আজ চাঁদরাত। কাল ঈদ। তালতলা বস্তির সাথে লাগোয়া মুদি দোকানটা থেকে বারবার ভেসে আসছে,
“ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে
শোন আসমানী তাকিদ।”
বস্তির ছেলে-বুড়ো সবার মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। মাঝেমধ্যে পটকার আওয়াজও কানে আসছে। কেউ কেউ ব্যস্ত কেনাকাটায়। কেউ ব্যাগ গুছিয়ে গ্রামের বাড়িতে রওয়ানা দিচ্ছে। কেউ আবার ভিড় করছে নিউ ফ্যাশন লেডিস টেইলার্সে। দোকানীদের দম ফেলার সময়ও নাই। বাচ্চারা মশগুল নতুন কেনা কাপড়-চোপড় আর জুতোর গল্পে। কিন্তু তাদের সাথে তাল মেলাতে পারছে না ছোট্ট ময়না। কারণ, ঈদে তার কিছুই কেনা হয়নি।
ময়না মিষ্টি একটা মেয়ে। বয়স সাত-আট বছর হবে। একটা এনজিওর স্কুলে ক্লাস টুতে পড়ে। পড়াশোনায় বেশ ভালো। ক্লাসে ফার্স্ট হয়। খলবল করে কথা বলে। মজার মজার ছড়া কাটে। তার চঞ্চলতা ভরা মায়াবী বোল বস্তির সবাই পছন্দ করে। সে সত্যিই যেন একটা ময়না পাখি।
ময়না মন খারাপ করে ঘরে চলে যায়। বস্তির শেষ মাথায় কলপাড়ের পাশে ছোট্ট একটা ঝুপড়িতে থাকে ওরা।
ঘরে আসতেই ময়নার মনমরা চেহারা দেখে বাবা আনোয়ার মিয়া মেয়েকে কাছে ডাকে। মাথায় হাত বুলিয়ে দেয়। কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করে, ‘কী হইছে, মা? মন খারাপ লাগতাছে?’
ময়না নাসূচক মাথা নাড়ে। যদিও তার আসলেই মন খারাপ। খুবই মন খারাপ। কিন্তু বাবাকে বুঝতে দিতে চায় না কিছুতেই। তাহলে যে বাবা অনেক কষ্ট পাবে। পাঁচ মাস হলো সিএনজি ড্রাইভার বাবা আনোয়ার মিয়া অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। মেরুদণ্ডে ব্যথা। দাঁড়াতে বা হাঁটাচলা করতেও কষ্ট হয়। ডাক্তার বলেছে পূর্ণ বেড রেস্টে থাকতে। আয় রোজগার পুরোপুরি বন্ধ। বাধ্য হয়ে ময়নার মা আছিয়া খাতুন অন্যের বাসায় কাজ নিয়েছে। তাতে কোনো রকমে তিনবেলা খাবার জোটে। বাবার জন্য ওষুধ কিনতে গিয়ে অনেক টাকা ধার-দেনা হয়ে গেছে। তাও কিছু কিছু শোধ করছে মা। ময়না জানে ঈদ তাই ওদের জন্য নয়।
মুখে কিছু না বললেও সবই বুঝতে পারে আনোয়ার মিয়া। অপারগতার কষ্টে তার চোখ ভিজে ওঠে। সে অন্য দিকে তাকিয়ে চোখ মোছে। মেয়ের হাত ধরে বলে, ‘মাগো, ঈদে তোমার লইগ্যা কিছুই কেনা হয় নাই, সেই জন্য তোমার মন খারাপ। সবই আমাগো নসিব, মা। তয় আল্লায় চাইলে আমি সুস্থ হইয়া যামু। তহন তোমারে একলগে দশটা জামা কিন্না দিমু। দেইখ্যো আমাগো দিন অবশ্যই ফিরবো।’
‘আমার জামা লাগব না, তুমি তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও, বাবা।’ বাবাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে ময়না। আনোয়ার মিয়া পরম যত্নে মেয়ের চোখ মুছে দেয়।
ময়না বাবার পাশে শুয়ে শুয়ে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। আজ অনেক কাজ আছিয়া খাতুনের। ফিরতে তাই দেরিই হবে। অপেক্ষা করা ছাড়া বাবা-মেয়ের কিছুই করার থাকে না। আনোয়ার মিয়া মেয়ের চুলে বিলি কেটে দেয়। গল্প শোনায়। তাদের গ্রামের গল্প। সচ্ছল সময়ের গল্প। নদীর পেটে ঘর-বাড়ি, জমি-জিরাত তলিয়ে যাওয়ার গল্প। ময়না গভীর আগ্রহ নিয়ে গল্প শোনে। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে।
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। খুব সুন্দর একটা ছোট্ট বাড়ি। সাজানো ফুলের বাগান। লাল, নীল, হলুদ চমৎকার সব ফুল। উঠোন পেরিয়ে শীতল পানির পুকুর। পুকুর পাড়ে লম্বা একটা তালগাছ। তখন সন্ধ্যা ঘনিয়ে রাত। সোনালি সুতোর মতো এক চিলতে চাঁদ আকাশে দুলছে। হঠাৎই চাঁদের মাঝখানে একটা আলোর দরজা খুলে গেল। আর সেখান থেকে রূপোলি ঝলমলে পোশাক পরা একটা বুড়ি বেরিয়ে এলো। সাথে জরির কারুকাজ করা একটা থলে। সে অবাক হয়ে চেয়ে রইল। মেঘের ভেলায় চড়ে বুড়ি ময়নার সামনে এসে দাঁড়াল। একগাল হেসে ময়নার সাথে পরিচিত হলো।
– তুমিই বুঝি চাঁদের বুড়ি? ময়না জানতে চাইল।
– হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। চাঁদের বুড়ি সম্মতি জানায়।
– তোমার পোশাকটা তো ভারি সুন্দর!
– তাই বুঝি! এমন সুন্দর জামা তোমার চাই? বলেই চাঁদের বুড়ি তার সাথে থাকা থলে থেকে একটা লাল রঙের বাহারি সুতার কাজ করা জামা বের করল। ময়নার সামনে মেলে ধরে বলল, নাও, এটা পরলে তোমাকে দেখতে পরির মতো লাগবে।
ময়না অভিভূত হয়ে যায়। সে হাত বাড়িয়ে উপহার গ্রহণ করে। চাঁদের বুড়ি খুশি হয়ে ময়নার গাল ছুঁয়ে আদর করে দেয়। উষ্ণ সেই স্পর্শে ময়নার ঘুম ছুটে যায়। সে চোখ মেলে তাকায়। দেখে, তার মা তার গাল ছুঁয়ে আদর করছে। আর তার মাথার পাশে পলিথিনের প্যাকেটে মোড়ানো একটা লাল জামা। ময়না ধড়মড় করে উঠে বসে। জামাটার দিকে তাকিয়ে তার চোখে খুশির রেখা ঝিলিক মারে। সে উৎসুক দৃষ্টিতে মায়ের দিকে তাকায়।
আছিয়া খাতুন মেয়ের কপালে চুমু খায়। কান্নাজড়িত কণ্ঠে জানায়, এমন একটা ঈদ অথচ মাইয়াডার লইগ্যা কিছুই কিনা হয় নাই- এইডা ভাইব্বা সারাডাদিন মনডা খারাপ আছিল। কাজ শেষে বকশিশের লগে বেগম আম্মা এই জামাডা দিয়া কইল, এটা তোমার মেয়ে ময়নার জন্য। আমার চোখে আপনা-আপনি পানি চইলা আইলো।
ময়না বাবা-মা দুজনকে দুহাতে জড়িয়ে ধরে ঝুপড়ির জানালা দিয়ে দূরের আকাশে চাঁদটাকে খুঁজতে থাকে।
প্রকাশকাল: মার্চ ২০২৫
লাল ফড়িঙ

আমাদের জন্য তাজমহল ভ্রমণ একটি স্বপ্নের মতো। শৈশবে যখন গল্প, কবিতা বা উপন্যাসে তাজমহলের বর্ণনা পেতাম কিংবা কোনো চলচ্চিত্রে বা ভিডিওগ্রাফিতে তাজমহলের চিত্ররূপ দেখতাম তখন থেকেই তাজমহল দেখার একটা স্বপ্ন মনের মাঝে উঁকি দিতো। লেখক যেমন প্রেমের উপমা দিতে তাজমহলকে কল্পনায় আনেন, শিল্পী যখন তার গানে প্রেমের সৌন্দর্য্য তুলে ধরেন তাজমহলের উপমায়; তখনি কল্পনার জগতে তাজমহল অবলোকন ছিলো অনেকটাই স্বপ্নের মতো। সেই স্বপ্ন পূরণে বাংলাদেশ থেকে ছুটে চললাম সুদূর আগ্রার পথে। কুমিল্লা থেকে সকালে রওয়ানা হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করলাম ভারতে। আগরতলা এয়ারপোর্ট হয়ে দিল্লি পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেলো। নয়া দিল্লি রেলওয়ে স্টেশন থেকে আগ্রা যাওয়ার জন্য আমরা ট্রেনে উঠলাম। তবে যারা দিল্লি থেকে সরাসরি আগ্রা যাবেন তাদের জন্য পথটা ছোট করে এনেছে ভারতের অনবদ্য সৃষ্টি যমুনা এক্সপ্রেস হাইওয়ে। দেখার মতো এই সড়ক দিল্লি আর আগ্রাকে সংযুক্ত করেছে মাঝে কোনো বিরতি না দিয়েই। আর এই এক্সপ্রেস হাইওয়েতে দিল্লি থেকে আগ্রা পৌঁছাতে সময় লাগবে মাত্র আড়াই থেকে তিন ঘণ্টা।
অবশ্য মহলের পুরো অংশের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই শাহজাহান তাঁর ছেলে আওরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন। ইতিহাস থেকে জানা যায়, জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তাঁর মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহলে স্ত্রী মমতাজের পাশে সমাহিত করেন। তাজমহলের নকশা কে করেছিলেন এ প্রশ্নের সঠিক উত্তর মেলা দায়। তবে এটা নিশ্চিত যারা এর নকশাকার বা কারিগর তারা সত্যিই শিল্প-নৈপুণ্যসম্পন্ন। মূলত এ মহল দিল্লী, কান্দাহার, লাহোর এবং মুলতানের সুদক্ষ রাজমিস্ত্রীগণকে তাজমহল নির্মাণ কাজে নিয়োজিত করা হয়। বাগদাদ, শিরাজ এবং বোখারার দক্ষ মুসলিম নির্মাতারা তাজমহলের বিশেষ কাজগুলি করেন। নির্মাণকাজের দলিলে উল্লেখ আছে যে, তাজের প্রধান স্থপতি ছিলেন সেই সময়ের প্রখ্যাত মুসলিম স্থপতি ওস্তাদ ঈসা। তাজমহলকে ১৯৮৩ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। তখন একে বলা হয়েছিল, “টহরাবৎংধষষু ধফসরৎবফ সধংঃবৎঢ়রবপব ড়ভ ঃযব ড়িৎষফ’ং যবৎরঃধমব.”
লুনা ছিল খুবই কৌতূহলী আর মিষ্টি মেয়ে। তার বয়স মাত্র সাত বছর। সকাল হলেই সে বাগানে গিয়ে ফুলের গন্ধ শুঁকতো আর প্রজাপতিদের পেছনে ছোটাছুটি করতো। তার মনে একটা কল্পনার জগৎ তৈরি হয়েছিল। সে ভাবতো, হয়তো একদিন এমন কোনো দেশে যাবে যেখানে চারপাশে শুধু ফুল আর প্রজাপতি।
আমাদের জগত এখন দুটো। একটা অনলাইন জগত আরেকটা অফলাইন জগত। আমাদের মেলামেশা, মতবিনিময়, দেখা সাক্ষাত, গল্পের আড্ডা, সভা সমাবেশ, স্কুল কোচিং এর ক্লাস-পরীক্ষা কিংবা বাজার-সদাই সবকিছুই এখন অফলাইনের পাশাপাশি অনলাইনে হচ্ছে। সামাজিক জীবনের একটা বড় অংশ দখল করে নিয়েছে অনলাইন যোগাযোগ বা অনলাইন সামাজিকতা। তবে অফলাইন বা বাস্তব জগতে আমরা যেভাবে সামাজিকতার ক্ষেত্রে বা আচার-ব্যবহারের ক্ষেত্রে কিছুটা হলেও ‘ভেবে-চিন্তে’ আচরণ করি, অনলাইনে সেটা করি না। অনলাইনে আমার আচরণ আরেকজনের উপরে কেমন প্রভাব ফেলে সেটা নিয়ে আমরা ভাবারও সময় পাই না। কারণ অনলাইনের শত-সহস্র কনটেন্ট আর অ্যাকটিভিটি গ্লু এর মতো আটকে রাখে চোখকে; একটার পর আরেকটা একটিভিটি দিয়ে ব্যস্ত করে ফেলে মস্তিষ্ককে।
বাংলাদেশ থেকে বেড়াতে এসেছি ইউরোপে। ঘুরবো কয়েকটি দেশ। এরই এক ফাঁকে গেলাম স্কটল্যান্ডের এডিনবার্গ শহরে। সেই স্মৃতি ফুলকুঁড়িদের জন্য তুলে ধরছি। বাংলাদেশ থেকে অনেকেই ইংল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ডে পড়তে যায়। দেশটা সম্পর্কে জানার আগ্রহ থেকে এই ভ্রমণ। কিছু তোমাদের জানাই।
আমরা গোসল সেরে দুপুরের খাবার খেয়ে সিটি সেন্টারে চলে গেলাম। দুপুরের খাবার মানে আমরা লন্ডন থেকে যেসব ফার্স্টফুড সাথে নিয়ে এসেছিলাম সেগুলো। পুরো ইউরোপ জুড়ে যদি কোনো বাঙালি পরিচিতজনের বাসায় না যাওয়া হয় তাহলে খাবার বলতে সাধারণত ম্যাকডোনাল্ডস, কেএফসি ইত্যাদি ফার্স্টফুড জাতীয় খাবারই ভরসা। অবশ্য কিছু বাংলাদেশি হোটেলে ভাতের ব্যবস্থা আছে। যেমন লন্ডন বাংলা টাউনের হোটেলগুলোতে ভাত পাওয়া যায়। যাক, সিটি সেন্টারে যাওয়ার জন্য হোটেল থেকে বের হয়ে আমরা বেশ কিছুদূর হেঁটে টাউন সার্ভিসের বাসস্টপে আসলাম, এসে দেখলাম বাসস্টপেজে ইলেক্ট্রিক সাইনবোর্ডে বাস আসার সময় লেখা আছে। এই স্টপেজে বাস আসবে এক ঘণ্টা পর। আমাদের হাতে খুব বেশি সময় নেই, এখন কী করা যায় ভাবতেছি, আশেপাশে কোনো জনমানব নেই যে কাউকে জিজ্ঞাসা করবো, এমন সময় দেখলাম সামান্য দূরে ৪০/৪৫ বছর বয়সের একজন লোক প্রাইভেট কারের ভিতরে বসে আছেন। তার কাছ গিয়ে আমাদের পরিচয় দিলাম এবং তাকে আমাদের সমস্য বুঝিয়ে বললাম। সে একজন কবি আর আমরা বাংলাদেশের দু’জন প্রকাশক শুনে সে খুবই খুশি হলো এবং বললো আমার গাড়িতে উঠো আমি সিটি সেন্টারের কাছাকাছি যাবো, সেখান থেকে খুব কাছেই সিটি সেন্টার।