অনলাইন সিকিউরিটি

0
4

আচ্ছা, ইন্টারনেটে তথ্য আদান প্রদান করেনি এমন মানুষ কি আছে? বা তুমি কি এমন মানুষকে চেনো যে কখনো তার পরিচয় কোথাও প্রকাশ করে না? এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এখন ইন্টারনেটের যুগে এসে এমন মানুষ খুঁজে পাওয়া তো আরো বেশি দুষ্কর হয়ে পড়েছে, তাই না! আমরা আমাদের ব্যক্তিগত তথ্য কোথায় শেয়ার করব আর কোথায় করব না এটা জানা খুব বেশি দরকার।
তোমার মনে হতেই পারে, আমার নাম জানলে আর কী-ই বা হবে। শুধু আমাদের নামই কিন্ত ব্যক্তিগত তথ্য নয়। ব্যক্তিগত তথ্য বলতে মূলত আমরা নিজেদের নাম, জন্ম তারিখ, নিজেদের ঠিকানা, রিয়েল টাইম লোকেশন, বাবা-মায়ের নাম, স্কুলের নাম, বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি বুঝি। আমরা প্রয়োজনভেদে আমাদের নাম, ছবি, জন্ম তারিখ, মোবাইল নম্বর, বাসার ঠিকানা, ক্রেডিট কার্ডের তথ্য নানান জায়গায় শেয়ার করে থাকি। আমরা অনেক সময় না বুঝেই আমাদের এসব ব্যক্তিগত তথ্য দিয়ে দিই বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যারকে। আবার অনেক সময় আমাদের প্রয়োজনে আমাদের সোশ্যাল একাউন্টসমূহ অন্যের ডিভাইসে লগ-ইন করে থাকি। ব্যবহার শেষে লগ-আউট করে দিলেও ব্রাউজারে জমা থাকা কুকিজে কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য রয়ে যায়। সাইবার অপরাধীরা কুকি থেকে এসব তথ্য ব্যবহার করে খুবই অনায়াসে তোমার তথ্য অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।
এছাড়াও, বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে বিভিন্ন ধরনের লিংক আসে। বিভিন্ন ধরনের লোভনীয় অফারের লিংক আমাদের সামনে হরহামেশাই আসে। এসব লিংকে ক্লিক করা মানেই হলো তোমার ডিভাইসের যাবতীয় তথ্য সেই সাইবার অপরাধীর হাতে তুলে দেয়া। সাইবার অপরাধীরা ব্রাউজারের কুকি ব্যবহারের থেকে বেশি ফাঁদ পাতে ফিশিং লিঙ্ক এর মাধ্যমে।
তাহলে এই সমস্যা থেকে বাঁচার উপায় কী? আমরা কি প্রয়োজনীয় জায়গায় আমাদের তথ্য দিবো না? নাহ্, আমরা আমাদের সকল প্রয়োজনই পূরণ করব। সাবধানতা অবলম্বন করলেই বিপদ অনেকটা এড়ানো সম্ভব।

ইনকোগনিটো ব্যবহার : অন্যের ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে চেষ্টা করবে Incognito mode ব্যবহার করতে, যেখানে তোমার ইন্টারনেট ব্রাউজিং এর কোনো তথ্য সংরক্ষিত হবে না।

কুকির অনুমতি : সাইট ব্যবহার করার সময় কুকিগুলো কী কী অনুমতি চাচ্ছে সেটা দেখে অনুমতি দাও এবং নিয়মিত কুকি ক্লিয়ার করো। তাহলেই আশা করা যায়, তোমার তথ্য ব্যবহার করে হ্যাকিং বা তথ্য চুরির ঝুঁকি অনেক কমে যাবে।
লিঙ্ক ব্যবহার : কোনো লিঙ্কে ক্লিক করার আগে সেটা সম্পর্কে ধারণা লাভ করো। সাধারণত http:// এর পরিবর্তে https:// সংযুক্ত লিংক অধিক নিরাপদ। পারত পক্ষে https:// ব্যতীত কোন লিংকে ক্লিক করবে না।
পাসওয়ার্ড পরিবর্তন : তোমার একাউন্টসমূহের পাসওয়ার্ডগুলো নিয়মিতই চেঞ্জ করবে। পাসওয়ার্ড হিসেবে খুবই কমন কিছু ব্যবহার করবে না।
মনে রেখো তোমার ব্যক্তিগত তথ্য কিন্তু তোমার ডিজিটাল চাবি। তাই তোমার চাবির ব্যবহার শুধুমাত্র তুমিই করবে। আশা করছি তোমার ইন্টারনেট ব্যবহার অনেক বেশি নিরাপদ হবে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।

প্রকাশকাল: আগস্ট ২০২৫