Home Blog Page 59

অন্য শ্রাবণ

শ্রাবণ তো আরও দেখেছি
কই, রক্তের বন্যা তো বয়নি,
দেখিনি তো আগে প্লাবিত রক্তের স্রোতধারা
দেখিনি তো এমন বিপ্লবী জনস্রোত

আগে দেখিনি!
এ শ্রাবণ অন্য-
এর আগে এমন শ্রাবণ দেখিনি তো
যেখানে মেঘের নয়, বন্দুকের গর্জন হয়,
যেখানে বৃষ্টি নয়, গুলির বর্ষণ হয়,
যেখানে বজ্রপাত নয়, বিপ্লবী জনতার বজ্রকণ্ঠ আলোড়িত হয়…

সত্যিই আগে দেখিনি!
এ শ্রাবণ ভিন্ন

এ শ্রাবণ বিপ্লবের, এ শ্রাবণ বিদ্রোহের
এ শ্রাবণ লড়াইয়ের, এ শ্রাবণ বিজয়ের
রক্ত প্লাবিত শাণিত শ্রাবণে
ক্ষুরধার বজ্রাঘাতে
মুছে যাক গ্লানি যত আছে
এদেশের পথ-ঘাটে,

শহিদেরা আজ অমর হলো
মানুষের অন্তরে,
অত্যাচারীর পতন হবেই
এদেশের প্রান্তরে
স্বাধীন এদেশে মলিন পতাকা
আবার উঁচাক শির
এদেশ চির স্বাধীন রবেই
যতদিন রবে বীর…।

প্রকাশকাল: জুলাই ২০২৫

বিজয়

স্বৈরাচারের ১৫ বছর, জনগণের ১ মাস,
১ মাসে তার বেহাল দশা, উঠছে নাভিশ্বাস।
‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’,
শহিদের শক্তিতে আমরা যে নির্ভয়।
শহিদের তালিকায় নয় শুধু ছাত্র,
কুলি-মুটে, ডাক্তার, আরো শত-শত।
কত যে শহিদ আছে অজানার জগতে,
বেওয়ারিশ লাশগুলো গেল গণকবরে।
প্রাইভেট, পাবলিক, সাধারণ জনতা,
রাষ্ট্রের মেরামতে নেইকো অলসতা।
ইন্টারনেট ব্ল্যাকআউট, কমপ্লিট শাটডাউন,
কারফিউ, ব্ল­ক রেইড-দিশেহারা ফেরআউন।
শত শত মামলা, হাজারো গ্রেফতার,
বুকে গুলি করে আর-হবে নাকো কারবার।
চোখে-মুখে লাল ফিতে, বিক্ষোভ-গ্রাফিতি,
৯ দফা বনে গেল ১ দফা আরকি!
গণভবন ঘেরাও হলো, নির্মূল ফ্যাসিবাদ,
স্বাধীনতার সুঘ্রাণে মুখরিত জনপদ।

প্রকাশকাল: জুলাই ২০২৫

খুলনা পাবলিক কলেজ

0

সাদমান একটি পাবলিক কলেজে ৪র্থ শ্রেণিতে পড়ে। কি, অবাক হচ্ছো তাই না? কলেজে আবার ৪র্থ শ্রেণিতে কীভাবে পড়ে? সাদমানের সমবয়সী ঢাকায় বসবাস করা তার কাজিন উমারও প্রথমবার শুনে অবাকই হয়েছিল। অবাক হওয়ারই কথা। সে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের নাম শুনেছে, সেখানে না হয় ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ বিভিন্ন শ্রেণিতে অধ্যয়ন সম্ভব। কিন্তু একটি কলেজে কীভাবে ৪র্থ শ্রেণিতে পড়া সম্ভব সেটা সে প্রথমে বুঝে উঠতে পারেনি।

বলছিলাম ‘খুলনা পাবলিক কলেজ’ এর কথা। বিভাগীয় শহর খুলনার প্রাণকেন্দ্র বয়রা এলাকায় কলেজটি অবস্থিত।
খুলনা পাবলিক কলেজ, খুলনা শহরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এটি ১৯৮৭ সালের ২০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এই কলেজটি একটি স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান।
নামে খুলনা পাবলিক কলেজ হলেও এটি মূলত একটি স্কুল অ্যান্ড কলেজ।
প্রায় সাড়ে পাঁচ একর জমির উপর গড়ে ওঠা এ কলেজে তৃতীয় শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এখানে শুধু বালকেরা পড়ার সুযোগ পায়। অর্থাৎ, এটি একটি বয়েজ স্কুল অ্যান্ড কলেজ। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ২৬০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং তাদের সঠিক শিক্ষাদানের জন্য ৮৮ জন দক্ষ শিক্ষক নিয়োজিত আছেন।

কলেজটিতে বর্তমানে একটিমাত্র শিফটে পাঠদান হয়। তবে, ইতোপূর্বে প্রাতঃ এবং দিবা- দুই শিফটে শ্রেণি কার্যক্রম পরিচালিত হতো। শিক্ষার্থীদের জন্য রয়েছে ৭০টি শ্রেণিকক্ষ, ৮টি আধুনিক গবেষণাগার এবং একটি হোস্টেল, যার নাম কাজী আজহার আলি হাউস।
কলেজের একটি গ্রন্থাগার আছে- যেখানে ৭৩৫২টি মূল্যবান বই রয়েছে, যা ছাত্রদের জ্ঞানচর্চায় সহায়ক ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটিতে মোট ৯টি ভবন এবং একটি চমৎকার অডিটোরিয়াম রয়েছে।
স্কুল এবং কলেজ উভয় সেকশন একইসাথে পরিচালিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ হয়ে থাকেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল। বর্তমান অধ্যক্ষের নাম লে. কর্নেল মুনীর আব্বাস, পিএসসি, পদাতিক।

শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য কলেজের ছাত্রদের চারটি হাউসে বিভক্ত করা হয়েছে- রূপসা, ইছামতি, কপোতাক্ষ এবং ভৈরব। প্রতি বছর কলেজ থেকে একটি সুন্দর বার্ষিক ম্যাগাজিন ‘প্রত্যাশা’ প্রকাশিত হয়, যেখানে ছাত্রদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধসহ নানা সৃজনশীল কাজসমূহ স্থান পায়।
কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে স্কুল এবং কলেজ সেকশনে আলাদা আলাদা ছাত্র প্রতিনিধি নিযুক্ত আছে যা শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়া এবং নেতৃত্ব বিকাশের সুযোগ করে দেয়।

প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ক্লাবের মধ্যে কলেজ ডিবেটিং ক্লাব বেশ সুখ্যাতি ছড়িয়েছে। বিভিন্ন স্থানীয়, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে এখানকার শিক্ষার্থীরা চমৎকার নৈপুণ্যতা দেখিয়েছে। এছাড়াও, প্রতিবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল অর্জন করে থাকে এবং উচ্চ মাধ্যমিকের পর শিক্ষার্থীদের বড় একটা সংখ্যা মেধার ভিত্তিতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজেদের স্থান দখল করে।

‘আমরা পাবলিক কলেজের শত শত প্রাণ’ শিরোনামে কলেজটির নিজস্ব একটি কলেজ সংগীতও আছে যা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও কলেজপ্রেম জাগিয়ে তোলে।

বিদ্যালয়ের সাধারণ তথ্য

নাম : খুলনা পাবলিক কলেজ
ঠিকানা : বয়রা, খুলনা
পোস্টকোড : ৯০০০
প্রতিষ্ঠা : ২০ জানুয়ারি ১৯৮৭
মর্যাদা : শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান।
অধ্যক্ষ : লে. কর্নেল মুনীর আব্বাস, পিএসসি, পদাতিক।
শিক্ষক : ৮৮
জমির পরিমাণ : প্রায় সাড়ে পাঁচ একর
ছাত্রসংখ্যা : ২৬০০
শিক্ষার স্তর : ৩য় থেকে ১২শ (শুধু বালক)
শিফট : ১
গ্রন্থাগারে বইয়ের সংখ্যা : ৭৩৫২টি
ভবন : ৯টি
অডিটোরিয়াম : ১টি
শ্রেণিকক্ষ : ৭০টি
গবেষণাগার : ৮টি
হোস্টেল : ১টি (কাজী আজহার আলি হাউস)
হাউস : ৪টি (রূপসা, ইছামতি, কপোতাক্ষ, ভৈরব)
বার্ষিক ম্যাগাজিন : প্রত্যাশা
EIIN : 117111
Contact : 024777-01339
ওয়েবসাইট : www.kpcbd.edu.bd

মাসিক ফুলকুঁড়ি অত্র কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবির সাথে কথা বলে। কথোপকথন এর অংশবিশেষ তুলে ধরা হলো:

মাসিক ফুলকুঁড়ি : এ প্রতিষ্ঠানে পড়াশোনা করে তোমার অনুভূতি কেমন?
জাবির : এ কলেজে ভর্তির জন্য আমি বেশ উদগ্রীব ছিলাম। বলা যায়, এখানে ভর্তি হতে পেরে আমার জীবনের একটি স্বপ্ন পূরণ হয়েছে।
মাসিক ফুলকুঁড়ি : তোমার কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকগণ কেমন?
জাবির : আমাদের কলেজের শিক্ষার্থীরা বেশ বন্ধুসুলভ। শ্রদ্ধেয় শিক্ষকরাও বেশ আন্তরিক। আমাদের গড়ে তুলতে এবং প্রতিভার বিকাশ ঘটাতে তাঁরা সদা তৎপর।
মাসিক ফুলকুঁড়ি : কলেজের কোন বিষয়টি তোমার বেশি ভালো লাগে?
জাবির : আমাদের কলেজের কো-কারিকুলার দিকটি বেশ সমৃদ্ধ। একজন শিক্ষার্থী তার প্রতিভার বিকাশের যথেষ্ট সুযোগ পায়। যেমন আমার বিতর্ক ভালো লাগে। আমার প্রতিভা বিকাশের সুযোগ করে দিচ্ছে কলেজ ডিবেটিং ক্লাব।
মাসিক ফুলকুঁড়ি : কলেজের মান আরও উন্নতির লক্ষ্যে তোমার কোনো মতামত বা পরামর্শ আছে?
জাবির : বিভিন্ন সময় বিভিন্ন পাবলিক পরীক্ষার কারণে প্রায়ই আমাদের দীর্ঘদিনের জন্য ছুটি দিয়ে দেয়া হয়। এ সময়টুকুতে আমাদের পড়াশোনার গ্যাপ ˆতরি হয়।
মাসিক ফুলকুঁড়ি : তোমার কলেজ নিয়ে তোমার মন্তব্য কী?
জাবির : আমার কলেজকে আমি খুব ভালোবাসি। আমাদের সাফল্যের মাধ্যমে আমাদের কলেজের নাম ছড়িয়ে পড়ুক দেশ হতে দেশান্তরে, এই প্রত্যাশাই করি।

প্রকাশকাল: জুলাই ২০২৫

বৃষ্টি মানেই

বৃষ্টি মানেই শাপলা-শালুক, বকপাখির এক ঠ্যাং,
বৃষ্টি মানেই খাল-বিলেতে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ।
বৃষ্টি মানেই সকাল দুপুর বিশাল মেঘের ভেলা,
বৃষ্টি মানেই জানালার ধারে সাপলুডু-দাবা খেলা।

বৃষ্টি মানেই ঐ উঠোনে আম পড়া ধুপ ধুপ,
বৃষ্টি মানেই এক নিমেষেই ভরিয়ে দেওয়া কূপ।
বৃষ্টি মানেই রাতের ঘরে হারিকেন-মোমবাতি,
বৃষ্টি মানেই ঘরে ফেরা পাখি, দিনের বেলায় রাতি।

বৃষ্টি মানেই ছুটি কাটানোর গোড়াতেই সুড়সুড়ি,
বৃষ্টি মানেই সন্ধ্যা বেলায় কুড়মুড়ে ঝালমুড়ি।
বৃষ্টি মানেই গরমের রাতে কাঁথা মুড়ি দেওয়া শীত,
বৃষ্টি মানেই বাউলের মুখে মাটি মানুষের গীত।

বৃষ্টি মানেই অনেক প্রিয় আনন্দে ভরা দিন,
বৃষ্টি মানেই নাচের ছন্দ ঘরের চালায় টিন।
বৃষ্টি মানেই ছোট্ট মনে জাগে নতুন আশা,
বৃষ্টি মানেই আমার আপন, আমার ভালোবাসা।

প্রকাশকাল: জুলাই ২০২৫

পানি এবং শরবত

উষ্ণতার পারদ ক্রমশ বেড়ে চলেছে। সেই সাথে বাড়ছে তীব্র অস্বস্তি। দিনের বেলায় বাইরে পা রাখলেই যেন ঝলসে যায় চোখমুখ। এই গরমে যেমন অস্বস্তি, তেমনই প্রতিনিয়ত গুরুতর অসুস্থ হয়ে পড়ছে মহিলা, শিশু ও বৃদ্ধসহ অনেকেই। এতে করে ডায়রিয়া, বমি, হজমের গোলমাল তো লেগেই আছে। তীব্র তাপপ্রবাহের কারণে ঝুঁকিও বাড়ছে আরো বেশ কিছু অসুখের। এমতাবস্থায় শরীরকে সুস্থ রাখতে আমরা পানি আর শরবত খেয়ে নিজেকে তৃপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকাল। এ শরবত নিয়েই অঙ্কের খেলা আজ। ধরা যাক, অর্ধেক পানিতে পূর্ণ একটা গ্লাস এবং ঠিক একই রকম আরেকটা গ্লাস অর্ধেক শরবতে পূর্ণ। দ্বিতীয় গ্লাস থেকে এক চামচ শরবত প্রথম গ্লাসে ঢেলে ভালোভাবে নেড়ে দেই। এরপর প্রথম গ্লাস থেকে এক চামচ তরল দ্বিতীয় গ্লাসে যোগ করা যাক। এখন তোমার বের করতে হবে দ্বিতীয় গ্লাস থেকে শরবতের মোট পরিমাণ কি প্রথম গ্লাস থেকে সরানো পানির পরিমাণের চেয়ে বেশি না কম?

এবার তুমি অনুমান করতে পারো যে অর্ধেক গ্লাস তরল n-গুণ এক চামচ যা একক পরিমাপ হিসেবে নেয়া হয়, এখন n-এর পরিপ্রেক্ষিতে ওই গ্লাস থেকে হারিয়ে যাওয়া পানি এবং শরবতের পরিমাপ নির্ধারণ করো এবং ফলাফলের তুলনা করো। কিন্তু, এছাড়া আরো অনেক সহজ যুক্তি আছে চলো সেগুলোয় একটু নজর দেই।
বন্ধুরা, উত্তরের সঠিক দুটি রাশি বা তরল পরস্পরের সমান। কারণ, উভয় গ্লাসে তরল স্থানান্তরের আগে ঠিক অর্ধেক পূর্ণ ছিল এবং স্থানান্তরের পরে পুনরায় গ্লাস দুটি অর্ধেক পূর্ণ-ই থেকে যায়। তাহলে উভয় গ্লাস থেকে যতটুকু তরল হারিয়েছে এর বিপরীতে তা অবশ্যই অন্য গ্লাসে চলে গেছে। সুতরাং, দুটি স্থানান্তরের পরে পানির গ্লাসে শরবত দ্বারা দখলকৃত আয়তন অবশ্যই শরবতের গ্লাসে পানি দ্বারা দখলকৃত আয়তনের সমান হবে। এতে ডুবে থাকা চামচটি কত বড় বা ছোট তার হিসাব এক্কেবারেই অমূলক। অতএব এ দুটি স্থানান্তরের ঘটনার পরে, তুমি আগের মতো আরো দু’বার স্থানান্তর করে নিতে পারো বা প্রকৃতপক্ষে যেকোনো জোড়া স্থানান্তর করে দেখতে পারো, তাহলে দেখবে চামচের ব্যবহারের কোনো-ই প্রয়োজন হবে না তোমার। তুমি এক গ্লাসকে অন্যটির উপরে কাত করে ধরে রেখে অন্যটিতে যেকোনো পরিমাণ তরল ঢেলে দিতে পারো এবং তারপরে দ্বিতীয় গ্লাস থেকে প্রথমটিতে অনুরূপভাবে যেকোনো পরিমাণ তরল ঢেলে দিতে পারো এবং যতক্ষণ চাও এই মিশ্রণ প্রক্রিয়া চালিয়ে যেতে পারো। তবে, গুরুত্বপূর্ণ শর্ত হলো শেষ পর্যন্ত তোমাকে অবশ্যই প্রতিটি গ্লাস ঠিক অর্ধেক পূর্ণ করে ছেড়ে দিতে হবে। তারপর সমাধানের জন্য যেমনটা বলা হয়েছে, শরবতের গ্লাস থেকে হারিয়ে যাওয়া শরবতের নির্দিষ্ট পরিমাণ পানির গ্লাসে এবং পানির গ্লাসের হারানো পানির পরিমাণ তার বিপরীত গ্লাসেই পাওয়া যাবে।

এ মাত্রাতিরিক্ত গরমে নানা ধরনের অসুস্থতা থেকে সুস্থ থাকা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ। তবে সুস্থ তো থাকতেই হবে তাই না। সেজন্য যথাসম্ভব রোদ এড়িয়ে চলতে হবে সাথে অধিক পরিমাণে শরবত কিংবা বিশুদ্ধ পানি পানের তো কোনোই বিকল্প নেই।

প্রকাশকাল: জুলাই ২০২৫

জুলাইয়ের গান

বুক পেতে গুলি খেতে শিখে গেছি আমি
জীবনের চেয়ে বেশি স্বাধীনতা দামি।

জীবনের চেয়ে বেশি ভালোবাসি মরণ
গুম, খুন, জেল-জুলুম করি আমি বরণ
দেশটারে নির্মাণে রাজপথে নামি।

যতবার স্বাধীনতা হাতছাড়া হয়,
ততবার লড়ে যাবো নেই কোনো ভয়
অধীনতা, ফ্যাসিজম চাই না তো ফের
এই দেশ নয় কোনো খুনি জালিমের।

দ্বিতীয় এ স্বাধীনতা আমাদের গরব
স্বাধীনতা রক্ষায় থাকবো সরব।
জীবনের বিনিময়ে গড়বো আগামী।

প্রকাশকাল: জুলাই ২০২৫