আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে বইয়ের পাশাপাশি মোবাইল, কম্পিউটার, ট্যাব আর ইন্টারনেটও আমাদের শেখার বন্ধু হয়ে উঠেছে। এই প্রযুক্তির জগতে সঠিকভাবে চলাফেরা করার দক্ষতাই হলো ডিজিটাল ফ্লুয়েন্সি। মানে ডিজিটাল দুনিয়ায় সাবলীল ও বুদ্ধিমান ব্যবহারকারী হওয়া।
ডিজিটাল ফ্লুয়েন্সির অর্থ : অনেকে ভাবে, ডিজিটাল ফ্লুয়েন্সি মানে শুধু মোবাইল চালাতে পারা বা গেম খেলতে জানা। কিন্তু আসলে অনেক বড় বিষয়। এর মধ্যে আছে তথ্য খুঁজে বের করা ও যাচাই করা, প্রযুক্তি দিয়ে নতুন কিছু তৈরি করা, অনলাইনে ভদ্রভাবে আচরণ করা এবং নিজের নিরাপত্তা রক্ষা করা। আমরা যেমন বাংলা বা ইংরেজি ভাষা সাবলীলভাবে বলি, তেমনি ডিজিটাল ভাষাটাও জানতে হয়। কীভাবে তথ্য খুঁজব, শেয়ার করব আর সত্য-মিথ্যা আলাদা করব। এই জ্ঞানার্জন যদিও একদিনে সম্ভব না তারপরেও নিয়মিত শেখার মানসিকতা রাখা দরকার।
শেখা, ভাবা আর তৈরি করা: ডিজিটালি দক্ষ শিশুরা জানে কীভাবে প্রযুক্তি ব্যবহার করে শেখাকে মজার করে তোলা যায়। তারা অনলাইনে ক্লাসে অংশ নেয়, শিক্ষামূলক গেম খেলে, নতুন কিছু তৈরি করতে শেখে যেমন কোডিং অ্যানিমেশন বা গল্প বানানো। এভাবে তারা শুধু ব্যবহারকারী নয়, সৃজনশীল নির্মাতা হয়ে ওঠে।
নিরাপদে প্রযুক্তির ব্যবহার : ডিজিটাল দুনিয়ায় নিরাপত্তা খুব জরুরি। নিজের পাসওয়ার্ড কাউকে না বলা, অপরিচিত বা ফিশিং বা আরো বিস্তারে বললে তোমার পরিচিত নয় এমন কোনো লিঙ্কে ক্লিক না করা, অন্যকে বুলিং করা বা অন্যের মনে কষ্ট দেয় এমন কিছু না বলা বা না করা, এগুলোই ডিজিটাল শিষ্টাচার। এভাবে প্রযুক্তি ব্যবহার করলে যেমন তুমি নিরাপদ থাকবে ঠিক একইভাবে তোমার ডিজিটাল সোসাইটির সবাই নিরাপদ থাকে এবং সম্মানিত বোধ করে।
ভারসাম্যতা জরুরি : প্রযুক্তি একদিকে আমাদের বন্ধু, কিন্ত অন্যদিকে এর অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর। তাই সময় ও নিয়ম মেনে ব্যবহার করা দরকার। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, আর বিশ্রামের সময় বিশ্রাম এই ভারসাম্যই আমাদের মন ও শরীর দুটোকেই সুস্থ রাখে।
ভবিষ্যতের ডিজিটাল সিটিজেন : আমরা যারা এখনো বড় হচ্ছি তারা যদি নিজেরা বড়ো হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই, পৃথিবীকে গড়তে চাই তাহলে আমাদের হতে হবে এড়ড়ফ উরমরঃধষ ঈরঃরুবহ। তাই আজ থেকেই প্রচেষ্টা শুরু করো, কীভাবে আরো বেশি ইফেক্টিভভাবে অনলাইনে বিচরণ করা যায়। কীভাবে ডিজিটালি গুড সিটিজেন হওয়া যায়। কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করে নতুন কিছু শেখা যায়, অন্যকে সাহায্য করা যায়, আর নিজের জীবন সুন্দর করা যায়।
আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।
প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫
