আমি ভাই লাজুক ছেলে,
খাই না তো ওসব দিলে।
ধুর ছাই সরাও তো!
দেখবো না দু’চোখ মেলে।
এই শোনো,
এদিকে এসো?
দেখ তো ওদিক চেয়ে,
কেউ কি বলেছে কিছু?
আছে আর কয়টি লিচু?
একটু সাবধানে দাও।
আমি বলো খাই না বেশি,
যদি থাকে গোটা আশি
চলে যায় এক নিমিষেই।
একটু আস্তে হাসেন,
ওপাশে কেউ বসে আছেন!
আমি কিন্তু বড্ড লাজুক।
ঐ যে নজর গেছে,
দেখেন তো বিছানো কী মেঝেতে?
আমের মতো ঘ্রাণ আসে।
আমি আবার খাই না বেশি,
ঐ গোটা বিশ দিলে খেতাম চুষে।
বাবা গো ওপাশে কী?
একটু দেবে পিসি?
পিঠার ঘ্রাণে ঘুম আসে কী!
ওটা আমার খুব প্রিয়।
হাসেন কেনো অত বেশি?
খেলাম তো মাত্র লিচু আশি,
ওর সাথে আর দু’কুড়ি
পেটে গেলো ডালপুরি।
হাসবেন না কইলাম,
আমি কিন্তু লাজুক ভারি—
আর খাবো না দেবো আড়ি।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

