মামুন সারওয়ার এর ৫টি ছড়া

0
5

লাল ফড়িঙ

লাল ফড়িঙ লেজটা ধরে
যেই না দিলো টান,
ঝিঝিং ঝিরিং আওয়াজ করে
ছড়িয়ে পড়ে গান।

বলছে ফড়িং পাচ্ছি ব্যথা
দিস না জোরে টান-
দে ছেড়ে দে, দে ছেড়ে দে
দুষ্ট পোলাপান।

 

বন্ধু

রাগ করে যে কয় না কথা
মুখটা করে ভার,
সে কি তোমার আপন হলো
বন্ধু হলো আর।

বললে কথা চুপটি থাকে
কয় না কথা ফের
সে কি তোমার চায় কি ভালো
নতুন জীবনের?

সোনার গান

বাক বাকুম পায়রা
চাল বাদাম আর গমের দানা
কত্ত কিছু খায় এরা।
গমের বিলে যায় এরা।

খেতে খেতে পেখম নেড়ে
দোলায় মাথায় টায়রা
বাক বাকুম-পায়রা।

টুনির ছড়া

পাখিটার নাম হলো টোনা
কাজ তার একটাই
শুধু বাসা বোনা।

পাখিটার নাম হলো টুনি
প্রতিদিন ডালে ডালে
তার গান শুনি।

 

ইঁদুর ও বিড়াল

ইঁদুরের কান দুটি
যেই দেখে খাড়া
বিড়ালটা মেউ করে
বলে অ্যাই দাঁড়া

ইঁদুরটা এ-ই শুনে
কোথায় হারায়,
খুঁজে খুঁজে বিড়ালটা
লেজটা নাড়ায়।

প্রকাশকাল: মার্চ ২০২৫