ফুলকুঁড়ি ফুলকুঁড়ি
বিরাট এক ফুলঝুড়ি
হাজার ঝিঙে জুঁই গাঁদা আর
আছে গোলাপ লালকুঁড়ি।
নষ্ট সমাজ ভ্রষ্ট মানুষ
তাই বলে কি দৌড় দেবো?
জ্বালবো আলোক দিগ্বিদিকে
আঁধারটা যে বদলাবো
লক্ষ শিশুর জীবনে
আমরাই স্বপ্ন গড়ি
আনন্দের এই আসরে
সুবাস আছে বুক জুড়ি।
শুদ্ধ জ্ঞানে ঋদ্ধ প্রাণে
আমরাই হবো নীলাকাশ
নিঃস্ব জনে ভগ্ন মনে
আনবোই বয়ে সুবাতাস
বিশ্বজয়ের নেশাতে
ছুটবো হাতে হাত ধরি
গড়বো এদেশ মানুষের
উড়বো হয়ে মনঘুড়ি।
অট্টালিকা কিংবা কুঁড়েয়
দুঃখে মানুষ কাঁদবে না
মানব হবে দৈত্য দানব,
না, হতে তা দেবো না
ফুলপাখিদের আসরে
বন্ধুরে আয় ভিত গড়ি
ঊষার প্রভাত আনবো চল
ডাহুক হবো নয় দেরি।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬


