প্রশ্ন : ১
সবজান্তা ভায়া, আশা করি প্রচুর পরিমাণে
কুরবানির গোশত খেয়ে ভালোই আছো। এবার
দেখি, তোমার পেটে ভুঁড়ি ধরার সাথে সাথে
মগজেও ভুঁড়ি ধরে গিয়েছে কি না…
১. বাংলা ভাষায় সবচেয়ে লম্বা শব্দ কোনটি?
২. Floccinaucinihilipilification শব্দটি
একটি বাক্যে তুমি কীভাবে ব্যবহার করবে?
৩. ঠিক কোন প্রশ্নটি করলে তোমাকে আটকানো
যাবে?
৪. মুষলধারে বৃষ্টির সাথে কুকুর-বিড়ালের সম্পর্ক
কী?
৫. যাদের দাওয়াত তুমি গ্রহণ করো, তাদের মধ্যে
কয়জনের বাসায় গিয়েছো তুমি?
-আব্দুল্লাহ আল মাহমুদ
নবম শ্রেণি, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,
ঢাকা।
সবজান্তার উত্তর : ১
হ্যাঁ, অনেক গোশত খেয়েছি। তবে ভুঁড়ি
আমাকে পাবে কোথায়? আমি যে ব্যায়াম করি!
১. অপেক্ষা!
২. সেকি? খুব সহজ! ……………….. is a long word.
৩. ওমা, এটাও আমি বলে দেবো? এটা খুঁজে
বের করাই তো তোমাদের কাজ!
৪. ওরা ঝড়ো বাতাসকে কুকুর আর প্রচণ্ড
বৃষ্টিকে বিড়াল উপমা দিয়ে এটা বানিয়েছে।
তুমি চাইলে ইঁদুর বিড়ালের বৃষ্টিও বলতে
পারো।
৫. অন্যদেরটা জানতে চাইছো? কই! তুমি
নিজেই তো দাওয়াত দিলে না?
প্রশ্ন : ২
সহজ প্রশ্নের সহজ উত্তর
পারলে তুমি দিও,
উত্তর যদি পেরে থাকো
ধন্যবাদটা নিও।
আকাশ এত বড় কেন?
কেন বড় সাগর?
রাগের মাথায় বাচ্চারা কেন
মাটিতে দেয় আঁচড়?
পারলে জবাব, বলো দেখি
আকাশ কেন নীল?
রাতের আকাশ তারার আলোয়
কেন ঝিলিমিল?
সূর্যের রং লাল হলেও
কেন দেখি সাদা?
একটু বৃষ্টি হলেই কেন
মাটিটা হয় কাদা?
-ফাইজুল মাহমুদ
ষষ্ঠ শ্রেণি, কুমিল্লা জিলা স্কুল।
সবজান্তার উত্তর : ২
আকাশ কিবা সাগর যদি
ছোট্ট হতো সাইজে
উড়োজাহাজ কিংবা জাহাজ
চলতো না আর ভাই, যে।
রাগ হলে সে আঁচড় দিতো
তোমার মুখে-ঠোঁটে
তারচে’ আঁকুক মাটিতে ফুল
রাগটা যদি ফোঁটে।
নীলের বিক্ষেপণের দরুণ
আকাশটাতে ছড়ায়
আলোর চাদর থাকে না তাই
রাতটা তারায় ভরায়।
লালের বিকিরণের পাওয়ার
সূর্যকে লাল দেখায়
নরম মাটি, বৃষ্টি এলেই
পেট ভরে পানি-খায়।
এবার তুমি পাঠিয়ে দাও
রসমালাইয়ের বাটি
না হয় রেগে ভাঙবো জেনো
আড়াইটা পাটকাঠি।
সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।
প্রকাশকাল: জুলাই ২০২৫

