Home Blog Page 63

আটি আর পাটি

অনেক দিন আগের কথা। এক দেশে ছিল আটি আর পাটি নামে দুটি জমজ ভাই। আটি ছিল বড় আর পাটি ছিল ছোট। একদিন আটি তার ছোট ভাই পাটিকে বলল- এখন তো স্কুল বন্ধ, চল আমরা মামা বাড়ি বেড়াতে যাই।
আটির কথা শুনে পাটি খুশি হয়ে বলল- তুমি ঠিকই বলেছো ভাইয়া, আমরা মামা বাড়িতে গিয়ে, মজা করে পিঠা খাবো। চল আম্মুকে বলে আজ দুপুরেই আমরা মামা বাড়িতে রওনা হয়ে যাই।
এই কথা বলে আটি আর পাটি দুই ভাই মিলে তাদের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে ঠিক দুপুর বেলা চলল মামাবাড়ির দিকে। সবুজ শ্যামল গ্রাম পেরিয়ে, হাট পেরিয়ে, মাঠের পরে মাঠ পেরিয়ে হাঁটতে হাঁটতে ওরা চলল এক বনের পাশ দিয়ে। অমনি বনের ভেতর থেকে একটা লিকলিকে জিন বেরিয়ে এসে বলল- তোঁরা কাঁরা রে…এ্যাঁ! আমার বাঁড়ির পাঁশ দিয়ে হেঁটে যাচ্ছিস। বলি আমার খাঁজনা কোথায়? জানিস নাঁ… এঁই পথ দিয়ে যেঁতে হঁলে আঁমাকে খাঁজনা দিয়ে যেঁতে হঁয়?
জিনের শরীর-স্বাস্থ্য দেখে আটি আর পাটি তো হেসেই কুটিকুটি। ওরা বলল- হ্যাঁরে তালপাতার সিপাই, তোর নাম। কি রে? দেখে তো মনে হচ্ছে তুই একটা কাকলাশ!
আটি আর পাটির কথা শুনে জিন তো গেল ভীষণ রেগে। সে রাগে কটমট করে বলল-হুঁ এঁই কঁথা! আঁমাকে দেঁখে তোঁদের পছন্দ হচ্ছে নাঁ। তোঁরা মোটেও ভয় পাঁচ্ছিস না… অ্যাঁ! আঁরে আমি হঁলাম গিয়ে কাঁঠিজিন। এই পথ দিয়ে যেতে হলে আমাকে মাঁঁছ, মুরগি, হাঁস, মুঁড়ি, মুড়কি খাঁজনা দিয়ে যেতে হয়।… তাঁ কি জানিস নাঁ এ্যাঁ

জিনের কথা শুনে আটি বলল- ও! তুই তাহলে কাঠিজিন? সে জন্যই তো কাঠির মতো চিকন লিকলিকে তোর শরীর। তাহলে তুই কোন সাহসে আমাদের কাছে খাজনা চাচ্ছিস? আমরা দুই ভাই মিলে তো তোকে কিলিয়ে তাল পাকিয়ে দেবো। জানিস না, আমরা দুই ভাই জিন পিটানোর যম। আমাদের কাছে কোন সাহসে খাজনা চাচ্ছিস? দাঁড়া, তবে আজ তোকে দেখাচ্ছি মজা। তোর বাপের নাম আজ ভুলিয়েই ছাড়বো।
এই কথা বলে দুই ভাই মিলে কাঠিজিনকে গাছের ডাল ভেঙে সেই ডাল দিয়ে পেটাতে পেটাতে তাড়িয়ে দিল বনের ভেতর। তারপর দুই ভাই মিলে আবার হাঁটতে হাঁটতে হাঁটতে চলে আসল নদীর ঘাটে। ওখানে এসে ওরা দেখল কী। একটা বৈঠা নিয়ে নৌকা ভিড়িয়ে বসে আছে একজন মাঝি। আটি আর পাটি মাঝিকে বলল- তোমার নাম কী ভাই?
মাঝি বলল- আমার নাম লাঠিমাঝি। তোমরা কোথায় যাবে? আমার নৌকায় এসো।
আটি আর পাটি বলল- আমরা নদীর ওপার মামা বাড়িতে যাবো। তুমি নদী পার করতে কতো টাকা নেবে লাঠিভাই?
লাঠিমাঝি বলল- আমাকে এক টাকা দিতে হবে। তোমরা রাজি তো?
আটি বলল- ঠিক আছে, আমরা তোমাকে এক টাকাই দেবো। এবার নৌকা ছাড়ো।
এই কথা বলে আটি আর পাটি নৌকায় উঠে বসল।। লাঠিমাঝি নৌকা ছেড়ে গান গাইতে গাইতে চলল নদীর অপর পারে। আটি আর পাটিও লাঠিমাঝির সাথে সাথে গান ধরল-

নাইয়ারে নায়ের বৈঠা দিয়া ওই পারে যাও নিয়া
সেথায় থাকেন আমার মামা তার গায়েতে রঙিন জামা
তিনি এসে যাবেন মোরে বাড়ির ভিতর নিয়া।
নাইয়ারে নায়ের বৈঠা দিয়া ওই পারে যাও নিয়া।।

তারপর আটি আর পাটি নদীর ওপার পৌঁছে লাঠিমাঝিকে একটাকা দিয়ে ছুটে চলল মামা বাড়ির দিকে। অমনি ওদের মামা দুজনাকে দেখে খুশি হয়ে ওদেরকে নিয়ে গেলেন বাড়ির ভেতরে। আটি আর পাটি মামা-মামীকে সালাম করে আবদার ধরল মামা আমরা মজা মজা করে পাটিশাপটা পিঠা খাবো।
মামা বললেন- বেশতো ভাল কথা। তোমারা হাত-পা ধুয়ে আসো। তোমাদের মামী আজ তোমাদের জন্যে পিঠা বানিয়ে দেবেন।
তখন আটি আর পাটি অনেক খুশি হয়ে হাত-পা ধুয়ে এসে দেখে কী। মামী চালের গুঁড়া, নারিকেল, খেজুরের গুড়, দুধ আর তেল নিয়ে পাটিশাপটা পিঠা বানাতে বসে গেছেন। ওদের মামাতো বোন মিঠুও লেগে গেছে পিঠা বানাতে। তবুও পিঠা বানিয়ে শেষ করতে করতে বেশ রাত হয়ে গেল। তাই একবারে রাতের খাবার আর পিঠা একসাথে খেয়ে দুই ভাই মিলে লেপ মুড়ি দিয়ে দিল আরামে ঘুম। কিন্তু ঠিক রাত দুপুরে ওরা জানালার কাছে হঠাৎ শুনতে পেল হুঁ-হুঁহুঁ-হুঁ, হুঁ-হুঁহুঁ-হুঁ, হুঁ-হুঁহুঁ-হুঁ শব্দ। আটি আর পাটি শব্দ শুনে চুপি চুপি জেগে উঠে আস্তে আস্তে জানালা খুলে উকি দিয়ে দেখে কী। ওদের জানালার কাছে সেই বনের কাঠিজিনটা এসে ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে আর হুঁ-হুঁহুঁ-হুঁ, হুঁ-হুঁহুঁ-হুঁ, হুঁ-হুঁহুঁ-হুঁ বলে শব্দ করছে। ওরাও কম নয়। চুপচাপ মামাকে ঘুম থেকে জাগিয়ে বলল- ওঠো মামা, জলদি ওঠো। জানালার ওপাশের উঠানে কাঠিজিন এসেছে। লাঠি নিয়ে চল জিনটাকে পিটিয়ে তাড়িয়ে দেই গিয়ে।
ওদের কথা শুনে মামা বলল- ওরে বাবারে, জিনের কথা শুনে আমার ভীষণ ভয় করছে। আমি পারবো না জিনকে পেটাতে। তোমরাও যেও না।
মামার কথা শুনে আটি আর পাটি বলল- না মামা, কোনো ভয় নেই। জিনটা একেবারে কাঠির মতো সরু। ওকে পিটুনি দিয়েই পালিয়ে যাবে। চল তো, জলদি করে চল।
এবার মামা সাহস করে লাঠি নিয়ে চললেন আটি আর পাটির সাথে। ওরা পেছনের দরজা খুলে দৌড়ে গিয়েই কাঠিজিনকে ধরে লাগাল আচ্ছা করে পিটুনি। পিটুনি খেয়ে কাঠিজিন তো ওরে বাবাগো, ওরে মাগো, মরলামগো বলে দৌড় দৌড় দৌড়। এক দৌড়ে গেল পালিয়ে। আটি আর পাটি মামাকে নিয়ে আবার এসে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঘুম আর আসে না। তখন অনেক রাত। হঠাৎ ওরা শুনতে গেল- ভূত-ভূতুম-ভূত, ভূত-ভূতুম-ভূত, ভূত-ভূতুম-ভূত, ভূত-ভূতুম-ভূত বলে কে যেন আবার ভয় দেখাতে চাচ্ছে। তাই দুই ভাই আবার লাঠি নিয়ে বেরিয়ে এল ঘরের বাইরে। কিন্তু কাউকে দেখতে পেল না। ওরা আবরো শুনতে পেল- ভূত-ভূতুম-ভূত, ভূত-ভূতুম-ভূত, ভূত-ভূতুম-ভূত, ভূত-ভূতুম-ভূত।
এবার ঠিকই খুঁজে পেল ভূত-ভূতুমকে। ওরা আবছা আলোতে দেখে কী। একটা গাছের খুব নিচু ডালে বসে বড় একটা ভূতুম পেঁচা- ভূত-ভূতুম-ভূত, ভূত-ভূতুম-ভূত, ভূত-ভূতুম-ভূত, ভূত-ভূতুম-ভূত বলে ডেকেই চলেছে। শুনলে রীতিমতো ভয়ই লাগে। শরীরটা কেমন যেন শির শির করে ওঠে। মাথাটাও কেমন যেন ঝিম ঝিম করে। মনে হয় এই বুঝি এখনি কেউ ঘাড় মটকে দিয়ে রক্ত চুষে খাবে। তাই বলে আটি আর পাটি মোটেও ভয় পেল না। দুই ভাই বুদ্ধি করে ওদের মামার জাল এনে হেইও বলে ছুড়ে দিয়ে আটকে ফেলল ভূতুম পেঁচাটাকে। তারপর দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখে দুইজনা বিছানায় গিয়ে আরাম করে দিল এক ঘুম।
পরের দিন সকালে উঠে সবাইকে দেখাল আটি আর পাটির বেঁধে রাখা পেঁচাটাকে। হৈ হৈ রৈ রৈ করে ছুটে এল পাড়ার সব ছেলে-মেয়ে। পেঁচাটাকে দেখে সবার সেকি ভয়। কেউ তো কাছেই আসতে চায় না। তখন আটি ভুতুম পেঁচার মাথার ঝুটি ধরে টেনে দিয়ে বলল- বেয়াদব পেঁচা মশাই, বলতো সত্যি করে, তুই কেনো রাতের বেলা আমাদেরকে ভয় দেখাচ্ছিলি?
আটির কথা শুনে পেঁচা আকুল হয়ে কেঁদে কেঁদে বলল- দেখুন হুজুর, আমি মোটেও কাউকে ভয় দেখাচ্ছিলাম না। শুধু শুধু আমারে কেন দোষ দিচ্ছেন হুজুর।
পেঁচার কথা শুনে তো আটি গেল রেগে। তাই পেঁচাটাকে আস্তে একটা থাপ্পড় দিয়ে বলল- ফের মিথ্যা কথা। তাহলে অতো রাতে তুই ভূত-ভূতুম-ভূত, ভূত-ভূতুম-ভূত বলে ডাকছিলি কেন? আমরা বুঝি ভয় পাইনি…অ্যাঁ?
পেঁচাটা এবার তার দুটি পাখা একসাথে করে বলল- ভূত-ভুতুম-ভূত, ভূত-হুতুম-ভূত বলে আমি ডেকেছি ঠিকই কিন্তু কাউকে ভয় দেখাতে আমি ওভাবে ডাকিনি। এটাতো আমার দোষ নয়। মহান আল্লাহই আমাকে এভাবে ডাকতে শিখিয়েছেন। তাই আমি অন্য কোন স্বরে ডাকতে জানি না হুজুর। আমাকে আপনি মাফ করে দিন।
আটি আর পাটি এবার একসাথে বলল-এমন পচা স্বরে যখন ডাকিস, তো- অন্য কোথাও গিয়ে ডাকাডাকি করতে পারিস না? শুধু শুধু আমরা ভয় পেলাম।
এবার পেঁচা আরো বিনয়ের সাথে বলল- দেখুন হুজুর, আমিতো এখানে আসি খাবারের লোভে। আর তখনই ডাকতে শুরু করি। আমার ডাক শুনে মাটির তলার কেঁচো, গর্তের ইঁদুর, ঝোপঝাড়ের সাপের বাচ্চা আর ঘরের কুনোব্যাঙ বেরিয়ে আসে। অমনি ওদের ধরে ধরে খাই। তারপর আবার ভূত-ভুতুম-ভূত, ভূত-ভুতুম-ভূত বলে ডেকে ডেকে আল্লাহর শুকরিয়া জানাই। আর সেই ডাক শুনে কেউ যদি ভয় পায় তাহলে কি আমি দায়ী হবো হুজুর? দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি গাছের গর্তে আমার বাসায় ঢুকে একটা ঘুম দেই গিয়ে। আবার তো রাতে শিকার ধরতে বের হতে হবে। নইলে যে না খেয়ে উপোস থাকতে হবে।
পেঁচার কথা শুনে আটি আর পাটির খুব মায়া হল। তাই ওরা পেঁচার পায়ের বাঁধন দিল খুলে। অমনি একটা উড়াল দিয়ে দূরের এক বিশাল কাঠবাদামের গাছে গিয়ে লুকিয়ে পড়ল। ওকে আর কেউ দেখতেই পেল না।

তারপর হল কী। মামি ডেকে নিয়ে আটি আর পাটিকে মুড়কি মুড়ি আর পাটিশাপটা পিঠা খেতে দিলেন। দুই মিলে মজা মজা করে পিঠা আর মুড়কি মুড়ি খেয়ে মামার সাথে গেল মাছ ধরতে। মামা নদীতে জাল ফেলে ফেলে ছোট বড় পাবদা, স্বরপুঁটি, কই, ট্যাংরা, শোল, বোয়াল আর ফলি মাছ তুললেন। দুই ভাই মিলে মাছগুলকে বাঁশের ঝাঁকায় ভরে নিয়ে এল মামা বাড়িতে। মামী মাছগুলকে কেটেকুটে ভাজা আর রান্না করলেন। তাই দিয়ে দুপুরে মজা মজা করে ভাত খেয়ে আটি আর পাটি গেল খেলার মাঠে। সেখানে গিয়ে দেখে কী। একটা বিরাট লাল ষাঁড়গরু বেশ হুমহাম করে তেড়ে আসছে। তাই দেখে ভয়ে ছুটে পালাচ্ছে সব ছেলে-মেয়ে।
আটি আর পাটি বুদ্ধি করে ছুটে গেল মামার বাড়িতে। ওরা মোটা একটা দড়ি নিয়ে আবার মাঠের দিকে ছুটে এল। তারপর সাহস করে ষাঁড়গরুটার গলা বেঁধে টানতে টানতে টানতে নিয়ে গেল একটা মোটা গাছের কাছে। অমনি গাছের সাথে দড়ির আরেক প্রান্ত শক্ত করে বেঁধে দিল। তখন লাল ষাঁড়গরুটা রাগে তার বড় বড় শিং দুটি দুলিয়ে কেবল গোঁ গোঁ করতে লাগল। কিন্তু আর মাঠে এসে কাউকে গুঁতো দিতে পারল না। এই না দেখে পাড়ার সব ছেলে মেয়ে ছুটে এসে আটি আর পাটিকে অনেক অনেক সাবাস জানাল। তারপর সবাই মিলে গোল্লাছুট খেলয় মেতে উঠল। এমনি করে খেলতে খেলতে যখন সন্ধ্যা ঘনিয়ে এল তখন সবাই চলে গেল যার যার বাড়িতে। আটি এবং পাটিও বাঁশ বাগানের পাশ দিয়ে মামা বাড়ির পথ ধরল।
অমনি ছর ছর ছর ছর শব্দ করে পুরো বাঁশবাগান কাঁপিয়ে নেমে এল দশ হাত ওয়ালা একটা জিন। জিনটা মাটিতে নেমেই আটি আর পাটিকে কাতুকুতু দিতে লেগে গেল। কাতুকুতুর চোটে দুই ভাই তো হেসেই কুটিকুটি। তবুও থামল না জিনটা। কাতুকুতু দিতেই থাকল। কতো আর হাসা যায়। তাই হাসির বদলে এবার রেগেই গেল আটি আর পাটি। রাগের চোটে দুই ভাই মিলে জিনটাকে ধরে শক্ত করে একটা গাছের সাথে বেঁধে রাখল। তারপর চিল্লিয়ে বলল- মামা, জলদি হারিকেন নিয়ে এসো। আমরা একটা জিন ধরেছি। জলদি হারিকেন নিয়ে এসো।
ওদের চিৎকার শুনে মামা একটা হারিকেন আর একটা লাঠি নিয়ে এলেন বাঁশবাগানের ধারে। এসে দেখেন কী। সত্যি সত্যি আটি আর পাটি একটা জিনকে গাছের সাথে বেঁধে রেখেছে। মামা জিনটাকে একটা পিটুনি দিয়ে বললেন- তোর এতো বড় সাহস আমার ভাগনেদের ভয় দেখাতে এই সন্ধ্যা বেলাতে এসেছিস। আজ তোরই একদিন কি আমারই একদিন। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা।
পিটুনি খেয়ে জিনটা বলল- ইস্, আমি কি এখন এসেছি। সেই বিকেল থেকে বসে আছি আটি আর পাটির সাথে কাতুকুতু খেলবো তাই। কিন্তু ওরা সন্ধ্যা করে এল বলেই তো এখন কাতুকুতু দিচ্ছিলাম। নইলে কি আর এতো সময় থাকি। আমার কতো কাজ। একটু পরেই যেতে হবে শাল পিয়ালের বনে।
মামা বললেন- অতো কথা বুঝি না। তুই আমার ভাগনেদেরকে কাতুকুতু দিয়ে ভয় দেখাচ্ছিলি তার শাস্তি তোকে পেতেই হবে। আগে বল তোর নাম কী?
জিন কাঁদো কাঁদো হয়ে বলল- আমার নাম হন্দুল কুতকুত। রোজ বিকেলে ছোট ছেলে মেয়েদেরকে কাতুকুতু দেয়াই আমার কাজ। আটি আর পাটিকে আমার খুবই পছন্দ। তাই ওদেরকে কাতুকুতু দিতে এসেছি।
মামা জিনটাকে আরেকটা পিটুনি দিয়ে বললেন- কী! এতো বড় কথা। বল্ আর কোন দিন তুই এখানে আসবি?
হুন্দুল কুতকুত বলল- হ্যাঁ, আবারো আসবো।
মামা এবার আচ্ছা করে হুন্দুল কুতকুতকে পিটুনি লাগিয়ে বললেন- আজ তোকে পিটিয়ে চিড়া চ্যাপ্টা বানিয়েই ছাড়বো। সত্যি করে বল আর আসবি এখানে?
হুন্দুল কুতকুত ‘ওরে বাবারে, ওরে মারে’ বলে চিল্লিয়ে চিল্লিয়েই বলল- হ্যাঁ, আবারো আসবো। হাজার বার আসবো। আমি যে হুন্দুল কুতকুত।
মামা এবার চিৎকার করে বললেন-‘কী! তোর এতো বড় সাহস। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা’। এই বলে জিনটাকে মামা এমন পিটুনি দিলেন যে, বেচারা আর টিকতে না পেরে ওরে বাবাগো মরলাম গো, মরলাম গো বলতে বলতে দৌড়ে পালাল। সেই সুযোগে মামা আটি আর পাটিকে নিয়ে তাড়াতড়ি বাড়িতে চলে এলেন।
ওদিকে হয়েছে কী। মামার পিটুনি খেয়ে হুন্দুল কুতকুত সোজা চলে এসেছে কাঠিজিনের কাছে। হুন্দুল কুতকুতকে দেখে কাঠিজিন বলল- কিরে হুন্দুল কুতকুত, তোর মুখটা অমন পেঁচার মতো দেখাচ্ছে কেনরে? নিশ্চয় কোথাও মার খেয়ে এসেছিস।
কাঠিজিনের খোটা শুনে হুন্দুল কুতকুত আটি-পাটির মামার হাতে পিটুনি খাওয়ার কথা সব কাঠিজিনকে খুলে বলে হেঁচকি তুলে কাঁদতে লাগল।
কাঠিজিন হুন্দুল কুতকুতকে অভয় দিয়ে বলল- কাঁদিসনে হতভাগা। আটি আর পাটি তো এই বনের পাশ দিয়ে বাড়িতে ফিরে আসবে। তখন আমরাও দল বেঁধে ওকে দেখাবো মজা। যা তুই গিয়ে জিনদের খবর দিয়ে আয়। আমরা সবাই মিলে বনের ধারের গাছের ডালে ডালে বসে থাকবো। যেই না আটি আর পাটি বনের ধার দিয়ে যাবে অমনি আমরা ওদের ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে ঘাড় মটকে দেবো।
এদিকে হয়েছে কী। কয়েক দিন পর পাটি মামাকে বলল- মামা অনেক তো বেড়ালাম। এবার বাড়িতে চলে যাই। আগামীকাল থেকে আমাদের স্কুল খুলবে। আর বেড়ালে আম্মু-আব্বু অনেক রাগ করবেন।
মামা বললেন- বেশ তো যাও। মামীও বললেন- বেশ তো যাও। স্কুল বন্ধ হলে আবার এমনি এসে কয়েক দিন বেড়িয়ে যাবে কেমন?
আটি আর পাটি মামা-মামীর কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে এল নদীর ঘাটে। এসে দেখে কী। সেই লাঠিমাঝি নৌকা ভিড়িয়ে বসে আছে ঘাটে। দুই ভাই আবার এক টাকা দিয়ে নদী পাড় হয়ে চলে এল নদীর এপারে। তারপর দুইজনা বুদ্ধি আঁটল- এবার আর আমরা সোজা পথে বাড়িতে যাবো না। আমরা যাবো বনে পেছন দিয়ে ঘুরে। যেন ভূতেরা আর আমাদের দেখতেই না পায়। যেই বলা, সেই কাজ। আটি আর পাটি চলল বনের পিছন দিক দিয়ে ঘুরে। যেতে যেতে যেতে ওরা বিকেল বিকেল পৌছে গেল তাদের বাড়িতে। আর এদিকে জিনেরা আটি আর পাটিকে ঘাড় মটকে দেয়ার আশায় বসে থাকতে থাকতে সবার মেজাজই গেল বিগড়ে। তাই জিনের রাজা আবলুগাবলু হুন্দুল কুতকুত জিনকে ধমকে দিয়ে বলল- কিরে হতভাগা, কোথায় আটি আর পাটি। আজ ক’দিন হল গাছের ডালে বসে আছি, ওরা তো আসছে না। তার চেয়ে তুই গিয়ে দেখে আয় তো আটি আর পাটি এখনো ওদের মামা বাড়িতে আছে, নাকি আমাদেরকে ফাঁকি দিয়ে বনের পেছন দিয়ে বাড়িতেই চলে গেছে।
আবলুগাবলুর কথা শুনে ভোঁ করে হুন্দুল কুতকুত ছুটে গেল আটি-পাটির মামাবাড়ি। আবার ফুড়ুৎ করে এসে হাজির। তারপর কাল মুখ করে বলল- মাননীয় জিনরাজ। ওরা তো গতকালই চলে গেছে ওদের বাড়িতে।
হুন্দুল কুতকুত জিনের কথা শুনে আবলুগাবলু তো রেগেই টং। সে রাগে গর গর করতে করতে বলল- হতভাগা কাঠিজিনকে না সব সময় খবর রাখতে বলেছি। আর ওই বেটা আমদেরকে ডালে ডালে বসিয়ে রেখে কেবল ঘুমিয়ে ঘুমিয়ে আরাম করেছে… এ্যাঁ। দাঁড়া তবে দেখাচ্ছি মজা। এখনি তোরা সবাই মিলে ওর ঘাড় মটকে দে। এটাই ওর উপযুক্ত সাজা।
রাজার হুকুম কি আর অমান্য করার সাহস কারো হয়। তাই আব-লুগাবলুর হুকুম শুনে সবাই মিলে শেষে কাঠিজিনের ঘাড়টাকে দিল মটকে। তারপর জিনের রাজা আবলুগাবলুর সম্মতি নিয়ে সবাই চলে গেল যার যার কাজে।
এখন আর আটি আর পাটির মামা বাড়ি যেতে কোন জিনের ভয়ে বনের পেছনের পথ ঘুরে যেতে হয় না। কারণ বনে এখন আর কাঠিজিনও নেই, জিনের ভয়ও নেই।

প্রকাশকাল : জুলাই ২০১৬

একজন আলোর মানুষ

কিছু কথা, কিছু গল্প, কিছু স্মৃতি জন্মই নেয় উপন্যাস হয়ে, মহাকাব্য হয়ে| কিন্তু শুরুই তো করতে পারছি না| আর শুরু করলেই মনে হয় কুলহারা জোয়ারের মত শব্দের বাঁধ ভেঙে যাবে| তা ঠেকাবো কি দিয়ে? তার উপর মনের বিগলিত আবেগ বারবার চোখের কোণে উপুড় হয়ে পড়ছে| অসংখ্য বই আর জ্ঞান ভাণ্ডারের একটা লাইব্রেরি পুড়ে গেছে আমাদের| একটি বহমান চলচ্চিত্রের হঠাৎ পর্দা পড়ে গেছে, গল্পের একটা পরিপূর্ণ সিন্দুক খাটিয়ায় ভর করে আজিমপুরে তলিয়ে গেছে|
আবিদ ভাই, ডা. আবু হেনা আবিদ জাফর, আমাদের প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় নাট্যকার, প্রিয় মডারেটর, প্রিয় পরিচালক, প্রিয় লেখক, প্রিয় দায়িত্বশীল গত ২০ জুন, শুক্রবার রাতে এ দুনিয়ায় সফর শেষ করেছেন|
আবিদ ভাই আপনার অফিসে, বাসায়, গাড়িতে, অপারেশন থিয়েটারে, রিডিং, রাইটিং, লুকিং এমনকি বাথরুমে আপনার ভিন্ন ভিন্ন চশমার ফ্রেমগুলো এখনো হয়তো ওভাবেই পড়ে আছে, আপনার নাকের কিছুটা সামনের দিকে বসে উপর দিয়ে আমাদের দিকে তাকানোর ভঙ্গির অপেক্ষায়, এখনো তো ধুলোও জমতে পারেনি| একজন মানুষের এতগুলো চশমা থাকে- এর আগে দেখিনি| পাটুয়াটুলী থেকে একসাথে অনেকগুলো চশমার ফ্রেম কিনতেন, হারাতেনও খুব|

ঝিনেদাহ ক্যাডেট কলেজের ছাত্র থাকা অবস্থায়ই নাটকের ভেতরে ঢুকে পড়েছিলেন আবিদ ভাই| ক্যাডেট কলেজের কঠোর ডিসিপ্লিনের মধ্যেও নাটক আর সাহিত্যের পাতা কুড়াতে কুড়াতে সলিমুল্লাহ মেডিকেল কলেজে এসে এর বন-বনানীতে আবিদ ভাইর পুরোদস্তুর পদচারণা শুরু হলো| আমাদের অঙ্গনে কোনো অনুষ্ঠান হবে আর আবিদ ভাই থাকবেন না- এটা ভাবাই যেতো না, আর নাটক হলে তো কথাই নেই| অগ্রণী ব্যাংক শিশু নাট্য প্রতিযোগিতায় পরিচালক হিসেবে স্বর্ণপদক পেয়েছিলেন|
আবিদ ভাইকে এখন যারা দেখি, মানে দেখতাম উনি কিন্তু আগে এত নাদুস-নুদুস ছিলেন না, একেবারে হ্যাংলাপাতলা কাঠির মতো ছিলেন| একবার উনার ধরা পড়লো পেপটিক আলসার| ক্ষিধে লাগলেই পেট ব্যথা হতো| তাই পকেটে কিছু খাবার রাখার পরামর্শে উনি রাখতেন গোটা গোটা সেদ্ধ ডিম| ক্ষিধে লাগলেও খান, না লাগলেও খান| ক’দিনের মধ্যেই আমাদের পাটকাঠি আবিদ ভাই পেটের কাছাকাছি এসে দু’জন হয়ে গেলেন|
আবিদ ভাই যখন ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ছিলেন প্রায়শই উনার রুমটায় আমাদের মজমা বসতো| হাসান মুর্তাজা ভাই, মুহিব্বুল্লাহ ভাই, মাহিন ভাই, মহিউদ্দিন ভাই| উপস্থিত না থাকলেও মল্লিক ভাই, বদরু ভাইসহ সবার প্রসঙ্গ চলে আসতো| জোনাকি পোকা থেকে ছায়াপথ, শিশির বিন্দু থেকে মহাসিন্ধু, সুর থেকে সিম্ফনি, পিঁপড়া, হাতি, নাটক, কবিতা, গান, চলচ্চিত্র, রাজনীতি, অর্থনীতি- গল্প আলোচনায় কোনটাই বাদ পড়তো না| এমন কোনো বিষয় ছিলো না যেটা আবিদ ভাই জানতেন না| কোনো বিষয় জানতে চাইলে তার নাড়ি নক্ষত্র, শান, মান, নোক্তা, মাখরাজসহ বলতেন|

মৃত্যুর মাত্র একদিন আগে ফেসবুকে এআই দিয়ে আমার একটা ছবি পোস্ট করেছিলাম, আবিদ ভাই কমেন্টে লিখেছেন, ‘শার্লক হোমসের মতো লাগছে, সিনেমায় নামার চিন্তা করতে পারেন|’ মাঝে মাঝেই আমাকে বিভিন্ন রিল, খবর পাঠাতেন| কিছুদিন আগে নিজের একটা বায়োডাটা পাঠিয়েছেন, নীচে লেখা- দেইখেন| আবিদ ভাই, এখনো সবই আছে, শুধু আপনি নেই|
এইতো সেদিন ‘দেশীয়’র গাইড হাউজের ইফতার অনুষ্ঠান শেষে শুধু কথা বলার সুবিধার জন্য দুজন হেঁটে রওয়ানা দিয়েছি| পথ শেষ হয়ে গেছে, কথা শেষ হয়নি|
আবিদ ভাই, কত কথা বাকি রয়ে গেল, কত পরিকল্পনা বাস্তবতা পায়নি| আপনি চলে গেলেন, রতন ভাই, নূরী ভাই, কবি আল মাহমুদ ভাই, বিচারপতি আবদুর রউফ ভাইয়া, মল্লিক ভাই, ওবায়েদ ভাই চলে গেলেন| আমরাও আসছি| বেহেশতের সুশোভিত বাগানে ফুলকুঁড়িদের আসর হবে ইনশাআল্লাহ|

প্রকাশকাল : জুলাই ২০২৬

সেই বালক

পাঁচ আগস্ট, ২১১০ সাল। স্যাটেলাইট বিপর্যয়ে সারা দেশে ইন্টারনেট বন্ধ। দুনিয়ার সব কাজ চলে ইন্টারনেট দিয়ে। ফলে ইন্টারনেট বন্ধ তো সব বন্ধ। অফিস, ব্যাংক, মার্কেট, শিক্ষাপ্রতিষ্ঠান সব অচল। মানুষের ব্যস্ততার জোয়ারে ভাটা পড়েছে যেন। ইয়াফি, অরি ও সাফাদের আজ খুশির দিন। কারণ, অনেকদিন পর আজ তিন পরিবার একত্র হয়েছে। তাও আবার দাদুভাইয়ের সাথে।
ওরা তিনজন কাজিন। প্রত্যেকেই বাবা মায়ের একমাত্র সন্তান। ওদের ভার্চুয়াল ক্লাস, ওপেন বুক এক্সাম, অনলাইন গ্রুপস্টাডি- ইত্যাদি নিয়ে সবসময় খুব ব্যস্ত থাকতে হয়। বাবা মাও কর্মক্ষেত্রে বেশ ব্যস্ত থাকেন। তাই অনেকদিন ওদের একত্রিত হওয়া হয়ে ওঠেনি। প্রায় দুবছর পর আজ সরাসরি সবার দেখা। দেশে স্যাটেলাইট বিপর্যয়ের ফলে অফিস ও বিদ্যালয় কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সবাই মোটামুটি ফ্রি। এ সুযোগে তিন পরিবার আজ দাদুর বাসায় একত্রিত হয়েছে। দাদুভাইর সাথে দেখা অনেকদিন পর। দাদুভাই থাকেন একটি স্বয়ংক্রিয় বাড়িতে। যেখানে তার সেবা ও সঙ্গ দেয়ার জন্য দুটি দামি ইনটেলিজেন্ট এআই রোবট ও একটি হিউম্যানয়েড রোবট রয়েছে।
অরি সবচেয়ে বেশি খুশি। দাদুভাইয়ের কাছ থেকে মজার গল্প শোনা যাবে। সেই গতবছর স্কুলের লাস্ট ভার্চুয়াল টার্ম পরীক্ষা শেষ হওয়ার পর বাবা মায়ের সাথে দাদুভাইর এখানে এসেছিল। সেদিন দাদু বেশ কয়েকটা গল্প বলেছিলেন। খুব আদর করেছিলেন। অনেক আনন্দে কেটেছে। কিন্তু মাত্র একদিন ছিল। বাবার অফিস ও মায়ের শপ ওপেনের জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা কাটাতে না কাটাতেই দৌড়াতে হয়েছে। এবার আর সে সমস্যা নেই। স্যাটেলাইট ঠিক না হওয়া পর্যন্ত অফিস, শপ কিছুই খুলছে না। খুব শিগগিরই ঠিক হওয়ার সম্ভাবনাও নাকি নেই।
আব্বু ও ছোট চাচ্চু ড্রইংরুমে চা খেতে খেতে বলাবলি করছিলেন, এটা নাকি খুব বড় স্যাটেলাইট দুর্ঘটনা। দেশের বড় বড় মহাকাশ বিজ্ঞানী ও প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করেও কোনো কূল-কিনারা করতে পারেনি। বিগত একশ বছরে নাকি দেশে এমন বিপর্যয় কেউ দেখেনি। বিশেষজ্ঞরা সন্দেহ করছে এটি এলিয়েন স্পেস শিপের অনিচ্ছাকৃত দুর্ঘটনা হতে পারে। অথবা দেশি বা বিদেশি এআই নেটওয়ার্ক গ্রুপও কোনো খারাপ উদ্দেশ্যে এ কাজ করতে পারে। জাতীয় জরুরি সেবা চালু রাখার জন্য অন্য একটি দেশের ফ্রিকোয়েন্সি থেকে সাময়িকভাবে ব্যান্ডউইথ কেনা হয়েছে। তবে তা সাধারণ গ্রাহকদের ব্যবহারের জন্য দেয়া হয়নি। তাই মানুষের ব্যক্তিগত ব্যবহৃত ডিভাইস নেট, রিস্ট নেট সব বন্ধ রয়েছে। রিস্ট নেট হলো, হাতের কব্জিতে লেজার প্রযুক্তিতে ইনস্টল করা মাল্টি প্রোগ্রাম টেকনোলজি। যেমন আজ থেকে বহুকাল অর্থাৎ প্রায় শত বছর আগে মানুষ ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের কাজে হাতের মুঠোয় বা পকেটে থাকা একটি ড্রোন আকৃতির জিনিসের ব্যবহার করতো। যাকে সেসময় মোবাইল ফোন বা মুঠোফোন বলা হতো। দাদু টাচ লকআপ থেকে সেরকম একটি জিনিস বের করে ইয়াফি, অরি ও সাফাকে দেখালেন।
ড্রয়িংরুমের বিশাল ফ্লোরে কার্পেট বিছিয়ে সবাই বসেছে। দাদুর সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় তার দাদা-দাদি সবাইকে নিয়ে উঠোনে বসে গল্প করতো। খুব আনন্দ হতো।
দাদুভাই আজকে একটা মজার গল্প বলো।
ছোট্ট অরি দাদুকে জড়িয়ে ধরে খুব করে ধরলো। ইয়াফি, সাফাও সুর মিলায়।
আচ্ছা ঠিক আছে আজকে তোমাদের একটা গল্প বলি। যেটি আমার নিজের জীবনের সত্য ঘটনা। তোমরা শুনতে চাও?
সবাই সমস্বরে বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে চাই!
তাহলে শোন।

আজ থেকে সাতাত্তর বছর আগের কথা। ২০২৪ সাল। তখন আমার বয়স এগারো। ক্লাস ফাইভে পড়তাম। আমাদের বসবাস ছিল ঢাকার বসিলায়। প্রতিদিনের মতো স্কুল থেকে ফিরছিলাম। ফেরার সময় একটু দূরে দেখলাম রাস্তায় কীসের যেন একটা হই হুল্লোড়। স্কুল কলেজের ছাত্ররা ‘কোটা না মেধা’ স্লোগান দিচ্ছে। আমি ছোট মানুষ। এসবের কিছুই বুঝতে পারি না। বাসায় চলে যাই।
পরদিন স্কুল বন্ধ। সকালবেলা পাশের বাসার মন্টুকে নিয়ে একটু সামনের রাস্তায় বের হই। মন্টু আর আমি একই ক্লাসে পড়তাম। রাস্তায় গিয়ে দেখলাম গতকালের চেয়ে অনেক বেশি ছাত্র। সবাই বিভিন্নরকম স্লোগান দিচ্ছে। ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ‘আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি। পাশে চায়ের দোকানে বড়দের আলাপচারিতা থেকে জানতে পারলাম ছাত্ররা তাদের চাকরিতে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছে। তখন বুঝিনি বৈষম্য মানে কী? কীসের বৈষম্য? ছোটবেলায় আমি ছিলাম একটু লাজুক ও শান্ত প্রকৃতির। মন্টু ছিল খুব সাহসী ও চঞ্চল। আমি চায়ের দোকানের পাশেই দাঁড়িয়ে রইলাম। মন্টু কী বুঝে সামনে এগিয়ে যায়। ছাত্রদের সাথে স্লোগান শুরু করে দেয়। কিছু বুঝে ওঠার আগেই দেখলাম মুহূর্তের মধ্যে বেশকিছু পুলিশ এসে মিছিলে হামলে পড়লো। পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ছুঁড়লো। ছাত্ররা ছোট ছোট ঢিল ছুঁড়ে প্রতিবাদের চেষ্টা করে। হঠাৎ পুলিশ উত্তেজিত হয়ে গুলি শুরু করে। কয়েকজন ছাত্র আহত হয়। তাদের এক এক করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরক্ষণেই দেখি সেই সারিতে আমার বন্ধু মন্টু। তাকে দুজন ছাত্র ধরাধরি করে একটি রিকশায় উঠিয়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর খবর এলো আমার সে বন্ধুটি মারা গেছে। খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সারা শরীর নিথর হয়ে গেল। চোখের সামনে থেকে আমার বন্ধুটা মরে গেল! কী অপরাধ ছিল ওর? সারা রাত ঘুমাতে পারি না। বিছানায় ছটফট করতে থাকি। ইচ্ছে হয় যে পুলিশ আমার বন্ধুকে গুলি করে মেরেছে, তাকে আচ্ছামতো মেরে মনের ঝাল মিটাই। কিন্তু আমি ছোট্ট মানুষ। কী ই বা করতে পারি?
টেলিভিশনের নিউজে দেখায়, ছাত্রদের আন্দোলন সর্বত্র ছড়িয়ে পড়েছে। সারা দেশে অনেক মিছিল হচ্ছে। রংপুরে ছাত্রদের মিছিলে হামলা হয়। আবু সাঈদ নামের একজন ছাত্র হাত মেলে বুক চিতিয়ে প্রতিবাদ করে। সে অবস্থায় পুলিশ তাকে নিষ্ঠুরভাবে গুলি করে। সে মারা যায়। সেই ভিডিও ছড়িয়ে যায় বিদ্যুৎ গতিতে। ক্ষুব্ধ হয়ে ওঠে সারা দেশের মানুষ। ছাত্রদের সাথে রাস্তায় নেমে প্রতিবাদ করে অভিভাবক, শিক্ষক, শ্রমিক, সাধারণ মানুষ। আমার ছোট্ট মন ক্রমেই অস্থির হয়ে ওঠে। চোখের সামনে বন্ধুকে গুলি করে মেরে ফেলার ঘটনাটি কোনোভাবেই মন থেকে যাচ্ছে না।
দাদুকে থামিয়ে ইয়াফি বলল, ও হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি চ্যাপ্টারে আবু সাঈদের এ ঘটনাটা পড়েছি। তবে পড়ার সময় অত ভালো করে খেয়াল করিনি যে এটা আমাদের দেশেরই ঘটনা।
আচ্ছা তারপর কী হলো দাদু ভাই?
সন্ধ্যার পর মামা কাজ থেকে ঘরে ফিরলে মায়ের সাথে বসে ফেসবুকে আন্দোলনের ভিডিও দেখে। ঢাকায় মীর মুগ্ধ নামে এক ছাত্র ‘পানি লাগবে পানি’ বলে মিছিলে পিপাসার্ত আন্দোলনকারীদের পানি বিতরণ করছিল। সে অবস্থায় পুলিশ গুলি করে। মুগ্ধ মারা যায়। ক্ষুব্ধ ছাত্রদের মিছিল আরো বড় হতে থাকে। মিছিলে হাজার হাজার ছাত্র। সবার চোখে মুখে অগ্নিস্ফুলিঙ্গ। বুকে জমানো বারুদ। আমার ছোট্ট বুকেও তাই।
সব শ্রেণির মানুষ আরো প্রতিবাদী হয়ে ওঠে। আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। ইচ্ছে হচ্ছিল আমিও ছাত্রদের সাথে গিয়ে স্লোগান দেই, প্রতিবাদ করি। মন বলছিল, ইশ! যদি একটা আলাদিনের জায়নামাজ থাকতো, মুহূর্তেই উড়ে চলে যেতাম ছাত্রদের মিছিলে।

পরদিন সকালবেলা। ড্রইংরুমে মামার সাথে বসে আছি। টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে আরো বড় মিছিল। সবাই স্লোগান দিচ্ছে। ভিডিওতে দেখে ওদের সাথে মনে মনে আমিও স্লোগান দেই। কিন্তু মনে মনে দেয়া স্লোগানে মোটেই তৃপ্তি আসে না। ঠিক করলাম যে করেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলে যাবো। বন্ধু হারানোর প্রতিবাদ করবো সরাসরি গিয়ে। কিন্তু কীভাবে যাবো বুঝতে পারি না। শুধু জানি যেতে হবে।
সকাল এগারোটার দিকে ঘর থেকে বের হয়ে যাই। সাথে নিজের মাটির ব্যাংকে জমানো কিছু টাকা নেই। খুব কাছেই লেগুনাস্ট্যান্ড। লেগুনায় উঠে মোহাম্মদপুর পর্যন্ত যাই। সড়কের এক কিনারে দাঁড়িয়ে দেখি অনেক রকমের বাস যাচ্ছে। কোনটি কোনদিকে যাচ্ছে কিছুই বুঝতে পারি না। হলুদ রঙের একটা বাস দেখে মনে পড়ে যায়, একবার মামার সাথে যখন বইমেলায় গিয়েছিলাম এই বাসটিতে চড়ে শাহবাগ গিয়ে বাকিটুকু হেঁটে যাই। খুব দূরে নয়।
যাওয়ার পথে মামা বলেছিলেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ওই যে দেখছিস ওটা টিএসসি চত্ত্বর।
সাতপাঁচ না ভেবে সাহস করে উঠে পড়ি হলুদ বাসে। মনে নানা শঙ্কা ও ভয়। ঠিক বাসে উঠেছি তো? কিছুক্ষণের মধ্যেই শাহবাগ শাহবাগ বলে হেল্পার ডেকে ওঠে। বাস থেকে নেমে পড়ি। চারিদিকে ফুলের সুবাস। অনেক ফুলের দোকান। মনে পড়ে যায় মামার সাথে আসার সময় এ ফুলের দোকানগুলো দেখেছিলাম। গুটি পায়ে সামনে এগোই। প্রচুর পুলিশ দাঁড়িয়ে আছে। বুক দুরু দুরু করে। কিন্তু বন্ধু মন্টুর কথা মনে পড়ে মুহূর্তেই মনের মধ্যে বিদ্যুতের মতো একটা চিলিক অনুভব করি। ছোট্ট মনে বিদ্রোহের বারুদ জ্বলে ওঠে।

সামনে এগিয়ে দেখি ছাত্রদের মিছিল আর মিছিল। স্লোগান চলছে মুহুর্মুহু। আমিও তাদের সাথে গলা ফাটিয়ে স্লোগান দেই। জানি না কোত্থেকে এত সাহস এলো। পাশেই ফুটপাতে সারিবদ্ধভাবে দাঁড়ানো শতশত পুলিশ। তাদের দেখামাত্র আবার আমার হারিয়ে যাওয়া বন্ধুর কথা মনে পড়ে তীব্র ঘৃণা আমাকে অস্থির করে তোলে। নিজেকে আর সামলাতে পারলাম না। মুহূর্তেই পুলিশের দিকে দৌড়ে গেলাম। এক পুলিশের পেটে দুহাতে অনবরত ঘুষি দিতে থাকলাম। কী হচ্ছে পুলিশ সদস্যটি কিছুই বুঝে উঠতে পারলো না। আমি ছোট্ট মানুষ। তার বুলেট প্রুফ জ্যাকেটে আমার এ হাত ছোঁড়াছুড়িতে তেমন কিছু না হলেও পুলিশ সদস্যটি বেশ হতচকিত হয়ে যায়। এত ছোট্ট ছেলে এমন করছে কেন? কিছুই বুঝে উঠতে পারে না। আশেপাশের লোকেরাও অবাক হয়ে সে দৃশ্য দেখে। এত্তটুকুন ছেলে। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে কীভাবে এলো? কোত্থেকে এলো? ছাত্রদের মধ্য থেকে একজন এসে আমাকে কোলে করে সরিয়ে নেয়ার চেষ্টা করে। মনের ক্ষোভ পুরোপুরি মিটেনি বলে আমি সমানে হাত পা ছোঁড়াছুড়ি করতে থাকি।

সে সময় মানুষের মধ্যে ফেসবুক ও ইউটিউব খুব প্রভাব বিস্তার করতো। কিছু কনটেন্ট দ্রুত ভাইরাল হয়ে যেত। আমার এ কর্মকাণ্ডগুলো কৌতূহলী হয়ে কেউ একজন ভিডিও করে। পরদিন সে ভিডিওটি ফেসবুক ও ইউটিউবে সারাদেশে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি বিভিন্ন পেইজ ও চ্যানেলে ‘ক্ষুদে বিপ্লবী’, ‘ভাইরাল বয়’ ইত্যাদি শিরোনামে প্রচার পায়। লক্ষ লক্ষ ভিউ হয়। সে ভিডিও দেখে নাকি সারা দেশের সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে সাহসী হয়ে ওঠে। ছাত্র ও সাধারণ জনতার আন্দোলন তীব্রতর হতে থাকে।

অবশেষে ছাত্রদের আন্দোলন বিজয়ী হয়। শুরু হয় বৈষম্যহীন দেশের নবযাত্রা। নতুন দেশ গঠন শুরু হওয়ার পর দেশি ও বিদেশি বিভিন্ন গণমাধ্যম ও ইউটিউব চ্যানেল আমাকে খোঁজাখুঁজি করে বের করে। আমার ইন্টারভিউ নেয়। কেন আমি এমন প্রতিক্রিয়া দেখালাম, ছোট হয়েও এত সাহস কীভাবে পেলাম ইত্যাদি নানান প্রশ্ন।

প্রকাশকাল: জুলাই ২০২৫

কবি কাজী কাদের নেওয়াজ

দেয়াল ঘেরা একটি বাড়ি। বাড়ির চারদিকে গাছগাছালি। গাছে গাছে কতো রঙের পাখি! সকাল-সন্ধ্যায় পাখিদের গানে মন ভরে যায়। এই বাড়িতে বাস করতেন একজন বড় কবি। তিনি প্রতিদিন পাখিদের গান শুনতেন। পাখিদের সাথে কথা বলতেন। কবিতা লিখতেন। কবি একটি বড় রাতা মোরগ পালতেন। মোরগটিও পাখিদের সাথে সুর মিলিয়ে ডাক দিতো কু-কুরু-কুউউউ। দেয়ালের ওপর উঠে খেলা করতো, দৌড়াদৌড়ি করতো। দেয়ালঘেঁষা ছিলো গাঁয়ের পথ। এই পথে গাঁয়ের মানুষ যাতায়াত করতো।

একদিন বিকেল বেলা। কবির মোরগটি দেয়ালের ওপর দাঁড়িয়ে ডাক দিচ্ছে। এই পথে তখন যাচ্ছিল গাঁয়ের এক দরিদ্র লোক। ডাক শুনতেই তার চোখ পড়লো মোরগটির দিকে। তার লোভ হলো। সে মোরগটিকে ধরে নিয়ে পালিয়ে গেল। কবি সাহেব তখন বাড়িতে ছিলেন না। কিছুক্ষণ পরই তিনি বাড়ি ফিরলেন। বাড়ির গেটে আসতেই এক লোক বলল, ও পাড়ার এক লোক আপনার মোরগটিকে চুরি করে নিয়ে গেছে। কবি বললেন, যাও লোকটাকে আমার কাছে ধরে নিয়ে এসো। যেই কথা সেই কাজ। আরও কয়েকজন মিলে দরিদ্র লোকটিকে কবির কাছে ধরে নিয়ে এলেন। লোকটি জোড় হাত করে কাঁপতে কাঁপতে কবির সামনে এসে দাঁড়ালো। কবি তাকে দেখে একটুও রাগ করলেন না। তিনি তাকে নরম ভাষায় জিজ্ঞেস করলেন, ‘কী রে, তোর কাছে মসলা কেনার টাকা আছে?’ লোকটি মাথা নেড়ে বললো, ‘না হুজুর, আমার পকেটে কোনো টাকা পয়সা নেই।’ ‘তাহলে মোরগটা রান্না করবি কী করে?’ কবি পকেট থেকে কিছু টাকা বের করলেন, লোকটার হাতে দিলেন। বললেন, ‘যা- এই টাকা দিয়ে কিছু মসলা কিনে নিস। লোকটি কবির আচরণে অবাক হলো। তাঁর এতো শখের পালা মোরগটি চুরি করার পরও তিনি একটুও রাগ করলেন না। বরং মসলা কেনার জন্য টাকাও দিয়ে দিলেন। এমন উদার মানুষ কি আছে?
আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারো কে সেই কবি, যিনি এতো উদার? এতো মহৎ? হ্যাঁ, তিনি হলেন সবার প্রিয় কবি কাজী কাদের নেওয়াজ। আধুনিক বাংলা কাব্যের প্রচলিত ধারার অন্যতম সার্থক কবি তিনি।

আচ্ছা বলতো, কবি কাদের নেওয়াজ কোথায় জন্মগ্রহণ করেছেন? বলছি, শোন। ১৯০৯ সালের ১৫ জানুয়ারি কবি কাজী কাদের নেওয়াজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কাজী আল্লাহ নওয়াজ আর মাতা ফাতেমাতুন্নেছা। কবি কাজী কাদের নেওয়াজের স্ত্রীর নাম ছিলো নাসেরা বিবি। কবি ছিলেন নিঃসন্তান। কবি কাজী কাদের নেওয়াজ ছিলেন একজন প্রেমিক কবি। তিনি ফুল-পাখি ও মানুষকে যেমনি ভালোবাসতেন, তেমনি ভালোবাসতেন তোমাদের মতো ছোট্ট বন্ধুদের। কবিতা ছিলো এই কবির প্রাণ। তবে তার ছোটদের জন্য লেখা গল্পের ভাণ্ডারও কম নয়।

কাজী কাদের নেওয়াজের প্রথম শিশুতোষ কবিতা প্রকাশিত হয় ১৯২৩ সালে। তখন তাঁর বয়স কতো জানো? মাত্র চৌদ্দ বছর। পরবর্তী জীবনে তিনি আরো বহু কবিতা রচনা করেছেন। অসাধারণ কবিশক্তির অধিকারী কাজী কাদের নেওয়াজ বাংলা কাব্য সাহিত্যে একটি বিশিষ্ট আসনের দাবিদার। তিনি শিশুসাহিত্য রচনায় পারদর্শী ছিলেন। ফলে বাংলা একাডেমি ১৯৬৩ সালে শিশুসাহিত্যে অবদানের জন্য তাঁকে পুরস্কৃত করে। তিনি সহজ সরল ভাষায় ছোটদের মনের মতো করে অজস্র কবিতা লিখেছেন। তৎকালীন বিকাশ, শীশমহল, মিনার, শিশু-সওগাত, গুলবাগিচা, শিশু সাথী, শুকতারা, জলছবি, খেলাঘর, আলাপনী, রঙধনু, সবুজ পাতা, আজাদ প্রভৃতি পত্রিকায় এসব কবিতা প্রকাশিত হতো। কলকাতার বিকাশ পত্রিকায় প্রকাশিত তাঁর প্রথম কবিতাটির নাম ‘স্বদেশ স্মৃতি’-

‘স্বদেশ ত্যাজিয়া বিদেশেতে
আমি আসিয়াছি বহুদিন,
স্মৃতিটি আজিও জাগে হৃদিপটে
প্রাণে বাজে সেই বীণ।’

কাজী কাদের নেওয়াজের শিশুপাঠ্য কবিতাগুলোর মধ্যে সার্থক কবিতা হলো- ‘ঘুম-পাড়ানী গান’ এবং ‘হারানো টুপী’।
যেমন-

‘চাঁদের আলোয় ফুল ফুটেছে
চকোর উড়ে যায়,
ঝিরঝিরিয়ে বইছে হাওয়া
আয়রে ও ঘুম আয়।
নীল আকাশের অসীম শেষে
মেঘগুলো সব হাওয়ায় ভেসে
কোন অজানা পরির দেশে
খবর নিয়ে যায়,
বাইরে কোথাও নাইরে পড়া
আয়রে ও ঘুম আয়।’

কবি কাজী কাদের নেওয়াজের গ্রন্থাকারে প্রকাশিত একমাত্র গল্পগ্রন্থ ‘দাদুর বৈঠক’। এই গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪৭ সালে। এই বইটি কলকাতা শিক্ষা বোর্ডের সপ্তম শ্রেণির পাঠ্য শ্রেণিভুক্ত ছিলো।

‘দাদুর বৈঠক’-এর গল্পগুলো গ্রাম্য সুখ-দুঃখের কাহিনি, বাস্তব জীবনের পাঁচালি। তাতে আছে কল্পনার রঙ খেলা। সরল ও মধুর সে সব গল্প। বুড়োদের নিকট থেকে সংগ্রহ করে আপন মনের মাধুরী মিশিয়ে নতুনভাবে এসব গল্প তিনি উপস্থাপন করেছেন। কবি কাজী কাদের নেওয়াজের শিশুসাহিত্যের প্রতিটি কবিতা ছন্দময় ধ্বনি মাধুর্যমণ্ডিত। আরবি, ফার্সি ও যুক্ত শব্দের সার্থক প্রয়োগ তাঁর কবিতাকে করেছে মহিমান্বিত। মার্জিত ভাষায় রচিত তাঁর শিশুসাহিত্য সৃষ্টির আরেক বৈশিষ্ট্য।

কাহিনি কাব্য রচনায় কবি ছিলেন বিশেষ পারদর্শী। গ্রাম্য উপমা, রূপক, অনুপ্রাস দিয়ে একটি গ্রাম্য আবহ গড়ে তুলেছেন এই কবি। অতি তুচ্ছ একটি ঘটনাকে রূপময়ী কবিতাকারে বর্ণনায় তিনি একজন কুশল শিল্পী।
যেমন-

‘নাতনী, সে নাতনী
চাঁদ নহে, চাঁদনী
তার তরে তারাহার
আজো আমি গাঁথিনি।’

অথবা-

‘ডাক নাম তার ‘রাশু’
হাস্য উচ্ছ্বল ঠোঁট দু’টি তাই
আমরা বলি ‘হাসু’।
আম্মা তাকে জড়িয়ে বুকে
বলেন পরশমণি,
আব্বা বলেন দরশ পেয়ে
তুইরে হরষ খনি।’

কবি কাজী কাদের নেওয়াজের গল্প কম হলেও খুব মজার। তোমরা ওসব গল্প যদি পড়ো দেখবে, পড়তে পড়তে এক সময় কল্পনায় ঠিকই দাদুর আসরে চলে যেতে পারবে। যেমন দেখো কবি তাঁর ‘দাদু সেখের বৈঠক’ গল্পটি কীভাবেই বর্ণনা করেছে-

‘বলতে কী সেকালের পল্লীবাসী একালের মতো শুধু ঝগড়া বিবাদ নিয়েই থাকত না। তখন গ্রামে প্রাণ ছিল, শান্তি ছিল। বেশ মনে আছে, আমাদের দালান বাড়ির পাশেই ছিল এক শাখাবহুল বটগাছ। সেই বটতলে, আজিজ মিয়ার দোকানের উঠোনটার কোলঘেঁষে বসত ছেলেদের আসর। গ্রামের বৃদ্ধ ইয়াসিন শেখ ছিলেন সে বৈঠকের গল্পদাদু। সন্ধ্যার পর হতেই দলে দলে ছেলেরা গিয়ে হাজির হতো বটতলে। দাদু শেখ ধীরে ধীরে গল্প বলতে শুরু করতেন। সে সব গল্প রূপকথার রাজ্যের সেই ‘পাঁচ কন্যা’, ‘বিহঙ্গম-বিহঙ্গমী’ বা ডালিম কুমারকে নিয়ে নয়। দাদু শেখ পল্লীর সুখ- দুঃখের কাহিনিগুলো কল্পনার রঙ ফলিয়ে এমনি সরস ও মধুর করে তুলতেন যে, সবাই সাগ্রহে শুনতো আর মুগ্ধ হয়ে যেত। সন্ধ্যার সময় চাকরকে ঘুষ দিয়ে আমরা চলে আসতুম গল্প শুনতে। সে কী সুখের সময় ছিল।’

কবি কাজী কাদের নেওয়াজ ছিলেন তোমাদের মতো ছোট্ট শিশু-কিশোরদের বন্ধু। তিনি ছিলেন শিশু-দরদি, প্রকৃতিপ্রেমিক, মানবপ্রেমিক কবি। সবার সাথে ছিলো তাঁর ভাব। জীবন-কর্মে সাহিত্য সাধনায় তিনি ছিলেন ভালোমনের মূর্তপ্রতীক। গল্পরসিক এই কবি এখন আর আমাদের মাঝে নেই। আছে তাঁর লেখা গল্প- কবিতা আর স্মৃতি। ১৯৮৩ সালের ৩ জানুয়ারি এই মহান গল্পরসিক ছোট বড় সবার কবি কাজী কাদের নেওয়াজ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান পরজগতে। তাঁর লেখা গল্প-কবিতা আজো আমাদের তাড়া করে নিয়ে যায় পুরনো দিনের সেই বটতলার দাদুর আসরে।

প্রকাশকাল: জুলাই ২০২৫

তাসফির কান্না

‘না, নাআআ..! তোতন! তোতন…!’
ঘুমের মধ্যেই বলে উঠলো তাসফি। ভয়মিশ্রিত সে ডাক। পরক্ষণেই ধড়ফড় করে উঠে বসলো বিছানায়। বুকটা দ্রুত ওঠানামা করছে।
হঠাৎ করে ঘুম ভেঙে গেল তাসফি’র আম্মু নাইমা বেগমের। বিছানায় উঠে বসলেন। বেড সুইচ টিপে লাইট জ্বালিয়ে দিলেন।
তাসফি’র শরীরটা কাঁপছে। পুরো শরীর ঘেমে গেছে তার। বিস্ফোরিত চোখে এদিক ওদিক তাকালো। যেনো খুঁজছে কিছু।
তাসফি’র মাথাটা নিজের বুকে চেপে ধরে ওকে সান্ত্বনা দিতে লাগলেন নাইমা বেগম। এক বোতল পানি মাথার কাছে নিয়েই ঘুমান তিনি। বোতলের মুখ খুলে ছেলের মুখে ধরলেন।
ঢকঢক করে খানিকটা পানি পান করলো তাসফি। বুকের কাঁপুনি এখনও থামেনি। মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লো।
‘ওরা আবার এসেছিলো আম্মু! এবার অনেকগুলো হেলিকপটারে করে এসেছিলো।’ তাসফি’র কণ্ঠটা কেঁপে উঠলো।
ছোট্ট তাসফি’র মাথার চুলে বিলি কাটতে কাটতে বললেন আম্মু, ‘সব ঠিক হয়ে যাবে তাসফি বাবা! এই যে আমি আছি না!’
তাসফি’র ভয় তখনও পুরোপুরি কাটেনি। ‘তোতন খুউব ভালো ছিলো আম্মুজি!’
আম্মুর চোখজোড়াও এবার ভিজে উঠলো। অনেক কষ্টে আটকালেন। বললেন, ‘এখন অনেক রাত, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।’
আম্মু জানেন যে, সেদিন যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে, তা হয়তো ছোট্ট তাসফি কোনোদিনও ভুলতে পারবে না। সারাজীবন ওকে তাড়া করে ফিরবে।

সারাদেশ তখন উত্তাল, থমথমে। কখন কী ঘটে যায়! প্রতিনিয়ত খবর আসছে মৃত্যুর। পুলিশ আর সন্ত্রাসী-গুণ্ডারা নির্বিচারে নিরীহ ছাত্রজনতার ওপর গুলি ছুঁড়ছে। বিক্ষুব্ধ ছাত্ররা ক্রমেই ফুঁসে উঠছে। তাদের দাবি তো বেশি কিছু না, সরকারি চাকরিতে মেধার মূল্যায়ন চাইছে। সকল ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান। এই যৌক্তিক দাবিটাকে তারা কিছুতেই মেনে নিতে চাইছে না। বরং আন্দোলনরত শিক্ষার্থীদের দমাতে নানান ফন্দি আঁটতে থাকে। সরকার তার বিভিন্ন বাহিনী লেলিয়ে দিলো হত্যার নির্দেশ দিয়ে। ফলে যেখানেই ছাত্ররা জড়ো হচ্ছে, সেখানেই পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে একত্রে মিলিত হতে লাগলো একদল ছাত্র নামের সন্ত্রাসী-খুনি-পিশাচ। প্রকাশ্যে ধারালো অস্ত্র আর নানান আগ্নেয়াস্ত্র নিয়ে হত্যার নেশায় মেতে উঠলো। খবর এলো- রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাঈদকে প্রকাশ্য রাজপথে বিনা উস্কানিতে বুকে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে এই ঢাকাতেই আন্দোলনরত আহত ছাত্রজনতাকে পানি পান করানোর অপরাধে(!) লাশ হতে হলো সদা হাস্যোজ্জ্বল মীর মুগ্ধকে।
শিক্ষার্থীদের আন্দোলন এবার নতুন মাত্রা পেলো। সবচেয়ে বড় ব্যাপার, এই আন্দোলন এখন আর শুধু শিক্ষার্থীদের মাঝেই সীমাবদ্ধ থাকলো না। এবার তাতে যোগ দিলো দেশপ্রেমী সকল মানুষ। এখানে কোনো পেশা, ধর্ম, বর্ণ এমনকি বয়সও বাধা মানলো না। মায়েরাও নেমে পড়লেন রাস্তায়। তাসফি’র আম্মুও তাসফিকে নিয়ে নেমে গেলেন রাস্তায়। আরও অনেক মায়েরাও ছিলেন। সবাই নেমে এলো রাজপথে। দাবি এখন একটাই— এই স্বৈরাচার শাসককে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না। বিদায় নিতেই হবে। স্বজাতির রক্তে রাজপথ রাঙানো এই খুনি শাসককে আর মেনে নেয়া হবে না কিছুতেই!
তারপর ঘটতে থাকলো একের পর এক খুনের ঘটনা।

পাশের ফ্লাটের ছোট্ট তোতন তাসফি’রই বয়সী। বিকালে ওরা ছাদে উঠে খেলাধুলা করে। ওদের মাঝে বেশ ভাব।
সেদিন তোতনের আব্বু তোতনকে নিয়ে ছাদে উঠেছিলেন একটু খোলা হাওয়া শরীরে লাগানোর জন্যে। হঠাৎ তোতনের মাথাটা একদিকে হেলে পড়লো। মুহূর্তে সমস্ত শরীর লাল হয়ে উঠলো। মাথার মগজও বেরিয়ে এলো— ছিটকে পড়লো আব্বুর মুখে-বুকে।
কেবল একটা ‘আহ্!’ শব্দ তোতনের মুখ থেকে বের হতে পারলো, যা আব্বুর কানে গেল।
বুকের ওপর তোতনের নেতিয়ে পড়া মাথাটা সোজা করতে চাইলেন আব্বু। ছেড়ে দিতেই আবার নেতিয়ে পড়লো।
হু হু করে উঠলো আব্বুর বুকের ভেতরটা। কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল সবটা।
তাসফি তোতনের সাথে খেলা করার জন্য এই ছাদেই উঠছিলো, ঠিক এই সময় ঘটে ঘটনাটা। এবং একটি হেলিকপটারকে উড়ে যেতে দেখে। হেলিকপটারের খোলা দরজা দিয়ে ছাদের দিকেই বন্দুক তাক করে আছে দু’জন ভয়ঙ্কর(!) লোক।
প্রিয় সাথীর রক্তেভেজা দেহটা দেখে হোঁচট খেয়ে পড়লো তাসফি। তারপর ওখানেই জ্ঞান হারালো।
এতক্ষণ ধরে যেনো তাসফি’র আম্মুর চোখের সামনেই ঘটে গেল এসব। কল্পনার জগত ছেড়ে বাস্তবে ফিরে এলেন তিনি। ছেলেটা এখন গভীর ঘুমে তলিয়ে গেছে।
মায়ের বুকের মাঝে বেদনার নীল ক্ষতটা আবারও তাজা হয়ে উঠলো। তাসফি যেভাবে বারবার এই ঘটনাটা স্বপ্নে দেখছে, এমনকি, মাঝে মাঝে এমনিতেই আর্তনাদ করে উঠছে, তাতে ছেলেটার কোনো ক্ষতি হয়ে যায় কি না— তা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়লেন তিনি।
দু’জনে দু’জনার হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ছাদে হাঁটছে আর গল্প করছে ওরা— তাসফি ও তোতন। কতো না বলা কথা যেনো জমে আছে ওদের বুকের মধ্যে। অধিকাংশই অর্থহীন কথাবার্তা। কিন্তু তাতে কী! মনের জমানো কথাগুলো প্রিয় বন্ধুকে না বললে যে পেট ফেটেই মরে যাবে ওরা।

বছরঘুরে আজ আবার এসেছে জুলাই। জুলাইয়ের ছত্রিশে যে বিজয় অর্জিত হয়েছে— এ জাতির ইতিহাসে তা জ্বলজ্বল করে জ্বলতে থাকবে কিয়ামত পর্যন্ত।
হঠাৎ যেনো হোঁচট খেলো তাসফি। কোথায় গেল তোতন? সারা ছাদ এমনকি, উঁকিঝুঁকি দিয়ে সামনের রাস্তা ও আশপাশটাও দেখলো। নাহ্! কোথাও নেই ওর বন্ধু। যেনো হাওয়ায় মিলিয়ে গেছে!
বেদনার ক্ষতগুলো ওকে আবার জড়িয়ে ধরলো। মনে পড়ে গেল সব। তোতন কোত্থেকে আসবে? সে তো নেই! বেহেশতের বাগানে সবুজ পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে মনের সুখে। আম্মু বলেছেন, পৃথিবীতে তো ও বেশিদিন থাকতে পারেনি, তাই আল্লাহতায়ালা ওকে সবুজ পাখি বানিয়ে বেহেশতে ছেড়ে দিয়েছেন। ওখানে ও যেখানে খুশি উড়তে পারবে।
ছাদটা এই মুহূর্তে কেমন যেনো নীরব হয়ে গেছে। তাসফি’র বুকের মধ্যখানটা খাঁ-খাঁ করে উঠলো। চিনচিনে ব্যথার একটা শিহরণ বয়ে গেল ওর সমস্ত দেহে। ছাদের যে কোণায় তোতনের নিথর দেহটা বাবার কোলে ঢলে পড়েছিলো, সেখানে একটা টবে গোলাপ গাছ লাগিয়েছে তাসফি। এ কয়দিনে গাছটা বেশ বড় হয়ে গেছে। প্রতিদিন গাছটার পরিচর্যা করে ও। গতকালও দেখে গেছে কুঁড়ি দু’টো। আলতো করে হাত বুলিয়ে গেছে। যেনো বন্ধুর মাথায় হাত বুলাচ্ছে— এমন একটা অনুভূতি কাজ করছিলো তখন ওর মনে।
তোতনের আব্বুর কাছ থেকে তোতনের রক্তমাখা শার্টের একটি টুকরো চেয়ে নিয়ে সেটা লেমিনেটিং করে গোলাপ গাছটায় বেঁধে রেখেছে। ওটা দেখলে তোতনকে দেখতে পাবে— এটা ওর বিশ্বাস।

লাল টকটকে দু’টো ফুল ফুটেছে গাছটিতে। তাসফি’র কাছে মনে হলো— গোলাপ দু’টো যেনো প্রিয় বন্ধুর রক্ত মেখে নিয়েছে। সেজন্য গাঢ় লালরঙে সেজেছে।
সেদিকে আর তাকিয়ে থাকতে পারলো না তাসফি। দুপদাপ করে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। হু হু করে কাঁদছে ও।
তাসফি’র এ কান্না কি থামবে কোনোদিন?

প্রকাশকাল: জুলাই ২০২৫

পাঁচ টাকার নোট, লাল!

এই দেখো মা, পাঁচ টাকাটার কেমন যেন হাল
সূর্য ডোবার সময় আকাশ দেখায় যেমন লাল!
লালের ভেতর অনেকগুলো ছবি আছে আঁকা,
ছবি তো নয়, দৃশ্যগুলোয় হরেক কষ্ট রাখা।
এই মেয়েটি করছে কান্না, ওর কি মনে শোক?
বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে, কেন মা ঐ লোক?
একটি ছেলে বোতল হাতে, চাচ্ছে পানি দিতে,
কাঁধ মিলিয়ে কিছু মানুষ, চোখে বান্ধা ফিতে।
ছোট বোনের জন্যে এ ভাই বাসায় যেতে চাচ্ছে,
আরেকটি ভাই বোনকে তুলে কোথায় ছুটে যাচ্ছে?
ঐ মেয়েটির চারপাশে কালো থাবার ভয়,
‘ছত্রিশ জুলাই’ কী এটা মা, তাই কি আবার হয়?

টাকার দিকে তাকিয়ে মা, বলেন- জানতে চাস?
যেমন তেমন নয় রে ছবি, এ যে ইতিহাস।
এই দেশেতে একটা শাসক আয়েশ করে থাকত,
সূর্যের মতো তাকে সবাই মাথায় তুলে রাখত।
আলো দেওয়ার সুযোগ নিয়ে বাড়াত সে তাপ,
বললে মোটেও শেষ হবে না তার যত সব পাপ।
হীরক রাজার মতো দুষ্টু স্বভাব ছিল তার,
এসব নিয়ে বললে কথা করত অত্যাচার।
প্রজাদের হয় করুণ দশা, বাঁচে ধুকে ধুকে,
আর কতদিন! হঠাৎ সবাই যায় দাঁড়িয়ে রুখে।
নির্বিচারে বুলেট ছোঁড়ে, ঝরে হাজার প্রাণ-
তবুও কেউ পিছ পা হয়নি বুক রাখে টান টান।
কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে সব সৈন্যকে ধায়,
তখনকার সেই দৃশ্যগুলোই পাঁচ টাকাটার গায়।

জুলাই মাসে ছত্রিশ দিনের তুমুল লড়াই শেষে-
জালিম তখন চুপিসারে পালায় আরেক দেশে।
বিজয় আনতে লাগেনি তো তলোয়ার ও ঢাল,
করতে শুধু হয়েছিল নিজেদেরকে লাল!
টাকার নোটটি মনে করায়, কোনো অত্যাচারী
শাসন নামে করলে শোষণ ধরবি টুটি তারই।
রাখবি মনে এই কথাটি- নেই খোকা তোর ভয়,
সূর্য ডোবার জন্য আকাশ লাল-ই হতে হয়।

প্রকাশকাল: জুলাই ২০২৫