শ্রাবণ তো আরও দেখেছি
কই, রক্তের বন্যা তো বয়নি,
দেখিনি তো আগে প্লাবিত রক্তের স্রোতধারা
দেখিনি তো এমন বিপ্লবী জনস্রোত
আগে দেখিনি!
এ শ্রাবণ অন্য-
এর আগে এমন শ্রাবণ দেখিনি তো
যেখানে মেঘের নয়, বন্দুকের গর্জন হয়,
যেখানে বৃষ্টি নয়, গুলির বর্ষণ হয়,
যেখানে বজ্রপাত নয়, বিপ্লবী জনতার বজ্রকণ্ঠ আলোড়িত হয়…
সত্যিই আগে দেখিনি!
এ শ্রাবণ ভিন্ন
এ শ্রাবণ বিপ্লবের, এ শ্রাবণ বিদ্রোহের
এ শ্রাবণ লড়াইয়ের, এ শ্রাবণ বিজয়ের
রক্ত প্লাবিত শাণিত শ্রাবণে
ক্ষুরধার বজ্রাঘাতে
মুছে যাক গ্লানি যত আছে
এদেশের পথ-ঘাটে,
শহিদেরা আজ অমর হলো
মানুষের অন্তরে,
অত্যাচারীর পতন হবেই
এদেশের প্রান্তরে
স্বাধীন এদেশে মলিন পতাকা
আবার উঁচাক শির
এদেশ চির স্বাধীন রবেই
যতদিন রবে বীর…।
প্রকাশকাল: জুলাই ২০২৫



