Home Blog Page 51

সবজান্তার উত্তর (জুলাই ২০২৫)

প্রশ্ন : ১
সবজান্তা ভায়া, আশা করি প্রচুর পরিমাণে
কুরবানির গোশত খেয়ে ভালোই আছো। এবার
দেখি, তোমার পেটে ভুঁড়ি ধরার সাথে সাথে
মগজেও ভুঁড়ি ধরে গিয়েছে কি না…
১. বাংলা ভাষায় সবচেয়ে লম্বা শব্দ কোনটি?
২. Floccinaucinihilipilification শব্দটি
একটি বাক্যে তুমি কীভাবে ব্যবহার করবে?
৩. ঠিক কোন প্রশ্নটি করলে তোমাকে আটকানো
যাবে?
৪. মুষলধারে বৃষ্টির সাথে কুকুর-বিড়ালের সম্পর্ক
কী?
৫. যাদের দাওয়াত তুমি গ্রহণ করো, তাদের মধ্যে
কয়জনের বাসায় গিয়েছো তুমি?
-আব্দুল্লাহ আল মাহমুদ
নবম শ্রেণি, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,
ঢাকা।

সবজান্তার উত্তর : ১
হ্যাঁ, অনেক গোশত খেয়েছি। তবে ভুঁড়ি
আমাকে পাবে কোথায়? আমি যে ব্যায়াম করি!
১. অপেক্ষা!
২. সেকি? খুব সহজ! ……………….. is a long word.
৩. ওমা, এটাও আমি বলে দেবো? এটা খুঁজে
বের করাই তো তোমাদের কাজ!
৪. ওরা ঝড়ো বাতাসকে কুকুর আর প্রচণ্ড
বৃষ্টিকে বিড়াল উপমা দিয়ে এটা বানিয়েছে।
তুমি চাইলে ইঁদুর বিড়ালের বৃষ্টিও বলতে
পারো।
৫. অন্যদেরটা জানতে চাইছো? কই! তুমি
নিজেই তো দাওয়াত দিলে না?

প্রশ্ন : ২
সহজ প্রশ্নের সহজ উত্তর
পারলে তুমি দিও,
উত্তর যদি পেরে থাকো
ধন্যবাদটা নিও।
আকাশ এত বড় কেন?
কেন বড় সাগর?
রাগের মাথায় বাচ্চারা কেন
মাটিতে দেয় আঁচড়?
পারলে জবাব, বলো দেখি
আকাশ কেন নীল?
রাতের আকাশ তারার আলোয়
কেন ঝিলিমিল?
সূর্যের রং লাল হলেও
কেন দেখি সাদা?
একটু বৃষ্টি হলেই কেন
মাটিটা হয় কাদা?
-ফাইজুল মাহমুদ
ষষ্ঠ শ্রেণি, কুমিল্লা জিলা স্কুল।

সবজান্তার উত্তর : ২
আকাশ কিবা সাগর যদি
ছোট্ট হতো সাইজে
উড়োজাহাজ কিংবা জাহাজ
চলতো না আর ভাই, যে।
রাগ হলে সে আঁচড় দিতো
তোমার মুখে-ঠোঁটে
তারচে’ আঁকুক মাটিতে ফুল
রাগটা যদি ফোঁটে।
নীলের বিক্ষেপণের দরুণ
আকাশটাতে ছড়ায়
আলোর চাদর থাকে না তাই
রাতটা তারায় ভরায়।
লালের বিকিরণের পাওয়ার
সূর্যকে লাল দেখায়
নরম মাটি, বৃষ্টি এলেই
পেট ভরে পানি-খায়।
এবার তুমি পাঠিয়ে দাও
রসমালাইয়ের বাটি
না হয় রেগে ভাঙবো জেনো
আড়াইটা পাটকাঠি।

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

প্রকাশকাল: জুলাই ২০২৫

 

সবজান্তার উত্তর (আগস্ট ২০২৫)

প্রশ্ন : ১
প্রিয় সবজান্তা ভাইয়া, আমার সালাম নিবেন।
আশা করি ভালো আছেন। আমি প্রথমবার
আপনাকে প্রশ্ন করছি। আশা করি আমার
প্রশ্নগুলোর উত্তর দিবেন।
১. কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাবার খায়
না?
২. সর্বপ্রথম ক্যালকুলেটর কে তৈরি করেছিল?
৩. ক্যাঙ্গারুর মতো মানুষের কেন থলে নেই?
৪. কচ্ছপ কত বছর বাঁচে?
৫. সাদা রঙকে কেন শান্তির প্রতীক ধরা হয়েছে?
৬. আগে ডিম এসেছিল নাকি মুরগী?
-সিয়াম শাহরিয়ার
নবম শ্রেণি, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল
অ্যান্ড কলেজ, দিনাজপুর।

সবজান্তার উত্তর : ১
প্রথমবার প্রশ্ন করেছ? অনেক ধন্যবাদ
তোমাকে। আরো প্রশ্ন পাঠাবে, কেমন?
১. মে ফ্লাই
২. ব্লেইজ প্যাসকেল
৩. মানুষ হাত দিয়েই বাচ্চা কোলে ধরে
রাখতে পারে, তাই।
৪. যতদিন তার আয়ু থাকে!
৫. সাদা রঙের দিকে তাকালে মন শান্ত হয়ে
আসে তাই।
৬. মোরগ আগে এসেছে।

প্রশ্ন : ২
এলাম ফিরে জান্তা ভায়া
বেশ অনেকদিন পরে
তোমায় খোঁচা না দিলে কি
মনটা আমার ভরে?
বলো ভায়া, জবাবটা কি
আছে তোমার কাছে
ফল তো নয়, তবু কেন
বাঁদর ঝুলে গাছে?
বাঁদরগুলো লাফায় যখন
গাছের কেমন লাগে?
বিরক্ত হওয়ার ক্ষমতা কি
আছে গাছের ভাগে?
বাঁদরগুলো বাঁদরামিটা
ছাড়বে কবে বলো?
নাকি তুমি বাঁদর থেকে
ঘুষ খেয়ে ভাই চলো?
বাঁদরগুলোর পক্ষে তুমি
আছো যদি দেখি,
বুঝবো তবে আমি সদাই
সত্য কথাই লিখি।
-আমিন মাহবুব
একাদশ শ্রেণি, ঢাকা সিটি কলেজ,
ঢাকা।

সবজান্তার উত্তর : ২
তাইতো বলি- সেই ছেলেটা
কোথায় গেল চলে?
এদ্দিন কি তাইলে তুমি
ছিলে বাঁদর-দলে?
রাস্তাঘাটে হাঁটলে বাঁদর
ঢিল ছোড়ো তার গায়,
ঝোলা ছাড়া বাঁদরগুলোর
আছে কি উপায়?
গাছের আছে বিশাল শরীর
বাঁদর যখন ঝোলে
গাছ তো ভাবে- বাচ্চাগুলো
লাফাচ্ছে তার কোলে।
কিন্তু কিছু দুষ্টু বানর
ডাল ভেঙে নেয় যখন
‘অকৃতজ্ঞ!’- চেঁচিয়ে বলে
গাছটা ব্যথায় তখন।
বাঁদরামিটাই তাদের শোভা
ঝুলুক ডালে ডালে
তা না হলে দেখবেটা কী
চিড়িয়াখানায় গেলে?

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

প্রকাশকাল: আগস্ট ২০২৫

সবজান্তার উত্তর (সেপ্টেম্বর ২০২৫)

প্রশ্ন : ১
সবজান্তা, শুনো ভাই
আমার মনের কথা,
সারাটা দিন কৌতূহলে
জ্যাম থাকে যে মাথা।
ভাবছি এবার তুমি যদি
কষ্ট কিছু কমাও,
পাঠাবো তবে চট্টগ্রামের
মোচার ভেতর পোলাও।
আমার সকল মন খারাপে
চাইলে আকাশ পানে,
কোন ম্যাজিকে, সে কীভাবে
দুঃখ কমিয়ে আনে?
ফুলগুলো সব রঙিন কেন
পাতা কেন সবুজ?
বড় হলাম তবুও কেন
সবাই ডাকে অবুঝ?
বলতে পারো নীল রঙটা
কেন আমার প্রিয়?
অপেক্ষাতে থাকবো আমি
উত্তর পাঠিয়ে দিও।
-উমাইরা নাবিহা
দারুল উলুম কামিল মাদরাসা, চট্টগ্রাম।

সবজান্তার উত্তর : ১
এত্ত দুখের জ্যাম লাগিয়ে মাথায়
ঘুরছো তুমি শান্তি পেতে কোথায়?
এবার এসো জট খুলে দিই মনের
পোলাও, গোস্ত পাঠিয়ো মেজবানের।
আকাশপানে তাকাও যখন, মনের
দুখ শুষে নেয় নীলের উদারতা
থাক না যতই কষ্ট ত্রিভূবনের
আকাশ পাঠায় মনখুশি বারতা।
রঙের ফারাক আছে বলেই ফুলের
ভিন্ন হলো নাম-প্রজাতি-পাতা
সকল কাজে করলে অবহেলা
বলবে লোকে- অবুঝ? নাই কি মাথা?
নীল কেন না প্রিয় হবে তোমার?
ওই যে তুমি আকাশ ভালোবাসো!
নীলের উদারতায় ডুবে গিয়ে
স্বপ্ন দেখে আনমনে খুব হাসো।

প্রশ্ন : ২
১. সূর্যের যদি ঘুম পেতে শুরু করে, তখন চাঁদ কি লাল
চা বানিয়ে দেয়?
২. হঠাৎ যদি গরুর গায়ে ডোরা কেটে বাঘের নকশা
হয়, তাহলে কি দুধ খাওয়া সাহসের কাজ হবে?
৩. বই পড়তে গিয়ে যদি বই আমাকে পড়তে শুরু
করে, তাহলে কাকে বেশি নম্বর দেওয়া উচিত?
৪. কলার খোসা দিয়ে বানানো স্লিপার পরে দৌড় দিলে
কি ১০০ মিটার রেসে কলা আগে পৌঁছাবে নাকি আমি?
৫. মাছের চোখে চশমা লাগালে কি সে আমার
হোমওয়ার্ক দেখে দিবে?
-তানজীম হাসান
সপ্তম শ্রেণি, সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়।

সবজান্তার উত্তর : ২
১. চাঁদ তখন সূর্যকে স্মার্টফোন চালাতে বলে।
২. প্যাকেট বদলালেই কি জিনিস বদলাবে!
৩. বইয়ের লেখককে।
৪. অ্যাম্বুলেন্স আগে পৌঁছাবে, তোমাকে নিয়ে।
৫. কেন দিবে না? তবে শিং মাছকে দেখিয়ো।
তাহলে ভুল দেখলে সে গুঁতিয়ে দিয়ে তোমাকে
সতর্ক করবে।

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫

সবজান্তার উত্তর (অক্টোবর ২০২৫)

প্রশ্ন : ১
প্রিয় সবজান্তা ভাইয়া, আসসালামু আলাইকুম।
আশা করি ভালো আছেন। যদি মনে হয়
প্রশ্নগুলোর উত্তর পারবেন, তাহলেই জবাব
দিয়েন। দেখেন, প্রশ্ন শুনে অজ্ঞান হয়ে পড়েন
না যেন আবার।
১. মানুষের লেজ নেই কেন?
২. মুরগির ডিম কালো হয় না কেন?
৩. আপনি কোন প্রশ্নের উত্তর জানেন না?
৪. মরুভূমিতে মরীচিকা কেন দেখা দেয়?
৫. আগে কলম এসেছিল নাকি কালি?
৬. কোন জিনিস আপনার সবচেয়ে বেশি
ভালো লাগে?
আমার বাসায় দাওয়াত রইলো ভাইয়া।
-সিয়াম শাহরিয়ার
দশম শ্রেণি, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল
অ্যান্ড কলেজ, সদর, দিনাজপুর

সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। দাওয়াত দেয়ার জন্য
ধন্যবাদ। কিন্তু গেলে কী কী খাওয়াবে, তা বললে
যাবো কি না ভেবে দেখতাম!
১. লেজ দিয়ে চতুষ্পদ জন্তুরা যা করে, মানুষ
হাত-পা দিয়েই তা করতে পারে বলে লেজের
প্রয়োজন হয় না।
২. যাতে খুঁজে পাওয়া সহজ হয়।
৩. তোমার বাসায় গেলে তুমি কী খাওয়াবে, তা
জানি না! জানিয়ে চিঠি লিখো, কেমন?
৪. মানুষের আশা বাঁচিয়ে রাখার জন্য।
৫. কলম।
৬. তোমাদের পাঠানো চিঠি।

প্রশ্ন : ২
শুরুতে ভাই সবজান্তা
নিয়ো আমার সালাম,
ঘরে বসে হয়তো তুমি
করছো অনেক আরাম,
কিন্তু আমার প্রশ্ন শুনে
আরাম হবে হারাম।
থাকলে সাহস বলো দেখি
বৃষ্টি কেন হয়?
অন্ধকারে থাকলে একা
লাগে কেন ভয়?
বাংলাদেশটা স্বপ্নে রাঙা
হবে বলো কবে?
বাংলা ভাষার সবচে’ জটিল
শব্দটা কী হবে?
প্রশ্নগুলো দেখে তোমার
কাঁপছে হাঁটু নাকি?
এবার বলো, আমায় তুমি
কেমনে দিবে ফাঁকি?
-তাহলিল আওয়াব
ষষ্ঠ শ্রেণি, মসজিদ মিশন
একাডেমি, রাজশাহী।

সবজান্তার উত্তর : ২
আমার আরাম আমি করি
তাতেও তোমার হিংসে?
ভাবখানা এই- সুখ জগতের
ডন নাকি কোন কিং সে!
বৃষ্টি তো হয় গাছের দোয়ায়
মাছের দোয়ায়, চাষির দোয়ায়
বৃষ্টি তো হয়, মেঘ করে তাই!
তপ্ত রোদে বৃষ্টিকে চাই।
অন্ধকারে ভয় কেন পাও?
আঁধার আনে স্নিগ্ধ রাতও
আঁধার শুধুই ভয়ের হলে
রাতের বেলায় কেউ ঘুমাতো?
স্বপ্নে রাঙা দেশ আমাদের
হাজার বছর ধরে
স্বপ্নটাকে রূপ দাও এবার
নিজের মতন করে।
বাংলা ভাষায় সবচে জটিল
শব্দ হলো-নীতি
নিয়ম ভাঙা সহজ বলেই
সবখানে দুর্নীতি।

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

প্রকাশকাল: অক্টোবর ২০২৫

সবজান্তার উত্তর (নভেম্বর ২০২৫)

প্রশ্ন : ১
আসসালামু আলাইকুম সবজান্তা দাদু। কেমন
আছো? প্রশ্ন দেখার পর ভালো থাকবে কি না
জানি না। তবে উত্তর দিতে পারলে বিরিয়ানি
খাওয়ার দাওয়াত থাকলো
১. ইলিশের নাম ইলিশ কেন?
২. পৃথিবীতে কয়টি শিশু আছে?
৩. কোন দেশে সবচেয়ে বেশি পিঁপড়া আছে?
৪. মানুষের রং সাদা বা কালো হয়, কিন্তু
সবুজ বা গোলাপি রং নয় কেন?
৫. গরুর পা দুটি না হয়ে চারটি কেন?
৬. তোমার নাম উত্তরজান্তা না হয়ে সবজান্তা
কেন?
-আদনান সুরাজ কাইফ
নবম শ্রেণি, হাজেরা-তজু স্কুল অ্যান্ড কলেজ,
চট্টগ্রাম।

সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। উমম.. বিরিয়ানির নাম
শুনেই তো ক্ষুধা লেগে গেলো! তাহলে তাড়াতাড়ি
উত্তরগুলো দেয়া যাক।
১. ইল (মাছ) + ঈশ (রাজা) = ইলিশ।
সুতরাং বুঝতেই পারছো কেন এ নাম?
২. আটশো কোটি। এর মধ্যে কিছু শিশুর বয়স
বেড়েছে।
৩. সন্দেশে।
৪. গায়ের রঙ সবুজ বা গোলাপি হলে তো মানুষ
নিজেকে গাছ ভেবে বনে জঙ্গলে বসবাস করতো।
৫. এত বড় শরীর; ঠাঁয় দাঁড়িয়ে থাকতে চারটা
খুঁটি (পা) তো লাগেই!
৬. উত্তরজান্তা তো একদিকের হলো। দিক তো
আরো নয়টা আছে (দক্ষিণ, পশ্চিম…..)।

প্রশ্ন : ২
সবজান্তা, ভাইয়া তুমি
নিশ্চয় আছো ভালো?
ফরমালিটির জন্য তবুও
আছো কেমন বলো?
এবার বলো সংখ্যারও কি
থাকতে পারে রঙ?
ম্যাথমেটিক্সের সূত্র কেন
জানে এতো ঢং?
বিরক্তিকর পড়ার ফাঁকে
লাগলে তাকে ফাও
মনকে বুঝাই কেমনে বলো
পড়তে হবে তাও?
শেষ প্রশ্ন করছি এবার
এড়িয়ো না যেন,
তোমার পরিচয়টা ভাইয়া
দাও না তুমি কেন?

-অগ্রপথিক আহমাদ মুত্তাকী
নবম শ্রেণি, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর।

সবজান্তার উত্তর : ২
করতে হলে ফরমালিটি
খাওয়াতে হয় নরমালি ঞবধ
আনবে মজার খাবার দাবার
নাকি নিজেই করলে সাবার?
ফটোশপে সংখ্যা দিয়েই
রঙগুলো যায় চেনা
সূত্র ছাড়া ম্যাথ্সের জট
খোলা তো যাবে না।
মনকে দেখাও দূরের স্বপন
সাফল্য মনজিল
বিরক্তি আর থাকবে নাকো
থাকবে ঔড়ু আর তবধষ.
ফুলকুঁড়িরা সবাই জানে
আমার পরিচয়
তুমিই তো রাখো না খবর
কেমনে বলো হয়?

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

প্রকাশকাল: নভেম্বর ২০২৫

সবজান্তার উত্তর (ডিসেম্বর ২০২৫)

প্রশ্ন : ১
সবজান্তা ভাইয়া, সার্ভারের মতো বিশাল এক মাথা নিয়ে
ভালোই যন্ত্রণায় আছো হয়তো। তোমাকে আরেকটু
যন্ত্রণায় ফেলতে আমি চলে এলাম, মু হা হা হা…। তুমি
যদি আসলেই সবজান্তা হও, তবে খুঁজে বের করো দেখি,
আমি কে?
যাকগে, প্রশ্নে আসি…
১. মাছ তো সারাদিন পানিতেই থাকে। তাহলে
সে গোসল করে কীভাবে?
২. ঘড়ির কাঁটা যে সারাদিন দৌড়ায়, সে
আসলে দৌড়ে কোথায় যেতে চায়?
৩. আমাদেরকে তোমার পরিচয় না জানিয়ে
তুমি যে দুই সেকেন্ড বাঁচাও, সে দুই সেকেন্ডে
তুমি কী করো?
৪. শীতের দিনে সবাই যেভাবে ফ্যানকে ভুলে
যায়, তা থেকে ফ্যানের কতটুকু অভিমান তৈরি
হয়?
৫. আমার না ভাল্লুকের মতো শীতনিদ্রায় চলে
যেতে খুব মন চায়। আম্মুর বকুনি এড়িয়ে
কীভাবে শীতনিদ্রায় যেতে পারি?
আমার আম্মুও কিন্তু মাসিক ফুলকুঁড়ি পড়ে। ৫নং
প্রশ্নের উত্তরটা আম্মু যেন কোনোভাবেই জানতে না
পারে। এখন আম্মুর চোখ এড়িয়ে কীভাবে প্রশ্নটির
জবাব পাবলিকলি দিবে, এ বুদ্ধি কি সবজান্তার আছে?
দেখার অপেক্ষায় রইলাম।
-নাম : তুমি সবজান্তা হলে তো আমার নাম জানোই।

সবজান্তার উত্তর : ১
যন্ত্রণা দিবে আমাকে? দাও। এই যন্ত্রণার জ্বালানি
দিয়েই তো আমার সার্ভার চলে।
১. মাছ গোসল করতে পানির উপরের স্তরে চলে
আসে। পুকুরে নিচের স্তর থাকে কাদাময়,
উপরের স্তরে থাকে পরিষ্কার পানি।
২. দৌড়ালেই না কোথাও যেতে পারতো! ঘড়ির
কাঁটা তো শুধু ঘোরে।
৩. পরের প্রশ্ন পড়ি।
৪. আড়াই ওহম।
৫. বোকা নাকি? আম্মুকে ঘরের কাজে সাহায্য
করলে, আম্মুই তোমাকে শীতনিদ্রায় পাঠিয়ে
দিবে। আর তোমার আম্মু নিশ্চয়ই মাসিক
ফুলকুঁড়ি পড়ে না! না হয় কবেই আমাকে
দাওয়াত করে খাওয়াতো!!

প্রশ্ন : ২
সবজান্তা ভাইয়া তুমি
ভালো আছো নাকি?
প্রশ্ন করলে জবাব দিবে,
নাকি রাখবে বাকি?
ফাঁকির রাজ্যের রাজা তুমি
দিচ্ছো সবই ফাঁকি,
কেমন করে হারবে তুমি,
জ্ঞানের এআই পাখি?
তুমি নাকি যোগ দিয়েছো
মিয়ানমারের জান্তা,
কীভাবে তোমায় খাওয়াই বলো
আমার প্রিয় পান্তা?
বলো আমায়, কেন মানুষ
কর্ণ দিয়ে শোনে,
বাঘ মামাটা লাফিয়ে বেড়ায়,
কেন ম্যানগ্রোভ বনে?
-মো. তাহসিন

নবম শ্রেণি, বর্ডার গার্ড পাবলিক স্কুল,
কোটবাড়ি, কুমিল্লা।

সবজান্তার উত্তর : ২
জবাব দেওয়া রাখবো বাকি
ভাবছো আমায় কী যে!
দাওয়াত দেওয়াই রাখলে বাকি
এই চিঠিতে নিজে।
এত্ত খাবার রেখে তোমার
পান্তা হলো প্রিয়
তোমার কি ভাই গ্যাসের ব্যারাম?
ওষুধ খেয়ে নিয়ো।
কান না দিয়ে, চোখ দিয়ে কি
শুনবে মানুষ-জনে?
কান কি শুধুই চশমা-ডাঁটি
ধরবে আলিঙ্গনে?
বাঘ মামাদের পিতৃপুরুষ
ম্যানগ্রোভে ছায় ডেরা
বাঘেরও তাই সুখের আবাস
গোলপাতাতে ঘেরা।

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

প্রকাশকাল: ডিসেম্বের ২০২৫