Home Blog Page 74

স্বপ্নচারী ছোট্ট খোকন

বিশ্বকাপের বার্তা এলো
বাংলাদেশের পানে,
ফুটবলে হয় তুমুল খেলা
এবার খোকন জানে|

কিন্তু খেলার খবর দেখার
আমেজ হলো ভঙ্গ,
জানলো যখন এই সিজনেও
থাকছে না এই বঙ্গ!

আমাদের এই মাতৃভূমি
প্রিয় বাংলাদেশ,
খেলবে না তাই ছোট্ট খোকা
কেঁদেই হলো শেষ!

কিন্তু আবার স্বপ্ন নিয়ে
মন লাগালো কাজে,
নিজকে গড়েই বিজয় তবে
আনবে দেশের মাঝে|

এমন করে স্বপ্নচারী
এক যদি হয় খোকন যতো,
সকল বাঁধাই সহজ হবে
হোক না বিশ্বকাপের মতো!

এশিয়ার আশায়

বিশ্বকাপের মঞ্চে দেখো
এশিয়া কী রঙ্গে
নীল পাখি ও সবুজ পাখি
উড়ছে নানা ঢংয়ে|

কলাকৌশল, খেলার জাদু
বিশ্ব এখন ভয়-ডরে
পায়ের তালে ছন্দ বলে
সৌদি-জাপান গোল করে|

এই আশাতে এই এশিয়া
বিশ্বে সাড়া ফেলবে
আশায় থাকি, বিশ্বকাপে
বাংলাদেশও খেলবে|

পুটুস পুটুসে গোলের অপেক্ষা

পুটুস পুটুস বাদাম ফাটাচ্ছে আর খাচ্ছে আবির ও তাজিম| বাদাম চিবাতে চিবাতেই ক্লাসরুমে এসে ঢুকে মাহিন| ওদের দেখে মাহিন বলে, কীরে বাদাম নিয়ে ক্লাসে ঢুকে গেলি? দে দে, আমারেও দে ক’টা|
একটু হাসি দিয়ে আবির বলে, তোকে দেবো? না থাক, তুই ক্লাস নোংরা করে ফেলবি!
একটা আলতো ঘুষি দিয়ে মাহিন বলে, আমি খেলে নোংরা হবে আর তোরা খেলে ক্লাসটা ফকফকা থাকবে! না দেওয়ার ফন্দি বুঝি? দে জলদি!
হেসে দেয় সবাই| হাসতে হাসতেই আবির বাদাম এগিয়ে দেয়| ঠিক তখনই তাজিম বলে, এবারের বিশ্বকাপে আবারও তাদের সেভেন আপ খাওয়াবো|
মাহিনের হাসি মুখটা একটু গম্ভীর হয়ে যায়| মুখ ভার করেই মাহিন বলে, আর্জেন্টিনাও ৬ গোল খেয়েছে|
সাথে সাথে আবির বলে জার্মানিও ৮ গোল খেয়েছে| অথচ এরা সবাই একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে|
তাজিম প্রসঙ্গ পাল্টে ঝটপট বলে, বাদ দে ওসব| খেলায় এমন গোল হবেই| গোল না হলে কি ফুটবলে মজা আছে? গত বিশ্বকাপের ফাইনাল খেলাটা কার মনে আছে রে?
– থাকবে না মানে! এমবাপ্পেকে কি ভোলা যায়? মাহিন বলে|
মাহিনের কথায় তাজিম বলে, চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা, আর তুই কি না এমবাপ্পেকে মনে করছিস? মনে করছিলাম তুই আমার হয়ে আর্জেন্টিনার সাপোর্টে কথা বলবি|
গত বিশ্বকাপ মানে ২০২২-এর বিশ্বকাপ| ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স| মূল খেলা ছিল ৩-৩ গোলের সমতায়| দুই দলের ছয়টি গোলের মধ্যে এমবাপ্পের দ্বিতীয় গোলটি ছিল স্মরণে রাখার মতো|
৮০ মিনিটে পেনাল্টি থেকে ১ গোল পরিশোধ করে ফ্রান্স| তখনো ফ্রান্স ২-১ গোলে পিছিয়ে| পেনাল্টির গোল শেষে কিক-অফের মাধ্যমে আবার খেলা শুরু| আর্জেন্টিনা পুরোপুরি বলের দখল নেওয়ার আগেই ফ্রান্সের মিডফিল্ডার থুরামের পায়ে পড়ে বল| থুরাম দ্রুত এগিয়ে যায়| একটু ডানে থুরামের সামনে দৌড়াচ্ছে সহ-খেলোয়াড় এমবাপ্পে| থুরাম চমৎকার ওয়ান-টু খেলে বলটা এগিয়ে দেয় এমবাপ্পেকে| এমবাপ্পে বলটা ধরে মুহূর্ত সময়ের সাথে সাথে আবার দেয় থুরামকে| মাত্র কয়েক সেকেন্ড সময়| দুর্দান্ত গতিতে এগিয়ে যাওয়া ফ্রান্স ততক্ষণে আর্জেন্টিনার ডিফেন্স ভেঙে ফেলে| এমবাপ্পে থেকে বল পেয়ে ঠিক তখনই থুরাম হালকা চিপে বল বাড়িয়ে দেয় ডি-বক্সে| ততক্ষণে এমবাপ্পে ডি-বক্সের ভেতরে প্রায়| এক সেকেন্ডও নষ্ট না করে বল মাটিতে পড়ার আগেই, শূন্যে শরীর ভাসিয়ে ডান পায়ে মারে জোরালো ভলি! দৃষ্টিনন্দন আর অপূর্ব কারুকাজের সে ভলিতে বল সোজা জালে| গোল! ২-২!
স্মরণীয় এই মুহূর্তটাকে স্মরণ করে মাহিন বলে, এমবাপ্পের ভলিটা কি ভোলা যায়?
তাজিম ও আবির মাথা নাড়ে, কোনো কথা বলে না| মাহিনই আবার বলে, আজ ঢাকা স্টেডিয়াম খেলা আছে, দেখতে যাবি?
তাজিম হতাশার সুরে বলে, না রে! আর দু’দিন পর বিশ্বকাপ খেলা দেখব| এখন এসব গতিহীন অপরিকল্পিত খেলা দেখে মনটা খারাপ করতে চাই না|
সবাই চুপ হয়ে যায়| একটা হতাশা ওদের মনে| অর্ধশত বছর হয়ে গেল, বাংলাদেশ এখনো বিশ্বকাপে কোয়ালিফাই করা তো দূরের কথা; বাছাইয়ের প্রথম ধাপই পার হতে পারে না| ক্লাস শুরু হতে এখনো বাকি আছে| অনেক শিক্ষার্থী এসে গেছে| হই চই, খুনসুটি চলছে| চলছে ছোটাছুটি, লাফ-ঝাঁপ| কেউ কেউ বসার সিট নিয়েও হালকা তর্ক বিতর্ক করছে| ক্লাস শুরুর আগে এমন দৃশ্য বলতে গেলে সবসময়ই হয়| এটাও যেনো স্কুল জীবনের আনন্দেরই একটি অংশ|
আবির, তাজিম, মাহিন- ওরা পাশাপাশি বসেছে| বিশ্বকাপ আর বাংলাদেশের খেলা তুলনা করে ওদের মনটা এখন একটু ভার| আচমকাই তাজিম বলে, আচ্ছা চল&, খেলা দেখতে যাই আজকে|
– হঠাৎ ডিসিশন চেঞ্জ করলি! মাহিন জিজ্ঞেস করে|
আবির বলে, ডিসিশন চেঞ্জের কী আছে? বিকালে ফ্রি আছি খেলা দেখে আসি, চল&| শত হোক, আমার দেশের খেলা তো! প্রিয় দলের খেলা তো!
তাজিম ওদের দুজনের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, শোন&, গরিব মানুষেরা বড়লোকের মতো সুখ-আনন্দ করতে পারে না| তাই বলে কি তাদের নিজ¯^ আনন্দ-সুখ বন্ধ থাকে? মোটেই না| ঠিক না কথা?
দুজনেই মাথা নেড়ে জানায়, হ্যাঁ|
তাজিম আবার বলে, ফুটবলের জায়গাতে আমরা হলাম দরিদ্র, গরিব| বিশ্বকাপে যারা খেলে তারা হলো ফুটবলের বড়লোক| তাদের খেলার মতো আমাদের খেলা হবে না; তাই বলে কি আমরা আনন্দ করতে পারবো না? আমরা কি আমাদের ফুটবলকে অবহেলা করব?
– তাহলে? আবির জানতে চায়|
– আমাদের ফুটবল নিয়ে আমরা আনন্দ করবো| দেখবো|
ঢং ঢং ঢং ঘণ্টা পড়ে| ওরা সবাই দৌড়ে চলে যায় অ্যাসে¤^লিতে| অ্যাসে¤^লি শেষে ক্লাসে আসে| স্যার আসেন| ওরা তিনজন ক্লাসের ফাঁকে ফাঁকে ফিসফিসিয়ে কথা বলে| আজ যাবে খেলা দেখতে| আজকে দেশের অতি পরিচিত দল মোহামেডান আর আবাহনীর খেলা| নিয়মিত খেলা না দেখলেও ওরা নিয়মিত খোঁজখবর রাখে| ওরা ওদের বাবার মুখে শুনেছে উনাদের সময়ে মোহামেডান আর আবাহনীর খেলার দিন নাকি বাংলাদেশ অঘোষিত ছুটি হয়ে যেত| পুরো ঢাকা শহরের সাথে সাথে সারাদেশে ছাদে ছাদে, বারান্দায় কিংবা মহল্লার কোনো না কোনো স্থানে মোহামেডান-আবাহনীর দলীয় পতাকা উড়তো| সে এক দারুণ দৃশ্য!
কিন্তু আজ আর আমাদের দেশের ফুটবলের সেই জৌলুস নেই| নেই মোহামেডান কিংবা আবাহনীর জৌলুসও|
ক্লাস শেষ করে বিকালে ওরা যায় ঢাকা স্টেডিয়ামে| গ্যালারিতে তেমন ভিড় নেই| তারপরও যারা এসেছে, তাদের চিৎকারে, বাঁশির শব্দে আর ছোট ছোট পতাকার উড়াউড়িতে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে| আন্তরিকতা খুঁজে পাওয়া যাচ্ছে| খেলা চলছে মোহামেডান ও আবাহনীর মধ্যে|
বলটা একবার এদিক, একবার ওদিক ছুটে বেড়ায়| মাঝে মাঝে ভুল পাস| কখনো অগোছালো আক্রমণ| এমন খেলা দেখে তাজিম মাহিনকে জিজ্ঞেস করে, কেমন লাগছে রে?
– আমার কাছে ভালোই লাগছে|
– কেমন গতিহীন বা অগোছালো মনে হয় না?
– এটা আমার দেশের খেলা, চমৎকার! এবারও ঝটপট জবাব দেয় মাহিন|
তাকে সমর্থন জানিয়ে আবির বলে, দেখ, আমরা এটুকু দেখেই তৃপ্ত| এর বেশি বল আমরা পাবো কোথায়?
হঠাৎ খেলাটা গতি পেয়ে যায়| মধ্যমাঠে মোহামেডানের তরুণ উইংগার আলতাপের পায়ে বল পড়ে| সে হালকা টাচে বল এগিয়ে দেয় সামনে দৌড়ানো মোহামেডানের স্ট্রাইকার রানাকে| সে বল পেয়ে একটুও না থেমে গতিশীল বলটি নিয়েই এগুতে থাকে| কয়েক সেকেন্ড এগিয়ে বামে পাস দেয় মোহামেডানেরই লেফট উইং কবিরকে| প্রতিপক্ষ আবাহনীর ডিফেন্ডার অলোক প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করে| বেশ গতিময় হয়ে ওঠে খেলাটা| আবাহনীর অলোকের বাধায় কবির বলটি ব্যাকপাসে দিয়ে দেয় পুনরায় আলতাপের কাছে| আলতাপ পা উঁচিয়ে ইচ্ছে করে বলটা ছেড়ে দিয়ে একটু সামনে এগিয়ে যায়| তাতেই বলটা আবার ধরে মোহামেডানের স্ট্রাইকার রানা| বলটা পেয়েই আবাহনীর রফিককে ড্রিবলিং দিয়ে মাঝমাঠ দিয়ে সোজা গোলের দিকে আগায়| ওকে আটকাতে আবাহনীর সজীব এগিয়ে আসে দ্রুত| রানাও সাথে সাথে ডানে হাবীবকে পাস দিয়েই সে দ্রুত এগিয়ে যায় আরও সামনে| ˆতরি হয় একটা গ্যাপ| মোহামেডানের রাইট উইং হাবীব বলটা ধরে ওই গ্যাপে থাকা রানাকে আবার দেয়| রানা বলটা পেয়ে এক পা দু’ পা করে একটু এগিয়ে দ্রুত শট নেয় গোলে| বিকট চিৎকার ওঠে স্টেডিয়ামে| মোহামেডানের বল আবাহনীর জাল ছুঁয়েছে|
আবির লাফিয়ে উঠে চিৎকার করে বলে, দেখলি, কী অসাধারণ খেললো এখন আমার দেশের খেলোয়াড়রা|
মাহিন আর তাজিমের চোখ চকচক করছে| তাজিম মিষ্টি একটা হাসি দিয়ে বলে, হয়তো একদিন… এরকম গোলই বিশ্বকাপেও হবে বাংলাদেশের হয়ে| তখন হয়তো আমরা কিংবা আমাদের পরের প্রজন্ম টেলিভিশনের সামনে দাঁড়িয়ে চিৎকার দিবে বাংলাদেশ বাংলাদেশ বলে|

এক বাদামওয়ালা যায় ওদের সামনে দিয়ে| ওরা বাদাম কিনে| আবার পুটুস পুটুস শব্দে বাদাম ফাটে| আজ পুটুস পুটুসের ভেতরে যেনো অন্য এক ছন্দ| আশার ছন্দ, অপেক্ষার ছন্দ|

নামের টাইটেল

আবির আজ সকালে ঘুম থেকে উঠেই আম্মুকে জোরে জোরে শব্দ করে বলতে লাগলো, আম্মু আমি কিন্তু ডিম ভাজি দিয়ে নাস্তা করবো|
আম্মু বললেন, রোজ তো তাই খাস| আজকে নতুন করে আবার বলার কী আছে?
– নতুন করে বলার কারণ আছে আম্মু| আমি কিন্তু এক হালি ডিম ভাজি খাবো|
– কী!
– আম্মু, বুঝো না, এক হালি এক হালি|
– ডিম কী গাছে ধরে? ঝাঁকাইলে পড়বে? এতো ডিম নাই|
আবির না শোনার ভান করে বলে, আম্মু এক হালি, এক হালি|
আম্মু এবার আর কোনো প্রতি উত্তর করে না| আবির বাবলুর রুমের দরজার পাশেই ছিলো| সেখান থেকে জোরে জোরে আম্মুর সাথে কথা বলছিলো| সে আবার চিৎকার করে বললো, আম্মু এক হালি আনতে বলবো? একথা বলেই আবির বাবলু’র রুমের দরজায় নাম ধরে শব্দ করে ডাকতে থাকলো| সে বিছানা থেকেই বললো, দরজা খোলা আছে| বলেই মাথা গায়ে লেপ দিয়ে ঘুমানোর ভান করে থাকলো| আবির দরজা খুলে রুমে ঢুকেই বলল, ও মা! তুই এখনো ঘুমাচ্ছিস? ওঠ, ওঠ। আম্মু তোকে দোকান থেকে এক হালি ডিম নিয়ে আসতে বললো|
লেপের ভিতর থেকে বাবলু বললো, আম্মুকে বলো ফ্রিজে এক লিটার একটা সেভেন আপ আছে| সেটা বের করে রান্নার কাজ শেষ করতে|
আবির একটুকুও ক্ষেপলো না| বললো, আরে ভাইয়া ঠান্ডার দিনে পানীয় চলে? চলে হচ্ছে ডিম ডিম| আমি তো এক হালি ডিম দিয়ে নাস্তা করবো আজকে|
– তুমি এক হালি খাও আর দেড় হালি খাও না হয় দুই হালি খাও তাতে আমার সমস্যা কী? বলেই পা দিয়ে গায়ের লেপ লাথি দিয়ে সরিয়ে বের হয়ে গেল বাবলু| আবির ও বাবলু দুই ভাই| এক বছরের ছোট-বড় হলেও সমবয়সী বলা চলে| ফুটবল বিশ্বকাপের জ্বরে সারা দেশ যেমন দুই ভাগ হয়ে গেছে| তেমনি আবির বাবলুদের বাড়িও দুই ভাগ হয়ে গেছে| দুই ভাইয়ের দুই দেশ| আবির করে ব্রাজিল আর বাবলু আর্জেন্টিনা| বাইরে যেমন দুই দলের সমর্থকদের মধ্যে সব সময় বাক-বিতণ্ডা লেগে থাকে, তেমনি আবির ও বাবলুদের মাঝেও লেগে থাকে|
দুই ভাইয়ের দুই দলের সমর্থক হওয়ায় ওদের আব্বুর হয়েছে বিপদ| চাইলেও পছন্দের দলের জার্সি পরতে পারছেন না| দুই ভাইকে দুই দলের রেডিমেড জার্সি কিনে দিলেও নিজের জার্সিটা দর্জির কাছে বানিয়ে নিতে হয়েছে| যার এক সাইড ব্রাজিল আর অন্য সাইড আর্জেন্টিনা| সেটা বানিয়েও রক্ষা নেই| ছোট ছেলে এটা নিয়েও অভিমান করলো| অভিমানের কারণ হলো ব্রাজিলের সাইড পড়ে গেছে বাম পাশে আর আর্জেন্টিনার সাইডটা পড়ে গেছে ডান দিকে| বাবুলের কথা বাম সাইডে হার্ট থাকে তুমি সেই জন্য ঐদিকে ব্রাজিল রেখেছো না? আব্বু বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই বোঝাতে পারে নাই| যে কারণে সে জার্সিও তিনি পরছেন না| ছেলেদের মন রক্ষা করে চলতে হবে তো| তবুও মাঝে মাঝে ওদের দল নিয়ে রসিকতা করেন| কখনো সে রসিকতা আর্জেন্টিনার পক্ষে হয়ে যায়| কখনো হয়ে যায় ব্রাজিলের পক্ষে|
গতকাল তো ওদের নাম নিয়ে রসিকতা করলেন| তাতে অবশ্য দুজনের তেমন কেউ কোনো মন খারাপ করেনি| তবে নাম বদলের বিষয়টাতে তারা রাজি হয়নি| নাম বদলের ঘটনাটা বলি| আবির এর আ দিয়ে হয় আর্জেন্টিনা| আর বাবলুর ব দিয়ে হয় ব্রাজিল| অথচ আবির করে ব্রাজিল আর বাবলু আর্জেন্টিনা| এটা হইলো? তাই বাবা ঠাট্টা করলো, হয় তোমরা দল পরিবর্তন করো না হয় নাম পরিবর্তন করো| কিন্তু কেউই এটাতে রাজি হলো না|
ডাইনিং রুমে গিয়ে আব্বু-আম্মুর একসাথে দেখা পেলো বাবলু| বাবলু বললো, আম্মু তুমি কি আমাকে ডিম আনতে যেতে বলেছো|
– কই, না তো| বললো আম্মু|
– আম্মু তুমিই না বললে ডিম নাই বাসায়| বাবলুকে ঠেলে ডাইনিং-এ ঢুকতে ঢুকতে বললো আবির|
– সবার জন্য তো ডিম ভাজা হয়ে গেছে| এখন তো আর লাগতেছে না|
– আমার জন্য না এক হালি ডিম ভাজার কথা|
– অ্যাই, এক হালি ডিম কেউ একসাথে খায় নাকি? জিজ্ঞেস করে আম্মু|
আম্মুর কথা শুনে আব্বু মুচকি মুচকি হাসতে শুরু করলো| আব্বু বিষয়টা বুঝতে পেরেছে কিন্তু আম্মু পারে নাই|
– কেউ খায় না বলে যে আমার খাওয়া যাবে না, তা কোথাও লেখা আছে? বলে আবির|
– খাবে না তুমি হালি, তোমার খাওয়া লাগবে গালি| বলেই হন হন করে বাইরে বেরিয়ে গেল বাবলু|
আম্মু চিৎকার করে বলে, অ্যাই কই যাস, নাস্তা করবি না?
ওদিক থেকে বাবলুর আওয়াজ আসে, মুখ ধুয়ে আসতেছি| এদিকে আবিরও ফ্রেশ হওয়ার জন্য বাইরে গেল|
আব্বু আম্মুকে বললো, এই ডিম তারপর হালি এগুলো নিয়ে আর কথা বাড়িও না| অন্য দিকে কথা নিয়ে যাও|
– কেনো?
– আরে গতকাল রাতে ব্রাজিল এক হালি গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে| আর সে জন্য তোমার আবির হালি হালি নিয়েই ক্ষেপাচ্ছে বাবলুকে|
– ও মা, তাই নাকি!
– হুম| আচ্ছা শোনো, তুমি কোনো কথাই বলবে না| আমি ওদের কে অন্যদিকে ডাইভার্ট করতেছি|
একটু পরে দুই ভাই ফিরে এলো ডাইনিং এ| নাস্তা করতে শুরু করলো|
আব্বু বলল, তোমরা তো কালকে আমার কথা মানলে না?
দুই ভাই একসাথে বলে উঠলো, কোন কথা আব্বু?
– নাম বদলের| আচ্ছা শোনে নাম বদলাতে হবে না| সংযুক্ত করতে হবে| যাতে বোঝা যায় তুমি ব্রাজিল ও আর্জেন্টিনা|
– আবির বলে সেটা কী রকম?
– হুম, বলছি| বলেই পানির গ্লাস নিয়ে তিনি ঢক ঢক করে পানি পান করলেন| এরপর বলেন আবির যেহেতু ব্রাজিল করে ওর নাম হবে আবির ওরফে নেইজার| মানে নেইমারের নামের সাথে মিল রেখে আরকি| আর বাবলু যেহেতু আর্জেন্টিনা করে ওর নাম বাবলু ওরফে লিও টিন| মানে লিওনেল মেসি’র লিও আর আর্জেন্টিনার টিন|
দুই ভাই বাবার রসিকথায় মনে মনে হাসতে শুরু করে|
আব্বু বলে, তোরা যদি দেশ ত্যাগ করে ব্রাজিল বা আর্জেন্টিনাও চলে যাস তবুও মানুষ নামের টাইটেল শুনে বলবে ওরা দুজন তোছাদ্দেক হোসেন এর পুত্র|
– কেমনে? দুই ভাই এক সাথে জানতে চায়|
– তোমাদের দুজনের নামের শেষের টাইটেল কী? টাইটেল হলো জার আর টিন| দুটোর মানে একই|
– কী সেটা? জিজ্ঞেস করে আবির|
এবার আম্মু মুচকি মুচকি হাসতে থাকে|
আব্বু বলে, আমি তো প্লাস্টিক এর বয়াম আর টিনের কৌটা তৈরির ব্যবসা করি|
– হুম| তার সাথে এর সম্পর্ক কী? বলে আবির|
– সম্পর্ক তো একই| জার মানে বয়াম| যেমন কাচের জার প্লাস্টিকের জার| আবার টিন মানেও তাই| যেমন মুড়ির টিন বিস্কুটের টিন|
আম্মু এবার শব্দ করে হাসতে থাকলো| আম্মুর হাসিকে পাত্তা না দিয়ে আব্বু আবার বললো, তাহলে তোমাদের নাম হলো নেইজার আর লিও টিন| ঠিক আছে তো|

আব্বুর কথায় এবার শব্দ করে হেসে উঠলো দুই ভাই সাথে আম্মু| কিছুক্ষণের মধ্যে আব্বুর হাসির শব্দও যোগ হলো ওদের সাথে|

ফুটবল বিশ্বকাপ : জানা-অজানা

বন্ধুরা, ১১ই জুন থেকে শুরু হয়েছে দুনিয়ার সবচেয়ে বড় আর উত্তেজনার খেলা—ফুটবল বিশ্বকাপ! মাঠের লড়াই শুরু হওয়ার সাথে সাথে চলো আমরা টাইম মেশিনে চড়ে ঘুরে আসি ফুটবলের ইতিহাস থেকে| জেনে নেই এমন ৬টি ফ্যাক্ট, যা রূপকথার চেয়ে কম কিছু নয়!

১. উরুগুয়ের জার্সিতে রহস্যময় চারটি তারা
নিয়ম হলো, একটা দেশ যতবার বিশ্বকাপ জিতবে, তাদের জার্সির লোগোর উপর ততটা তারা থাকবে| মজার ব্যাপার হলো, উরুগুয়ে বিশ্বকাপ জিতেছে মাত্র ২বার (১৯৩০ ও ১৯৫০), অথচ তাদের জার্সিতে ৪টি তারা! কেনো জানো? কারণ বিশ্বকাপের আগে ১৯২৪ আর ১৯২৮ সালের অলিম্পিক ফুটবলকেও ফিফা বিশ্ব চ্যাম্পিয়নশিপের সমান মর্যাদা দিয়েছিলো| আর সেই দুই আসরেও চ্যাম্পিয়ন ছিলো উরুগুয়ে| তাই তাদের গর্ব ৪টি তারা!

২. ফুটবল না রেসলিং?
২০০৬ সালের কথা| পর্তুগাল আর নেদারল্যান্ডসের মধ্যে যেনো রেসলিং হয়ে গেল! রেফারি ভ্যালেন্টিন ইভানভ পকেট থেকে কার্ড বের করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন| তিনি সেই ম্যাচে মোট ১৬টি হলুদ কার্ড আর ৪টি লাল কার্ড দেখিয়েছিলেন! ইতিহাসে এই ম্যাচটিকে বলা হয় ‘ব্যাটল অফ নুরেমবার্গ’ বা নুরেমবার্গের যুদ্ধ|

৩. খালি পায়ে ফুটবল বিশ্বকাপ?
১৯৫০ সালে ভারত বিশ্বকাপে সুযোগ পেয়েও খেলতে যায়নি| কারণ হিসেবে অনেকে বলে, তারা জুতো ছাড়া খালি পায়ে খেলতে চেয়েছিলো আর ফিফা তা মেনে নেয়নি| ঘটনাটা পুরোপুরি সত্যি নয় অবশ্য| আসলে তখন জাহাজ দিয়ে এতো দূরে যাওয়াও অনেক খরচ ছিলো, আর ভারতের কাছে তখন অলিম্পিক গেমসের গুরুত্ব ছিল বেশি| তাই জুতো একটা কারণ হলেও অর্থাভাব আর গুরুত্ব না দেওয়াটাই ছিলো আসল কারণ|

৪. মান্দজুকিচের অদ্ভুত গোলের রেকর্ড
২০১৮ সালের ফাইনাল ম্যাচ| ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার মারিও মান্দজুকিচ এক অদ্ভুত রেকর্ড করে বসলেন| ফ্রান্সের বিপক্ষে খেলতে গিয়ে মনের ভুলে তিনি বল নিজের জালেই ঢুকিয়ে দিলেন! বিশ্বকাপের ফাইনালে এটিই ছিলো প্রথম আত্মঘাতী গোল| পরে তিনি ফ্রান্সের জালেও একটি গোল করেছিলেন, কিন্তু তার দল আর জিততে পারেনি|

৫. দুই রূপেই রাজা যারা
খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা কঠিন, আর কোচ হিসেবে জেতা তো আরও কঠিন| কিন্তু ফুটবল ইতিহাসে এমন ৩ জন ভাগ্যবান মানুষ আছেন যারা খেলোয়াড় হিসেবেও ট্রফি হাতে নিয়েছেন, আবার কোচ হয়েও দলকে চ্যাম্পিয়ন করেছেন! তারা হলেন ব্রাজিলের মারিও জাগালো, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাউয়ার এবং ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ে দেশম|

৬. টাইব্রেকার যখন ছিলো না
এখন খেলা ড্র হলে পেনাল্টি শ্যুট-আউটে জয়ী নির্ধারণ হয়| কিন্তু ১৯৭৮ সালের আগে নিয়মটা ছিল অন্যরকম| তখন নকআউট পর্বে ড্র হলে আবার নতুন করে ম্যাচ হতো (রিপ্লে), এমনকি মাঝে মাঝে কয়েন টস বা লটারির মাধ্যমেও বিজয়ী ঠিক করার নিয়ম ছিলো! ভাবো তো, টসে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটা কতটা কষ্টের হতো!

কেমন লাগলো এই ফুটবল-গল্পগুলো? এবার বন্ধুদের সাথে এই মজার তথ্যগুলো শেয়ার করো আর মেতে ওঠো ফুটবল জ্বরে!

নাকলবল ইফেক্ট

নাকলবল ইফেক্ট

প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো|
এ মাসেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ| বিশ্বকাপ মানেই যেনো পৃথিবীজুড়ে এক অন্যরকম উত্তেজনা| ছোট-বড় সব বয়সের মানুষের মাঝেই ফুটবল নিয়ে থাকে আলাদা উন্মাদনা| তোমাদের মধ্যেও নিশ্চয়ই অনেকেই আছো, যারা প্রিয় দল আর প্রিয় খেলোয়াড়কে নিয়ে ইতোমধ্যেই নানা পরিকল্পনা করে ফেলেছো! অবশ্য খেলাধুলা ও অতিরিক্ত সময় ব্যয়ের বিষয়টি নিয়ে অনেক সময় নানা আলোচনা ও প্রশ্নও ওঠে| আমরা আজ সেই বিতর্কে যাচ্ছি না| আশা করি তোমরা নিশ্চয়ই খেলা দেখা নিয়ে অনেক বেশি সময় নষ্ট করো না| তবে একটি বিষয় সত্য— শরীরচর্চা হিসেবে ফুটবলের কিন্তু জুড়ি মেলা ভার|
স্মার্টফোনের এই যুগে, আগের মতো বিকেলে মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার দৃশ্য যেনো ধীরে ধীরে কমে যাচ্ছে| কখনো ডিভাইস আসক্তি, কখনো ব্যস্ততা, আবার কোথাও খেলার মাঠের অভাব— সব মিলিয়ে পাড়ার মাঠের সেই প্রাণবন্ত বিকেলগুলো আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে| অথচ বিকেলের এক ঘণ্টার ফুটবল খেলা শরীরকে যেমন সুস্থ রাখে, তেমনি মনকেও করে তোলে প্রাণবন্ত| যাই হোক, এবার মূল আলোচনায় আসা যাক|
তোমরা যারা ফুটবল খেলা দেখো, তারা নিশ্চয়ই অনেক ধরনের শট দেখেছো| কিছু ঐতিহাসিক ফুটবল শটের শর্টক্লিপ অনেক সময় স্ক্রল করতে করতে আমাদের সামনে আসে| এর মাঝে অনেক শট আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়| যেমন, বাতাসের মাঝে বল বাঁক নেয়া| মনে হয় যেনো ফুটবলার জাদুর মতো বলকে বাতাসে বাঁকিয়ে দিচ্ছেন| আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জেনেছি যে, বাইরের কোনো বল প্রয়োগ না করা হলে গতিশীল বস্তু সরলরেখায় চলতে থাকে| কিন্তু ফুটবলে অনেক সময় দেখা যায় অভিজ্ঞ খেলোয়াড় এমনভাবে বলে কিক করেন, এতে বলটি নিখুঁতভাবে বাঁক নেয়| অনেকটা বৃত্তচাপের মতো পথ অনুসরণ করে| অনেক সময় দেখা যায় কর্নার কিক থেকে সরাসরি গোল হয় বল বাঁক নেয়ার কারণে| যদিও কর্নার কিক করার জায়গা ও গোলপোস্ট একই সরলরেখায়| এধরনের নিখুঁত বাঁক নেয়ার কারণ বলের ঘুর্ণন| ঘুর্ণনের কারণে বলের দুইপাশে চাপের তারতম্য হয়| যেদিকে কম চাপ থাকে বল সেদিকে বেঁকে যায়| যদিও এমনভাবে কিক করার জন্য অনেক বেশি অনুশীলনের প্রয়োজন| আর এই ইফেক্টকে বলা হয় ম্যাগনাস ইফেক্ট| যা আমরা আগের একটা পর্বে আলোচনা করেছিলাম|
তোমাদের অনেকেই হয়ত ক্রিশ্চিয়ানো রোনালদোর অনেক ফ্রি-কিকে দেখেছো, বল আসলে বাতাসের মাঝে নিখুঁত ভাবে বাঁক না নিয়ে বাতাসের মাঝে এলোমেলোভাবে বাঁক নেয়| এতে করে গোলকিপার আগে থেকে বলের গতিপথ বুঝতে পারে না এবং গোল হয়| ম্যাগনাস ইফেক্টে দেখেছি নিখুঁতভাবে বাঁক নেয়| তা ঠিক আছে| কিন্তু এলোমেলো বাঁক নেয়া এটা আবার কেমন? মনে হতে পারে এটা হয়তো কাকতালীয় ব্যাপার| কিন্তু না| আসলে এর পেছনে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণও আছে| কিক করার পর বল যখন একটা নির্দিষ্ট গতিতে যায় তখন এর পাশের বাতাস তার গতির বিপরীত দিকে যায়| অর্থাৎ বলের চারপাশে বাতাসের প্রবাহ থাকে| এ বাতাস বলের গতিকে বাঁধাও দেয়| যাকে আমরা বলি ড্র‍্যাগ ফোর্স (Drag Force)| বলের যখন স্পিন থাকে তখন এর চারপাশে নিয়মিত বাতাসের প্রবাহ থাকে তাই বল একদিকে বাঁক নেয়| এখানে যখন স্পিন থাকে না তখন এর চারপাশের প্রবাহ হয় অনিয়মিত বা Turbulant Flow। ফলে কখনো বলের ডান পাশে বেশি ড্র‍্যাগ ˆতরি হয়, কখনো বাম পাশে| আবার কখনো উপরে বা নিচে চাপ বেশি পড়ে| ফলে বলের উপর অসম বল কাজ করতে শুরু করে এবং বলটি একেঁবেঁকে গিয়ে গোলকিপারকে ধোঁকায় ফেলে| একে নাকলবল ইফেক্ট বলা হয় (Knuckleball Effect)| আর এধরনের কিককে বলা হয় নাকলবল কিক (Knuckleball kick)|

ম্যাগনাস ইফেক্টে বল নির্দিষ্ট দিকে সুন্দরভাবে বাঁক নেয়, কিন্তু নাকলবল ইফেক্টে বল অনিয়মিতভাবে দিক পরিবর্তন করে| ফুটবলের প্রতিটি অসাধারণ শটের পেছনেই লুকিয়ে আছে বিজ্ঞানের দারুণ সব রহস্য|
আজ এ পর্যন্তই| আল্লাহ হাফিজ|