Home Blog Page 38

বল খেকো বুলবুল

শাওন ভাই একটা বক্স আর একটা ফ্লাক্স হাতে নিয়ে বুলবুলদের বাড়িতে এসেছে। সাথে আছে মেহেদি। বুলবুল আমার বন্ধু। জানালা দিয়ে দেখলাম শাওন ভাই সত্যি সত্যি নতুন এক বক্স বল নিয়ে এসেছে। আমি ছুটে গেলাম পাশের রুমে। বুলবুলকে বললাম, শাওন ভাই সত্যি সত্যি বল নিয়ে চলে আসছে।
বুলবুল বলল, দোস্ত তোকে যা বলেছিলাম তাই কর।
আমি বললাম, আচ্ছা।
আমি কী ব্যবস্থা করেছি তা একটু পরে বলছি। তার আগে বলি যে কারণে শাওন ভাই ক্রিকেটের বল নিয়ে আসছে।
স্কুলের বন্ধুরা মিলে আমাদের পাড়ায় নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করেছে। সেই টুর্নামেন্টের খেলার ধারাভাষ্যকর এর ভূমিকা পালন করছে বুলবুল। বুলবুলকে আমাদের ক্লাসের সবাই বকবকানি বুলবুল বলে। প্রচুর কথা বলে। রসিকতাও করে। যেমন ধরো আমাদের বন্ধু সুজন। সুজনের বাবার নাম মোবারক। বুলবুল ঈদ এলেই সবার সাথে কোলাকুলি করে আর বলে ঈদ সুজনের বাবা, ঈদ সুজনের বাবা। সেই শুনে সবার সে কী হাসি।

যা হোক, গতকালকের কথায় আসি। মিয়াপাড়া ক্রিকেট লিগের খেলায় গতকাল হাজীরপাড়ার খেলা ছিল। সেই খেলায় ধারাভাষ্য করতে গিয়ে দারুণ দারুণ সব মজার কথা বলছিল বুলবুল। যেমন চার মারলেই সে বর্ণনা দিচ্ছিল- চমৎকার শট। মাঠ গড়িয়ে গড়িয়ে ফিল্ডারদের ফাঁকি দিয়ে চলে গেল সরাসরি বলের বাইরে। এই ধারা বিবরণী শুনে মাঠভর্তি দর্শক হা হা হি হি করে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল। এরই মধ্যে ব্যাট করতে নামলো শাওন ভাই। শাওন ভাই ব্যাটিং নেমে একটার পর একটা ডট বল উপহার দিতে থাকল বিপক্ষ দলের বোলারদের। রান পাচ্ছেন না। এই ডট বল দেখতে দেখতে বুলবুল মাইকে ধারা বিবরণীতে বলতে শুরু করলো। ব্যাটসম্যান শাওন একটার পর একটা বল খেয়েই যাচ্ছেন। কিন্তু রান করতে পারছেন না। এভাবে বল খেতে থাকলে আগামী কয়েকদিন তার না খেলেও চলে যাবে। কিন্তু তার পেট ভরলেও এই বল খাওয়াতে দলের যে পেট ভরবে না, সে কথা তিনি হয়তো ভাবছেন না। এই ধারা বর্ণনা শুনে মাঠের দর্শক আবার হা হা হি হি করে হেসে উঠলো। হাজীরপাড়া হেরে গেল। খেলা শেষে সেই শাওন ভাই বল হাতে নিয়ে ছুটে এসেছেন কমেন্ট্রি বক্সে। বুলবুলকে বল খাইয়ে দেবেন। বিপদ দেখে সে যাত্রায় পালিয়ে গেছে বুলবুল। কিন্তু শাওন ভাই নাছোড়বান্দা। বুলবুলকে ক্রিকেটের বল না খাইয়ে তিনি নাকি ছাড়বেনই না।

শাওন ভাইকে বসানো হয়েছে। মেহেদি ভাইও পাশেই বসে আছে।
– ফ্লাক্সে কী মেহেদি ভাই? জানতে চাইলাম আমি।
– চা। শাওনের মনটা একটু নরম হয়েছে তো সেজন্য চা নিয়ে এসেছে। বলল মেহেদি ভাই।
– চা দিয়ে কী হবে?
– চা দিয়ে কী হবে মানে! ক্রিকেটের শক্ত বল বুলবুল কি এমনি এমনি খেতে পারবে নাকি! সেজন্য চা নিয়ে আসা হয়েছে। মগে চা ঢালবে আর বল চুবিয়ে চুবিয়ে খাবে।
– হুম। তবুও বল না খাওয়া পর্যন্ত বুলবুলের মাফ নাই। উচ্চ স্বরে বলল শাওন ভাই।
শুনে আমার ভীষণ হাসি পাচ্ছিল। কিন্তু এমন সিচুয়েশনে কি আর হাসা যায়। এরই মধ্যে মাথা নিচু করে এসে দাঁড়িয়েছে বুলবুল। বুলবুলকে দেখেই শাওন ভাই বলতে শুরু করলো।
– কিরে, বুলবুল বল খাওয়ার জন্য প্রস্তুত তো?
বুলবুল কোনো কথা বলে না।
মেহেদি ভাই বলের বক্স খুলে সামনে দিলো। দেখলাম বক্সে ছয় ছয়টা সাদা রংয়ের ক্রিকেটের বল। মেহেদি ভাই আমার উদ্দেশ্যে বলল, কিরে মামুন, তোর বন্ধু বল খাবে না?
তড়িঘড়ি করে বললাম, খাবে ভাই, খাবে। আপনারা ছয়টি বল নিয়ে আসছেন ও ছয়টি বলই খাবে। কিন্তু…!
– কিন্তু আবার কী? জানতে চায় শাওন ভাই।
আমি বললাম, ভাই ও বল খাওয়ার জন্য সকাল থেকেই প্র্যাকটিস করছিল। অবশেষে সফল হয়েছে। ও জানতো বল না খেলে আপনি মাফ করবেন না। যে কারণে ও সিদ্ধান্ত নিয়েছে বল ও খাবে। তবে তিন ফরম্যাটের বল খাবে।
– তিন ফরম্যাট?
– হ্যাঁ ভাই। ওডিআই, টেস্ট আর টি-টোয়েন্টি ফরম্যাট।
– তাই নাকি! অবাক হয় শাওন ভাই।
– জি ভাই। আমি বলগুলো নিয়ে আসছি। কিন্তু আর একটু সমস্যা আছে।
– কী সমস্যা ? প্রশ্ন করে মেহেদি।
– সমস্যা হলো আপনারা ভাই সামনে মানে কাছাকাছি থাকলে ও একটু বেশি ভয় পাবে। ভয় পেলে গিলতেও কষ্ট হবে। আপনারা দূরে গিয়ে দাঁড়ালে ও আপনাদের দেখিয়ে দেখিয়ে খাবে।
– আচ্ছা, ঠিক আছে। বলেই রাজি হয়ে গেল শাওন ভাই।
আমার কথামতো মেহেদি ভাই আর শাওন ভাই বুলবুলের থেকে কয়েকগজ দূরে গিয়ে দাঁড়ালো।
আমি আগেই এক হাওয়াই মিঠাই বানানোর কারিগরকে চুক্তি করে নিয়ে আসছিলাম। সেই কারিগর সাদা, গোলাপি এবং লাল রংয়ের মোট ছয়টি হাওয়াই মিঠাই বল বানিয়ে দিয়েছে। সেগুলো নিয়ে আসলাম।
বুলবুল সেই হাওয়াই মিঠাইয়ের বল অনেক কষ্টে খাওয়ার অভিনয় করে খেতে থাকলো। ছয় ছয়টি হাওয়াই মিঠাই বল খেতে সময় নিলো সে আধা ঘণ্টা।
খাওয়া শেষ হতেই সামনে ছুটে এলো শাওন ভাই আর মেহেদি ভাই। বলল, আমরা তো শুধু সাদা রংয়ের বল নিয়ে আসছিলাম। ও তিন রংয়ের বল কোথায় পেল?
বললাম, ভাই আমি আগেই বললাম না ও তিন ফরম্যাট এর বল খাবে। যে কারণে ও আগেই বল নিয়ে আসছিল। সাদা বলটা ছিল ওডিআই ফরম্যাটের। লাল বলটা ছিল টেস্ট ফরম্যাটের। আর গোলাপি বলটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের।

আমার কথা শুনে মেহেদি ভাই আর শাওন ভাই অবাক হয়ে বুলবুল এর দিকে তাকিয়ে থাকলো। ওদের তাকানো দেখে আমার আর বুলবুলের সেই রকম হাসি পাচ্ছিল। কিন্তু এরকম সিচুয়েশনে হাসব কি না বুঝছি না।

প্রকাশকাল: মার্চ ২০২৫

খরগোশ ও কচ্ছপের বিশ্বভ্রমণ

খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতার কাহিনি তো আমরা ছোটবেলায় সবাই পড়েছি। খরগোশ ও কচ্ছপের মধ্যে তিনবার দৌড় প্রতিযোগিতা হয়েছিল। প্রথমবার কচ্ছপ জিতেছিলো, দ্বিতীয়বার খরগোশ জিতলো, কিন্তু তৃতীয়বার তারা দুইজনেই একসাথে জিতলো। দৌড় প্রতিযোগিতার পালা তো শেষ। এখন কী করবে? কচ্ছপ খরগোশকে বলল, চলো না ভাই, এবার বিশ্বভ্রমণ করে আসি। খরগোশ বলল, বেশ, তাই চলো। তারপর ভালো আবহাওয়া দেখে একদিন তারা দুজনে বেরিয়ে পড়লো। কচ্ছপ যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, তখন সে খরগোশের পিঠে চড়ে বসে। খরগোশ বিদ্যুৎবেগে দৌড়ে পথ পাড়ি দেয়। নদ-নদী এলে খরগোশ কচ্ছপের পিঠে উঠে বসে, আর কচ্ছপ সাঁতার কেটে তা পাড়ি দেয়। এভাবে বহু পথ পেরিয়ে খরগোশ ও কচ্ছপ পৌঁছে গেলো ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলে। সাদা মর্মর পাথরের অতি সুন্দর তাজমহল দেখে তারা হতবাক হয়ে গেলো। এই তাজমহল ও ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের অমর কীর্তি। শোনা যায়, ময়ূর সিংহাসনে বিশ্বের সবচেয়ে মূল্যবান হীরা কোহিনুর লাগানো ছিলো, পরে ইংরেজরা তা লুট করে নিয়ে যায়। তাজমহল দেখার পর তারা কাশ্মীরের বরফাচ্ছাদিত পাহাড়, পর্বত পেরিয়ে চীনে ঢুকে পড়লো। তাদের এবারের গন্তব্য চীনের প্রাচীর। চীনের প্রাচীরের কাছে এসে তো খরগোশ আর কচ্ছপ অনেক অবাক হলো। মাইলের পর মাইল বিস্তৃত উঁচু প্রাচীর। আগের আমলের দুর্র্ধর্ষ মোঙ্গল জাতির আক্রমণ প্রতিরোধ করার জন্য চীনের শক ও হান জাতি অনেক বছরের চেষ্টায় এই মহাপ্রাচীর নির্মাণ করে। কচ্ছপ খরগোশকে পিঠে নিয়ে অনেক কষ্টে বেয়ে বেয়ে চীনের প্রাচীর পার হয়ে এগিয়ে চললো। তারপর তারা মঙ্গোলিয়ার এক সরাইখানায় কয়েকদিন বিশ্রাম নিয়ে চললো রাশিয়ার রাজধানী মস্কোর ঐতিহাসিক ঘণ্টাটি দেখতে। মস্কোর বিশাল ঘণ্টাটির কাছে পৌঁছে কচ্ছপ ও খরগোশ খুব অবাক হলো। খরগোশ কয়েকবার লাফিয়ে লাফিয়ে ঘণ্টাটি ছুঁতে চাইলো। কিন্তু ঘণ্টাটি অনেক উঁচুতে থাকায় সে তা পারলো না। মস্কোতে তখন অনেক শীত, অনেক ঠান্ডা। তারা দুজনেই পার্কা নামের পশমের ভারী ও গরম জামা পরে লন্ডনের দিকে রওনা দিলো। লন্ডনে পৌঁছে খরগোশ ও কচ্ছপ গেলো মাদাম তুসোর মোমের জাদুঘরে। সেখানে মোম দিয়ে তৈরি বিখ্যাত ও কুখ্যাত মানুষদের মূর্তি আছে। ওরা একে একে লেনিন, হিটলার, জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধী প্রমূখের অবিকল মূর্তি দেখে মেরিলিন মনরোর অপূর্ব সুন্দর মূর্তিটির কাছে এসে দাঁড়ালো। খরগোশের বিশ্বাসই হচ্ছিল না যে এটা একটা মোমের তৈরি মূর্তি। খরগোশ হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে মেরিলিন মনরোর মূর্তিটা দেখতে লাগলো। চমৎকার এই মোমের পুতুলের জাদুঘর দেখার পর তারা ফ্রান্সের প্যারিস শহরের দিকে রওনা দিলো। প্যারিস হলো সারা পৃথিবীর শিল্প-সংস্কৃতির রাজধানী। খরগোশ ও কচ্ছপ প্রথমে বিখ্যাত আইফেল টাওয়ারের পাশে একটা রেস্তোরাঁয় বসে দুপুরের লাঞ্চটা সেরে নিলো। তারপর ওরা গেলো লা ফাঁসিয়ে আর্ট গ্যালারিতে বিখ্যাত চিত্রকরদের আঁকা ছবিগুলো দেখতে। সেইসব আর্টের বিমূর্ততায় তারা রীতিমতো মুগ্ধ হলো। এরপর তারা আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা যেতে একটা বড়সড় জাহাজে উঠে বসলো। আমেরিকা পৌঁছে তারা গেলো আমেরিকার স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি দেখতে। ১৭৭৬ সালে আমেরিকার স্বাধীনতা লাভের পর এই মূর্তিটি ফ্রান্স ও আমেরিকার যৌথ উদ্যোগে তৈরি করা হয়। এই মূর্তিটি একজন নারীর। তার পায়ের কাছে ভাঙা শিকল আর হাতে ধরা একটি জ্বলন্ত মশাল। কচ্ছপ ধীরগতিতে বেয়ে বেয়ে মশালের মাথায় যেয়ে বসে রইলো। তারপর তারা আরেকটি জাহাজে করে ফারাও রাজাদের দেশ মিশরে রওনা হলো। মিশর হলো পিরামিডের দেশ। তারা রাজা তুতেনখামেন ও রাণী নেফারতিতির পিরামিড দেখে গেলো স্ফিংস দেবতার মূর্তির কাছে। এটির মুখটি মানুষের মতো দেখতে আর শরীরটা সিংহের। এতোসব দেখে ও বেড়িয়ে খরগোশ ও কচ্ছপ ক্লান্ত হয়ে পড়েছিলো। তারা এবার দেশে ফেরার সিদ্ধান্ত নিলো। অবশেষে মিশরের আলেকজান্দ্রিয়া থেকে চার্টার্ড বিমানে করে তারা দেশে ফিরে এসে তাদের প্রিয় সুন্দরবনের গহীন বনভূমিতে ফিরে গেলো। ফিরেই তারা গোলপাতা দিয়ে দুটি বিছানা বানিয়ে আরাম করে ঘুমিয়ে পড়লো। কে জানে? তারা ভবিষ্যতে হয়তো আবারো নতুন নতুন দেশ দেখতে বিশ্ব ভ্রমণে বের হতে পারে।

প্রকাশকাল: মার্চ ২০২৫

জলপরি ও কাঠুরে

চার-পাঁচশ বছর আগের কথা। সেই সময় চারদিকে ছিল পরিদের আনাগোনা। মানে, তারা যেমন এটা-ওটা আনত, তেমনি আবার মানুষজনকে গুণতও। এখন যেমন আমাদের তারা গোণায় ধরে না, পরিদের পরিস্থিতি তখন ও-রকম ছিল না মোটেই।
তো, সেই সময় এক কাঠুরে গেল বনের মধ্যে কাঠ কাটতে। পাশেই ছিল একটা মাঝারি গোছের পুকুর। আর সেই পুকুরে কী ছিল বোঝাই যাচ্ছে! না, জলের কথা বলছিনে। জলপরির কথাই বলছি। সেই পুকুরে নিয়ম-মাফিক এক জলপরিও ছিল।

তো, কাঠ কাটতে কাটতে যা হওয়ার তাই হলো। কাঠুরিয়ার হাত ফসকে কুড়োলটা গিয়ে পড়ল পুকুরের পানিতে। কাঠুরিয়া হতভম্ব হয়ে পুকুর-পাড়ে বসে রইল। যথারীতি জলপরিও জল থেকে উঠে এলো। এসেই কিন্তু সে মেজাজ গরম করে বলল- কুড়োলটা ইট্টু আস্তে ফেলা যায় না? বাব্বা, মাথাটা আরেকটু হলেই একেবারে ফেটে গেছিল আর কী!

কাঠুরে বলল- তুমি খালি তোমার মাথার কথাই চিন্তা করবে, নাকি আমার কুড়োলটারও একটা হিল্লে করবে?
জলপরি কিন্তু সেদিকে ভ্রুক্ষেপই করল না। মোটা কাচের হাই পাওয়ারের চশমাটা একটু নেড়েচেড়ে নিয়ে নিজের মনেই বলল- বাব্বা! জলে থেকে থেকে তো সর্দি লেগে গেল দেখছি। হ্যাঁ গো কাঠুরে, তোমার কাছে সর্দি-জ্বরের ওষুধ-টষুধ আছে নাকি?
কাঠুরে বলল- না বাপু। আমি কি ব্যাঙ নাকি যে সর্দি হবে, আর তার জন্য পকেটে করে ওষুধ নিয়ে ঘুরে বেড়াব! এখন ভালোয় ভালোয় আমার কুড়োলটা দাও।
জলপরি কাঠুরিয়ার গতিক সুবিধের না দেখে আর কথা বাড়াল না। কুড়োলটা কাঠুরের দিকে বাড়িয়ে ধরে বলল- এই নাও।
কাঠুরে অবাক হয়ে বলল- এ কী! তুমি আমার কুড়োলটাই আগে দিচ্ছ যে?
জলপরি বলল- মানে?
কাঠুরে বলল- মানে আবার কী? সোনার কুড়োলটাই না আগে দিয়ে জিজ্ঞেস করবে, সেই কুড়োল আমার কি না। বরাবর তাই-ই তো হয়ে আসছে।
পরি জিভ কেটে বলল- ওই যা! ভুলেই গেছিলাম! তারপর শূন্যে হাত নেড়ে একটা সোনালি রঙের কুড়োল এনে বলল- এই কুড়োল কি তোমার?
কাঠুরে কুড়োলটা হাতে নিয়ে ভালো করে নেড়েচেড়ে দেখে বলল- উঁহু। আমার না।
পরি তখন হাওয়া থেকে আরেকটা রূপোলি রঙের কুড়োল এনে বলল- এইটা তোমার?
কাঠুরে মাথা নেড়ে বলল- জানোই তো। আমার কুড়োল লোহার।
জলপরি তখন আগের লোহার কুড়োলটা কাঠুরের দিকে এগিয়ে দিয়ে বলল- যাও বাপু। তোমার কুড়োল নিয়ে তুমি কেটে পড়ো।
কাঠুরে এবার রেগে গিয়ে বলল- শুধু আমার কুড়োলটাই দিচ্ছ যে, তবে আর ওইসব সোনা-রূপোর কুড়োল দেখানোর দরকার কী ছিল?
পরি বলল- ওটা হলো নিয়মরক্ষা। আর তাছাড়া আমার স্টকে শুধু ওদুটো কুড়োলই বাকি আছে। ওদুটো আজকে দেওয়া যাবে না।
কাঠুরে তবু সেখান থেকে নড়ে না, বসে বসে ফুঁসতে লাগল। জলপরি বলল- আচ্ছা ঠিক আছে। তোমাকে আমি একটা বর দিচ্ছি। কী বর চাও বলো।
কাঠুরে ফোঁস ফোঁস করতে করতে বলল- বর নিয়ে আমি কী করব? বউ হলেও এক কথা ছিল। ব্যাটা ছেলেকে বর দেবে মানে?
জলপরি ক্ষেপে গিয়ে বলল- ধুর ব্যাটা! এই বর ওই বর না। এ হলো ইচ্ছে পূরণ। তোর কী লাগবে বল। যা চাবি পাবি।
কাঠুরেও ভয়ানক ক্ষেপে গিয়ে বলল- চাবি পাবি আবার কী? চাবি নিয়ে আমি কী করব?
জলপরি বলল- আচ্ছা জ্বালা তো! এই, তুই ভাগ।
কাঠুরে বলল- তুই তোকারি করবে না মোটেই। ভালো হবে না কিন্তু!
পরি এবার একটু নরম হয়ে বলল- আহা! রাগ কোরো না, বাপু! তোমার কি কিছুই চাওয়ার নেই?
কাঠুরে বলল- চাওয়ার তো আছেই। আগের কুড়োল দুটো আমাকে দাও!
জলপরি ধাঁই করে সোনালি আর রূপোলি রঙের কুড়োল দুটো কাঠুরের দিকে ছুঁড়ে দিয়ে বলল- যা ভাগ! খালি এক কথা!
আরেকটু হলেই কুড়োলের ঘায়ে কাঠুরের মাথাটা যেত! সে কোনও মতে টাল সামলে কুড়োল তিনটে নিয়ে দে ছুট! তারপর গাছের গোড়ায় গিয়ে হি হি করে হাসতে লাগলো! জলপরিকে যা একখান ঠকানো সে ঠকিয়েছে- হি হি!

আসলে, সে কোনও কুড়োলই ফেলেনি পানিতে। শক্তপোক্ত ভারি একখানা ডাল সে ফেলেছিল পানিতে! জলপরির বয়স হয়েছে- বাতের ব্যথায় নড়তে-চড়তে পারে না! তাই, কুড়োল না খুঁজেই সে যে ডালটাকে কুড়োল ভেবে নেবে, সেটা কাঠুরে আগেই অনুমান করেছিল!
আপাতত, কাঠ-কাটা বাকি রেখে কুড়োলগুলো নিয়ে সে হাসতে হাসতে বাড়ির দিকে চলল।
জলপরি সেদিকে তাকিয়ে তার চশমাটা নাকের পরে ঠিকঠাক বসাতে-বসাতে বলল- ব্যাটা! আমার সাথে বাটপারি! দিয়েছি ইমিটিশনের কুড়োল গছিয়ে! সোনা আর ইমিটিশনের পার্থক্যও বোঝে না। বুদ্ধু কোথাকার!

প্রকাশকাল: মার্চ ২০২৫

বাঘ ও মাছির লড়াই

বাঘটা ছিল খুবই অত্যাচারী। জঙ্গলের নিরীহ খরগোশ, মায়াবী হরিণ; কাউকে ছাড়ত না। ধরতে পারলেই চিবিয়ে খেত। বাঘের ভয়ে জঙ্গল ছেড়েছে সাদা বক। কালো ময়না। সবুজ টিয়ের দল।
পাখিদের তো ডানা আছে। তাই উড়ে উড়ে; দূরে কোথাও চলে গেছে।
কিন্তু হাতি? লম্বা গলার জিরাফ। পেটমোটা ভাল্লুক আর চঞ্চল বানর? ওদের কী উপায় হবে?
ভয়ে ওরা কেউ ঘর থেকে বের হয় না। বের হলেই তো রাক্ষুসে বাঘটা…
একদিন ভাল্লুক পশুদের তার বাড়িতে ডাকলো। তার ডাকে হাজির হলো বিশালদেহী হাতি। লম্বা গলার জিরাফ। জামগাছের বানর।
তারা ভাল্লুককে বললো- হ্যাঁ গো ভাল্লুক দাদা; এমন ঘোর বিপদের দিনে কেউ ডাকে? যদি বাঘটা জেনে যায়!
ভাল্লুকটা বিরক্তি নিয়ে বললো- ওই পাজিটার জন্যেই তো ডেকেছি। বলো তো, এভাবে আর কতদিন লুকিয়ে থাকবো আমরা? ঘরে যা খাবার ছিল, সবই তো শেষ! এখন বাইরে বেরোতে না পারলে, ক্ষুধায় মারা যাবো!
জিরাফ বললো, ঠিকই বলেছো ভাল্লুক দাদা। আমাদের কিছু একটা করা দরকার।
কথাটা বলেই সে হাতির দিকে তাকালো।
বিশালদেহী হাতি; পশুদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী। আস্ত গাছ একটানে উপড়ে ফেলে যে, তার কি ভয় পাওয়া সাজে?
হাতি জিরাফের মনোভাব বুঝতে পারলো। কিন্তু রাজি হলো না। বললো, আমি আর কী করবো? নিজের শরীর নিয়েই চলা দায়! তার ওপর বাঘের ধারালো নখ! ওর সাথে লড়তে যাবো, সাধ্য কই?
হরিণ, বানর, খরগোশ; সবাই অজুহাত দেখালো। তাদের সবার এক কথা- বাঘকে ঘায়েল করা সম্ভব নয়।
তাদের কথা শুনে ভাল্লুক নিরাশ হলো। ঠিক তখনই জঙ্গলে অদ্ভুত একটা আওয়াজ হলো- ‘ভন ভন’, ‘ভন ভন’…
এমন অদ্ভুত আওয়াজ এই জঙ্গলে আগে কোনোদিন শোনা যায়নি। হাতি ডানে তাকালো, কিছুই দেখতে পেলো না। হরিণ বাঁয়ে তাকালো, তা-ও কিছু দেখতে পেলো না। জিরাফ তার লম্বা গলা উঁচু করে উপরের দিকে তাকালো। উঁহু; কিছুই দেখা যাচ্ছে না!
ভাল্লুক তখন বললো- কে ভাই তুমি? সামনে এসো।
ভাল্লুকের কথা শেষ হতেই ঝোঁপ থেকে একটা মাছি বেরিয়ে এলো। ছোট্ট মাছিটা মুচকি হেসে বললো, আমাকে দেখতে পাচ্ছো না দাদু। আমি মাছি গো, মাছি।
পশুরা এক সঙ্গে বলে উঠলো, মাছি!
সবার নজর এখন মাছিটার ওপর। তখন ভাল্লুক বললো- তা ভাই মাছি, তুমি কোথা থেকে এলে? এই জঙ্গলে তো আগে কোনোদিন দেখিনি।
মাছি বললো, আমি এসেছি আমাজন জঙ্গল থেকে।
মাছির কথা শুনে জিরাফের দুই চোখ গোল হয়ে যায়। জিরাফ বললো, আমাজন! সে তো অনেক দূর! কীভাবে এলে?
মাছি পুনরায় মুচকি হেসে বলে, সে গল্প না হয় অন্য কোনো দিন শুনো? এখন বলো, ওই দুষ্ট বাঘটা কোথায় আছে? ওকে শায়েস্তা না করে যাচ্ছি না।
মাছির এমন কথায় বানর হাসতে শুরু করে। বলে, তুই তো একটা পুঁচকে মাছি। তুই কি বাঘের সাথে পারবি?
মাছি একটুও রাগ করলো না। বানরকে বললো- শোনো বানর মামা, যুদ্ধটা হবে মাথা দিয়ে। শরীর দিয়ে নয়। সুতরাং সাইজ নিয়ে ভাবতে যেয়ো না।
ভাল্লুক মাথা নাড়িয়ে বলে, তুমি ঠিকই বলেছো মাছি ভাই। বুদ্ধির জোরে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়।
ভাল্লুক সবাইকে মাছির পুরো কথা শুনতে বলে। পশুরা চুপ হয়ে মাছির পরিকল্পনা শুনলো। তারপর সবাই এক সাথে বললো- পাজি বাঘটাকে শাস্তি দিয়েই ছাড়বো।

দুপুর গড়িয়ে বিকেল।
পশুদের নিয়ে মাছি গেলো বাঘের ডেরায়। বাঘটা তখন নাক ডেকে ঘুমুচ্ছিল। গলা থেকে শব্দ বেরুচ্ছিলো- গড়গড়গড়…
তা দেখে পেটমোটা ভাল্লুক বললো- দুপুরের খাবারটা বোধহয় খুব মজার হয়েছে। ওই তো মুখে তাজা রক্ত লেগে আছে।
মাছি বললো- দাঁড়াও, এখনই ওর দফারফা করছি।
এই বলে সে উড়ে উড়ে বাঘের কানের কাছে যায়। গিয়েই বাঁশি বাজালো- ভনভন ভনভন…
মাছির ভনভন শব্দে বাঘের ঘুম ভাঙে। চোখ মেলেই ব্যাটার সেকি গর্জন- হালুম… কে রে হতচ্ছাড়া? সাহস তো কম নয়! কানের কাছে ভনভন করছিস।
বাঘের গর্জনে মাছি একটুও ভয় পেলো না। বরং ঝাঁঝালো গলায় বললো, এতো গরম দেখিয়ো না। তোমার গর্জনের দিন শেষ।
বাঘ তখন দ্বিগুণ রেগে যায়। গলা থেকে শব্দ বের হয়- ঘড়ঘড় ঘড়ঘড়…।
বাঘটা মাছিকে বললো- যত বড় মুখ নয়, তত বড় কথা। দাঁড়া; এখনই তোর ঘাড় মটকাচ্ছি।
বাঘের কথা শুনে মাছির সেকি হাসি। হাসতে হাসতে বলে, তুমি আমার ঘাড় মটকাবে? বেশ, ঘাড় মটকিয়ে যাও।
তখন ভাল্লুক বললো, তোমরা যুদ্ধ করার আগে আমার একটা কথা শোনো। এই যুদ্ধে যে হারবে, তাকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। আর কোনো দিন এই জঙ্গলে আসতে পারবে না। তোমরা কি আমার কথায় রাজি?
মাছি সাথে সাথেই বললো, আমি রাজি।
বাঘ বললো, আমিও রাজি।
শুরু হলো যুদ্ধ।
মাছি উড়ে গিয়ে বাঘের ডান গালে বসলো। বাঘ রেগেমেগে দিলো এক থাবা। অমনি মাছিটা উড়ে গিয়ে বা’গালে বসলো। ততক্ষণে বাঘের গাল ফেটে চৌচির। বাঘের মাথায় রক্ত উঠে যায়। হালুম বলে দিলো আরেক থাবা। মাছিটা আগের মতোই উড়ে যায়। উড়ে উড়ে বাঘের নাকের ডগায় বসে। বসেই ভনভন শব্দে হাসতে থাকে।
এদিকে ধারালো নখের আঁচড়ে বাঘের বা’গালও ফেটে চৌচির।
এভাবে মাছিটা বাঘের নাক, কান, মাথা ও গলায় বসলো; আর বোকা বাঘটা একের পর এক থাবা মারলো। তাতে বাঘেরই ক্ষতি হলো। বাঘের এমন অবস্থা হলো, প্রাণ বাঁচানোই দায়। বাঘটা আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ধপাস করে মাটিতে লুটিয়ে পড়লো। ক্লান্ত গলায় মাছিকে বললো- ভাই মাছি, আমার ঢের শিক্ষা হয়েছে। এবারের মতো ক্ষমা করে দাও।
মাছি তখন বললো- তাহলে কথা দাও; চিরদিনের জন্য এ জঙ্গল ছেড়ে চলে যাবে?
বাঘ বললো, তাইই হবে। চিরদিনের জন্য এ জঙ্গল ছেড়ে চলে যাবো।
সেদিনের পর থেকে বাঘটাকে আর কোনোদিন এ জঙ্গলে দেখা যায়নি।

প্রকাশকাল: মার্চ ২০২৫

সবজান্তার উত্তর (মার্চ ২০২৫)

প্রশ্ন : ১
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কেমন আছেন
সবজান্তা মহাশয়? আপনি যদি আমার প্রশ্নের উত্তরগুলো
দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে দাওয়াত।
এখন দেখি, আপনি দাওয়াত নিতে পারেন কি না।
১. কোন কারণে ঘুম ভালোভাবে হয় না?
২. মানুষের নাম মানুষ কেন?
৩. মানুষ ও গরুর রক্ত একই হলেও তারা ভিন্ন কেন?
৪. পৃথিবী চ্যাপ্টা না হয়ে গোল কেন?
৫. সবজান্তার একটি বদঅভ্যাস বলেন।
৬. পৃথিবীতে সবজান্তা আছে কয়জন?
৭. আপনি সব জানেন কীভাবে?
দাওয়াতের জন্য প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং আমার
বাসা খুঁজতে হবে।
-মো. জাওয়াদ উদ্দীন
নবম শ্রেণি, হাজেরা-তজু স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম।

সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। আমি ভালো আছি। তোমার
চিঠি পেয়ে আরো বেশি ভালো লাগছে। দাওয়াত দিতে
কিপ্টেমি করছো? ভেবেছ তোমার বাসা আমি চিনি না!
দাওয়াত ছাড়াই এসে পড়বো কিন্তু! হুম!
১. দিনে দশ বারো ঘণ্টা ঘুমালে কীভাবে ভালোমতো ঘুম
হবে! ঘুমের ব্যাপ্তি কমাও, তাহলে ঘুম ভালো হবে।
২. মন আছে আর ভালো-খারাপের হুঁশ আছে বলেই মানুষ।
৩. ওরে বাবা! তোমার কথা শুনে মনে হচ্ছে টিভি আর
ফ্রিজ একই জিনিস! কারণ দুটোই বিদ্যুৎ প্রবাহ দিয়ে চলে!
৪. চ্যাপ্টা হলে এলিয়েনরা মনে করতো মহাশূন্যে এইটা
দুই টাকার কয়েন ঘুরতেসে! তখন ওরা টস টস খেললে
আমাদের অবস্থা কী হতো!
৫. উত্তর দেয়ার পরেও তোমাদের ভালোবাসার চিঠিগুলো
সবজান্তা বারবার করে পড়ে।
৬. তোমার কয়জন দরকার!
৭. তোমরাই তো আমাকে জানাও!

প্রশ্ন : ২
ভালো ভাইয়া জান্তা তুমি
বলো কেমন আছো?
খুঁজতে জবাব তুমি নাকি
মাথার উকুন বাছো?
বলি, মাথায় এতো উকুন
আসলো কেমন করে?
শ্যাম্পু দিয়ে গোসল নাকি
করো না ভাই ডরে?
ঈদের নামাজ পড়তে গিয়ে
ধরো হঠাৎ করে
দুগাল বেয়ে মাথা থেকে
পড়ছে উকুন ঝরে।
লাগবে কেমন তখন বলো
জান্তা ভায়া প্রিয়,
তাই তো বলি, ঈদের দিনে
আমায় দাওয়াত দিয়ো।
আমার পোষা বাঁদরটা সব
করবে উকুন সাবাড়,
বিনিময়ে আমায় দিও
ঈদের মজার খাবার।
জান্তাগিরি রাখো এবার
মান-টা বাঁচাও আগে
নইলে যে ঈদ মাটি হবে
দুঃখ-শোকে, রাগে।
-আমিন মাহবুব
ঢাকা সিটি কলেজ, ঢাকা।

সবজান্তার উত্তর : ২
প্রশ্ন তো নয়, উকুন-ছড়া
উকুন তোমার মগজ ভরা
মাথায় উকুন চাষ করো কি?
মান-সম্মান রাখলে বাকি?
এতই উকুন চাষ করেছ,
বাছতে তা বাঁদর পুষেছ!
উকুন মারাই তোমার পেশা?
বাব্বাহ! এ তো আজব নেশা।
সফলতার শীর্ষে যেয়ো,
গিনেস বুকে নাম লিখিয়ো।
আর কী আমার বলার আছে!
উকুন থাকুক তোমার কাছে।
উকুন দিয়ে ঈদ রেসিপি
বানিয়ো সেমাই আর জিলিপি
তাতেও যদি পেট না ভরে
ভাত দিয়ে খাও ভর্তা করে।

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

প্রকাশকাল: মার্চ ২০২৫

দাবায় মুগ্ধতা ছড়ানো মুগ্ধ

ফুটবলে যেমন মেসি-রোনালদো, বাস্কেটবলে যেমন কিং জেমস, ঠিক তেমনই দাবার জগতে এক অনন্য কিংবদন্তি হলেন ম্যাগনাস কার্লসেন। তাঁকে দাবার ইতিহাসের সর্বকালের সেরা (GOAT) হিসেবে বিবেচনা করা হয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দাবার সম্রাটকে পরাজিত করার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশেরই এক ক্ষুদে প্রতিভাবান দাবাড়ু রায়ান রশিদ মুগ্ধ।
মাত্র ৯ বছর বয়সী মুগ্ধ ইতোমধ্যেই বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় দাবাড়ুদের মধ্যে একজন। তাঁর সামনে রয়েছে এক বিস্তীর্ণ ও বর্ণাঢ্য দাবা ক্যারিয়ার। রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলে সে তৃতীয় শ্রেণিতে পড়ে। অনূর্ধ্ব-১০ দাবা চ্যাম্পিয়নও বটে। যে বয়সে অনেক শিশুই খেলনা নিয়ে সময় কাটায়, সেই বয়সে মুগ্ধ ৮*৮ স্কয়ারের দাবা বোর্ডে নিজের মেধার ঝলক দেখাচ্ছে। গত ডিসেম্বরে সে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে দেশকে প্রতিনিধিত্ব করেছে।
বর্তমানে যেখানে বেশিরভাগ শিশু মোবাইল গেম ও ডিজিটাল কনটেন্টের প্রতি আসক্ত, সেখানে দাবার মতো মনোযোগ ধৈর্যের খেলা বেছে নেওয়া সত্যিই প্রশংসনীয়। মুগ্ধ প্রথমে তার বাবা মামুনুর রশিদের কাছে দাবা শেখে। এরপর থেকে দাবার প্রতি তার অধ্যবসায় দিন দিন আরও গভীর হয়েছে। বর্তমানে তাকে প্রশিক্ষণ দিচ্ছেন ফিদে মাস্টার নাঈম হক।
বিশ্বের বিভিন্ন দেশে দাবার উন্নয়নে বিপুল বিনিয়োগ করা হলেও প্রত্যাশিত সাফল্য অনেক সময় আসছে না। অথচ, বাংলাদেশের মতো সীমিত রিসোর্স ও দাবার স্বল্পসংস্কৃতির মধ্যেও মুগ্ধ নিজের মেধা ও যোগ্যতার ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে। তার দাবা ক্যারিয়ার মাত্র তো শুরু; তার স্বপ্ন একদিন গ্র্যান্ডমাস্টার হওয়া।
তার প্রশিক্ষক নাঈম হক জানিয়েছেন, “মুগ্ধ অসাধারণ সম্ভাবনাময় এবং বর্তমান অনেক দাবাড়ুর চেয়েও এগিয়ে।”
চেস ডটকম নামক প্ল্যাটফর্মের একটা নির্দিষ্ট বুলেট দাবা টুর্নামেন্ট খেলার জন্য কোচ নাঈম এর আইডি ব্যবহার করছিল মুগ্ধ। বুলেট ফরম্যাট হচ্ছে দাবার বিশেষ একটি ফরম্যাট, যেখানে প্রতিটি খেলোয়াড়ের জন্য এক মিনিট বরাদ্দ থাকে খেলাটি শেষ করার জন্য। খেলা শুরুর আগে র‌্যান্ডম পেয়ারিং -এর সময় হঠাৎ তার খেলা পড়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের সাথে। খেলার শুরুতে ম্যাগনাস তার কুইন ব্লেন্ডার করে ফেলে, ঠিক তার পরেই মুগ্ধ গেমটাকে কনভার্ট করে ফেলে এবং অবশেষে নিজের জয় ছিনিয়ে নেয়।

আমরা মুগ্ধের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি, তার মতো প্রতিভাবান দাবাড়ুরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাবে, যেন তারা বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে।

প্রকাশকাল: মার্চ ২০২৫