প্রশ্ন : ১
প্রিয় সবজান্তা ভাইয়া, আসসালামু আলাইকুম।
আশা করি ভালো আছেন। যদি মনে হয়
প্রশ্নগুলোর উত্তর পারবেন, তাহলেই জবাব
দিয়েন। দেখেন, প্রশ্ন শুনে অজ্ঞান হয়ে পড়েন
না যেন আবার।
১. মানুষের লেজ নেই কেন?
২. মুরগির ডিম কালো হয় না কেন?
৩. আপনি কোন প্রশ্নের উত্তর জানেন না?
৪. মরুভূমিতে মরীচিকা কেন দেখা দেয়?
৫. আগে কলম এসেছিল নাকি কালি?
৬. কোন জিনিস আপনার সবচেয়ে বেশি
ভালো লাগে?
আমার বাসায় দাওয়াত রইলো ভাইয়া।
-সিয়াম শাহরিয়ার
দশম শ্রেণি, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল
অ্যান্ড কলেজ, সদর, দিনাজপুর
সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। দাওয়াত দেয়ার জন্য
ধন্যবাদ। কিন্তু গেলে কী কী খাওয়াবে, তা বললে
যাবো কি না ভেবে দেখতাম!
১. লেজ দিয়ে চতুষ্পদ জন্তুরা যা করে, মানুষ
হাত-পা দিয়েই তা করতে পারে বলে লেজের
প্রয়োজন হয় না।
২. যাতে খুঁজে পাওয়া সহজ হয়।
৩. তোমার বাসায় গেলে তুমি কী খাওয়াবে, তা
জানি না! জানিয়ে চিঠি লিখো, কেমন?
৪. মানুষের আশা বাঁচিয়ে রাখার জন্য।
৫. কলম।
৬. তোমাদের পাঠানো চিঠি।
প্রশ্ন : ২
শুরুতে ভাই সবজান্তা
নিয়ো আমার সালাম,
ঘরে বসে হয়তো তুমি
করছো অনেক আরাম,
কিন্তু আমার প্রশ্ন শুনে
আরাম হবে হারাম।
থাকলে সাহস বলো দেখি
বৃষ্টি কেন হয়?
অন্ধকারে থাকলে একা
লাগে কেন ভয়?
বাংলাদেশটা স্বপ্নে রাঙা
হবে বলো কবে?
বাংলা ভাষার সবচে’ জটিল
শব্দটা কী হবে?
প্রশ্নগুলো দেখে তোমার
কাঁপছে হাঁটু নাকি?
এবার বলো, আমায় তুমি
কেমনে দিবে ফাঁকি?
-তাহলিল আওয়াব
ষষ্ঠ শ্রেণি, মসজিদ মিশন
একাডেমি, রাজশাহী।
সবজান্তার উত্তর : ২
আমার আরাম আমি করি
তাতেও তোমার হিংসে?
ভাবখানা এই- সুখ জগতের
ডন নাকি কোন কিং সে!
বৃষ্টি তো হয় গাছের দোয়ায়
মাছের দোয়ায়, চাষির দোয়ায়
বৃষ্টি তো হয়, মেঘ করে তাই!
তপ্ত রোদে বৃষ্টিকে চাই।
অন্ধকারে ভয় কেন পাও?
আঁধার আনে স্নিগ্ধ রাতও
আঁধার শুধুই ভয়ের হলে
রাতের বেলায় কেউ ঘুমাতো?
স্বপ্নে রাঙা দেশ আমাদের
হাজার বছর ধরে
স্বপ্নটাকে রূপ দাও এবার
নিজের মতন করে।
বাংলা ভাষায় সবচে জটিল
শব্দ হলো-নীতি
নিয়ম ভাঙা সহজ বলেই
সবখানে দুর্নীতি।
সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।
প্রকাশকাল: অক্টোবর ২০২৫

