বৃষ্টি মানেই শাপলা-শালুক, বকপাখির এক ঠ্যাং,
বৃষ্টি মানেই খাল-বিলেতে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ।
বৃষ্টি মানেই সকাল দুপুর বিশাল মেঘের ভেলা,
বৃষ্টি মানেই জানালার ধারে সাপলুডু-দাবা খেলা।
বৃষ্টি মানেই ঐ উঠোনে আম পড়া ধুপ ধুপ,
বৃষ্টি মানেই এক নিমেষেই ভরিয়ে দেওয়া কূপ।
বৃষ্টি মানেই রাতের ঘরে হারিকেন-মোমবাতি,
বৃষ্টি মানেই ঘরে ফেরা পাখি, দিনের বেলায় রাতি।
বৃষ্টি মানেই ছুটি কাটানোর গোড়াতেই সুড়সুড়ি,
বৃষ্টি মানেই সন্ধ্যা বেলায় কুড়মুড়ে ঝালমুড়ি।
বৃষ্টি মানেই গরমের রাতে কাঁথা মুড়ি দেওয়া শীত,
বৃষ্টি মানেই বাউলের মুখে মাটি মানুষের গীত।
বৃষ্টি মানেই অনেক প্রিয় আনন্দে ভরা দিন,
বৃষ্টি মানেই নাচের ছন্দ ঘরের চালায় টিন।
বৃষ্টি মানেই ছোট্ট মনে জাগে নতুন আশা,
বৃষ্টি মানেই আমার আপন, আমার ভালোবাসা।
প্রকাশকাল: জুলাই ২০২৫



