা পূরণ না হওয়া রঙিন শখগুলো ডানা মেলতে শুরু করেছে, তাই না?
কিন্তু আহা! সরি ভাইয়া/আপু, চাইলেই কিন্তু যেকোনো ১৬ সংখ্যার কার্ড কাজ করবে না! আসল সত্যটা শুনে কি তোমার শখের লাল-নীল বেলুনটা হঠাৎ টিপ করে চুপসে গেল? আচ্ছা যাও, তোমাকে আনলিমিটেড টাকা খরচের উপায় বা জাদুমন্ত্র শেখাতে না পারলেও, কেনো যেকোনো ১৬ সংখ্যার নম্বর ভ্যালিড হয় না সেই মজার পেছনের বৈজ্ঞানিক আর ব্যাংকের গোপন রহস্যগুলো তো বলে দিতে পারি! চল, খুব সহজে ৩টি মজার পয়েন্টে আসল রহস্যটা জেনে নেওয়া যাক।

১. সংখ্যার জাদুকরী ধাঁধা (অ্যালগরিদমের খেলা)
কার্ডে থাকা ১৬টি সংখ্যা কিন্তু লটারির মতো এমনি এমনি বসিয়ে দেওয়া হয় না! এগুলোর ভেতরে লুকিয়ে থাকে চমৎকার এক গাণিতিক ধাঁধা, যাকে বলা হয় ‘লুন অ্যালগরিদম’ (Luhn Algorithm). বিষয়টা কেমন?
মনে করো, গণিতের একটা বিশেষ নিয়ম বানিয়ে দেওয়া হলো কার্ডের বিজোড় নম্বরগুলোকে দুই দিয়ে গুণ করে, তারপর সব সংখ্যা যোগ করলে শেষ যোগফলটা অবশ্যই ১০ দিয়ে ভাগ হতে হবে! তুমি যদি নিজের মনের মতো ১৬টি সংখ্যা বসিয়ে দাও, তবে ৯৯% সম্ভাবনা হলো সেই সংখ্যাগুলো এই বিশেষ গাণিতিক নিয়ম বা ধাঁধা মেলাতে পারবে না। আর দোকানদার বা অনলাইন শপের কম্পিউটার এক সেকেন্ডেই বুঝে ফেলবে আরে! এ তো একটা নকল কার্ড!

২. কার্ডের গোপন ঠিকানা
কার্ডের একদম সামনের ৬ থেকে ৮টি ডিজিট হলো তার বাড়ির ঠিকানা! এটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় BIN (Bank Identification Number) বা IIN (Issuer Identification Number)।

যেমন ধরো, কার্ডের শুরুটা যদি ৪ দিয়ে হয়, তবে বোঝা যাবে এটা Visa কার্ড। আর যদি ৫ দিয়ে শুরু হয়, তবে সেটা Mastercard! এর পরের কয়েকটা সংখ্যা দিয়ে নির্দিষ্ট করে বোঝা যায় কার্ডটি কোন ব্যাংকের যেমন ডাচ-বাংলা, ব্র‍্যাক নাকি অন্য কোনো ব্যাংকের। তুমি বানিয়ে বানিয়ে যেকোনো নম্বর দিলে পজ (POS) মেশিন বা কম্পিউটার চেক করে দেখবে ‘আরে, এই ঠিকানার তো কোনো ব্যাংকই পৃথিবীতে নেই!’

৩. ব্যাংকের বিশাল খাতা ও সুপার-কম্পিউটার
ধরে নিলাম, তুমি খুব বুদ্ধিমান! অনেক কসরত করে গাণিতিক ধাঁধাও মিলিয়ে ফেললে, আবার সঠিক ব্যাংকের ঠিকানার নম্বরও বসিয়ে দিলে! কিন্তু তা-ও কি কার্ড কাজ করবে? একদম না! কারণ, তুমি যখনই কোনো দোকানে গিয়ে কার্ডটি মেশিনে ছোঁয়াবে, মেশিনটি সাথে সাথে ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের মেইন সুপার-কম্পিউটারে একটা ছোট্ট মেসেজ পাঠাবে ‘হে ব্যাংক, এই কার্ড কি তোমার? এই কার্ডের মালিক কি সত্যি সত্যি তোমার কাছে টাকা জমা রেখেছে?’ ব্যাংক তখন তার আসল মেমোরি বা ডাটাবেজে ঝটপট চেক করবে।
এই কার্ড নম্বরের পেছনে আসল কোনো মানুষের নাম লেখা আছে কি না। কার্ডের পেছনে থাকা ৩ ডিজিটের গোপন কোড CVV এবং মেয়াদের তারিখ (Expiry Date) মিলছে কি না। আর সবশেষে— তার অ্যাকাউন্টে সত্যি সত্যি কেনাকাটা করার মতো টাকা আছে কি না! যদি ব্যাংকের কম্পিউটারের খাতায় তোমার বানিয়ে নেওয়া কার্ডের নাম-ঠিকানা না থাকে, তবে মেশিনটি মিষ্টি করে লাল আলো জ্বালিয়ে বলবে ‘কার্ড ডিক্লাইন্ড বা ভুল কার্ড!’

তো বন্ধুরা, বুঝলে তো? শুধু কিছু সংখ্যা পাশাপাশি বসিয়ে দিলেই কার্ড হয় না। এটি হলো এলগরিদমের (গণিতের) ক্যারিসমা, ব্যাংকের সঠিক ঠিকানা এবং আসল অ্যাকাউন্টের একটা চমৎকার ডিজিটাল মেলবন্ধন! তাই ইচ্ছেমতো কেনাকাটা করার জন্য কার্ডের নম্বর বানানো নয়, বরং পড়াশোনা করে বড় হয়ে নিজের একটা আসল ক্রেডিট কার্ড বানানোর স্বপ্ন দেখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কি বলো?

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬