সবজান্তার উত্তর (সেপ্টেম্বর ২০২৫)

0
0

প্রশ্ন : ১
সবজান্তা, শুনো ভাই
আমার মনের কথা,
সারাটা দিন কৌতূহলে
জ্যাম থাকে যে মাথা।
ভাবছি এবার তুমি যদি
কষ্ট কিছু কমাও,
পাঠাবো তবে চট্টগ্রামের
মোচার ভেতর পোলাও।
আমার সকল মন খারাপে
চাইলে আকাশ পানে,
কোন ম্যাজিকে, সে কীভাবে
দুঃখ কমিয়ে আনে?
ফুলগুলো সব রঙিন কেন
পাতা কেন সবুজ?
বড় হলাম তবুও কেন
সবাই ডাকে অবুঝ?
বলতে পারো নীল রঙটা
কেন আমার প্রিয়?
অপেক্ষাতে থাকবো আমি
উত্তর পাঠিয়ে দিও।
-উমাইরা নাবিহা
দারুল উলুম কামিল মাদরাসা, চট্টগ্রাম।

সবজান্তার উত্তর : ১
এত্ত দুখের জ্যাম লাগিয়ে মাথায়
ঘুরছো তুমি শান্তি পেতে কোথায়?
এবার এসো জট খুলে দিই মনের
পোলাও, গোস্ত পাঠিয়ো মেজবানের।
আকাশপানে তাকাও যখন, মনের
দুখ শুষে নেয় নীলের উদারতা
থাক না যতই কষ্ট ত্রিভূবনের
আকাশ পাঠায় মনখুশি বারতা।
রঙের ফারাক আছে বলেই ফুলের
ভিন্ন হলো নাম-প্রজাতি-পাতা
সকল কাজে করলে অবহেলা
বলবে লোকে- অবুঝ? নাই কি মাথা?
নীল কেন না প্রিয় হবে তোমার?
ওই যে তুমি আকাশ ভালোবাসো!
নীলের উদারতায় ডুবে গিয়ে
স্বপ্ন দেখে আনমনে খুব হাসো।

প্রশ্ন : ২
১. সূর্যের যদি ঘুম পেতে শুরু করে, তখন চাঁদ কি লাল
চা বানিয়ে দেয়?
২. হঠাৎ যদি গরুর গায়ে ডোরা কেটে বাঘের নকশা
হয়, তাহলে কি দুধ খাওয়া সাহসের কাজ হবে?
৩. বই পড়তে গিয়ে যদি বই আমাকে পড়তে শুরু
করে, তাহলে কাকে বেশি নম্বর দেওয়া উচিত?
৪. কলার খোসা দিয়ে বানানো স্লিপার পরে দৌড় দিলে
কি ১০০ মিটার রেসে কলা আগে পৌঁছাবে নাকি আমি?
৫. মাছের চোখে চশমা লাগালে কি সে আমার
হোমওয়ার্ক দেখে দিবে?
-তানজীম হাসান
সপ্তম শ্রেণি, সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়।

সবজান্তার উত্তর : ২
১. চাঁদ তখন সূর্যকে স্মার্টফোন চালাতে বলে।
২. প্যাকেট বদলালেই কি জিনিস বদলাবে!
৩. বইয়ের লেখককে।
৪. অ্যাম্বুলেন্স আগে পৌঁছাবে, তোমাকে নিয়ে।
৫. কেন দিবে না? তবে শিং মাছকে দেখিয়ো।
তাহলে ভুল দেখলে সে গুঁতিয়ে দিয়ে তোমাকে
সতর্ক করবে।

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫