Home Blog Page 159

শিশুর করোনা ঝুঁকি কমানোর উপায়

বন্ধুরা, তোমাদের জন্য একটা ভালো খবর হলো, সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারিতে শিশুদের আক্রান্ত হবার সংখ্যা তুলনামূলক কম। যদিও এই মহামারিতে এ পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষ মারা গেছে। আর আক্রান্ত হয়েছে সাড়ে চার কোটি মানুষ।
এ বিষয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন শিশুদের করোনা ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা এবং তাদের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়া নিয়ে পরিচালিত পুরো বিশ্বের ছয় সহ¯্রাধিক গবেষণা মূল্যায়ন করে দেখেছে, করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে এলে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির তুলনায় শিশুদের আক্রান্ত হবার ঝুঁঁকি ৫৬% কম। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হলেও মারাত্মক অসুস্থ হওয়া বা মারা যাবার ঝুঁকি শিশুদের কম থাকে।
তবে বন্ধুরা, আমাদের দেশে শিশুদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ আছে কিনা তা বুঝতে পারা বেশ কঠিন বলে মনে করেন শিশু বিশেষজ্ঞ ডা. হেলেনা বেগম। তিনি বলেন, অনেক পরিবারের মানুষেরা বুঝতেই পারে না যে তাদের বাচ্চা কোভিড আক্রান্ত কিনা। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কোনো উপসর্গ থাকে না। যাদের জ্বর নেই, কাশি নেই, ছোট বাচ্চা হলে তো বলতেই পারে না যে গলাব্যথা হয়েছে, সে কারণে বিষয়টা বুঝতে পারা কঠিন।
বাংলাদেশে শিশুরা যেসব রোগে আক্রান্ত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে শ্বাসতন্ত্রে সংক্রমণ। আর এর উপসর্গ হচ্ছে নাক দিয়ে পানি পড়া, কাশি দেয়া, ঘড়-ঘড় করে শব্দ করা, কোনো কোনো ক্ষেত্রে গলাব্যথা অথবা কানে ব্যথা। করোনার উপসর্গগুলোও অনেকটা একই রকম। সে কারণে সাধারণ সর্দি-কাশি নাকি শ্বাসতন্ত্রের প্রদাহ নাকি করোনা তা বুঝা যায় না।
শিশুদের করোনা ভাইরাসে আক্রান্ত হবার সংখ্যা খুবই কম। আর তাই এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, যেসব পরিবারের করোনা সংক্রমণ হয়েছে, কিংবা করোনা রোগীর সংস্পর্শে যাবার সম্ভাবনা আছে কিংবা যেসব শিশুর বাবা-মায়েদের বাধ্য হয়ে বাইরে যেতে হয়, সেসব শিশুর মধ্যে কোনো ধরণের উপসর্গ দেখা দিলেই তাকে পরীক্ষা করাতে হবে। সেই সাথে পরিবারের অন্য সদস্যদের থেকে তাদেরকে আলাদা করে ফেলতে হবে। সেক্ষেত্রে প্রশ্ন দেখা দিয়েছে যে, শিশুদের থেকে করোনা ভাইরাস অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কতটা থাকে। কারণ, পরিবারে শিশুদের সাথে অন্য সদস্যদের মেলা-মেশায় সাধারণত কোনো বিধি-নিষেধ থাকে না। বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের সাথে তাদের মেলামেশার পরিমাণ অনেক বেশি থাকে।
বন্ধুরা, এখানে প্রশ্ন হলো শিশুরা কি করোনা ভাইরাস ছড়ায়? শিশুরা কতটা সহজেই করোনাভাইরাস ছড়াতে পারে সে বিষয়ে তেমন কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায় না। তবে, এ বিষয়ে এক গবেষণায় দেখা যায় যে, শিশুদের থেকে সংক্রমণ ছড়ানোর হার মাত্র ১০%। গবেষকরা মনে করেন, যেহেতু শিশুদের আক্রান্ত হবার হার তুলনামূলক কম তাই তাদের থেকে অন্যদের আক্রান্ত হবার আশঙ্কাও তুলনামূলক কম।

অনেকটা একই তথ্য দিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা শিরিনও। তিনি বলেন, শিশুদের মধ্যে যদি করোনাভাইরাসের সংক্রমণের উপসর্গগুলো বেশি থাকে তাহলে ঝুঁকিও বেশি থাকে। আর উপসর্গ মৃদু বা উপসর্গহীন হলে সেক্ষেত্রে ঝুঁকির মাত্রাটা কমে যায়। যাদের মধ্যে জ্বর এবং কাশি থাকবে তাদের থেকে সংক্রমণের মাত্রাটা বেশি থাকবে। পরিবারে যদি কোনো শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয় সেক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদের মধ্যেও ছড়ানোর আশঙ্কা থাকে। তবে এক্ষেত্রে বাবা-মা বা যারা সেবা দিয়ে থাকেন তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।
বন্ধুরা, এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, সংক্রমণ রোধে পরিচ্ছন্নতা সম্পর্কে শিশুদের ধারণা দিতে হবে। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজীর আহমেদ বলেন, কোভিড আক্রান্ত শিশুদের থেকে সংক্রমণের ঝুঁকি কতটা তা দু’টি বিষয়ের ওপর নির্ভর করে। প্রথমত, শিশুর হাঁচি-কাশির মতো উপসর্গ বেশি থাকলে তার থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি থাকবে। আর উপসর্গ মৃদু থাকলে বা কম থাকলে ঝুঁকি কিছুটা কম থাকবে। কারণ এতে ড্রপলেটস নির্গত হবার বিষয়টি জড়িত থাকে। দ্বিতীয়ত, কন্টাক্ট টাইম বা সংস্পর্শে আসার সময় কতটা। অর্থাৎ তার মতে, যদি কোভিড আক্রান্ত কোনো শিশু দীর্ঘ সময় ধরে বয়স্ক কারো সংস্পর্শে থাকে তাহলে ঝুঁকির মাত্রাটা এমনিতেই বেড়ে যাবে। তবে সব মিলিয়ে শিশুদের থেকে বড়দের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি খুব বেশি না।

ঝুঁকি কমাতে হলে কী করতে হবে?
শিশুদের থেকে বয়স্কদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমাতে হলে কিছু পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ এবং ভাইরোলজিস্টরা। এর মধ্যে আছে-

১. শিশুদের আলাদা রাখা : শিশুরা যেহেতু সংক্রমণ ছড়ানোর বিষয়ে খুব বেশি কিছু বোঝে না তাই পরিবারের অন্য সদস্য বিশেষ করে যারা বয়স্ক এবং যাদের অন্য কোনো স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদেরকে যতটা সম্ভব দূরে রাখতে হবে। প্রয়োজনে দরজা বন্ধ রাখতে হবে যাতে শিশুরা কাছে আসতে না পারে।
২. বাইরে থেকে এসে সরাসরি শিশুদের সংস্পর্শে না যাওয়া : বিভিন্ন ধরণের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ তাই শিশুদের বাইরে যাওয়ার মাত্রাও কম। তাই সেক্ষেত্রে তাদেরকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য যারা বাইরে যান তাদের থেকে শিশুদের দূরে রাখতে হবে। সম্পূর্ণভাবে ভাইরাস মুক্ত না হয়ে বা বাইরে থেকে এসে শিশুদের সংস্পর্শে যাওয়া যাবে না।
৩. আক্রান্ত শিশুদের হাসপাতালে আইসোলেশন করা : শিশুরা কোভিড আক্রান্ত হলে প্রয়োজনে তাদেরকে হাসপাতালে আইসোলেশনে রাখার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে হাসপাতালে আলাদা ইউনিট বা ব্যবস্থা করা যেতে পারে যেখানে শুধু শিশুদেরই আইসোলেশনে রাখা হবে। এক্ষেত্রে সব শিশুদের মধ্যে উপসর্গ থাকবে বলে তারা নিজেরা নিজেদের জন্য ঝুঁকি হিসেবে আবির্ভূত হবে না।
৪. পরিবারের অন্য সদস্যদের মাস্ক পরা : যেহেতু শিশুদের সব সময় মাস্ক পরিয়ে রাখা সম্ভব নয় সেক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদের মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া অন্য স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। বিশেষ করে বয়স্কদের আলাদা করে ফেলার ব্যবস্থা করতে হবে।
৫. শিশুদের সচেতন করা : কোভিড সংক্রমণের ঝুঁকি কমাতে হলে শিশুদের মধ্যেও সচেতনতার অভ্যাস গড়ে তুলতে হবে। তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং বুঝিয়ে বলতে হবে। এক্ষেত্রে যেসব পরিবারে কোভিড রোগী রয়েছে সেসব পরিবারের বাচ্চাদের কিছু কিছু অভ্যাস বুঝিয়ে বলতে হবে। যেমন, শরীরের কোথায় কোথায় হাত দেয়া যাবে না, কোনো কিছু যেনতেনভাবে ফেলে রাখা যাবে না, কোথায় যাওয়া যাবে না। সেই সাথে শিশুদেরকে বুঝিয়ে বলতে হবে যে কী কী খাবার বেশি খেতে হবে। কোন কোন কাজগুলো বেশি বেশি করতে হবে।

কয়েক ঘণ্টার আনন্দ

শুক্রবার সকাল বেলা। এখনো আমাদের বাসার সবাই ঘুম থেকে ওঠেনি, ঘড়িতে হয়তো নটা বাজতে পারে এমন সময় মোবাইলটা মৃদু সুরে বেজে উঠল, তাকিয়ে দেখলাম ছোট শালিকার নাম্বার থেকে।
রিসিভ করেই বললাম, আসসালামুয়ালাইকুম?
ও প্রথমেই বলল আপা কেমন আছে?
বললাম ভালো, তুমি সালাম কালাম ছাড়া?
সে এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। কারণ যাদের টাকা পয়সা বেশি তাদেরকে আদর্শ শিক্ষা দেয়ার জন্য কেউ সাহস করে না, তাই একটু থেমে বলল, ভালো।
প্রশ্ন ছুড়ে দিলো, ঘুম থেকে উঠেছেন?
– কেন, এত বেলা হলো, উঠব না? আমরা নামাজ পড়ে আবার শুয়েছি, ছানি ঘুমও শেষ।
– না, এমনি বললাম। আপনি তো আবার দেরি করে ঘুমান আর বেলা করে ওঠেন।
হেসে বললাম, এই কি হচ্ছে? আমি দেরি করে উঠি! তুমি তো কাজী নজরুল ইসলামের ভোর হলো দোর খোলো পড়োনি তাই আর কি!
– ও আচ্ছা, একটু হেসে বলল আজ উঠে গেছি। বললাম তাহলে তো খুবই ভালো।

আমি একটু নামাজ কালামের জন্য বলি তো তাই সে আমার সাথে কথা বলা থেকে দূরে থাকতে চায়। আমি মনে মনে তাই চাই।
এবার বলল আপুকে দেন, বললাম ঠিক আছে। ডেকে দিলাম ওর বড় বোনকে। এবার তাদের কথোপকথন…।
– আপা তোমার বাসায় যাবার জন্য বাচ্চারা উৎপাত শুরু করছে, আজ শুক্রবার ওদের স্কুল আর কোচিং বন্ধ, তাই বলছিলাম…

– অতি দ্রুতই উত্তর দিলো ওরে এতে আবার বলার কী হলো, আয় তাড়াতাড়ি চলে আয়। প্রতিদিন তোকে আসতে বলি, আসিস না, আজ আসবি বলছিস তা তো খুশির খবর। আয়, কিন্তু আজ আমাদের বাসায় থেকে যেতে হবে। সে বলে, না আপু থাকা যাবে না, আগামীকাল আবার স্কুল খোলা। আচ্ছা পরে দেখা যাবে। আগে তো আয়। একথা বলে আমাকে ফোনটা দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল।
– আপু…।
আমি আওয়াজ করে গলাটা ঝেড়ে নিলাম, যেন সে বুঝতে পারে এখন ফোনটা আমার হাতে। আমার আওয়াজ শুনে বলে উঠল আপু কই?
একটু হেসে বলে দিলাম, ফোনটা আমাকে দিয়ে রান্না ঘরে দিলো দৌড়, আমি কী করব?
এবার আমাকে সতর্ক করে দিলো, আপাকে বলবেন যেন বেশি ঝামেলা না করে। শুধু নরমাল আলু ভর্তা আর ডাল হলেই চলবে। আচ্ছা তা দেখা যাবে। তুমি আগে এসো। বলে ফোনটা রেখে দিলাম।
বলে রাখা ভালো, আমার একমাত্র শ্যালিকা, তার নাম তারানা। ওর জামাই ইঞ্জিনিয়ার। টাকা পয়সার অভাব নেই। জায়গা কিনে বাড়ি করে ভাড়া দিলো। আর আমরা শিক্ষকতা করে নিজে মাথা গোঁজার জায়গাটুকুও নিতে পারছি না।
তার একটা ভালো গুণ তাকে দাওয়াত করতে হয় না, সুযোগ পেলেই চলে আসে। সব বোনেরা যদি এভাবে বাবার বাড়িতে বা ভাইদের বাড়িতে নিজ থেকে মনে হলেই চলে আসত তাহলে কোথাও সম্পর্ক নষ্ট হতো না।

হুমায়রা আমার মেয়ে, বয়স আট। তাকে হুমু বলেও ডাকি। তাকে বললাম তোমার ছোট খালা আসবে সবাইকে নিয়ে। এই শুরু। ওমা, কী মজা! বলে দিলো লাফ! আজ অনেক মজা করব বলতে বলতে দৌড় দিলো সিফাত আর লাবিবাসহ ওদেরকে ঘুম থেকে জাগানোর জন্য। হৈহুল্লোড় করে কিছুক্ষণের মধ্যেই সবাইকে জাগিয়ে দিলো।
ছোটরা সবাই কী মজা! কী মজা! ছোট খালা আসবে, ছোট খালা আসবে; বলে বলে চিৎকার করে আমার রুমে এসে বলছে আব্বু, আমরা আজ অনেক মজা করব কিন্তু! এটা তাদের জন্য এক ধরনের অনুমতি। আমি সাধারণত ওদেরকে চেঁচামেচি করতে দেই না। মুচকি হেসে মাথা নেড়ে সায় দিলাম। এবার শুরু করল ঘর গোছানো।

বেলা প্রায় বারোটা বেজে গেল। এখনো বাজার নিয়ে বাসায় পৌঁছতে পারিনি। গিন্নির খুব টেনশন হচ্ছে। বাসার কাজের লোক কেউ মসলাগুলো কেটে রেডি করে ফেলেছে, কেউ সব ধোয়ামোছা করছে এমন সময় কলিংবেল বাজিয়ে ঢুকলাম। কুসুম তো ঘাবড়ে গেলো। মেহমান মনে হয় চলে এসেছে। দরজা খুলতেই দেখলো আমি বাজার নিয়ে হাজির। ও নিশ্চিন্ত হলো। এবার তার আর বেশি সময় লাগবে না। ওর রান্নার প্রশংসা স্বয়ং প্রধানমন্ত্রীও করতেন যদি তিনি একবার খেয়ে দেখতেন। বাজারের থলে খুলে দেখলো টাকিমাছ, শিংমাছ, তেলাপিয়া, মুরগি, তরকারি সবজি। টাকিমাছটা সবার জন্য আনি যেন একটু চচ্চড়ি করতে পারে। গ্রামে যারা বেড়াতে আসে তারা এই একটু চচ্চড়ি আর ভর্তা হলে খুব খুশি হতে দেখেছি। সাথে পোলাওর চাল আরো কত কী টুকিটাকি।

বাজার দেখে আমাকে উদ্দেশে করে বলল, আরে বাহ্ আমি তো এত কিছু আনতে বলিনি? আজ দেখি কলিজাপুরা বাজার। উত্তরে মুচকি হেসে বললাম, আরে আজ সবাই আমার বাসায় আসছে না? পারলে তো বাজার শুদ্ধ উঠিয়ে আনতাম।
– সত্যি আমারো অনেক ভালো লাগছে ছোট বোনটা আসবে বলে। আমি গুনগুন করে বললাম, ভালো-ভালো। একটু আওয়াজ করে বললাম, হ্যাঁ, ভালোভাবে রান্না করো এমনিতেই লেট হয়ে গেছে বাজার আনতে, আমি নামাজের জন্য তৈরি হলাম বলে বেরিয়ে এলাম সেখান থেকে।

আজ চকচকে আড়ংয়ের পাঞ্জাবিটা গায়ে দিয়ে মসজিদের জন্য রেডি হচ্ছি। একটা বাজেনি এখনো। ভাবছি, বলবো ফোন করো দেরি করছে কেন? আবার তাদের কিছুটা দেরি হবেই, ওদের কত কাজ সামলে
কোথাও বের হতে হয়। ঠিক তখনই কলিংবেল বেজে উঠল, আমার আগেই ছোটরা দরজার পাশেপাশে। দরজা খুলতেই ওর বাচ্চাদের দেখে সবাই সমস্বরে চিৎকার, চেঁচামেচি। এক বোন আরেক বোনকে দেখে আনন্দের শেষ কোথায়? আমিও সম্ভাষণ জানিয়ে ত্বরিত গেট পেরিয়ে সোজা মসজিদে হাঁটা দিলাম।

ফিরে দেখি, ওদের জন্য টেবিল সাজানো নাশতা। রাখা আছে, চানাচুর, বিস্কুট, কলা, কেক, দু-একটা ফলের আইটেম ছাড়াও চকলেট আইসক্রিম। কিন্তু খাওয়া দাওয়ার দিকে ওদের কারোর কোনো নজর নেই, শুধু হাসাহাসি দুষ্টুমি এ খাট থেকে ও খাটে লাফালাফি আর উল্লাস!
দুই বোন মিলে নানান কথা বলছে আর হাতে হাতে কাজ করছে, প্রথমে কোরবানির গোশত তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, ধনিয়া ও গরম মসলার গুঁড়া, তেজপাতা প্রেসার কুকারে চুলোয় উঠিয়ে দিলো, অন্য চুলায় পোলাও রান্নার পাতিল। নিজেরাই হাতাহাতি করছে কাজ কমানোর জন্য, তারপর লাল শাক, শিম, অন্য সব সবজি কাটাকাটিতে ব্যস্ত। সংসারে ছোট বোনেরা বেড়াতে এলে কাজ টেনে নেয়। বোনেরা বোনদের কষ্ট বুঝে।
পোলাওয়ের পাতিলে তেল, তেল গরম হবার পর গোশত উঠিয়ে দিলো, তারপর চাল আর ফুটানো পানি দিয়ে দিলো পরিমাণমতো, তারপর তেজপাতা, এলাচ, দারুচিনি, আর লবণ দিয়ে দিলো পরিমাণ মতো।
আগেই মসলা মেখে রাখলো চিকেন ফ্রাইয়ের জন্য, পাবদা মাছ, শিং মাছ, এক সাথে রান্না করেছে। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, অন্য প্রয়োজনীয় মসলা দিয়ে। বাকি শিম রান্না করল তেলাপিয়া মাছ দিয়ে, লালশাক ভাজিও কমপ্লি­ট, রান্না পুরোপুরি শেষ যা আয়োজন করার ছিল।

তোহফা কাজের মেয়েটা, আর মিম তারানার মেয়ে সে সালাদ রেডি করল। প্লেট, বাটি, জগ, গ্ল­াস সব মিলিয়ে একটা একটা করে সব খাবার দিয়ে টেবিল সাজানো হলো।
আমার দুই মেয়ে, তারানার দুই মেয়ে আর এক ছেলের প্লেট সাজিয়ে দিলো, ওরা প্লেট নিয়ে বসে গেল, কিন্তু মুখের আর বিশ্রাম নেই। সারা দিন মোবাইলে কথা বলার পরও দেখা হলে কথাগুলো বাঁধ ভাঙা পানির জোয়ারের মতো গড়িয়ে বের হতেই থাকে। কথা বলছেই, হাসাহাসি, দুষ্টুমিও বন্ধ নেই। আমাকে ডেকে বলছে, আব্বু দারুণ হয়েছে সব খাবার বিশেষ করে চিকেন ফ্রাই-পোলাও। আমি হাসলাম আর বললাম, ধন্যবাদ।

টেবিলে খেতে বসে গেল বাকি সদস্যরা, আমি সব রান্নার স্বাদ দেখলাম। তারানার উদ্দেশ্যে বললাম সব পারফেক্ট হলো তো? তারানার মুখে বুবুর মানে বড় বোনের রান্নার গুণ ছাড়া আর কোনো কথা নেই। এভাবেই গল্প আর খাওয়া চলছে।

খাওয়া শেষে ওরা দু’বোন শুয়ে শুয়ে গল্প করছে, আর ছোটরা সাউন্ড বক্সে জোরে জোরে গান, গজল শুনছে।
আছরের আজান দিতেই উঠে ডাইনিংয়ের আশপাশে পায়চারী করছি আর মনে মনে ভাবছি যদি এক কাপ চা হতো? কিন্তু না, এর কোনো লক্ষণ নেই। তাই নিজেই একটু পানি বসিয়ে দিলাম। পানি গরম হলে চা পাতা দিয়ে দিলাম। চিনি খাই না বলে ঝামেলা নেই। কাপে ঢেলে খেয়ে নিলাম।
আমরা নামাজ শেষ করলাম।
তোহফার ফের চায়ে ওরা সবাই মিলে চা খেতে খেতে প্রায় সন্ধ্যা।

তারপর যাবার ঘণ্টা বেজে গেল ওদের বললাম আজ থেকে যাও।
ছোটরাই বলে উঠল, না আজ আর না আঙ্কেল সুযোগ হলে আবার আসবো।
আমি সবশেষে বললাম শোনো বোন, বাচ্চাদের নামাজ কালামের দিকে গুরুত্ব দিও। এখন ওরা কাঁদামাটি, যেভাবে শেখাবে সেভাবেই তারা শিখবে। মা হলো শিক্ষাপ্রতিষ্ঠান আর এখানেই সবাই আসল শিক্ষা পায়। তোমাদের কবরের পাশে যেন দাঁড়াতে পারে, সে শিক্ষা তোমাকেই দিতে হবে। বাচ্চাদের এমন শিক্ষা দেয়া উচিত যেন সে সব রকমের পরিবেশে নিজেকে সম্মানিত মনে করতে পারে।

এভাবে হয়তো আর কেউ বলেনি, সে যাই মনে করুক আমার বলা দরকার ছিল বলেছি। এভাবেই শেষ হলো আমাদের হাসি, আনন্দ মজা আর ভালো লাগার একটি অন্তরঙ্গ দিন! এসব ছোট ছোট আনন্দগুলো আপনজনদের মাঝে এক অমূল্য স্মৃতির! আমার মেয়েরা যেন কেঁদে ফেলবে খালামণিদের চলে যাওয়াতে। খালামণিও বেশ মজা দেয় ওদের। প্রত্যেকের গালটিপে দিয়ে বখশিশ দিলো নতুন কয়েকটি নোট। সবাই দরজায় জড়ো হয়ে তাকিয়ে রইলাম। সে বাচ্চাদের বিদায় জানিয়ে গাড়িতে ঢুকে গেল। ড্রাইভার চালিয়ে দিলো, আমাদের সামনে শুধু গাড়ির পেছনের ধুলোটুকু দেখা গেল। এরপর সবাই ভেতরে এসে যে যার মতো।

ভাবলাম সবাই যদি তাদের ভাই-বোনদের বাসায় এভাবে কয়েক ঘণ্টার জন্য মাঝে মাঝেই ঘুরে আসে তবেই সবার আত্মীয়তার বন্ধন দৃঢ় হয় আর শিশুরাও বেশ আনন্দ পায়।

পদ্মাপাড়ের বিলু (পর্ব ২)

শীত-কুয়াশার দিন

এবারে প্রথম পৌষেই জাঁকিয়ে শীত পড়েছে। বিলু দেখেছে, শীতকাল এলেই সূর্যটা কেমন কাহিল হয়ে পড়ে। ওঠেও বেশ দেরি করে। যেন সারারাত লেপের ওমে ছিল। সকালের ঠা-ায় উঠে আসতে তাই ভারি আলসেমি তার। এদিকে আবার বিকেল নামার পরপরই সূর্য নেতিয়ে পড়ে। ভাবখানা যেন- যথেষ্ট হয়েছে বাপু, দিনমান তো তাপ-তুপ দিলাম। আর না। এখন আমি যাই, একটু বিশ্রাম নেই গে। তোমরা গরম জামা-কাপড় গায়ে দিয়ে আর লেপ-কাঁথার ওমে রাতটা পাড়ি দাও দিকিনি। আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হবে আমার। তো, সূর্যের আলো নরম হয়ে আসার সাথে সাথেই নোটিশ জারি করতে শুরু করে ঠা-া। পুবের মাঠের গায়ে পা ফেলে এগিয়ে আসে হালকা কুয়াশা। সন্ধ্যের বেশ আগে দিয়েই ছেলেপুলে আর বুড়ো মানুষরা গায়ে চাদর জড়াতে শুরু করে।
শীতের আবার নিজস্ব নিয়মকানুন আছে। রাত যত বাড়ে, শীতও যেন তত বাড়ে। লেপের ওমে তখন কি যে আরাম। চোখে ঘুম যেন পর্দার ওপর পর্দা বিছাতে থকে। সে ঘুম ভেঙে উঠতে মন চায় না অনেকের। কিন্তু শুধু ঘুমালে তো আর চলে না। নানা কাজ-কর্ম আছে। যত শীতই পড়–ক না কেন, সে সব কাজ তো করতেই হয়। নইলে জীবন চলে না।
শীতকালটা বিলুর কাছে তেমন ভালো লাগে না। বিশেষ করে ঠা-াটা সহ্য করা মুশকিল। তার একটা চাদর আছে শীতে গায়ে দেয়ার জন্য। সবুজ রঙের সুতি চাদর। বিকেল নামলেই সেটা গায়ে চড়ায় সে। শোয়ার সময় খুলে রেখে লেপের নিচে ঢোকে। ঢোকার পর কয়েক মিনিট বাইরের ঠা-াটা গায়ে চেপে বসে থাকে। কিন্তু লেপ ওম ছড়াতে শুরু করলেই সে ঠা-া দৌড়ে পালায়। শুরু হয় আরাম। সত্যি বলতে কি, শীতকালে সকালে বিছানা ছেড়ে উঠতে খুব কষ্ট হয়। কিন্তু সকালের নাশতা খাওয়া আছে, পড়াশোনা আছে, স্কুলে যাওয়া আছে। সূর্য ওঠার আগেই মা রোজ ডেকে তোলেন- বিলু ওঠ্, হাত-মুখ ধুয়ে পড়তে বয়- তখন আর না উঠে উপায় কী? তবে বিলু জরুরি ছোট কাজটা সেরেই এসে দাঁড়ায় বাইরের পথের ওপরে। ততক্ষণে সূর্য আলো ছড়িয়ে দেয়। সোনারং আলোয় হেসে ওঠে চারদিক। দূর্বাঘাসের পাতায় পাতায় জমে থাকা শিশিরের ফোঁটাগুলো সে আলোয় ঝলমল করতে থাকে। কী যে সুন্দর দৃশ্য! তবে বেশিক্ষণ থাকে না সে সৌন্দর্য। খানিকটা সময় পরই সূর্যের আলোয়, পথচলতি মানুষের পায়ে লেগে সে শিশির শুকিয়ে যায়।
রাতে লেপের তলায় অঘোরে ঘুমিয়েছে বিলু। একবারও জাগেনি । ঘুম যখন ভাঙল, হালকা একটা ঘ্রাণ নাকে এলো। ব্যাপারটা বুঝতে তার এক লহমাও দেরি হলো না। কুয়াশা। কেমন যেন সোঁদা সোঁদা ঘ্রাণ। মিষ্টি নয়, তবে খারাপও লাগে না। বাঁশের বেড়ার ফাঁক-ফোকর দিয়ে ঘরে ঢুকে পড়েছে। সাথে সাথে চোখ খোলে সে। মাথার কাছে বেড়ার গায়ে হাতে কাটা জানালা। তাতে ছালার ভারি পর্দা ঝোলানো। শীতের সময় রাতে সে পর্দা নামিয়ে দেয়া হয় যাতে ঠা-া বাতাস না লাগে। বিলু হাত বাড়িয়ে পর্দা সরিয়ে উঁকি দেয় বাইরে। এক নজর দেখেই লাফিয়ে ওঠে। আরে কী ঘন কুয়াশা। চারদিক সাদা হয়ে গেছে। সে জানে এখন দূরে কিছুই আর দেখা যাবে না। গা থেকে লেপ সরিয়ে রেখে নামে খাট থেকে। আলনা থেকে চাদর টেনে নিয়ে গায়ে জড়ায়। তারপর স্যান্ডেল পায়ে ঘর থেকে নেমে আসে উঠোনে। কুয়াশার দিনে সূর্য দেখা যায় না। তাদের বাড়িতে ঘড়িও নেই। তাই সময় ঠিক কত, বুঝতে পারে না সে। এমন সময় দেখল অন্য ঘর থেকে আব্বা বেরিয়ে এসেছেন। তার সাথে গেনু ভাই। গেনু হচ্ছে বিলুদের চার ভাইয়ের মধ্যে মেজো। দুজন কোথায় যেন যাবে। আব্বা ওকে দেখেই বললেন-
– কী রে! ঘুম থেকে উঠেছিস? যাবি নাকি?
কিছু না জেনেই বিলু বলে-
– যাব।
– তা হলে শিগগির মুখ ধুয়ে কিছু খেয়ে নে। ততক্ষণে আমরা জিনিসপত্র গুছিয়ে নেই।
বোধ হয় দশ মিনিটও হয়নি। রেডি হয়ে যায় বিলু। আব্বাও হাতের কাজ সেরেছেন। তাদের দুজনের কাছে দা আর কুড়াল। বাড়ি থেকে বেরিয়ে আসে তারা।
এমন কুয়াশা আগে আর কখনো দেখেনি বিলু। পাঁচ-ছয় হাত দূরেও কিছুই দেখা যায় না। পাড়ার চিরচেনা পায়ে চলা পথে এগোয় তারা। শ’খানেক হাত দূরে ছোট দাদার বাড়ির সামনে এসে বিলুর আব্বা ডাক দিলেন-
– মোজাম! মোজাম কই রে?
সাথে সাথে বাড়ির ভেতর থেকে জবাব আসে-
– আসি মিয়াভাই।
মোজাম মোল্লা সম্পর্কে বিলুর চাচা। বিলুর দাদা ছিলেন তাদের মোল্লা বংশের আপন ছয় ভাইয়ের সবার বড়। বাকি পাঁচ ভাই তাকে মিয়াভাই বলে ডাকতেন। বিলুর আব্বা দাদার বড় ছেলে, বংশের আর সব চাচাদের বড়। তাই বয়সে ছোট সব চাচাতো ভাইরা তাকে রেওয়াজ অনুযায়ী মিয়াভাই বলে ডাকেন।
অল্পক্ষণের মধ্যেই হাজির হন মোজাম মোল্লা। তার গায়েও চাদর, হাতে বৈঠা। হাঁটতে শুরু করে দলটা। আরো খানিকটা এগিয়ে আবার একটা বাড়ির সামনে থেমে বিলুর আব্বা ডাক দিলেন-
– মহাই? আয় রে।
– এই যে চাচা, আসতিছি। জবাব আসে সাথে সাথেই।
দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে আসে মহাই। তার নাম মোহাম্মদ, কিন্তু কিভাবে যেন ছোট হয়ে মহাই হয়ে গেছে। বিলুরা তাকে মহাই ভাই বলে ডাকে। যুবক মহাই তাদের মোল্লা বংশের লোক নয়, তবে নিজেদের লোক। ভালো মানুষ। যারা নির্ধারিত টাকার বিনিময়ে সারা দিন কারো বাড়িতে কাজ করে সাধারণ ভাবে তাদের দিনমজুর বলা হয়। ওদের এ অঞ্চলে বলে পরেত বা কামলা। দরিদ্র অবস্থা বলে পরেত দেয় মহাই। পাড়ার মানুষের কাজই বেশি করে। তবে পাড়ায় কারো কাজ না থাকলে বাইরে অন্য কারো কাজ করে সে।
পাঁচজনের দলটা উত্তর দিকে একটুখানি হেঁটে গাঙের পাড়ে এসে পৌঁছে। গাঙ মানে পদ্মা নদী। তাদের পাড়ার শেষ মাথায়। সবার সাথে নদীর সম্পর্ক নিবিড়। নানাভাবে নদী জড়িয়ে আছে তীরের সব মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সাথে। এলাকার লোকেরা নদীপাড়কে বলে গাংকুল- মানে গাঙের কূল। বহু দিন থেকেই সবার মধ্যে শব্দটা চালু। একজন হয়তো নদীপাড় থেকে বাড়িতে ফিরেছে। বাড়ির কেউ জিজ্ঞেস করল, কিরে! কনে গিছিলি তুই? সে জবাব দেয়, গাংকুলি গিছলাম।
বর্ষার সময় পদ্মা বিশাল আর ভয়ঙ্কর হয়ে ওঠে! তখন কী যে প্রবল তার ¯্রােতের গতি! তবে এখন এ শীতের সময় অবশ্য পদ্মা বেশ শান্ত। আজ কুয়াশায় নদীর গোটা বুক ঢাকা পড়েছে। তার মধ্যেই মোজাম মোল্লা ঘাটে লগি গেড়ে বাঁধা তার নৌকা খুঁজে বের করেন। তাতে উঠে বসে সবাই। আর কোনো নৌকা চোখে পড়ে না। পানিতে হাত দেয় বিলু । বেশ ঠা-া।
নৌকা ছেড়ে দেয়। মোজাম চাচা বৈঠা নিয়ে পিছনের গলুইতে বসেছেন, মহাই ভাই দাঁড়ে। আব্বা বলেন-
– মোজাম, কুয়াশা তো ভীষণ ঘন রে! একেবারে পাড় ঘেঁষে থাক। খবরদার, বার নদীতে যাস না যেন। তাহলে দিক ভুল হয়ে যাবে। ¯্রােতের টানে অন্য দিকে চলে যেতে পারি।
বিলু লক্ষ করে, পাড় ঘেঁষে গেলেও ঘন কুয়াশায় নৌকায় বসে পাড় চোখে পড়ে না। মোজাম চাচা বৈঠা ধরে থাকেন, আর মহাইর দাঁড় টানায় নৌকা এগিয়ে চলে।
আব্বার কথা থেকে বিলু বুঝতে পারে তারা আমবাড়িয়ায় যাচ্ছে। তাদের গ্রাম থেকে মাইল দুয়েক পুব দিকে নদীর পাড়েই আমবাড়িয়া। ঠিক কত সময় কেটেছে বিলু বুঝতে পারে না, তবে ঘণ্টাখানেক হবে বলে অনুমান করল। এর মধ্যে কুয়াশা একটু হালকা হয়ে এসেছে। নদীর পাড় এখন চোখে পড়ছে। এক সময় একটা ঘাটে নৌকা ভিড়ান মোজাম চাচা। মহাই দাঁড় তুলে রেখে লাফ দিয়ে পাড়ে নামে। গেনু ভাই তার দিকে লগি এগিয়ে দেয়। নিজেও নামে। মুহূর্তেই নরম মাটিতে লগি গেড়ে ফেলে মহাই। আব্বার সাথে বিলুও নামে , তারপর মোজাম চাচা।
ঘাট থেকে সিকি মাইল পথ পেরনোর পর একটা বাড়ির সামনে পৌঁছে তারা। আব্বার ইশারায় ডাক দেয় মহাই-
– আনু ভাই, ও আনু ভাই, বাড়ি আছেন নাকি? ইটু বাইরে আসেন। কেরানি চাচা আয়ছে।
অনেকটা সাথে সাথে বেরিয়ে আসেন আনু, আনু ম-ল। মাঝারি গেরস্থ। বিলু চিনতে পারে তাকে, মাঝে মাঝে তাদের বাড়ি যান, আব্বার সাথে কথা বলেন। ভালো লোক।
বিলুর আব্বাকে দেখে আনু ম-ল বলেন-
কেরানি ভাই আয়ছেন? এই ঘন কুয়োর (কুয়াশা) মদ্যি আসলেন ক্যাম্বা? আসেন, কাচারি ঘরে বসেন।
আব্বা বলেন-
নারে ভাই, বসতে চাচ্ছি না। তুমি একটু দেখিয়ে দাও, বাঁশগুলো কেটে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই।
আনু ম-ল বাড়ির সাথের বাঁশঝাড়ে নিয়ে গেলেন সবাইকে। পাশাপাশি দু’টি ঝাড় থেকে চারটি বাঁশ দেখিয়ে দিলেন। ততক্ষণে কুয়াশা আরো একটু হালকা হয়ে প্রায় বিশ হাত দূরেও দেখা যাচ্ছে। বিলু দেখল, আনুু ম-ল যে বাঁশগুলো দেখিয়ে দিলেন সেগুলো যাওয়া বাঁশ। এতক্ষণে সে কারণটা বুঝতে পারে। তাদের গ্রামে বা আশেপাশে যাওয়া বাঁশ নেই। কিন্তু ঘর-গেরস্থালির বহু কাজে, বিশেষ করে ঘরের বেড়া দিতে ও মাছ ধরার সরঞ্জাম তৈরি করতে এ বাঁশ ছাড়া চলে না। তাই আব্বা এখান থেকে এ বাঁশ নিতে এসেছেন। কিন্তু এভাবে কুয়াশা পড়বে তা তার জানা ছিল না। যেহেতু আজ বাঁশ নিতে আসার কথা তিনি আনু ম-লকে বলেছিলেন তাই কথা রাখতে এই কুয়াশার মধ্যেই চলে এসেছেন। আর এতটা পথ বাঁশ কাঁধে করে বয়ে নেয়া কষ্টকর বলে নৌকা নিয়ে এসেছেন তিনি।
মোজাম চাচা আর মহাই বাঁশ কাটলেন। বেশি সময় লাগল না। যাওয়া বাঁশ খুব সরল, গিঁট নেই, তাই কঞ্চিও হয় না। পাতার পরিমাণও বেশি নয়। ফলে ঝামেলা কম। বাঁশগুলো নৌকায় আনা হল। তারপর উজান বেয়ে চলা। কুয়াশা ততক্ষণে আরো হালকা হয়ে এসেছে। ডাঙ্গা পরিষ্কার দেখা যাচ্ছে এখন। নদীর মধ্যেও বেশ খানিকটা দূরে দৃষ্টি যায়। আপন মনে ভাটিতে মৃদু গতিতে ¯্রােত বয়ে চলেছে। বিলুর মনে হলো, এতক্ষণ কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা নদী ঘুম ভেঙে জেগে উঠছে।
কুয়াশা যে কী ভালো লাগে বিলুর! কুয়াশার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। কখনো রাত একটু বেশি ঘনালে কুয়াশা নামে। তবে বেশির ভাগ সময় কুয়াশা ঘনায় ভোরেই। কখনো প্রচ- ঘন কুয়াশা হলে দু’তিন হাত দূরেও কিছু চোখে পড়ে না। কাজ করতে তখন সমস্যা হয়। তাই লোকজন খুব একটা বের হয় না ঘর থেকে। দুধের মতো সাদা রঙের কুয়াশার একটা হালকা নিজস্ব গন্ধ আছে। পরিচিত কোনো গন্ধ নয়, অন্য রকম। তাতে শ্বাস-প্রশ্বাসের কোনো সমস্যা হয় না। গন্ধটা ভালোই লাগে তার। কুয়াশা যেদিন ঘন হয় সেদিন শীত কম লাগে। কেন, তা বিলু জানে না। সেদিন ভোরে তার ঘুম ভেঙে গেলে সে উঠে চলে আসে বাইরে। এই যে একটু দূরেই কিছু দেখা যায় না, এটা তার কাছে অবাক করা ব্যাপার মনে হয়। তার মনে হয়, এ রকমটা সারা দিন থাকলে খারাপ হয় না। একদম কাছে না এলে কেউ কাউকে দেখতে পারে না। যেহেতু একটু দূরেই কিছু চোখে দেখা যায় না তাই পথ চলতে গেলে একজনের সাথে আরেক জনের ধাক্কাও লেগে যেতে পারে। স্কুলে যেতে হবে না, সারা দিন বাড়িতে থাকা যাবে। কিন্তু তা কি আর হয়! যতই ঘন হোক না কেন, বেলা আটটা-সাড়ে আটটার পর থেকেই হালকা হতে থাকে কুয়াশার পর্দা। এক সময় যেন কোথায় মিলিয়ে যায় তা। সূর্য আর আড়ালে থাকতে রাজি হয় না, বেরিয়ে এসে আলো ছড়াতে শুরু করে। তখন চারদিক ঝলমল করে ওঠে রোদে। সব পরিষ্কার। কাজকর্ম শুরু হয়ে যায় পুরোদমে। শীতের দিন বলে তো আর কাজ ফেলে রাখা যায় না। চলবে…

পুঁটির গায়ে পড়ল বোতল

পুঁচকে সে এক পুঁটি মাছ। পানিতে বুদবুদ ছেড়ে ঘুমাচ্ছে। হঠাৎ তার গায়ে ভারী কী যেন একটা পড়ল! সেটি তাকে নদীর তলদেশে নিয়ে যাচ্ছে। টের পেলেও ঘুম ভাঙেনি পুঁটির। নিশ্চয়ই স্বপ্ন দেখছে! মনে মনে ভাবল সে। প্রায়ই এমন স্বপ্ন দেখে।
সেদিন দেখল, একটা রাক্ষুসে মাছ তাকে ধাওয়া করছে। বাঁচার জন্য প্রাণপণে দৌড়াচ্ছে পুঁটি। কোনোভাবেই তার পিছু ছাড়ল না দুষ্টু মাছটা। কিছুক্ষণ পর ভীষণ হাঁপিয়ে উঠল সে। পেছনে তাকিয়ে দেখল, ইয়া বড় হাঁ করে আছে রাক্ষুসে ওই মাছ। ভয়ে গলা শুকিয়ে গেল তার। যেই-না তাকে খপ করে গিলে ফেলল অমনি ঘুম ভেঙে গেল পুঁটির। কী ভয়টাই-না পেয়েছিল সে!
পুঁটি তার মায়ের কাছে শুনেছে, ঘুমানোর আগে কোনো কিছু নিয়ে খুব বেশি ভাবলে সেটি স্বপ্নে দেখা যায়। সে ঘুমের ঘোরে চিন্তা করল, আজ কী নিয়ে এত ভেবেছিল! যার ফলে এমন একটি স্বপ্ন দেখতে হচ্ছে! একটু পরেই মনে পড়ল। ডাবের খোসার কথা। গতকাল তার বন্ধু টেংরা গায়ে রোদের আলপনা আঁকার জন্য পানির উপরিভাগে উঠতে গিয়েছিল। অমনি এক ডাবের খোসার সাথে আঘাত লেগে মাথা ফেটে গেল তার। খুব অসুস্থ হয়ে গেল সে। তার পর থেকেই ডাবের খোসা নিয়ে ভাবতে শুরু করল পুঁটি। মায়ের কাছে জানতে চাইল-
মা, ডাবের খোসা পানিতে আসে কিভাবে?
– মানুষরা ফেলে। এ নদী দিয়ে নৌকা, লঞ্চ, স্টিমারসহ আরো অনেক কিছু চলাচল করে। সেসবে চড়ে মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। যাবার সময় কলা, চিপস্, বাদাম, ডাব, পানিসহ নানান কিছু খায় তারা। খাওয়া শেষে এসবের খোসা নদীতে ফেলে দেয়।
– নদীতেই কেন ফেলতে হবে? এসব ফেলার অন্য কোনো জায়গা নেই তাদের?
– আছে। সেখানে কেউ কেউ ফেললেও বেশির ভাগ মানুষই নদীতে ফেলে।
– কেন ফেলে মা?
– হয়তো পানিতে এসব ছুড়ে ফেলে খুব আনন্দ পায় তারা।
– ওরা কি জানে না, এতে আমাদের নানান অসুবিধা হয়!
– আমাদের অসুবিধা নিয়ে ভাবার সময় নেই তাদের। নিজেদের নিয়েই ব্যস্ত তারা।
– উফ, ভাল্লাগে না।
– খুব সাবধানে চলাফেরা করতে হবে আমাদের, বুঝছিস? কখন যে কার গায়ে কিসের খোসা এসে পড়ে, বলা মুশকিল।
মায়ের মুখে এসব কথা শুনে ভীষণ মন খারাপ হলো পুঁচকে পুঁটির। বন্ধু টেংরার কথা মনে পড়ে তার। প্রতিদিন দুজন মিলে কত মজা করত! কুটকুট করে খাবার খেত। কৈ দাদুর বাড়ি যেত, শৈল নানুর কাছে মৎসকন্যার গল্প শুনত। অথচ আজ সে একা। বন্ধু টেংরা অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে। একটা ডাবের খোসা তাদের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে দিলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল পুঁটি। ঘুমের ঘোরেই সব মনে পড়ল তার। নিশ্চয়ই ডাবের খোসা তার গায়ে পড়েছে। সেটিই তাকে নদীর তলদেশে নিয়ে যাচ্ছে। তবে এটা সত্যি নয়। স্বপ্ন। কারণ সে ঘুমানোর আগে ডাবের খোসার কথা ভেবেছিল।
আচমকা মাটির স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল পুঁটির। একী! এ তো স্বপ্ন নয়। সত্যি। তবে ডাবের খোসা না পড়ে দুই লিটারের একটা বোতল পড়ল তার গায়ে। কেউ হয়তো পানিতে খালি বোতলটা ফেলেছে। কিন্তু ছিপি না থাকায় খালি অংশে পানি ঢুকে সেটা একদম নদীর তলদেশে এসে পৌঁছেছে। বোতলের পেটের দিকে যে চ্যাপ্টা অংশ থাকে ঠিক সেখানটাতে আটকা পড়ল ছোট্ট পুঁটি। বের হবার জন্য অনেক চেষ্টা করল সে। কিন্তু পারেনি। কিভাবে পারবে? পুঁচকে শরীরের ধাক্কায় কী আর এত বড় একটা ভারী বোতল সরানো সম্ভব? নদীর তলদেশে পানির খুব একটা নড়াচড়াও থাকে না যে ঢেউ এসে তাকে উদ্ধার করবে। কী হবে পুঁটির! কে বাঁচাবে তাকে?

পানি খেয়ে বোতলটি নদীতে ফেলেছিল তুবা। পিচ্চি মেয়ে। পঞ্চম শ্রেণিতে পড়ে। গ্রীষ্মের ছুটি পেয়ে সে ও তার পরিবার লঞ্চে করে গ্রামের বাড়িতে যাচ্ছিল। বাবার সঙ্গে লঞ্চের ছাদে উঠেছিল তুবা। কী সুন্দর বাতাস! মানুষজন এটাসেটা খেয়ে খোসাগুলো পানিতে ফেলছে। ঢেউ এসে সেগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তুবাও তার হাতে থাকা খালি বোতলটা পানিতে ফেলে দিলো। তা দেখে বকুনি সুরে বাবা বললেন,
এ তুমি কী করলে তুবা? কাজটা মোটেও ঠিক করোনি।
– কেন বাবা?
– ডাস্টবিন-ঝুড়ি থাকতে বোতলটা নদীতে কেন ফেললে?
– সবাই তো ফেলছে।
– যারা ফেলছে তারা ঠিক করছে না। এতে নদীর পানি দূষিত হয়।
– ও!
বাবা বুঝলেন, তুবা কথাটাকে খুব একটা পাত্তা দেয়নি। তা না হলে একটু পরেই সে কলা খেয়ে ছোকলা নদীতে ফেলত না। তারই-বা দোষ কোথায়? সে তো বড়দের দেখে দেখে করছে কাজগুলো।
গ্রামের বাড়িতে তুবাদের ছোট্ট একটা ঘর আছে। তারা কেউই সেখানে থাকে না। সবাই ঢাকার মিরপুর-১ এ থাকে। দুই ঈদ ও গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে আসে তারা। ৫-৬ দিন থেকে আবার চলে যায়।
ঠিক বিকেলে গ্রামে এসে পৌঁছাল তুবারা। বাড়ির পথে কে যেন কলা খেয়ে ছোকলা ফেলেছিল। তাতে পা পিছলে মাটিতে পড়ে গেল তুবা। নতুন জামায় ময়লা লেগে গেল। হালকা ব্যথাও পেল সে। বাবা দৌড়ে গিয়ে তুললেন তাকে। ময়লা ঝাড়তে ঝাড়তে বললেন,
দেখলে তো তুবা, কোনো কিছু খেয়ে তার খোসা যেখানে-সেখানে ফেললে কী হয়?
কাঁদো কাঁদো স্বরে তুবা বলল,
হ্যাঁ বাবা, যে ফেলেছে সে খুবই পচা।
– একদম ঠিক বলেছো। কিন্তু আম্মু, তুমিও যে লঞ্চে কলা খেয়ে ছোকলা পানিতে ফেলেছিলে। এতে যদি কোনো মাছের বিপদ হয় তাহলে তো সেও তোমাকে পচা বলবে।
– তাই তো! আর কখনো এমনটা করব না।
হাঁটতে হাঁটতে তুবারা তাদের ছোট্ট সেই ঘরের সামনে চলে এলো। এসে দেখল, ঘরের আশেপাশে ময়লা দিয়ে ভরা। বোতল, প্যাকেট, তরকারির খোসা, অব্যবহৃত জিনিসপত্রসহ আরো অনেক কিছু। সেগুলো পচে গন্ধ বেরোচ্ছে। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তুবারা ঘরে জিনিসপত্র রেখে পুকুর ঘাটে গিয়ে বসল। বাবাকে সে জিজ্ঞেস করল,
ময়লার ভেতরে এখানে থাকব কিভাবে?
– লোকজন খবর দেওয়া হয়েছে মা। তারা এসে পরিষ্কার করে দিয়ে যাবে। থাকা নিয়ে চিন্তা করো না।
– গন্ধ পুরোপুরি যাবে তো?
– তা হয়তো একটু থাকবে। ঘরে স্প্রে করে দিলে টের পাবে না।
– আচ্ছা, ঠিক আছে।
একটু পরেই বাবা বললেন,
তুবা, একটা বিষয় খেয়াল করেছো?
– কী বাবা?
– এই যে সামান্য ময়লা-গন্ধের কারণে আমরা ঘরে থাকতে পারছি না।
– হ্যাঁ বাবা।
– নদী তো মাছেদের ঘর। এত এত ময়লার ভিড়ে কিভাবে থাকে তারা?
– নিশ্চয়ই তাদের অনেক কষ্ট হয়, তাই না বাবা?
– হ্যাঁ। আমরা তো আমাদের ময়লা পরিষ্কার করতে পারি, গন্ধ দূর করার জন্য স্প্রে করতে পারি, মাছেরা তো এসব পারে না। তাদের প্রতিনিয়ত কী কষ্টটাই-না হয়! নদীর পানি ময়লা করা একদমই উচিত নয় আমাদের।
– ঠিক বলেছো বাবা। আমি আর কখনোই পানিতে ময়লা ফেলব না।
বাবা তুবার কপালে আদর মেখে বললেন,
– তোমার মতো যদি সবাই এমন সিদ্ধান্ত নিত তাহলে কত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকত আমাদের নদী। স্বাভাবিক জীবনযাপন করতে পারত মাছেরা।
– আমি আমার সহপাঠীদের এ ব্যাপারে সতর্ক করব বাবা। তাদেরকেও বলব আশেপাশের লোকজনদের বুঝাতে। একদিন দেখো, ধীরে ধীরে সবাই সচেতন হয়ে যাবে। পানিতে কেউ আর ময়লা ফেলবে না।
– সেটাই যেন হয় মা। সেটাই হওয়া উচিত।

এদিকে বোতলের নিচে আটকে পড়া পুঁটি প্রায় আধমরা। কান্না করতে করতে চোখ শুকিয়ে এলো তার। কারোর কানেই সেই কান্না পৌঁছাল না। আর কিছুক্ষণ পরেই হয়তো মারা যাবে সে। চোখ বন্ধ করে পুঁটি ভাবল, ইশ! কোনোভাবে যদি বোতলটি সরে যেত! আচ্ছা, মা কী করছেন? আমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছেন নিশ্চয়ই। বন্ধু টেংরার কী খবর? সুস্থ হচ্ছে তো সে? খুব জানতে ইচ্ছে করল তার।
হঠাৎ পুঁটির মনে হলো বোতলটা সরে যাচ্ছে। সে ভাবল, স্বপ্ন দেখছে না তো! এর আগে একবার স্বপ্ন ভেবে বিপদে পড়েছিল। এবার আর সেটা করা যাবে না। চোখ মেলে তাকাল পুঁটি। আরে! সত্যিই তো গায়ের ওপর বোতলটা নেই! কোথায় গেল? কে সরালো? ভালোভাবে তাকিয়ে কাঁকড়া-ফুফুকে দেখতে পেল সে। সাঁতরে গিয়ে জড়িয়ে ধরল তাকে। পুঁটির এ হাল দেখে ফুফু জিজ্ঞেস করলেন, এ অবস্থা কী করে হলো তোমার?
সব খুলে বলল পুঁটি।
শুনে ফুফু বললেন, আমি এদিকে খাবারের খোঁজে এসেছিলাম। হঠাৎ বোতলটা চোখে পড়ল। ভাবলাম, সরিয়ে দেখি তো নিচে কোনো খবার আছে কি না! ভাগ্যিস সরিয়ে দেখেছিলাম। তা-না-হলে তো তুমি এখানেই মরে-পচে থাকতে।
মুখ দিয়ে আর কোনো কথা বেরুল না পুঁচকে পুঁটির। কাঁকড়া-ফুফুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকল সে।
ফুফু পুঁটিকে সান্ত¡না দিয়ে বললেন,
কান্দিস না। আপাতত আর কোনো বিপদ নেই। তবে, এখন থেকে খুব সতর্ক হয়ে চলাফেরা করবে। নিরাপদ জায়গা ছাড়া ঘুমাবে না। আলসেমির কারণে যাচাই না করে বোকার মতো কোনো সিদ্ধান্তও নিয়ে ফেলবে না।
– আচ্ছা। ঢের শিক্ষা হয়েছে আমার।
এরপর পুঁচকে পুঁটি তার কাঁকড়া-ফুফুকে বিদায় জানিয়ে মায়ের কাছে ফিরে গেল।

হ্যাঁ ছোট্টবন্ধুরা! পানির বোতল, ডাবের খোসা, কলার ছোকলাসহ বিভিন্ন ময়লা পানিতে ফেলার কারণে যে কত্ত মাছ বিপদে পড়েছে, পচে মরেছে তার কোনো হিসেব নেই। তোমরাও আর কখনো পানিতে ময়লা ফেলো না।

বিশ্ব এবার উঠবে হেসে

নতুন ভোরের স্বপ্ন দেখি অমানিশা রাতে
তাইতো আকাশ রঙিন হলো শুভ ইশারাতে,
পুবের হাওয়ায় আলোর রেণু সাথে আবাহন
নদীর ঢেউয়ে সফেদ ফেনা নতুন জাগরণ।

এমন সকাল প্রিয় সকাল প্রজাপতিরঙে
নতুন দিনের গল্পগাথা সুনিপুণ ঢঙে,
সমাজ গড়ার এ অভিযান সবার চাওয়া
ফুলকুঁড়িদের এ আয়োজন পরম পাওয়া।

স্বাধীন দেশের কিশোর মনে দীপ্ত শপথ
জীবন গড়ার মূলমন্ত্রে কাটবে বিপথ,
এমন আলোর সুরলহরি সবার ঘরে
বিশ্ব এবার উঠবে হেসে রঙিন ভোরে।

দ্বিতীয় পর্বের ফুলকুঁড়ি

মাসিক ফুলকুঁড়ি পত্রিকার প্রকৃত কাহিনী ও ঘটনা বলতে পারবেন আমাদের অগ্রজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদ আলী। তিনি এখন কানাডা প্রবাসী। ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিলো ফুলকুঁড়ি আসর। আর এর পাঁচ বছরের মধ্যে ১৯৭৯ সালের মার্চ মাসে সচিত্র শিশুকিশোর মাসিক হিসেবে আত্মপ্রকাশ করে ‘ফুলকুঁড়ি’। অবশ্য এর আগে দুটি সংকলন প্রকাশিত হয় ১৯৭৮ সালের জুলাই মাসে এবং সেপ্টেম্বর মাসে। সম্পাদক ছিলেন মাসুদ আলী। তার মানে মাত্র এক বছর পর আসরের মুখপত্র হিসেবে ফুলকুঁড়ি পত্রিকার জন্ম। আরেকটা বড় কারণেও এ বিষয়টি আমার কিছুটা মনে আছে। কারণ, আমি তখন তথ্যমন্ত্রণালয়ে চাকরি করি। পত্রিকার ডিক্লারেশন পাওয়ার ব্যাপারে আমি তখন বেশ দৌড়াদৌড়ি করেছিলাম সে কথা আমার মনে আছে। মনে আছে পত্রিকাটি প্রকাশিত হতো ১-৮ সাইজে। অর্থাৎ আবার এখনকার সাইজে। পত্রিকার হেডিং এ এখনকার মতই লেখা থাকত সচিত্র শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ি। শিল্পী হামিদুল ইসলামের আঁকা ছবি ও ইলাস্ট্রেশন দিয়ে পত্রিকাটি প্রকাশিত হতো। বাজারের অন্যান্য চালুকৃত পত্রিকাগুলো ছিলো রঙিন, সে তুলনায় ফুলকুঁড়ি ছিল একান্ত সাদামাটা। অল্পকিছু কপি ছাপা হতো এবং বিলি-বন্টন হতো ফুলকুঁড়ি আসর সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে। আবার প্রতি মাসে নিয়মিতও বের হতো না। মাঝে মাঝে বাদ যেতো। তখন মাসুদ আলীর সাথে দেখা হলে তার হাসি-খুশি থাকা উজ্জ্বল মুখটা ¤øান মনে হতো। আমি মাসুদ আলীকে খুব ভালোবাসতাম। শিশুদের সবকিছু তার আয়ত্বের মাঝে ছিল, যেমন তিনি ছড়া কাটতে পারতেন, তেমন পারতেন শিশুদের জন্য গদ্য ও পদ্য লিখতে। গানও লিখতে পারতেন, ¯েøøাগানও তৈরি করতে পারতেন একটুও সময় লাগতো না। হুট-হাট করে সব করেও ফেলতে পারতেন। দশদিগন্তজানা অমন একজন শিল্পীর তখন ছিল বড় অভাব।
আমার সঙ্গে দেখা হলেই লেখা চাইতেন, লেখা দিতাম। শেষে বললেন একটা ধারাবাহিক লেখা দিতে। আসাদ বিন হাফিজের চাপে সেই ধারাবাহিক লেখাটাও দিয়েছিলাম।
কিছু পরেই আমরা একদল বন্ধু ঢাকা মহানগর ফুলকুঁড়ি আসরের উপদেষ্টা হয়ে গেলাম। এর মধ্যে অন্যতম ছিলেন আবদুর রাজ্জাক, ব্যাংকার তাজুল ইসলাম, ডা. জিনাত হোসেন গাজী, ব্যাংকার আবদুল মান্নান, চার্টার্ড একাউন্টেন্ট জহুরুল ইসলাম, ডা. নাসিম আলী, মাহবুবুল হক, ব্যবসায়ী রহমতুল্লাহ প্রমুখ।
বেশ জড়িয়ে গেলাম। এখনকার খ্যাতিমান ফিজিশিয়ান ডা. মোয়াজ্জেম হোসেন তখন মিটর্ফোট মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্র। তার একান্ত উৎসাহ ও উদ্দীপনায় আমরা এই এক দঙ্গল প্রফেশনাল ফুলকুঁড়ি আসরে উপস্থিত হয়েছিলাম। এসব আশির দশকের প্রথম দিককার কথা। ঢাকা মহানগরীর উপদেষ্টা কমিটির বৈঠক তখন হাসি-ঠাট্টায় যেমন মুখর ছিল তেমনি প্রাণবন্ত ও উজ্জ্বল উচ্ছ¡ল ছিলো পরামর্শ ও উপদেশ দানে। ১৯৮৪ সালে আমার কাছে প্রস্তাব এলো ‘আমরা এখন দারুণ আর্থিক সংকটে আছি, পত্রিকাটি আপনি নিয়ে আপনার মতো চালান, আমরা আপাতত আপনাকে কোনো সাহায্য করতে পারবো না’। আমি তখন সরকারি চাকরি ছেড়ে মাত্র উদীয়মান শিল্পপতি হয়েছি। আমার সামনে অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা। জড়িয়েও গিয়েছি বেশ কয়েকটি শিল্প-কারখানার সাথে। বললাম, মাসুদ আলী ভাই সম্পাদক থাকুক বাকিটা আমিই না হয় দেখলাম। প্রকাশকের প্রতিনিধি রাজি হলেন না। বললেন, না দায়িত্ব নিলে সব দায়িত্ব আপনাকেই নিতে হবে। মনে মনে ভাবলাম আমার তো ছেলে মেয়ে বেশি নাই। একটি ছেলে বা মেয়ের খরচই না হয় বাড়বে, আল্লাহ ভরসা।
এলিফ্যান্ট রোডে ফুলকুঁড়ি আসরের তখন কেন্দ্রীয় দফতর। সেখানেই একটি রুম নিয়ে ১৯৮৫ সালে সার্বজনীন ফুলকুঁড়ি আসরের পত্রিকার দ্বিতীয় অভিযাত্রা শুরু হলো। পত্রিকা আমরা হকারকে দিতে শুরু করলাম, সবার কাছে লেখা চাইলাম, বাংলাদেশের সেরা সেরা কবি-সাহিত্যিকরা লেখা দিতে শুরু করলেন, পত্রিকা জেগে উঠল। পত্রিকা ছোট করলাম, বড় করলাম, আরো জেগে উঠল। জেগে উঠল ফুলকুঁড়ি আসরের বাংলাবান্ধা থেকে বরগুনার সদস্যরা। তখনো বাংলাদেশের সকল রেলওয়ে স্টেশনের বুকস্টলের মালিক ছিলেন প্রখ্যাত প্রকাশক রুহুল আমিন নেজামি। মাত্র কয়েক বছরে এর প্রচার সংখ্যা বাড়লো বারো’শ থেকে বারো হাজারে।
২০০০ সালে ফুলকুঁড়ি পত্রিকার দায়-দায়িত্ব থেকে আমি মুক্ত হলাম।
২০০১ থেকে তৃতীয় পর্বের শুরু হয়, এখনো তা জাজ্জল্যমান আছে। সামগ্রিকভাবে ফুলকুঁড়ি পত্রিকার বৈশিষ্ট্য হলোÑ এটা শুরু হয়েছিল আর আছে। এবং আশা করি আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।ভুলেভালে বা অভাবে ও দারিদ্রে যখনই পত্রিকাটি গÐিবদ্ধ হয়েছে তখনই তা প্রাকৃতিক নিয়মে আড়ষ্ট হয়েছে। এর সৃজনশীলতা কমেছে।
যখনই পত্রিকাটি বিশ্বজনীন ও সার্বজনীন হওয়ার চেষ্টা করেছে তখনই তা ফুলে পত্রে ফুটন্ত হয়েছে। সবাইকে নিয়ে সবার যখন পত্রিকাটি কাজ করার চেষ্টা করেছে তখনই সে উজ্জ্বল হয়েছে, সমুজ্জ্বল হয়েছে ও সমুন্নত হয়েছে। পত্রিকাটিকে কেন্দ্র করে, পত্রিকাটির প্রয়োজনে একটি প্রাণবন্ত সার্বজনীন একটি সাহিত্যসভা শুরু করেছিলাম। আল্লাহর ইচ্ছায় তা এখনো চলমান আছে। আশা করি থাকবেও। এই সাহিত্যসভাটিই পত্রিকার প্রাণ।
পত্রিকাটিও আছে, সাহিত্যসভাটিও আছে। সুতরাং আমরা ব্যর্থ হয়েছিÑ একথাটি বলার কি অবকাশ আছে!