পাঁচ টাকার নোট, লাল!

0
0

এই দেখো মা, পাঁচ টাকাটার কেমন যেন হাল
সূর্য ডোবার সময় আকাশ দেখায় যেমন লাল!
লালের ভেতর অনেকগুলো ছবি আছে আঁকা,
ছবি তো নয়, দৃশ্যগুলোয় হরেক কষ্ট রাখা।
এই মেয়েটি করছে কান্না, ওর কি মনে শোক?
বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে, কেন মা ঐ লোক?
একটি ছেলে বোতল হাতে, চাচ্ছে পানি দিতে,
কাঁধ মিলিয়ে কিছু মানুষ, চোখে বান্ধা ফিতে।
ছোট বোনের জন্যে এ ভাই বাসায় যেতে চাচ্ছে,
আরেকটি ভাই বোনকে তুলে কোথায় ছুটে যাচ্ছে?
ঐ মেয়েটির চারপাশে কালো থাবার ভয়,
‘ছত্রিশ জুলাই’ কী এটা মা, তাই কি আবার হয়?

টাকার দিকে তাকিয়ে মা, বলেন- জানতে চাস?
যেমন তেমন নয় রে ছবি, এ যে ইতিহাস।
এই দেশেতে একটা শাসক আয়েশ করে থাকত,
সূর্যের মতো তাকে সবাই মাথায় তুলে রাখত।
আলো দেওয়ার সুযোগ নিয়ে বাড়াত সে তাপ,
বললে মোটেও শেষ হবে না তার যত সব পাপ।
হীরক রাজার মতো দুষ্টু স্বভাব ছিল তার,
এসব নিয়ে বললে কথা করত অত্যাচার।
প্রজাদের হয় করুণ দশা, বাঁচে ধুকে ধুকে,
আর কতদিন! হঠাৎ সবাই যায় দাঁড়িয়ে রুখে।
নির্বিচারে বুলেট ছোঁড়ে, ঝরে হাজার প্রাণ-
তবুও কেউ পিছ পা হয়নি বুক রাখে টান টান।
কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে সব সৈন্যকে ধায়,
তখনকার সেই দৃশ্যগুলোই পাঁচ টাকাটার গায়।

জুলাই মাসে ছত্রিশ দিনের তুমুল লড়াই শেষে-
জালিম তখন চুপিসারে পালায় আরেক দেশে।
বিজয় আনতে লাগেনি তো তলোয়ার ও ঢাল,
করতে শুধু হয়েছিল নিজেদেরকে লাল!
টাকার নোটটি মনে করায়, কোনো অত্যাচারী
শাসন নামে করলে শোষণ ধরবি টুটি তারই।
রাখবি মনে এই কথাটি- নেই খোকা তোর ভয়,
সূর্য ডোবার জন্য আকাশ লাল-ই হতে হয়।

প্রকাশকাল: জুলাই ২০২৫