Home Blog Page 66

অপূর্ব সততা

পড়স্ত বিকেল। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সন্ধ্যা কাছাকাছি, আজ সারাদিন ভীষণ ব্যস্ত সময় পার করল ইফাজ। স্কুলের ৮ম শ্রেণির ছাত্র সে। এই ভেবে স্বস্তি অনুভব করছে যে, আব্বুর ঔষধটা শেষ পর্যন্ত কিনতে পেরেছে। আজ ঔষধ কেনা না হলে আব্বুকে আবার প্রথম দিন থেক ঔষধের কোর্স শুরু করতে হতো, এ কারণে স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করে আবার ছুটতে হয়েছে তাকে। মূলত এই অনুষ্ঠানটি ঘিরে ছাত্রদের অনেক ব্যস্ততা থাকে। তাছাড়া, ইফাজ ছিল অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির অন্যতম ছাত্র প্রতিনিধি। এ জন্য সব কাজ শেষ করে সন্ধ্যার আগেই ঔষধ কিনে বাড়ি ফিরতে পারবে কি না, এ ব্যাপারে সন্দেহ ছিল তার। আব্বুর এ ঔষধটি স্থানীয় ফার্মেসিতে পাওয়া যায় না, যেতে হয় উপজেলা সদরের বড় ফার্মেসিতে।
যাই হোক, অবশেষে সে ঔষধটি কিনতে পারলো। ঔষধ কিনে বাসায় ফিরার পথে মানিব্যাগ খুলে টাকার হিসেব মেলাতেই ইফাজ অনেকটা হকচকিত হয়ে উঠলো। এত টাকা তো থাকার কথা নয়! তার কাছে সব মিলিয়ে যত টাকা থাকার কথা ছিল তার চাইতে ৩০ টাকা বেশি রয়েছে, অনেক হিসেব মেলানোর পর সে বুঝতে পারল, ফার্মেসি থেকেই ভুলে এই অতিরিক্ত টাকাটা ফেরত দেওয়া হয়েছে। দ্রুত বড়ি ফেরার তাড়াহুড়োর কারণে সেও আর অতিরিক্ত টাকাটা খেয়াল করতে পারেনি।
এখন কী করবে সে? এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে, টাকাটা ফেরত দিতে হলে তাকে উল্টো ৫০ টাকা খরচ করে বাড়ি ফিরতে হবে। আর তাছাড়া সে সন্ধ্যার পর তেমন একটা ঘর থেকে বের হয় না। অবশেষে সিদ্ধান্ত নিল টাকাটা সে ফেরত দিয়ে আসবে। উল্টো পথ ধরে সে টাকাটা ফেরত দিয়ে আসে, দোকানদার আঙ্কেল তার সততা দেথে আনেক খুশি হন। এবার বাড়ি ফেরার পথ ধরেছে সে। সন্ধ্যার প্রশান্তিময় বাতাস এসে তার গায়ে যেন বাহবার পরশ দিয়ে যাচ্ছে। সত্যিই, সততার আনন্দ যেন এক অপূর্ব অনুভূতি।
প্রকাশকাল: আগস্ট ২০২৫

রাত-বেরাতে শুভ্রশাড়ি

চৌদ্দশ বারো বঙ্গাব্দের আষাঢ় মাস। চারদিকে ঝড়ো হাওয়া বইছে। রবিউলের স্ত্রী সুফিয়া বাপের বাড়ি গিয়েছে। রবিউলকেও তার শ্বশুর-শাশুড়ি যেতে বলেছেন ঘটা করে। মা রশিদা বেগম ছেলেকে বললেন, ‘বাবা, এই বৃষ্টি-বাদলা দিনে ক্যামনে যাবি? ‘
‘মা, চিন্তা কইরো না, বৃষ্টি কইমা যায়বো।’
‘সাবধানে যাস, বাবা।’
‘আচ্ছা, মা।’
পড়ন্ত বিকেলের শেষ অধ্যায়ের এর শেষ পাতা। সূর্যটা ডুববে ডুববে এমন মুহূর্ত। আকাশটা লালচে দেখাচ্ছে সূর্যের এপারে মেঘের ঘনঘটায়। রবিউল ফুলহাতা গ্রামীণ চেক শার্ট পরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো। সাইকেলটা ওর বাবা আর ও দুজনেই চালায়- যখন যার লাগে। মধ্যচর থেকে বের হওয়ার পর তখন সন্ধ্যে ঘনিয়ে এসেছে। ভাবকী ব্রিজে উঠতেই পিছন থেকে ঘোড়ার পায়ের শব্দ ক্রমাগত কানে আসছে। সাইকেল থামিয়ে পিছন দিকে তাকালো। কিন্তু, কোথাও কেউ নেই। চারদিকে কোনো জন-মানুষ নেই। সুনশান নীরবতা। আবার সাইকেল চেপে চলতে শুরু করলো। পিছন দিকে পুনরায় একই আওয়াজ শোনা যাচ্ছিল। সে আবারো থামলো। না, কোনো সাড়া শব্দ নেই। তুফানের গতিতে সাইকেল ছুটে চলছে। ছুটছে তো ছুটছেই, রবিউল ঘেমে একাকার। ভাবকী বাজারেও সে থামলো না। যত দ্রুত সম্ভব কেটে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। মানকি বাজারে রবিউল দাঁড়ালো। ছাহেদ আলীর পানের দোকান বাজারেই। ছাহেদকেও সে চেনে, তার সাথে ভীষণ সখ্যতা রবিউলের। রবিউল ভাবকী ব্রিজের কাহিনী ওকে জানায়, পরে ছাহেদ তাকে দেবেরছড়া পর্যন্ত এগিয়ে দিতে চাইলো। রবিউলের সাইকেলের পেছনে উঠলো ছাহেদ। ছাহেদকে নামিয়ে দিয়ে তারপরে রাস্তায় স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক বাঁচা গেল!
গ্রামের নাম ছবিলাপুর। মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে। আকাশে হলদেটে আভার পূর্ণচাঁদ। ছবিলাপুর যেতে বিএনএস বাজারের কাছ দিয়ে যেতে হয়। বাজারের কাছেই কুকা’র ব্রিজ নামে একটা ব্রিজ আছে। কুকা নামের একটা লোককে গ্রামবাসী কিংবা গ্রামবহির্ভূত কেউ হত্যা করে এখানকার মাটিতে পুঁতে রেখেছিল, তারই ধারাবাহিকতায় নামকরণ করা হয়েছে। ব্রিজটি ভেঙে গিয়েছিলো- তাই সেদিন ব্রিজের পাশ দিয়ে মাটির রাস্তা দিয়ে যেতে হচ্ছিলো। রবিউল যেতেই তার কুকা’র কথা মনে পড়ে যায়। এই বুঝি কুকা’র আত্মা এসে ভয় দেখাবে ওকে। হঠাৎ সাইকেল থেমে যায়, মুখ শুকিয়ে যায় ওর। আজকে কাজ হয়েছে, রবিউলকে জিনে পেয়েছে। সাইকেল যায় না, এদিকে সে তাকিয়ে আছে ঝোঁপঝাড়ের দিকে। এখানেই বুঝি পুঁতেছিলো কুকা’কে। হঠাৎ দুটি চোখকে আবিষ্কার করে ও। তার দিকে তেড়ে আসছে। আতঙ্কিত হয়ে যায় এমন মুহূর্তে। উত্তেজনা ছাপিয়ে সে শুনতে পায় ‘ম্যাও ম্যাও’ শব্দ। ভয় কেটে যায় ওর। সাইকেলে এগুতে থাকে কাঁচা রাস্তায়। তার মনে পড়ে সে বাজারে যায়নি, এতক্ষণ একটুও খেয়ালে ছিলো না। খেয়ালে থাকবে বা কী করে? যা গেল আজ ওর উপর দিয়ে!
ছবিলাপুর পৌঁছল অবশেষে। স্ত্রী সুফিয়া রবিউলকে জিজ্ঞেস করে, ‘এত রাত করলা ক্যান? আগেভাগে রওনা দিতা।’
‘আর কইয়ো না। বাড়ির কাজবাজ শেষ কইরা তারপর আয়লাম।’
রাস্তার মধ্যের কাহিনী না বলাই শ্রেয়। ভয় পেলে আরেক নতুন সমস্যা। রবিউল ঝামেলা বাড়াতে চাচ্ছে না। ওর চায়ের তৃষ্ণা পেয়েছে। তাছাড়াও বাড়িতে পেঁয়াজ আর আলু শেষ হয়েছে। আজ শনিবার, কাহেতপাড়া বাজারের দিন। বেশি রাত করলে হাঁটে কিছু পাওয়া যাবে না। তাই, তড়িঘড়ি করে শার্ট না পাল্টিয়েই ঘর্মাক্ত অবস্থায় বেরিয়ে পড়লো।
গিয়ে প্রথমেই আলু আর পেঁয়াজ কিনে সাইকেলে রাখলো। রেখে চায়ের স্টলে গেল এক কাপ চায়ের অর্ডার দিতে। রেডিওতে বাজছে সংগীত।
চা শেষ করে মনি রওনা দিবে বাড়ির উদ্দেশ্যে অমনি বৃষ্টি নামছে বাইরে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, থামবেই না যেন এমন অবস্থা।
আকাশে হলদেটে আভার পূর্ণচাঁদ। সঙ্গে রাজ্যের উথালপাতাল নক্ষত্রদের পুনর্মিলনী। কিন্তু, বৃষ্টি হওয়ায় আর চোখে পড়ছে না। খুব তীক্ষ্নভাবে নজর রাখলে মনে হয় সেথায় চাঁদের প্রতিকৃতি ক্রমাগত সুতা বুনছে। ছেলেবেলায় কত রকম কত কিসিমের লোকজনের কাছ থেকে সত্য-অসত্য, রূপকথা-পেটফাটা হাসি, ভূত-প্রেত, বিষণ্নতায় ভরা কিসসা কাহিনী রবিউল শুনেছে তার কোনো ইয়ত্তা নেই। হঠাৎ তার দাদির কথা মনে পড়ে যায়। বেচারি জীবদ্দশায় কতকটা সময় তার নাতি নাতিদের সাথে হেসে খেলে আনন্দে অতিবাহিত করেছেন! কিন্তু, মৃত্যুশয্যায় অনেক পাথরচাপা কষ্ট মুখ বুঁজে সয়েছেন, তা যদি মুখ ফুটে-বুক চিরে বোঝানো যেত তবেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেন। কোনো বলা নেই কওয়া নেই, সবাই খেয়াল করলো জমিরন বেগম আর আগের মতো নেই। আগের মতো আর গল্পের আসরে তাকে দেখা যায় না। দিন কাটে তার নিস্তব্ধতায়-নিঃসঙ্গতায়। সবার মনটা নিমেষে এক ঘুটঘুটে আঁধারে ছেয়ে গেল। খেতে পারেন না ঠিকঠাক, চিনতে পারেন না কাউকে, শুধু অবাক দৃষ্টিতে চেয়ে থাকেন মুখাবয়বের দিকে। আত্মীয়-স্বজন দিনকে দিন এসে দেখে যান তাকে। তাকে সবাই জিজ্ঞেস করেন, ‘আমারে চিনছেন? কন তো, আমি কে? মনে পড়ে? আমরা আয়লে এই মানুষটা কত কিছু জিগাইতেন, আদর-আপ্যায়ন করতেন। আর এখন তিনি কিছুই কইতে পারতাছেন না। হায়রে জীবন!’
অনেক প্রতীক্ষার পরও থামলো না বৃষ্টি। তাই, সে বেরিয়ে পড়লো বৃষ্টি গায়ে মেখেই। জালালের বাড়ির কাছে হেঁটে যেতেই তার স্মরণে আসলো দুমাস আগে বাদল নামে একজন গলায় রশি দিয়ে রাস্তার পাশে আত্মহত্যা করেছে। তাই, সে ভয় পাচ্ছে এখান দিয়ে যেতে। হঠাৎ, সে এখানে দেখলো শুভ্রশাড়ি পরে একজন বসে আছে চুপচাপ, নড়ছে না। তার চোখ ছানাবড়া হয়ে গেল, আত্নার পানি শুকিয়ে গেছে। পরে অনেকক্ষণ সে স্তব্ধ হয়ে ছিলো আর রাস্তার উল্টোপাশে হাঁটছিলো, দৌড়াচ্ছিলো এদিক-ওদিক। পরে সে কাছে গিয়ে দেখে এটা কোনো শুভ্রশাড়ি পরিহিত মহিলা কিংবা জিন নয়। এ হচ্ছে দুই কলাগাছের মধ্য দিয়ে আসা জোছনার আলো। আলো আসায় সাদা শাড়ি পরিহিত মহিলা মনে হচ্ছিলো।
প্রকাশকাল: আগস্ট ২০২৫

বাতাস

প্রিয় বন্ধুরা! কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছে। গত পর্বে আমরা জেনেছি বৃষ্টি নিয়ে। আজ আমরা জানবো চোখে দেখা যায় না এমন একটি জিনিস নিয়ে। কিন্তু এটি আমাদের খুবই পরিচিত। আর তা হলো বাতাস। বাতাস চোখে দেখা যায় না ঠিকই কিন্তু বাতাসের অস্তিত্ব আমরা টের পাই। যেমন- গাছের পাতা নড়তে দেখলে আমরা বুঝতে পারি, বাতাসের কারণে তা নড়ছে। আবার ঝড়ে বাতাসের সাথে ধুলাবালি, খড়কুটো, ঘরের চাল ইত্যাদি উড়ে যায়। আমরা বুঝতে পারি বাতাসের কারণেই তা উড়ে যাচ্ছে।

আচ্ছা বাতাস তো চোখে দেখা যায় না। তাহলে এবার তোমরা বল তো বাতাস কি কোনো পদার্থ? তোমরা নিশ্চয়ই জানো পদার্থ বলতে কী বুঝায়। যার ভর আছে, যা স্থান দখল ও বল প্রয়োগে বাধা দেয় তাই পদার্থ। এ সব বেশিষ্ট্য বাতাসের আছে। একটা পরীক্ষা করলেই সহজে বোঝা যায় বাতাসের ভর আছে।

দুটো বেলুন নাও। সমানভাবে ফুলিয়ে বেলুন দুটি একটা লাঠি বা স্কেলের দুই প্রান্তে বেঁধে নাও। এবার লাঠির ঠিক মাঝ বরাবর সুতা বেঁধে ঝুলিয়ে দাও। দেখবে বেলুন দুটো ভারসাম্য অবস্থায় সমানভাবে ঝুলছে। এবার যদি আলপিন দিয়ে একটা বেলুন ফুটো করে এর ভেতরের বাতাস বের করে দাও, তাহলে দেখবে ফুলানো বেলুন নিচের দিকে নেমে যায় আর খালি বেলুন উপরের দিকে উঠে যায়। অর্থাৎ বাতাস ভর্তি বেলুন খালি বেলুনের চেয়ে ভারী। তার মানে বাতাসের ভর আছে। এবার আরেকটি কাজ করা যাক, একটা বালতিতে পানি ভরে নাও, এখন এই বাতাস ভর্তি বেলুন পানিতে ডুবানোর চেষ্টা করো। দেখবে, বালতির পানি উপচে পড়বে। অর্থাৎ বেলুনের বাতাসকে জায়গা দেওয়ার জন্য বালতির পানি কিছুটা উপচে পড়ে। অর্থাৎ বাতাস স্থান দখল করে। এবার বাতাস ভর্তি বেলুনটিকে দুই হাত দিয়ে চাপ দাও। দেখবে বেলুনটি চুপসে যাচ্ছে না। বরং তুমি যে বল দিচ্ছো তার বিপরীতে বাধা দিচ্ছে। অর্থাৎ বাতাস বল প্রয়োগে বাধা দেয়। আমরা তাহলে বুঝতে পারছি বাতাস এক ধরনের পদার্থ।

তাহলে এখন প্রশ্ন হলো বাতাস কী দিয়ে গঠিত? বাতাস আসলে অনেক গ্যাসের মিশ্রণ। বাতাসের প্রধান উপাদান হলো নাইট্রোজেন, অক্সিজেন, আরগন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। তাছাড়া, হিলিয়াম নিয়ন, মিথেন, ক্রিপটোন, হাইড্রোজেন ওজোন, ও কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাস অল্প পরিমাণে থাকে। বাতাসে জলীয় বাষ্পও থাকে কিছু পরিমাণ।

পৃথিবীর আকর্ষণের কারণে এই বাতাস চাদরের মতো পৃথিবীর চারপাশে আবরণের সৃষ্টি করে। একেই আমরা বলি বায়ুমণ্ডল। পৃথিবীতে প্রাণীজগতের অস্তিত্ব এই বায়ুমণ্ডলের উপর নির্ভর করে। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে এবং পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। আমাদের শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে গাছের খাদ্য তৈরি সব কিছুতে ভূমিকা রয়েছে বায়ুমণ্ডলের। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উপর পর্যন্ত এই বায়ুমণ্ডল বিস্তৃত? অর্থাৎ কত উপরে গেলে এই বাতাসের আবরণ শেষ হয়ে যায়? পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় ১০০০০ কিলোমিটার বিস্তৃত এই বায়ুমণ্ডল যা বিভিন্ন স্তরে বিভক্ত। পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু নির্ভর করে বায়ুমণ্ডলের উপর। বায়ুদূষণের কারণে আমাদের জলবায়ুর পরিবর্তন হচ্ছে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়াসহ অনেক প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে। তাই আমাদের সকলের বায়ুদূষণসহ সর্বোপরি পরিবেশ দূষণ নিয়ে সচেতন হওয়া প্রয়োজন। বাতাস নিয়ে এই ছিল আজকের মতো। আল্লাহ হাফিজ।

প্রকাশকাল: আগস্ট ২০২৫

রঙের খোঁজে

উপকরণ : এই খেলায় বিশেষ কোনো সরঞ্জামের দরকার নেই। শুধু আশপাশে বিভিন্ন রঙের জিনিস থাকা দরকার (যেমন: জামা-কাপড়, খেলনা, ফুল, বই, চাদর ইত্যাদি)। খেলাটি খোলা মাঠে, ঘরের ভিতরে কিংবা স্কুলের বারান্দায়ও খেলা যায়।

প্রথমে একজনকে ‘রঙ সমাধানকারী’ হিসেবে বেছে নিতে হবে। সে মনে মনে একটি রঙ বেছে নেবে, যেমন- সবুজ, নীল, হলুদ বা লাল। এরপর সে জোরে বলবে- ‘আমার রঙ কোথায় রে ভাই?’ বাকি সবাই একসাথে বলবে- ‘এখনো তো খুঁজে নাহি পাই!’ এরপর শুরু হবে খোঁজার কাজ। সবাই চারপাশে তাকিয়ে দেখবে সেই রঙের কিছু কোথায় আছে, কার জামায়, খেলনায়, মাটিতে, গাছে অথবা বইয়ের পাতায়। যে সদস্য সেই রঙের বস্তু প্রথমে খুঁজে বের করতে পারবে এবং রঙ সন্ধানকারীকে গিয়ে স্পর্শ করবে, সে হবে নতুন রঙ সন্ধানকারী।
কেউ যদি ভুল রঙ ধরে, তাহলে তাকে একটি মজার কাজ দেওয়া যাবে যেমন হাসতে হবে বা একটি ছড়া বলতে হবে বা একটি জাম্প দিতে হবে। আর যদি অনেক সময়েও কেউ ঠিক রঙ খুঁজে না পায়, তবে বর্তমান রঙ সন্ধানকারীই বিজয়ী হবে এবং সে আবার নতুন রঙ নিয়ে খেলা শুরু করবে। এভাবে সবাই মিলে হাসি-মজায় মেতে খেলাটি উপভোগ করতে পারবে।

প্রকাশকাল: আগস্ট ২০২৫

অনলাইন সিকিউরিটি

আচ্ছা, ইন্টারনেটে তথ্য আদান প্রদান করেনি এমন মানুষ কি আছে? বা তুমি কি এমন মানুষকে চেনো যে কখনো তার পরিচয় কোথাও প্রকাশ করে না? এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এখন ইন্টারনেটের যুগে এসে এমন মানুষ খুঁজে পাওয়া তো আরো বেশি দুষ্কর হয়ে পড়েছে, তাই না! আমরা আমাদের ব্যক্তিগত তথ্য কোথায় শেয়ার করব আর কোথায় করব না এটা জানা খুব বেশি দরকার।
তোমার মনে হতেই পারে, আমার নাম জানলে আর কী-ই বা হবে। শুধু আমাদের নামই কিন্ত ব্যক্তিগত তথ্য নয়। ব্যক্তিগত তথ্য বলতে মূলত আমরা নিজেদের নাম, জন্ম তারিখ, নিজেদের ঠিকানা, রিয়েল টাইম লোকেশন, বাবা-মায়ের নাম, স্কুলের নাম, বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি বুঝি। আমরা প্রয়োজনভেদে আমাদের নাম, ছবি, জন্ম তারিখ, মোবাইল নম্বর, বাসার ঠিকানা, ক্রেডিট কার্ডের তথ্য নানান জায়গায় শেয়ার করে থাকি। আমরা অনেক সময় না বুঝেই আমাদের এসব ব্যক্তিগত তথ্য দিয়ে দিই বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যারকে। আবার অনেক সময় আমাদের প্রয়োজনে আমাদের সোশ্যাল একাউন্টসমূহ অন্যের ডিভাইসে লগ-ইন করে থাকি। ব্যবহার শেষে লগ-আউট করে দিলেও ব্রাউজারে জমা থাকা কুকিজে কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য রয়ে যায়। সাইবার অপরাধীরা কুকি থেকে এসব তথ্য ব্যবহার করে খুবই অনায়াসে তোমার তথ্য অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।
এছাড়াও, বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে বিভিন্ন ধরনের লিংক আসে। বিভিন্ন ধরনের লোভনীয় অফারের লিংক আমাদের সামনে হরহামেশাই আসে। এসব লিংকে ক্লিক করা মানেই হলো তোমার ডিভাইসের যাবতীয় তথ্য সেই সাইবার অপরাধীর হাতে তুলে দেয়া। সাইবার অপরাধীরা ব্রাউজারের কুকি ব্যবহারের থেকে বেশি ফাঁদ পাতে ফিশিং লিঙ্ক এর মাধ্যমে।
তাহলে এই সমস্যা থেকে বাঁচার উপায় কী? আমরা কি প্রয়োজনীয় জায়গায় আমাদের তথ্য দিবো না? নাহ্, আমরা আমাদের সকল প্রয়োজনই পূরণ করব। সাবধানতা অবলম্বন করলেই বিপদ অনেকটা এড়ানো সম্ভব।

ইনকোগনিটো ব্যবহার : অন্যের ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে চেষ্টা করবে Incognito mode ব্যবহার করতে, যেখানে তোমার ইন্টারনেট ব্রাউজিং এর কোনো তথ্য সংরক্ষিত হবে না।

কুকির অনুমতি : সাইট ব্যবহার করার সময় কুকিগুলো কী কী অনুমতি চাচ্ছে সেটা দেখে অনুমতি দাও এবং নিয়মিত কুকি ক্লিয়ার করো। তাহলেই আশা করা যায়, তোমার তথ্য ব্যবহার করে হ্যাকিং বা তথ্য চুরির ঝুঁকি অনেক কমে যাবে।
লিঙ্ক ব্যবহার : কোনো লিঙ্কে ক্লিক করার আগে সেটা সম্পর্কে ধারণা লাভ করো। সাধারণত http:// এর পরিবর্তে https:// সংযুক্ত লিংক অধিক নিরাপদ। পারত পক্ষে https:// ব্যতীত কোন লিংকে ক্লিক করবে না।
পাসওয়ার্ড পরিবর্তন : তোমার একাউন্টসমূহের পাসওয়ার্ডগুলো নিয়মিতই চেঞ্জ করবে। পাসওয়ার্ড হিসেবে খুবই কমন কিছু ব্যবহার করবে না।
মনে রেখো তোমার ব্যক্তিগত তথ্য কিন্তু তোমার ডিজিটাল চাবি। তাই তোমার চাবির ব্যবহার শুধুমাত্র তুমিই করবে। আশা করছি তোমার ইন্টারনেট ব্যবহার অনেক বেশি নিরাপদ হবে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।

প্রকাশকাল: আগস্ট ২০২৫

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ

১৮৩৭ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া সিংহাসনে বসেন। তাঁর ক্ষমতা গ্রহণের ৫০ বছর পূর্তি (Golden Jubilee) উদযাপন উপলক্ষে ১৮৮৭ সালে উপমহাদেশে ১৪টি স্কুল ‘জুবিলী’ নামে প্রতিষ্ঠা করেন। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ এর মধ্যে একটি। স্কুলটি অবশ্য ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাকালীন নাম ছিলো ‘হাসন মিডল ইংলিশ স্কুল’ বা হাসন এম ই স্কুল।

স্কুলটির অবস্থান সুনামগঞ্জ জেলার পৌরভবন সংলগ্ন ডিএস রোডে। স্কুলটি জাতীয়করণ করা হয় ১৯২৮ সালে। বর্তমানে স্কুলটিতে প্রায় ১৭০০ শিক্ষার্থী আছে। এটি একটি বয়েজ স্কুল বা বালক বিদ্যালয়। স্কুলটিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক-কর্মকর্তাসহ মোট ৫৯টি পদ অনুমোদিত আছে। জেলার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সমাদৃত।
বিদ্যালয়টিতে প্রভাতি ও দিবা দুইটি শিফটে ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রভাতি শিফট সকাল ৭:১৫ থেকে বেলা ১১:৪০ পর্যন্ত এবং দিবা শিফট বেলা ১২টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত পরিচালিত হয়। স্কুলটিতে চমৎকার একটি খেলার মাঠ ও স্কুলের চারপাশে সীমানা প্রাচীর বিদ্যমান। স্কুল আঙিনা প্রায় ৬.৬ একর জায়গাজুড়ে বিস্তৃত। দালান এবং টিনশেডসহ মোট ৬টি আলাদা আলাদা ভবন এবং পাঠদানের জন্য ৩২টি শ্রেণিকক্ষ আছে। বিদ্যালয়টিতে বিজ্ঞানাগারের জন্য ৩টি ও পাঠাগারের জন্য বড় একটি কক্ষ আছে যেখানে বহুসংখ্যক বই সংরক্ষিত আছে। ছোট-বড় বিভিন্ন অনুষ্ঠান বাস্তবায়নের জন্য আছে একটি অডিটোরিয়াম।

স্কুলটি যেহেতু ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত, দীর্ঘ সময় ধরে দেশের নামকরা অনেক গুণিজন ছিলেন, আছেন যারা এই বিদ্যালয়ে পড়ালেখা করেছেন। একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার মনিরুজ্জামান মনির, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ও লেখক ধ্রুব এষ এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ সাদিক, সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীসহ বিভিন্ন সময়ের এমপি-মন্ত্রী, সরকারি অনেক সচিব, কর্মকর্তা এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সাবেক শিক্ষার্থীদের মধ্যে দেশ-বিদেশের অধ্যাপক, বিভিন্ন সংস্থার প্রধান, সুপ্রীমকোর্টের স্বনামধন্য আইনজীবীসহ বিভিন্ন গুণিজনদের সন্ধান পাওয়া যায়।

অধ্যক্ষের মন্তব্য :
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ নিয়ে স্বনামধন্য শিশুকিশোর পত্রিকা ‘মাসিক ফুলকুঁড়ি’ ফিচার করতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কর্মঠ এবং মেধাবী। আমরা চেষ্টা করি, পড়াশুনার পাশাপাশি তাদেরকে কো-কারিকুলাম অ্যাকটিভিটিজে যুক্ত করাতে। এক্ষেত্রে ফুলকুঁড়ি আসর আমাদের স্কুলে বেশ ভালো ভূমিকা রাখছে। আমি ফুলকুঁড়ি আসর এবং মাসিক ফুলকুঁড়ির উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।

বিদ্যালয়ের সাধারণ তথ্য

স্কুলের নাম     : সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ
প্রতিষ্ঠাকাল     : ১৮৮৭ খিষ্টাব্দ
ঠিকানা          : ডিএস রোড, সদর, সুনামগঞ্জ
পোস্ট অফিস  : সুনামগঞ্জ
পোস্ট কোড    : ৩০০০
উপজেলা       : সদর, সুনামগঞ্জ
জেলা            : সুনামগঞ্জ
বিভাগ           : সিলেট
ফোন            : ০৮৭১-৬১৩৪০
প্রধান শিক্ষক   : (ভারপ্রাপ্ত)
নাম              : মো. হাফিজুর রহমান খান
মোবাইল         : ০১৭৯১৯৪৭৬৯২
মোট ছাত্র       : ১৭৫৭
বিদ্যালয়ের ধরন : বালক
বিজ্ঞানাগার এর জন্য কক্ষ সংখ্যা : ৩
পাঠাগার এর জন্য কক্ষ সংখ্যা : ১
অডিটোরিয়াম আছে কি না : আছে
সীমানা প্রাচীর আছে কি না : আছে
ই-মেইল         :sg.jubilee1887@gmail.com
ওয়েবসাইট      : www.gjhs.edu.bd

মাসিক ফুলকুঁড়ি স্কুলের দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী মুনতাসির ফাহাদ সিকদার-এর সাথে কথা বলে। কথোপকথনের অংশবিশেষ তুলে ধরা হলো :

মাসিক ফুলকুঁড়ি : তোমার বিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে বলো
মুনতাসির : এটি আমাদের শহরের অন্যতম প্রাচীন এবং পরিচিত একটি বিদ্যালয়। বিদ্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুন্দর পরিবেশে অবস্থিত। এখানে অনেক শিক্ষার্থী লেখাপড়া করে এবং ফলাফলও বেশ ভালো।
মাসিক ফুলকুঁড়ি : এই বিদ্যালয়ে পড়াশুনা করে তোমার অনুভূতি কেমন?
মুনতাসির : আমি গর্বিত এবং আনন্দিত এখানে পড়তে পেরে, কেননা এখানে পড়ালেখার পাশাপাশি নানা সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাই, যা আমাকে আরও উন্নত হতে সাহায্য করে।
মাসিক ফুলকুঁড়ি : বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি তোমার কেমন লাগে?
মুনতাসির : আমাদের শিক্ষকরা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। তারা পাঠ্যবিষয়গুলো সহজভাবে বুঝিয়ে দেন। অনেকেই প্রজেক্টর ব্যবহার করেন এবং বাস্তব উদাহরণ দিয়ে পড়ান, যা আমাদের বুঝতে অনেক সাহায্য করে।
মাসিক ফুলকুঁড়ি : তুমি তোমার বিদ্যালয়ের কোন বিষয়টির পরিবর্তন দেখতে চাও?
মুনতাসির : কখনো কখনো কিছু টয়লেট বা ক্লাসরুম যথেষ্ট পরিষ্কার থাকে না, যা আমাদের অসুবিধায় ফেলে। আমি এই বিষয়টির পরিবর্তন দেখতে চাই।
মাসিক ফুলকুঁড়ি : কেউ তোমার বিদ্যালয়ে পড়তে চাইলে তুমি তাকে কী পরামর্শ দিবে?
মুনতাসির : আমি বলব, যদি তুমি নিয়মিত পড়াশুনা করতে চাও এবং একজন ভালো মানুষ হতে চাও, তবে এই বিদ্যালয়ে ভর্তি হও। এখানকার পরিবেশ, শিক্ষক এবং পাঠদান পদ্ধতি তোমার অবশ্যই উপকারে আসবে।
মাসিক ফুলকুঁড়ি : তোমার বিদ্যালয় নিয়ে তোমার মন্তব্য কী?
মুনতাসির : আমার বিদ্যালয় আমার গর্ব। এখান থেকে আমি শুধু বইয়ের জ্ঞানই না, জীবনের শিক্ষাও পাচ্ছি। আমি আশা করি এই বিদ্যালয় ভবিষ্যতেও এর সুনাম ধরে রাখবে এবং আরও উন্নত হবে।

প্রকাশকাল: আগস্ট ২০২৫