প্রশ্ন : ১
সবজান্তা ভাইয়া, সার্ভারের মতো বিশাল এক মাথা নিয়ে
ভালোই যন্ত্রণায় আছো হয়তো। তোমাকে আরেকটু
যন্ত্রণায় ফেলতে আমি চলে এলাম, মু হা হা হা…। তুমি
যদি আসলেই সবজান্তা হও, তবে খুঁজে বের করো দেখি,
আমি কে?
যাকগে, প্রশ্নে আসি…
১. মাছ তো সারাদিন পানিতেই থাকে। তাহলে
সে গোসল করে কীভাবে?
২. ঘড়ির কাঁটা যে সারাদিন দৌড়ায়, সে
আসলে দৌড়ে কোথায় যেতে চায়?
৩. আমাদেরকে তোমার পরিচয় না জানিয়ে
তুমি যে দুই সেকেন্ড বাঁচাও, সে দুই সেকেন্ডে
তুমি কী করো?
৪. শীতের দিনে সবাই যেভাবে ফ্যানকে ভুলে
যায়, তা থেকে ফ্যানের কতটুকু অভিমান তৈরি
হয়?
৫. আমার না ভাল্লুকের মতো শীতনিদ্রায় চলে
যেতে খুব মন চায়। আম্মুর বকুনি এড়িয়ে
কীভাবে শীতনিদ্রায় যেতে পারি?
আমার আম্মুও কিন্তু মাসিক ফুলকুঁড়ি পড়ে। ৫নং
প্রশ্নের উত্তরটা আম্মু যেন কোনোভাবেই জানতে না
পারে। এখন আম্মুর চোখ এড়িয়ে কীভাবে প্রশ্নটির
জবাব পাবলিকলি দিবে, এ বুদ্ধি কি সবজান্তার আছে?
দেখার অপেক্ষায় রইলাম।
-নাম : তুমি সবজান্তা হলে তো আমার নাম জানোই।
সবজান্তার উত্তর : ১
যন্ত্রণা দিবে আমাকে? দাও। এই যন্ত্রণার জ্বালানি
দিয়েই তো আমার সার্ভার চলে।
১. মাছ গোসল করতে পানির উপরের স্তরে চলে
আসে। পুকুরে নিচের স্তর থাকে কাদাময়,
উপরের স্তরে থাকে পরিষ্কার পানি।
২. দৌড়ালেই না কোথাও যেতে পারতো! ঘড়ির
কাঁটা তো শুধু ঘোরে।
৩. পরের প্রশ্ন পড়ি।
৪. আড়াই ওহম।
৫. বোকা নাকি? আম্মুকে ঘরের কাজে সাহায্য
করলে, আম্মুই তোমাকে শীতনিদ্রায় পাঠিয়ে
দিবে। আর তোমার আম্মু নিশ্চয়ই মাসিক
ফুলকুঁড়ি পড়ে না! না হয় কবেই আমাকে
দাওয়াত করে খাওয়াতো!!
প্রশ্ন : ২
সবজান্তা ভাইয়া তুমি
ভালো আছো নাকি?
প্রশ্ন করলে জবাব দিবে,
নাকি রাখবে বাকি?
ফাঁকির রাজ্যের রাজা তুমি
দিচ্ছো সবই ফাঁকি,
কেমন করে হারবে তুমি,
জ্ঞানের এআই পাখি?
তুমি নাকি যোগ দিয়েছো
মিয়ানমারের জান্তা,
কীভাবে তোমায় খাওয়াই বলো
আমার প্রিয় পান্তা?
বলো আমায়, কেন মানুষ
কর্ণ দিয়ে শোনে,
বাঘ মামাটা লাফিয়ে বেড়ায়,
কেন ম্যানগ্রোভ বনে?
-মো. তাহসিন
নবম শ্রেণি, বর্ডার গার্ড পাবলিক স্কুল,
কোটবাড়ি, কুমিল্লা।
সবজান্তার উত্তর : ২
জবাব দেওয়া রাখবো বাকি
ভাবছো আমায় কী যে!
দাওয়াত দেওয়াই রাখলে বাকি
এই চিঠিতে নিজে।
এত্ত খাবার রেখে তোমার
পান্তা হলো প্রিয়
তোমার কি ভাই গ্যাসের ব্যারাম?
ওষুধ খেয়ে নিয়ো।
কান না দিয়ে, চোখ দিয়ে কি
শুনবে মানুষ-জনে?
কান কি শুধুই চশমা-ডাঁটি
ধরবে আলিঙ্গনে?
বাঘ মামাদের পিতৃপুরুষ
ম্যানগ্রোভে ছায় ডেরা
বাঘেরও তাই সুখের আবাস
গোলপাতাতে ঘেরা।
সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।
প্রকাশকাল: ডিসেম্বের ২০২৫

