Home Blog Page 6

শালিক নাচে গাছের ডালে

মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়
বৃষ্টি পড়ে নূপুর তালে
আনন্দে তাই গা ভিজিয়ে
শালিক নাচে গাছের ডালে।

খালে-বিলে নতুন জলে
ঘ্যাঙর ঘ্যাঙ সুর দুলিয়ে
সোনা ব্যাঙ ডাকতে থাকে
দিনে রাতে গাল ফুলিয়ে।

বৃষ্টি শেষে নীল আকাশে
রংধনু দেয় পেখম মেলে
ময়ূর বলে, ‘অবাক আমি!
এমন পেখম কোথায় পেলে?!’

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

রাকিবের ডানপিটে ভাবনা

রাকিবের নাম শুনলেই পাড়ার ছেলেরা একটু সাবধান হয়ে যেত। স্কুলে শিক্ষকরা বলতেন, ওটা একেবারে ডানপিটে ছেলে।
রাকিবের মা বলতেন, ওর মাথাটা বোধহয় উল্টো করে বসানো হয়েছে।
আর পাড়ার চাচিরা বলতেন, এই ছেলেটা একদিন বড় বিপদে পড়বে।
রাকিব নিজেও জানতো, সে একটু বেশি ডানপিটে। বাঁ হাতে লেখে, ডান চোখ দিয়ে নিশানা করে, ডান কানে হেডফোন লাগায়, আর কথায় কথায় ডানদিকের যুক্তি দিয়ে সবাইকে কুপোকাত করে দেয়। কিন্তু তার সবচেয়ে বড় ডানপিটেমি ছিলো সে সবকিছুকে উল্টোভাবে ভাবতো। যেখানে সবাই নিয়ম মানে, সে নিয়ম নিয়ে প্রশ্ন তোলে। যেখানে সবাই চুপ থাকে, সে কথা বলে। যেখানে সবাই হাল ছেড়ে দেয়, সে বলে আরও একটা চেষ্টা করি।
রাকিব নবম শ্রেনীর ছাত্র। একদিন স্কুলে বিজ্ঞান ক্লাসে শিক্ষক বললেন, আজ আমরা বিদ্যুৎ নিয়ে পড়বো। বিদ্যুৎ না থাকলে আধুনিক জীবন অচল।
সবাই খাতা খুলে নোট লিখতে শুরু করলো। রাকিব হাত তুলে বললো, স্যার! বিদ্যুৎ না থাকলে মানুষ কী সত্যিই অচল হয়ে যাবে?
শিক্ষক একটু বিরক্ত হয়ে বললেন, কেনো, বিদ্যুৎ ছাড়া মোবাইল, ফ্যান, টিভি সব বন্ধ হয়ে যাবে না?
রাকিব হেসে বললো, কিন্তু মানুষ তো বিদ্যুৎ ছাড়াই হাজার বছর বেঁচেছে। তাহলে আধুনিক জীবনটাই কী আসলে মানুষকে অলস বানিয়ে দিচ্ছে না?
ক্লাসের সবাই হেসে উঠলো। কেউ কেউ বললো, ডানপিটে ছেলে আবার শুরু করেছে!
কিন্তু শিক্ষক একটু থেমে গেলেন।
এইভাবেই রাকিবের দিন কাটতো। প্রশ্ন, ভাবনা, উল্টো দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে সে ছিলো আলাদা।
রাকিবের সবচেয়ে প্রিয় জায়গা ছিলো পুরোনো লাইব্রেরির পেছনের আমগাছটা। স্কুল শেষে সে সেখানে বসে গল্পের বই পড়তো, আকাশ দেখতো, আর নিজের মতো করে পৃথিবীকে নতুন করে কল্পনা করতো।
একদিন সেখানে সে নতুন একজনকে দেখলো, নাম তাসনিম। সে নতুন ভর্তি হয়েছে স্কুলে। চুপচাপ বই পড়ছিলো।
রাকিব ওর কাছে গিয়ে বললো, তুমি কী গল্প পড়ো, না ইতিহাস?
তাসনিম একটু অবাক হয়ে বললো, গল্প! ইতিহাসে বেশি মারামারি।
রাকিব হেসে বললো, গল্পেও মারামারি আছে, শুধু একটু সুন্দরভাবে।
তাসনিম হেসে ফেললো। তারপর থেকে দুজনের বন্ধুত্ব শুরু। রাকিব তাসনিমকে তার অদ্ভুত ভাবনার কথা বলতো। যেমন-
‘তুমি জানো, যদি পৃথিবী উল্টো ঘুরতো, আমরা কী তাহলে আকাশে ঝুলে থাকতাম?’
তাসনিম বলতো, তুমি সবকিছু উল্টো করে ভাবো কেনো?
রাকিব বলতো, কারণ সবাই সোজা ভাবে। উল্টো না ভাবলে নতুন কিছু বের হয় না।
একদিন স্কুলে বড় একটা ঘোষণা হলো। বিজ্ঞান মেলায় অংশ নিতে হবে। যে নতুন কিছু বানাতে পারবে, সে জেলায় যাবে।
সবাই শুরু করলো রোবট, সৌরচুলা, ছোটখাটো প্রজেক্ট বানানো। রাকিব ভাবলো, আমি যদি সবার মতো একই জিনিস বানাই, তাহলে তো আর আলাদা হবে না।
সে তাসনিমকে বললো, আমি এমন কিছু বানাতে চাই যা কেউ ভাবেনি।
তাসনিম বললো, কিন্তু ঝুঁকি আছে। সবাই হাসবে।
রাকিব বললো, ডানপিটে হলে হাসা খাওয়াই স্বাভাবিক।
রাকিব ভাবলো আমাদের পাড়ায় সবচেয়ে বড় সমস্যা কী? বিদ্যুৎ চলে গেলে সবাই অন্ধকারে পড়ে যায়। মোবাইল চার্জ নেই, ফ্যান চলে না, বাচ্চারা পড়তে পারে না। সে সিদ্ধান্ত নিলো, সে বানাবে ‘মানুষচালিত বিদ্যুৎ যন্ত্র’ যাতে মানুষ হাঁটলে বা খেললে বিদ্যুৎ তৈরি হবে।
বন্ধুরা বললো, এটা কী সাইকেলের ডায়নামোর মতো?
রাকিব বললো, না এটা হবে খেলার মাঠের মতো বাচ্চারা দৌড়াবে, লাফাবে আর বিদ্যুৎ তৈরি হবে।
সবাই হেসে বললো, ডানপিটে আইডিয়া!
রাকিব স্কুলের পুরোনো সাইকেলের পার্টস, ডায়নামো, তার, বাল্ব সব জোগাড় করলো। তাসনিম তাকে সাহায্য করলো। দুজন মিলে মাঠের এক কোণে ছোট একটা কাঠের প্ল্যাটফর্ম বানালো। বাচ্চারা প্ল্যাটফর্মে উঠলে সেটি একটু দুলবে, আর নিচের ডায়নামো ঘুরে বাল্ব জ্বলবে— এই ছিলো ধারণা।
অনেকে এসে বলতো, এতে কত বিদ্যুৎ হবে?
রাকিব বলতো, খুব বেশি না, কিন্তু আলো জ্বালানোর মতো।
কেউ বলতো, এটা দিয়ে ফ্যান চলবে?
রাকিব বলতো, একদিন চলবে।
সবচেয়ে বেশি বিরক্ত করতো স্কুলের এক সিনিয়র, নাম ছিলো সোহান। সে বলতো, এইসব পাগলামি করে কী হবে? জেলায় যেতে চাইলে রোবট বানাও।
রাকিব শুধু বলতো,সবাই রোবট বানালে পৃথিবীটা রোবটেই ভরে যাবে।
মেলা এলো। স্কুল মাঠে সবাই তাদের প্রজেক্ট সাজালো। রাকিবের প্ল্যাটফর্ম দেখে অনেকে হাসলো। কেউ কেউ বললো, খেলার মাঠ দিয়ে বিজ্ঞান?
কিন্তু তাসনিম সাহস দিয়ে বললো, তুমি দেখাও, কীভাবে কাজ করে।
রাকিব কয়েকজন ছোট বাচ্চাকে ডেকে বললো, তোমরা লাফাও।
বাচ্চারা লাফাতে শুরু করলো। হঠাৎ পাশে লাগানো বাল্ব জ্বলে উঠলো। সবাই চমকে গেলো।
একজন শিক্ষক বললেন, এটা কীভাবে সম্ভব?
রাকিব বুঝিয়ে বললো, মানুষ যখন নড়াচড়া করে, সেই শক্তি নষ্ট হয়। আমি সেই শক্তিকে বিদ্যুতে বদলেছি।
বিচারকরা এসে দেখলেন। তারা বললেন,এই ধারণা খুব বাস্তবসম্মত। গ্রামে খেলাধুলার মাঠ থাকলে বিদ্যুৎও পাওয়া যাবে।
শেষ পর্যন্ত ফলাফল এলো। রাকিব প্রথম হয়নি, কিন্তু বিশেষ পুরস্কার পেলো ‘সেরা উদ্ভাবনী ধারণা।’ সে জেলায় যাওয়ার সুযোগও পেলো।
স্কুলের সবাই তখন আর তাকে শুধু ‘ডানপিটে’ বলে হাসে না। কেউ কেউ বললো, ডানপিটে মানে আসলে আলাদা ভাবে চিন্তা করা।
তাসনিম বললো, তুমি তো সত্যিই উল্টো পথে হেঁটে সামনে গেলে।
রাকিব হেসে বললো, ডানপিটে হলে সামনে যাওয়ার পথটা একটু ঘুরে যায়, কিন্তু যায়।
জেলায় গিয়ে রাকিব আরও অনেক বড় বড় প্রজেক্ট দেখলো। কেউ বানিয়েছে ড্রোন, কেউ বানিয়েছে স্বয়ংক্রিয় গাড়ি। প্রথমে তার মনে হলো, সে খুব ছোট কিছু করেছে।
কিন্তু একজন বিজ্ঞানী বিচারক এসে তার কাছে বললেন, তোমার ধারণাটা খুব মানবিক। সবাই বড় প্রযুক্তির কথা ভাবে, তুমি মানুষের শক্তিকে ব্যবহার করার কথা ভেবেছো। এটা বড় আবিষ্কারের প্রথম ধাপ।
রাকিবের বুকটা আনন্দে ভরে গেলো। বাড়ি ফিরে সে আমগাছটার নিচে বসে তাসনিমকে বললো, ডানপিটে হওয়া খারাপ না, তাই না?
তাসনিম বললো, ডানপিটে হওয়া মানে সাহসী হওয়া। সবাই যেখানে বাঁ দিকে যায়, তুমি ডান দিকে যাওয়ার সাহস করো।
রাকিব আকাশের দিকে তাকালো। সূর্য ডান দিক থেকে অস্ত যাচ্ছিলো। সে ভাবলো, পৃথিবী যদি সবসময় সোজা পথে চলতো, তাহলে কী সূর্যাস্ত এতো সুন্দর হতো?
সেদিন থেকে রাকিব বুঝলো- ডানপিটে মানে শুধু উল্টো করা নয়। ডানপিটে মানে সাহস করে নতুন পথে হাঁটা, প্রশ্ন করা এবং নিজের মতো করে পৃথিবীকে একটু বদলানো।
পাড়ার চাচিরা এখন বলেন, এই ডানপিটে ছেলেটাই একদিন বড় বিজ্ঞানী হবে।
রাকিব শুধু হাসে। কারণ সে জানে, সে বড় বিজ্ঞানী হোক বা না হোক- সে অন্তত নিজের মতো করে ভাবতে শিখেছে।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

ছবি

দেয়াল জুড়ে আঁটা আছে অনেক রকম ছবি
বিজ্ঞানী কেউ, চিত্রকর, কেউবা আছেন কবি।

কিছু ছবি বিখ্যাত খুব, মন ছুঁয়ে যায় সুরে
হঠাৎ চোখ আটকে যায় যেই ছবিটা দূরে।

সেই ছবিতে মিষ্টি করে তাকিয়ে আছেন যিনি
আমার মা পরাণ পাখি জন্ম থেকেই চিনি।

আরো ক’টা ছবি আছে পেন্সিলেরই আঁকা
দু-একটাতো আছে বেশ চক্ষু ট্যারা বাঁকা।

মনের মতো ছবি কই সবুজ শ্যামল ছায়া
থাকবে নদী উঁচু পাহাড় হৃদয় জুড়ে মায়া।

একটা ছবি খুঁজি শুধু : আমার মাতৃভূমি
ওই ভূমিতে ঘুমাই যেন আমি এবং তুমি।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

ফুলকুঁড়ি

ফুলকুঁড়ি ফুলকুঁড়ি
বিরাট এক ফুলঝুড়ি
হাজার ঝিঙে জুঁই গাঁদা আর
আছে গোলাপ লালকুঁড়ি।

নষ্ট সমাজ ভ্রষ্ট মানুষ
তাই বলে কি দৌড় দেবো?
জ্বালবো আলোক দিগ্বিদিকে
আঁধারটা যে বদলাবো
লক্ষ শিশুর জীবনে
আমরাই স্বপ্ন গড়ি
আনন্দের এই আসরে
সুবাস আছে বুক জুড়ি।

শুদ্ধ জ্ঞানে ঋদ্ধ প্রাণে
আমরাই হবো নীলাকাশ
নিঃস্ব জনে ভগ্ন মনে
আনবোই বয়ে সুবাতাস
বিশ্বজয়ের নেশাতে
ছুটবো হাতে হাত ধরি
গড়বো এদেশ মানুষের
উড়বো হয়ে মনঘুড়ি।

অট্টালিকা কিংবা কুঁড়েয়
দুঃখে মানুষ কাঁদবে না
মানব হবে দৈত্য দানব,
না, হতে তা দেবো না
ফুলপাখিদের আসরে
বন্ধুরে আয় ভিত গড়ি
ঊষার প্রভাত আনবো চল
ডাহুক হবো নয় দেরি।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

শরত পাখি

শরত পাখি মেঘের বুকে মেললো ডানা
বাংলাদেশের হৃদয় জুড়ে তার ঠিকানা।
আশ্বিনে সে উড়ায় পাখা তা কি জানো
তার পরনে সাদা পোশাক নীল মাখানো।

কাশফুলে সে সফেদ হাওয়ায় দুলতে থাকে
শিউলি তলায় সবুজ ঘাসে দেখবে তাকে।
মিষ্টি রোদের কোমল বুকে গন্ধ ঢালে
হলুদ হলুদ রঙ মাখানো রোদের গালে।

দেখলে তোমার আটকে যাবে চোখের তারা
বলবে তোমার পাপড়ি জুড়ে কার ইশারা!
কার সে রঙে রাঙা তুমি শিউলি বলো
কার হুকুমে শিশির ঝরে টলোমলো।

শীতল হাওয়ায় উড়ছে যেনো স্বপ্ন- চাবি
দেখো দেখো শিশির ফোঁটা কী মায়াবী!
কেমন করে ভিজতে থাকে ঘাসের শরীর
শরত কি না বোন হয়েছে সাদা পরির।

চালতা পাতার শরীর জুড়ে শিশির মাখা
সেই শিশিরে যেনো সবুজ হৃদয় রাখা।
তোমরা যদি পড়তে পারো হৃদয়-খানি
শরত এসে করবে তখন কানাকানি।

বলবে শরত তুমি আমার সঙ্গে থাকো
বুকের কাছে নীলাম্বরী আকাশ ডাকো।
আকাশ এসে নামবে তখন পাঁজর ঘেঁষে
শরত পাখি পাখ ছড়াবে বাংলাদেশে।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬

ছোট গোয়েন্দাদের অভিযান

আসিফ, সিয়াম ও মিঠুন তারা তিন বন্ধু। তিনজনই গোয়েন্দা গল্প পড়তে পছন্দ করে। যদিও এসবের জন্য অনেকবার পরিবার থেকে বকা খেয়েছে তারা। তবু গোয়েন্দা কাহিনি পড়ার ভূত তাদের মাথা থেকে যায় না, তিন বন্ধু সুযোগ পেলেই গোয়েন্দাগিরি করে। এমনকি কারও কলম হারালেও তারা গোয়েন্দাদের মতো তদন্ত করে। তো আজ ওদের স্কুলে গ্রীষ্মকালীন অবকাশের জন্য ছুটি দিয়েছে। তাই ওরা খেলাধুলা করে একটু দেরিতে বাড়ি যাওয়ার প্ল্যান করেছে।
যেই ভাবা সেই কাজ। ওরা দেরি করলো, তবে একটু বেশিই দেরি হয়ে গেল। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ছুটি হয়েছে সেই বিকেল ৪.০০ টায়, সেহেতু অনেক দেরি হয়ে গেছে। তাই ওরা ভাবলো আজ স্কুলের পেছনের শর্টকার্ট রাস্তা দিয়ে বাড়ি যাবে। তো সেই পথ ধরে যেতে হলে একটা ভয়ানক জমিদার বাড়ি পার হতে হয়। এটি বেশ পুরানো বাড়ি, চারপাশে স্যাঁতস্যাঁতে পরিবেশ। লোকমুখে এ বাড়ি নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প শুনেছে তারা, তাই এ বাড়ি পার করার সময় তাদের ভয় লাগছিল। আর তখনই ঘটল এক চমকপ্রদ ঘটনা। সেই বাড়ি থেকে কয়েকজনের কথা বলার আওয়াজ ভেসে আসছিল। এতে ৩ জনের মনে একসাথে ধক্ করে উঠলো।
আসিফ : তোদের আমি আগেই বললাম এ রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না। কে শোনে কার কথা। তোরা তো আমার কথার কোনো দামই দিলি না। এখন আমাদের কী হবে?
মিঠুন : আমরা তো ভুল করে ফেললাম। এখন তো ভূতেরা আমাদের কাবাব বানিয়ে খাবে রে হায়! হায়! হায়! আজকে আমার মা বিরিয়ানি রান্না করেছে কে খাবে এগুলো? কাঁদো কাঁদো গলায় কথাগুলো বললো।
সিয়াম : চুপ করবি তোরা। এমনিতেই খেয়ে হাতি হয়েছিস, আবার এখানেও তোর খাবারের চিন্তা। শোন তোরা আমার মনে হচ্ছে যে ভেতরে কিছু মানুষ আছে। তারাই কথা বলছে। গোয়েন্দা হিসেবে এখন আমাদের দায়িত্ব বিষয়টা পর্যবেক্ষণ করা।
আসিফ : তো এখন কী করবি?
সিয়াম : চল কাছে গিয়ে কেসটা দেখি।
মিঠুন : না আমি যাব না ওরা নিশ্চয়ই ভূত।
সিয়াম : ধ্যাত্, তোর যাওয়া লাগবে না তুই এখানে থেকেই ভূতের ভয়ে মর। এই আসিফ চল। লিডারের মতো কথাগুলো বললো সিয়াম।
মিঠুন : এই দাঁড়া আমি আসছি।
সাহস করে ওদের সাথে গেল মিঠুন। তারা বিনা শব্দে বাড়ির উত্তর পাশের ভাঙা জানালার পাশে হানা দিলো।
সিয়াম : একদম চুপ, শুনি এরা কী নিয়ে কথা বলছে। এতক্ষণে মনে হয় কেসটা জটিল হচ্ছে।
তিন জন নিঃশব্দে শুনতে লাগলো। তারপর তারা যা শুনলো তাতে তাদের আত্মা কেঁপে উঠলো।
‘শোন ফরিদ আজ এই এক ঘণ্টার মধ্যে যদি তুই এই বিলটা আমাদের নামে না করিস তাহলে এই মেশিনগান দিয়ে তোকে সাইজ করে দিবো বুঝেছিস। বাঁচতে চাইলে বিলটা আমাদের নামে করে দে। আর তা না হলে খেল খতম। ভেবে দেখ।’ এ কথাগুলো বললো এক গুণ্ডা টাইপের মোটা লোক।
‘না এ বিল আমি কিছুতেই তোদের দিবো না, তোরা দেশের ক্ষতি করবি।’ চেয়ারে বসে থাকা এক ভদ্রলোক কথাগুলো বললো।
এগুলো শুনে তিন গোয়েন্দারই ভয়ে অবস্থা খারাপ।
‘যা করতে হবে এক ঘণ্টার মধ্যেই করতে হবে। তা না হলে প্রাণ যাবে এক নির্দোষ মানুষের। গোয়েন্দারা চলো।’ প্রবল উত্তেজনায় বললো সিয়াম।
আসিফ : কোথায়?
সিয়াম : থানায়।
মিঠুন : এই না, থানায় পুলিশ থাকে আমার ভয় লাগে।
সিয়াম : ধুর ছাতা। তুই তাহলে এখানেই থাক, বিরক্তিকর। এই চল আসিফ।
মিঠুন : আরে আরে দাঁড়া যাচ্ছি চল।
তিন গোয়েন্দা হাঁটা দিলো প্রধান সড়কের দিকে। কিন্তু সমস্যা হলো ওরা কেউই থানা চেনে না। তাই ভাবলো কাউকে জিজ্ঞাসা করবে। একজনকে জিজ্ঞাসা করতেই তিনি উল্টো জিজ্ঞেস করলেন, ‘তোমরা তা জেনে কী করবে?’
এ কথা শুনে রেগে গেল তিন জনেই। এত গুরুত্বপূর্ণ একটা মিশনে আছি, আর সে কি না অহেতুক প্রশ্ন করে আমাদের সময় নষ্ট করছে। মিশন সফল হলে আগামীকাল পত্রিকায় আমাদের নাম ছাপাবে, সময় নষ্ট না করে কোনোভাবে তারা থানায় পৌঁছালো। তারপর সিয়াম হাঁপাতে হাঁপাতে বললো, ‘স্যার এক ঘণ্টার মধ্যেই কিছু করুন, তা না হলে একজন নির্দোষ মানুষ মারা পড়বে।’
ইন্সপেক্টর ওর কথার কিছুই বুঝলো না। তাই আসিফ সব খুলে বললো পুলিশকে। সব শুনে ইন্সপেক্টর এক লাফে দাঁড়িয়ে গেল। তাড়াতাড়ি ভ্যান বের করে ঘটনাস্থলে পৌঁছালো এক ভ্যান পুলিশসহ, তাদের ভ্যানে করে গোয়েন্দারাও ঘটনাস্থলে পৌঁছায়। গিয়েই দরজা খুলে ভেতরে ঢুকলো পুলিশ।
এরপর সবাইকে অবাক করে দিয়ে ইন্সপেক্টর সেই গুণ্ডা টাইপের লোকটাকে বললো, ‘আরে মজিদ সাহেব আপনারা এখানে যে? শুটিং করছিলেন বুঝি। আচ্ছা থাক, আপনাদের আর বিরক্ত না করি এই সবাই চলো।’
ঘটনার আগা-গোড়া কিছুই বুঝলো না ৩ গোয়েন্দার কেউই। ইন্সপেক্টর বাহিরে এসে তাদের উদ্দেশ্যে বললেন, ‘কয়টা গোয়েন্দা সিরিজ পড়েছ?’
ওরা একসাথে বললো, ‘মানে?’
ইন্সপেক্টর স্যার কথা না বাড়িয়ে ওদের বাড়ি পৌঁছে দিলেন। পরে জানা যায়, সেই বাড়িতে নাকি থ্রিলার নাটকের শুটিং করছিলেন বিখ্যাত অভিনেতা তমাল সাহেব ও তার দল। আর ওরা ৩ জন যেটা দেখেছিল সেটাও ছিল তাদের অভিনয়েরই একটি অংশ। এটা দেখে তিলকে তাল বুঝে ফেলে ওরা, আর তারপরের ঘটনাতো তোমরা জানোই।
পরদিন ওদের নাম পত্রিকায় ছাপানো হলো। তবে ওদের সাহসিকতার গল্প নয়, বোকামির গল্প। এ ঘটনা থেকে তারা বুঝতে পারে, কোনো বিষয়েই সীমাহীন ঝোঁক বা নেশা কারও জন্য শুভফল বয়ে আনে না। এটি হতে পারে বিপদের কারণ।

প্রকাশকাল: আগস্ট ২০২৬