প্রশ্ন : ১
প্রিয় সবজান্তা ভাইয়া, আমার সালাম নিবেন।
আশা করি ভালো আছেন। আমি প্রথমবার
আপনাকে প্রশ্ন করছি। আশা করি আমার
প্রশ্নগুলোর উত্তর দিবেন।
১. কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাবার খায়
না?
২. সর্বপ্রথম ক্যালকুলেটর কে তৈরি করেছিল?
৩. ক্যাঙ্গারুর মতো মানুষের কেন থলে নেই?
৪. কচ্ছপ কত বছর বাঁচে?
৫. সাদা রঙকে কেন শান্তির প্রতীক ধরা হয়েছে?
৬. আগে ডিম এসেছিল নাকি মুরগী?
-সিয়াম শাহরিয়ার
নবম শ্রেণি, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল
অ্যান্ড কলেজ, দিনাজপুর।
সবজান্তার উত্তর : ১
প্রথমবার প্রশ্ন করেছ? অনেক ধন্যবাদ
তোমাকে। আরো প্রশ্ন পাঠাবে, কেমন?
১. মে ফ্লাই
২. ব্লেইজ প্যাসকেল
৩. মানুষ হাত দিয়েই বাচ্চা কোলে ধরে
রাখতে পারে, তাই।
৪. যতদিন তার আয়ু থাকে!
৫. সাদা রঙের দিকে তাকালে মন শান্ত হয়ে
আসে তাই।
৬. মোরগ আগে এসেছে।
প্রশ্ন : ২
এলাম ফিরে জান্তা ভায়া
বেশ অনেকদিন পরে
তোমায় খোঁচা না দিলে কি
মনটা আমার ভরে?
বলো ভায়া, জবাবটা কি
আছে তোমার কাছে
ফল তো নয়, তবু কেন
বাঁদর ঝুলে গাছে?
বাঁদরগুলো লাফায় যখন
গাছের কেমন লাগে?
বিরক্ত হওয়ার ক্ষমতা কি
আছে গাছের ভাগে?
বাঁদরগুলো বাঁদরামিটা
ছাড়বে কবে বলো?
নাকি তুমি বাঁদর থেকে
ঘুষ খেয়ে ভাই চলো?
বাঁদরগুলোর পক্ষে তুমি
আছো যদি দেখি,
বুঝবো তবে আমি সদাই
সত্য কথাই লিখি।
-আমিন মাহবুব
একাদশ শ্রেণি, ঢাকা সিটি কলেজ,
ঢাকা।
সবজান্তার উত্তর : ২
তাইতো বলি- সেই ছেলেটা
কোথায় গেল চলে?
এদ্দিন কি তাইলে তুমি
ছিলে বাঁদর-দলে?
রাস্তাঘাটে হাঁটলে বাঁদর
ঢিল ছোড়ো তার গায়,
ঝোলা ছাড়া বাঁদরগুলোর
আছে কি উপায়?
গাছের আছে বিশাল শরীর
বাঁদর যখন ঝোলে
গাছ তো ভাবে- বাচ্চাগুলো
লাফাচ্ছে তার কোলে।
কিন্তু কিছু দুষ্টু বানর
ডাল ভেঙে নেয় যখন
‘অকৃতজ্ঞ!’- চেঁচিয়ে বলে
গাছটা ব্যথায় তখন।
বাঁদরামিটাই তাদের শোভা
ঝুলুক ডালে ডালে
তা না হলে দেখবেটা কী
চিড়িয়াখানায় গেলে?
সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।
প্রকাশকাল: আগস্ট ২০২৫

